কানাডায় ২০২৭ সালে নিয়মিত অভিবাসন লক্ষ্যমাত্রার বাইরে অতিরিক্ত আরও ২ লাখ মানুষকে স্থায়ী বসবাসের (পারমানেন্ট রেসিডেন্সি বা পিআর) সুযোগ দিতে যাচ্ছে দেশটির কেন্দ্রীয় সরকার। এ উদ্যোগের আওতায় অগ্রাধিকার পাবেন কানাডায় কর্মরত অভিবাসী, তাদের পরিবারের সদস্য এবং মানবিক বিবেচনায় থাকা নির্দিষ্ট শ্রেণির আবেদনকারীরা।
কানাডার অভিবাসন, শরণার্থী ও নাগরিকত্ববিষয়ক বিভাগ (আইআরসিসি) প্রকাশিত ২০২৭-২০২৯ সালের অভিবাসন পরিকল্পনায় এ বিশেষ উদ্যোগের কথা বলা হয়েছে। এতে দুটি পৃথক শ্রেণিতে সর্বোচ্চ ১ লাখ করে মোট ২ লাখ মানুষকে স্থায়ী বসবাসের সুযোগ দেওয়ার পরিকল্পনা রয়েছে। বিশেষ এ উদ্যোগ শুধু ২০২৭ সালের জন্য কার্যকর হবে। এটি নিয়মিত স্থায়ী বাসিন্দা গ্রহণের লক্ষ্যমাত্রার অতিরিক্ত।
কর্মজীবীদের জন্য ১ লাখ সুযোগ
বিশেষ উদ্যোগের প্রথম শ্রেণিতে কুইবেকের বাইরে কানাডার বিভিন্ন প্রদেশ ও অঞ্চলে ইতিমধ্যে কর্মরত সর্বোচ্চ ১ লাখ মানুষ এবং তাদের যোগ্য পরিবারের সদস্যদের স্থায়ী বসবাসের সুযোগ দেওয়া হবে। এ ক্ষেত্রে প্রাদেশিক ও আঞ্চলিক সরকারের সঙ্গে সমন্বয় করে স্থানীয় শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মী নির্বাচন করা হবে।
এ কর্মসূচির আওতায় প্রাদেশিক মনোনয়ন কর্মসূচির (পিএনপি) মাধ্যমে স্থায়ী বসবাসের যোগ্য কর্মীদের পাশাপাশি কয়েকটি নির্দিষ্ট অভিবাসন কর্মসূচিতে আবেদন করে সিদ্ধান্তের অপেক্ষায় থাকা ব্যক্তিরাও সুযোগ পেতে পারেন।
এসব কর্মসূচির মধ্যে রয়েছে নতুন ব্যবসা উদ্যোগ কর্মসূচি, স্বনিয়োজিত ব্যক্তিদের কর্মসূচি, কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ খাতের পরীক্ষামূলক কর্মসূচি এবং গৃহভিত্তিক পরিচর্যা কর্মী কর্মসূচি।
মানবিক বিবেচনায় আরও ১ লাখ
বিশেষ উদ্যোগের দ্বিতীয় শ্রেণিতে মানবিক ও পারিবারিক বিবেচনায় সর্বোচ্চ ১ লাখ মানুষকে স্থায়ী বসবাসের সুযোগ দেওয়া হবে। এ তালিকায় রয়েছেন কানাডায় বসবাসরত হংকংয়ের নাগরিকদের স্থায়ী বসবাস কর্মসূচির অপেক্ষমাণ আবেদনকারী, ইউক্রেনীয় নাগরিকদের পরিবার পুনর্মিলন কর্মসূচির আবেদনকারী, মানবিক ও সহানুভূতিশীল বিবেচনায় নীতিগতভাবে অনুমোদন পাওয়া ব্যক্তিরা এবং কানাডার নাগরিক ও স্থায়ী বাসিন্দাদের স্বামী-স্ত্রী, জীবনসঙ্গী ও নির্ভরশীল সন্তানেরা।
সরকারের পরিকল্পনা অনুযায়ী, হংকংয়ের নাগরিকদের স্থায়ী বসবাসের পথের অপেক্ষমাণ আবেদনগুলো নিষ্পত্তি করে সর্বোচ্চ ৩২ হাজার মানুষকে এবং ইউক্রেনের পরিবার পুনর্মিলন কর্মসূচির আওতায় সর্বোচ্চ ১৮ হাজার ৮০০ মানুষকে স্থায়ী বসবাসের সুযোগ দেওয়ার লক্ষ্য রয়েছে।
এ ছাড়া মানবিক বিবেচনায় নীতিগতভাবে অনুমোদন পাওয়া সর্বোচ্চ ১২ হাজার ৬০০ আবেদনকারী এবং কানাডায় বসবাসরত নাগরিক ও স্থায়ী বাসিন্দাদের সর্বোচ্চ ৪৫ হাজার স্বামী-স্ত্রী ও নির্ভরশীল সন্তান এ উদ্যোগের আওতায় আসতে পারেন।
নিয়মিত লক্ষ্যমাত্রার বাইরে বিশেষ উদ্যোগ
২০২৭ সালে কানাডার নিয়মিত স্থায়ী বাসিন্দা গ্রহণের লক্ষ্যমাত্রা ৩ লাখ ৮০ হাজার। এর বাইরে অতিরিক্ত ২ লাখ মানুষকে স্থায়ী বসবাসের সুযোগ দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।
সরকারের মূল লক্ষ্য, নতুন করে বিদেশ থেকে বিপুলসংখ্যক অভিবাসী আনার পরিবর্তে কানাডায় আগে থেকেই বসবাস ও কর্মরত এবং দেশটির অর্থনীতি ও সমাজে অবদান রাখা ব্যক্তিদের স্থায়ী বসবাসের নিশ্চয়তা দেওয়া। এর ফলে দীর্ঘদিনের আবেদনজট কমবে, কর্মজীবীদের ভবিষ্যৎ অনিশ্চয়তা দূর হবে এবং পরিবার পুনর্মিলনের সুযোগ বাড়বে বলে আশা করছে সরকার।
তবে এটি নতুন কোনো অভিবাসন কর্মসূচি নয়। একইভাবে সবার জন্য নতুন করে আবেদন গ্রহণের ঘোষণাও দেওয়া হয়নি। নির্দিষ্ট কর্মসূচিতে আগে থেকে আবেদন করা কিংবা ঘোষিত যোগ্যতার আওতায় থাকা ব্যক্তিদের আবেদন দ্রুত নিষ্পত্তির জন্য এ অতিরিক্ত সুযোগ রাখা হয়েছে। যোগ্য আবেদনকারীদের আলাদা করে আবেদন করতে হবে না; সরকারের নির্ধারিত প্রক্রিয়ায় তাদের আবেদন বিবেচনা করা হবে।
কানাডায় দীর্ঘদিন ধরে কাজ করে জীবন ও ভবিষ্যৎ গড়ে তোলা হাজারো অভিবাসী পরিবারের জন্য সরকারের এ উদ্যোগ স্থায়ী বসবাসের স্বপ্ন পূরণের নতুন সম্ভাবনা তৈরি করেছে।


