Home Blog Page 169

খেলাপি ঋণের হার বেশি বেড়েছে কৃষি ও ব্যবসায়

২০২৪ সাল শেষে মোট ঋণের প্রায় ২০ শতাংশ খেলাপি ছিল। এক বছরের ব্যবধানে যা ৩১ শতাংশে ঠেকেছে। খেলাপি ঋণের হার সবচেয়ে বেড়েছে কৃষি এবং ব্যবসা-বাণিজ্য খাতে। অন্যদিকে ভোক্তা ঋণের বিপরীতে খেলাপির হার কমে ৩ শতাংশে নেমেছে। বাংলাদেশ ব্যাংকের ২০২৫ সালের ডিসেম্বর ভিত্তিক খাতভিত্তিক ঋণের পরিসংখ্যান থেকে এমন চিত্র পাওয়া গেছে।

ব্যবসা-বাণিজ্য খাতে খেলাপি ঋণের হার তুলনামূলক বেশি বাড়ার কারণ হিসেবে রাজনৈতিক পট পরিবর্তনের পর ভোগ্যপণ্য আমদানিকারকসহ অনেক ব্যবসায়ীর পলাতক থাকা অন্যতম কারণ মনে করেন। ঋণের সুদহার ও ডলারের দর বাজারভিত্তিক করার প্রভাবও থাকতে পারে। অন্যদিকে প্রকৃত চিত্র দেখানোর ওপর জোর দেওয়ায় সব মিলিয়ে খেলাপি ঋণ অস্বাভাবিকভাবে বেড়েছে। এখন আবার যুদ্ধের কারণে খুব সহসা পরিস্থিতির উন্নতি হবে কিনা তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের মতো ২০২৫ সালে এসেও মোট ঋণের মাত্র ৪ দশমিক ৪০ শতাংশ রয়েছে কৃষি, মৎস্য ও বনায়ন খাতে। এই ঋণের মধ্যে গত বছর শেষে ২৮ দশমিক ২০ শতাংশ খেলাপিতে পরিণত হয়েছে। এক বছর আগে যেখানে এ খাতে খেলাপির হার ছিল ১১ দশমিক ৩০ শতাংশ। এর মানে খেলাপি বেড়েছে প্রায় তিনগুণ। অন্য আর কোনো খাতে এত বেশি হারে খেলাপি বাড়েনি। এক বছরে খেলাপির ঋণের হার কমেছে কেবল ভোক্তা ঋণে। ২০২৪ সালে মোট ঋণের ৮ দশমিক ৬০ শতাংশ ছিল ভোক্তা ঋণ। এর মধ্যে খেলাপি ছিল ৩ দশমিক ৩০ শতাংশ। এক বছরের ব্যবধানে ভোক্তা খাতে ঋণ কমে সাড়ে ৮ শতাংশে নেমেছে। এর মধ্যে খেলাপির হার আরও কমে নেমেছে ৩ শতাংশে।

রাষ্ট্রীয় মালিকানার একটি ব্যাংকের একজন শাখা ব্যবস্থাপক সমকালকে বলেন, কৃষিতে খেলাপি বাড়ার প্রধান কারণ সুদহার অনেক বেড়ে যাওয়া। ২০২৪ সালে কৃষিঋণ বিতরণের সময় সর্বোচ্চ সুদহার ছিল ৮ শতাংশ। আইএমএফের শর্তের আলোকে ২০২৪ সালের মে মাসে সব ঋণের সুদহার বাজারভিত্তিক করা হয়। এরপর একটু করে বেড়ে আদায়ের সময় এসে তা ১২ থেকে ১৩ শতাংশ হয়েছে। যে কারণে কৃষিঋণ আদায় করতে গিয়ে অনেক বেগ পেতে হচ্ছে। আবার সেচসহ ফসল চাষের সব ধরনের খরচ বাড়লেও মধ্যস্বত্বভোগী, দুর্বল সংরক্ষণ ব্যবস্থাসহ নানা কারণে মাঠ পর্যায়ের কৃষকরা তাদের উৎপাদিত ফসলের দাম সেভাবে পান না। এতে কৃষকের ঋণ পরিশোধের সক্ষমতা কমেছে। এসব কারণে কৃষিঋণের খেলাপির হার এভাবে বেড়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, খাতভিত্তিক খেলাপি ঋণের হার বাড়াতে পরের অবস্থানে রয়েছে ব্যবসা-বাণিজ্য খাত। ব্যাংকগুলোর মোট ঋণের দ্বিতীয় সর্বোচ্চ ৩৩ দশমিক ৪০ শতাংশ রয়েছে এ খাতে। এর মধ্যে ২০২৪ সাল শেষে ২৩ দশমিক ৪০ শতাংশ ছিল খেলাপি। মোট ঋণে এ খাতের অংশ সামান্য বেড়ে গত বছর শেষে ৩৩ দশমিক ৫০ শতাংশ হয়েছে। এর মধ্যে ৪২ দশমিক ৫০ শতাংশ খেলাপিতে পরিণত হয়েছে।

