বিশ্বে সবচেয়ে বড় ধর্মীয় জনগোষ্ঠী হিসেবে খ্রিস্টানদের ছাড়িয়ে যেতে পারে মুসলমানরা। পিউ রিসার্চ সেন্টারের বুধবার প্রকাশিত এক প্রাক্কলনে এমন পূর্বাভাস দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, মুসলিম নারীদের তুলনামূলক বেশি জন্মহার এবং জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির কারণে আগামী কয়েক দশকে বিশ্বে মুসলিম জনসংখ্যা দ্রুত বাড়বে।
পিউর প্রাক্কলন অনুযায়ী, ২০৩৫ সাল নাগাদ বিশ্বে মুসলিম জনসংখ্যা বেড়ে ২৫৭ কোটিতে পৌঁছাতে পারে। একই সময়ে খ্রিস্টান জনসংখ্যা হতে পারে ২৫২ কোটি। আর বর্তমান প্রবণতা অব্যাহত থাকলে ২০৭০ সাল নাগাদ মুসলমানের সংখ্যা দাঁড়াতে পারে ৩৬০ কোটিতে। বিপরীতে, খ্রিস্টান জনসংখ্যা হতে পারে ৩০০ কোটি।
গবেষণায় বলা হয়েছে, ২০২০ সালে বিশ্বের মোট জনসংখ্যার ২৬ শতাংশ ছিলেন মুসলমান। ২০৭০ সালে এ হার বেড়ে ৩৭ শতাংশ হতে পারে। অন্যদিকে, খ্রিস্টানদের অনুপাত প্রায় ২৯ শতাংশে স্থিতিশীল থাকতে পারে। ফলে মুসলমানরা বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠীতে পরিণত হতে পারেন।
জনসংখ্যা বৃদ্ধির প্রধান কারণ হিসেবে মুসলিম নারীদের তুলনামূলক বেশি সন্তান জন্মদানের হারকে চিহ্নিত করেছে পিউ। ২০২০ থেকে ২০২৫ সাল পর্যন্ত একজন মুসলিম নারীর গড় সন্তান জন্মদানের হার ছিল ৩ দশমিক ১। খ্রিস্টান নারীদের ক্ষেত্রে এ হার ২ দশমিক ৫। অন্যান্য ধর্মীয় গোষ্ঠীর নারীদের ক্ষেত্রে গড় জন্মহার ছিল ১ দশমিক ৬, যা জনসংখ্যার স্বাভাবিক প্রতিস্থাপনের জন্য প্রয়োজনীয় ২ দশমিক ১-এর চেয়ে কম।
পিউর গবেষণায় বলা হয়েছে, মুসলিম ও খ্রিস্টান জনগোষ্ঠীর জনসংখ্যাগত পরিবর্তনে জন্ম ও মৃত্যুর ব্যবধানই সবচেয়ে বড় ভূমিকা রাখবে। তবে ধর্ম পরিবর্তনের বিষয়টিও প্রভাব ফেলবে। ২০২০ থেকে ২০৭০ সালের মধ্যে ধর্ম পরিবর্তনের কারণে ইসলাম থেকে প্রায় ৮০ লাখ অনুসারী কমতে পারে। খ্রিস্টধর্ম থেকে কমতে পারে প্রায় ১০ কোটি ৫০ লাখ অনুসারী।
গবেষণার প্রাক্কলন অনুযায়ী, ২০২০ থেকে ২০৭০ সালের মধ্যে বিশ্বের মোট জনসংখ্যা ২৯ শতাংশ বাড়তে পারে। এ সময়ে ইসলাম ধর্মাবলম্বীদের সংখ্যা ৮০ শতাংশ এবং খ্রিস্টানদের সংখ্যা ৩০ শতাংশ বাড়ার সম্ভাবনা রয়েছে। এই দুই ধর্মীয় জনগোষ্ঠীর বৃদ্ধির হার বৈশ্বিক জনসংখ্যা বৃদ্ধির সমান বা তার বেশি হতে পারে।
হিন্দু ধর্মাবলম্বীদের সংখ্যা বাড়লেও বিশ্বের মোট জনসংখ্যার অনুপাতে তাদের অংশ কিছুটা কমে ২০৭০ সালে ১৩ দশমিক ৬ শতাংশে দাঁড়াতে পারে। ইহুদিদের ক্ষেত্রে এ হার হতে পারে শূন্য দশমিক ১৭ শতাংশ। অন্যদিকে, বৌদ্ধ ধর্মাবলম্বীদের সংখ্যা ও বৈশ্বিক জনসংখ্যায় তাদের অনুপাত—দুটিই কমতে পারে। ২০৭০ সালে তাদের অংশ দাঁড়াতে পারে ২ দশমিক ৫ শতাংশে।
বাহাই, তাওবাদী, জৈন, শিখ ও বিভিন্ন লোকধর্মের অনুসারীদের সংখ্যা কিছুটা বাড়লেও ২০৭০ সাল নাগাদ তাদের সম্মিলিত অংশ বিশ্ব জনসংখ্যার ২ শতাংশের নিচে নেমে আসতে পারে।
ধর্মের সঙ্গে কোনো সম্পর্ক নেই—এমন মানুষের অনুপাতও বিশ্বব্যাপী কমার পূর্বাভাস দিয়েছে পিউ। নাস্তিক ও অজ্ঞেয়বাদীরাও এই জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত। ২০২০ সালে বিশ্ব জনসংখ্যার ২৪ শতাংশ ছিলেন ধর্মীয় পরিচয়হীন। ২০৭০ সালে এ হার কমে ১৭ শতাংশে দাঁড়াতে পারে।
গবেষণায় ধর্মীয় জনগোষ্ঠীর ভৌগোলিক অবস্থানেও পরিবর্তনের পূর্বাভাস দেওয়া হয়েছে। ২০৭০ সাল নাগাদ যুক্তরাষ্ট্রে খ্রিস্টধর্ম বৃহত্তম ধর্ম হিসেবে থাকলেও দেশটিতে খ্রিস্টানরা সংখ্যাগরিষ্ঠ নাও থাকতে পারেন। এ ছাড়া খ্রিস্টানদের সর্বাধিক ঘনত্বের দেশ হিসেবে যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যেতে পারে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো।
পিউর পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দশকে অধিকাংশ দেশে ধর্মীয় পরিচয়হীন মানুষের সংখ্যা বাড়তে পারে। তবে চীনে জনসংখ্যা কমার সম্ভাবনা থাকায় বৈশ্বিক হিসাবে এই বৃদ্ধির প্রভাব কম দেখা যেতে পারে। কারণ, বর্তমানে বিশ্বের অধিকাংশ ধর্মীয় পরিচয়হীন মানুষের বসবাস চীনে।


