সাকিব ইস্যুতে যা বললেন বিসিবি পরিচালক আসিফ

ক্রীড়া মন্ত্রণালয় আর বিসিবি’র যৌথ উদ্যোগে চলছে সাকিবের নামে থাকা মামলা নিষ্পত্তির কাজ। বুধবার (০৪ মার্চ) দুপুরে কক্সবাজার আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এ কথা বলেছেন বিসিবি পরিচালক আসিফ আকবর। এ সময় কক্সবাজার স্টেডিয়াম নিয়েও নানা পরিকল্পনার কথা জানান বিসিবি কর্তা।

সরকার পরিবর্তনের পর সাকিব আল হাসানের জাতীয় দলে ফেরা নিয়ে আলোচনা চলছে জোরেশোরে। সাবেক টাইগার অধিনায়কের নামে থাকা মামলাগুলো নিয়েও কথা চলছে নীতিনির্ধারণী মহলে। সাকিবের প্রত্যাবর্তনের প্রক্রিয়া অনেক দূর এগিয়েছে বলে জানিয়েছেন বিসিবি পরিচালক আসিফ আকবর। খুব দ্রুতই এই অলরাউন্ডার ফিরছেন বলে প্রত্যাশা তার।

‘সাকিব আল হাসানকে ঘিরে যে বিষয়টি রয়েছে, তা নিয়ে আমাদের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। বিষয়টি এখন মন্ত্রণালয়ের পর্যায়ে আছে এবং তারা এ নিয়ে কাজ করছে। পাশাপাশি বিসিবির লিগ্যাল টিমও সক্রিয়ভাবে কাজ করছে, যাতে সাকিবের আইনগত জটিলতাগুলো দ্রুত সমাধান করা যায়।’

আসিফ আকবর বলেন, ‘মন্ত্রণালয় ও বিসিবি সমন্বিতভাবে বিষয়টি নিষ্পত্তির চেষ্টা করছে। আমরা খুবই আশাবাদী, অল্প সময়ের মধ্যেই সাকিব আল হাসানকে আবার বাংলাদেশের ক্রিকেটে দেখতে পাবো। দেশের কোটি ভক্তের মতো আমরাও তার প্রত্যাবর্তনের অপেক্ষায় আছি।’

কক্সবাজারে ইয়াং টাইগার্স অনূর্ধ্ব-১৮ টুর্নামেন্টের ফাইনাল দেখতে এসে এসব কথা জানান আসিফ। যে ফাইনালে ঢাকা মেট্রোকে ইনিংস ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহী। উঠতি তারকাদের খেলা দেখে মুগ্ধতা ঝরে বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির প্রোগ্রাম কো-অর্ডিনেটর হাবিবুল বাশারের কণ্ঠে।

তিনি বলেন, ‘বয়সভিত্তিক কার্যক্রমের আওতায় অনূর্ধ্ব-১৪, অনূর্ধ্ব-১৬ এবং অনূর্ধ্ব-১৮ এই তিনটি পর্যায়ে সারা দেশের জেলা ও বিভাগ মিলিয়ে নিয়মিত টুর্নামেন্ট আয়োজন করা হয়। এবারের অনূর্ধ্ব-১৮ প্রতিযোগিতাটি ছিল জাতীয় রাউন্ড। এর আগে সব বিভাগ একে অপরের সঙ্গে খেলেছে, সেখান থেকে সেরা আটটি দল জাতীয় রাউন্ডে অংশ নেয় এবং চূড়ান্ত পর্ব শেষে চ্যাম্পিয়ন নির্ধারিত হয়েছে।’

আরো খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় খবর