Home Blog Page 120

গরমে ফল-শাকসবজি তাজা রাখার কৌশল জেনে নিন

প্রচণ্ড গরম পড়তে শুরু করেছে। এই গরমে ফল ও সবজি কেনার পর দু-তিন দিনের মধ্যেই নষ্ট হয়ে যেতে পারে। কখনও কলা কালো হয়ে যাচ্ছে, কখনও শাকপাতা শুকিয়ে যাচ্ছে। কখনও আবার টমেটো নরম হয়ে পচতে শুরু করছে। শুধু ফ্রিজে রাখলেই ফল ও সবজি বেশি দিন ভাল থাকে না। কোন জিনিস কোথায় রাখতে হবে, সেটা জানাটাও গুরুত্বপূর্ণ। যেমন-

১. সব সবজি ফ্রিজে রাখবেন না। যেমন শাক, ধনেপাতা, লেটুস, গাজর, শসা-এসব ফ্রিজে রাখলে অনেক দিন টাটকা থাকে। তবে এগুলো সরাসরি ফ্রিজে না রেখে আগে হালকা শুকনো কাপড় বা টিস্যুতে মুড়ে রাখা ভালো। এতে অতিরিক্ত পানি শোষিত হয় এবং সহজে পচে না।

২. টমেটো, আলু, পেঁয়াজ, রসুন, কলা, কাঁচা আম বা অ্যাভোকাডোর মতো জিনিস ফ্রিজে না রেখে ঘরের স্বাভাবিক তাপমাত্রায় রাখা ভালো। বিশেষ করে টমেটো ফ্রিজে রাখলে তার স্বাদ কমে যায় এবং নরম হয়ে যায়। আলু ও পেঁয়াজ শুকনো, অন্ধকার জায়গায় রাখলে ভালো থাকবে।

৩. ফল ও সবজি একসঙ্গে রাখাও সব সময় ঠিক নয়। আপেল, কলা, অ্যাভোকাডোর মতো কিছু ফল ইথিলিন গ্যাস ছাড়ে। এই গ্যাসের কারণে আশেপাশের ফল ও সবজি দ্রুত পেকে যায় এবং পরে দ্রুত পচেও যায়। তাই এই ফলগুলো আলাদা রাখা উচিত। বিশেষ করে শাকপাতা বা বেরিজাতীয় ফলের পাশে এগুলো রাখা ঠিক নয়।

৪. কাটা ফল বা সবজি খোলা অবস্থায় রাখলে খুব দ্রুত নষ্ট হয়। তাই কেটে রাখলে অবশ্যই এয়ারটাইট বক্সে রাখবেন। চাইলে ভেতরে একটি টিস্যু রাখতে পারেন, তাহলে অতিরিক্ত আর্দ্রতা শোষণ হয়ে যাবে। লেবু, কমলালেবুর মতো সাইট্রাস ফল ফ্রিজে রাখলে অনেক দিন ভালো থাকে।

৫. ধনেপাতা, পুদিনা বা পার্সলের মতো ভেষজ সংরক্ষণের জন্য গ্লাসে অল্প পানি নিয়ে ফুলের মতো দাঁড় করিয়ে রাখুন। ওপর থেকে হালকা প্লাস্টিক দিয়ে ঢেকে ফ্রিজে রাখুন। তাহলে এগুলো অনেক দিন সতেজ থাকবে।

৫. একটি পচা ফল বা সবজি কখনও অন্যগুলোর সঙ্গে রাখা ঠিক নয়। একটি নষ্ট আপেল বা টমেটো খুব দ্রুত আশেপাশের জিনিসও নষ্ট করে দিতে পারে। তাই নিয়মিত দেখে পচা জিনিস আলাদা করে ফেলতে হবে।

ইরান প্রস্তাব দিচ্ছে, আমাদের দেখতে হবে কী হয়: ট্রাম্প

ইরানের সঙ্গে চলমান আলোচনার বিষয়ে নতুন বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই দাবি করেন।

ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের কাছে একটি প্রস্তাব পাঠানোর প্রক্রিয়া চালাচ্ছে ইরান। তবে সেই প্রস্তাবের বিষয়বস্তু সম্পর্কে এখনও তিনি নিশ্চিত নন।

