প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান বলেছেন, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ক্রসফায়ার নিয়ে যে বক্তব্য দিয়েছেন, তার ব্যাখ্যা তিনি দিয়েছেন। তিনি বলেন, ‘বক্তব্যটা নিয়ে তিনি একটা ক্লারিফিকেশন দিয়েছেন। উনার এই বক্তব্য যে মিসকমিউনিকেট করেছে, তাতে (ব্যাখ্যায়) কিন্তু এটা ক্লিয়ার হয়েছে।’
আজ মঙ্গলবার সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাহেদ উর রহমান এসব কথা বলেন।
তিনি বলেন, আমার মনে হয় আর খুব আলোচনার বিষয় হওয়া উচিত না, কারণ পুলিশ সদরদপ্তর এর পরবর্তীতে একটা স্টেটমেন্ট দিয়েছে। সেই স্টেটমেন্টে আসলে তিনি তার বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন।
এ সময় সাংবাদিকদের বিষয়ে আইজিপির আরেক মন্তব্যের বিষয়ে তিনি বলেন, ‘একই সাথে সাংবাদিকদের সম্পর্কেও যে বক্তব্যটা জেনারেলাইজ করা হয়েছে বলে মনে হয়েছে, সেটার ব্যাপারেও তার বক্তব্য আছে। সেজন্য আমার মনে হয় এটার পর আমাদের এই কনফিউশনটা কেটে যাওয়া উচিত।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আইজিপির বিষয়ে সরকারের ফাইনাল অবস্থান কী হবে তা প্রধানমন্ত্রী বিবেচনা করবেন। তিনি বলেন, ‘তবে আবারও বলি, যখন কেউ তার অবস্থানে অটল থাকছেন না, তখন তার প্রতি একটু বেশি আনকাইন্ড হচ্ছি কি না?’
গতকাল সোমবার দুপুরে পুরান ঢাকায় এক অনুষ্ঠানে আইজিপি মো. আলী হোসেন ফকির বলেন, ‘ক্রসফায়ার যদি প্রয়োজন হয়, সরকার যদি অ্যালাউ করে, আমরা সেটাই করব।’
তিনি আরও বলেন, ‘পুলিশ বলপ্রয়োগ করলে এক পক্ষ পুলিশকে ফ্যাসিস্ট বলে, আবার নিষ্ক্রিয় থাকলে দুর্বল বলে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে দায়িত্ব পালনের উপযুক্ত পরিবেশ দিতে হবে।’
এ সময় সাংবাদিকদের সমালোচনা করে আইজিপি বলেন, ‘এই মাদক হচ্ছে, এইগুলার বিরুদ্ধে আপনারা মুভ করতেছেন না। সেখান থেকে গোপনে টাকা নিতেছেন। সাংবাদিক সাহেবরা ওখান থেকে যখন পয়সা না পাইতেছেন, তখন লিখতেছেন—দেশে পুলিশ অকার্যকর হয়ে গেছে।’


