Home Blog Page 148

ঢাকাস্থ বদলগাছী সমিতির ইফতার ও নবনির্বাচিত এমপিকে সংবর্ধনা

ঢাকাস্থ বদলগাছী সমিতির ইফতার ও নবনির্বাচিত এমপিকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার (১১ মার্চ)  ঢাকার পর্যটন কর্পোরেশনের রুফটপ রেস্টুরেন্টে ঢাকাস্থ বদলগাছী সমিতির  উদ্যোগে এ ইফতার মাহফিল ও সংবর্ধনা দেওয়া হয়।

সংবর্ধিত অতিথিদের মধ্যে ছিলেন- ফজলে হুদা বাবুল (নওগাঁ-৩), মো. আসিফ ইকবাল, জেলা দায়রা জজ, আইন কমিশন এবং বিশিষ্ট নজরুল সংগীত শিল্পী ইয়াসমীন মুস্তারী।

সমিতির সভাপতি ডা. এম এ কে আজাদ চৌধুরীর নেতৃত্বে সংগঠনের সিনিয়র সদস্যরা নবনির্বাচিত  এমপিসহ অতিথিদের ফুল দিয়ে সংবর্ধনা দেন । অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের যুগ্ম সম্পাদক সুমন হোসেন এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন ইসরাত জাহান ইশা।

পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয় । ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া করা হয় ।

সংসদের প্রথম অধিবেশনে ড. মুহাম্মদ ইউনূস

ত্রয়োদশ জাতীয় সংসদের ঐতিহাসিক প্রথম অধিবেশনে দর্শক গ্যালারিতে বসে সংসদীয় কার্যক্রম প্রত্যক্ষ করেছেন একঝাঁক বিশিষ্ট ব্যক্তিত্ব। উপস্থিত অতিথিদের মধ্যে অন্যতম ছিলেন সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং কন্যা জাইমা রহমানের সরব উপস্থিতি অধিবেশন কক্ষে নতুন এক আবহ তৈরি করে। তাঁদের সঙ্গে গ্যালারিতে আরও উপস্থিত ছিলেন প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান। প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও) এবং বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত ছবিতে তাঁদের হাস্যোজ্জ্বল উপস্থিতির দৃশ্যটি ফুটে ওঠে, যা রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে বেশ আলোচনার জন্ম দিয়েছে।

নেশা ছাড়ার চেষ্টায় সফল ড্যানিয়েল

অল্প বয়সে খ্যাতির চাপে নেশায় জড়িয়েছিলেন ‘হ্যারি পটার’ খ্যাত হলিউড তারকা ড্যানিয়েল র‍্যাডক্লিফ। তবে অন্ধকার সে জগত থেকে শেষ পর্যন্ত আলোর পথে ফিরতে পেরেছেন এ বিশ্বখ্যাত জনপ্রিয় অভিনেতা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ড্যানিয়েল প্রকাশ্যে আনেন তার শোবিজ দুনিয়ার ঝলমলে সাফল্যের আড়ালে লুকিয়ে থাকা কঠিন বাস্তবতাকে। অভিনেতা জানান, জনপ্রিয়তার চাপে একসময় সিগারেট ও মদ্যপানের নেশায় জড়িয়ে পড়েন তিনি।

ড্যানিয়েল বলেন, মাত্র ১৮ বছর বয়সেই আমি সিগারেট ও মদ্যপানে আসক্ত হয়ে পড়ি। ছোটবয়সে বিপুল জনপ্রিয়তা আমার উপর এক ধরনের চাপ তৈরি করেছিল। দর্শকদের কাছে আরও ভালোভাবে নিজেকে প্রমাণ করার তাগিদ থেকেই ধীরে ধীরে মদ্যপান ও ধূমপানের অভ্যাসে জড়িয়ে পড়ি আমি।

