প্রয়াত অভিনেত্রীর গাড়ি-বাড়ি, ব্যাংকের টাকা নিয়ে বিরোধ, এসব সম্পত্তির মালিক আসলে কে

বলিউডের প্রয়াত অভিনেত্রী নিম্মির সম্পত্তি নিয়ে নতুন করে আইনি জটিলতা তৈরি হয়েছে। অভিনেত্রীর দীর্ঘদিনের তত্ত্বাবধায়ক আসরার আহমেদ শেখের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও কয়েক কোটি রুপির সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার বিরুদ্ধে এফআইআর করেছে মুম্বাইয়ের সান্তাক্রুজ থানার পুলিশ।

গত ১১ নভেম্বর থানায় অভিযোগটি করেন মোহাম্মদ ইউনুস সালিম দুররানি। তিনি নিম্মির প্রয়াত দত্তক ছেলে আলী সৈয়দ পারভেজের বিধবা স্ত্রী সালমা নেলদি পারভিনের পাওয়ার অব অ্যাটর্নি হিসেবে দায়িত্ব পালন করছেন।

অভিযোগ অনুযায়ী, বিরোধের কেন্দ্রে রয়েছে মুম্বাইয়ের জুহু তারা রোডের নেহা অ্যাপার্টমেন্টে থাকা নিম্মির দুটি ফ্ল্যাট। এগুলোর আনুমানিক মূল্য ৭ থেকে ৮ কোটি রুপি। এ ছাড়া স্টেট ব্যাংক অব ইন্ডিয়া ও সারস্বত ব্যাংকে তার প্রায় ১ কোটি ৭৭ লাখ রুপির স্থায়ী আমানত, গয়না এবং একটি গাড়ি নিয়েও বিরোধ তৈরি হয়েছে।

অভিযোগকারীর দাবি, জীবনের শেষ দিকে নিম্মির সঙ্গে আসরার আহমেদের যৌথ ব্যাংক হিসাব ছিল। সেই সুযোগে অভিনেত্রীর স্থায়ী আমানতের টাকা সরিয়ে নিয়েছেন তিনি। নিম্মির গাড়িটি স্ক্র্যাপ হিসেবে বিক্রি করে সেই অর্থও নিজের কাছে রেখেছেন বলে অভিযোগ উঠেছে। পাশাপাশি জুহুর দুটি ফ্ল্যাটে তালা লাগিয়ে দেওয়ার অভিযোগও করা হয়েছে তাঁর বিরুদ্ধে।

অভিযোগকারীর ভাষ্য, বম্বে হাইকোর্টে উইলের প্রোবেট-সংক্রান্ত আইনি প্রক্রিয়া চলার মধ্যেই আসরার আহমেদ পরিবারের কাছে দুটি ফ্ল্যাট বিক্রি করে অর্থ ভাগাভাগির প্রস্তাব দেন। তবে সেই প্রস্তাবে রাজি হয়নি পরিবার।

অভিযোগে আরও বলা হয়েছে, নিম্মির উইলে তার দত্তক ছেলেকে সম্পত্তির প্রধান উত্তরাধিকারী করা হয়েছিল। তবে তত্ত্বাবধায়ক ওই উইল গোপন করেছেন বলে অভিযোগ পরিবারের। পরে উইলের তথ্য জানতে বম্বে হাইকোর্টের দ্বারস্থ হয় পরিবার। এ জন্য জনস্বার্থ মামলা (পিআইএল) করা হয়েছে।

এ ঘটনায় আসরার আহমেদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪০৪, ৪০৬, ৪২০, ৪৬৫, ৪৬৭ ও ৪৬৮ ধারায় মামলা করেছে পুলিশ। মৃত ব্যক্তির সম্পত্তি আত্মসাৎ, বিশ্বাসভঙ্গ, প্রতারণা ও জালিয়াতির মতো অভিযোগ এসব ধারার অন্তর্ভুক্ত। ঘটনাটি তদন্ত করছে সান্তাক্রুজ থানার পুলিশ।

প্রসঙ্গত, ১৯৪০ ও ১৯৫০-এর দশকে হিন্দি সিনেমার পরিচিত মুখ ছিলেন অভিনেত্রী নিম্মি। তার প্রকৃত নাম নওয়াব বানু। রাজ কাপুর ও দিলীপ কুমারের মতো অভিনেতাদের সঙ্গে কাজ করে জনপ্রিয়তা পান তিনি। তার উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘বরসাত’, ‘আন’, ‘উড়ন খাটোলা’ ও ‘মেরে মেহবুব’।

২০২০ সালের জুন মাসে ৮৭ বছর বয়সে মারা যান এই অভিনেত্রী।

আরো খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় খবর