Home Blog Page 12

জুলাইয়ে রপ্তানি ১২ মাসের মধ্যে সবচেয়ে বেশি

চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে প্রায় ৪৭৩ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছে। জুলাই মাসের এই রপ্তানি আয় গত ১২ মাসে সবচেয়ে বেশি। অর্থাৎ এ হিসাবে রপ্তানি আয়ের ক্ষেত্রে কিছুটা উন্নতি হয়েছে। তবে জুলাই মাসের আয়ের পরিমাণ গত ২০২৫-২৬ অর্থবছরের একই মাসের তুলনায় প্রায় ১ শতাংশ কম।

রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) গতকাল সোমবার জুলাই মাসের রপ্তানি প্রতিবেদন প্রকাশ করেছে। এতে দেখা যায়, নতুন অর্থবছরের প্রথম মাস গত জুলাইয়ে ৪৭২ কোটি ৭৪ লাখ ডলারের পণ্য রপ্তানি হয়েছে। এই আয় গত অর্থবছরের একই মাসের চেয়ে শূন্য দশমিক ৯০ শতাংশ কম। গত অর্থবছরের একই মাসে ৪৭৭ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়।

ইপিবির তথ্য-উপাত্ত বিশ্লেষণে দেখা যায়, গত ১২ মাসের মধ্যে জুলাই মাসের চেয়ে পরিমাণে বেশি রপ্তানি আয় আর কোনো মাসে হয়নি। গত আগস্টে রপ্তানির পরিমাণ ছিল ৩৯২ কোটি ডলার। সেপ্টেম্বর মাসে আরও কমে রপ্তানি নেমে আসে ৩৬৩ কোটি ডলারে। অক্টোবর মাসে বেশ কিছুটা বেড়ে রপ্তানি হয় দাঁড়ায় ৪১৩ কোটি ডলারে। নভেম্বর মাসে আবার নেমে দাঁড়ায় ৩৮৯ কোটি ডলারে। ডিসেম্বর মাসে সামান্য বেড়ে রপ্তানির পরিমাণ দাঁড়ায় ৩৯৭ কোটি ডলার।
গত জানুয়ারি মাসে আবার বেশ বেড়ে রপ্তানির পরিমাণ ৪৪১ কোটি ডলারে উন্নীত হয়। ফেব্রুয়ারি মাসে আবার ৩৫০ কোটি ডলার নেমে আসে আয়। মার্চ মাসে আরও কমে রপ্তানি নামে ৩৪৮ কোটি ডলারে। এপ্রিল মাসে রপ্তানির পরিমাণ আবার বেড়ে ৪০০ কোটি ডলারে পৌঁছে। মে মাসে আরও ৪০ কোটি ডলার বেড়ে রপ্তানি আয় দাঁড়ায় ৪৪০ কোটি ডলার। জুন মাসের পণ্য রপ্তানি ছিল ৪২০ কোটি ডলারের। অর্থাৎ গত টানা ১২ মাসের মধ্যে আর কোনো গত জুলাই মাসের চেয়ে বেশি রপ্তানি আয় আসেনি।

তৈরি পোশাক রপ্তানিকারক উদ্যোক্তাদের সংগঠন বিজিএমইএর সাবেক সভাপতি ও ইভিন্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার উল আলম চৌধুরী পারভেজ সমকালকে বলেন, ‘রপ্তানি পরিস্থিতির নেতিবাচক প্রবণতার মধ্যে জুলাই মাসে পরিমাণে এত বেশি হওয়ার খবরটি দারুণ। মিরাকল। গত অর্থবছরে রপ্তানি কমেছে ১ শতাংশের মতো। প্রচলিত ও অপ্রচলিত সব বাজারে রপ্তানি কমছে। হাতে রপ্তানি আদেশও যথেষ্ট কম। এর মধ্যেই পরিমাণে বেশি রপ্তানি হওয়ার পরিসংখ্যান নিয়ে কিছুটা সন্দেহের অবকাশ রয়েছে। তবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), বাংলাদেশ ব্যাংক ও ইপিবির সব পক্ষের তথ্যউপাত্ত একই কথা বললে বড় রপ্তানি আয়ের পরিসংখ্যানটা আসলে খুশি হওয়ার মতোই ব্যাপার।’

তিনি বলেন, এত বেশি রপ্তানির বড় কারণ হতে পারে মৌসুম পরিবর্তন। এছাড়া মধ্যপ্রাচ্য পরিস্থিতি কিংবা পরিবহন সংকটে হয়তো জুনের শিপমেন্ট কিছুটা বিলম্বে জুলাই মাসে হয়েছে। শিপমেন্টে এক সপ্তাহের ব্যবধানে মাসের হিসাবেও ব্যবধান তৈরি হয়।
ইপিবির তথ্য-উপাত্ত বলছে, জুলাই মাসে প্রধান পণ্য তৈরি পোশাক রপ্তানির পরিমাণ ছিল ৩৮৯ কোটি ডলার। গত জুন মাসে যা ছিল ৩৩৯ কোটি ডলার। অর্থাৎ এক খাতেই মাসের ব্যবধানে রপ্তানি ৫০ কোটি ডলার বেড়েছে। অবশ্য গত বছরের জুলাই মাসের চেয়ে এই আয় ১ দশমিক ৯২ শতাংশ কম। ওই মাসে পোশাক রপ্তানি থেকে আয় ছিল ৩৯৬ কোটি ডলার।
রপ্তানি তালিকায় থাকা গুরুত্বপূর্ণ পণ্যের মধ্যে চামড়া ও চামড়াজাত পণ্যের রপ্তানি আগের ধারাবাহিকতায় জুলাই মাসেও বেড়েছে ৩ শতাংশের মতো। রপ্তানি হয়েছে ১৩ কোটি ডলারের। ওষুধের রপ্তানি খুব বেশি না হলেও জুলাই মাসেও বেড়েছে ১৯ শতাংশের মতো। পাট ও পাটজাত পণ্যের রপ্তানি বেড়েছে ৫৪ শতাংশ। পরিমাণে রপ্তানি হয়েছে ৯ কোটি ডলারের মতো।
হোমটেক্সটাইল পণ্যের রপ্তানি বেড়েছে ১৪ শতাংশের মতো। পরিমাণ দাঁড়িয়েছে ৮ কোটি ডলারের মতো। কৃষিপণ্যের রপ্তানির পরিমাণ ছিল ৮ কোটি ২৩ লাখ ডলার। গত ১২ মাসের বেশিরভাগ মাসের চেয়ে এই পরিমাণ বাড়লেও গত বছরের জুলাই মাসের চেয়ে ৯ শতাংশ কম।

আলোচনা সভায় মির্জা ফখরুল বিরোধী দল শেখ হাসিনার ভাষায় কথা বলছে

বিরোধী দলের নেতারা গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার মতো ভাষা ব্যবহার করছেন বলে অভিযোগ করেছেন স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ১৯৯১ ও ১৯৯৬ সালে শেখ হাসিনা যেভাবে ‘এক দিনের জন্যও শান্তিতে থাকতে দেব না’ বা ‘৫ বছর সরকার চালাতে দেব না’ বলতেন, আজ বিরোধী দলের নেতারাও সেই একই ভাষায় কথা বলতে শুরু করেছেন।

