ঈদের ছুটিতে নাঁড়ির টানে বাড়ির পানে ছুটছে লাখো মানুষ। ঈদের আনন্দ স্বজনদের সঙ্গে ভাগাভাগি করে কাটানোর আবেগেহাসিমুখে সইছে যাত্রাপথের নানা ভোগান্তি ও বিড়ম্বনা। কিন্তু এই ঈদযাত্রা কথনো কখনো অনেক পরিবারকে ঢেকে দিচ্ছে স্বজন হারোনোর গভীর ব্যথা ও অনিশ্চয়তার অন্ধকারে। আসন্ন ঈদুল আজহার দুদিন আগে দেশের ৯ জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ২৮ জন। সোমবার (২৫ মে) ভোর থেকে থেকে রাত পর্যন্ত সময়ের মধ্যে এই প্রাণহানির ঘটনা ঘটে। এ ঘটনায় বেশ কয়েকজন গুরুতর আহতও হয়েছেন।
দুর্ঘটনাগুলোর মধ্যে – টাঙ্গাইলের কালিহাতীতে রডবোঝাই ট্রাক উল্টে মর্মান্তিক দুর্ঘটনায় ১৫ জন নিহত হয়েছেন। এ ছাড়া বগুড়ায় চারজন, কিশোরগঞ্জে তিনজন এবং গোপালগঞ্জ, চাঁদপুর ও ঝালকাঠিতে একজন করে আরও তিনজন নিহত হয়েছেন।
আমাদের সময়ের জেলা-উপজেলা প্রতিনিধিদের পাঠানো খবর পাঠকদের জন্য তুলে ধরা হলো।
টাঙ্গাইল
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিহাতী উপজেলার সরাতৈল দক্ষিণপাড়া এলাকায় রডবোঝাই একটি ট্রাক উল্টে ১৫ জন নিহত হয়েছেন। সোমবার ভোর চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই কম খরচে বাড়ি ফিরতে যাত্রীবাহী বাস পরিহার করে রডবোঝাই ওই ট্রাকে উঠেছিলেন। তাদের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, রাজশাহী, কুষ্টিয়া ও নাটোর জেলায়। ওই ট্রাকে বাড়তি ভাড়া দিয়ে কায়েকজন যাত্রীও ওঠেছিল বলে জানা গেছে।
পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, উত্তরবঙ্গগামী ট্রাকটি সরাতৈল এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে উল্টে যায়। এতে ট্রাকে থাকা যাত্রীরা ভারী রডের নিচে চাপা পড়েন। ঘটনাস্থলেই ১৫ জনের মৃত্যু হয়। আহত হন আরও অন্তত ছয়জন। দুর্ঘটনার পরপরই ট্রাকের চালক ও সহকারী পালিয়ে যান।
এই জেলায় আলাদা সড়ক দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে জেলার শাজাহানপুর উপজেলায় দুজন এবং কাহালু উপজেলায় দুজন মারা গেছেন।
বগুড়া
বগুড়ায় ঢাকা-রংপুর মহাসড়কের শাজাহানপুর উপজেলার বনানী এলাকায় অজ্ঞাতপরিচয় যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা ও মেয়ে নিহত হন। এ সময় আয়েশা বেগম নামে অপর এক আরোহী আহত হন। ভোর সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- আনিছুর রহমান এবং তার দুই বছরের কন্যা পুষ্প। আহত আয়েশা বেগমকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অন্যদিকে কাহালু উপজেলায় কাজিপাড়া এলাকায় বাসচাপায় ভ্যানযাত্রী মা ও মেয়ে নিহত হয়েছেন। তারা হলেন- জেমি আকতার ও তার মেয়ে তনু আকতার (২০)। বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছেন ভ্যানচালকও।
পুলিশ জানায়, জেমি আকতার তার মেয়ে তনুকে নিয়ে ভ্যানে কাজিপাড়া থেকে বিবিরপুকুরের দিকে যাচ্ছিলেন। এ সময় রাজশাহীগামী একটি বাস তাদের চাপা দেয়। ঘটনাস্থলেই দুজন মারা যান।
কিশোরগঞ্জ
কিশোরগঞ্জের মিঠামইনে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে একই পরিবারের তিনজন নিহত হন। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কিশোরগঞ্জের ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম অলওয়েদের সড়কের মিঠামইন উপজেলার কাস্তল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মিঠামইন উপজেলার মহিষাকান্দি গ্রামের মনির হোসেন (৩৫), তার স্ত্রী মুন্নি আক্তার (৩০) ও তাদের শিশু সন্তান আয়ান (৬)। পুলিশ জানায়, মোটরসাইকেলে স্বামী-স্ত্রী ও তাদের সন্তান বাড়িতে ফিরছিলেন। মিঠামইন উপজেলার ভাতশালা সেতুসংলগ্ন এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপভ্যান তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনজন মারা যান।
গোপালগঞ্জ
গোপালগঞ্জ সদরে প্রাইভেটকার-মাইক্রোর সঙ্গে সংঘর্ষে বাস ছিটকে গভীর খাদে পড়ে এক চালক নিহত হন। এ সময় আহত হন অন্তত ৫০ বাসযাত্রী। দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কে উপজেলার সোনাসুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহত চালকের পরিচয় জানা যায়নি।
ঝালকাঠি
ঝালকাঠির রাজাপুরে ভেকু মেশিনের ধাক্কায় মো. সিহাব উদ্দীন নামে ব্র্যাকের এক মাঠকর্মী নিহত হয়েছেন। সকাল সাড়ে ৯টার দিকে বরিশাল-ভান্ডারিয়া আঞ্চলিক মহাসড়কের দক্ষিণ রাজাপুর এলাকার খন্দকারবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সিহাব উদ্দীন বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া গ্রামের মো. মাকসুদুর রহমানের ছেলে। তিনি ব্র্যাকের ভান্ডারিয়া শাখায় মাঠকর্মী হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ জানায়, খাল খননের কাজে ব্যবহৃত একটি ভেকু মেশিন রাস্তার পাশ থেকে মহাসড়কে উঠছিল। এ সময় মোটরসাইকেলে কর্মস্থল থেকে বাড়ি ফিরছিলেন সিহাব উদ্দীন। ভেকু মেশিনের সামনের হাতা ঘুরে তার মাথায় সজোরে আঘাত করলে ঘটনাস্থলেই মারা যান তিনি।




