Home Blog Page 115

৩ দফায় সোনার দাম কমল ৭৭০০ টাকা, আজ ভরি কত?

টানা তিন দফা কমেছে সোনার দাম। তিন দফায় সোনার দাম মোট ৭৭০০ টাকা কমেছে। সর্বশেষ দাম কমার পর আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ২২ ক্যারেটের ভালো মানের সোনার প্রতি ভরি বিক্রি হচ্ছে ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা।

গতকাল বুধবার (২৯ এপ্রিল) সর্বশেষ প্রতি ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে সোনার এই দাম নির্ধারণ করে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

নতুন দামের তালিকা অনুযায়ী, আজ বৃহস্পতিবার ২২ ক্যারেট সোনার দাম ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা (প্রতি ভরি), ২১ ক্যারেট ২ লাখ ৩১ হাজার ৪৭২ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৯৮ হাজার ৪০৫ টাকা ও সনাতন পদ্ধতি ১ লাখ ৬১ হাজার ৬০৫ টাকা।

গত মঙ্গলবার (২৮ এপ্রিল) ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমে সোনার দাম। এর আগে গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে এক বিজ্ঞপ্তিতে সোনার দাম ৩ হাজার ২৬৬ টাকা কমানোর ঘোষণা দেয় বাজুস।

পুতিন ও ট্রাম্পের দেড় ঘণ্টার ফোনালাপে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার (২৯ এপ্রিল) দেড় ঘণ্টার এক ফোনালাপে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করেছেন। ক্রেমলিনের পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে।

ফোনালাপে পুতিন ও ট্রাম্প ইরানের পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে সৃষ্ট সংঘাত নিরসনে বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন।

ক্রেমলিনের একজন কর্মকর্তা জানিয়েছেন, আগামী মাসে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার বার্ষিকী উপলক্ষে পুতিন ইউক্রেনে একটি অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাবও দিয়েছেন।

জব্দ ইরানি জাহাজের ৬ ক্রুকে ছেড়ে দিল যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের জব্দ করা একটি ইরানি কনটেইনারবাহী জাহাজে থাকা ৬ জন ক্রুকে মুক্ত করা হয়েছে। তারা নিরাপদে দেশে ফিরে এসেছেন। গত ২০ এপ্রিল ক্রুসহ ট্যাংকারটি জব্দ করেছিল মার্কিন বাহিনী। ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম এসব তথ্য জানিয়েছে।

তবে ‘তউসকা’ নামের কনটেইনারবাহী জাহাজের আরো ২২ জন ইরানি ক্রু এখনও আটকা রয়েছেন। তাদের মুক্তি নিশ্চিত করতে ইরানের কর্তৃপক্ষ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও প্রতিবেদনে উল্লেখ করেছে তাসনিম।

মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের বিরুদ্ধে চলা নৌ অবরোধের মধ্যে হরমুজ প্রণালি থেকে কনটেইনারবাহী জাহাজটিকে সরে যেতে নির্দেশ দেওয়া হয়েছিল। নির্দেশ না মানায় সেটিকে জব্দ করা হয়।

 

কলেজ শিক্ষককে হেনস্তা : ৫ ছাত্রদল নেতার বিরুদ্ধে ব্যবস্থা

নোয়াখালী সরকারি কলেজে শিক্ষকদের খাবার টেবিল থেকে তুলে হেনস্তা, হামলা, হত্যার হুমকি ও অধ্যক্ষের কার্যালয় ভাঙচুরের ঘটনায় সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করেছে কেন্দ্রীয় ছাত্রদল।

ছাত্রদলের অভিযুক্ত চার নেতাকে বহিষ্কার ও পদ স্থগিতের আদেশের পাশাপাশি কলেজ শাখা ছাত্রদলের সাবেক এক সভাপতিকেও শোকজ করা হয়েছে।

গতকাল বুধবার (২৯ এপ্রিল) দুপুরে এ হামলার কয়েক ঘণ্টার মধ্যেই রাতেই কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত পৃথক দুটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির এই সিদ্ধান্তগুলো অনুমোদন করেছেন।

দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে সিনিয়র সহসভাপতি মুর্শিদুর রহমান রায়হান, সহসভাপতি আক্তারুজ্জামান বিশাল এবং সহসাধারণ সম্পাদক তানভীর হোসেন শাওনকে সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে বর্তমান সভাপতি রাশেদুল ইসলাম সোহাগের সাংগঠনিক পদ দুই মাসের জন্য স্থগিত করা হয়েছে।