গতকাল সোমবার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) যৌথ উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, সরকার জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নে কাজ করছে। এর অংশ হিসেবে সংসদে কমিটিও গঠন করা হয়েছে। আর সংস্কার নাকি সংশোধন-এই শব্দগত বিতর্কসহ যে কোনো বিষয়ে বিরোধীদের রাস্তায় সংঘাতের পথ না বেছে সংসদে এসে আলোচনার আহ্বান জানাচ্ছি।

বিএনপি মহাসচিব বলেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে বিরোধী দলের সমালোচনা, বিরোধিতা জরুরি, তবে তা সংসদীয় শিষ্টাচারের মধ্যে থাকা উচিত। রাজপথের প্রতিবাদ যেন সংঘাতে রূপ না নেয়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকার অনুরোধ জানাচ্ছি। সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে যেসব অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, সেগুলো যথাযথ তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে।
বিএনপি জুলাই সনদ বাস্তবায়ন করছে না বলে যে গুঞ্জন ছড়ানো হচ্ছে, তা সম্পূর্ণ ভ্রান্ত মন্তব্য করে তিনি বলেন, দেশের ইতিহাসে বিএনপিই বারবার রূপান্তর ও সংস্কার এনেছে। জুলাই সনদের প্রতিশ্রুতি অনুযায়ী সরকার ইতোমধ্যে কাজ শুরু করেছে।

দীর্ঘ ১৭ থেকে ১৮ বছরের ফ্যাসিবাদের জঞ্জাল দূর করে নতুন বাংলাদেশ গড়ে তুলতে তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারকে সময় দেওয়ার আহ্বান জানিয়ে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, দীর্ঘ সংগ্রাম, রক্তক্ষয় ও জুলাই অভ্যুত্থানের পর জনগণের ম্যান্ডেট নিয়ে নির্বাচিত এই সরকার দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা, রাষ্ট্র সংস্কারে নিরলসভাবে কাজ করছে।
বর্তমান সরকার সংবাদমাধ্যমের ওপর কোনো হস্তক্ষেপ করছে না মন্তব্য করে তিনি আরও বলেন, সাংবাদিকদের কর্মসংস্থান, আবাসন ও সুবিধা নিশ্চিত করা, আন্দোলনে শহীদ সাংবাদিকসহ নাগরিকদের পরিবারের দেখভালে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

সভায় বিশেষ অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, অজস্র রক্ত ও আত্মত্যাগের বিনিময়ে যে সংসদ গঠিত হয়েছে, সেটিকেই দেশের রাজনীতির মূল কেন্দ্রবিন্দু করা উচিত। জুলাই শহীদদের সম্মান জানাতে আবেগ নয়, বরং সংসদকে কার্যকর করা ও রাজনৈতিক সংস্কৃতিকে উন্নত করাই প্রধান মানদণ্ড হওয়া উচিত।
আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএফইউজের মহাসচিব কাদের গণি চৌধুরী। তিনি বলেন, দীর্ঘ ১৬ বছরের স্বৈরশাসন, নির্যাতন ও দুর্নীতির অবসান ঘটিয়েছে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান। এখন লক্ষ্য একটি বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত ও মানবিক বাংলাদেশ গড়া। এই বাংলাদেশে থাকবে বাকস্বাধীনতা, সুশাসন ও মেধার মূল্যায়ন। আয়নাঘর বা গুম-খুন থাকবে না। বিচার বিভাগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হবে নিরপেক্ষ। শিক্ষা ও চিকিৎসার পাশাপাশি সর্বস্তরে নিশ্চিত হবে সমান অধিকার। এই রক্তের ঋণ শোধ হবে তখনই, যখন অর্জিত স্বাধীনতা ও গণতন্ত্র অক্ষুণ্ন থাকবে।
জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ বলেন, জুলাই জাতির অহংকার। কিন্তু জুলাই-পরবর্তী বিভিন্ন কোন্দল ও সংকটে জুলাইয়ের পক্ষগুলোর মধ্যে একটি অনৈক্য সৃষ্টি হয়েছে। এটা যেন নতুন সংকট নিয়ে না আসে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।

শহীদ তাহির জামান প্রিয়র মা সামসী আরা জামান বলেন, গণতান্ত্রিক স্বার্থে সমালোচনা করতে হবে। কিন্তু সমালোচনা যাতে কাউকে আঘাতের পর্যায়ে নিয়ে না যায়। নতুন বাংলাদেশে এটা সবার প্রত্যাশা।
ডিইউজের সাধারণ সম্পাদক খুরশীদ আলমের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন, বিএফইউজের সভাপতি ওবায়দুর রহমান শাহিন, ডিইউজের সভাপতি মো. শহিদুল ইসলাম, যুগান্তর সম্পাদক আবদুল হাই শিকদার, তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমেদ, ডিইউজের সাবেক সভাপতি এলাহী নেওয়াজ খান এবং প্রতিদিনের বাংলাদেশ সম্পাদক মারুফ কামাল খান সোহেল।

বিরোধী দল ছাড়াই শুরু হচ্ছে সংবিধান সংশোধনের কাজ

জুলাই জাতীয় সনদের সংবিধান-সম্পর্কিত প্রস্তাব বাস্তবায়নে সংবিধান সংশোধনের প্রক্রিয়া শুরু হচ্ছে। গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কারের যেসব দাবি বিরোধী দল করছে, তা উপেক্ষা করে গঠিত সংসদের ‘সংবিধান সংশোধন-সম্পর্কিত বিশেষ কমিটি’র প্রথম বৈঠক বসছে আজ। সংস্কারের দাবিতে অনড় রয়েছে জামায়াতে ইসলামী, এনসিপির জোট কমিটিতে অংশ নেয়নি।
গত ১৩ জুলাই স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদকে সভাপতি করে ১২ সদস্যের সংবিধান সংশোধন-সম্পর্কিত বিশেষ কমিটি গঠন করে জাতীয় সংসদ। বিরোধী দল থেকে এই কমিটিতে পাঁচজনের নাম দেওয়ার অনুরোধ করেছিল সরকারি দল।

সংশোধন নয়, গণভোটের ফল অনুযায়ী সংস্কারের দাবি করা বিরোধী দল কারও নাম দেয়নি। কমিটি গঠনের দিন ওয়াকআউটও করে। সেদিন বিরোধীদলীয় নেতা জামায়াতের আমির শফিকুর রহমান সংসদে বলেছিলেন, এ ধরনের কমিটি গঠনের বিষয়ে তাদের ধারণাগত মতপার্থক্য আছে। তারা সংবিধান সংস্কার চান।

