Home Blog Page 159

নতুন গভর্নর সফল হবেন তো!

ইতিহাসের সব রেকর্ড ভেঙে সরকার একজন ব্যবসায়ীকে দেশের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর পদে নিয়োগ দিয়েছেন। ইতোমধ্যে তিনি কাজে যোগদানও করেছেন। বিভিন্ন মহল থেকে শুভেচ্ছাও পাচ্ছেন ভূরিভূরি। এ সিদ্ধান্তে দেশের ব্যবসায়ী মহল বেজায় খুশি। প্রথা ভেঙ্গে নিজেদের লোককে পেয়েছেন দেশের সর্বোচ্চ আর্থিক নিয়ন্ত্রকের চেয়ারে। অপক্ষোকৃত কম পরিচিত হওয়ার সুবিধাটাও পাচ্ছেন নতুন গভর্নর মোস্তাকুর রহমান। মাঠে তার তেমন কোনো বদনাম নেই।
ঋণ পুনঃতফসিলিকরণের যে অভিযোগ তোলা হচ্ছে, সেটিও ধোপে টিকছে না। কারণ, ব্যবসায়ীরা তো ঋণ নেবেনই। আর পুনঃতফসিল তো ঋণেরই একটি চিরাচরিত প্রক্রিয়া। কিন্তু এত কিছুর পরও দেশের ব্যাংকার, ব্যবসায়ী, অর্থনীতিবিদ এবং নাগরিক মহলে তাকে ঘিরে কৌতূহলের শেষ নেই। সর্বত্রই একই প্রশ্ন নতুন গভর্নর শেষ পর্যন্ত সফল হবেন তো? তিনি কি পারবেন ভেঙে পড়া অর্থনীতিকে খাদের কিনারা থেকে টেনে তুলতে?
জনমনে এমন কৌতূহলের প্রধান কারণ নতুন গভর্নর মোস্তাকুর রহমান বিশিষ্ট অর্থনীতিবিদ, ব্যাংকার কিংবা সরকারি আমলা নন। তিনি একজন ব্যবসায়ী, যাদের অতীতে কখনোই গভর্নর করা হয়নি। দেশের ইতিহাসে এই প্রথম কোনো ব্যবসায়ী বাংলাদেশ ব্যাংকের গভর্নর হলেন। ১৯৭২ সালে কেন্দ্রীয় ব্যাংক প্রতিষ্ঠার পর থেকে এই গুরুত্বপূর্ণ পদে সব সময় অর্থনীতিবিদ, আমলা অথবা পেশাদার ব্যাংকাররাই আসীন ছিলেন।

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর, অর্থনীতিবিদ ও সাবেক সরকারি কর্মকর্তা ফখরুদ্দীন আহমদ ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে দায়িত্বও পালন করেছিলেন। আরেক সাবেক গভর্নর সালেহউদ্দিন আহমেদ সদ্য বিদায়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ছিলেন। অন্তর্বর্তী সরকারই ২০২৪ সালের আগস্টে ব্যাংক খাত সংস্কারের কঠিন দায়িত্ব দিয়ে আইএমএফের সাবেক অর্থনীতিবিদ ড. আহসান এইচ মনসুরকে গভর্নর হিসেবে নিয়োগ দেয়।
নবনিযুক্ত গভর্নরকে নিয়ে সবচেয়ে বড় কৌতূহল তৈরি হয়েছে দুর্নীতিবিরোধী ও স্বচ্ছতা নিশ্চিতে কাজ করা আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) একটি বিবৃতি। বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো ওই বিবৃতিতে টিআইবি নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান প্রশ্ন তোলেন, নিজ প্রতিষ্ঠানের জন্য বিশেষ বিবেচনায় ঋণ পুনঃতফসিল করা ব্যবসায়ী কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর হিসেবে কতটা নির্মোহ হবেন? বিবৃতিতে বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর স্বার্থের দ্বন্দ্বের ঊর্ধ্বে উঠে কতটা স্বাধীনভাবে তার দায়িত্ব পালন করতে পারবেন এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে টিআইবি।

