সাপাহার সীমান্তে ৯ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

0
5

নওগাঁর সাপাহার সীমান্তে নারী ও শিশুসহ ৯ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির তাৎক্ষণিক তৎপরতায় তাদের বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হয়নি। বুধবার ভোর ৪টা ১০ মিনিটে নওগাঁ ব্যাটালিয়নের (১৬ বিজিবি) অধীন আদাতলা বিওপির সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

বিজিবি সূত্র জানায়, সীমান্ত পিলার ২৪৪/এমপি দিয়ে ভারতের ২৯ বিএসএফ ব্যাটালিয়নের এলেনপুর ক্যাম্পের সদস্যরা ৯ ব্যক্তিকে বাংলাদেশের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করে। পুশইনের শিকার ব্যক্তিদের মধ্যে তিনজন পুরুষ, তিনজন নারী ও তিনজন শিশু রয়েছে।

খবর পেয়ে আদাতলা বিওপির একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যক্তিদের সীমান্তের শূন্য লাইনের ভেতরে দেখতে পায়। পরে তাদের বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশে বাধা দেওয়া হয়।

নওগাঁ-১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম মাসুম বলেন, ‘ঘটনাটি জানার পরপরই বিজিবি সদস্যরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। বর্তমানে সংশ্লিষ্ট ব্যক্তিরা সীমান্তের শূন্য লাইনের অভ্যন্তরে অবস্থান করছেন। বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।’

এ ঘটনায় সেখানে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। সীমান্তে পুশইনের অভিযোগের বিষয়ে কূটনৈতিক ও সীমান্তরক্ষী পর্যায়ে যোগাযোগ চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here