যুদ্ধ, ভূরাজনৈতিক উত্তেজনা ও জ্বালানি নিরাপত্তার প্রশ্নে বিশ্ব যখন নানা সংকটে, তখন জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ঐকমত্যে পৌঁছানোও কঠিন হয়ে উঠছে। তুরস্কের আনতালিয়ায় চলমান জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১-এর দ্বিতীয় সপ্তাহে এসে গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে এখনও দেশগুলোর মধ্যে মতপার্থক্য কাটেনি। বিশেষ করে জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার পথ, নবায়নযোগ্য জ্বালানির প্রসার এবং জলবায়ু অর্থায়ন নিয়ে দরকষাকষি চলছে।
গত সোমবার সম্মেলনের সম্ভাব্য চূড়ান্ত সিদ্ধান্তের ১৮ পৃষ্ঠার একটি খসড়া প্রকাশ করা হয়েছে। এতে ১৪৪টি প্রস্তাব ও বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। খসড়ায় উন্নয়নশীল দেশগুলোর অভিযোজন অর্থায়ন ২০৩৫ সালের মধ্যে বছরে অন্তত ১২০ বিলিয়ন ডলারে উন্নীত করার প্রস্তাব এসেছে। একই সঙ্গে জীবাশ্ম জ্বালানি থেকে দ্রুত, ন্যায়সংগত ও সুশৃঙ্খলভাবে সরে আসার কথা বলা হয়েছে। তবে এটি এখনও আলোচনার প্রাথমিক খসড়া। প্রায় ২০০ দেশের সম্মতিতে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের আগে এতে পরিবর্তন আসতে পারে।
সম্মেলনের আলোচনার নেতৃত্বদানকারী অস্ট্রেলিয়ার জলবায়ু ও জ্বালানিমন্ত্রী ক্রিস বোয়েন বলেছেন, খসড়াটি এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে কোন বিষয়ে দেশগুলোর সমর্থন রয়েছে এবং কোথায় মতবিরোধ তা স্পষ্ট হয়। তিনি বলেন, কিছু প্রস্তাবে সব দেশ একমত হবে না। তবে মতপার্থক্য সামনে না আনলে সমঝোতার পথও তৈরি হবে না। বর্তমান পরিস্থিতিকে যুদ্ধ, জ্বালানি সংকট, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও কৃত্রিম বুদ্ধিমত্তার বিস্তারের মতো একাধিক সংকটের সম্মিলিত চাপ হিসেবে বর্ণনা করেন মন্ত্রী।
ইরান ও মধ্যপ্রাচ্য ঘিরে সংঘাত এবং বড় শক্তিগুলোর প্রতিযোগিতা বিশ্ব জ্বালানি বাজারে অনিশ্চয়তা বাড়িয়েছে। জ্বালানি সরবরাহ ও দাম নিয়ে উদ্বেগের কারণে অনেক দেশ নিজেদের জ্বালানি নিরাপত্তাকে অগ্রাধিকার দিচ্ছে। ফলে কয়লা, তেল ও গ্যাসের ওপর নির্ভরতা কমানোর প্রশ্নে আন্তর্জাতিক ঐকমত্য গড়ে তোলা কঠিন হচ্ছে। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানোর দাবি জোরালো হলেও জ্বালানি আমদানিনির্ভর ও উন্নয়নশীল দেশগুলোর সামনে রয়েছে বিকল্প জ্বালানির পর্যাপ্ত সরবরাহ, অবকাঠামো ও অর্থায়নের চ্যালেঞ্জ। এই বাস্তবতা সম্মেলনের আলোচনায়ও প্রভাব ফেলছে।
সেন্টার ফর পার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের (সিপিআরডি) প্রধান নির্বাহী মো. শামসুদ্দোহা বলেন, ভূরাজনৈতিক ও অর্থনৈতিক অনিশ্চয়তা জলবায়ু সহযোগিতাকে জটিল করে তুলছে। জ্বালানি নিরাপত্তার প্রশ্নে দেশগুলোর নিজস্ব স্বার্থ সামনে চলে আসায় বৈশ্বিক জলবায়ু লক্ষ্য অর্জনে সমন্বিত উদ্যোগ বাধাগ্রস্ত হতে পারে। বাংলাদেশের মতো ঝুঁকিপূর্ণ দেশের ক্ষেত্রে জলবায়ু পরিবর্তনের প্রভাব অর্থনীতি, খাদ্য নিরাপত্তা ও মানুষের জীবিকার সঙ্গে সরাসরি যুক্ত। তাই আন্তর্জাতিক সহযোগিতা ও অর্থায়ন নিশ্চিত করা জরুরি।
