বিনিয়োগ প্রসারে ব্রিটিশ-চীনা প্রতিনিধি দলের সঙ্গে ইএটিএল ইনোভেশন হাবের নৈশভোজ

0
7

বাংলাদেশে আন্তর্জাতিক বাণিজ্য, প্রযুক্তি, অবকাঠামো উন্নয়ন এবং কৌশলগত বিনিয়োগ অংশীদারিত্ব সম্প্রসারণের লক্ষ্যে সফররত ব্রিটিশ ও চীনা ব্যবসায়ী এবং বিনিয়োগকারী প্রতিনিধি দলের সম্মানে নৈশভোজ ও আলোচনা সভার আয়োজন করেছে ইএটিএল ইনোভেশন হাব লিমিটেড। সম্প্রতি রাজধানীর দ্য ওয়েস্টিন ঢাকার বলরুমে এ আয়োজন করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক এম. এ. মুবিন খান।

বাংলাদেশ, যুক্তরাজ্য ও চীনের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা, প্রযুক্তিগত উদ্ভাবন এবং টেকসই উন্নয়নভিত্তিক বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আয়োজিত এ অনুষ্ঠানে সরকারের নীতিনির্ধারক, আন্তর্জাতিক বিনিয়োগকারী, ব্যবসায়ী নেতা এবং বিভিন্ন খাতের প্রতিনিধিরা অংশ নেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা এবং ব্যবসায়ী নেতারা।

আন্তর্জাতিক প্রতিনিধি দলের নেতৃত্ব দেন কাউন্সিলর আব্দুল জব্বার এমবিই, ডেপুটি লিডার, ওল্ডহাম কাউন্সিল এবং চেয়ারম্যান, গ্রেটার ম্যানচেস্টার বাংলাদেশ পার্টনারশিপ বোর্ড। প্রতিনিধি দলে আরও ছিলেন অ্যান্ড্রু ম্যাককালি, ক্রিস বল্ডউইন, হাউ চুনলিন এবং কিউ রান।

আলোচনায় নবায়নযোগ্য জ্বালানি, অবকাঠামো উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, পর্যটন ও প্রযুক্তি খাতে সম্ভাব্য বিনিয়োগ এবং সহযোগিতার বিভিন্ন দিক উঠে আসে। প্রতিনিধি দলের সদস্যরা গ্রিন এনার্জি, আন্তর্জাতিক অর্থায়ন, প্রযুক্তি স্থানান্তর, দক্ষ মানবসম্পদ উন্নয়ন এবং উদ্ভাবনভিত্তিক অর্থনৈতিক প্রবৃদ্ধির ক্ষেত্রে যৌথ উদ্যোগ গ্রহণে আগ্রহ প্রকাশ করেন।

পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা বলেন, বিদেশি বিনিয়োগ আকর্ষণ, বাণিজ্য সম্প্রসারণ, অবকাঠামো উন্নয়ন ও ডিজিটাল রূপান্তরের মাধ্যমে বাংলাদেশকে আঞ্চলিক ব্যবসা ও উদ্ভাবনের কেন্দ্র হিসেবে গড়ে তুলতে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে।

ড. আব্দুল মঈন খান বলেন, যুক্তরাজ্য ও চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সম্পর্ক আরও শক্তিশালী করতে প্রবাসী বাংলাদেশিদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি আন্তর্জাতিক বিনিয়োগকারীদের অংশগ্রহণে সরকারি ও বেসরকারি খাতের কার্যকর অংশীদারিত্বের ওপর গুরুত্বারোপ করেন।

এম. এ. মুবিন খান বলেন, বাংলাদেশ দ্রুত প্রযুক্তিনির্ভর অর্থনীতির দিকে এগিয়ে যাচ্ছে। আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে যৌথ উদ্যোগের মাধ্যমে প্রযুক্তিগত দক্ষতা উন্নয়ন এবং বৈশ্বিক বিনিয়োগের নতুন সুযোগ সৃষ্টি করা সম্ভব হবে।

তিনি আরও বলেন, নবায়নযোগ্য জ্বালানি, কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিজিটাল অবকাঠামো, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মতো খাতে আন্তর্জাতিক সহযোগিতা বাংলাদেশের দীর্ঘমেয়াদি ও টেকসই প্রবৃদ্ধিকে আরও শক্তিশালী করবে।

গাজীপুরের কালিয়াকৈর হাই-টেক পার্কে অবস্থিত ইএটিএল ইনোভেশন হাব হিসেবে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), বিগ ডেটা অ্যানালিটিক্স, ইন্টারনেট অব থিংস (আইওটি), অগমেন্টেড রিয়েলিটি (এআর) ও ভার্চুয়াল রিয়েলিটি (ভিআর) প্রযুক্তিতে কাজ করছে। পাশাপাশি দেশি-বিদেশি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ গবেষণা ও উদ্ভাবনী প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতেও কাজ করছে প্রতিষ্ঠানটি।

আয়োজকরা মনে করেন, এ আয়োজন বাংলাদেশে আন্তর্জাতিক বিনিয়োগ, প্রযুক্তিগত উদ্ভাবন এবং কৌশলগত অংশীদারিত্ব সম্প্রসারণে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here