নিজ প্রতিষ্ঠানের জন্য বিশেষ বিবেচনায় ঋণ পুনঃতফসিল করা একজন ব্যবসায়ী কর্পোরেট স্বার্থের প্রভাবমুক্ত হয়ে মূল্যস্ফীতি, আর্থিক খাতের স্থিতিশীলতা ও ব্যাংক খাতের সুশাসন নিশ্চিতে গভর্নর হিসেবে কতটা নির্মোহভাবে দায়িত্বপালন করতে পারবেন এই প্রশ্নও উত্থাপন করছে সংস্থাটি। টিআইবির আশঙ্কা, দেশের ইতিহাসে প্রথম ব্যবসায়ী হিসেবে বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে অভূতপূর্ব এ নিয়োগের মাধ্যমে দেশের কেন্দ্রীয় ব্যাংক বাস্তবে আবারও কর্তৃত্ববাদী চৌর্যতন্ত্রের আমলের মতো জাতীয় স্বার্থের তুলনায় খেলাপিঋণ ও রাজনৈতিক সংশ্লিষ্টতানির্ভর ব্যবসায়ী লবির করায়ত্ত ও হাতিয়ার হিসেবে ব্যবহৃত হওয়ার ঝুঁকি সৃষ্টি হলো।
ড. ইফতেখারুজ্জামান বলেন, নবনিযুক্ত বাংলাদেশ ব্যাংকের গভর্নরের ব্যাংকিং খাতে অভিজ্ঞতা মূলত ঋণগ্রস্ত থেকে ঋণখেলাপি ও পরবর্তীতে বিশেষ বিবেচনায় ঋণ পুনঃতফসিলিকরণ প্রক্রিয়া সংক্রান্ত। এছাড়া, তৈরি পোশাক শিল্প, আবাসন, অ্যাটাব, ঢাকা চেম্বার্সের মতো প্রভাবশালী ব্যবসা লবির অংশ হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের অভিজ্ঞতা রয়েছে নতুন গভর্নরের। কর্তৃত্ববাদী চৌর্যতন্ত্রের আমলে খাদে পড়া ব্যাংক খাতকে পুনরুদ্ধারের প্রত্যাশা পূরণের ক্ষেত্রে তড়িঘড়ি করে নিয়োগপ্রাপ্ত নতুন গভর্নর ব্যবসায়ী লবি, ঋণগ্রস্ত ও ঋণখেলাপি মহলের প্রভাবমুক্ত থেকে কতটা স্বাধীনভাবে তার ওপর অর্পিত দায়িত্ব পালন করতে পারবেন? বিশেষ করে, যেখানে সংসদ সদস্যদের প্রায় ৬০ শতাংশ এবং মন্ত্রিপরিষদের ৬২ শতাংশের মূল পেশা ব্যবসা।

সংসদ সদস্যদের প্রায় ৫০ শতাংশ ঋণগ্রস্ত উল্লেখ করে টিআইবি নির্বাহী বলেন, যাদের মোট আদায়যোগ্য ঋণের পরিমাণ অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে, সেখানে একজন ঋণগ্রস্ত ব্যবসায়ী, যার বিশেষ বিবেচনায় ঋণ পুনঃতফসিলি করার অভিজ্ঞতা রয়েছে এবং যিনি তৈরি পোশাক শিল্প ও রিহ্যাবের মতো খাতে নীতি দখলের সুবিধাভোগী, এমন একজনকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে নিয়োগের প্রভাব ব্যাংক খাতের জন্য কতটা ঝুঁকিপূর্ণ হতে পারে, সার্বিকভাবে এ নিয়োগের মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিকভাবে কী বার্তা দিচ্ছে? তা সরকারকে ভেবে দেখার অনুরোধ করছি,’ বলা হয় বিবৃতিতে।
মোস্তাকুর রহমানের এই নিয়োগ প্রসঙ্গে বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী, ব্যাংকার, অর্থনীতিবিদ, গণমাধ্যমকর্মী ও সচেতন নাগরিকের সঙ্গে কথা বলে জানা যায়, তাদের মতে, এ নিয়োগ কেবল একটি চমকপ্রদ উত্থান নয়, বরং এটি এবং রাজনৈতিকভাবে সচেতন নাগরিকদের সমানভাবে বিস্মিত করেছে। দীর্ঘদিন ধরে বাংলাদেশ ব্যাংক এবং দেশের আর্থিক খাত নিয়ে কাজ করা একজন সিনিয়র সাংবাদিক নাম প্রকাশে অনাগ্রহ জানিয়ে বলেন, বুধবার দুপুরে খবর আসে, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরকে সরিয়ে দেওয়া হচ্ছে, নতুন গভর্নর হচ্ছেন মো. মোস্তাকুর রহমান নামের একজন। এ তথ্য ছড়িয়ে পড়তেই ঢাকার বিভিন্ন সংবাদকক্ষে তৈরি হয় এক ধরনের বিভ্রান্তি।

