উনসত্তরের গণঅভ্যুত্থানের অগ্রসৈনিক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক মন্ত্রী ও প্রবীণ রাজনীতিবিদ তোফায়েল আহমেদের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে। এ ছাড়া তার মরদেহে গার্ড অব অনার দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার বাদ জোহর ভোলা সরকারি স্কুল মাঠে অনুষ্ঠিত জানাজায় বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ অংশ নেন এবং তাকে শেষ শ্রদ্ধা জানান।
জানাজা শেষে তোফায়েল আহমেদের মরদেহ ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের কোড়ালিয়া গ্রামের পারিবারিক কবরস্থানে নেওয়া হয়। সেখানে আরেক দফা জানাজা বাবা-মায়ের কবরের পাশে তাকে দাফন করা হবে।
জীবদ্দশায় নিজের জন্মভূমি ভোলার মাটিতে চিরনিদ্রায় শায়িত হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন তোফায়েল আহমেদ, পরিবারের সদস্যরা সেই ইচ্ছাই পূরণ করছেন।
এর আগে রাজধানী থেকে হেলিকপ্টারযোগে তোফায়েল আহমেদের মরদেহ ভোলায় আনা হয়। ভোলা সরকারি স্কুল মাঠে জানাজায় রাজনৈতিক নেতারা, প্রশাসনের কর্মকর্তা, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।
গতকাল সোমবার বিকেলে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তোফায়েল আহমেদ। এরপর গতকাল সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডির তাকওয়া মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।




