চুল পড়া সমস্যায় কমবেশি সবাই ভোগেন। তবে কারও কারও মাথায় চিরুনি দিলেই গোছা গোছা চুল উঠে এসে। চুল পড়ার আসল কারণ হল চুলের গোড়ার দুর্বলতা। এজন্য চুলে গোড়া শক্ত করা জরুরি। সেক্ষেত্রে ব্যবহার করতে পারেন দুইটি উপকরণ- কারিপাতা আর টক দই। এই দুই উপাদানের মিশ্রণে চুল ঝরা কমাতে পারে।
কীভাবে বানাবেন হেয়ার মাস্ক?
বাজার থেকে এক মুঠো তাজা কারিপাতা এনে প্রথমে ভালো করে ধুয়ে নিন। এরপর পাটা বা বেলন্ডারে পাতাগুলি পিষে মসৃণ পেস্ট বানান। এবার সেই বাটা পাতার সঙ্গে দুই চামচ ঘন টক দই মিশিয়ে দিন। চামচ দিয়ে ভালো করে ফেটিয়ে নিলেই বিশেষ এই হেযার মাস্কটি তৈরি হবে।
চুলে ব্যবহারের সঠিক নিয়ম
গোসলের আগে একটু সময় নিয়ে এই মিশ্রণটি মাথার ত্বকে আলতো হাতে লাগিয়ে নিন। চুলের গোড়া থেকে ডগা পর্যন্ত যেন সমানভাবে এই মিশ্রণ পৌঁছায় সেদিকে লক্ষ্য রাখুন। এভাবে তিরিশ থেকে চল্লিশ মিনিট রেখে দিন। দই আর কারিপাতার পুষ্টিগুণ চুলে বসে যাওয়ার জন্য এই সময়টুকু দেওয়া জরুরি। তারপর কোনও মৃদু শ্যাম্পু দিয়ে মাথা ধুয়ে ফেলুন।
সপ্তাহে ক’দিন ব্যবহার করবেন
সপ্তাহে মাত্র দু’দিন নিয়ম করে এই হেয়ার মাস্ক ব্যবহার করুন। কারিপাতা চুলের অকালপক্বতা রোধ করে, আর টক দই খুশকি দূর করে। এই দুই উপাদানের মিশ্রণে মাথার ত্বক যেমন সুস্থ থাকে, তেমনি চুলের গোড়া হয় শক্ত। চুলের রুক্ষতা দূর হয়ে চুল হয নরম, মসৃণ।