ড্যানিয়েল আরও বলেন, ২০১০ সালের দিকে শরীরে নানা অস্বাভাবিক পরিবর্তন লক্ষ্য করি। সমস্ত নেশা থেকে দূরে সরে যাওয়ার সিদ্ধান্ত নেই। এ লড়াই সহজ ছিল না। ২০১২ সালে আবারও নেশার দিকে ঝুঁকে পড়ি আর অস্বাভাবিকভাবে আমার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে।

নেশার দুনিয়া থেকে মুক্তি পাওয়ার প্রচেষ্টা প্রসঙ্গে এ অভিনেতা বলেন,

এরপর নেশা ছাড়ার দৃঢ় সংকল্প নেই। ফিটনেসের দিকে গুরুত্ব বাড়াই। অনেক কষ্টে সিগারেট ও অ্যালকোহল সম্পূর্ণভাবে ছেড়ে দেই। বর্তমানে কফি পানও অনেক কমিয়ে এনেছি।

শৈশবেই বিশ্বজোড়া খ্যাতি পাওয়া এ অভিনেতা তাই বর্তমানে শিশুশিল্পীদের জন্য সেটে থেরাপি ও মানসিক কাউন্সেলিং-এর গুরুত্ব নিয়ে সচেতনতা তৈরি করছেন। তার জীবনের গল্প জানাচ্ছেন। বার্তা ছড়িয়ে দিচ্ছেন, সঠিক সময়ে পরিবার ও বন্ধুদের সমর্থন থাকলে যেকোনো কঠিন নেশা থেকে মুক্তি পাওয়া সম্ভব।

তিন শর্তে যুদ্ধ থামাতে রাজি ইরান

চলমান সংঘাত বন্ধের বিষয়ে নীতিগতভাবে সম্মতি জানিয়েছে ইরান। তবে যুদ্ধ থামাতে তিনটি শর্ত দিয়েছে দেশটি।

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান রাশিয়া ও পাকিস্তানের নেতাদের সঙ্গে আলোচনার সময় এসব শর্ত তুলে ধরেন।

একই সঙ্গে তিনি স্পষ্ট করেছেন, এই শর্তগুলোর ব্যাপারে তেহরানের অবস্থান কঠোর এবং আপসহীন।

বুধবার (১১ মার্চ) রাশিয়া ও পাকিস্তানের শীর্ষ নেতাদের সঙ্গে আলোচনা শেষে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইরানের প্রেসিডেন্ট তার দেশের অবস্থান ব্যাখ্যা করেন।

পেজেশকিয়ান বলেন, আলোচনার সময় তিনি ইরানের অবস্থান পরিষ্কারভাবে তুলে ধরেছেন। তার দাবি, বর্তমান সংঘাতের জন্য দায়ী ‘জায়নিস্ট শাসকগোষ্ঠী’ ও যুক্তরাষ্ট্র, যারা পরিস্থিতিকে উসকে দিয়েছে।

যে তিন শর্তে যুদ্ধ বন্ধ করতে চায় ইরান

ইরানের প্রেসিডেন্টের দেওয়া শর্তগুলো হলো-

প্রথমত, আন্তর্জাতিক অঙ্গনে ইরানের বৈধ ও ন্যায্য অধিকারকে স্বীকৃতি দিতে হবে।

দ্বিতীয়ত, সাম্প্রতিক হামলার কারণে ইরানের যে ক্ষয়ক্ষতি হয়েছে তার জন্য ক্ষতিপূরণ প্রদান করতে হবে।

তৃতীয়ত, ভবিষ্যতে ইরানের বিরুদ্ধে যেন আর কোনো ধরনের সামরিক হামলা না ঘটে, সে বিষয়ে শক্তিশালী আন্তর্জাতিক নিশ্চয়তা দিতে হবে।

বিশ্বজুড়ে যখন এই সংঘাত থামাতে কূটনৈতিক তৎপরতা জোরদার হচ্ছে, ঠিক সেই সময়েই ইরানের প্রেসিডেন্টের এই মন্তব্য সামনে এসেছে।