জামায়াত কমিটি বর্জন করলেও গণভোটের ফল অনুযায়ী সংস্কারের দাবি জানানো চরমোনাইয়ের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন কমিটিতে অংশ নিতে যাচ্ছে। দলটির একমাত্র সংসদ সদস্য (এমপি) মো. অলি উল্লাহ কমিটির সদস্য। যদিও আগে তিনি জানিয়েছিলেন, তাঁর অজ্ঞাতে সদস্য করা হয়েছে। তবে সোমবার রাতে দলটির প্রচার সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ সমকালকে বলেছেন, সংস্কারের দাবি নিয়েই ইসলামী আন্দোলন কমিটিতে যাচ্ছে। গণভোটের রায় বাস্তবায়নের দাবিতেও অনড় রয়েছে। কমিটির প্রতিবেদনে ইসলামী আন্দোলনের এই মতামত যেন থাকে, সেজন্যই কমিটিতে যাওয়া।
সংসদের বিজ্ঞপ্তি অনুযায়ী বিশেষ কমিটি সংবিধানের প্রয়োজনীয় সংশোধনে সুপারিশসহ প্রতিবেদন দেবে। কত দিনের মধ্যে প্রতিবেদন দিতে হবে, তা নির্ধারণ করে দেওয়া হয়নি। বিশেষ কমিটির সভাপতি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ এর আগে সাংবাদিকদের জানান, প্রথম বৈঠকে কমিটির কর্মকৌশল ঠিক করা হবে। জুলাই সনদ বাস্তবায়নে বিএনপি অঙ্গীকারবদ্ধ। এর বাইরেও বিএনপির নিজস্ব কিছু অঙ্গীকার আছে। সংবিধানে কী কী সংশোধন আনা যায়, তা নিয়ে বিশেষ কমিটি সংবিধান বিশেষজ্ঞ, আইনজীবী, গণমাধ্যমের সম্পাদকসহ সব স্তরের অংশীজনের সঙ্গে আলোচনা করবে।

গত বছরের ১৮ অক্টোবর রাজনৈতিক দলগুলো জুলাই সনদে সই করে। এতে সংবিধানসংক্রান্ত ৪৮টি প্রস্তাব রয়েছে। এর ৯টিতে নোট অব ডিসেন্ট (ভিন্নমত) দিয়েছে বিএনপি। স্বাক্ষরিত সনদে বলা হয়েছে, যে রাজনৈতিক দল নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পাবে, তারা নোট অব ডিসেন্ট অনুযায়ী সংস্কার করতে পারে।

সনদ সইয়ের পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংস্কার বাস্তবায়নের সংলাপে গণভোট আয়োজনের সিদ্ধান্ত হয়। গত ১৩ নভেম্বর জারি করা ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশে’ বলা হয়, কিছু সংস্কার বাস্তবায়ন বাধ্যতামূলক। আবার কিছু সংস্কার দলগুলো নোট অব ডিসেন্ট অনুযায়ী করতে পারবে। ১২ ফেব্রুয়ারি গণভোটে এই আদেশ ৬৮ দশমিক ২ শতাংশ ভোটে অনুমোদিত হয়। জামায়াত আদেশ অনুযায়ী সংস্কার চাইছে। বিএনপি বলছে, আদেশটিই অবৈধ ছিল।

আদেশে যে ৯ সংস্কারকে বাধ্যতামূলক করা হয়েছে, এর মধ্যে ভোটের অনুপাতে উচ্চকক্ষ গঠন ও সংবিধান সংশোধনে অনুমোদন; সাংবিধানিক কমিটির মাধ্যমে সরকারি কর্মকমিশন, দুর্নীতি দমন কমিশন, ন্যায়পাল এবং মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক নিয়োগের প্রস্তাবে বিএনপির নোট অব ডিসেন্ট রয়েছে।

গণভোটে অনুমোদিত জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অনুযায়ী এগুলো সংবিধান সংস্কার পরিষদ গঠন করে ১৮০ দিনের মধ্যে কার্যকর করা বাধ্যতামূলক। জামায়াত জোটের এমপিরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিলেও বিএনপির এমপিরা তা করেননি। এ কারণে জামায়াত বারবার সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবি তুললেও তা আর বাস্তবায়নের সম্ভাবনা নেই।

সংবিধানের পঞ্চদশ সংশোধনীর জন্য ২০১০ সালে গঠিত সংসদের বিশেষ কমিটিতে যোগ দেয়নি তৎকালীন বিরোধী দল বিএনপি। আওয়ামী লীগের গঠিত ১৫ সদস্যের ওই কমিটিতে জাতীয় পার্টি, ওয়ার্কার্স পার্টি এবং জাসদের একজন করে এমপি ছিলেন।

তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তত্ত্বাবধায়ক সরকার বাতিলের পক্ষে অবস্থান নেন। সুশাসনের জন্য নাগরিকের (সুজন) তথ্য অনুযায়ী, এতে কমিটির ১৫ সদস্য আগেই অবস্থান বদলে ফেলেন। সর্বসম্মতিক্রমে সুপারিশ করেন তত্ত্বাবধায়ক সরকার বিলোপে।

এই উদাহরণ দিয়ে ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ সমকালকে বলেন, বিএনপি দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার জোরে গণভোটকে অস্বীকার করছে। প্রতিশ্রুতি দিয়েও তা রক্ষা না করার নজির দেখিয়েছে অধ্যাদেশ যাচাই-বাছাই কমিটিতে। তাই সংবিধান সংশোধন কমিটিতে যাওয়া অর্থহীন।

দু’দিনের সফরে ঢাকায় সৌদি পররাষ্ট্র উপমন্ত্রী

বাংলাদেশ সরকারের সাথে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার লক্ষ্যে দুই দিনের সরকারি সফরে সোমবার রাতে ঢাকায় পৌঁছেছেন সৌদি আরবের পররাষ্ট্র বিষয়ক উপমন্ত্রী প্রকৌশলী ওয়ালিদ এল-খেরেজি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির সৌদি উপমন্ত্রীকে স্বাগত জানান।

মঙ্গলবার বিকেলে বাংলাদেশ ত্যাগ করার আগে এই সংক্ষিপ্ত সফরে সৌদি উপমন্ত্রীর আনুষ্ঠানিক কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে।

সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার সকালে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে যৌথ বৈঠকে অংশ নেবেন সৌদি পররাষ্ট্র উপমন্ত্রী। পরে দুপুরে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

শ্রম অভিবাসন, বাণিজ্য, বিনিয়োগ এবং আঞ্চলিক ইস্যুসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে ঘনিষ্ঠ দ্বিপাক্ষিক সহযোগিতা অব্যাহত থাকার পটভূমিতে এই সফরটি অনুষ্ঠিত হচ্ছে।

এলডিসি উত্তরণের পথনকশা তৈরি, ১৪ সূচকে নজরদারি

স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে টেকসই, মসৃণ ও স্থিতিশীল উত্তরণের প্রস্তুতি নিতে সরকার ২০২৬ থেকে ২০২৯ সময়ের জন্য একটি জাতীয় রোডম্যাপ বা পথনকশার খসড়া তৈরি করেছে। উত্তরণ ২০২৯ সালের ২৪ নভেম্বর পর্যন্ত তিন বছর বাড়ানোর আবেদনের পরিপ্রেক্ষিতে এ পরিকল্পনা তৈরি করা হয়েছে। পরিকল্পনা বাস্তবায়নের অগ্রগতি নিয়মিত মূল্যায়নের জন্য অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) অধীনে একটি ড্যাশবোর্ড চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থ মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

