নিউইয়র্কে ঢাবি অ্যালামনাইদের বার্ষিক ডিনারে ঐক্যের প্রত্যয়

জন্মভূমি প্রতিবেদকঃ স্মৃতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণের ক্যাম্পাস, কণ্ঠে গান আর আড্ডায় পুরোনো দিনের গল্প—এমন আবহে নিউইয়র্কে অনুষ্ঠিত হয়েছে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব ইউএসএ ইনকের বার্ষিক ডিনার। গত ৩১ অক্টোবর উডসাইডের গুলশান টেরেসে আয়োজিত এ অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও ঐতিহ্য ধারণ করে প্রবাসে পারস্পরিক সহযোগিতা এবং ঐক্য জোরদারের প্রত্যয় ব্যক্ত করেন।
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। উদ্বোধন করেন সংগঠনের সভাপতি এম এস আলম। আয়োজক কমিটির আহ্বায়ক বেলাল মাহমুদের সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক রুহুল আমিন সরকারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন প্রতিষ্ঠাতা সভাপতি, বীর মুক্তিযোদ্ধা ও চিকিৎসক চৌধুরী সারোয়ারুল হাসান।
এ ছাড়া বক্তব্য দেন সাবেক সভাপতি সাঈদা আক্তার লিলি, মোহাম্মদ হোসেন খান, সাঈদ-উর বর, মুর্শেদ আলম এবং আয়োজক কমিটির সদস্যসচিব ইকবাল মুর্শেদসহ অন্যরা।
বক্তারা বিশ্ববিদ্যালয়জীবনের স্মৃতিচারণের পাশাপাশি প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে বাংলাদেশের শেকড় ও ঐতিহ্যের সঙ্গে যুক্ত রাখার ওপর গুরুত্ব দেন। সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের মৃত্যুতে শোক প্রকাশ করেন তাঁরা। এ সময় তাঁর পরিবারের পাশে থাকার অঙ্গীকারও করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, সিনিয়র সহসভাপতি মহিউদ্দিন দেওয়ান, প্রধান নির্বাচন কমিশনার আবু নাসের, সাবেক প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট জামাল আহমেদ জনিসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা।
নৈশভোজের পাশাপাশি সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠানে ভিন্ন মাত্রা যোগ করে। গান পরিবেশন করেন লিলীমা শশী, কাজী আরিফ, ফাতেমা খান, রুহুল আমিনসহ সংগঠনের সদস্য ও নতুন প্রজন্মের শিল্পীরা। কবিতা আবৃত্তি করেন গোলাম মোস্তফা, প্রীতি, ফারুক ও আজিজুল হক মুন্না। এ ছাড়া ‘সংসার-সমাচার’ শিরোনামের বিশেষ পরিবেশনা উপস্থিত অতিথিদের আনন্দ দেয়।
নিউইয়র্কে বসবাসরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা ১৯৯৪ সালে সংগঠনটি প্রতিষ্ঠা করেন। প্রবাসে প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ, ঐক্য ও পারস্পরিক সহযোগিতা বাড়ানো সংগঠনটির অন্যতম লক্ষ্য।

আরো খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় খবর