ব্যাংক খাতের মোট ঋণের মধ্যে শিল্প খাতে সর্বোচ্চ ঋণ রয়েছে। ২০২৪ সালে এ খাতে মোট ঋণের ৪২ দশমিক ৪০ শতাংশ থেকে এক বছরে সামান্য বেড়ে গত বছর শেষে ৪৩ শতাংশে উঠেছে। তবে শিল্প খাতের খেলাপি ঋণ ২২ দশমিক ৮০ শতাংশ থেকে ৩০ দশমিক ৮০ শতাংশ হয়েছে। নির্মাণ খাতের খেলাপি ঋণের হার ১৮ দশমিক ৩০ শতাংশ থেকে ২৬ দশমিক ৭০ শতাংশ হয়েছে। পরিবহন খাতে ১৯ দশমিক ৯০ শতাংশ থেকে বেড়ে হয়েছে ২৩ দশমিক ২০ শতাংশ। অন্যান্য খাতে ৫ দশমিক ৯০ শতাংশ থেকে উঠেছে ৯ দশমিক ২০ শতাংশে।

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান সমকালকে বলেন, সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক বাজারে ভোগ্যপণ্যের অনেক উঠানামা হয়েছে। উচ্চ মূল্যস্ফীতির কারণে অনেকে বেশি দামে পণ্য এনে সেরকম দরে হয়তো বিক্রি করতে পারেনি। এর বাইরে মোট ঋণে শিল্প এবং ব্যবসা-বাণিজ্যের অংশ অনেক বেশি। সব মিলিয়ে এসব খাতে হয়তো খেলাপি ঋণ বেশি বেড়েছে। তিনি বলেন, যুদ্ধের কারণে এখন আবার যে পরিস্থিতি তৈরি হয়েছে, আগামীতে কী হবে এখনই বলা যাচ্ছে না।

জাতীয় সংসদের মুলতবি অধিবেশন শুরু আজ

জাতীয় সংসদের মুলতবি অধিবেশন আজ রোববার বেলা ৩টায় শুরু হচ্ছে। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনা হবে। সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যরা এতে অংশ নেবেন।

এই অধিবেশন উত্তপ্ত হয়ে উঠতে পারে ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন’ এবং ‘গণভোট অধ্যাদেশ-২০২৫’ নিয়ে। বিরোধী দল জামায়াতসহ তাদের জোটের সদস্যরা এ বিষয়ে আলোচনার দাবি করেছেন। ইতোমধ্যে বিরোধী দলের পক্ষ থেকে একাধিক নোটিশ জমা দেওয়া হয়েছে বলে সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে।

এ ছাড়া দিনের কর্মসূচিতে স্থানীয় সরকার বিভাগ, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, প্রধানমন্ত্রীর কার্যালয়, নির্বাচন কমিশন কার্যালয় এবং রাষ্ট্রপতির কার্যালয়ের প্রশ্নোত্তর পর্ব রয়েছে। জরুরি জনগুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণের (বিধি-৭১) আওতায় প্রাপ্ত নোটিশগুলোর নিষ্পত্তি রয়েছে। এবারের অধিবেশন আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলার কথা রয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছিল ১২ মার্চ। প্রথম দিনে নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত হন। বিদায়ী অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা ১৩৩টি অধ্যাদেশের যাচাই-বাছাইয়ের জন্য একটি বিশেষ কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যদের মধ্যে ১১ জন বিএনপি, ৩ জন জামায়াতের। ১৩৩টির মধ্যে ১১৩টি অধ্যাদেশে ইতোমধ্যে একমত হয়েছে সরকারি ও বিরোধী দল। বাকি ২০টি অধ্যাদেশ নিয়ে কমিটির তৃতীয় বৈঠক আজ রাতে অনুষ্ঠিত হবে। সংবিধান অনুযায়ী, অধ্যাদেশ পাস না হলে ৩০ দিনের মধ্যে তা বাতিল হয়ে যাবে। তাই আগামী ১২ এপ্রিলের মধ্যে অধ্যাদেশগুলো পাস হতে হবে।