তথ্যপ্রবাহের এই ব্যস্ত জগতে যেন আচমকাই ঘনিয়ে আসে অনিশ্চয়তার মেঘ। সাংবাদিকদের মনে তখন ঘুরপাক খাচ্ছিল একটিই প্রশ্ন কে এই মোস্তাকুর রহমান? শুরুতে গুঞ্জন ওঠে, যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ে কর্মরত এক বাংলাদেশি অর্থনীতি অধ্যাপকই নাকি আহসান এইচ মনসুরের স্থলাভিষিক্ত হচ্ছেন। তবে বিষয়টি নিশ্চিত হতে নিউজরুমের সহকর্মীরা গুগলে নামটি লিখে দ্রুত অনুসন্ধান শুরু করেন। কিন্তু কথিত সেই অর্থনীতি অধ্যাপকের বিষয়ে নির্ভরযোগ্য কোনো তথ্য পাওয়া যায়নি। ফলে, নতুন গভর্নরকে ঘিরে তৈরি হয় আরও বেশি রহস্য ও অনিশ্চয়তা। অনেক সাংবাদিক ভেবেছিলেন, বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) পরিচালক মোস্তাকুর রহমানকে পরবর্তী গভর্নর নিয়োগ দেওয়া হয়েছে। অনেকে তাকে অভিনন্দন জানাতে শুরু করেন।

এমনকি বেশ কিছু গণমাধ্যম সামাজিক যোগাযোগমাধ্যমে ওই বিএফআইইউ কর্মকর্তার ছবিসহ পোস্ট দিয়ে তাকে নতুন গভর্নর হিসেবে পরিচয় করিয়ে দেয়। বিকেলের দিকে ধোঁয়াশা কেটে যায়। তখন জানা গেল, কোনো অর্থনীতিবিদ বা আমলা নন, বরং পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠান হেরা সোয়েটার্সের সিইও মো. মোস্তাকুর রহমানই কেন্দ্রীয় ব্যাংকের হাল ধরছেন।
বিশ্লেষকদের মতে, গতানুগতিক ধারা ভেঙে একজন ব্যবসায়ীকে গভর্নর নিয়োগ করায় ব্যাংকিং খাতের সুরক্ষা ও সুশাসন নিশ্চিতে ইতোমধ্যে গৃহীত পদক্ষেপ ও কার্যক্রমগুলো কতটা বাস্তবায়িত হবে, সে বিষয়েও সন্দেহ দেখা দিয়েছে। কারণ, ব্যবসায়িক স্বার্থের ঊর্ধ্বে উঠে মূল্যস্ফীতি, আর্থিক খাতের স্থিতিশীলতা এবং ব্যক্তিস্বার্থ সংরক্ষণকারী দুর্বল ব্যাংকগুলোর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে তিনি আদৌ কি স্বাধীন ও নির্মোহভাবে সিদ্ধান্ত নিতে পারবেন?

তাদের মতে, চব্বিশের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তনের যে জনআকাক্সক্ষার সৃষ্টি হয়েছে, তার মধ্যে একটি স্বাধীন কেন্দ্রীয় ব্যাংকের ধারণা অন্যতম। এক্ষেত্রে সদ্য নিয়োগপ্রাপ্ত গভর্নরের নেতৃত্বাধীন কেন্দ্রীয় ব্যাংক সরকার দলীয় ও প্রভাবশালী ব্যবসায়ী স্বার্থের বাইরে গিয়ে কতটা স্বাধীনভাবে সার্বিক ব্যাংক খাতের নিয়ন্ত্রণ ও সহায়কের ভূমিকা পালন করতে পারবে সে প্রশ্নও থেকে যাচ্ছে।

মারা গেছে সীতাকুণ্ডে শ্বাসনালি কাটা সেই ৮ বছরের শিশুটি

চট্টগ্রামের সীতাকুণ্ডে দুর্গম পাহাড়ি এলাকা থেকে গলায় ছুরিকাঘাতে শ্বাসনালি কাটা অবস্থায় উদ্ধার আট বছরের মেয়েটি সোমবার রাত সাড়ে তিনটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

শিশুটির চাচা মঙ্গলবার সকালে মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, অজ্ঞাতনামা দুর্বৃত্ত মেয়েটিকে ধর্ষণের পর ছুরি দিয়ে শ্বাসনালি কেটে দেয়। মেয়েটি যন্ত্রণায় হেঁটে পাহাড়ি এলাকা থেকে সড়ক সংস্কারের কাজে থাকা এক্সকাভেটরের চালকের কাছে এসে বাঁচার আকুতি জানায়।

শিশুটির লাশ বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে রাখা আছে। আইনি প্রক্রিয়ার পর ময়নাতদন্ত শেষে বাড়িতে এনে দাফন করা হবে।