ফোনে দেওয়া ওই সাক্ষাৎকারে বিস্তারিত কিছু না জানালেও ট্রাম্প বলেছেন, বর্তমানে ইরানের দায়িত্বে থাকা ব্যক্তিদের সঙ্গেই মার্কিন প্রতিনিধি দল আলোচনা চালিয়ে যাচ্ছে।

প্রেসিডেন্ট ট্রাম্পের ভাষ্যমতে, ইরান আলোচনার মাধ্যমে একটি চুক্তিতে পৌঁছাতে আগ্রহী। যুক্তরাষ্ট্রের দাবিগুলো সমাধানের লক্ষ্যেই তেহরান এই প্রস্তাব তৈরি করছে বলে তিনি উল্লেখ করেন।

যুক্তরাষ্ট্রে নিখোঁজ নাহিদা বৃষ্টি বেঁচে নেই, জানালেন ভাই

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি আর বেঁচে নেই বলে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে জানিয়েছেন তার ভাই জাহিদ হাসান প্রান্ত। তবে নাহিদার মরদেহ এখনো পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।

গতকাল শুক্রবার নিখোঁজ আরেক বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের (২৭) ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে ফ্লোরিডার স্থানীয় পুলিশ। এ ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউএসএফ শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃষ্টির ভাই জাহিদ হাসান প্রান্ত তার বোনের মৃত্যুর খবর জানিয়ে আজ শনিবার সকাল সাড়ে নয়টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেন। পোস্টে তিনি লিখেছেন, ‘আমার বোন আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।’

nahida bristy 1777109310

এক প্রতিবেদনে বিবিসি বাংলাও তার ভাই জাহিদ হাসানের বরাতে নিখোঁজ নাহিদা বৃষ্টির মৃত্যুর তথ্য জানিয়েছে।

বিবিসিকে জাহিদ হাসান জানান, পুলিশ এখনও মরদেহ না পেলেও সন্দেহভাজনের এপার্টমেন্টে পাওয়া রক্তের পরিমাণ দেখে তারা বিষয়টি নিশ্চিত করেছে। তার পরিবারকে ফোন করেও বিষয়টি জানানো হয়েছে। মরদেহ খুঁজতে তল্লাশি চলছে বলেও জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে।

জাহিদ আরও জানান, আমাদের আজ ভোরে যুক্তরাষ্ট্রের স্থানীয় পুলিশ ফোন করেছে। ওকে (বৃষ্টি) এখনো পাওয়া যায়নি, রিকভার (উদ্ধার) করা যায়নি। ওই সাসপেক্টর (গ্রেপ্তার হিশাম আবুঘরবেহ)…নিশ্চিত করেছে, এটা আসলে দুজনের। সন্দেহভাজন ব্যক্তিটি আরেকটা বডি (মরদেহ) ডিসপোজ (নষ্ট করা) করতেছিল।

জ্বালানির দাম বৃদ্ধিতে নিত্যপণ্যের মূল্য বাড়ার সুযোগ নেই: বাণিজ্যমন্ত্রী

জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে বাসভাড়া ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সুযোগ নেই বলে জানিয়েছেন বস্ত্র ও পাট এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। আজ শনিবার বেলা ১১টায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদনাইলে চিত্তরঞ্জন কটন মিলের জায়গায় গড়ে ওঠা নিট শিল্পপল্লী পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, জ্বালানির কারণে যে উৎপাদন ব্যাহত হয়ে রপ্তানি কমে গেছে- ব্যাপারটা এমন না। রপ্তানির বৈশ্বিক একটা মৃদুভাব; সেটিও এটার একটা বড় নিয়ামক কারণ। বিদ্যুৎ উৎপাদনের পরেই ব্যক্তিখাতের শিল্প কারখানায় বিতরণ করা হয়।

আগামীতে নতুন বিনিয়োগকারীদের ফুয়েল ইন্টেনসিভ ফ্যাক্টরির দিকে না গিয়ে লেস ফুয়েল ইন্টেনসিভ ফ্যাক্টরি তৈরির আহ্বান জানান খন্দকার আব্দুল মুক্তাদির। বলেন, জ্বালানির দাম বৃদ্ধির কারণে নাটকীয়ভাবে বাসভাড়া ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সুযোগ নেই বলেও জানান তিনি। এ ক্ষেত্রে সবার নজরদারি বাড়ানোর কথাও বলেন মন্ত্রী।