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে মানববন্ধন 
গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে সংসদ ভবনের সামনে মানববন্ধন কর্মসূচির ঘোষণা দিয়েছে নাগরিক প্ল্যাটফর্ম ‘গণভোট বাস্তবায়ন নাগরিক ফোরাম’। আজ দুপুর ১২টায় মানিক মিয়া অ্যাভিনিউতে এই কর্মসূচি পালন করা হবে।

ফোরামের সহ-সমন্বয়ক ফাহিম মাশরুর জানান, সংসদের আগের সেশনগুলোয় দেশের জনগণের দেওয়া দুই-তৃতীয়াংশ ভোটের মাধ্যমে গণভোটের রায় বা ‘জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ, ২০২৫’ নিয়ে কোনো আলোচনা হয়নি। সংবিধান সংস্কার পরিষদ গঠনের সময়সীমাও লঙ্ঘিত হয়েছে। নতুন সংসদের সদস্যদের কাছে জুলাই সনদ ও গণভোটের বাস্তবায়ন সম্পর্কে নাগরিক আকাঙ্ক্ষা তুলে ধরার জন্য রোববার ‘গণভোট বাস্তবায়ন নাগরিক ফোরাম’-এর আহ্বানে একটি মানববন্ধন অয়োজন করা হয়েছে।

এই আয়োজনে অংশ নেবেন সাধারণ নাগরিক সমাজ, জুলাই আহত যোদ্ধা, শহীদ পরিবারের সদস্যসহ জুলাই ও সংস্কার নিয়ে কাজ করা বেশ কিছু নাগরিক প্ল্যাটফর্ম।

সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় আকস্মিক পরিদর্শন প্রধানমন্ত্রীর

সচিবালয়ে প্রবেশ করার পর মন্ত্রিপরিষদ বিভাগে নিজ দপ্ত‌রে না গিয়ে বিভিন্ন মন্ত্রণালয় আকস্মিক পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার সকাল ৯টার কিছুক্ষণ পর সচিবালয়ে এসে নিজ দপ্তরে না গিয়ে হেঁটে ৬ নম্বর ভবনে যান প্রধানমন্ত্রী। সেখানে তিনি বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় পরিদর্শন করেন এবং কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে কথা বলেন।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি মোস্তফা জুলফিকার হাসান (হাসান শিপলু) বিষয়টি নিশ্চিত করেছেন।

ভবনটির ষষ্ঠ তলা পর্যন্ত মৎস্য ও প্রাণিসম্পদ, পানি সম্পদ, নারী ও শিশু বিষয়ক এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। এরপর পাঁচ নম্বর ভবনের গৃহায়ন ও গণপূর্ত এবং তিন নম্বর ভবনের বাণিজ্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় পরিদর্শন করেন তিনি।

office visit pm 1774763339

এভাবে সচিবালয়ের বিভিন্ন ভবনে অবস্থিত অন্তত আটটি মন্ত্রণালয় আকস্মিক পরিদর্শন শেষে ফিরে আসেন মন্ত্রিপরিষদ বিভাগে।

এদিকে, অন্যদিনের মতো আজও বেশ কয়েকটি নির্ধারিত কর্মসূচিতে কর্মব্যস্ত প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে কৃষক কার্ড সংক্রান্ত সভায় সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী।

স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন, অর্থ, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী প্রতিমন্ত্রী এবং সংশ্লিষ্টরা সভায় অংশ নেয়ার কথা রয়েছে।

বিএনপির সংসদীয় দলের সভা আজ

ঈদ ছুটির বিরতির পর সংসদ অধিবেশনের আগে সংসদীয় দলের সভা ডেকেছে ক্ষমতাসীন দল বিএনপি। আজ বিকেল ৪টায় সংসদ ভবনের সরকারদলীয় সভাকক্ষে এ বৈঠক শুরু হবে। এই তথ্য নিশ্চিত করেন সরকারদলীয় সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম।

