Home Blog Page 132

দেশে ফিরেছেন ১৭ হাজার ৬৮৯ হাজি, মারা গেছেন ৪২

পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে এখন পর্যন্ত ৪৩টি ফিরতি ফ্লাইটের মাধ্যমে মোট ১৭ হাজার ৬৮৯ জন বাংলাদেশি হাজি দেশে ফিরেছেন। এছাড়া সৌদি আরবে হজ করতে গিয়ে এখন পর্যন্ত ৪২ জন হাজি মৃত্যুবরণ করেছেন। তাদের মধ্যে ২৭ জন পুরুষ এবং ১৫ জন নারী রয়েছেন। এর মধ্যে ৩২ জন মক্কায় এবং ১০ জন মদিনায় মারা গেছেন।

আজ মঙ্গলবার পর্যন্ত এ তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, এ বছর হজের আনুষ্ঠানিকতা শেষ হয় গত ২৬ জুন।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নির্ধারিত তিনটি বিমান সংস্থা হজের ফিরতি ফ্লাইট কার্যক্রম পরিচালনা করছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১০টি, সাউদিয়া এয়ারলাইনসের ১৫টি এবং ফ্লাইনাস এয়ারলাইনসের ১৮টি ফ্লাইটে করে হাজিরা দেশে ফেরেন।

এদিকে হজ অফিস জানায়, ফেরত আসা হাজিদের মধ্যে ২ হাজার ৮২ জন সরকারি এবং ১৫ হাজার ৬০৭ জন বেসরকারি ট্রাভেল এজেন্সির ব্যবস্থাপনায় দেশে এসে পৌঁছেছেন।

উল্লেখ্য, এ বছরের ১৮ এপ্রিল প্রথম ফ্লাইটের মাধ্যমে হজ কার্যক্রম শুরু হয় এবং শেষ হয় ২১ মে। আর ফিরতি হজ ফ্লাইট শুরু হয়েছে গত ৩০ মে থেকে। এটি চলবে আগামী ৩০ জুন পর্যন্ত।

ট্রাম্পের সঙ্গে উত্তপ্ত ফোনালাপ লেবাননে বড় সামরিক অভিযান স্থগিত নেতানিয়াহুর

লেবাননের রাজধানী বৈরুতে পরিকল্পিত একটি বড় সামরিক অভিযান শেষ মুহূর্তে স্থগিত করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টেলিফোনে উত্তপ্ত আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

বার্তাসংস্থা সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প ও নেতানিয়াহুর মধ্যকার টেলিফোন আলাপ ছিল অত্যন্ত উত্তপ্ত। আলোচনার সময় দুই নেতার মধ্যে তীব্র বাক্যবিনিময় হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

প্রতিবেদনে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রের একাধিক কর্মকর্তার দাবি অনুযায়ী, ট্রাম্প আলোচনার সময় নেতানিয়াহুর সামরিক পরিকল্পনা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জোরালো অবস্থান নেন।

এদিকে সোমবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় ট্রাম্প জানান, তিনি নেতানিয়াহুকে বৈরুতে বড় ধরনের অভিযান পরিচালনা না করার আহ্বান জানান। তার দাবি, আলোচনার পর ইসরায়েলি বাহিনী অগ্রসর হওয়ার পরিকল্পনা থেকে সরে আসে।

এর আগে নেতানিয়াহু সতর্ক করে বলেছিলেন, হিজবুল্লাহর হামলা অব্যাহত থাকলে বৈরুতের বিভিন্ন লক্ষ্যবস্তুতে অভিযান চালানো হবে।

ডোনাল্ড ট্রাম্প আরও দাবি করেন, তিনি হিজবুল্লাহর প্রতিনিধিদের সঙ্গেও আলোচনা করেছেন এবং উভয় পক্ষই হামলা বন্ধ রাখতে সম্মত হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, ইসরায়েল ও হিজবুল্লাহ উভয়েই সংঘর্ষ থেকে বিরত থাকার আশ্বাস দিয়েছে।

