ভারতের বেসরকারি খাতের বৃহত্তম তাপবিদ্যুৎ উৎপাদক আদানি পাওয়ার লিমিটেডের (এপিএল) সে দেশের চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর ২০২৬) কর-পরবর্তী মুনাফা বেড়েছে ১৪১ শতাংশ। এ সময়ে কোম্পানিটির মুনাফা হয়েছে ৯ হাজার ১২৫ কোটি টাকা। আগের অর্থবছরের একই সময়ে যা ছিল তিন হাজার ৭৭৮ কোটি ৪০ লাখ টাকা ।
বাংলাদেশ আদানি পাওয়ারের বিদ্যুতের অন্যতম ক্রেতা। কোম্পানিটি গড়ে ১২শ মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশকে সরবরাহ করে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশে তাদের নিযুক্ত জনসংযোগ প্রতিষ্ঠান গতকাল শনিবার মুনাফার তথ্য দিয়েছে।
কোম্পানির প্রকাশিত আর্থিক ফলাফল অনুযায়ী, দ্বিতীয় প্রান্তিকে চলমান কার্যক্রম থেকে পরিচালন আয় প্রায় ৩০ শতাংশ বেড়ে ২২ হাজার ১১৮ কোটি টাকায় দাঁড়িয়েছে। আগের অর্থবছরের একই সময়ে আয় ছিল ১৭ হাজার ৩৮ কোটি টাকা।
আদানি পাওয়ার জানিয়েছে, বিদ্যুতের চাহিদা বৃদ্ধি, বিদ্যুৎ ক্রয় চুক্তির আওতায় বিক্রি বাড়া এবং উন্নত ট্যারিফ ও বাণিজ্যিক বাজারে ভালো মূল্যপ্রাপ্তি মুনাফা বৃদ্ধিতে ভূমিকা রেখেছে। চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে (এপ্রিল-সেপ্টেম্বর) কোম্পানির কর-পরবর্তী মুনাফা ৯১ শতাংশ বেড়ে ১৫ হাজার ৪৫২ কোটি টাকা হয়েছে।
আদানি পাওয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা এস বি খ্যালিয়া বলেন, ভারতের ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদা মেটাতে নির্ভরযোগ্য সরবরাহ নিশ্চিত করা এবং ২০৩২ সালের মধ্যে নতুন ১০০ গিগাওয়াট তাপবিদ্যুৎ সক্ষমতা সংযোজনের জাতীয় লক্ষ্যে অবদান রাখাই কোম্পানির অগ্রাধিকার।