শপথ গ্রহণের পর বিএনপির সংসদীয় দলের প্রথম বৈঠকে শুল্কমুক্ত গাড়ি ও প্লট না নেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। দলের চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে এরপর দ্বিতীয় সভাটি হয় স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচনের আগে।

অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা ১৩৩টি অধ্যাদেশ জাতীয় সংসদের বিশেষ কমিটি পর্যালোচনা করেছে, কিছু বিষয়ে সিদ্ধান্তও নিয়েছে। ২ এপ্রিলের মধ্যে অধ্যাদেশের বিষয়ে বিশেষ কমিটির প্রতিবেদন দেওয়ার কথা রয়েছে।

অনেক উত্তর এড়িয়ে যাচ্ছেন মাসুদ উদ্দিন

লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকে গোয়েন্দা হেফাজতে তৃতীয় দিনের মতো জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জনশক্তি রপ্তানি ব্যবসার পাশাপাশি এক-এগারো ও প্রাসঙ্গিক নানা বিষয়ে তাঁর ভূমিকা নিয়ে জানতে চাওয়া হয়েছে। ২০০৭ সালে বিভিন্ন ঘটনার প্রেক্ষাপট ও পরবর্তী পরিস্থিতি নিয়ে প্রশ্ন ছিল।

এ ছাড়া রাষ্ট্রীয় প্রভাব ব্যবহার করে ভয়ভীতি দেখানো এবং নির্যাতনের সঙ্গে সম্পৃক্তদের ব্যাপারে জানতে চাওয়া হয়। তবে অধিকাংশ প্রশ্নের উত্তর এড়িয়ে যান মাসুদ উদ্দিন। গতকাল শুক্রবার পর্যন্ত তাঁর কাছ থেকে খুব বেশি তথ্য গোয়েন্দারা জানতে পারেননি। এদিকে গত কয়েক বছরে তাঁর বিদেশ ভ্রমণের তথ্য খতিয়ে দেখা হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।

সোমবার রাতে মাসুদ উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। মানব পাচার প্রতিরোধ আইনে দায়ের করা মামলায় পাঁচ দিনের হেফাজতে আছেন তিনি। বুধবার গ্রেপ্তার করা হয় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদকে। তিনি ডিবি হেফাজতে রয়েছেন। গতকাল ছিল তাঁকে জিজ্ঞাসাবাদের প্রথম দিন। জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর মিরপুরে ফল ব্যবসায়ী দেলোয়ার হোসেন হত্যা মামলায় মামুন খালেদকে গ্রেপ্তার দেখানো হয়।

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম বলেন, মাসুদ উদ্দিনের কাছে জনশক্তি রপ্তানির নামে অতিরিক্ত টাকা আদায়ের ব্যাপারে জানতে চাওয়া হয়েছে। কারা, কীভাবে এর সঙ্গে জড়িত ছিল– সেটি আমরা বের করব।

শফিকুল ইসলাম আরও বলেন, মাসুদ উদ্দিন ও মামুন খালেদকে একসঙ্গে জিজ্ঞাসাবাদের পরিকল্পনা এখনও নেই। কারণ তাদের দুজনের বিরুদ্ধে অভিযোগ আলাদা।
সংশ্লিষ্ট সূত্র বলছে, এক-এগারো ও পরবর্তী সময়ে ক্ষমতার অপব্যবহার করে অর্থবিত্তের মালিক হয়েছেন এমন আরও কয়েকজনের ব্যাপারে জানতে চাওয়া হচ্ছে। ওই সময় উচ্চাভিলাষীদের ভূমিকার জানার চেষ্টা চলছে।

ডিজিএফআইকে রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার অভিযোগসহ এক-এগারোর সময় সাবেক সেনা কর্মকর্তা মামুনের ভূমিকা নিয়েও আলোচনা রয়েছে। সিগন্যালস কোরের কর্মকর্তা হিসেবে মামুন খালেদ ২০০৭ সালের ডিসেম্বরে ডিজিএফআইতে পরিচালক (এফএসআইবি) হিসেবে যোগ দেন। পরে ২০০৮ সালের জুনে তিনি ব্রিগেডিয়ার চৌধুরী ফজলুল বারীর স্থলাভিষিক্ত হয়ে পরিচালকের (কাউন্টার ইন্টেলিজেন্স ব্যুরোর-সিআইবি) দায়িত্ব পালন করেন।