ড্যাশবোর্ডের মাধ্যমে অর্থনীতি ও বাণিজ্য-সংক্রান্ত ১৪টি প্রধান কর্মক্ষমতা সূচক (কেপিআই) নিয়মিত পর্যবেক্ষণ করা হবে। সরকারের লক্ষ্য ২০২৯ সালের মধ্যে জিডিপি প্রবৃদ্ধি ৭ শতাংশে উন্নীত করা এবং মূল্যস্ফীতি ৬ শতাংশে নামিয়ে আনা। একই সঙ্গে কর-জিডিপি অনুপাত অন্তত ৯ শতাংশে উন্নীত করা। বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়িয়ে অন্তত ছয় মাসের সমপরিমাণে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

খেলাপি ঋণের হার বর্তমানে প্রায় ৩০ শতাংশ। ২০২৯ সালের মধ্যে এটি ২০ শতাংশের নিচে নামিয়ে আনার পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি ১০ শতাংশের ওপরে নেওয়া, তৈরি পোশাকের বাইরে রপ্তানির অংশ অন্তত ২৫ শতাংশে উন্নীত করা, কনটেইনার খালাসের গড় সময় ১০ দিন থেকে কমিয়ে ১-২ দিনে নামিয়ে আনা এবং সব সরকারি ব্যবসায়িক সেবা শতভাগ ডিজিটাল ও সমন্বিত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া ৩০ লাখ অতিরিক্ত দক্ষ শ্রমিক তৈরি, নবায়নযোগ্য জ্বালানির অংশ ১৫ শতাংশে উন্নীত করা, ব্যবসা অনুমোদনের সময় কমানো, মুক্ত বাণিজ্য চুক্তির অগ্রগতি, সরকার স্বীকৃত পরীক্ষাগারের সংখ্যা বৃদ্ধি এবং ইএসজি বা পরিবেশ, সামাজিক দায়বদ্ধতা ও সুশাসন মানদণ্ড অনুসরণকারী রপ্তানিকারক প্রতিষ্ঠানের সংখ্যা বাড়ানোর বিষয়েও নজর রাখা হবে।
সরকারের মতে, উত্তরণের সময় তিন বছর বাড়ানোর আবেদন কোনোভাবেই উত্তরণ পিছিয়ে দেওয়ার উদ্যোগ নয়; বরং বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা, জ্বালানি সংকট ও পরিবর্তিত আন্তর্জাতিক বাস্তবতায় প্রয়োজনীয় কাঠামোগত সংস্কার সম্পন্ন করার সুযোগ তৈরি করা। এ কারণে রোডম্যাপের মূল লক্ষ্য নির্ধারণ করা হয়েছে সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা, উৎপাদনশীলতা ও শিল্প সক্ষমতা বৃদ্ধি, রপ্তানি বহুমুখীকরণ, উত্তরণ-পরবর্তী বাজার সুবিধা নিশ্চিত করা এবং সুশাসন ও বিনিয়োগ পরিবেশ শক্তিশালী করা। একই সঙ্গে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব, তথ্যভিত্তিক পর্যবেক্ষণ এবং প্রাতিষ্ঠানিক সমন্বয়ের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

কূটনৈতিক তৎপরতা
বাংলাদেশ এর আগে জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসির (সিডিপি) কাছে উত্তরণের প্রস্তুতিকাল ২০২৯ সালের ২৪ নভেম্বর পর্যন্ত বাড়ানোর আবেদন জানায়। গত ৬ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমান এ বিষয়ে জাতিসংঘ মহাসচিবের সহযোগিতা চেয়ে চিঠি দেন। পরে সিডিপি প্রস্তুতিকাল বাড়ানোর আবেদন নীতিগতভাবে সমর্থন করলেও সময়সীমা উল্লেখ করেনি। একইভাবে জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদ (ইকোসক) বিষয়টি চূড়ান্ত সিদ্ধান্তের জন্য সাধারণ পরিষদের কাছে পাঠিয়েছে।
এ অবস্থায় সদস্য রাষ্ট্রগুলোর সমর্থন আদায়ে কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে সরকার। এর অংশ হিসেবে গত ১৪ থেকে ১৮ জুলাই বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের নেতৃত্বে উচ্চপর্যায়ের প্রতিনিধি দল নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তর সফর করে। সফরকালে প্রতিনিধি দল সিডিপির চেয়ারম্যান, ইকোসকের সভাপতি ও সহসভাপতি, ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল এবং জি-৭৭ ও চায়না গ্রুপের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে। বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়, প্রস্তুতিকাল বৃদ্ধির লক্ষ্য উত্তরণ বিলম্বিত করা নয়; বরং প্রয়োজনীয় সংস্কার সফলভাবে বাস্তবায়নের জন্য অতিরিক্ত সময় নিশ্চিত করা। বিভিন্ন উন্নয়ন অংশীদারও বাংলাদেশকে একটি বাস্তবসম্মত ও সময়ভিত্তিক সংস্কার রোডম্যাপ উপস্থাপনের পরামর্শ দেয়। এর পরিপ্রেক্ষিতে ইআরডি  রোডম্যাপের খসড়া প্রস্তুত করেছে।
এলডিসি উত্তরণের প্রস্তুতি তদারকির জন্য সম্প্রতি অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে ১৫ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। গত সপ্তাহের বৈঠকে অংশীজনের মতামত নিয়ে রোডম্যাপ চূড়ান্ত করে জাতিসংঘ ও সদস্যরাষ্ট্রগুলোর কাছে উপস্থাপনের সিদ্ধান্ত হয়।

চার ধাপে সংস্কার কর্মসূচি
তিন বছর মেয়াদি সংস্কার কর্মসূচিকে চারটি ধাপে ভাগ করা হয়েছে। প্রথম ধাপ ‘কুইক উইন অ্যাকশন’ জুন ২০২৭-এর মধ্যে বাস্তবায়ন করা হবে। এ সময় খেলাপি ঋণ আদায়ের কাঠামো তৈরি, ব্যাংকের চাপ সহনশীলতা পরীক্ষা, সাত দিনের মধ্যে লাইসেন্স প্রদান, ডিজিটাল ওয়ান-স্টপ সার্ভিস চালু, ট্রেড লাইসেন্সের মেয়াদ পাঁচ বছর করা এবং জাতীয় ইএসজি কমপ্লায়েন্স ফ্রেমওয়ার্ক প্রণয়নের কাজ শেষ হবে।

দ্বিতীয় ধাপে ২০২৮ সালের মধ্যে এনবিআরের পূর্ণাঙ্গ অটোমেশন, কর জাল সম্প্রসারণ, ডিজিটাল কর ব্যবস্থা চালু, অলাভজনক রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পুনর্গঠন, কর-বহির্ভূত রাজস্ব বৃদ্ধি, টেকনোলজি মডার্নাইজেশন ফান্ড গঠন এবং এপিআই পার্ক কার্যকর করার উদ্যোগ নেওয়া হবে। তৃতীয় ধাপে ২০২৯ সালের জুন পর্যন্ত ওষুধ, আইসিটি, কৃষি-প্রক্রিয়াজাত পণ্য ও চামড়া শিল্পে বিশেষ সহায়তার মাধ্যমে রপ্তানি বহুমুখীকরণ, অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি সম্পন্ন, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি এবং বন্দর দক্ষতা বাড়িয়ে কনটেইনার খালাসের সময় দুই দিনের নিচে নামিয়ে আনার পরিকল্পনা রয়েছে। শেষ ধাপে ২০২৯ সালের জুলাই-ডিসেম্বর সময়ে উত্তরণের আগে সামগ্রিক অগ্রগতি মূল্যায়ন, বাকি সংস্কার সম্পন্ন এবং চূড়ান্ত প্রস্তুতি প্রতিবেদন প্রকাশ করা হবে।

