শেখ হাসিনার দেশে ফেরার অধিকার নিয়ে জাতিসংঘের হস্তক্ষেপ চাইল রাইটস অ্যান্ড রিস্কস অ্যানালাইসিস গ্রুপ

জন্মভূমি প্রতিবেদকঃ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজ দেশে ফিরে আসার অধিকার নিশ্চিত করতে জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করেছে ভারতের মানবাধিকারবিষয়ক গবেষণা ও অ্যাডভোকেসি সংস্থা রাইটস অ্যান্ড রিস্কস অ্যানালাইসিস গ্রুপ । সংস্থাটি জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস, মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক এবং জাতিসংঘের সংশ্লিষ্ট বিশেষ প্রতিবেদকদের এ বিষয়ে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইকোনমিক টাইমস-এর ৯ নভেম্বর প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ভারতে নির্বাসিত অবস্থায় থাকা শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসার জন্য নতুন পাসপোর্টের আবেদন করেছিলেন। তবে ৫ নভেম্বর বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানান, শেখ হাসিনাকে নতুন সাধারণ পাসপোর্ট কিংবা দেশে ফেরার জন্য ট্রাভেল পাস দেওয়া হবে না। তাঁকে বাংলাদেশ-ভারত প্রত্যর্পণ চুক্তির আওতায় দিল্লি থেকে দেশে ফিরিয়ে আনতে হবে বলে তিনি উল্লেখ করেন।

রাইটস অ্যান্ড রিস্কস অ্যানালাইসিস গ্রুপ এর পরিচালক সুহাস চাকমা বলেন, নিজ দেশে ফিরে আসার অধিকার একটি মৌলিক মানবাধিকার, যা আন্তর্জাতিক মানবাধিকার আইন এবং বাংলাদেশের সংবিধানেও স্বীকৃত। তিনি জাতিসংঘের সর্বজনীন মানবাধিকার ঘোষণার ১৩(২) অনুচ্ছেদ এবং নাগরিক ও রাজনৈতিক অধিকারবিষয়ক আন্তর্জাতিক চুক্তির (ওঈঈচজ) ১২(৪) অনুচ্ছেদের কথা উল্লেখ করেন। তাঁর মতে, এসব বিধানে প্রত্যেক ব্যক্তির নিজ দেশে ফিরে আসার অধিকার স্বীকৃত হয়েছে। সুহাস চাকমা আরও বলেন, বাংলাদেশের সংবিধানের ৩৬ অনুচ্ছেদে প্রত্যেক নাগরিকের বাংলাদেশ ত্যাগ এবং পুনরায় দেশে প্রবেশের অধিকার নিশ্চিত করা হয়েছে। সংবিধানের ৩১ অনুচ্ছেদেও নাগরিকদের আইনের সমান আশ্রয় ও সুরক্ষার বিষয়টি উল্লেখ রয়েছে।

তিনি বাংলাদেশের সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ২০২১ সালের ২৭ সেপ্টেম্বরের একটি রায়ের প্রসঙ্গ তুলে ধরে বলেন, নাগরিকের চলাচলের স্বাধীনতার ওপর বিধিনিষেধ আরোপ করতে হলে তার আইনগত ভিত্তি থাকতে হবে এবং তা জনস্বার্থে যুক্তিসংগত হওয়া প্রয়োজন। তাঁর দাবি, আইনি ভিত্তি ছাড়া নির্বাহী আদেশের মাধ্যমে এ ধরনের অধিকার সীমিত করা অসাংবিধানিক হতে পারে।
শেখ হাসিনার ভারতে অবস্থান ও প্রত্যর্পণ প্রসঙ্গে রাইটস অ্যান্ড রিস্কস অ্যানালাইসিস গ্রুপ জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর তিনি বাংলাদেশ থেকে ভারতে যান। পরবর্তী সময়ে বাংলাদেশের অন্তর্র্বতী সরকার এবং বর্তমান সরকারও ভারতকে তাঁর প্রত্যর্পণের অনুরোধ জানিয়েছে। সুহাস চাকমার দাবি, বাংলাদেশ-ভারত প্রত্যর্পণ চুক্তিতে এমন কোনো বিধান নেই, যার মাধ্যমে প্রত্যর্পণের অনুরোধের মুখে থাকা কোনো ব্যক্তিকে পাসপোর্ট বা ভ্রমণ নথি দেওয়া থেকে বঞ্চিত করা যায়। তিনি চুক্তির ২০ অনুচ্ছেদ এবং ওঈঈচজ-এর ১২(৪) অনুচ্ছেদের প্রসঙ্গও তুলে ধরেন।
রাইটস অ্যান্ড রিস্কস অ্যানালাইসিস গ্রুপ এর মতে, কোনো নাগরিক নিজ দেশে ফিরতে চাইলে তার জাতীয়তা যাচাই করে পাসপোর্ট অথবা উপযুক্ত ভ্রমণ নথি দেওয়া আন্তর্জাতিকভাবে প্রচলিত একটি স্বাভাবিক প্রক্রিয়া। সংস্থাটি মনে করে, শেখ হাসিনার দেশে ফেরার ক্ষেত্রে ভ্রমণ নথি না দেওয়া তাঁর মৌলিক অধিকার বাধাগ্রস্ত করার শামিল।

তবে শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি বাংলাদেশের বর্তমান রাজনৈতিক ও আইনি পরিস্থিতির সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। তাঁর বিরুদ্ধে দেশে বিচারিক রায় ও প্রত্যর্পণসংক্রান্ত বিষয় রয়েছে। ফলে তাঁর প্রত্যাবর্তন নিয়ে মানবাধিকার, সাংবিধানিক অধিকার, বিচারিক প্রক্রিয়া এবং বাংলাদেশ-ভারত সম্পর্ক—সবকিছুই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এ অবস্থায় শেখ হাসিনার দেশে ফেরার অধিকার নিয়ে রাইটস অ্যান্ড রিস্কস অ্যানালাইসিস গ্রুপ এর জাতিসংঘের হস্তক্ষেপ চাওয়ার উদ্যোগ আন্তর্জাতিক মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

আরো খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় খবর