Home Blog Page 184

জন্মদিনে নতুন চমক নিয়ে হাজির শাকিব খান

কালো স্লিভলেস গেঞ্জি, ডেনিম শর্টস, লাল কনভার্স স্নিকার্স ও সাদা মোজার সঙ্গে শরীরজুড়ে ট্যাটু, ড্রেডলক চুল, গলায় নেকলেস এবং চোখে সানগ্লাস—নিজের জন্মদিনে এমন লুকে সামনে এসে ভক্তদের চমকে দিয়েছেন শাকিব খান।

এবার মুক্তি পাওয়া ‘প্রিন্স’ সিনেমাটি দর্শকদের মধ্যে প্রত্যাশা অনুযায়ী সাড়া ফেলতে পারেনি। একদিকে টেকনিক্যাল জটিলতায় স্টার সিনেপ্লেক্সে যথাসময়ে না প্রদর্শন করতে পারা অন্যদিকে নির্মাণে কিছু ত্রুটি সিনেমাটি দর্শক টানার দৌড়ের কিছুটা পিছিয়ে পড়েছে। এর মধ্যেই ‘রকস্টার’-এর ফার্স্ট লুক নতুন করে প্রত্যাশা বাড়ালো।

জানা গেছে, মালয়েশিয়ায় আজমান রুশো পরিচালিত সিনেমা ‘রকস্টার’-এর শুটিং শুরু করেছেন শাকিব। ফার্স্ট লুক তার জন্মদিনেই প্রকাশ করার পরিকল্পনা ছিল নির্মাতার। সেই ঘোষণা অনুযায়ী, শনিবার নিজের জন্মদিনে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টারটি প্রকাশ করেন শাকিব খান নিজেই।

প্রকাশিত পোস্টারে দেখা গেছে, একেবারেই ভিন্ন রূপে শাকিব খানকে। কালো পিচঢালা রাস্তায় বসে থাকা ‘রকস্টার’ অবতারে তিনি হাজির হয়েছেন সাহসী ও স্টাইলিশ লুকে।

পোস্টারটি শেয়ার করে ভক্তদের উদ্দেশে শাকিব লিখেছেন, ‘এটি তার পক্ষ থেকে জন্মদিনের উপহার।’ মন্তব্যের ঘরে অনেক ভক্তই শাকিবের লুকের প্রশংসা করেছেন, কেউ আবার জানিয়েছেন জন্মদিনের শুভেচ্ছা।

শোনা যাচ্ছে, ছবিতে শাকিবের বিপরীতে সাবিলা নূর ও তানজিয়া জামান মিথিলাকে দেখা যাবে। আজমান রুশোর গল্পে ‘রকস্টার’-এর চিত্রনাট্য করেছেন নুসরাত মাটি। সংলাপ লিখেছেন আয়মান আসিব স্বাধীন ও সামিউল ভূঁইয়া।

শৃঙ্খলা রক্ষা ও মজুত ঠেকাতে ডিপোতে বিজিবি মোতায়েন

মধ্যপ্রাচ্যের চলমান সংকটের প্রভাবের মধ্যে দেশে জ্বালানি তেলের মজুত ও অনিয়ম ঠেকাতে বিভিন্ন জেলায় ডিপোগুলোতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। আজ শনিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবি।

বিজ্ঞপ্তিতে বিজিবি জানিয়েছে, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাওয়ায় দেশে অবৈধ মজুত ও সংকট তৈরির আশঙ্কা দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে জ্বালানি তেল বিপণনে শৃঙ্খলা বজায় রাখা এবং নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