বেসরকারি খাতের জন্য ১৫ কর্মপরিকল্পনা
পুরো উত্তরণ প্রক্রিয়ায় বেসরকারি খাতকে প্রধান বাস্তবায়ন অংশীদার হিসেবে বিবেচনা করে ১৫টি কর্মপরিকল্পনা নির্ধারণ করা হয়েছে। এসব কর্মপরিকল্পনার মধ্যে রয়েছে শিল্পে অটোমেশন, ডিজিটাল ম্যানুফ্যাকচারিং, প্রযুক্তি ও জ্বালানি-সাশ্রয়ী যন্ত্রপাতিতে বিনিয়োগ এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে রপ্তানি ভ্যালু চেইনে যুক্ত করতে প্রযুক্তি সহায়তা কেন্দ্র গঠন। এ ছাড়া রয়েছে বর্জ্য ও পানি ব্যবস্থাপনা, কার্বন নিঃসরণ পর্যবেক্ষণ এবং টেকসই ব্যবসায়িক প্রতিবেদন প্রকাশের মাধ্যমে ইএসজি কমপ্লায়েন্স নিশ্চিত করা; আইএলওর শ্রমমান, কর্মক্ষেত্রের নিরাপত্তা ও জেন্ডার সমতা বাস্তবায়ন; শিক্ষানবিশ, রি-স্কিলিং ও আপ-স্কিলিং কর্মসূচির মাধ্যমে দক্ষ শ্রমশক্তি তৈরি; এআই, সাইবার নিরাপত্তা ও ডেটা অ্যানালিটিক্সভিত্তিক শিল্প কারিকুলাম চালুর বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে।

নতুন রপ্তানি বাজারে প্রবেশ; উচ্চমূল্যের পণ্য, নিজস্ব ব্র্যান্ড ও উন্নত প্যাকেজিংয়ে গুরুত্ব দেওয়া; উৎপাদনশীলতা ও জ্বালানি দক্ষতার তথ্য নিয়মিত প্রকাশ; ন্যাশনাল সিঙ্গেল উইন্ডোর সঙ্গে সংযুক্ত ডিজিটাল ইনভেন্টরি ব্যবস্থা চালু; কারখানায় সৌরবিদ্যুৎ ও সবুজ বিনিয়োগ বাড়ানো মতো পরিকল্পনা বেসরকারি খাতের জন্য রয়েছে। এ ছাড়া  নীতিগত সংস্কারে সরকারকে প্রমাণভিত্তিক মতামত প্রদান; শিল্প পার্ক, লজিস্টিক হাব, নবায়নযোগ্য জ্বালানি ও কোল্ড-চেইনে সরকারি-বেসরকারি অংশীদারিত্বে বিনিয়োগ বাড়ানো হবে। ২০২৯ সালের শেষে চূড়ান্ত সক্ষমতা মূল্যায়ন করে উত্তরণ-পরবর্তী দীর্ঘমেয়াদি কৌশল প্রণয়নে সরকারকে সুপারিশ দিতে বলা হয়েছে।

পরিকল্পনা সফলভাবে বাস্তবায়নে সরকারের পক্ষ থেকে ইআরডি সমন্বয়কের ভূমিকা পালন করবে। অর্থমন্ত্রীর নেতৃত্বে গঠিত ‘জাতীয় এলডিসি মনিটরিং অ্যান্ড কোঅর্ডিনেশন কমিটি’ পুরো রোডম্যাপ বাস্তবায়ন পর্যবেক্ষণ করবে এবং কৌশলগত নির্দেশনা দেবে। এ ছাড়া ‘পাবলিক-প্রাইভেট সেক্টর টাস্ক ফোর্স’ গঠন করা হবে, যা নীতিমালার বিভিন্ন ত্রুটি চিহ্নিত করে আইনি সংস্কারের সুপারিশ করবে।

গবেষণা সংস্থা পলিসি রিসার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআরআই) চেয়ারম্যান ড. জাইদি সাত্তার সমকালকে বলেন, এলডিসি উত্তরণের প্রস্তুতির কথা দীর্ঘদিন ধরে বলা হলেও বাণিজ্য খাতে প্রয়োজনীয় সংস্কারের অগ্রগতি খুবই সীমিত। অথচ উত্তরণের পর ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্রসহ প্রধান রপ্তানি বাজারে প্রতিযোগিতা আরও তীব্র হবে। সে বাস্তবতায় টিকে থাকতে বাণিজ্য ও শুল্ক ব্যবস্থায় প্রয়োজনীয় সংস্কার দ্রুত বাস্তবায়ন করতে হবে। একই সঙ্গে রপ্তানি বহুমুখীকরণেও কার্যকর পদক্ষেপ নিতে হবে, অন্যথায় এ লক্ষ্য অর্জন কঠিন হয়ে পড়বে।

তিনি বলেন, উত্তরণের জন্য দুই বছর হোক বা তিন বছর— যে অতিরিক্ত সময়ই বাংলাদেশ পাবে, প্রস্তুতি জোরদারের জন্য তা হবে গুরুত্বপূর্ণ সুযোগ। এ সময়কে কাজে লাগাতে সরকারের উচিত দ্রুত সংস্কার কার্যক্রম শুরু করা, সুনির্দিষ্ট ও মনিটরিংযোগ্য বাস্তবায়ন পরিকল্পনা উপস্থাপন করা এবং এর অগ্রগতি দৃশ্যমান করা। এতে জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলাদেশের আবেদন ইতিবাচকভাবে বিবেচিত হওয়ার সম্ভাবনা আরও বাড়বে।

সিনেমার ব্যস্ততার মাঝে ছোটপর্দায় ফিরছেন ইধিকা

ছোটপর্দায় অভিনয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেছিলেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ইধিকা পাল। ঢালিউড সুপারস্টার শাকিব খানের সঙ্গে সিনেমায় অভিনয় করে বড় পর্দায় অভিষেক হয় তার। এরপর দুই বাংলায় একের পর এক সিনেমায় কাজ করছেন তিনি। সিনেমার ব্যস্ততার মাঝে ছোটপর্দায় ফিরছেন এই অভিনেত্রী। আসছে মহালয়ায় একটি টিভি চ্যানেলে দুর্গারূপে দেখা মিলতে যাচ্ছে ইধিকার।

আনন্দবাজার, এই সময়সহ ভারতের একাধিক সংবাদমাধ্যম থেকে জানা গেছে, ‘প্রজাপতি ২’ সিনেমা মুক্তির পর বড়পর্দায় আর দেখা মেলেনি ইধিকা পালের। সম্প্রতি সৃজিত মুখার্জির নতুন সিনেমায় কাজ শুরু করেছেন। এর বাইরে আর কোনো সিনেমায় চুক্তিবদ্ধ হননি। যে কারণে হাতে অনেকটা সময় আছে, যেটি কাজে লাগাতে পুনরায় ছোটপর্দায় ফেরার কথা ভাবছেন অভিনেত্রী।