ঘটনার আগে, রোববার সকালে সীতাকুণ্ডের বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্কের ভেতরে সহস্রধারা ঝরনার আরও ৫০০ মিটার উত্তরে শিশুটিকে উদ্ধার করা হয়। তাকে প্রথমে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেই রাতে গলায় অস্ত্রোপচার করা হয়।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মহিনুল ইসলাম জানান, শিশুটির মা রোববার অজ্ঞাতপরিচয়ের আসামির বিরুদ্ধে অপহরণ ও হত্যাচেষ্টার মামলা দায়ের করেছেন। এখন মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হবে।

রায়গঞ্জে সংঘর্ষে দুইজন নিহতের ঘটনায় তিনজন পুলিশ হেফাজতে

সিরাজগঞ্জের রায়গঞ্জে খাসপুকুর নিয়ে সংঘর্ষে দুজন নিহতের ঘটনায়  তিনজনকে হেফাজতে নিয়েছে পুলিশ। তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।এরা হলেন, রায়গঞ্জ উপজেলার ধামাইনগর ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামের মৃত নজর উদ্দিনের ছেলে আছমত আলী, একই গ্রামের তরিকুল ও আশরাফ আলী।

মঙ্গলবার (৩ মার্চ) সকালে রায়গঞ্জ থানার ওসি মো. গোলাম কিবরিয়া এ তথ্য নিশ্চিত করে জানান, ঘটনার মূল হোতা আছমত আলী ও তার দুই সহযোগীকে হেফাজতে নেওয়া হয়েছে। তারা পুলিশী পাহাড়ায় সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তবে মঙ্গলবার বেলা ১১টা পর্যন্ত এ ঘটনায় মামলা দায়ের হয়নি।

ওসি গোলাম কিবরিয়া জানান, গোয়ালপাড়া গ্রামের ৫ বিঘা আয়তনের খাস পুকুর নিয়ে দীর্ঘদিন ধরে আছমত আলী ও আবু বক্কার সিদ্দিকের দ্বন্দ্ব চলে আসছিল। আছমত আলী বিগত ১৫/১৬ বছর ধরে গোয়ালপাড়া মসজিদের নামে লিজ নিয়ে পুকুরটি চাষাবাদ করে আসছিলেন। ২০২৪ সালের আবু বক্কর সিদ্দিক ৩ বছরের জন্য পুকুরটি লিজ নিয়ে মাছ চাষ করছিলেন।  গতকাল সোমবার সকালে আবু বকর সিদ্দিক তার লোকজন নিয়ে মাছ ধরার জন্য পুকুরে জাল ফেললে আছমত আলীর লোকজন এসে বাঁধা দেয়। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় হাসুয়া, দা, লাঠিসোটা নিয়ে উভয়পক্ষ রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষে  উভয় পক্ষের  ৮জন গুরুতর আহত হন।

৯৯৯ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আবু বক্কার সিদ্দিক গ্রুপের ইসমাইল (৭০) ও আব্দুস সালাম (৬০) মারা যান।

আট বছরের শিশু ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত নানা আটক

যশোরের অভয়নগরে ৮ বছরের এক কন্য শিশুকে ধর্ষণের অভিযোগে নজরুল গাজী (৩৪) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। ঘটনার ১৬ দিন পর সোমবার (২ মার্চ) রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন বিশ্বাস ক্লিনিক থেকে তাকে আটক করা হয়। আটক নজরুল গাজী খুলনার পাইকগাছা উপজেলার গদাইপুর মাঠবাড়ী গ্রামের রইজউদ্দীন গাজীর ছেলে। বর্তমানে তিনি খুলনা জেলখানা ঘাট এলাকায় ভাড়া বাসায় থাকেন এবং পেশায় একজন দিনমজুর।

ভুক্তভোগী শিশুর ফুফু জানান, সোমবার সকালে শিশুটি খুলনা থেকে অভয়নগরের চালিশিয়া গ্রামে তার ফুফুর বাড়িতে বেড়াতে আসে। সেখানে সে অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যদের কাছে প্রকাশ করে যে, গত ১২ ফেব্রুয়ারি প্রতিবেশী নজরুল গাজী তাকে ধর্ষণ করেছে।

ইফতারের পর শিশুটিকে চিকিৎসার জন্য অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন বিশ্বাস ক্লিনিকে নেওয়া হলে কর্তৃপক্ষ ধর্ষণের বিষয়টি নিশ্চিত করে। এরপর কৌশলে অভিযুক্ত নজরুলকে ওই ক্লিনিকে ডেকে আনা হয়। রাত ৮টার দিকে সে ক্লিনিকে পৌঁছালে স্থানীয় জনতা তাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।
আক্রান্ত শিশুটি জানায়, ধর্ষণের পর বিষয়টি কাউকে বললে তাকে মেরে ফেলার হুমকি দিয়েছিল নজরুল গাজী। সম্পর্কে সে শিশুটির ‘নানা’ হওয়ায় এবং প্রাণের ভয়ে শিশুটি এতদিন বিষয়টি গোপন রেখেছিল।

