মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘ইরানের সঙ্গে যুদ্ধ অবসানের দিকে একটি গতিশীলতা তৈরি হয়েছে।’ মধ্যস্থতাকারী দেশ কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর ট্রাম্প এ কথা বলেন।
হোয়াইট হাউসে সোমবার কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুলরহমান আল থানির সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। পরে ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প জানান, তাদের মধ্যে চমৎকার আলোচনা হয়েছে। ইরান প্রসঙ্গেও অনেক কথা হয়েছে।
সামাজিক যোগাযোগের মাধ্যমে ট্রাম্প বলেন, ‘উপসাগরীয় অঞ্চলের প্রধান মিত্ররা বর্তমান অবস্থা বজায় রাখাকেই অগ্রাধিকার দেবে। সে বিবেচনায় নতুন হামলার সম্ভাবনা বেশ কম।’ ট্রাম্প আরও বলেন, ‘আমরা এই সংঘাত অবসানের দিকে একটি ইতিবাচক গতিশীলতা দেখতে পাচ্ছি। এ সময় আমরা আমেরিকার স্বার্থ সুরক্ষিত রাখার বিষয়টিও নিশ্চিত করবো।’
মধ্যবর্তী নির্বাচনের আগের সপ্তাহগুলোতে জল্পনা ছিল, ভোটের পরপরই ইরানে হামলা শুরু করবে যুক্তরাষ্ট্র। তবে, ট্রাম্প আপাতত নতুন করে সংঘাত শুরুর বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন। একই সঙ্গে সম্ভাব্য হামলার পথও খোলা রেখেছেন।
হোয়াইট হাউসে এক ব্রিফিয়ে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ইরানের সামরিক সক্ষমতা শেষ হয়ে গেছে। আমরা বর্তমান অবস্থা বজায় রাখার চেষ্টা করছি। কিন্তু সেখানে যদি হামলা চালাতেই হয়, তাহলে আমরা সম্পূর্ণ প্রস্তুত।
এদিকে, ইরানের নিরাপত্তা প্রধান মোহসেন রেজাই সোমবার গভীর রাতে এক্সে লিখেছেন, ‘যুক্তরাষ্ট্র বর্তমানে জুয়াড়ির মতো হাত-পা ছুড়ছে।’ তিনি ওয়াশিংটনকে উদ্দেশ্য করে বলেন, ‘হাল ছেড়ে দিন। কাল্পনিক আলোচনা নিয়ে ভুয়া খবর তৈরি করা বন্ধ করুন।’
এর আগে, স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এক্সে লিখেন, ইসরায়েলই মূলত যুক্তরাষ্ট্রকে সংঘাতের গভীরে ঠেলে দিচ্ছে। ওয়াশিংটনের উচিত ‘ইসরায়েল ফার্স্ট’ মানসিকতা ত্যাগ করা। যতক্ষণ তারা এটি না করবে ততক্ষণ এক অন্ধকার যুগের দিকে এগিয়ে যাবে।
ইরানি কর্তৃপক্ষের দাবি, দেশটির অভ্যন্তরে এখনো হামলা অব্যাহত আছে। কিন্তু মার্কিন সামরিক বাহিনী প্রকাশ্যে এসব হামলার কথা স্বীকার করেনি।