জানা গেছে, মহালয়ায় একটি টিভি চ্যানেলে দুর্গারূপে উপস্থিত হতে যাচ্ছেন ইধিকা। সেই সুবাদে তাঁকে এবার দেখা যাবে মহিষাসুরমর্দিনীতে। ইতোমধ্যেই সবকিছু চূড়ান্ত হয়ে গেছে। প্রতিবছরই মহিষাসুরমর্দিনী নিয়ে দর্শকের মনে আগ্রহ তৈরি হয়। রেডিওর সঙ্গে টেলিভিশনের মহালয়া নিয়েও উৎসাহ দেখা যায়। দুর্গার রূপে দেখা যাবে কোন নায়িকাকে? তা নিয়ে নানা জনের নানা পরামর্শও থাকে। একটা সময় ইন্দ্রাণী হালদার, দেবশ্রী রায় থেকে কোয়েল মল্লিকসহ অনেককে দেখা গেছে মহিষাসুরমর্দিনী রূপে।

শোনা গেছে, এবার ‘সান বাংলা’-এ দেবীরূপে আগমন হবে অভিনেত্রী দিতিপ্রিয়া রায়ের। তাঁর শুটিংও হয়ে গেছে ইতোমধ্যে। এখন খবর, প্রথম সারির আর একটি বিনোদনের চ্যানেলে দেবীরূপে দেখা যাবে  ইধিকাকে। সঙ্গে নাকি দেখা যেতে পারে অভিনেত্রী অঙ্কিতা মল্লিককেও।

এদিকে ইধিকার ছোটপর্দায় ফেরা নিয়ে নেট দুনিয়ার বাসিন্দাদের মাঝেও নানারকম আলোচনা-সমালোচনা শুরু হয়ে গেছে। তবে বেশির ভাগ নেটিজেন ইধিকাকে পুনরায় ছোটপর্দায় দেখতে চান বলে জানিয়েছেন।

প্রসঙ্গত, টিভি সিরিয়ালের অভিনয়ের মধ্য দিয়ে দর্শকের নজর কেড়েছিলেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল। সেই সুবাদে বাংলাদেশি সিনেমায় অভিনয়ের সুযোগ পেয়েছিলেন। শাকিব খানের বিপরীতে ‘প্রিয়তমা’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয়েছিল তাঁর। এরপর একই অভিনেতার বিপরীতে ‘বরবাদ’ সিনেমায় অভিনয় করে দর্শক প্রশংসা কুড়িয়েছেন ইধিকা। বাংলাদেশের এই দুটি সিনেমা ব্লকবাস্টার হয়েছিল।

পাশাপাশি কলকাতায় দেব বিপরীতে ‘খাদান’ সিনেমায় অভিনয় করেও দর্শকের মাঝে সাড়া ফেলেছিলেন। এই সিনেমাও বক্স অফিসে ব্লকবাস্টার হয়েছিল। যে কারণে সিনেমায় অভিনয় নিয়েই এখন সব ব্যস্ততা ইধিকার। তারপরও দুর্গাপূজাকে সামনে রেখে ছোটপর্দায় ফেরার আভাস দিয়েছেন দুই বাংলার নন্দিত এই অভিনেত্রী।

স্পেনে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের পরিকল্পনায় ‘অভিবাসী হামলা’ হয়েছে: ইরান

মধ্যপ্রাচ্যের সংঘাত নিয়ে চাপের কাছে মাথানত না করায় স্পেনকে শাস্তি দিতেই মরক্কো থেকে অভিবাসীর ঢল নামিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। দেশ দুটি পরিকল্পিতভাবে এমন কাণ্ড ঘটিয়েছে বলে অভিযোগ তুলেছে ইরান।

গত কয়েকদিনে প্রায় ৫০ থেকে ৬০ হাজার অভিবাসী স্থল ও সমুদ্রপথে মরক্কো থেকে স্পেনের ছিটমহল সেউতায় প্রবেশ করেন। এই সংখ্যা ছিটমহলটির নিয়মিত জনসংখ্যার প্রায় ৭০ শতাংশের সমান। ইউরোপের ইতিহাসে সবচেয়ে মানব ঢলের এই ঘটনায় অন্তত ৮৬ জন প্রাণ হারিয়েছেন।

কেনিয়ার নাইরোবিতে অবস্থিত ইরানি দূতাবাস এই অভিবাসী ঢলকে স্পেনের বিরুদ্ধে হামলা বা আগ্রাসন হিসেবে অভিহিত করেছে। দূতাবাসের দাবি, নির্দিষ্ট কয়েকটি প্রতিবেশী দেশের সমন্বয়ে স্পেনকে অস্থিতিশীল করতে এর আয়োজন করে ওয়াশিংটন ও তেল আবিব।

ইরানি দূতাবাস কয়েকটি শব্দগুচ্ছ ব্যবহার করে ঘটনাটিকে ব্যাখ্যা করার চেষ্টা করেছে। তাদের মতে, এটি ইউরোপের ডানপন্থীদের জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের একটি উপহার। একইসঙ্গে আমেরিকান সাম্রাজ্য ও ইসরায়েলি দোসরদের বিরুদ্ধে সাহস দেখানোর শাস্তি। কারণ, সাম্রাজ্য কখনও অবাধ্যতা সহ্য করে না।

ইরানের এমন অভিযোগের বিষয়ে যুক্তরাষ্ট্র বা ইসরায়েল কেউই মন্তব্য করেনি। তবে জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত ড্যানি ড্যানন সংকট মোকাবিলায় স্পেনের ভূমিকার সমালোচনা করেছেন।

এক্স পোস্টে ড্যানন লিখেছেন, স্পেন সবসময় ইসরায়েলকে জ্ঞান দেয়। অথচ তারা আফ্রিকায় এখনও ঔপনিবেশিক ছিটমহল ধরে রেখেছে। বিশ্ববাসীর কাছে এর কারণ আগে ব্যাখ্যা করা উচিত।

ভারত-বাংলাদেশে আন্দোলনের তুলনা তসলিমার, জবাব দিলেন দীপকে

নির্বাসিত বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিনের করা একটি মন্তব্যের জবাব দিয়েছেন ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিত দীপকে। তিনি বলেছেন, দুই দেশের আন্দোলনের তুলনা করা ঠিক হচ্ছে না।

তসলিমার মন্তব্য প্রসঙ্গে সোমবার ভারতের বার্তা সংস্থা পিটিআইকে দীপকে বলেন, ‘বাংলাদেশ ও নেপালের আন্দোলনের সঙ্গে যন্তর মন্তরের তুলনা করা হচ্ছে শুধু বদনাম করার জন্য।’ দুই দেশের আন্দোলনের পার্থক্য বোঝাতে দীপকে বলেন, ‘আমরা আলাদা।’

রোববার করা এক মন্তব্যে তসলিমা নাসরিন সিজেপির আন্দোলনের সঙ্গে বাংলাদেশে ২০২৪ সালের ছাত্র আন্দোলনের তুলনা করেন। তিনি বলেন, ভারতে সিজেপির আন্দোলন সম্পর্কে তেমন একটা খবর রাখেননি। তবে এর একটি ভিডিও ক্লিপ দেখে তাঁর ২০২৪ সালে বাংলাদেশের ছাত্র আন্দোলনের কথা মনে হয়েছে।

পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, তসলিমা নাসরিন বলেন, ‘বাংলাদেশের ছাত্র আন্দোলন আমাদের ধোঁকা দিয়েছে। কারণ আমরা ভেবেছিলাম ছাত্ররা কোটা পদ্ধতি বাতিল চায়। শেখ হাসিনাও তাদের দাবি মেনে নিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত সরকারের পতন হলো। পরে দেখলাম এর পেছনে জিহাদিরা ছিল। এর ফল বাংলাদেশের জন্য ভালো হয়নি।’

তসলিমার মন্তব্যের জবাব দেওয়ার পাশাপাশি দীপকে বলেছেন, দেশজুড়ে ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেওয়ার পর সিজেপির দায়িত্ব বেড়ে গেছে। শিগগিরই দলের পরিসর বাড়ানো হবে।

গত মাসে ভারতে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদ ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন শুরু করে সিজেপি। পরে এতে সাধারণ শিক্ষার্থীরাও যোগ দেয়। দিল্লির যন্তর মন্তর থেকে আন্দোলন অন্য রাজ্যে ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগের ঘোষণা দেন।

উন্নয়নের জন্য নীতি স্বাধীনতা নিশ্চিত করা জরুরি: ড. আনিসুজ্জামান চৌধুরী

দীর্ঘমেয়াদি অর্থনৈতিক উন্নয়নের জন্য ‘পলিসি ইন্ডিপেনডেন্স’ বা ‘নীতি স্বাধীনতা’ অপরিহার্য বলে মনে করেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী। তাঁর মতে, সময়ের সঙ্গে বাংলাদেশে নীতিনির্ধারণী পর্যায়ে স্বায়ত্তশাসন সংকুচিত হয়েছে। দেশীয় অগ্রাধিকারের পরিবর্তে বাইরের চাপের প্রভাবে সংস্কার কার্যক্রম পরিচালিত হচ্ছে।  নিজস্ব অর্থনৈতিক বাস্তবতা অনুযায়ী নীতি প্রণয়ন করতে না পারলে প্রকৃত উন্নয়ন সম্ভব নয়।

বেসরকারি গবেষণা সংস্থা পলিসি রিসার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআরআই) আয়োজিত ‘উন্নয়ন কৌশল ও নীতিগত স্বাধীনতা: বাংলাদেশের উন্নয়ন পথপরিক্রমা’ শীর্ষক আলোচনায় এসব কথা বলেন ওয়েস্টার্ন সিডনি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ইমেরিটাস ড. আনিসুজ্জামান চৌধুরী। রাজধানীর বনানীতে পিআরআই কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন গবেষণা সংস্থাটির চেয়ারম্যান ড. জাইদি সাত্তার।

ড. আনিসুজ্জামান চৌধুরী দক্ষিণ কোরিয়া ও ভিয়েতনামের উন্নয়নের উদাহরণ টেনে বাংলাদেশের নীতি স্বাধীনতার প্রয়োজনীয়তা তুলে ধরেন। তিনি বলেন, ষাটের দশকে দক্ষিণ কোরিয়া যখন তাদের প্রথম এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা করে, তখন বিশ্বব্যাংক ‘হাস্যকর’ বলে প্রত্যাখ্যান করেছিল। কিন্তু কোরিয়া তাদের নিজস্ব সেনাবাহিনী ও জাপানের কাছ থেকে পাওয়া যুদ্ধের ক্ষতিপূরণের টাকা ব্যবহার করে সেই প্রকল্প সফলভাবে সম্পন্ন করে। একইভাবে ভিয়েতনাম সংস্কারের জন্য বিশ্বব্যাংকের বড় অঙ্কের অর্থ সহায়তা ফিরিয়ে দিয়ে বলেছিল– টাকা দিয়ে সংস্কার কেনা যায় না, আমরা আমাদের মতো করেই সংস্কার করব।

ড. আনিসুজ্জামান আক্ষেপ করে বলেন, বাংলাদেশ ক্রমেই স্বাধীন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা হারাচ্ছে। বিশেষ স্বার্থান্বেষী মহলের প্রভাব যার অন্যতম কারণ। তিনি জানান, একবার তিনি জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের কাছে জানতে চেয়েছিলেন কেন স্বাস্থ্য হানিকর আইসক্রিমের ওপর কর কমানো হচ্ছে, যার উত্তরে জানানো হয়েছিল যে বাচ্চারা এটি পছন্দ করে এবং অভিভাবকরা এতে খুশি হবেন। আনিসুজ্জামান মনে করেন, এ ধরনের খামখেয়ালি বাজেট প্রণয়ন এবং নীতিনির্ধারণী পর্যায়ে ক্ষুদ্র গোষ্ঠীর দখলদারিত্ব অর্থনীতির জন্য ক্ষতিকর। এ ছাড়া নাগরিক ও সরকারের মধ্যে আস্থার চরম সংকট এবং নাগরিক সমাজের বিভক্তিকে তিনি উন্নয়নের পথে বড় বাধা হিসেবে চিহ্নিত করেন।

আলোচনার এক পর্যায়ে তাঁর কাছে প্রশ্ন ছিল– কেন অন্তর্বর্তী সরকার মেয়াদের শেষ মুহূর্তে এসে যুক্তরাষ্ট্রের সঙ্গে বিতর্কিত বাণিজ্য চুক্তি স্বাক্ষর করে। এর উত্তরে ড. আনিসুজ্জামান চৌধুরী বলেন, এটি করা বা না করা উভয় ক্ষেত্রেই সরকারের সামনে বড় ঝুঁকি ছিল। তিনি একে একটি ‘ভূরাজনৈতিক বাস্তবতা’ হিসেবে অভিহিত করে বলেন, এই ভূরাজনৈতিক বাস্তবতাকে মেনে নিতে হবে। ট্রাম্প (যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট) জানতেন, ‘আমরা ফাঁদে পড়েছি। এ অঞ্চলের মধ্যে ভিয়েতনাম চুক্তি করেছে, মালয়েশিয়া করেছে, ইন্দোনেশিয়া করতে যাচ্ছে। এমন একটা পর্যায়ে তারা চুক্তি করতে বললে, চাইলেই কী তা উপেক্ষা করা যায়? আমাদের বড় বাজার (তৈরি পোশাক) সেখানে।’

তিনি আরও ব্যাখ্যা করেন, একজন শিক্ষাবিদ হিসেবে তিনি হয়তো এমন চুক্তির বিরোধিতা করতে পারেন, কিন্তু যখন কেউ সরকারে থেকে নীতিনির্ধারণ করেন, তখন তাঁকে অনেক সময় আদর্শের চেয়ে বাস্তবতাকে  বেশি প্রাধান্য দিতে হয়। তাঁর মতে, ওই সময়ে এমন সিদ্ধান্ত না নিলে পরিস্থিতি আরও অবনতি হওয়ার আশঙ্কা ছিল।

পিআরআই চেয়ারম্যান ড. জাইদি সাত্তার বলেন, ১৯৯১ সালে বাজারভিত্তিক অর্থনীতির দিকে যাত্রা শুরু হয়। তবে গত তিন দশকে অনেক প্রয়োজনীয় সংস্কার হয়নি।

এমসিসিআই সভাপতি কামরান টি. রহমান বিশ্বব্যাংক ও আইএমএফের শর্তগুলো মূলত সুশাসন ও সংস্কারকেন্দ্রিক এবং এগুলো বাংলাদেশের নিজের উন্নয়নের জন্যই প্রয়োজন।