অন্যদিকে, ইরানের সঙ্গে আলোচনার সম্ভাবনা নিয়ে এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, আলোচনা বন্ধ হয়ে গেলেও তিনি তা নিয়ে উদ্বিগ্ন নন। তার মতে, কূটনৈতিক আলোচনার পথ সবসময় উন্মুক্ত থাকা উচিত এবং পরিস্থিতি আরও জটিল করার মতো পদক্ষেপ এড়ানো প্রয়োজন।

উল্লেখ্য, গত কয়েক দিনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি সামরিক হামলার ঘটনা ঘটেছে, যা প্রায় দুই মাস আগে প্রতিষ্ঠিত যুদ্ধবিরতির ওপর নতুন চাপ সৃষ্টি করেছে।

তীব্র তাপপ্রবাহে পুড়ছে ৪০ জেলা

প্রচণ্ড রোদ আর তাপমাত্রা বেড়ে সর্বত্রই বিরাজ করছে তীব্র গরম। ঘরে-বাইরে কোথাও স্বস্তি নেই। প্রখর রোদে পথঘাট সবকিছুই উত্তপ্ত। তীব্র এই গরমে বেশি ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া ও শ্রমজীবী মানুষ। রাস্তাঘাটে লোকজন কম বের হওয়ায় আয় কমেছে তাদের। ফলে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। শুধু তাই নয়, গরমে হাঁসফাঁস করছে প্রাণিকুলও।

আজ মঙ্গলবার সকালে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকাসহ দেশের ৪০ জেলায় তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। এ ছাড়া চার বিভাগের বিভিন্ন জায়গায় বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি। পাশাপাশি তিন বিভাগে ভারী বর্ষণ হতে পারে। এ ছাড়া ঢাকা, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর, গোপালগঞ্জ, ময়মনসিংহ, চাঁদপুর ও লক্ষ্মীপুর, রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। আগামী ২৪ ঘণ্টায় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

বৃষ্টি নিয়ে আবহাওয়া অধিদপ্তর জানায়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশটি পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিরাজমান রয়েছে। আগামী ৭২ ঘণ্টার মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমীবায়ু টেকনাফ উপকূল পর্যন্ত অগ্রসর হতে পারে— এমন পরিস্থিতিতে চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এদিকে গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে খুলনায় ৩৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে কুমিল্লায় ৫৪ মিলিমিটার।

তোফায়েল আহমেদের দ্বিতীয় জানাজা সম্পন্ন

উনসত্তরের গণঅভ্যুত্থানের অগ্রসৈনিক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক মন্ত্রী ও প্রবীণ রাজনীতিবিদ তোফায়েল আহমেদের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে। এ ছাড়া তার মরদেহে গার্ড অব অনার দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার বাদ জোহর ভোলা সরকারি স্কুল মাঠে অনুষ্ঠিত জানাজায় বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ অংশ নেন এবং তাকে শেষ শ্রদ্ধা জানান।

জানাজা শেষে তোফায়েল আহমেদের মরদেহ ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের কোড়ালিয়া গ্রামের পারিবারিক কবরস্থানে নেওয়া হয়। সেখানে আরেক দফা জানাজা বাবা-মায়ের কবরের পাশে তাকে দাফন করা হবে।

জীবদ্দশায় নিজের জন্মভূমি ভোলার মাটিতে চিরনিদ্রায় শায়িত হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন তোফায়েল আহমেদ, পরিবারের সদস্যরা সেই ইচ্ছাই পূরণ করছেন।

এর আগে রাজধানী থেকে হেলিকপ্টারযোগে তোফায়েল আহমেদের মরদেহ ভোলায় আনা হয়। ভোলা সরকারি স্কুল মাঠে জানাজায় রাজনৈতিক নেতারা, প্রশাসনের কর্মকর্তা, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।