আটক নজরুল গাজী পুলিশের কাছে অপরাধ স্বীকার করে বলেন, ওই শিশু আমাকে নানা বলে ডাকে। গত ১২ ফেব্রুয়ারি নির্বাচনের দিন রাতে আমরা একসঙ্গে ঘুমানোর সময় আমি এই কাজ (ধর্ষণের চেষ্টা) করেছিলাম। আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দিন।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম নুরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে নজরুল গাজীকে আটক করা হয়েছে।

চাঁদাবাজি, অনিয়ম ও দুর্নীতির সঙ্গে কোনো ধরনের আপোস করা হবে না

‎কুড়িগ্রামের উলিপুরে চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী। তিনি বলেছেন, চাঁদাবাজি, অনিয়ম ও দুর্নীতির সঙ্গে কোনো ধরনের আপোস করা হবে না।

‎সোমবার (২ মার্চ) সন্ধ্যায় উলিপুর পৌরশহরের ইমপাওয়ারমেন্ট হাব অফিসে সাংবাদিকদের সাথে ইফতার ও মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

‎এমপি ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী বলেন, উলিপুরের উন্নয়ন নিশ্চিত করতে সাংবাদিকদের দায়িত্বশীল ও গঠনমূলক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাজের স্বচ্ছতা, জবাবদিহীতা এবং সুশাসন নিশ্চিতে গণমাধ্যমের সহযোগিতা অপরিহার্য।

‎তিনি আরো বলেন, সড়কে যানজট নিরসনে ব্যবস্থা নেয়া হয়েছে। ধুলোমুক্ত শহর গড়তে পানির স্প্রে ও রাস্তাঘাট সংস্কার শুরু করা হয়েছে। উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় লাইটের ব্যবস্থা করা হচ্ছে। সরাসরি এমপি’র সাথে যোগাযোগ ও অভিযোগ জানাতে শীঘ্রই একটি মোবাইল অ্যাপ ও ফোন নম্বর চালু করা হবে।

‎অনুষ্ঠানে উপজেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর অ্যাডভোকেট কামাল কবির লিটন, উপজেলা সেক্রেটারি হাফেজ তৌহিদুল ইসলাম, সাবেক উপজেলা আমীর মাও. মশিউর রহমানসহ দলীয় নেতাকর্মী ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

পরমাণু অস্ত্র তৈরির দ্বারপ্রান্তে ছিল ইরান!

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, ‘অপারেশন এপিক ফিউরি’র আওতায় ইরানে অত্যন্ত নিখুঁত, বিধ্বংসী ও আপসহীন হামলা চালাচ্ছে মার্কিন বাহিনী। সোমবার (২ মার্চ) এক বিবৃতিতে সেন্টকম জানায়, তাদের মূল লক্ষ্য হলো ইরানের আক্রমণাত্মক ক্ষেপণাস্ত্র সক্ষমতা গুঁড়িয়ে দেওয়া।

অভিযানের অংশ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ একটি ভিডিও প্রকাশ করেছে সেন্টকম। সেখানে দেখা যায়, ক্ষেপণাস্ত্রবাহী ট্রাকসহ ইরানের বিভিন্ন আক্রমণাত্মক সামরিক সরঞ্জাম আকাশ থেকে নিখুঁত নিশানায় ধ্বংস করা হচ্ছে। মার্কিন যুদ্ধ সচিবের উদ্ধৃতি দিয়ে সেন্টকম বলেছে, মার্কিন বাহিনী ইরানে সার্জিক্যাল ও ওভারহোয়েলমিং হামলা চালাচ্ছে।

জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজ এক সাক্ষাৎকারে দাবি করেছেন, ইরান অত্যন্ত গোপনীয়তার সঙ্গে উচ্চ মাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত করেছিল। মার্কিন হামলার আগে তেহরান পারমাণবিক অস্ত্র তৈরির একেবারে শেষ পর্যায়ে ছিল উল্লেখ করে তিনি বলেন, তাদের হাতে থাকা ৬০ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়ামকে ৯০ শতাংশে রূপান্তর করে বোমা তৈরি করতে বড়জোর কয়েক সপ্তাহ বা এক মাস সময় লাগত।

