শেখ হাসিনার সঙ্গে গ্লোবাল বেঙ্গলী হিন্দু কোয়ালিশনের ভার্চ্যুয়াল বৈঠক অনুষ্ঠিত

জন্মভূমি প্রতিবেদকঃ নিউইয়র্ক ভিত্তিক নুতন একটি সংগঠনের আহবানে শনিবার ১৩ নভেম্বর সন্ধ্যায়, বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একটি ভার্চ্যুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়। এ বৈঠক নিয়ে নানান কথাবার্তা শোনা যাচ্ছে এবং সামাজিক মাধ্যমে কিছু বিতর্ক লক্ষ্য করা যাচ্ছে। এ বিষয়ে গ্লোবাল বেঙ্গলী হিন্দু কোয়ালিশনের বক্তব্য ও অবস্থান হচ্ছে, “ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়কে কোনো রাজনৈতিক দলের কিংবা কোনো নেতার ক্ষমতায় ফিরে আসার হাতিয়ার বা নিছক রাজনৈতিক সমর্থনভিত্তি হিসেবে বিবেচনা করা যাবে না। তাঁদের নিরাপত্তা, সমতা, মর্যাদা ও সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে হবে সুনির্দিষ্ট নীতিমালা, কার্যকর প্রাতিষ্ঠানিক সংস্কার, আইনের যথাযথ প্রয়োগ এবং জবাবদিহিমূলক ব্যবস্থার মাধ্যমে। সংখ্যালঘুদের অধিকার কোনো রাজনৈতিক অনুগ্রহ নয়; এটি তাঁদের সাংবিধানিক ও মানবিক অধিকার। আর এই অধিকার নিশ্চিত করার দায়িত্ব যেকোনো ভবিষ্যৎ সরকারের। শুধু রাজনৈতিক প্রতিশ্রুতি নয়—আমরা চাই কার্যকর পদক্ষেপ, দৃশ্যমান পরিবর্তন এবং স্থায়ী নিশ্চয়তা”।

বৈঠকে সংখ্যালঘু সুরক্ষা আইন ও মন্ত্রণালয় গঠন, ৫৬০টি মসজিদ নির্মাণ, পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি, সম্পর্কিত প্রশ্নগুলোর উত্তর ছিলো গতানুগতিক। দুঃখজনকভাবে, এসব গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর যথেষ্ট সুস্পষ্ট, সন্তোষজনক কিংবা বিশ্বাসযোগ্য মনে হয়নি। সংখ্যালঘুদের সমস্যা সমাধানে একটি পূর্ণাঙ্গ ও সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা তুলে ধরার পরিবর্তে শেখ হাসিনার বক্তব্য অনেক ক্ষেত্রেই অস্পষ্ট ছিল। কয়েকটি ক্ষেত্রে তাঁর উত্তর থেকে এমন ধারণা পাওয়া গেছে যে, অতীতে তাঁর শাসনামলে সংখ্যালঘুদের ওপর সংঘটিত অবিচার ও তাঁদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থতার দায়ভার স্বীকার বা তার কার্যকর সমাধান উপস্থাপনের পরিবর্তে তিনি রাজনৈতিক প্রতিপক্ষ ও অন্যান্য দলের ওপর দোষারোপের প্রচলিত ধারাই অনুসরণ করেছেন। তবে টরোন্টোর ইরা দত্ত-র উত্থাপিত সংখ্যালঘুদের জন্য নিরাপদ অঞ্চল বা ‘সেফ জোন’ প্রতিষ্ঠার প্রস্তাবটি প্রশংসা পেয়েছে। তিনি ঝুঁকিপূর্ণ ও বিপন্ন সংখ্যালঘু জনগোষ্ঠীর নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার জন্য বিশেষ নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠা অথবা এ ধরনের অন্য কোনো কার্যকর প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গ্রহণের দাবির প্রতি শেখ হাসিনা’র অবস্থান জানতে চান।

আলোচনার আরেকটি উল্লেখযোগ্য দিক ছিল, বাংলাদেশের রাজনীতিতে তাঁর প্রত্যাবর্তন এবং পুনরায় সরকার গঠনের রাজনৈতিক আকাঙ্ক্ষার সমর্থনে আমেরিকান রাজনীতিবিদদের কাছে লবিং করার জন্য তিনি সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যদের ব্যক্তিগত যোগাযোগ, পরিচিতি ও প্রভাব কাজে লাগানোর আহ্বান জানান। এখানে স্বাভাবিকভাবেই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে আসে যে, “বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের কি কোনো রাজনৈতিক নেতার পুনরায় ক্ষমতায় ফিরে আসার জন্য রাজনৈতিক সমর্থন প্রদান এবং আন্তর্জাতিক পর্যায়ে লবিং করার দায়িত্ব নেওয়া উচিত, যখন তাঁদের নিজেদের মৌলিক অধিকার, জানমালের নিরাপত্তা, সুরক্ষা এবং সমান নাগরিকত্ব নিশ্চিত করার বিষয়ে এখনো সুস্পষ্ট, বিশ্বাসযোগ্য ও কার্যকর নিশ্চয়তা দেওয়া হয়নি”? এ বৈঠক সংখ্যালঘু সম্প্রদায়ের উদ্বেগ ও দাবিগুলো সরাসরি তুলে ধরার একটি সুযোগ সৃষ্টি হয়েছিলো, কিন্তু সেটি কাজে লাগানো যায়নি। একই সঙ্গে আলোচনা এ কথাও স্পষ্ট করেছে যে, শুধু রাজনৈতিক আশ্বাস, পারস্পরিক দোষারোপ কিংবা ক্ষমতাকেন্দ্রিক নির্বাচনী হিসাব-নিকাশের মধ্যে সীমাবদ্ধ থাকলে সংখ্যালঘুদের দীর্ঘদিনের সমস্যার কোনো স্থায়ী সমাধান সম্ভব নয়।

বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুরা কেবল সহানুভূতি, রাজনৈতিক পৃষ্ঠপোষকতা কিংবা মৌখিক প্রতিশ্রুতি চান না। তাঁরা চান: সকল নাগরিকের সমান মর্যাদা ও সমান নাগরিক অধিকার। সাংবিধানিক অধিকার ও আইনের সমান সুরক্ষা। জীবন, সম্পত্তি ও ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তা। স্বাধীনভাবে ধর্ম পালনের পূর্ণ অধিকার। নিপীড়ন ও সহিংসতার শিকার ব্যক্তিদের ন্যায়বিচার। অপরাধীদের রাজনৈতিক পরিচয় বা প্রভাব নির্বিশেষে জবাবদিহির আওতায় আনা। আইনের শাসনের নিঃশর্ত ও কার্যকর বাস্তবায়ন। পরিশেষে, বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে মূল প্রশ্নটি শুধু এই নয় যে, আগামী দিনে দেশ কে শাসন করবে; বরং আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো—ভবিষ্যতের যে সরকারই ক্ষমতায় আসুক না কেন, তারা কি ধর্ম-বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে দেশের প্রতিটি নাগরিকের মর্যাদা, সমতা, নিরাপত্তা এবং মৌলিক অধিকার বাস্তবিক অর্থে নিশ্চিত করতে সক্ষম ও আন্তরিক হবে? শেখ হাসিনা’র সাথে এ বৈঠকে তেমন কোন দিক-নির্দেশনা ছিলোনা। বরং এটি অনেকাংশে আপোষকামী মনোভাব পরিলক্ষিত হয়েছে, এবং সংখ্যালঘু উন্নয়নের চেয়ে ব্যক্তি স্বার্থ প্রধান্য পেয়েছে।

আরো খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় খবর