অন্যদিকে রাশিয়া ইতোমধ্যে ইরানের শীর্ষ নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রেখেছে এবং পরিস্থিতি শান্ত করার জন্য কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।

তবে তেহরান তাদের ঘোষিত শর্তগুলো নিয়ে আপসহীন অবস্থান বজায় রাখায় সংঘাত নিরসনের কূটনৈতিক প্রচেষ্টা আরও জটিল হয়ে উঠতে পারে বলে বিশ্লেষকদের ধারণা।

দাপুটে জয়ে সিরিজ শুরু টাইগারদের

মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে বুধবার পাকিস্তানের বিরুদ্ধে ৫ উইকেট নিয়ে সতীর্থদের সঙ্গে মাঠ ছাড়ছেন টাইগার পেসার নাহিদ রানা

তিন মাস পর নিজেদের আঙিনায় আন্তর্জাতিক ক্রিকেট। সম্প্রতি ভারতের ভূরাজনীতির ফাঁদে পড়ে বাংলাদেশ টি২০ বিশ্বকাপ থেকে বঞ্চিত হলে যারা পাশে দাঁড়িয়েছিল প্রতিপক্ষ সেই পাকিস্তান। কেউ কেউ বলছেন, বাংলাদেশই পাকিস্তানের ফাঁদে পড়েছিল! সব মিলিয়ে বুধবার মিরপুরে সিরিজের প্রথম ওয়ানডে ঘিরে ছিল অন্যরকম আবহ। নাহিদ রানার আগুন ঝড়নো বোলিংয়ে ৮ উইকেটের বড় জয়ে সেই আবহ রাঙাল টাইগাররা।

দুপুরে টস জিতে ফিল্ডিং নেন অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। স্বাগতিকদের সাঁড়াশি বোলিংয়ের মুখে ৩০.৪ ওভারে ১১৪ রানে অলআউট শাহিন শাহ আফ্রিদির পাকিস্তান। জবাবে ওপেনার তানজিদ হাসান তামিমের (৪২ বলে অপরাজিত ৬৭) দারুণ ব্যাটিংয়ে ১৫.১ ওভারেই ২ উইকট হারিয়ে জয়ের উল্লাসে মাতে টাইগাররা। ৫ শিকারে পাকিদের বিপক্ষে দেশের হয়ে সেরা বোলিংয়ের রেকর্ড গড়ে ম্যাচসেরা নাহিদ রানা।
৭ ওভার বল করে দিয়েছেন মাত্র ২৪ রান। আর সবকিছু ছাপিয়ে তাই আলোচনায় কেন্দ্রে ছিলেন নাহিদ। তবু মাটিতে পা রাখছেন সেনসেশনাল এ ডানহাতি পেসার,‘আমি নিজেকে কোনো ব্র্যান্ড মনে করি না, আমি নিজেকে সাধারণ মানুষ মনে করি। ৫ উইকেট কাউকে ডেডিকেট করছি না।’ ম্যাচ শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলছিলেন নাহিদ। দলে সতীর্থ পেসারদের নিয়ে নাহিদ আরও বলেন,‘আমরা হচ্ছি ভাই-ব্রাদার টাইপের, মাঠের ভেতর যেমন আমরা মজা করি, মাঠের বাইরেও। সবাই সবাইকে সব সময় কনফিডেন্স দেওয়ার ট্রাই করে। এই বন্ডিংটা আমাদের মধ্যে খুবই ভালো।’ মিরপুরের স্লো উইকেটে বরাবরই বাড়তি সুবিধা পান স্পিনাররা। স্পিন স্বর্গেই এবার রীতিমতো আগুন ঝড়িয়েছেন নাহিদ রানা।