গতকাল সোমবার বিকেলে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তোফায়েল আহমেদ। এরপর গতকাল সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডির তাকওয়া মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

আদালতে রামিসার বাবা-মায়ের রোমহর্ষক বর্ণনা

রাজধানীর পল্লবীতে আট বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যা মামলায় আদালতে সাক্ষ্য দিয়েছেন মামলার বাদী ও ভিকটিমের বাবা আব্দুল হান্নান মোল্লা এবং মা পারভীন আক্তার। এ সময় আদালতে রোমহর্ষক বর্ণনা দেন তারা।

আজ মঙ্গলবার ঢাকার মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে তারা এই সাক্ষ্য দেন। সাক্ষ্য দিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা। অসুস্থ বোধ করায় আদালতের অনুমতি নিয়ে চেয়ার বসে সাক্ষ্য দেন তিনি।

আদালতে তিনি বলেন, ঘটনার দিন ১৯ মে সকাল সাড়ে ৯টার দিকে অফিসের উদ্দেশে বাসা থেকে বের হন। ক্যান্টনমেন্ট হয়ে বনানী কাকলীতে পৌঁছে অফিসে যাওয়ার পর স্ত্রী পারভীন আক্তারের ফোন পেয়ে দ্রুত বাসায় ফিরে আসেন। বাসায় এসে দেখেন ভবনের সামনে অনেক লোকজন জড়ো হয়েছে। পরে তৃতীয় তলায় আসামিদের ফ্ল্যাটের সামনে গেলে স্ত্রী জানান, রামিসা পাশের ফ্ল্যাটের ভেতরে আটকা রয়েছে। আশপাশের লোকজন দরজা খুলতে ব্যর্থ হয়ে ভাঙার চেষ্টা করেন। একপর্যায়ে ভেতর থেকে দরজার মূল লক খুলে দেন আসামি সোহেল রানার স্ত্রী স্বপ্না খাতুন। পরে সবাই ঘরের ভেতরে প্রবেশ করলে তিনি টয়লেটের সামনে রক্ত দেখতে পান। স্বপ্না খাতুন তখন সেখানে দাঁড়িয়ে ছিলেন। পরে আসামিদের ব্যবহৃত কক্ষের স্টিলের খাট উঁচু করে নিজের মেয়ের বিচ্ছিন্ন মাথা দেখতে পেয়ে জ্ঞান হারিয়ে ফেলেন বলে আদালতে জানান তিনি।

তিনি আরও বলেন, পুলিশ এসে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করার পর তিনি থানায় গিয়ে ঘটনার বিষয়ে এজাহার দায়ের করেন।

জেরাকালে আসামিপক্ষের আইনজীবী বিভিন্ন প্রশ্ন করেন। ঘটনার সময় ও অফিস থেকে বাসায় ফেরার সময় ও এবং পুরো ঘটনা নিজ চোখে দেখেছেন কি না জানতে চাইলে তিনি বলেন, “আমি যতটুকু দেখেছি, তা-ই বলেছি।” আসামিদের সঙ্গে পূর্ব পরিচয় বা শত্রুতা ছিল কি না জানতে চাইলে তিনি তা অস্বীকার করেন। সাক্ষ্য শেষে তিনি পুলিশের সহায়তায় বিমর্ষ অবস্থায় আদালত ত্যাগ করেন।

এদিকে আদালতে সাক্ষ্য দেন রামিসার মা পারভীন আক্তারও। তিনি বলেন, ঘটনার দিন সকালে রান্নার কাজ করছিলেন। বড় মেয়ে রাইসাকে ছোট মেয়ে রামিসাকে নিয়ে চাচার বাসায় যেতে বলেন। পরে রান্নাঘরে থাকা অবস্থায় শিশুদের শব্দ না পেয়ে তিনি ধারণা করেন তারা চলে গেছে। কিছুক্ষণ পর তিনি চিৎকারের শব্দ শুনলেও সেটি দূরে মনে হয়েছিল বলে জানান। পরে গেটের সামনে গিয়ে দরজা খোলা দেখতে পান।

