মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের উত্তেজনার মধ্যে বাহরাইনের একটি বেসামরিক শিল্প স্থাপনায় ইরানের হামলায় আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার রাতে এ হামলায় স্থাপনাটির কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এতে কেউ হতাহত হননি বলে জানিয়েছে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
বাহরাইনের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, শনিবার রাতে ইরানের ছোড়া বেশ কয়েকটি আকাশপথের হামলা প্রতিহত করেছে দেশটির আকাশ প্রতিরক্ষাব্যবস্থা।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ ঘটনাকে ‘ইরানের আগ্রাসন’ বলে উল্লেখ করেছে। মন্ত্রণালয় জানায়, প্রাথমিকভাবে হামলায় কিছু ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া গেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা।
তবে কোন শিল্প স্থাপনায় হামলা হয়েছে কিংবা সেটি কোথায় অবস্থিত, সে বিষয়ে বিস্তারিত জানায়নি কর্তৃপক্ষ।
এর আগে দেশটিতে বিমান হামলার সতর্কসংকেত বাজানো হয়। এ সময় বাসিন্দাদের নিকটতম নিরাপদ স্থানে যাওয়ার নির্দেশ দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে সম্ভাব্য হুমকির ধরন সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।
বাহরাইনে হামলার পর দেওয়া এক বিবৃতিতে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দাবি করেছে, দেশটির আল-রিফা ও আওয়ালি ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের সামরিক অবস্থান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে। এ অভিযানে যুক্তরাষ্ট্রের দুটি প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা রাডার ধ্বংস হয়েছে বলেও দাবি করেছে বাহিনীটি।
আইআরজিসির বিবৃতিতে বলা হয়, ইরানের আকাশসীমায় যুক্তরাষ্ট্রের অব্যাহত আগ্রাসন ও লঙ্ঘনের জবাবে এ অভিযান চালানো হয়েছে। যুক্তরাষ্ট্রের এমকিউ-১ ও এমকিউ-৯ গোয়েন্দা ও যুদ্ধ ড্রোন ইরানের আকাশসীমা লঙ্ঘনের পর দেশটির মহাকাশ বাহিনী ওই ঘাঁটিগুলোতে অভিযান চালায়।
এর আগে ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা ফার্স জানিয়েছিল, বাহরাইনে মার্কিন বাহিনীর ব্যবহৃত শেখ ইসা ও জুফাইর সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে আইআরজিসি।
আইআরজিসির ভাষ্য, ইরানের আকাশসীমা লঙ্ঘনের পাশাপাশি দেশটির হেঙ্গাম দ্বীপের একটি রাডার স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার জবাবে এ অভিযান চালানো হয়েছে।
অন্যদিকে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, বাহরাইনে মার্কিন পঞ্চম নৌবহরের ঘাঁটি থেকে ছোড়া একটি প্রতিরোধী ক্ষেপণাস্ত্র সিত্রা দ্বীপে আছড়ে পড়ে। এতে সেখানে বড় ধরনের আগুনের সূত্রপাত হয়। বাহরাইন নিউজ নামের একটি সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে ইরনা। ওই সংবাদমাধ্যমটির দাবি, প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষাব্যবস্থার বারবার ত্রুটির কারণে এ ঘটনা ঘটেছে।
বাহরাইনে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদর দপ্তর অবস্থিত। ফেব্রুয়ারির শেষ দিকে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরুর পর থেকে দেশটিতে একাধিক হামলার ঘটনা ঘটেছে। কয়েক সপ্তাহের বিরতির পর সাম্প্রতিক দিনগুলোতে সেখানে তিনটি ড্রোন হামলা হয়েছে।
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরুর পর উপসাগরীয় অঞ্চলের অন্যান্য দেশও তেহরানের হামলার লক্ষ্যবস্তু হয়েছে।
সাম্প্রতিক হামলার প্রতিক্রিয়ায় ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে বাহরাইন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে ইরানকে নিরাপত্তা পরিষদের ২৮১৭ নম্বর প্রস্তাব বাস্তবায়নে বাধ্য করার দাবি জানিয়েছে।
গত ১১ মার্চ গৃহীত ওই প্রস্তাবে উপসাগরীয় দেশগুলো ও জর্ডানে ইরানের হামলার নিন্দা জানানো হয়। একই সঙ্গে অবিলম্বে শত্রুতা বন্ধ এবং সামুদ্রিক চলাচলে হস্তক্ষেপ বন্ধের আহ্বান জানানো হয়েছিল।
এদিকে ইরানের হামলার পর বাহরাইনের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেছেন উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) মহাসচিব জাসিম মোহাম্মদ আলবুদাইউই।
তিনি বলেন, বাহরাইনের নিরাপত্তা, আঞ্চলিক অখণ্ডতা, স্থাপনা, নাগরিক ও বাসিন্দাদের সুরক্ষা জিসিসিভুক্ত দেশগুলোর নিরাপত্তার অবিচ্ছেদ্য অংশ। আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য হুমকি মোকাবিলায় পরিষদ ঐক্যবদ্ধ রয়েছে।
বাহরাইন এ হামলা মোকাবিলায় যেসব পদক্ষেপ নেবে, সেসবের প্রতিও জিসিসি সমর্থন জানাবে বলে উল্লেখ করেন তিনি।