তরুণ এই পেসারের গতি আর বাউন্সে চোখে সর্ষে ফুল দেখেছেন মোহাম্মদ রিজওয়ান-সালমান আগারা! ক্যারিয়ারে প্রথমবার ওয়ানডেতে ফাইফার পেয়েছেন তিনি। ম্যাচ শেষে নাহিদকে নিয়ে পাকিস্তান অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি বলেন,‘আমার মনে হয় আমরা শুরুটা ভালোই করেছিলাম। কিন্তু এরপর নাহিদ এসে আমাদের চাপে ফেলে দেয়। কিন্তু পরে বল হাতে সত্যিই ভালো করেছি। প্রথম ম্যাচে যে ধরনের শুরু আমরা চেয়েছিলাম, তা পাইনি। এটি একটি তরুণ দল, আর আমি শেষ পর্যন্ত এই দলটির ওপর আস্থা রাখব।’ দলের হার নিয়ে তিনি বলেন,‘আপনি যখন একটি ম্যাচ হারেন, তখন অনেক বিষয়ই তুলে ধরা যায়। ওয়ানডে ক্রিকেটে ব্যাটিং এবং বোলিং দুই ক্ষেত্রেই পার্টনারশিপ খুবই গুরুত্বপূর্ণ।

এখনও দুটি ম্যাচ বাকি আছে, আর আমরা এখন পরের ম্যাচটির (শুক্রবার) দিকেই মনোযোগ দেব।’ বাংলাদেশ অধিনায়ক মিরাজ বলেন,‘প্রথম ১০ ওভারে আমরা কোনো উইকেট পাইনি, কিন্তু রানা যেভাবে বল করেছে, সে গুরুত্বপূর্ণ উইকেট এনে দিয়েছে। প্রথম কয়েক ওভারে তাসকিন এবং ফিজও খুব ভালো বল করেছে। রানা বারবার সঠিক জায়গায় বল ফেলেছে, আমরা তাকে সেটাই বলেছিলাম। সে কন্ডিশন ও উইকেট বুঝে সেই অনুযায়ী নিজের লেংথ ঠিক করেছে।’
দলের এমন হারের পর সংবাদ সম্মেলনে পাকিস্তানের কোচ মাইক হেসন বলেন,‘উইকেট ভালো ছিল, আমার মতে এটা (উইকেট) ভালো আচরণ করেছে। নাহিদ রানা অসাধারণ ছিল। সে বোলিংয়ে আসার আগ পর্যন্ত আমরা ঠিকঠাকই এগোচ্ছিলাম। সে এসে খেলাটা বদলে দিয়েছে। নাহিদ উইকেট টু উইকেট বল করেছে, বোলিংয়ে বৈচিত্র্য ছিল এবং তার গতিতে এটাই প্রত্যাশিত। আমাদের যেমন জবাব দেওয়ার কথা ছিল, সেটা দিতে পারিনি। তাই পুরোটাই নাহিদের কৃতিত্ব।’ নাহিদকেও প্রশংসায় ভাসিয়েছেন হেসন,‘আসলে প্রথমবার আমি তাকে লাইভ দেখলাম। টিভিতে অনেক দেখেছি।