বড় মেয়ে ফিরে এলে রামিসাকে না পেয়ে ভবনের বিভিন্ন তলায় খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে তৃতীয় তলায় আসামিদের ফ্ল্যাটে গিয়ে বারবার দরজা ধাক্কা দিলেও কেউ খুলছিল না। তিনি জানান, দরজার নিচে রামিসার জুতা দেখতে পান। এরপর চিৎকার শুরু করলে ভবনের লোকজন জড়ো হয় এবং তিনি স্বামীকে ফোন দেন। আশপাশের লোকজন উঁকি দিয়ে কিছু দেখতে না পেলেও রাজু নামে এক যুবক ভিডিও করলে দেখা যায়, ভেতরে স্বপ্না খাতুন হাঁটাহাঁটি করছেন। একপর্যায়ে দরজা ভেঙে ভেতরে ঢুকে বাথরুমে রক্ত দেখতে পান সবাই।

পারভীন আক্তার বলেন, তিনি বারবার স্বপ্না খাতুনকে দরজা খুলতে বললেও তিনি দরজা খোলেননি। পরে পুলিশ এসে রক্তাক্ত অবস্থায় মরদেহ উদ্ধার করে। আদালতে কাঠগড়ায় থাকা স্বপ্না খাতুনকে দেখিয়ে তিনি বলেন, “ওরে ওই সময় বলছি, বোন দরজা খুলে দে।” এ ছাড়া আসামি সোহেল রানাকে দেখিয়ে তিনি বলেন, “ধর্ষণ ও হত্যাও করেছে।”

জেরাকালে আসামিপক্ষের আইনজীবীর প্রশ্নের জবাবে তিনি বলেন, সোহেল রানা খুন করেছেন এবং তার স্ত্রী স্বপ্না খাতুন তাকে সহযোগিতা করেন। এ ছাড়া সোহেল গ্রিল কেটে পালিয়েছে বলে আশপাশের লোকজনের কাছে শুনেছেন বলেও আদালতকে জানান তিনি।

সাক্ষ্য গ্রহণ শেষে মামলার পরবর্তী কার্যক্রমের দিন ধার্য করেন আদালত।

চিত্রনাট্য একই, ইসলাম অবমাননা, শুধু স্থান-কাল পাত্র ভিন্ন

শিতাংশু গুহ, নিউইয়র্ক।। চিত্রনাট্য একই, ইসলাম অবমাননা, শুধু স্থান-কাল পাত্র ভিন্ন। ইসলাম ধর্ম অবমাননা একটি ফাঁদ, হিন্দুদের বিরুদ্ধে এই ফাঁদটি ব্যবহৃত হয়, প্রায়শ: পরিকল্পিত। লক্ষ্য হিন্দুদের দেশত্যাগ করানো, ধর্মান্তরকরন, চাকুরীচ্যুতি, সম্পত্তি দখল, অথবা ব্যক্তিস্বার্থ চরিতার্থ করা। এতে ধর্মের কোন বিষয় নেই, বরং ধর্মকে ব্যবহার করে স্বার্থসিদ্ধি। এটি নুতন ধান্ধা? খুব যে নুতন তাও নয়, ২০১২ সালে ‘রামু’র ঘটনা থেকে এর নুতন করে যাত্রা শুরু। বাংলাদেশের প্রেক্ষিতে এটুকু বলা যায়, হিন্দুরা বাংলাদেশে ইসলাম বা নবীর অবমাননা করেনা, এতটা সাহস তাদের নেই, রুচিও নেই। একশ্রেণীর মুসলমানই ইসলামের অবমাননা করে থাকে, যেমন রামু, নাসিরনগর, কুমিল্লার ঘটনা, প্রতিটি ক্ষেত্রে একজন মুসলমান হিন্দু নাম নিয়ে ইসলামের অবমাননা করেছে। নাসিরনগরে জাহাঙ্গীর কাবার ওপর শীবের মুর্ক্তি স্থাপন করেছিলো, ইকবাল কুমিল্লায় হনুমানের কোলে কোরান রেখেছিলো-এগুলো পরিকল্পিত ঘটনা, এবং হিন্দুদের ফাঁসানো জন্যেই তা করা হয়। আপাতত:তিনদিনে ঘটে যাওয়া ৩টি ঘটনা দেখি:

মিঠু মণ্ডলকে ধর্ম অবমাননার অভিযোগে জোর করে পদত্যাগ করানো হয়েছে: গোপালগঞ্জে মিঠু মণ্ডলকে ধর্ম অবমাননার অভিযোগে প্রথমে আটক করা হয়, এবং এরপর স্কুলের চাকুরী থেকে জোর করে পদত্যাগ করানো হয়। তিনি কোটালীপাড়ায় পিঞ্জরী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার ল্যাব অপারেটর পদে কর্মমত ছিলেন। সনাতন টিভি মিঠু মন্ডলের হাতের লেখা পদত্যাগ পত্রটি প্রকাশ করেছে। মিঠু মণ্ডল এটি স্বাক্ষর করেছেন ২১শে মে ২০২৬। প্রধান শিক্ষক বরাবরে দেয়া এ পদত্যাগ পত্রে তিনি লিখেছেন, ‘আমি ইসলাম ধর্ম সম্পর্কে কটূক্তি করায় জনরোষের জন্যে কম্পিউটার ল্যাব অপারেটর পদ থেকে পদত্যাগ করছি’। তাঁর পদত্যাগ গৃহীত হয়েছে। তবে মিঠু ঠিক কি বলেছিলেন তা স্পষ্ট নয়। সামাজিক মাধ্যমে জানা যায়, মিঠু নাকি বলেছেন যে, বিশ্বকাপ ফুটবলে কে জিতবে তা আল্লাও জানেনা’। পাঠক, এ মুহূর্তে বিশ্বকাপ ফুটবল নিয়ে বিশ্বব্যাপী উন্মাদনা চলছে তা সবার জানা।

স্ত্রীর সাথে মিঠু
স্ত্রীর সাথে মিঠু
মিঠুর হাতেলেখা পদত্যাগ পত্র
মিঠুর হাতেলেখা পদত্যাগ পত্র

ভোররাতে আজানে হিন্দুদের অসুবিধা হয় বলায় গৌরাঙ্গ সরকার গ্রেফতার

গৌরাঙ্গ সরকার, ৪৫ সাতক্ষীরার বল্লি মোঃ মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। ক্লাশে পড়াতে গিয়ে কোন প্রসঙ্গে তিনি বলেন, রাতে (১২-৬টা) মাইকে আজান দিলে অনেকের অসুবিধা হয়। সাথে যোগ দেন, মন্দিরের মাইকে বাদ্যযন্ত্র বাজালেও অসুবিধে হয়। এ কথায় নাকি ধর্ম অবমাননা হয়েছে! দৈনিক সাতক্ষীরার সময় এবং সাতক্ষীরা ভিশন জানিয়েছে যে, পুলিশ তাঁকে গ্রেফতার করেছে। তাঁর চাকুরিটি গেছে। দি বিজ্নেস ষ্ট্যাণ্ডার্ড পত্রিকা ২০শে মে ২০২৬ লিখেছে, গৌরাঙ্গ সরকার হিন্দুদের অসুবিধা হবার কারণে মাইকে উচ্চস্বরে ফজরের আজান (ভোররাতে) বন্ধ করার কথা বলেছেন। সনাতন মিডিয়া গৌরাঙ্গকে গ্রেফতারের ছবি ছাপিয়েছে। সাতক্ষীরা থানায় মামলা হয়েছে ১৯শে মে ২০২৬, মামলার নাম্বার ৪১, সেকশান ২৯৫ক/২৯৮। গৌরাঙ্গ কানধরে জনগণের উদ্দেশ্যে মাফ চান, ঘটনার সূত্রপাত ১৭ই মে ২০২৬ নবম শ্রেণীর অংক ক্লাশে। দি বিজ্নেস টাইমস এ ব্যাপারে একটি বিশদ রিপোর্ট করেছে।