বাণিজ্যমন্ত্রী বলেন, বিটিএমসির শিল্প প্লটগুলোর মধ্যে দুইটি প্লট নিয়ে শিল্প স্থাপন করা হয়েছে। আরও দুইটি প্লট একই প্রতিষ্ঠান নিতে যাচ্ছে। আর বাদবাকি যে প্লটগুলো আছে, সেগুলো কিছু স্থানীয় দখল সমস্যা আছে। ওই সমস্যাগুলো সমাধান করে প্রত্যেকটি শিল্পপ্লটে বিনিয়োগের জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করবো।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন একই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম এবং বিটিএমসির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল এসএম জাহিদ হাসান, প্রকল্প পরিচালক (পিপিপি) বিটিএমসি কাজী ফিরোজ হোসেন, উপ-প্রধান হিসাব রক্ষক রফিকুল ইসলাম, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির, বর্ণালি কালেকশন অ্যান্ড টেক্সটাইল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আমিনুর রহমান সাব্বির।

হামের উপসর্গে আরও ১১ জনের মৃত্যু

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। তবে ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগে মৃত্যুর সংখ্যা শূন্য।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে নতুন করে ১ হাজার ৫৮ জন সন্দেহভাজন হামরোগী শনাক্ত হয়েছে।

হামের উপসর্গে সবচেয়ে বেশি শিশু মারা গেছে চট্টগ্রাম বিভাগে। এই বিভাগে মারা গেছে ৫ শিশু। এ ছাড়া ঢাকা বিভাগে তিন শিশু, সিলেট বিভাগে দুই শিশু এবং রাজশাহী বিভাগে এক শিশুর মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ১৫ মার্চ থেকে ২৫ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩০ হাজার ৬০৭ জনে। এর মধ্যে ৪ হাজার ৪৬০ জনের হাম নিশ্চিত হয়েছে। এ পর্যন্ত সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে ২০ হাজার ৪৭৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। আর ১৭ হাজার ৮১ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

স্বাস্থ্য অধিদপ্তর আরও বলছে, প্রাদুর্ভাব শুরুর পর থেকে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে ৪২ জন মারা গেছেন। আর হামের উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছেন ২০৯ জন।

আমার মনে হয়, সবার সবকিছু করার দরকার নেই: আইশা খান

বর্তমান সময়ের অভিনয় অঙ্গনে যে কজন তরুণ অভিনেত্রী স্বল্প সময়ে নিজস্ব পরিচয়ে দর্শকের মনে জায়গা করে নিয়েছেন, তাদের মধ্যে অন্যতম আইশা খান। তাঁর অভিনয়ে যেমন রয়েছে স্বতন্ত্রতা, তেমনি ব্যক্তিত্বে আছে এক ধরনের সংযত সৌন্দর্য; যা তাঁকে অন্যদের ভিড় থেকে আলাদা করে তোলে। জনপ্রিয়তার দ্রুত স্রোতে গা না ভাসিয়ে বরং ধীর, সচেতন এবং বাছাইকৃত কাজের মধ্য দিয়েই নিজের ক্যারিয়ার গড়ে তুলছেন তিনি।

নাটক, ওয়েব সিরিজ কিংবা সিনেমা– সব মাধ্যমে কাজ করলেও আইশা খান কখনোই সংখ্যার দৌড়ে নাম লেখাননি। বরং প্রতিটি চরিত্রে নিজেকে নতুনভাবে খুঁজে পাওয়ার চেষ্টা করেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ক্যারিয়ার, সীমাবদ্ধতা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে খোলামেলা কথা বলেছেন এ অভিনেত্রী।

480856106 584715421229990 4562484865213853467 n 1777016208নিজের কাজের মূল্যায়নে বেশ সৎ ও আত্মসমালোচনামূলক আইশা। তিনি বলেন, ‘এই মুহূর্তে আমার মনে হয়, সবার সবকিছু করার দরকার নেই। হয়তো আমি এখনও বড় পর্দার জন্য পুরোপুরি প্রস্তুত নই। আমি যে কাজগুলো করেছি, সেগুলো হয়তো সবার কাছে প্রত্যাশামতো ভালো লাগেনি। সেখানে আমারও কিছু সীমাবদ্ধতা ছিল।’