এ ছাড়া সাবেক সভাপতি আকবর হোসেনের বিরুদ্ধেও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ ওঠায় কেন তার বিরুদ্ধে স্থায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিতভাবে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।

গতকাল দুপুরে কলেজের সদ্য সাবেক অধ্যক্ষ প্রফেসর জাকির হোসেন সস্ত্রীক দাপ্তরিক কাজে কলেজে আসেন।

ওই সময় ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর এবিএম ছানা উল্লাহ এবং শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক আফসার উদ্দিন জুয়েলসহ কয়েকজন শিক্ষক একসঙ্গে মধ্যাহ্নভোজে বসলে বর্তমান সভাপতি রাশেদুল ইসলাম সোহাগের নেতৃত্বে একদল নেতাকর্মী অতর্কিত হামলা চালায়।

তারা অধ্যক্ষের কার্যালয়ের আসবাবপত্র ভাঙচুর করে এবং শিক্ষকদের খাবার খেতে বাধা দিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এসময় বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মুনশাদুর রহমানের ওপর আক্রমণ চালিয়ে তার শার্ট ছিঁড়ে ফেলা হয় এবং ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক আনোয়ার হোসেনকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

এদিকে শিক্ষকদের ওপর এই হামলার প্রতিবাদে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছে নোয়াখালী সরকারি কলেজ শিক্ষক পরিষদ।

অভিযুক্তদের বিরুদ্ধে গৃহীত ব্যবস্থার কারণে তারা তাদের কর্মসূচিতে কোনো পরিবর্তন আনবেন কি না, এই রিপোর্ট লেখা পর্যন্ত তা জানা যায়নি।

৯ জেলার জন্য দুঃসংবাদ, নদীবন্দরে সতর্কতা

৯ জেলায় দমকা বা ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর

ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

এ কারণে এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর পুনঃ ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে গতকাল বুধবার রাতে প্রকাশিত সারা দেশের পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানায়, আজ সন্ধ্যা ৬টার মধ্যে রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

একই সঙ্গে ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে।
পূর্বাভাসে আরো বলা হয়েছে, সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

দুধের পুষ্টিগুণ সহজে পরিপাকের সাহায্যে আরলা ফুডস নিয়ে এলো ডানো ল্যাক্টো রিডিউসড

দুধ হজমে সমস্যা ভোগা ভোক্তাদের কথা মাথায় রেখে নতুন পণ্য ‘ডানো ল্যাক্টো রিডিউসড’ ফিলড মিল্ক পাউডার বাজারে আনার ঘোষণা দিয়েছে আরলা ফুডস বাংলাদেশ।

রাজধানীতে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মুলার এবং ইউরোপিয়ান ইউনিয়ন চেম্বার অফ কমার্স এর চেয়ারপার্সন নুরিয়া লোপেজসহ সংশ্লিষ্টরা।

প্রতিষ্ঠানটি জানায়, বাংলাদেশের অনেক মানুষ ল্যাক্টোজ ইনটলারেন্সের কারণে দুধ হজমে সমস্যায় ভোগেন, ফলে তারা দুধ গ্রহণ কমিয়ে দেন বা এড়িয়ে চলেন। এই বাস্তবতায় নতুন পণ্যটিতে ল্যাক্টেজ এনজাইম ব্যবহারের মাধ্যমে দুধে ল্যাক্টোজের পরিমাণ প্রায় ৩৬ শতাংশ থেকে কমিয়ে ৩ শতাংশে নামিয়ে আনা হয়েছে, যা সহজ পরিপাকে সহায়ক।

আরলা ফুডস বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক লরেন্ট পন্টি বলেন, ভোক্তাদের প্রয়োজনের ভিত্তিতেই তাদের উদ্ভাবন। তিনি বলেন, ডানো ল্যাক্টো রিডিউসড দুধের পুষ্টিগুণ অক্ষুণ্ণ রেখে পরিপাকের সমস্যার সমাধানে সহায়তা করবে।

ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মুলার বলেন, বাংলাদেশ ও ডেনমার্কের মধ্যে দীর্ঘদিনের সহযোগিতামূলক সম্পর্ক রয়েছে এবং গুণমান ও উদ্ভাবনে ডেনমার্কের প্রতিশ্রুতির প্রতিফলন এই পণ্য।

