বাংলাদেশে আরও পাঁচটি সৌরবিদ্যুৎ ও ব্যাটারি সংরক্ষণ প্রকল্পে লেনদেন পরামর্শক সেবা দেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এর মাধ্যমে একটি কর্মসূচির সম্প্রসারণ ঘটবে, যার আওতায় মোট এক হাজার মেগাওয়াটের বেশি সম্মিলিত সক্ষমতা তৈরি হবে।
এডিবি গতকাল মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দিয়েছে। এতে বলা হয়, এর আগে ১৩০ মেগাওয়াট সক্ষমতার সোনাগাজী সৌরবিদ্যুৎ প্রকল্পে এডিবির পরামর্শক সহায়তা দেওয়ার উদ্যোগ ছিল। এই সহায়তা এখন তিন পর্যায়ের কর্মসূচিতে সম্প্রসারণ করা হচ্ছে, যার মধ্যে মোট ছয়টি প্রকল্প অন্তর্ভুক্ত থাকবে। এসব প্রকল্প নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের নির্ভরযোগ্য ও নিয়ন্ত্রিত সুযোগ তৈরি করবে। পাশাপাশি আমদানি করা জ্বালানির ওপর নির্ভরতা কমাবে এবং দেশের জ্বালানি নিরাপত্তা উন্নত করবে।
এডিবির বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর ছিংফেং ঝাং বলেন, এডিবির পরামর্শক সেবার কার্যপরিধি সম্প্রসারণের মাধ্যমে একক প্রকল্পের সীমা ছাড়িয়ে পরিচ্ছন্ন জ্বালানিতে বিনিয়োগের একটি সম্প্রসারণযোগ্য বাজার তৈরির অভিন্ন আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে। প্রকল্প প্রস্তুতি, প্রতিযোগিতামূলক ক্রয় প্রক্রিয়া এবং বেসরকারি বিনিয়োগের সহায়ক পরিবেশ শক্তিশালী করার মাধ্যমে বাংলাদেশের উন্নয়নের পরবর্তী ধাপে প্রয়োজনীয় পুঁজি, প্রযুক্তি ও দক্ষতা সংগ্রহে এডিবি সহায়তা করবে।
এডিবির পরামর্শক সেবার মাধ্যমে ১০০ কোটি ডলারের বেশি বেসরকারি বিনিয়োগ আকৃষ্ট করা সম্ভব হবে। একই সঙ্গে ২০৩০ সালের মধ্যে দেশের মোট বিদ্যুতের অন্তত ২০ শতাংশ এবং ২০৪০ সালের মধ্যে ৩০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি থেকে উৎপাদনের সরকারি লক্ষ্য অর্জনে সহায়তা করবে।
কর্মসূচির প্রথম পর্যায়ে রয়েছে ফেনী জেলার ১৩০ মেগাওয়াট সক্ষমতার সোনাগাজী সৌর ফটোভোল্টাইক প্রকল্প। এর সঙ্গে ২৬ মেগাওয়াট ঘণ্টা সক্ষমতার ব্যাটারি সংরক্ষণ ব্যবস্থা থাকবে। চলতি বছরের মধ্যেই প্রকল্পটির দরপত্র আহ্বানের কথা রয়েছে। প্রথম প্রকল্প হিসেবে এটি পরবর্তী দুই পর্যায়ের বাকি পাঁচটি প্রকল্পের কাঠামো তৈরি ও দরপত্র প্রক্রিয়ার ক্ষেত্রে দৃষ্টান্ত স্থাপন করবে।
সম্প্রসারিত কার্যপরিধির আওতায় এডিবি ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ এবং বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে (বিপিডিবি) পাঁচটি নতুন প্রকল্পের জন্য সরকারি মালিকানাধীন জমির উপযোগিতা যাচাইয়ে সহায়তা করবে। প্রকল্পের সম্পূর্ণ উন্নয়ন প্রক্রিয়ায় এডিবির পরামর্শক সহায়তা থাকবে। এর মধ্যে রয়েছে প্রকল্প প্রস্তুতি, কারিগরি ও আর্থিক মূল্যায়ন, বাজার-সংশ্লিষ্ট পক্ষগুলোর মতামত গ্রহণ, দরপত্রের নথি প্রস্তুত এবং প্রতিযোগিতামূলক দরপত্র ও চূড়ান্ত অনুমোদন প্রক্রিয়ায় সহায়তা।
এডিবি জানায়, এ বিষয়ে সম্প্রতি একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। এতে ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের অতিরিক্ত সচিব মোস্তফা কামাল, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সচিব আফরোজা সুলতানা এবং এডিবির পক্ষে ছিংফেং ঝাং সই করেন।
ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পে বিশেষ করে বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগসহ বেসরকারি খাতের বিনিয়োগ ও অংশগ্রহণ ত্বরান্বিত করতে চায় সরকার।