থিয়েটারের সঙ্গে কোনো পূর্ব অভিজ্ঞতা না থাকাকে নিজের শেখার পথে একটি চ্যালেঞ্জ হিসেবেই দেখছেন তিনি। তাঁর ভাষায়, ‘আমি থিয়েট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে আসিনি, তাই শেখার অনেক জায়গা আছে। যদি আমি আগে থেকেই অনেক কিছু জানতাম, তাহলে হয়তো এই দ্বিধা তৈরি হতো না। কিন্তু এখন এ শেখার প্রক্রিয়াটাই আমাকে এগিয়ে নিচ্ছে।’

সম্প্রতি তাঁর অভিনীত সিনেমা ‘শেকড়’ দেশের বাইরেও প্রশংসা কুড়িয়েছে। বিশেষ করে ‘ফাল্গুনী’ চরিত্রে তাঁর সংবেদনশীল ও পরিমিত অভিনয় দর্শক-সমালোচক দুপক্ষের কাছেই সমাদৃত হয়েছে। তবে এ সাফল্য তাঁকে তাড়াহুড়ো করে নতুন কাজে ঝাঁপিয়ে পড়তে উদ্বুদ্ধ করেনি। বরং তিনি সময় নিয়ে নিজেকে আরও প্রস্তুত করতে চান।

487240665 609841852050680 7293320242916008948 n 1777016345আইশা বলেন, ‘শেকড়ের পর আপাতত নতুন কোনো কাজে যুক্ত হওয়ার পরিকল্পনা নেই। আমি এখনও প্রতিদিন শিখছি, ভুল করছি এবং সেই ভুল থেকে নিজেকে গড়ে তুলছি। আমি চাই যখন পর্দায় ফিরব, তখন আরও পরিণত একজন অভিনেত্রী হিসেবে ফিরতে।’

বাংলা চলচ্চিত্রের সাম্প্রতিক জোয়ার নিয়েও আশাবাদী এ অভিনেত্রী। বিশেষ করে ‘পরাণ’ ও ‘হাওয়া’ সিনেমার সাফল্যকে তিনি ইন্ডাস্ট্রির মোড় ঘুরিয়ে দেওয়ার বড় উদাহরণ হিসেবে দেখছেন। তাঁর মতে, এ দুই সিনেমা প্রমাণ করেছে– ভালো গল্প ও নির্মাণ থাকলে দর্শক অবশ্যই হলে ফিরবে।

এই ধারাবাহিকতায় বর্তমানে আলোচনায় থাকা ‘বনলতা এক্সপ্রেস’-এর সাফল্যও তাঁকে আনন্দিত করছে। আইশা বলেন, ‘এটা আমার প্রিয় এক নির্মাতার কাজ। তাঁর সঙ্গে আমার আগে কাজ করার অভিজ্ঞতা আছে। ছবিতে আমার পছন্দের অনেক শিল্পী আছেন। তাদের সাফল্য দেখে ভালো লাগছে।’

501037450 655366957498169 1069026212207829768 n 1777016361

আগামী দিনের প্রত্যাশা নিয়েও আশাবাদী তিনি। বিশেষ করে আসন্ন ‘রইদ’ সিনেমাকে ঘিরে তাঁর আগ্রহ স্পষ্ট। এ নির্মাতার সঙ্গেই আমার বিজ্ঞাপনে প্রথম কাজ করা হয়েছিল। তাই তাঁর নতুন সিনেমা নিয়ে আমি আশাবাদী। ‘হাওয়া’ যেভাবে ইন্ডাস্ট্রিতে নতুন প্রাণ এনেছিল, ‘রইদ’ও তেমন কিছু এনে দিতে পারে– বলছিলেন আইশা।

ফর্টিসের আত্মঘাতী ভুলে কপাল খুলল আবাহনীর

বাংলাদেশ প্রিমিয়ার লিগের শিরোপা লড়াই এখন তুঙ্গে। পয়েন্ট টেবিলের শীর্ষস্থান নিয়ে বসুন্ধরা কিংসের সঙ্গে সরাসরি টক্কর দিচ্ছে ঢাকা আবাহনী। শুক্রবার কুমিল্লার শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত স্টেডিয়ামে ফর্টিস এফসিকে ১-০ গোলে হারিয়ে কিংসকে ছুঁয়ে ফেলেছে আবাহনী। লিগে এটি আবাহনীর টানা ষষ্ঠ জয়।