আমি মনে করি, সে খুব সুন্দরভাবে বোলিং করেছে, এমনকি ওয়ার্ম-আপেও। তার টাইমিং ভালো হচ্ছিল। সে কঠিনভাবে উইকেটে বল ঢোকায়, সিম উপস্থাপন করে, ক্রস-সিম করে। সে খুবই প্রতিশ্রুতিশীল বোলার। আমরা এমন পেসের মুখোমুখি হই সবসময়। তবে সে ভালো জায়গায় বল করেছে, আক্রমণাত্মক ছিল, ভালো বাউন্সার করেছে। সে যা পেয়েছে, তা তার প্রাপ্য। আমি মনে করি, সে খুব ভালো বোলিং করেছে।’ নিজের শিষ্যদের ব্যাটিং পারফরম্যান্স নিয়ে হতাশা প্রকাশ করে হেসন বলেন, ‘লজ্জা করে কোনো লাভ নেই, বলতেই হবে এটা খুব হতাশাজনক ব্যাটিং পারফরম্যান্স। শুধু তরুণরাই যে বাজে খেলেছে এমন নয়, ভালো বোলিংয়ের সামনে আমাদের দক্ষতাগুলো কাজে আসেনি এবং আমরা খোলসে আবৃত হয়ে গিয়েছিলাম। আমাদের দ্রুত ঘুরে দাঁড়াতে হবে।’
ঘুরে দাঁড়াতে চান হেসন,‘তরুণদের শিখতে হবে এবং তাদের শেখার ও বড় হওয়ার সুযোগ দিতে হবে। আমরা চাই, তারা অভিষেকেই সেঞ্চুরি করে ফেলুক, কিন্তু আসলে তাদের কিছু কঠিন চ্যালেঞ্জের মধ্য দিয়ে যেতে হয়। তাই পরের ম্যাচগুলোতে আমাদের ধৈর্য দেখাতে হবে এবং ভালোভাবে লড়াই করতে হবে। এই পারফরম্যান্স নিয়ে একটু ভাবতে হবে। আমরা খারাপ ছিলাম তা অস্বীকার করব না, ব্যাটিংয়ে আমরা খোলসে ঢুকে গিয়েছিলাম। শুধু তরুণরাই নয়, আমাদের সবাইকে দাঁড়াতে হবে এবং ব্যাটিংয়ে ভালো পারফরম্যান্স দিতে হবে। পরের দুই ম্যাচে সেটাই চেষ্টা থাকবে।’
সংক্ষিপ্ত স্কোর: পাকিস্তান: ১১৪/১০ (৩০.৪ ওভার; সাহিবজাদা ২৭, সাদাকাত ১৮, শামিল ৪, রিজওয়ান ১০, সালমান ৫, তালাত ৪ ০, ফাহিম ৩৭,; তাসকিন ১/২৯, মুস্তাফিজ ১/১৮, মিরাজ ৩/২৯, নাহিদ ৫/২৪)  বাংলাদেশ: ১১৫/২ (১৫.২ ওভার; সাইফ ৪, তানজিদ ৬৭*, শান্ত ২৭, লিটন ৩*; আফ্রিদি ১/৩৫, ওয়াসিম ১/২৪) ফল: বাংলাদেশ ৮ উইকেটে জয়ী।

রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন আজ

সংসদের নতুন অধিবেশনকে কেন্দ্র করে বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল থেকে রাজধানীর শেরেবাংলা নগর এলাকার কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচলে পরিবর্তন আনা হচ্ছে। সম্ভাব্য যানজট এড়াতে নির্দিষ্ট কিছু মোড়ে ডাইভারশন কার্যকর করবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

বুধবার (১১ মার্চ) এক বিজ্ঞপ্তিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) বিকল্প পথে যানবাহন চলাচলের নির্দেশনা দিয়েছে।

এতে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সংসদ সদস্য, বিদেশি কূটনীতিক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও গণ্যমান্য ব্যক্তিরা সংসদ ভবনে গমনাগমন করবেন। এই অধিবেশন চলাকালীন উড়োজাহাজ মোড়, খেজুর বাগান, মানিক মিয়া এভিনিউ, আসাদগেট ও জুলাই স্মৃতি জাদুঘর (গণভবন) ক্রসিং দিয়ে স্বাভাবিকের চেয়ে বেশি সংখ্যক যানবাহন চলাচল করবে। এর ফলে সৃষ্ট সাময়িক অসুবিধা নিরসনকল্পে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ ডাইভারশনের মাধ্যমে যান চলাচল নিয়ন্ত্রণ করবে।

বিকল্প পথের নির্দেশনা:

ইন্দিরা রোড টু বেগম রোকেয়া সরণি-ইন্দিরা রোড থেকে উড়োজাহাজ মোড় হয়ে বেগম রোকেয়া সরণি অভিমুখী যানবাহন ডানে মোড় না নিয়ে সোজা মানিক মিয়া এভিনিউ হয়ে মিরপুর রোড দিয়ে গন্তব্যে পৌঁছাবে।

মানিক মিয়া এভিনিউ টু বেগম রোকেয়া সরণি- মানিক মিয়া এভিনিউ থেকে খেজুর বাগান হয়ে বেগম রোকেয়া সরণিগামী যানবাহন বামে মোড় না নিয়ে ফার্মগেট হয়ে গন্তব্যে পৌঁছাবে।

উড়োজাহাজ মোড় থেকে খেজুর বাগান পর্যন্ত সড়কের উভয় পার্শ্বে দক্ষিণ দিকে একমুখী যানবাহন চলাচল করবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সকল প্রকার যানবাহন চালকদের ১২ মার্চ সকাল ৮টা থেকে সকাল ১১টা পর্যন্ত যানজট এড়ানোর লক্ষ্যে উল্লিখিত নির্দেশনা অনুসরণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করছে।

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু আজ

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আজ বৃহস্পতিবার (১২ মার্চ) শুরু হচ্ছে।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের আহ্বানে বেলা ১১টায় সংসদের কার্যক্রম শুরু হবে। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এটিই হতে যাচ্ছে প্রথম সংসদ অধিবেশন।

সংসদের বিধি অনুযায়ী প্রথম দিনই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত হবেন। এরপর তাদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। একই দিনে সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি।

অধিবেশনকে ঘিরে বুধবার (১১ মার্চ) দুপুরে ক্ষমতাসীন দল বিএনপির সংসদীয় দলের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ‘সংসদের প্রথম অধিবেশনে বেশকিছু ঐতিহাসিক সিদ্ধান্ত হতে পারে।’

তিনি আরও জানান, আজকের অধিবেশনের পর আগামী ১৫ মার্চ আবার সংসদ বসবে, এরপর বিরতি হতে পারে। তার ভাষ্য, ‘সংসদ অধিবেশন শুরু হওয়ার পর জনপ্রত্যাশা, শহীদদের আকাঙ্ক্ষা এবং জুলাই সনদে যেসব বিষয়ে ঐকমত্য হয়েছে, সেগুলো ধারণ করেই সংসদের কার্যক্রম পরিচালিত হবে।’

অধিবেশন সামনে রেখে এরই মধ্যে জাতীয় সংসদ ভবন নতুন করে সাজানো হয়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দিন বিক্ষোভকারীরা সংসদ ভবনের দিকে ছুটে যান। তারা সেদিকে যাওয়ার বিভিন্ন সড়কে স্থাপন করা ব্যারিকেড ভেঙে ভেতরে ঢুকে মিছিল করেন।

ওই দিন সংসদ ভবন, সংসদ সদস্য ভবন (মানিক মিয়া ও নাখাল পাড়া), পুরোনো এমপি হোস্টেল, মন্ত্রী হোস্টেল, সচিব হোস্টেল এবং সংসদ ভবন আবাসিক এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। পরে সংসদ ভবন মেরামতের জন্য গণপূর্ত বিভাগ ও সংসদ সচিবালয় যৌথভাবে কাজ করে। এতে ব্যয় হয়েছে প্রায় শতকোটি টাকা।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯টি আসনের মধ্যে ২৯৭টির ফলাফল গেজেট আকারে প্রকাশ করে নির্বাচন কমিশন। এতে বিএনপি ২০৯টি আসন পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে।

অন্যদিকে জামায়াতে ইসলামী ৬৮টি আসন পেয়ে সংসদের বিরোধীদলের আসনে বসতে যাচ্ছে। অন্যান্য দল ও স্বতন্ত্র প্রার্থীরা বাকি আসনগুলোতে জয়ী হয়েছেন।

