২৮ বছর ক্যারিয়ারে এটা আমার বড় ও সম্মানিত প্রাপ্তি: পূর্ণিমা

চলচ্চিত্রের নায়িকা হিসেবে পরিচিত হলেও মঞ্চনাটকের সঙ্গে ছোটবেলার স্মৃতি জড়িয়ে আছে চিত্রনায়িকা পূর্ণিমার। এবার মঞ্চে অভিনয়ের আগ্রহের কথাও জানালেন তিনি। বললেন, সুযোগ পেলে থিয়েটারে কাজ করে দেখতে চান। সম্প্রতি প্রয়াত নাট্যব্যক্তিত্ব ‘আবদুল্লাহ আল মামুন থিয়েটার পদক ২০২৬’ পদক পেয়ে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে এসব কথা বলেন অভিনেত্রী।

নাটক, চলচ্চিত্র ও অভিনয়ে অসামান্য অবদান রাখা এই গুণী শিল্পীর স্মৃতি ও কর্মকে স্মরণীয় করে রাখতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ‘আবদুল্লাহ আল মামুন থিয়েটার পদক ২০২৬’।  প্রথমবারের এই আয়োজনে চিত্রনায়িকা পূর্ণিমাসহ সংস্কৃতি অঙ্গনের বেশ কয়েকজন বিশিষ্ট শিল্পীকে সম্মাননা দেওয়া হয়। সম্মাননা পেয়ে আবেগাপ্লুত হয়েছেন পূর্ণিমা।

পূর্ণিমা বলেন, ‘আপনাদের দোয়ায় সিনেমার ক্যারিয়ারের ২৮ বছর চলছে। এত বছর পর এই প্রথম একটা খুবই সম্মানিত পদক আমি আজকে পেয়েছি। মনে হচ্ছে, আমার এই যাত্রাটা আজকেই শুরু হয়েছে। আমরা আবদুল্লাহ আল মামুন স্যারকে মন থেকে এত পছন্দ করতাম, যা বলার মত না। ছোটবেলায় তার নাটকগুলো দেখতাম। পরে আস্তে আস্তে জেনেছি, তিনি শুধু নাটকই করেন না, নাটক নির্দেশনা দেন, লেখেন, চলচ্চিত্রের সঙ্গেও যুক্ত ছিলেন। স্যার যখন পর্দায় আসতেন, মনে হতো পর্দাটা একদম ভরপুর।’

928769420 1701270248029669 7433232332171926647 n 1795946889

আবদুল্লাহ আল মামুনের নামে পদক পাওয়াকে জীবনের বড় প্রাপ্তি উল্লেখ করে পূর্ণিমা বলেন, ‘সেই মানুষটার নামে যখন পদক পাচ্ছি, মনে হচ্ছে আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তিগুলোর একটি পেয়ে গেছি।’

মঞ্চনাটকের সঙ্গে নিজের ছোটবেলার স্মৃতির কথাও তুলে ধরেন পূর্ণিমা। তিনি জানান, আট-নয় বছর বয়সে তাঁর বড় বোন ঢাকা থিয়েটারের নান্দনিক দলের হয়ে মঞ্চনাটক করতেন। তার দুলাভাই রফিকুল্লাহ সেলিমও থিয়েটারের সঙ্গে যুক্ত ছিলেন। তাদের মহড়ার সময় নিয়মিত সেখানে যেতেন পূর্ণিমা। ব্যাকস্টেজে গিয়ে বিভিন্ন প্রপস দেখতেন, কীভাবে নাটক তৈরি হচ্ছে, তা মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করতেন।

পূর্ণিমার ভাষায়, ‘এক মাস ধরে একটা রিহার্সাল করে মুখস্থ করে যে মঞ্চনাটক হয়, সেগুলো আমি আমার ভেতরে ঢুকিয়েছি। হয়তো মঞ্চে এসে কাজ করিনি, কিন্তু সামনে বসে পুরো নাটক দেখতাম। তাঁরা যখন সংলাপ বলতেন, তার আগেই আমি লাইনগুলো বলে দিতাম। কারণ, আমি তো এক মাস ধরে সেই রিহার্সাল দেখেছি।’

মঞ্চনাটকের অভিনয়শৈলী থেকেও অনেক কিছু শিখেছেন বলে জানান এই অভিনেত্রী। বিশেষ করে মাইক্রোফোন ছাড়াই মঞ্চের শেষ সারির দর্শকের কাছে সংলাপ পৌঁছে দেওয়ার বিষয়টি তাঁর মনে গেঁথে আছে। তিনি বলেন, সংলাপ স্পষ্টভাবে বলতে হবে, তবে চিৎকার করে নয়; অভিনয়ের স্বাভাবিকতা বজায় রেখেই কণ্ঠস্বর দর্শকের কাছে পৌঁছাতে হবে।

929520508 1701270431362984 7042023087811507144 n 1795946907

থিয়েটারে কাজ করার সম্ভাবনা নিয়েও আশাবাদী পূর্ণিমা। তাঁর কথায়, ‘হতেই পারে, আমি থিয়েটারে আসতেই পারি। চেষ্টা করে দেখতেই পারি। আমাকে দিয়ে মঞ্চ নাটক হতেও পারে।’

পদকটি বড় বোন ও দুলাভাই রফিকুল্লাহ সেলিমকে উৎসর্গ করার কথাও জানান তিনি। পূর্ণিমা বলেন, তাঁদের কারণেই ছোটবেলায় থিয়েটারের সঙ্গে পরিচয় হয়েছিল তার। এ ছাড়া মহিলা সমিতির সঙ্গে তার অনেক পুরোনো স্মৃতি জড়িয়ে আছে।

সবশেষে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া চেয়ে পূর্ণিমা বলেন, ‘আমি অল্প অল্প করে শিখি। আজকে আমি আপনাদের পূর্ণিমা হয়েছি।’

আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম। এছাড়া উপস্থিত ছিলেন সাংস্কৃতিক সংগঠক সৈয়দা ফাতিমা সালাম, নারী উদ্যোক্তা কনা রেজা, গ্রুপ থিয়েটার ফেডারেশনের সাধারণ সম্পাদক কামাল বায়েজিদ, বাচসাস সভাপতি আবদুর রহমানসহ সংস্কৃতি অঙ্গনের বিশিষ্টজনেরা।

এ আয়োজনে অভিনেতা শহীদুজ্জামান সেলিম, নাদের চৌধুরী, শহীদুল আলম সাচ্চু, সালাহউদ্দিন লাভলু, আফসানা মিমি ও শাহেদ শরীফ খানকেও সম্মাননা জানানো হয়।

আরো খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় খবর