লিটনের স্টাম্প উড়িয়ে দিলেন রাবাদা

জোহানেসবার্গ টেস্টের পঞ্চম দিনে জয়ের কথা ভুলে এখন ম‍্যাচ বাঁচাতে লড়তে হচ্ছে সফরকারীদের। সর্বশেষ লিটনকে বোল্ড করে বাংলাদেশকে আরও চাপে ফেলেছেন কাগিসো রাবাদা। ৩৯ রান করে সাজঘরে ফিরেছেন প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান। ৩৮ বলের ইনিংসে ৬টি চার মেরেছিলেন লিটন। রাবাদার গতিময় বল ড্রাইভ করতে গিয়েছিলেন তিনি। ব্যাটের ভেতরের কানা ছুঁয়ে বল আছড়ে পড়ে স্টাম্পে। এর আগের বলেই লিটনের কাছে বাউন্ডারি হজম করেছিলেন রাবাদা। এই উইকেটের মাধ্যমে ম্যাচে তার শিকার দাঁড়াল ৮টি। লিটন ফেরার পর ক্রিজে এসেছেন মেহেদী হাসান মিরাজ।

মুশফিক-লিটন জুটির ২ হাজার

ম্যাচ শুরুর আগে ২ হাজার রানের মাইলফলক থেকে ২০ রান দূরে ছিল মুশফিক-লিটন জুটি। আগের দিন শেষ বিকেলে ১৩ রান যোগ করে অপরাজিত ছিলেন দুজন। বৃহস্পতিবার দ্বিতীয় ওভারে পূর্ণ হয় তাদের ২ হাজার রান।

টেস্টে বাংলাদেশের আরও দুটি জুটির ২ হাজার রানের কীর্তি আছে। মুশফিক ও সাকিব আল হাসান ৭০ ইনিংসে যোগ করেছেন ২ হাজার ৮৬৩ রান। ইমরুল কায়েস ও তামিম ইকবালের জুটি ৫৮ ইনিংসে করেছে ২ হাজার ৪৩৩ রান।

তবে মাইলফলকে পৌঁছাতে মুশফিক-লিটনের লেগেছে ৩৪ ইনিংস, যা আগের দুই জুটির চেয়ে অনেক কম। ২০১৭ সালে গলে শুরু করা এই জুটির ব্যাটিং গড় ৬০.৩৩।

তামিম-ইমরুলের লেগেছিল ৪০ ইনিংস, তাদের গড় ৪৩.৪৪। ২০১৫ সালে খুলনায় পাকিস্তানের বিপক্ষে ৩১২ রানের জুটি তাদের সর্বোচ্চ, যা এখনও ওপেনিংয়ে বাংলাদেশের সর্বোচ্চ। সাকিব-মুশফিকের ২ হাজার পূর্ণ হয়েছিল ৪৬ ইনিংসে। ২০১৭ সালে ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিপক্ষে ৩৫৯ রানের জুটি গড়ার পথে মাইলফলক ছুঁয়েছিলেন তারা। যা এখনও যেকোনো উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ জুটি।

ম্যাচ বাঁচানোর লক্ষ্য বাংলাদেশের

চতুর্থ দিনের বিবর্ণ পারফরম্যান্সে জোহানেসবার্গ টেস্টে বিপাকে পড়েছে বাংলাদেশ। জয়ের চিন্তা ছেড়ে এখন ম্যাচ বাঁচানোর লড়াইয়ে সফরকারীরা। ৩৪.২ ওভারে ৫ উইকেটে ১০০ রান নিয়ে পঞ্চম ও শেষ দিন শুরু করেছে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার চেয়ে তখনো ৫৭ রানে পিছিয়ে ছিল নাজমুল হোসেন শান্তর দল। ১৫ বলে ১২ রানে ব্যাট করছিলেন লিটন, মুশফিক ছিলেন ১৪ বলে ৫ রানে।

প্রথম সেশনটা এই দুজনকে দিয়েই পার করতে চেয়েছিল বাংলাদেশ। ব্যাটিংয়ে বাকি ছিলেন মিরাজ, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ ও এবাদত হোসেন। দক্ষিণ আফ্রিকার হয়ে দুটি করে উইকেট নিয়েছিলেন রাবাদা ও সাইমন হার্মার। এই দুজনই ছিলেন সবচেয়ে বড় হুমকি।

আরো খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় খবর