ওয়াল্টজ আরও জানান, ইরান তাদের ক্ষেপণাস্ত্রের সংখ্যা চারগুণ বৃদ্ধি করেছে এবং দূরপাল্লার আইসিবিএম (ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল) তৈরির কাজ করছিল। তবে ‘অপারেশন মিডনাইট হ্যামার’-এর মাধ্যমে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সক্ষমতা ধ্বংস করে দেওয়া হয়েছে বলে তিনি দাবি করেন।

এদিকে সমুদ্র বিষয়ক গোয়েন্দা সংস্থা ‌‌‘উইন্ডওয়ার্ড এআই’ জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রেক্ষাপটে ওমান উপসাগর ও পারস্য উপসাগরে চলাচলকারী জাহাজগুলোর ওপর নির্বিচারে পাল্টা হামলা শুরু করেছে ইরান।

সংস্থাটি জানায়, সংঘাতের দ্বিতীয় দিনে পালাউয়ের পতাকাবাহী ‘স্কাইলাইট’ নামক একটি ট্যাঙ্কারে আঘাত হেনেছে ইরান। মজার ব্যাপার হলো, ওই ট্যাঙ্কারটিতে ইরানি নাগরিক ও সরকারের সাথে সংশ্লিষ্টতা থাকলেও তেহরান ‘এরিয়া ডিনায়েল’ কৌশলের অংশ হিসেবে এটিতে হামলা চালায়। এর মাধ্যমে ইরান মূলত হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচলে বাধা দেওয়ার সক্ষমতা প্রদর্শন করতে চাইছে। এছাড়া কাতার, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে থাকা মার্কিন ও মিত্রবাহিনীর অবস্থান লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে তেহরান।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে শুরু হওয়া এই সামরিক অভিযানের বিষয়ে সোমবার মার্কিন কংগ্রেসকে আনুষ্ঠানিকভাবে অবহিত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সিনেট প্রেসিডেন্ট চার্লস গ্রাসলিকে দেওয়া এক চিঠিতে ট্রাম্প জানান, মার্কিন বাহিনী, আঞ্চলিক মিত্র এবং আন্তর্জাতিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিতে তিনি এই ‘প্রিসিশন স্ট্রাইক’ বা নিখুঁত হামলার নির্দেশ দিয়েছেন।

ট্রাম্প চিঠিতে লিখেছেন, ‘ইরানের ব্যালিস্টিক মিসাইল সাইট, সমুদ্রসীমায় মাইন স্থাপনের সক্ষমতা, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং কমান্ড সেন্টারগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে।’ তিনি আরও উল্লেখ করেন যে, কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর এই পদক্ষেপ নেওয়া অনিবার্য হয়ে পড়েছিল।

প্রেসিডেন্ট ট্রাম্প সতর্ক করে দিয়ে বলেন, যদিও যুক্তরাষ্ট্র শান্তি চায়, তবে প্রয়োজন হলে এই সামরিক অভিযান আরও দীর্ঘায়িত হতে পারে। বর্তমানে কোনো মার্কিন স্থলসেনা ব্যবহার করা হয়নি এবং বেসামরিক ক্ষয়ক্ষতি এড়াতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে বলে তিনি জানান।

প্রধানমন্ত্রীর সঙ্গে কোস্টগার্ড মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কোস্টগার্ড মহাপরিচালক রিয়াল এডমিরাল মো: জিয়াউল হকের সৌজন্য সাক্ষাৎ করেছেন।

মঙ্গলবার (৩ মার্চ) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় তাঁরা পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন।

প্রধানমন্ত্রী বাংলাদেশ কোস্টগার্ডের দেশপ্রেম এবং পেশাদারিত্বে তাদের নিরলস প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন।

বিশেষ করে সমুদ্র উপকূল ও নদী তীরবর্তী এলাকায় শান্তি, নিরাপত্তা এবং জনগণের স্বার্থে দুর্যোগ মোকাবেলায় জনসেবামূলক কাজ অব্যাহত রাখার নির্দেশনা দেন।

এসময় কোস্টগার্ডের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড সম্পর্কে প্রধানমন্ত্রী অবহিত হন এবং এই উন্নয়নের ধারাবাহিকতা ভবিষ্যতে অব্যাহত থাকবে বলে প্রধানমন্ত্রী তাদের আশ্বস্ত করেন এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার আহ্বান জানান।

গণভোট অধ্যাদেশ ও জুলাই সনদ কেনো অবৈধ নয়: হাইকোর্টের রুল

জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, গণভোট অধ্যাদেশ ও সংবিধান সংস্কার পরিষদের শপথ কেন অবৈধ নয় তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। মঙ্গলবার (০৩ মার্চ) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলাম শাহীনের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