গবেষণা সংস্থা সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন বলেন, এলডিসি থেকে উত্তরণের এই সময়ে বাংলাদেশকে এখন দীর্ঘমেয়াদি কাঠামোগত পরিবর্তনের দিকে নজর দিতে হবে। তিনি প্রকৃত নীতি স্বাধীনতার জন্য দেশীয় স্বার্থান্বেষী মহলের প্রভাবমুক্ত থাকার ওপর জোর দেন। গবেষণা সংস্থা সানেমের নির্বাহী পরিচালক ড. সেলিম রায়হান মনে করেন, উন্নয়ন সহযোগীরা এখন স্থানীয় প্রেক্ষাপট বোঝার চেষ্টা করছে। তবে সফল হতে হলে বাংলাদেশের নিজস্ব দর-কষাকষির সক্ষমতা বাড়াতে হবে।

বিজিএমইএর সহসভাপতি রেজওয়ান সেলিম শিক্ষার মান উন্নয়ন ও মেধা পাচার রোধের তাগিদ দেন। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ডিন ড. একেএম ওয়ারেসুল করিম বলেন, উচ্চ সুদের অভ্যন্তরীণ ঋণ দীর্ঘ মেয়াদে ঝুঁকির কারণ হতে পারে।

বিদেশি ঋণের সুদাসল পরিশোধে গেছে ৪৪৯ কোটি ডলার সমাপ্ত ২০২৫-২৬ অর্থবছর

সমাপ্ত ২০২৫-২৬ অর্থবছরে বিদেশি ঋণের সুদ ও আসল বাবদ ৪৪৯ কোটি ডলার পরিশোধ করা হয়েছে। দেশের মুদ্রায় পরিশোধের এই পরিমাণ ৫৪ হাজার ৯৫৭ কোটি টাকা। যা আগের অর্থবছরে (২০২৪-২৫) ছিল ৪০৯ কোটি। অর্থাৎ এক বছরের ব্যবধানে বিদেশি ঋণ পরিশোধ বেড়েছে ৪০ কোটি ডলার।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) এ-সংক্রান্ত হালনাগাদ প্রতিবেদন থেকে এই উপাত্ত জানা গেছে। গতকাল রোববার সংস্থার ওয়েবসাইটে প্রতিবেদনটি প্রকাশ করা হয়। প্রতিবেদন থেকে জানা যায়, বিদেশি ঋণের মোট পরিশোধের মধ্যে মূল ঋণ ছিল ২৯৫ কোটি ডলার। বাকি ১৫৪ কোটি ডলার ছিল ঋণের সুদ। আগের অর্থবছর মূল ঋণ পরিশোধ করা হয়েছিল ২৬০ কোটি ডলার। সুদ বাবদ পরিশোধ করা হয় ১৪৯ কোটি ডলার।

প্রতিবেদন বলছে, আগে নেওয়া ঋণের সুদাসল বাড়লেও নতুন ঋণের অর্থ ছাড় ও প্রতিশ্রুতি অনেক কমে গেছে। গত অর্থবছরে দেশে বৈদেশিক ঋণের অর্থ ছাড়ের পরিমাণ কমে ৮০৭ কোটি ডলারে নেমেছে। আগের অর্থবছরে বৈদেশিক অর্থ ছাড়ের পরিমাণ ছিল ৮৫৬ কোটি ডলার। অর্থাৎ, অর্থ ছাড় কমেছে ৪৯ কোটি ডলার। অন্যদিকে বৈদেশিক ঋণ প্রতিশ্রুতি কমে ৫২৪ কোটি ডলারে নেমেছে। আগের অর্থবছরে প্রতিশ্রুতির পরিমাণ ৮৩২ কোটি ডলার। অর্থাৎ, বৈদেশিক ঋণ প্রতিশ্রুতি কমেছে ৩০৮ কোটি ডলার।

ঋণ পরিশোধ বেশি অথচ অর্থ ছাড় ও নতুন ঋণের প্রতিশ্রুতি কম আসার কারণ জানতে চাইলে ইআরডির সংশ্লিষ্ট ঊর্ধ্বতন এক কর্মকর্তা সমকালকে বলেন, বিদেশি ঋণ ব্যবহার করা হয় বার্ষিক উন্নয়ন কর্মসূচি–এডিপির বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে। গত অর্থবছর এডিপি বাস্তবায়ন পরিস্থিতি খুব খারাপ ছিল। সংগত কারণেই উন্নয়ন সহযোগীদের ঋণ ছাড়ের পরিমাণও কমেছে। একই কারণে নতুন ঋণের প্রতিশ্রুতি কম। ওই কর্মকর্তা নাম প্রকাশ না করার অনুরোধ করেছেন।

এডিপি বাস্তবায়নে পরিকল্পনা কমিশনের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) হালনাগাদ প্রতিবেদনে দেখা যায়, গত অর্থবছরে এডিপি বাস্তবায়নের হার ছিল মাত্র ৬৭ দশমিক ৫২ শতাংশ। সংশোধিত এডিপির আকার ছিল দুই লাখ আট হাজার ৯৩৫ কোটি ৫৩ লাখ টাকা। অথচ অর্থবছর শেষে মোট ব্যয় হয়েছে মাত্র এক লাখ ৪১ হাজার ৭২ কোটি টাকা। অর্থাৎ বরাদ্দের ৬৮ হাজার কোটি টাকাই অব্যবহৃত থেকে গেছে। পুরোনো উপাত্ত বলছে, গত দুই দশকের এডিপি বাস্তবায়ন এতটা বাজে হয়নি। ২০০৪-০৫ অর্থবছর থেকে ২০২৩-২৪ পর্যন্ত কোনো অর্থবছরেই এডিপি বাস্তবায়ন ৮০ শতাংশের কম ছিল না।

ইআরডির প্রতিবেদন বলছে, গত অর্থবছরে সবচেয়ে বেশি ঋণ ছাড় করেছে বিশ্বব্যাংক। এ পরিমাণ প্রায় ২০৭ কোটি ডলার। দ্বিতীয় অবস্থানে রয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। পরিমাণে যা প্রায় ১৯১ কোটি ডলার। দ্বিপক্ষীয় উন্নয়ন অংশীদারদের মধ্যে রাশিয়া ১০৪ কোটি ডলার, জাপান ৭৯ কোটি ডলার। এ ছাড়া এশীয় অবকাঠামো উন্নয়ন ব্যাংক–এআইআইবি ৬৯ কোটি ডলার, চীন ৫৩ কোটি ডলার, ভারত ২৭ কোটি ডলার ঋণ ছাড় করেছে।

অন্যদিকে গত অর্থবছর নতুন প্রতিশ্রুতির ক্ষেত্রে দেখা যায়, এডিবির কাছ থেকে পাওয়া গেছে ২৬৮ কোটি ডলারের ঋণদানের প্রতিশ্রুতি। বিশ্বব্যাংক দিয়েছে ৮২ কোটি ডলার। অন্যদের মধ্যে ২৫ কোটি ডলার দিয়েছে এআইআইবি, ৩১ কোটি ডলার দিয়েছে জাপান আর ২৭ কোটি ডলার দিয়েছে চীন।