নেতানিয়াহু আর এক মিনিটও প্রধানমন্ত্রী থাকতে পারেন না: আইজেনকোট

ইসরায়েলের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়ের বিরুদ্ধে নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ উঠেছে। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে নেতানিয়াহুকে আর এক মিনিটের জন্যও সরকারপ্রধানের পদে দেখতে চান না বলে মন্তব্য করেছেন দেশটির বিরোধী নেতা গাদি আইজেনকট।

রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আইজেনকট বলেন, ‘বিদায়ী প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও তার ঘনিষ্ঠদের কর্মকাণ্ড ইসরায়েলের গণতন্ত্রের জন্য সরাসরি ও তাৎক্ষণিক হুমকি তৈরি করেছে।’

এর কয়েক ঘণ্টা আগে নেতানিয়াহু ও আইজেনকটের প্রতিনিধিরা জাতীয় ঐক্যের সরকার গঠনের সম্ভাবনা নিয়ে বৈঠক করেন। ইসরায়েলের নতুন সরকার গঠনের দায়িত্ব পেয়েছেন আইজেনকট।

ইসরায়েলি সম্প্রচারমাধ্যম চ্যানেল ১২ রোববার এক প্রতিবেদনে অভিযোগ করে, গত ২৭ অক্টোবরের নির্বাচনের আগের দিন নেতানিয়াহুর চিফ অব স্টাফ ইদো নর্ডেন দেশটির পুলিশ কমিশনারের দপ্তরে আরব নেতৃত্বাধীন ইউনাইটেড আরব লিস্ট (রাআম) দলের কয়েকজন সদস্যের বিরুদ্ধে অভিযোগ করেন।

প্রতিবেদন অনুযায়ী, নেতানিয়াহুর কার্যালয়ের সাবেক এক কর্মীকে গোয়েন্দা তথ্যের উৎস হিসেবে পুলিশের কাছে পরিচয় করিয়ে দেন নর্ডেন। ওই ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে প্রায় ১৪ জন পুলিশ সদস্য কোনো পরোয়ানা ছাড়াই রাআমের তিন সদস্যের বাড়িতে অভিযান চালান। ভোটারদের ঘুষ দেওয়ার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়।

নির্বাচনের দিন নেতানিয়াহু আরব নেতৃত্বাধীন দলগুলোর বিরুদ্ধে প্রচার চালান। দলগুলো রেকর্ড ১৯টি আসনে জয়ী হওয়ার পর তিনি নির্বাচনে কারচুপির অভিযোগও তোলেন। তবে এসব অভিযোগের পক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি। পরে পুলিশের তদন্তে ওই কথিত গোয়েন্দা সূত্রের তথ্য ভিত্তিহীন বলে প্রমাণিত হলে গ্রেপ্তার তিনজনকে ছেড়ে দেওয়া হয়।

চ্যানেল ১২-এর প্রতিবেদনে আরও বলা হয়, ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেতের প্রধান ডেভিড জিনি নির্বাচনের দিন ফিলিস্তিনি বংশোদ্ভূত ইসরায়েলি পাঁচজন সংসদ সদস্যের ফোনে আড়ি পাতার অনুমতি চেয়েছিলেন। তবে অ্যাটর্নি জেনারেলের দপ্তর সেই আবেদন নাকচ করে দেয়।

আইজেনকট এ ঘটনার অবিলম্বে তদন্ত দাবি করেছেন। তিনি বলেন, পুলিশ ও শিন বেতের উচিত প্রকাশিত তথ্যের বিষয়ে দ্রুত বিস্তারিত জানানো।

সাবেক সেনাপ্রধান আইজেনকটের বক্তব্যকে ‘প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আপত্তিকর উসকানি’ বলে অভিহিত করেছে নেতানিয়াহুর দল লিকুদ পার্টি।

এর আগে গত শুক্রবার আইজেনকট অভিযোগ করেছিলেন, ক্ষমতায় টিকে থাকতে নির্বাচনের সময় নেতানিয়াহু ইসরায়েলের ফিলিস্তিনি নাগরিকদের বিরুদ্ধে ‘বর্ণবাদী ও সহিংস’ প্রচার চালিয়েছেন।

আরো খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় খবর