ম্যাচের বাঁশি বাজার মাত্র ৩৪ সেকেন্ডের মাথায় গোলের দেখা পায় আবাহনী। তবে গোলটি ছিল আত্মঘাতী। আবাহনীর মিরাজুলের ক্রস ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালের ঠিকানা খুঁজে নেন ফর্টিসের ডিফেন্ডার মিঠু চৌধুরী। গোলরক্ষক সুজান পেরেইরার সঙ্গে ভুল বোঝাবুঝির মাশুল দিতে হয় ফর্টিসকে। ম্যাচের বাকি সময়ে গোল শোধের চেষ্টা করেও আবাহনীর জমাট রক্ষণ ভাঙতে পারেনি তারা।

এই জয়ে ১৪ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে কিংসের পাশে বসল আবাহনী। তবে কিংস এক ম্যাচ কম খেলেছে। আগামীকাল ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে কিংস যদি ড্র বা জয় পায়, তবে আবারও এককভাবে শীর্ষে ফিরবে তারা।

দিনের অন্য ম্যাচে মানিকগঞ্জে রহমতগঞ্জকে ১-০ গোলে হারিয়েছে আরামবাগ। এতে মূল্যবান ৩ পয়েন্ট পায় আরামবাগ। এই জয়ে ১৪ ম্যাচে আরামবাগের পয়েন্ট ১৩, সমান ম্যাচে রহমতগঞ্জের সংগ্রহ ১৯।

হাম ও হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামে তিনজন ও হামের উপসর্গে আরও চারজনের মৃত্যু হয়েছে। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হামে আরও তিনজনের মৃত্যু হয়েছে এবং ১৫ মার্চ থেকে ২৪ এপ্রিল পর্যন্ত নিশ্চিত হামে ৪২ জনের মৃত্যু হয়েছে। হামের উপসর্গে চারজনের মৃত্যু হয়েছে এবং ১৫ মার্চ থেকে ২৪ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হামে ১৯৮ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা এক হাজার ২১৫ জন এবং গত ১৫ মার্চ থেকে ২৪ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা ২৯ হাজার ৫৪৯ জন। নিশ্চিত হামরোগী ১৭২ জন, গত ১৫ মার্চ থেকে ২৪ এপ্রিল পর্যন্ত হামরোগী চার হাজার ২৩১ জন।

১৫ মার্চ থেকে ২৪ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৯ হাজার ৭০৫ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১৬ হাজার ৫২৭ জন।

ভূমিকম্প ঝুঁকি মোকাবিলায় গবেষণা ও নিরাপদ নির্মাণে জোর

বাংলাদেশে ভূমিকম্প ঝুঁকি মোকাবিলায় গবেষণা জোরদার করা এবং নিরাপদ ভবন নির্মাণ নিশ্চিত করতে সরকারের কার্যকর ভূমিকা জরুরি বলে জানিয়েছেন ঢাকায় আয়োজিত সেমিনারে বক্তারা।

শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে এই সেমিনারের আয়োজন করা হয়।

প্রগতিশীল প্রকৌশলী, পরিকল্পনাবিদ ও স্থপতি সমাজ আয়োজিত “ভূমিকম্প: পরিপ্রেক্ষিত বাংলাদেশ” শীর্ষক এই সেমিনারে আলোচনার শুরুতে রানা প্লাজা ধসে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

সেমিনারে বক্তারা বলেন, রাজউকের মাধ্যমে ভবনের নকশা অনুমোদনের ক্ষেত্রে অনুমোদনপ্রাপ্ত পেশাজীবীদের দিয়েই নিরীক্ষা কার্যক্রম বাধ্যতামূলক করতে আইন প্রণয়ন ও বাস্তবায়ন জরুরি। পাশাপাশি ঝুঁকিপূর্ণ ভবন শনাক্তে পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ দিয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের মাধ্যমে মানুষের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান তারা।

নতুন সরকারের প্রতি আহ্বান জানিয়ে বক্তারা বলেন, ভূমিকম্প নিয়ে মানুষের মধ্যে যে ভীতি ও শঙ্কা রয়েছে তা দূর করতে কার্যকর উদ্যোগ নিতে হবে। এক্ষেত্রে রাজনৈতিক সদিচ্ছা ও জনসম্পৃক্ততা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেবল আমলানির্ভর উদ্যোগে কাঙ্ক্ষিত ফল আসবে না।