প্রতিষ্ঠানটি জানায়, পণ্যটি মূলত গৃহস্থালী ব্যবহারের জন্য তৈরি করা হয়েছে। বিশেষ করে ৫ বছরের বেশি বয়সী শিশু, প্রাপ্তবয়স্ক ও বয়স্কদের জন্য এটি উপযোগী, যারা দুধ গ্রহণে অস্বস্তি অনুভব করেন।

নিরাপদ, সহজলভ্য ও ভোক্তাকেন্দ্রিক দুগ্ধপণ্য সরবরাহের মাধ্যমে দেশের মানুষের পুষ্টি চাহিদা পূরণে কাজ করে যাওয়ার প্রত্যয়ও পুনর্ব্যক্ত করেছে আরলা ফুডস বাংলাদেশ।

যে ৬ কৌশলে চিনি খাওয়া ছাড়তে পারেন

যাদের প্রতিদিন চিনি ও মিষ্টি জাতীয় খাবার খাওয়ার অভ্যাস রয়েছে, তারা সহজেই তা ছাড়তে পারেন না। কেননা শরীর নিয়মিত চিনি পেতে পেতে অভ্যস্ত হয়ে যায়। এরপর সেটিকে শক্তির উৎস হিসেবে ব্যবহার করে। ফলে শরীর এক রকম ভাবে চিনির উপর নির্ভরশীল হয়ে পড়ে। হঠাৎ সেই জোগান থমকে গেলে শরীর যেন শক্তি হারিয়ে ফেলে এবং তখনই শুরু হয় প্রত্যাহারের প্রতিক্রিয়া। এর সঙ্গে জড়িয়ে রয়েছে মস্তিষ্কের অভ্যাস। চিনি খেলে শরীরে ডোপামিন নামে রাসায়নিক বের হয়, যা আনন্দের অনুভূতি দেয়। হঠাৎ চিনি খাওয়া বন্ধ করলে এই আনন্দের উৎস কমে যায়। ফলে মন খারাপ, বিরক্তি, উদ্বেগ ইত্যাদি অনুভূতি বাড়তে পারে।

চিনি ও মিষ্টি জাতীয় খাবারের অভ্যাস সহজে ত্যাগ করার কৌশল

চিনির বদলে মিষ্টি স্বাদের ফল খান 
চিনি বা মিষ্টি খাবারের পরিবর্তে স্বাস্থ্যকর বিকল্পগুলো খুঁজে নিতে পারেন। যেমন, চিনির বদলে মিষ্টি ফল খেতে পারেন। তাতে মিষ্টি স্বাদের সঙ্গে শরীর ফাইবারও পাবে।

পর্যাপ্ত পানি পান
পানি পানের ঘাটতি থাকলে বার বার মিষ্টি খেতে ইচ্ছে করতে পারে। তাই পর্যাপ্ত পরিমাণে পানি পান করা উচিত।

ডার্ক চকোলেট 
চিনি খাওয়ার অভ্যাস ছাড়তে ৭০ শতাংশ কোকো পাউডার দিয়ে বানানো ডার্ক চকোলেট খাওয়া যেতে পারে। কিন্তু পরিমাপের দিকে নজর দিতে হবে।

সালাদ বা স্যুপ 
খাবার খাওয়ার আগে সালাদ বা স্যুপ খেলে পেট ভর্তি থাকে এবং হঠাৎ মিষ্টির লোভ কমতে পারে।

জরুরি পর্যাপ্ত ঘুম 
ঘুম কম হলে শরীরের বেশি মিষ্টির প্রয়োজন হতে পারে। ভালো ও পর্যাপ্ত ঘুম এই আকাঙ্ক্ষা কমাতে সাহায্য করে।

ছোলা ও বাদাম
মিষ্টির অভ্যাস ছাড়তে রোস্ট করা ছোলা, অঙ্কুরিত ডাল বা বাদাম খেতে পারেন। এসব  খাবার পেট ভরায় এবং রক্তে শর্করার ওঠানামা কমায়। এগুলো খেলে মিষ্টির প্রতি আকর্ষণ খানিক কমতে পারে।

যা বাদ দেবেন

চিনি বাদ দেওয়ার পর আরও কিছু বিষয় খেয়াল রাখুন। যেমন সকালের নাশতায় কিংবা সারাদিনের খাবারে কৌটোর জুস, ড্রিংস ইত্যাদি রাখবেন না। ঘরে চিনি ছাড়া ফলের জুস বানিয়ে পান করতে পারেন।

চিনিযুক্ত ডেজার্ট যেমন কেক-পেস্ট্রি ইত্যাদি এড়িয়ে চলুন। নয়তো কোনোভাবেই সুফল মিলবে না।