পরে আওয়ামী লীগ সরকারের সময়ে ২০১১ সালে লেফটেন্যান্ট জেনারেল মোল্লা ফজলে আকবরের উত্তরসূরি হিসেবে শেখ মামুন মহাপরিচালক (ডিজি) হিসেবে ডিজিএফআইতে ফিরে আসেন।

প্লাস্টিক ব্যবহার না করে খাবার সংরক্ষণ করবেন যেভাবে

পরিবেশবান্ধব জীবনধারা তৈরির সবচেয়ে সহজ উপায়গুলির মধ্যে একটি হলো রান্নাঘরে প্লাস্টিক ব্যবহারের পরিমাণ কমানো। যদিও খাবার সংক্ষণ রাখতে রান্নাঘরে প্লাস্টিক উপকারী, তবে এটাও ঠিক পরিবশে দূষণের অন্যতম প্রধান কারণ হলো প্লাস্টিক। খাবার সংরক্ষণের জন্য প্লাস্টিক ছাড়া বেশ কিছু বিকল্প রয়েছে। যেমন-

ফ্রিজে রাখতে কাঁচ বা স্টিলের পাত্র ব্যবহার করুন
যদি আপনার খাবার ফ্রিজে রাখার প্রয়োজন হয় তাহলে প্লাস্টিকের পাত্রের পরিবর্তে কাঁচ বা স্টিলের পাত্র বেছে নেওয়া উচিত। এর কারণ কাঁচ এবং স্টিলের পাত্র বেশি টেকসই এবং বারবার ব্যবহার করা যায়। এছাড়াও, খাবারের উপর এগুলোর কোনো রাসায়নিক প্রভাব নেই। কাঁচ এবং স্টিলের পাত্রের আরেকটি সুবিধা হলো এগুলো খাবারের গুণমান বজায় রাখে। এসব পাত্র ব্যবহার করলে আপনার রান্নাঘর আরও পরিবেশ-বান্ধব হয়ে উঠবে।

Pic 5 1774683996

 

শিম, মটরশুঁটি ভেজা কাপড়ে মুড়ে রাখুন
শিম, মটরশুঁটির মতো সবুজ শাকসবজি একটি ভেজা কাপড়ে মুড়ে রাখতে পারেন। এভাবে সবুজ শাকসবজি ফ্রিজে রাখলে তা দীর্ঘ সময়ের জন্য তাজা থাকবে।

সেলেরি, গাজর পানিভর্তি জারে রাখুন

সেলেরি, গাজর পানিভর্তি জারে খাড়া করে রেখে সংরক্ষণ করতে পারেন। এই পদ্ধতিটি শাকসবজি আর্দ্র ও সতেজ রাখতে সাহায্য করে।

রুটি কাপড়ে মুড়ে ব্রেড বক্সে রাখুন

রুটি কাপড়ে মুড়ে ব্রেড বক্সে রাখলে তা বেশিক্ষণ সতেজ থাকে। এভাবে রাখলে কাপড়টি রুটি শুকিয়ে যাওয়া থেকে রক্ষা করে, আর ব্রেড বক্স তাতে অতিরিক্ত বাতাস ও আর্দ্রতা প্রবেশ করতে দেয় না। এই পদ্ধতিটি কোনো প্লাস্টিক ছাড়াই রুটি নরম রাখতে সাহায্য করে।

কলা এবং টমেটোর মতো ফল ফ্রিজ করুন
কলা, টমেটো এবং আঁটিযুক্ত ফলের মতো কিছু ফলও ফ্রিজে রাখা যেতে পারে। কাঁচের বক্সেগুলো ব্যবহার করুন। এতে প্লাস্টিকের ব্যবহার কমে এবং ফল সংরক্ষণের সময় বাড়ে। পরে, এই ফলগুলো স্মুদি বা সস তৈরিতে ব্যবহার করা যেতে পারে। এটি খাদ্য অপচয় কমানোর একটি সুবিধাজনক পদ্ধতি।

Pic 6 1774684020

অবশিষ্ট খাবার জারে সংরক্ষণ করুন
প্লাস্টিকের পাত্র ব্যবহার না করে, কাচের জার বা ঢাকনাযুক্ত প্লেট ব্যবহার করে খাবার ফ্রিজে সংরক্ষণ করা যেতে পারে। কাঁচ বিষাক্ত নয় এবং কোনো গন্ধ শোষণ করে না। আরেকটি সুবিধা হলো, এই পাত্র বহুবার পুনরায় ব্যবহার করা যায়। এছাড়াও, এটি পাত্রের ভিতরে কী আছে তা দেখতেও সাহায্য করে, যার ফলে খাদ্য অপচয় কমে।