image

শাওন নাকি কোরানের অবমাননা করেছে?

দিপু চন্দ্র দাসের পর এবার শাওন চন্দ্র দাস, ২৩! চিত্রনাট্য একই, ধর্মীয় অবমাননা। স্থান ময়মনসিংহ। শাওন নাকি তার ‘ইমো’ একাউন্টে ‘কোরান’ নিয়ে আপত্তিকর কথা বলেছেন। স্থানীয় তৌহিদী জনতা এতে ক্ষিপ্ত হয়ে উঠে, শাওন পালিয়ে যায়, একদিন পর পুলিশ তাঁকে ঢাকার তেজগাঁও থেকে গ্রেফতার করে। জি নিউজ ইংলিশ জানিয়েছে, শাওন মাঝিপাড়া, গৌরীপুরের সাধন চন্দ্র দাসের পুত্র। ভয়েস অফ মাইনরিটি শাওনের বাড়ীঘর ভাংচুরের খবর দিয়েছে।

image 1image 2

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

বাধ্য হয়েই দেশের বাজারে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। আন্তর্জাতিক বাজারে দাম কমলে দেশের বাজারেও দ্রুত কমানো হবে বলেও জানান তিনি।

আজ সোমবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান জ্বালানি প্রতিমন্ত্রী।

গতকাল রোববার রাতে ডিজেল ছাড়া অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারে ৫ টাকা বাড়ানো হয়, যা আজ সোমবার থেকে কার্যকর হয়েছে।এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে প্রতিমন্ত্রী বলেন, ‘আপনারা জানেন যে প্রতিমাসে মূল্য সমন্বয় হয়। মে মাসে মূল্য সমন্বয় হয়নি যেহেতু এপ্রিল মাসে একটি অ্যাডজাস্টমেন্ট (সমন্বয়) করা হয়েছিল।’

তিনি বলেন, ‌‘আমরা একটি কথা কিন্তু বারবার বলবার চেষ্টা করেছি যে, একান্ত যখন উপায়হীন হবে সরকার তখনই এ ধরনের অপ্রিয় কিছু সিদ্ধান্ত হয়তো বা সরকার নিতে বাধ্য হবে। তো মিডল ইস্ট ক্রাইসিসের কারণে এ ধরনের বাস্তবতা এসেছে।’

দেশে জ্বালানির ৬৬ শতাংশ ডিজেল জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘এটার পেছনেই সবচেয়ে বেশি ভর্তুকি সরকারকে দেওয়া লাগে। কিন্তু তারপরেও কিন্তু এটা আনটাচড। ফর হোয়াট রিজন? সাধারণ মানুষ যেন কোনোভাবে অ্যাফেক্টেড না হন। কিন্তু আমি যেটা বলেছি, আমরা উপায়হীন। এটা আমি শুধু বলছি না, আমার তুলনায় আপনারাও ভালো জানেন। সে ক্ষেত্রে কিছু কিছু জায়গায় বাধ্য হয়ে কিছু অ্যাডজাস্টমেন্ট (সমন্বয়) করতে হচ্ছে।’