ক্যানযুক্ত খাবার, সস, প্রসেসড খাবারের মাধ্যমেও শরীরে চিনি প্রবেশ করে। এগুলো এড়িয়ে চলা উত্তম।

‘মিনার-এ-দিল্লি’ সম্মাননা পাচ্ছেন রুনা লায়লা

শিল্পকলায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ভারতের মর্যাদাসম্পন্ন ‘মিনার-এ-দিল্লি’ সম্মাননা পাচ্ছেন বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কণ্ঠশিল্পী রুনা লায়লা। ১৫তম দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তার হাতে এই পুরস্কার তুলে দেওয়া হবে।

ভারতের চলচ্চিত্র ও সম্প্রচার মন্ত্রণালয়ের একটি অঙ্গ সংস্থা হিসেবে কাজ করে দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। আগামী ৪ থেকে ৮ মে অনুষ্ঠিত হবে এবারের আয়োজন।

‘মিনার-এ-দিল্লি’ পুরস্কার প্রসঙ্গে রুনা লায়লা বুধবার সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘মর্যাদাপূর্ণ ‘মিনার-এ-দিল্লি’ সম্মানে ভূষিত করার নিমন্ত্রণের জন্য দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ। এর অপেক্ষায় রইলাম… দেখা হবে সেখানে!’

সম্প্রতি রুনা লায়লাকে একটি চিঠি পাঠিয়েছেন উৎসবের প্রতিষ্ঠাতা ও সভাপতি রাম কিশোর পরচা। তিনি লিখেছেন, ‘কয়েক দশক ধরে আপনার সুমধুর কণ্ঠ এবং বর্ণাঢ্য শৈল্পিক যাত্রা ভারত ও বাংলাদেশের কোটি কোটি মানুষের হৃদয় ছুঁয়েছে। আমাদের অনেকের কাছে আপনার গান শুধু সংগীত নয়, বরং আবেগ, স্মৃতি এবং আমাদের দুই দেশের মধ্যে এক সুন্দর সেতুবন্ধন। সংগীত ও চলচ্চিত্রে আপনার অবদান এমন এক সাংস্কৃতিক ঐতিহ্য সৃষ্টি করেছে, যা আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করে যাবে।’

রুনা লায়লাকে রাম কিশোর পরচা আরও লিখেছেন, ‘আপনি পুরস্কারটি গ্রহণ করলে আমাদের জন্য এক বিরাট আশীর্বাদ হবে। এটি শুধু ভারত ও বাংলাদেশের মধ্যকার সৌহার্দ্যপূর্ণ সম্পর্ককে আরও উন্নতই করবে না, বরং আরও শক্তিশালী করবে।’

নয়াদিল্লিতে ভারতের সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীন ইন্দিরা গান্ধী ন্যাশনাল সেন্টার ফর দ্য আর্টস এবং ড. আম্বেদকার আন্তর্জাতিক কেন্দ্রে উৎসবটি অনুষ্ঠিত হবে। এবারের আসরে বিশ্ব জুড়ে নারী ক্ষমতায়ন, সামাজিক ও শিশুবিষয়ক চলচ্চিত্র এবং নারী নির্মাতাদের উৎসাহিত করা হবে।

এর আগে ‘মিনার-এ-দিল্লি’ সম্মাননা পেয়েছেন ভারতীয় অভিনেত্রী-নৃত্যশিল্পী জোহরা সেহগাল (২০১২), শ্রীলঙ্কার সাবেক রাষ্ট্রপতি মৈত্রীপালা সিরিসেনা (২০১৫) ও ‘মেরা নাম জোকার’ ছবির রুশ অভিনেত্রী সেনিয়া রেবেক্কানা (২০১৬)।

ট্রাম্পের নীতির সঙ্গে বিরোধ, দায়িত্ব ছাড়ছেন ইউক্রেনে মার্কিন রাষ্ট্রদূত

ইউক্রেনে নিযুক্ত ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত জুলি ডেভিস তাঁর দায়িত্ব থেকে সরে যাচ্ছেন। ট্রাম্পের নীতির সঙ্গে মতপার্থক্যের কারণে তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে ফিনান্সিয়াল টাইমস। তবে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এমন দাবি নাকচ করেছে।