পেঁয়াজ, আলু  ঝুড়িতে রাখুন
পেঁয়াজ, আলু ভালোভাবে বাতাস চলাচল করে এমন ঠান্ডা একটা জায়গায় রাখা উচিত। এগুলো বাঁশ বা বেতের ঝুড়িতে রাখলে ভালো থাকবে। রোদ থেকে দূরে রাখলে অঙ্কুরোদগম এবং পচনও রোধ হয়। পেঁয়াজ এবং আলু একসাথে রাখা উচিত নয় কারণ পেঁয়াজ থেকে গ্যাস নির্গত হয়, যা আলুর পচনের কারণ হতে পারে।

নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ওলি ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ গ্রেপ্তার

গত বছরের সেপ্টেম্বরে সরকারবিরোধী বিক্ষোভে ক্ষমতাচ্যুত নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার ভোরে কাঠমান্ডুর বাসভবন থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

এছাড়া দেশটির সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখককেও গ্রেপ্তার করা হয়েছে। নেপালের নতুন প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ এবং তাঁর মন্ত্রিসভা শপথ নেওয়ার পরের দিনই এই গ্রেপ্তারের ঘটনা ঘটলো।

সহিংসতা তদন্তে গঠিত প্যানেল এই দুজনের বিরুদ্ধে ফৌজদারি অবহেলার অভিযোগে মামলা করার সুপারিশের পর এ পদক্ষেপ নেওয়া হলো। খবর-বিবিসি ও এএফপি

কাঠমান্ডু ভ্যালি পুলিশের মুখপাত্র ওম অধিকারী জানান, গত বছরের সেপ্টেম্বরে দুর্নীতিবিরোধী আন্দোলনে অংশ নেওয়া তরুণ বিক্ষোভকারীদের ওপর যে নৃশংস দমন-পীড়ন চালানো হয়েছিল, তাতে সরাসরি জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। এখন আইন অনুযায়ী পরবর্তী বিচারিক প্রক্রিয়া শুরু হবে।

তাদের বিরুদ্ধে এখনও আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়নি। যদিও ওলি এর আগে তদন্ত কমিশনের প্রতিবেদন প্রত্যাখ্যান করেছিলেন। তিনি বলেছিলেন, এগুলো চরিত্রহনন ও ঘৃণার রাজনীতি।

এ ব্যাপারে নেপালের নতুন সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সুদান গুরুঙ্গ লিখেছেন, কেউ আইনের ঊর্ধ্বে নয়। তাদের গ্রেপ্তার কারও বিরুদ্ধে প্রতিশোধ নয়, বরং ন্যায়বিচারের সূচনা।

কে পি শর্মা ওলিকে আটকের পর জেলা পুলিশ রেঞ্জ থেকে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ছবি-রয়টার্স

কে পি শর্মা ওলিকে আটকের পর জেলা পুলিশ রেঞ্জ থেকে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

কেপি শর্মা অলি কমিউনিস্ট পার্টি অব নেপাল-ইউনিফায়েড মার্ক্সিস্ট লেনিনিস্ট (সিপিএন-ইউএমএল) এর নেতা। দেশটিতে জেনজি আন্দোলনে নিহত হন অন্তত ৭৭ জন। তুমুল গণআন্দোলনের মুখে কে পি শর্মা ওলি সরকারের পতনের পর দেশটির দায়িত্ব গ্রহণ করে সুশিলা কারকির অন্তর্বর্তী সরকার। অল্প কয়েকদিনের মাথায় সাধারণ নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়।

নির্বাচনে জয়ী হয় গণআন্দোলনে নেতৃত্ব দেওয়া জেন-জি প্রজন্মের প্রতিনিধিদের দল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি (আরএসপি)। দলটির এই জয়গানে নেতৃত্ব দেন র‍্যাপার থেকে রাজনৈতিক নেতা বনে যাওয়া ৩৫ বছর বয়সী বালেন্দ্র শাহ ওরফে বালেন।