তেলের দাম কি পর্যায়ক্রমে আসলে বাড়বে নাকি সমন্বয় হবে? এমন প্রশ্নে প্রতিমন্ত্রী বলেন, ‘না, না, আমি খুব স্পষ্ট করে বলতে পারি যে আমরা তো আশাবাদী যে মিডল ইস্ট ক্রাইসিস অচিরেই রিজলভ (মধ্যপ্রাচ্য সংকট সমাধান) হবে। আমি খুব দায়িত্ব নিয়েই বলতে পারি যদি গ্লোবাল প্রাইস মানে শার্পলি ডিক্লাইন করে আমরাও খুব শার্পলি এটা অ্যাডজাস্ট (আন্তর্জাতিক বাজারে কমলে দেশের বাজারেও কমবে) করবার চেষ্টা করব।’

মানুষের অতীত অভিজ্ঞতা সুখকর নয় জানিয়ে অনিন্দ্য ইসলাম বলেন, ‘মানে বাড়ে যেভাবে হয়তো বা সেভাবে কমে না। কিন্তু আমি এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি যদি এই ক্রাইসিস রিজলভ হয় এবং আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য কমে আসে আপনি নিশ্চিত থাকতে পারেন, যেহেতু এটা নির্বাচিত সরকার, জনগণের প্রতি আমাদের একটি দায়বদ্ধতা রয়েছে, সেই দায়বদ্ধতার জায়গা থেকে জনগণের কষ্ট লাঘবের জন্য আমরা তড়িৎ সিদ্ধান্ত নেব ইনশাআল্লাহ।’

চঞ্চলের ভিজিটিং কার্ডে যা থাকা উচিত, জানালেন জয়া

দেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীর জন্মদিন আজ ১ জুন। বিশেষ এদিনে ভক্ত-শুভাকাঙ্ক্ষী শুভেচ্ছায় ভাসছেন তিনি। তাকে ঘিরে ফেসবুকে সহশিল্পীরাও লিখে যাচ্ছেন নানা কথা। তাদের মধ্যে একটি ব্যতিক্রমী শুভেচ্ছাবার্তা দিয়েছেন অভিনেত্রী জয়া আহসান।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া সেই পোস্টে জয়া মজার ছলে চঞ্চলের ভিজিটিং কার্ডে থাকা উচিত- এমন তিনটি ‘পেশা’র কথা উল্লেখ করেন।

জয়ার ভাষ্য অনুযায়ী, চঞ্চলের পরিচয়ের তালিকায় প্রথমেই থাকবে ‘স্ট্যান্ড-আপ কমেডিয়ান’। দ্বিতীয়- ‘দুরন্ত ড্রাইভার’। আর তৃতীয় নম্বরে থাকবে তার প্রকৃত পেশা ‘অভিনেতা’।

রসিকতাপূর্ণ এই মন্তব্যের মধ্যদিয়ে জয়া আসলে চঞ্চলের বহুমাত্রিক ব্যক্তিত্বের প্রশংসা করেছেন। পোস্টের শেষাংশে তিনি চঞ্চলকে অভিনয়ের জাদুকর এবং অভিনয়শিল্পের এক বিস্ময় বলেও উল্লেখ করেন।

বলা দরকার, জয়া ও চঞ্চলের দীর্ঘদিনের বন্ধুত্ব এবং পেশাগত সম্পর্ক দর্শকদের কাছেও সুপরিচিত। ‘দেবী’ সিনেমায় তাদের জুটি বিশেষভাবে প্রশংসিত হয়েছিল। হুমায়ূন আহমেদের জনপ্রিয় উপন্যাস অবলম্বনে নির্মিত সিনেমাতে জয়া অভিনয় করেছিলেন রাণু চরিত্রে আর চঞ্চল পর্দায় জীবন্ত করে তুলেছিলেন কিংবদন্তি চরিত্র মিসির আলিকে।

চঞ্চল চৌধুরীর জন্মদিনের জয়ার এমন শুভেচ্ছাবার্তা শুধু একটি শুভেচ্ছা নয়, বরং দীর্ঘদিনের বন্ধুত্ব, পারস্পরিক শ্রদ্ধা এবং সহকর্মীর প্রতি ভালোবাসারই এক উষ্ণ প্রকাশ হিসেবে দেখছেন নেটিজেনরা।

