নানা ছাড়ের পরও যেন আর্থিক দুরবস্থা কাটিয়ে উঠতে পারছে না রাষ্ট্রীয় মালিকানার ছয় ব্যাংক। সোনালী, জনতা, অগ্রণী, রূপালী, বিডিবিএল ও বেসিক ব্যাংকের আদালতের বিচারাধীন মামলার জালে আটকা পড়েছে বিপুল অঙ্কের অর্থ। গত জুন পর্যন্ত বিচারাধীন ৪৭ হাজার ৪৬৯টি মামলার বিপরীতে আটকে আছে এক লাখ ৭৪ হাজার ৭২৭ কোটি টাকা। ব্যাংকগুলোর মোট খেলাপি ঋণের তুলনায় যা ২২ হাজার ২১৮ কোটি টাকা বেশি। এর প্রায় ৬০ শতাংশই আছে শীর্ষ ২০ ঋণখেলাপির কাছে। এসব ব্যাংকের জুনভিত্তিক তথ্য বিশ্লেষণে এমন চিত্র উঠে এসেছে।
সংশ্লিষ্টরা জানান, অর্থ ঋণ আদালতের মামলা, রিট ও সার্টিফিকেট–এই তিন ধরনের মামলায় আটকে থাকা অর্থের পরিমাণ ব্যাংকগুলোর প্রতিবেদনে দেখানো খেলাপির তুলনায় ১৪ দশমিক ৬০ শতাংশ বেশি। এর প্রধান কারণ আদালতে এক হাজার ১৫৭টি রিট মামলার বিপরীতে আটকে থাকা ১৬ হাজার ৩১২ কোটি টাকা খেলাপি হিসেবে দেখানো হচ্ছে না। অবলোপন করা ঋণ ব্যাংকের খেলাপিতে দেখানো হয় না। আবার অর্থঋণের মামলায় অনারোপিত সুদ, সব ধরনের খরচসহ হিসাব ধরা হয়। যেখানে ব্যাংকের প্রতিবেদনে কেবল খেলাপি হওয়া পর্যন্ত সুদসহ হিসাব দেখানো হয়। এসব কারণে ব্যাংকের প্রতিবেদনে খেলাপির চেয়ে মামলায় থাকা ঋণ বেশি দেখা যায়।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত জুন পর্যন্ত ব্যাংকগুলোর মোট ঋণ রয়েছে তিন লাখ ২২ হাজার ৩৪৬ কোটি টাকা। এর বিপরীতে ব্যাংকগুলো খেলাপি দেখিয়েছে এক লাখ ৫২ হাজার ৫০৯ কোটি টাকা; যা ৪৭ দশমিক ৩০ শতাংশ। একই সময় পর্যন্ত কেবল অর্থঋণ আদালতেই ১৩ হাজার ৯৭৩টি মামলায় আটকে আছে এক লাখ ৫৮ হাজার ৫৫ কোটি টাকার ঋণ। ব্যাংকের দেখানো খেলাপির তুলনায় যা ৩ দশমিক শূন্য ৬ শতাংশ বেশি। ৩২ হাজার ৩৩৯টি সার্টিফিকেট মামলায় ৩৬০ কোটি টাকা আটকে আছে। সব মিলিয়ে বিচারাধীন ৪৭ হাজার ৪৬৯ মামলায় রয়েছে এক লাখ ৭৪ হাজার ৭২৭ কোটি টাকার ঋণ। এসব ব্যাংকের দেখানো খেলাপির যা ১১৪ দশমিক ৬ শতাংশ। এর মধ্যে রিটে আটকে থাকা ঋণও অন্তর্ভুক্ত।
ব্যাংকভিত্তিক চিত্রে দেখা যায়, মামলার অর্থ আটকে থাকার দিক থেকে শীর্ষে রয়েছে জনতা ব্যাংক। গত জুন পর্যন্ত ব্যাংকটির ১১ হাজার ৭০০টি মামলায় জড়িত অর্থের পরিমাণ ১ লাখ ২১ কোটি টাকা। ২০২৪ সালের ডিসেম্বরে ব্যাংকটির মামলায় জড়িত অর্থ ছিল ২৮ হাজার ৮৯৯ কোটি টাকা। সোনালী ব্যাংকের ৯ হাজার ৫৮৭টি মামলায় ২৬ হাজার ৭৭৭ কোটি টাকা, অগ্রণী ব্যাংকের ১৯ হাজার ৮৩২টি মামলায় ১৬ হাজার ৭৩৬ কোটি টাকা, বেসিক ব্যাংকের ৬৯২টি মামলায় ১৬ হাজার ৩২৫ কোটি টাকা, রূপালী ব্যাংকের ৪ হাজার ৭৪৪টি মামলায় ১২ হাজার ৬৬৯ কোটি টাকা এবং বিডিবিএলের ৯১৪টি মামলায় ২ হাজার ১৯৯ কোটি টাকা আটকে আছে।
এদিকে ছয় ব্যাংকের শীর্ষ ২০ ঋণখেলাপির কাছেই আটকে আছে ৯১ হাজার ১৬৫ কোটি টাকার খেলাপি ঋণ। ব্যাংকগুলোর মোট খেলাপি ঋণের ৫৯ দশমিক ৮ শতাংশ। এই ক্ষেত্রেও সবচেয়ে বড় ঝুঁকিতে রয়েছে জনতা ব্যাংক। ব্যাংকটির শীর্ষ ২০ খেলাপির কাছেই আছে ৫৮ হাজার ৬৪৩ কোটি টাকা, যা ব্যাংকটির নিজস্ব মোট খেলাপি ঋণের ৭৭ দশমিক ৪৭ শতাংশ এবং ছয় ব্যাংকের সম্মিলিত শীর্ষ ২০ খেলাপির ঋণের ৬৪ দশমিক ৩ শতাংশ। অন্যান্য ব্যাংকের মধ্যে শীর্ষ ২০ খেলাপির হাতে রয়েছে বিডিবিএলের ৫১ দশমিক ৩৬ শতাংশ, রূপালী ব্যাংকের ৪৯ দশমিক ৭৮ শতাংশ, অগ্রণী ব্যাংকের ৪৪ দশমিক ৫৬ শতাংশ, সোনালী ব্যাংকের ৩৫ দশমিক ২১ শতাংশ এবং বেসিক ব্যাংকের ২৮ দশমিক ২৭ শতাংশ খেলাপি ঋণ।
প্রতিবেদনে দেখা যাচ্ছে, নানা দুর্বলতার মধ্যেও এসব ব্যাংকের তারল্য পরিস্থিতি ভালো আছে। তবে আশানুরূপ ঋণ বিতরণ হচ্ছে না। জুনের তুলনায় সেপ্টেম্বর মাসে অগ্রণী, রূপালী, বিডিবিএল ও বেসিক ব্যাংকের ঋণ প্রবৃদ্ধি কমেছে। এ সময়ে সোনালী ব্যাংকের ৪ দশমিক ৬৩ শতাংশ এবং জনতা ব্যাংকের শূন্য দশমিক ৩৫ শতাংশ বেড়েছে। তবে ছয়টি ব্যাংকই স্বল্পমেয়াদি তারল্য (এলসিআর) এবং স্থিতিশীল তহবিল (এনএসএফআর) সংরক্ষণে সক্ষম হয়েছে। ব্যাংকগুলোর মধ্যে কেবল সোনালী ও বিডিবিএল মূলধন সংরক্ষণে সক্ষম হয়েছে।