আন্দোলনের মুখে পদত্যাগের সময় কেপি শর্মা অলি বলেছিলেন, তিনি আশা করেন তাঁর সরে দাঁড়ানোটা সমস্যার সমাধান করবে। গত জানুয়ারিতে তিনি অন্তর্বর্তী সরকারের গঠন করা একটি কমিশনের কাছে জবানবন্দি দেন। বিক্ষোভকারীদের ওপর গুলি চালানোর নির্দেশ দেওয়ার বিষয়টি অস্বীকার করেন। বিক্ষোভে প্রাণহানির জন্য অনুপ্রবেশকারীদের দায়ী করেন ওলি। সোশাল মিডিয়া বন্ধের প্রতিবাদে গত ৮ সেপ্টেম্বর কথিত জেন-জি বিক্ষোভের সময় অন্তত ১৯ জন নিহত হয়, যাদের মধ্যে স্কুল ইউনিফর্ম পরা এক কিশোরও ছিল। উচ্চ বেকারত্ব, স্থবির অর্থনীতি এবং রাজনীতিতে দুর্নীতি ও স্বজনপ্রীতির কারণে সৃষ্ট হতাশার মধ্যে এই দমন অভিযান আরও বড় বিক্ষোভের জন্ম দেয়। তাতে আরও মানুষের প্রাণহানি ঘটে এবং পার্লামেন্ট, পুলিশ স্টেশন ও দোকানপাটে আগুন ধরিয়ে দেওয়া হয়।

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিনের স্ত্রী মারা গেছেন

জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের (বীর বিক্রম) স্ত্রী দিলারা হাফিজ সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।

শনিবার বাংলাদেশ সময় বেলা ১১টা ২৯ মিনিটে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে মারা যান তিনি। মৃত্যুকালে তিনি স্বামী, এক ছেলে, এক মেয়ে নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তিনি জানান, দিলারা হাফিজের মরদেহ আগামীকাল সন্ধ্যায় বাংলাদেশে নিয়ে আসবে। পরদিন সোমবার (৩০ মার্চ) জাতীয় সংসদ দক্ষিণ প্লাজায় বেলা ১১টায় তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর জোহর নামাজের পর সেনানিবাসে কেন্দ্রীয় মসজিদে জানাজা শেষে বনানী সামরিক বাহিনীর কবরস্থানে তাকে দাফন করা হবে।

দিলারা হাফিজ দীর্ঘদিন ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ঈদুল ফিতরের দিন দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুর নেওয়া হয়। তিনি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভেন্টিলেশন সাপোর্টে ছিলেন।

দিলারা হাফিজের মৃত্যুতে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের নির্বাচনী এলাকা লালমোহন ও তজুমদ্দিন উপজেলায় ৩ দিনের শোক ঘোষণা করেছে উপজেলা বিএনপি।

বাংলাদেশে আইপিএল সম্প্রচারে বাধা নেই: তথ্যমন্ত্রী

০

বাংলাদেশে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) সম্প্রচার নিয়ে আগের অবস্থান থেকে সরে এসে নমনীয় হয়েছে বর্তমান সরকার। দেশে আইপিএল সম্প্রচারে এখন আর কোনো বাধা নেই বলে স্পষ্ট জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলেকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানান তিনি।

তথ্যমন্ত্রী জানান, সরকার আইপিএল সম্প্রচারের বিষয়ে ইতিবাচক। তিনি বলেন, ‘আমাদের কাছে আইপিএল দেখানোর ব্যাপারে কোনো আবেদন নিয়ে কেউ আসেনি। খেলাধুলা নিয়ে আমরা রাজনীতি করতে চাই না। কোনো চ্যানেল যদি আইপিএল দেখানোর জন্য আমাদের কাছে আবেদন করে, আমরা ইতিবাচকভাবেই বিবেচনা করব।’

স্টার স্পোর্টসের মাধ্যমে বাংলাদেশে আইপিএল দেখা গেলে সরকার বাধা দেবে না বলেও নিশ্চিত করেন তিনি। তথ্যমন্ত্রীর ভাষ্য, ‘আমরা কাউকে বাধা দেব না। যদি দেখা যায়, যাবে। জোর করে কিছু করা হবে না।’

আগের অন্তর্বর্তী সরকারের দেওয়া আইপিএল সম্প্রচার নিষেধাজ্ঞার এখন আর কোনো কার্যকারিতা নেই বলে জানিয়েছেন ক্যাবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) দপ্তর সম্পাদক রেজাউল করিম লাভলু। তিনি বলেন, ‘স্টার স্পোর্টসে যদি আইপিএল দেখা যায় তো যাবে। আমাদের কেউ এটা বন্ধ রাখতে বলেনি।’