বিজয়ী সংসদ সদস্যদের শপথ গ্রহণের মধ্য দিয়ে জাতীয় সংসদ কার্যকর হয়। গত ১৭ ফেব্রুয়ারি সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর বিএনপি জোটের সংসদীয় দলের বৈঠকে তারেক রহমানকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচিত করা হয়।

অন্যদিকে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জোট তাদের সংসদীয় দলের বৈঠকে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানকে বিরোধীদলীয় নেতা এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে বিরোধীদলীয় চিফ হুইপ নির্বাচিত করে।

নাহিদ রানার গতির ঝড়ে ব্যাটিং বিপর্যয়ের মুখে পাকিস্তান

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে মাঠে নেমেছে বাংলাদেশ। বুধবার (১১ মার্চ) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে সফরকারীদের ব্যাটিংয়ে পাঠান টাইগার অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। শুরুটা ভালো করলেও বাংলাদেশি পেসার নাহিদ রানার তোপে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়েছে শাহীন আফ্রিদির দল।

আগে ব্যাট করতে নেমে সাবধানী শুরু করেন পাকিস্তানের দুই ওপেনার শাহিবজাদা ফারহান ও মাজ সাদাকাত। তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমানকে বেশ ভালোভাবেই সামলান তারা।

উদ্বোধনী জুটিতে ৪১ রান সংগ্রহ করেন এই দুই পাক ওপেনার। ইনিংসের দশম ওভারের শেষ বলে প্রথম উইকেট হারায় পাকিস্তান। ৩৮ বলে ২৭ রান করে নাহিদ রানার বলে আফিফি ক্যাচ দিয়ে সাজঘরে ফিরে যান শাহিবজাদা।

এরপর পাকিস্তান শিবিরে আরও জোড়া আঘাত হানেন নাহিদ। শামিল হুসাইন ৭ বলে ৪ ও সাদাকাত ২৮ বলে ১৮ রান করে আউট হন। নাহিদের এমন তোপে চাপে পড়েছে পাকিস্তান।

সালমান আগাকে সঙ্গে চাপ সামাল দেওয়ার চেষ্টা করে ব্যর্থ হন মোহাম্মদ রিজওয়ান। আবারও বাংলাদেশকে ব্রেক থ্রু এনে দেন নাহিদ। ২০ বলে ১০ রান করে ফিরে যান রিজওয়ান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৬ ওভারে ৪ উইকেট হারিয়ে ৬৪ রান সংগ্রহ করেছে পাকিস্তান।

ঈদে মুগ্ধতা ছড়াবেন রোজী সেলিম

রোজী সেলিম, বাংলাদেশের নাটক ও সিনেমার একজন ভীষণ গুণী অভিনেত্রী। বহুবছর নাটক সিনেমাতে পজিটিভ চরিত্রে অভিনয় করে দেশ-বিদেশের দর্শকের ভালোবাসায় যেমন সিক্ত হয়েছেন, ঠিক তেমনি সিনেমাতে খল-চরিত্রে অভিনয় করেও ভীষণ প্রশংসা কুড়িয়েছেন তিনি।
আগামী ঈদটাও রোজী সেলিমের বেশ বর্ণাঢ্যই বলা চলে। কারণ, আগামী ঈদে তাকে দেখা যাবে ওয়েব ফিল্মে এবং নাটকে এই সময়ের আলোচিত পরিচালকদের নাটকেও। আগামী ঈদে রোজী সেলিমকে দেখা যাবে ওয়েব ফিল্ম রেজাউর রহমান পরিচালিত ‘একসাথে আলাদা’রসহ মুহাম্দ মোস্তফা কামাল রাজের ‘ফ্যামিলি ম্যান’, তুষার খানের ‘হ্যাপি ডিভোর্স’ ও রাফাত মজুমদার রিংকুর একটি নাটকে। এছাড়াও তিনি আগামীকাল থেকে মাহমুদুর রহমান হিমির একটি নাটকের কাজ করবেন টানা তিনদিন। ঈদের প্রতিটি কাজ নিয়েই ভীষণ আশাবাদী রোজী সেলিম। রোজী সেলিম বলেন, ঈদে নিজের অভিনীত কাজ প্রচারে এলে নিঃসন্দেহে একজন শিল্পী হিসেবে সেটা নিজের ভেতরই ভালোলাগার সৃষ্টি করে।