খসড়ায় ২০৩৫ সালের মধ্যে বিশ্বের মোট চূড়ান্ত জ্বালানি ব্যবহারে বিদ্যুতের অংশ ৩৫ শতাংশে উন্নীত করার প্রস্তাবও রয়েছে। নবায়নযোগ্য জ্বালানির সক্ষমতা ২০৩০ সালের মধ্যে তিন গুণ করা এবং জ্বালানি দক্ষতা বৃদ্ধির গতিও দ্বিগুণ করার কথা বলা হয়েছে। তবে এসব লক্ষ্যের বাস্তবায়ন পদ্ধতি নিয়ে মতবিরোধ রয়েছে। চীন, ভারতসহ কয়েকটি দেশের সমন্বয়ে গঠিত লাইক-মাইন্ডেড ডেভেলপিং কান্ট্রিজ (এলএমডিসি) জোট বিদ্যুৎ ব্যবহারের নির্দিষ্ট লক্ষ্যমাত্রা নিয়ে আপত্তি জানিয়েছে।
অন্যদিকে, ইউরোপীয় ইউনিয়ন এ ধরনের উচ্চাকাঙ্ক্ষী লক্ষ্যের পক্ষে অবস্থান নিয়েছে। অস্ট্রেলিয়ার মতো দেশ একদিকে জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার পক্ষে কথা বলছে, অন্যদিকে দেশটিতে কয়লা ও গ্যাস প্রকল্প এবং ভর্তুকি অব্যাহত রয়েছে। জলবায়ুকর্মীদের সংগঠন ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক এ কারণে অস্ট্রেলিয়াকে ‘ফসিল অব দ্য ডে’ পুরস্কার দিয়েছে। তাদের হিসাবে, ২০২৬ সালে দেশটিতে জীবাশ্ম জ্বালানিতে ভর্তুকির পরিমাণ ১৬ দশমিক ৩ বিলিয়ন অস্ট্রেলীয় ডলার। ২০২২ সালের পর থেকে ৩৮টি কয়লা ও গ্যাস প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।
অভিযোজন অর্থায়ন নিয়ে নতুন খসড়ায় উন্নয়নশীল দেশগুলোর জন্য ২০৩৫ সালের মধ্যে বছরে অন্তত ১২০ বিলিয়ন ডলার দেওয়ার প্রস্তাব করা হয়েছে। কিন্তু জলবায়ুর প্রভাব মোকাবিলায় এসব দেশের প্রয়োজন এর চেয়ে অনেক বেশি। বিভিন্ন হিসাব অনুযায়ী, ২০৩৫ সালে উন্নয়নশীল দেশগুলোর অভিযোজন খাতে বছরে প্রায় ৩০৫ বিলিয়ন ডলার প্রয়োজন হতে পারে। অথচ ২০২৪ সালে আন্তর্জাতিক সরকারি উৎস থেকে পাওয়া অভিযোজন অর্থায়নের পরিমাণ ছিল আনুমানিক ২৮ দশমিক ২ থেকে ৩১ দশমিক ৭ বিলিয়ন ডলার।
অর্থায়নের পরিমাণের পাশাপাশি তা অনুদান, নাকি ঋণ হিসেবে দেওয়া হবে, সেটি নিয়েও বড় বিতর্ক দেখা দিয়েছে। বাংলাদেশের মতো দেশের দাবি, জলবায়ু অর্থায়ন হতে হবে অনুদানভিত্তিক, সহজে প্রাপ্তিযোগ্য এবং পূর্বানুমানযোগ্য। প্রধানমন্ত্রীর জলবায়ু ও পরিবেশবিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ বলেন, বাংলাদেশের জন্য আন্তর্জাতিক জলবায়ু তহবিলে সহজ প্রবেশাধিকার এবং অনুদানভিত্তিক অর্থায়ন নিশ্চিত করা জরুরি। এ ক্ষেত্রে স্বল্পোন্নত দেশ ও জি-৭৭ জোটের দেশগুলোর মধ্যে সমন্বিত অবস্থান প্রয়োজন।
পরিবেশ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের প্রতিবছর প্রায় ১৫ দশমিক ২ বিলিয়ন ডলারের অর্থনৈতিক ক্ষতি হচ্ছে। এ ক্ষতি মোকাবিলায় উন্নত দেশগুলোর কাছ থেকে পূর্বানুমানযোগ্য ও অনুদানভিত্তিক অর্থায়ন প্রয়োজন।
জলবায়ু অর্থায়নের পাশাপাশি বাংলাদেশের জ্বালানি খাতের রূপান্তরও গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়। নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগের বড় অংশ ঋণনির্ভর হওয়ায় এ খাতে নতুন চ্যালেঞ্জ তৈরি হচ্ছে। ২০০০ সালের পর থেকে বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে আন্তর্জাতিক বিনিয়োগের ৯০ শতাংশের বেশি এসেছে ঋণ হিসেবে। জ্বালানি খাতে জলবায়ু অর্থায়নের একটি অংশ কয়লা ও গ্যাসভিত্তিক প্রকল্পেও গেছে।