গত বছরের জানুয়ারিতে ক্ষমতায় আসার পর থেকে ট্রাম্প ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন বন্ধের চেষ্টা চালিয়েছেন। তবে এখন পর্যন্ত ব্যর্থ হয়েছেন। ভলোদিমির জেলেনস্কির সঙ্গেও তাঁর সম্পর্ক ওঠানামা করেছে। ওয়াশিংটন ইরান যুদ্ধে জড়ানোর পর থেকে ইউক্রেনে যুদ্ধবিরতির আলোচনায়ও ভাটা পড়েছে। বিপরীতে বেশ কিছু ক্ষেত্রে ট্রাম্প রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি বন্ধুত্বপূর্ণ মনোভাব দেখিয়েছেন।

ফিনান্সিয়াল টাইমস বলছে, ট্রাম্পের নীতির সঙ্গে মতপার্থক্য এবং ইউক্রেনের প্রতি সমর্থন ধীরে ধীরে কমে আসায় রাষ্ট্রদূত ডেভিস নিজের ভূমিকা নিয়ে হতাশ হয়ে পড়েছিলেন। তবে স্টেট ডিপার্টমেন্ট বা মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এই বর্ণনা প্রত্যাখ্যান করে বলেছে, ট্রাম্পের সঙ্গে মতবিরোধের কারণে ডেভিস দায়িত্ব ছাড়ছেন না।

মন্ত্রণালয়ের মুখপাত্র টমি পিগট বলেন, রাষ্ট্রদূত ডেভিস রাশিয়া ও ইউক্রেনের মধ্যে টেকসই শান্তি আনতে ট্রাম্প প্রশাসনের প্রচেষ্টার একজন দৃঢ় সমর্থক। তিনি আগামী জুনে আনুষ্ঠানিকভাবে বিদায় নেবেন। এর আগ পর্যন্ত তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের নীতি এগিয়ে নিয়ে যাবেন।

গত বছরের মে মাসে ইউক্রেনে চার্জ দ্য অ্যাফেয়ার্স হিসেবে দায়িত্ব নেন ডেভিস। তাঁর আগে আরেক কূটনীতিক ব্রিজেট ব্রিংক ট্রাম্পের ইউক্রেন নীতির বিরোধিতা করে পদত্যাগ করেছিলেন।

ওয়ানডে র‍্যাংকিংয়ে বড় লাফ টাইগার ৩ পেসারের

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জেতার পুরস্কার হাতে হাতেই পেলেন বাংলাদেশের ক্রিকেটাররা। ওয়ানডে বোলারদের র‍্যাঙ্কিংয়ে বড় উন্নতি হয়েছে শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান ও নাহিদ রানার। সিরিজজুড়ে দুর্দান্ত পারফরম্যান্সে র‍্যাংকিংয়ে প্রভাব পরেছে তাদের।

সবচেয়ে বড় লাফ দিয়েছেন ওয়ানডে সিরিজের সেরা খেলোয়াড় নাহিদ রানা। ১৬ ধাপ এগিয়ে তিনি উঠে এসেছেন ৪৮তম স্থানে। বাঁহাতি পেসার শরিফুল ইসলাম ১১ ধাপ এগিয়ে এখন বিশ্বের ২৮ নম্বর ওয়ানডে বোলার। আর ১৪ ধাপের বড় লাফ দিয়ে ৪১তম স্থানে উঠে এসেছেন মুস্তাফিজুর রহমান।

ব্যাটিংয়েও পিছিয়ে নেই টাইগাররা। নাজমুল হোসেন শান্ত ১১ ধাপ এগিয়ে ৩২তম স্থানে উঠেছেন। ওপেনার লিটন দাসও ১৫ ধাপ এগিয়ে এখন ৬৫ নম্বরে। অন্যদিকে, অলরাউন্ডারদের তালিকায় আরও এক ধাপ এগিয়েছেন মেহেদী হাসান মিরাজ। বর্তমানে তিনি যৌথভাবে বিশ্বের ৩ নম্বর ওয়ানডে অলরাউন্ডার।

নিউজিল্যান্ডের বিপক্ষে চলতি টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়েও উন্নতি হয়েছে টাইগারদের। প্রথম ম্যাচে ম্যাচজয়ী হাফ সেঞ্চুরি করা তাওহিদ হৃদয় ৯ ধাপ এগিয়ে ৩৯তম স্থানে উঠে এসেছেন। তার সতীর্থ পারভেজ হোসেন ইমন ৩ ধাপ এগিয়ে এখন যৌথভাবে ৪০ নম্বরে। বোলারদের তালিকায় ৩ ধাপ উন্নতি হয়েছে অফস্পিনার শেখ মেহেদী হাসানের। তিনি এখন যৌথভাবে ১৮তম স্থানে।