কারণ, কাজগুলো প্রচারের পর দর্শকের প্রতিক্রিয়ার জন্য এখনো প্রথম জীবনের কাজগুলোর মতোই আমি অপেক্ষা করি। এবারের ঈদের ওয়েব ফিল্মটি নিয়ে যেমন আমি ভীষণ আশাবাদী। আশাবাদী রাজ, রিংকু, তপু খানের নাটক নিয়েও। হিমির নাটকটিও ভালো হওয়ার কথা। কারণ, গল্পটা ভীষণ সুন্দর। দর্শকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। কারণ, এখনো দর্শক আমাকে নানাভাবে, নানা মাধ্যমে আমার অভিনীত নাটক সিনেমার জন্য অনুপ্রেরণা জোগান।
প্রথমবার ‘পরাণ’ সিনেমাতেই খল-চরিত্রে অভিনয় করেই রোজী সেলিম দর্শকের ভালোবাসায় সিক্ত হয়েছেন। সহশিল্পীরাও ‘পরাণ’ সিনেমায় তার চরিত্রটি নিয়ে ভূঁয়সী প্রশংসা করেছিলেন। সর্বশেষ গত বছর ঈদে মুক্তিপ্রাপ্ত ‘টগর’ সিনেমাতেও খল-চরিত্রে অভিনয় করে প্রশংসিত হন রোজী সেলিম। তার ভাষ্যমতে, পজিটিভ এবং নেগেটিভ দুই ধরনের চরিত্রে অভিনয় করাটা তিনি যেমন ভীষণ উপভোগ করেন, আবার দর্শকের কাছ থেকে দুই ধরনের চরিত্রে অভিনয় করে সাড়া পাওয়াটাও উপভোগ করেন তিনি।

আমিরের উপদেষ্টাকে মন্ত্রীর মর্যাদা দিতে চিঠি, ব্যাখ্যা দিল জামায়াত

বাংলাদেশ জামায়াতে ইসলামী আজ বিস্তারিত ব্যাখ্যা দিয়েছে ২২ ফেব্রুয়ারি পাঠানো একটি চিঠি নিয়ে সৃষ্ট বিভ্রান্তি বিষয়ে।

জামায়াতের সেক্রেটারী জেনারেল মিয়া গোলাম পরওয়ার জানান, চিঠিটি তখনকার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক মাহমুদুল হাসান পাঠিয়েছিলেন। তবে চিঠিতে ‘মন্ত্রীর পদমর্যাদা’ সংক্রান্ত অংশটি জামায়াত আমির শফিকুর রহমানের নির্দেশনায় ছিল না।

মিয়া গোলাম পরওয়ার বলেন, উপদেষ্টা দায়িত্বের বাইরে বিষয় যুক্ত করে চিঠি পাঠানোর কারণে বিভ্রান্তি সৃষ্টি হয়। চিঠির বিষয় দলের দৃষ্টি আকর্ষণ করার সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। ২ মার্চ মাহমুদুল হাসানকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। পরবর্তীতে ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য মীর আহমাদ বিন কাসেমকে নতুন পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, জামায়াত দায়বদ্ধ, স্বচ্ছ ও জবাবদিহিমূলক রাজনৈতিক আচরণে বিশ্বাসী। কোনো বিভ্রান্তি বা ভুল বোঝাবুঝি হলে তা দ্রুত সংশোধনের নীতি দল অনুসরণ করে।