এদিকে, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকও ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার ওপর জোর দিয়েছেন। খেলাধুলার সঙ্গে রাজনীতি মেলানো ঠিক নয় বলে মন্তব্য করেন তিনি। তবে দেশে আইপিএল সম্প্রচার সম্ভব নয় ভেবে ইতোমধ্যে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সম্প্রচারস্বত্ব কেনা হয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, এ কারণে এখন নতুন করে কিছু ভাবার সুযোগ নেই।

মূলত উগ্রবাদীদের চাপ ও হুমকির মুখে নিরাপত্তার অজুহাত দেখিয়ে বাংলাদেশ পেসার মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এরপরই আগের সরকার দেশে আইপিএল সম্প্রচারে নিষেধাজ্ঞা জারি করে। তখন তথ্য মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, ‘ভারতীয় ক্রিকেট বোর্ডের এহেন সিদ্ধান্তের কোনো যৌক্তিক কারণ জানা নেই এবং এমন সিদ্ধান্ত বাংলাদেশের জনগণকে ব্যথিত, মর্মাহত ও ক্ষুব্ধ করেছে।’

মুস্তাফিজ ইস্যুর পর একই নিরাপত্তার কারণ দেখিয়ে ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপেও অংশ নেয়নি বাংলাদেশ দল।

জন্মদিনে নতুন চমক নিয়ে হাজির শাকিব খান

কালো স্লিভলেস গেঞ্জি, ডেনিম শর্টস, লাল কনভার্স স্নিকার্স ও সাদা মোজার সঙ্গে শরীরজুড়ে ট্যাটু, ড্রেডলক চুল, গলায় নেকলেস এবং চোখে সানগ্লাস—নিজের জন্মদিনে এমন লুকে সামনে এসে ভক্তদের চমকে দিয়েছেন শাকিব খান।

এবার মুক্তি পাওয়া ‘প্রিন্স’ সিনেমাটি দর্শকদের মধ্যে প্রত্যাশা অনুযায়ী সাড়া ফেলতে পারেনি। একদিকে টেকনিক্যাল জটিলতায় স্টার সিনেপ্লেক্সে যথাসময়ে না প্রদর্শন করতে পারা অন্যদিকে নির্মাণে কিছু ত্রুটি সিনেমাটি দর্শক টানার দৌড়ের কিছুটা পিছিয়ে পড়েছে। এর মধ্যেই ‘রকস্টার’-এর ফার্স্ট লুক নতুন করে প্রত্যাশা বাড়ালো।

জানা গেছে, মালয়েশিয়ায় আজমান রুশো পরিচালিত সিনেমা ‘রকস্টার’-এর শুটিং শুরু করেছেন শাকিব। ফার্স্ট লুক তার জন্মদিনেই প্রকাশ করার পরিকল্পনা ছিল নির্মাতার। সেই ঘোষণা অনুযায়ী, শনিবার নিজের জন্মদিনে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টারটি প্রকাশ করেন শাকিব খান নিজেই।

প্রকাশিত পোস্টারে দেখা গেছে, একেবারেই ভিন্ন রূপে শাকিব খানকে। কালো পিচঢালা রাস্তায় বসে থাকা ‘রকস্টার’ অবতারে তিনি হাজির হয়েছেন সাহসী ও স্টাইলিশ লুকে।

পোস্টারটি শেয়ার করে ভক্তদের উদ্দেশে শাকিব লিখেছেন, ‘এটি তার পক্ষ থেকে জন্মদিনের উপহার।’ মন্তব্যের ঘরে অনেক ভক্তই শাকিবের লুকের প্রশংসা করেছেন, কেউ আবার জানিয়েছেন জন্মদিনের শুভেচ্ছা।

শোনা যাচ্ছে, ছবিতে শাকিবের বিপরীতে সাবিলা নূর ও তানজিয়া জামান মিথিলাকে দেখা যাবে। আজমান রুশোর গল্পে ‘রকস্টার’-এর চিত্রনাট্য করেছেন নুসরাত মাটি। সংলাপ লিখেছেন আয়মান আসিব স্বাধীন ও সামিউল ভূঁইয়া।