৭৮ দিনে হাম ও উপসর্গে প্রাণহানি ৫৮৮

সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। এই নিয়ে গত ৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ জন শিশুর মৃত্যু হয়েছে।

আজ সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়। এই হিসাব গতকাল রোববার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে ৩ শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত কোনো শিশুর মৃত্যু হয়নি। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ১৭৯টি শিশু। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে মোট ৪৯৮ জন শিশুর মৃত্যু হয়েছে। আর নিশ্চিত হামে আক্রান্ত হয়ে ৯০ জন শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ৫৮৮ জন শিশু মারা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় ৪৫ জন শিশু হামে আক্রান্ত হয়েছে, আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ১ হাজার ১৩৪। এই সময়ে ১ হাজার ১৬ জন শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৮৮১ জন শিশু।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৭২ হাজার ৭০ জন, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৯ হাজার ৯৪ জন। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ৫৭ হাজার ৯০২ রোগী, যাদের মধ্যে ইতোমধ্যে বাড়ি ফিরেছে ৫৩ হাজার ৭২২ জন।

লেবাননে ইসরায়েলের আগ্রাসন বন্ধে সব করবে ইরান: ইসমাইল বাঘাই

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মধ্যপ্রাচ্য যুদ্ধ অবসান ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যেকোনো চুক্তিতে পৌঁছানোর ক্ষেত্রে লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়াটা অন্যতম প্রধান শর্ত। ইসরায়েলের বিরুদ্ধে যেকোনো প্রতিরোধমূলক পদক্ষেপ নিতেও হিজবুল্লাহকে সমর্থন দেবে তেহরান।

সোমবার নিয়মিত সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, ‘আমরা জোর দিয়ে বলছি, যুদ্ধ অবসানের লক্ষ্যে যেকোনো চুক্তির জন্য লেবাননে যুদ্ধবিরতি একটি অপরিহার্য শর্ত।’

ইরানের পক্ষ থেকে এমন বার্তার দিনেই লেবাননের রাজধানী বৈরুতের শহরতলীতে বিমান হামলা চালানোর নির্দেশ দিয়েছেন বেনিয়ামিন নেতানিয়াহু। তাঁর এই নির্দেশের আগে ইসরায়েলি সেনারা ঐতিহ্যবাহী দুর্গ বোফোর্টের দখল নেয়। এরপর এক বিবৃতিতে নেতানিয়াহু বলেন, ‘এখন আমার নির্দেশ হলো হিজবুল্লাহর নিয়ন্ত্রণে থাকা এলাকাগুলোতে দখল আরও জোরালো ও সম্প্রসারিত করা।’

হিজবুল্লাহ ইরানের অন্যতম ঘনিষ্ঠ মিত্র। ইসমাইল বাঘাই বলেন, ‘জায়নবাদী শাসকগোষ্ঠীর অবৈধ আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলন ও লেবাননকে সমর্থন জোগাতে ইরান সব ধরনের পদক্ষেপ নেবে।’

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি সমঝোতায় পৌঁছানোর বিষয়ে যখন কূটনৈতিক তৎপরতা চলছে, তখনই ইসরায়েল লেবাননে আগ্রাসন জোরালো করেছে। এবার ইরানও হিজবুল্লাহ ও লেবাননকে সমর্থন দেওয়া অব্যাহত রাখার ঘোষণা দিল।

দীর্ঘদিন ধরে ওয়াশিংটনের চাওয়া, ইরান যেন তাদের আঞ্চলিক মিত্রদের সমর্থন দেওয়া বন্ধ করে। যুদ্ধ বন্ধের আলোচনার শুরুর দিকের প্রস্তাবগুলোতেও এ বিষয়টি শর্ত হিসেবে উল্লেখ ছিল।