বাংলাদেশের জাতীয়ভাবে নির্ধারিত অবদান অনুযায়ী, ২০৩৫ সালের মধ্যে স্বাভাবিক প্রবৃদ্ধির পরিস্থিতির তুলনায় ২০ দশমিক ৩১ শতাংশ গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমানোর লক্ষ্য নেওয়া হয়েছে।
ওয়াটারকিপার্স বাংলাদেশের সমন্বয়ক শরীফ জামিল বলেন, শুধু নতুন লক্ষ্যমাত্রা ঘোষণা করলেই হবে না অর্থায়ন কীভাবে আসবে, কোন দেশ কতটা দায়িত্ব নেবে এবং প্রতিশ্রুত অর্থ বাস্তবে পৌঁছাচ্ছে কিনা– তার কার্যকর নজরদারি দরকার। জলবায়ু অর্থায়নকে ঋণনির্ভর না করে অনুদানভিত্তিক করার বিষয়টিও বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ।
এদিকে আগামীকাল শুক্রবার কপ৩১ সম্মেলন শেষ হওয়ার কথা। তবে সম্মেলনের গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে মতৈক্য না হলে নির্ধারিত সময়ের পরও আলোচনা চালিয়ে যেতে হতে পারে।
জ্বালানি আমদানি নির্ভরতায় এশিয়ার নিরাপত্তায় ঝুঁকি
জ্বালানি আমদানির ওপর অতিরিক্ত নির্ভরতা বাংলাদেশসহ এশিয়ার বিভিন্ন দেশের জ্বালানি নিরাপত্তা ও অর্থনীতিকে ঝুঁকির মুখে ফেলছে। আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধি, ভূরাজনৈতিক সংঘাত ও সরবরাহে বিঘ্নের কারণে বাড়ছে আমদানি ব্যয়। এতে বৈদেশিক মুদ্রার রিজার্ভেও চাপ তৈরি হচ্ছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশে এলএনজি আমদানি আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, আমদানি নির্ভরতা না কমালে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা কঠিন। এ জন্য বাংলাদেশসহ এশিয়ার দেশগুলোতে নবায়নযোগ্য জ্বালানির উৎপাদন বাড়াতে হবে।
গতকাল বুধবার আনতালিয়ায় বাংলাদেশ প্যাভিলিয়নে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন জ্বালানি বিশেষজ্ঞ ও জলবায়ু আন্দোলনকর্মীরা। ‘এশিয়ায় জ্বালানি নিরাপত্তার নতুন ভাবনা: ভূরাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক চাপ ও ন্যায্য জ্বালানি রূপান্তর’ শীর্ষক সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) ও ইয়ুথ ফর এনডিসি। সহযোগিতা করে ফ্রেন্ডস অব দ্য আর্থ এশিয়া প্যাসিফিক।
সংবাদ সম্মেলনে আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) বরাত দিয়ে জানানো হয়, ২০২২ সালে বিশ্ববাজারে গ্যাসের দাম বেড়ে যাওয়ায় স্পট মার্কেট থেকে এলএনজি আমদানিতে সমস্যায় পড়েছিল বাংলাদেশ। ওই বছরের গ্রীষ্মে বিদ্যুতের চাহিদা বেশি থাকলেও প্রায় ২০ শতাংশ বিদ্যুৎ সরবরাহ কমাতে হয়েছিল। আইইএর ২০২৬ সালের মূল্যায়নেও এলএনজির বাজার অস্থিরতায় ঝুঁকিতে থাকা দেশগুলোর মধ্যে বাংলাদেশ ও পাকিস্তানের নাম রয়েছে।
সংবাদ সম্মেলনে ফ্রেন্ডস অব দ্য আর্থ জাপানের আয়ুমি ফুকাকুসা বলেন, জ্বালানি নিরাপত্তার বিষয়টি সাধারণ মানুষের স্বার্থের চেয়ে রাষ্ট্রীয় স্বার্থের দৃষ্টিকোণ থেকে বেশি বিবেচনা করা হচ্ছে। নীতি নির্ধারণে জীবাশ্ম জ্বালানি ব্যবসার স্বার্থও প্রভাব ফেলছে।
ইন্দোনেশিয়ার পরিবেশবাদী সংগঠন ওয়ালহির উলি আরতা সিয়াগিয়ান বলেন, জ্বালানিকে শুধু অর্থনৈতিক বা ভূরাজনৈতিক সম্পদ হিসেবে দেখলে চলবে না, জনগণের অধিকার হিসেবেও স্বীকৃতি দিতে হবে।


