রাশিয়ার বিমানঘাঁটিতে ইউক্রেনের হামলা

মস্কোর পূর্বদিকে রাশিয়ার একটি বড় সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে ইউক্রেনীয় বাহিনী। এতে ক্ষেপণাস্ত্র ও বোমা নিক্ষেপে ব্যবহৃত পাঁচটি উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। বুধবার এমন তথ্য জানিয়েছে ইউক্রেনের জেনারেল স্টাফ।

তিনি জানান, রাশিয়ার নিঝনি নভগোরোদ অঞ্চলের সাভাসলেইকা বিমানঘাঁটিতে এ হামলা চালানো হয়। এতে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপে ব্যবহৃত তিনটি মিগ-৩১ যুদ্ধবিমান ও দুটি এসইউ-৩৪ ফাইটার বম্বার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি রাশিয়া। ইউক্রেনের জেনারেল স্টাফ জানান, মস্কোর যুদ্ধ প্রচেষ্টা ‘পঙ্গু করে দেওয়ার লক্ষ্যে’ চালানো সর্বশেষ দূরপাল্লার হামলার অংশ হিসেবে এ বিমানঘাঁটিতে আঘাত হানা হয়েছে। এর আগে লিবিয়ার জলসীমায় দুটি রুশ জাহাজ এবং ফিনল্যান্ড উপসাগরে রাশিয়ার আরেকটি নৌযানে হামলা চালানো হয়।

গত সপ্তাহে ইউক্রেন হামলা চালিয়ে ক্রিমিয়া উপদ্বীপের সঙ্গে সংযুক্ত রাশিয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ সেতুটির সড়ক অংশ ধ্বংস করে দেয়।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে ভয়াবহ এ সংঘাত বন্ধে যুক্তরাষ্ট্রের সমর্থনে নতুন করে উদ্যোগ নেওয়া সত্ত্বেও লড়াই অব্যাহত রয়েছে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। জ্বালানি ব্যবস্থার ওপর নতুন করে চালানো হামলা এবং বিভিন্ন শহরে রাশিয়ার ক্রমবর্ধমান আক্রমণের মুখে হিমশিম খেতে থাকা কিয়েভ এখন মস্কোর সামরিক শক্তিতে ফাটল ধরানোর চেষ্টা করছে।

প্রতিরক্ষামন্ত্রী ইয়েভহেনি খমারা চলতি সপ্তাহে জানান, ইউক্রেনীয় বাহিনী ওই সব হামলার অনেকটিতে ব্যবহৃত রুশ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণযন্ত্র খুঁজে বের করে ধ্বংস করছে। গত কয়েক মাসে তারা এমন ১৬টি উৎক্ষেপণযন্ত্রে আঘাত হেনেছে।

জ্বালানি খাতের সূত্রে জানা গেছে, গত অক্টোবরের শেষ দিক থেকে ইউক্রেনের নতুন করে চালানো ড্রোন হামলার কারণে রাশিয়ার তেল শোধনাগারগুলোর পরিশোধন ক্ষমতা ৪৫ শতাংশ কমে গেছে। কিয়েভ জানিয়েছে, মস্কো হামলা বন্ধ করলেই কেবল তারা রাশিয়ার জ্বালানি স্থাপনায় আঘাত হানা বন্ধ করবে।

যুদ্ধ এড়াতে রাশিয়াকে ট্রাম্প ও রুটের আহ্বান

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং পশ্চিমা প্রতিরক্ষা জোট ন্যাটোপ্রধান মার্ক রুটে এক যৌথ বিবৃতিতে বলেছেন, ইউক্রেন যুদ্ধের আরও বিস্তৃতি ঘটায় এমন পদক্ষেপ রাশিয়ার এড়িয়ে চলা উচিত। বুধবার ফ্লোরিডায় অনুষ্ঠিত এক বৈঠকের পর তারা এই বিবৃতি দেন। বৈঠকে তাদের মধ্যে ইরান যুদ্ধ নিয়েও আলোচনা হয়েছে।
ট্রাম্প গত সপ্তাহে এশিয়ায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেন এবং তাদের প্রত্যেককে নিজের ‘বন্ধু’ বলে জাহির করেন। এরপর তিনি ন্যাটো মহাসচিবের সঙ্গে বৈঠক করলেন। আমেরিকার রিপাবলিকান নেতা ট্রাম্প পশ্চিমা মিত্রদের সমালোচক হিসেবে পরিচিত বলে লিখেছে রয়টার্স।

যৌথ বিবৃতিতে ট্রাম্প ও রুটে বলেন, ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে যুদ্ধের পরিধি বাড়ায় এমন যে কোনো পদক্ষেপ রাশিয়ার এড়িয়ে চলার গুরুত্ব এবং যত দ্রুত সম্ভব এই যুদ্ধের একটি শান্তিপূর্ণ সমাধান অর্জনের প্রয়োজনীয়তা নিয়েও আমরা আলোচনা করেছি।

আরো খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় খবর