০২ মার্চ জুলাই সনদ বাস্তবায়ন আদেশ স্থগিত চেয়ে করা রিটের আদেশের জন্য এদিন ধার্য করেন হাইকোর্ট।

২৫ ফেব্রুয়ারি ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’–এর কার্যক্রম স্থগিত চেয়ে করা রিট শুনানির জন্য ১ মার্চ দিন রাখেন হাইকোর্ট। ওই দিন রাষ্ট্রপক্ষের সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি মো. জিয়াউল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ নতুন ধার্য করেছিলেন।

‘জুলাই জাতীয় সনদ ২০২৫’–এর কার্যক্রম স্থগিত চেয়ে ১৮ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ রিটটি করেন।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. দোলোয়ার হোসেন খান। পরে তিনি সাংবাদিকদের বলেন, সরকারপক্ষ থেকে তারা সময় নিয়েছে।

২০২৪ সালের জুলাই গণ–অভ্যুত্থানের মুখে সেই বছরের ৫ আগস্ট ক্ষমতা ও দেশ ছেড়ে ভারতে চলে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতায় আসা অন্তর্বর্তী সরকার রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কার আনার উদ্যোগ নেয়। এর ধারাবাহিকতায় গত বছরের ১৭ অক্টোবর ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ স্বাক্ষরিত হয়।

জুলাই জাতীয় সনদ–২০২৫ এর বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়েরের পর আইনজীবী ইউনুছ আলী আকন্দ বলেন, রিটে জুলাই জাতীয় সনদ সংবিধানের সঙ্গে কেন সাংঘর্ষিক ঘোষণা হবে না, এ মর্মে রুল চাওয়া হয়েছে। রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জুলাই জাতীয় সনদ–২০২৫ এর কার্যক্রম স্থগিত চাওয়া হয়েছে রিটে।

রিটে বলা হয়, অন্তর্বতী সরকার কর্তৃক জুলাই জাতীয় সনদ-২০২৫ এর মাধ্যমে অনুষ্ঠিত গণভোট নির্বাচন অসাংবিধানিক ও অবৈধ। জুলাই জাতীয় সনদের অধীনে গণভোট আয়োজন সংবিধানের ৬৫, ১২৩ (৩) (৪) এবং ৩১ অনুচ্ছেদের পরিপন্থি এবং আরপিওর ১১ অনুচ্ছেদ বিরোধী।