অনুষ্ঠানে বক্তব্য দেন ভূমিকম্প ও ভবন নকশা বিশেষজ্ঞ এবং বুয়েটের অধ্যাপক মেহেদী আহমেদ আনসারি। এছাড়াও বক্তব্য দেন নগর ও অঞ্চল পরিকল্পনাবিদ খন্দকার নিয়াজ রহমান, বুয়েটের অধ্যাপক ও বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের সাবেক সভাপতি ড. খন্দকার সাব্বির আহমেদ এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূ-তাত্ত্বিক বিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. সাখাওয়াত হোসেন।

সেমিনারে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক প্রকৌশলী মোশাররফ হোসেন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক প্রকৌশলী ইমরান হাবিব রুমন

মন্ত্রিসভার বৈঠক এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন পূর্বাচল নতুন শহর প্রকল্প ঢাকা উত্তর সিটির আওতাভুক্ত

এমপিদের জন্য শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। গতকাল বৃহস্পতিবার  রাতে জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ‘দ্য মেম্বার্স অব পার্লামেন্ট (রেমিউনারেশন অ্যান্ড অ্যালাওয়েন্সেস) (সংশোধন) আদেশ ২০২৬’-এর খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মন্ত্রিসভার অনুমোদন হওয়ায় এখন তা সংসদে বিল আকারে উঠবে। সংসদে অনুমোদন পেলে সংশোধিত আদেশ গেজেট আকারে প্রকাশের পর এমপিদের শুল্কমুক্ত গাড়ি আমদানি সুবিধা রহিত হয়ে যাবে। মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বর্তমান অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় নিয়ে সংসদ সদস্যদের জন্য বিদ্যমান শুল্কমুক্ত গাড়ি সুবিধা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতদিন ‘দ্য মেম্বার্স অব পার্লামেন্ট (রেমিউনারেশন অ্যান্ড অ্যালাওয়েন্সেস) অর্ডার, ১৯৭৩’- বা সংসদ সদস্যদের পারিতোষিক ও ভাতাদি আদেশ-১৯৭৩ এর অনুচ্ছেদ ৩সি অনুযায়ী এমপিরা শুল্কমুক্ত গাড়ি আমদানির সুযোগ পেতেন। নতুন সংশোধনী আইনের মাধ্যমে এই সুবিধা বাতিল করা হচ্ছে।

সরকারি ব্যাখ্যায় বলা হয়েছে, অর্থনৈতিক চাপ ও রাজস্ব ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনতে এ ধরনের ব্যয়সংকোচনমূলক সিদ্ধান্ত নেওয়া জরুরি হয়ে পড়েছে। একই সঙ্গে রাষ্ট্রের ব্যয় কমানো এবং ন্যায্যতার ভিত্তিতে সুযোগ-সুবিধা পুনর্বিন্যাসের অংশ হিসেবেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

মন্ত্রিসভার বৈঠকে মোট পাঁচটি গুরুত্বপূর্ণ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে আছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকাকে ঢাকা উত্তর সিটি করপোরেশন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও ঢাকা ওয়াসার আওতায় আনার প্রস্তাব। পাশাপাশি প্রশাসনিক সুবিধার জন্য প্রকল্পের কিছু অংশ ঢাকা জেলায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।
এ ছাড়া জাতীয় চা দিবসের তারিখ পরিবর্তন করে আন্তর্জাতিক দিবসের সঙ্গে সামঞ্জস্য রেখে ২১ মে নির্ধারণের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। আগে দেশে ৪ জুন দিবসটি পালিত হতো। বৈঠকে আরও দুটি গুরুত্বপূর্ণ আইনি সংশোধনী অনুমোদন দেওয়া হয়। এর একটি হলো বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ও কমিশনারদের নিয়োগে সর্বোচ্চ বয়সসীমা ৬৫ বছর শর্ত বাতিল। অন্যটি বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান ও সদস্যদের ক্ষেত্রেও বয়সসীমা সংক্রান্ত বিধিনিষেধ তুলে নেওয়া। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারের মতে, এসব পরিবর্তনের ফলে
সংশ্লিষ্ট খাতে দক্ষ ও অভিজ্ঞ ব্যক্তিদের নিয়োগের সুযোগ বাড়বে।