মঞ্চস্থ শিশুনাট্য ‘আয়না’ শত্রু বাইরের কেউ নয়, নিজেদের আচরণ

শিল্প-সংস্কৃতিচর্চার ক্ষেত্রে সবকিছুই যেন বড়দের জন্য। ছোটদের পরিবেশনার গুরুত্ববহ উল্লেখযোগ্য আয়োজনের দেখা মেলে না। সেই বাস্তবতায় চমৎকার এক উদ্যোগ নিয়েছে স্পর্ধা একাডেমি অব পারফর্মিং আর্টস। রমজান মাসে সোনামনিদের নিয়ে নয়া মঞ্চনাটক নির্মাণ করেছে স্পর্ধা। শিশুতোষ এ নাটকের নাম ‘আয়না’।
শনিবার সন্ধ্যায় গুলশান দুই নম্বর সড়কের স্পর্ধা অ্যাটেলিয়ারে মঞ্চস্থ হয়েছে এ প্রযোজনা। ১২ সপ্তাহব্যাপী অভিনয় প্রশিক্ষণ শেষ করা ১৩ প্রতিভাবান শিশু অভিনয় করেছে এই নাটকে। নাটক পরিচালনা করেছেন মো. সোহেল রানা। প্রদর্শনীর সময় উপস্থিত ছিলেন শিশু শিল্পীদের বাবা-মা, পরিবার এবং অন্যান্য নাট্যপ্রেমী। এছাড়া আগ্রহী দর্শকের উপস্থিতিতে প্রদর্শনীর নির্ধারিত সময়ের পূর্বেই পরিপূর্ণ হয়ে যায় মিলনায়তন।
প্রাণিরাজ্যের গল্পকে উপজীব্য আবর্তিত হয়েছে আয়না নাটকের কাহিনী। সেই গল্পে বনের সব প্রাণি একসঙ্গে থাকলেও সেখানে শান্তির পরিবর্তে অশান্তি বিরাজ করে। ছোট-বড় বিবিধ বিষয় নিয়ে পরস্পরের সঙ্গে বিবাদে লিপ্ত হয়। সব সময়ই চলতে থাকে ঝগড়া। ধনী-গরিব, নারী-পুরুষ, আদিবাসী-অভিবাসী, ছোট দেশ-বড় দেশ, ধর্ম, জেন-জি ও বুমার-সব কিছুর জন্য তারা বিরোধে লিপ্ত হয়। কেউ নিজের ভুল দেখে না, শুধু অন্যের দোষ খুঁজে বের করে।
এমন বাস্তবতায় বনের রাজা সিংহ ক্লান্ত হয়ে যায় হাজারো বিচার করার পর। তখন সে একটি জাদুকরী আয়না আনে, সেই আয়নায় প্রত্যেকের নিজস্ব প্রতিফলন দেখা যায়। প্রথমে সবাই অবাক হয়। বানর, ভাল্লুক, হাতি, জেব্রা, চিতা, পায়রা- সবাই আয়নার দিকে তাকিয়ে নিজের আচরণ দেখে। তখন তারা বুঝতে পারে যে ঝগড়ার কারণ হলো নিজেদের ভুল, অহংকার ও লোভ।
এরপর তারা সিদ্ধান্ত নেয় যে ঝগড়া বন্ধ করবে, একসঙ্গে কাজ করবে এবং বনের সবাইকে নিরাপদ রাখবে। বোধোদয় ঘটায় শান্ত হয় বন। মিলেমিশে থাকতে শেখে সকলে। সিংহ বলে, সত্যিকারের শত্রু বাইরের কেউ নয়, আমাদের নিজের আচরণ। একে অপরকে  বোঝা এবং একসঙ্গে কাজ করলে আমাদের বন সুন্দর হবে।
সব মিলিয়ে নাটকটি শিশুদের মাঝে অন্তর্ভুক্তি সমাজের গল্পকে মেলে ধরে। তাদের শেখায় যে নানা ধরনের মানুষ একসঙ্গে থেকে একটি বৈচিত্র্যময় ও ঐক্যবদ্ধ সমাজ গড়া সম্ভব, যদি আমরা নিজেদের সমালোচনা করি এবং আত্মদর্শন করি।
প্রযোজনাটিতে অভিনয় করা ৬ থেকে ১১ বছরের শিশু শিল্পীরা হচ্ছে- আজমাঈন আরাবি হৃদ্য, আমারিসা হার্টম্যান, অগ্নিমিত্রা মজুমদার পিয়েতা, মাহরুস আহসানউল্লাহ, মো. নাঈম, রানী খাতুন মিম, রিয়ামনি, তেহজীব সুহা আলিম, ওয়ারসান ওয়াসেক, অরুদ্ধ রুশদ আলী, আরফা জেহেন রেনেসা, রায়া আহমেদ ও ইনায়া মেহরীশ জুনাইরাহ।
নাটকটির নির্দেশনা সহযোগী শাহানাজ পারভীন জোনাকি ও সাদিয়া মরিয়ম রূপা। মঞ্চ পরিকল্পনায় ছিলেন সাদিয়া মরিয়ম রূপা ও ফাইজা চৌধুরী। পোশাক পরিকল্পনা করেছেন মহসিনা আক্তার। সংগীত পরিকল্পনা করেছেন অনিরুদ্ধ অনু।

বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার

বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের ব্যবসা–বাণিজ্য ক্রমেই সম্প্রসারিত হচ্ছে। ফলে আন্তর্জাতিক লেনদেনে মুদ্রা বিনিময়ের পরিমাণও বৃদ্ধি পাচ্ছে। বাণিজ্যিক লেনদেন সহজ করতে বিশ্বের বিভিন্ন দেশের মুদ্রার সঙ্গে বাংলাদেশি টাকার বিনিময় হার জানা জরুরি।

সোমবার (২ মার্চ) বিভিন্ন বৈদেশিক মুদ্রার সঙ্গে বাংলাদেশি টাকার বিনিময় হার নিম্নরূপ—

বৈদেশিক মুদ্রার নাম–বাংলাদেশি টাকা  

ইউএস ডলার – ১২২ টাকা ৩০ পয়সা

ইউরো – ১৪৪ টাকা ৪৯ পয়সা

ব্রিটিশ পাউন্ড – ১৬৪ টাকা ৯৪ পয়সা

অস্ট্রেলিয়ান ডলার – ৮৭ টাকা ৬ পয়সা

জাপানি ইয়েন – ৭৮ পয়সা

কানাডিয়ান ডলার – ৮৯ টাকা ৬৪ পয়সা

সুইডিশ ক্রোনা – ১৩ টাকা ৫৭ পয়সা

সিঙ্গাপুর ডলার – ৯৬ টাকা ৭১ পয়সা

চীনা ইউয়ান রেনমিনবি – ১৭ টাকা ৮২ পয়সা

ভারতীয় রুপি – ১ টাকা ৩৪ পয়সা

শ্রীলঙ্কান রুপি – ২ টাকা ৫২ পয়সা