গত ২৫ মার্চ সকাল থেকে দেশের ৯টি জেলার মোট ১৯টি ডিপোতে বিজিবি মোতায়েন করা হয়। এর মধ্যে ঢাকায় একটি, কুড়িগ্রামে দুইটি, রংপুরে তিনটি, রাজশাহীতে তিনটি, সিলেটে দুইটি, মৌলভীবাজারে তিনটি, কুমিল্লায় তিনটি, ব্রাহ্মণবাড়িয়ায় একটি এবং সুনামগঞ্জে একটি ডিপো অন্তর্ভুক্ত।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিপোগুলোর নিরাপত্তা নিশ্চিতে বিজিবি সদর দপ্তরের তত্ত্বাবধানে একটি সুপরিকল্পিত কাঠামোর আওতায় এই মোতায়েন কার্যক্রম পরিচালিত হচ্ছে। দূরবর্তী এলাকায় দায়িত্ব পালনের সুবিধার্থে অস্থায়ী বেজ ক্যাম্প স্থাপন করে কর্মকর্তাদের নেতৃত্বে সদস্যরা নিয়মিত তদারকি ও নিরাপত্তা কার্যক্রম চালাচ্ছেন।

বিজিবি জানায়, অবৈধ জ্বালানি মজুত ও বিক্রয় প্রতিরোধ, নাশকতা ঠেকানো এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট ডিপো কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় রেখে দ্রুত তথ্য আদান-প্রদান নিশ্চিত করা হচ্ছে।

এছাড়া সীমান্ত দিয়ে জ্বালানি তেল পাচার ঠেকাতে বাড়ানো হয়েছে টহল ও নজরদারি। সীমান্ত এলাকায় অতিরিক্ত টহল, নৌ টহল জোরদার, চেকপোস্টে তল্লাশি কার্যক্রম এবং আইসিপি ও এলসিপিগুলোতে কড়াকড়ি বাড়ানো হয়েছে। আমদানি-রপ্তানিতে ব্যবহৃত ট্রাক-লরিসহ বিভিন্ন যানবাহনেও নিয়মিত তল্লাশি চালানো হচ্ছে।

বিজিবি বলছে, মাঠে বাহিনীর দৃশ্যমান উপস্থিতি জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে এবং জনমনে আস্থা বাড়াতে সহায়ক ভূমিকা রাখছে।

সৌদি আরবে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের হামলা, ১২ সেনা আহত

সৌদি আরবের পূর্বাঞ্চলে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে এ হামলায় ১২ জন মার্কিন সেনা আহত হয়েছেন। তাদের মধ্যে দুজনের অবস্থা সংকটাপন্ন।

নাম প্রকাশে অনিচ্ছুক দু’জন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে নিউইয়র্ক টাইমস। এতে বলা হয়, ক্ষেপণাস্ত্র ও ড্রোনের এই সম্মিলিত হামলাটিকে ইরানের সাথে মাসব্যাপী চলা যুদ্ধে মার্কিন বিমান প্রতিরক্ষা ব্যবস্থার অন্যতম বড় ব্যর্থতা হিসেবে দেখা হচ্ছে। এই হামলায় অন্তত দুটি কেসি-১৩৫ এরিয়াল রিফুয়েলিং বিমানও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, মার্কিন হামলার জবাবে পুরো যুদ্ধজুড়ে ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটিতে তাদের বিশাল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোনের ভাণ্ডার ব্যবহার করে বোমা হামলা চালিয়েছে। অব্যাহত এসব হামলার ফলে মার্কিন ঘাঁটিগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউএস সেন্ট্রাল কমান্ড হাজার হাজার সেনাকে নিরাপদ দূরত্বে সরিয়ে নিতে বাধ্য হয়েছে। এমনকি অনেককে ইউরোপের মতো দূরবর্তী স্থানেও পাঠিয়ে দেওয়া হয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তার বরাত দিয়ে দ্য গার্ডিয়ান বলেছে, হামলায় ঘাঁটিতে থাকা কমপক্ষে একটি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। এ নিয়ে মধ্যপ্রাচ্য যুদ্ধ শুরুর পর থেকে হামলায় যুক্তরাষ্ট্রের অন্তত ৩০৩ সেনা আহত হলেন।

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, মার্কিন সামরিক ঘাঁটিটিতে ইরানের ড্রোন হামলার পর ভয়াবহ বিস্ফোরণ হয়েছে।

সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির পূর্বাঞ্চলে দুটি ড্রোন শনাক্ত ও ধ্বংস করা হয়েছে। এই অঞ্চলে গুরুত্বপূর্ণ তেল স্থাপনা রয়েছে। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরান ক্রমাগত এই অঞ্চলটিকে লক্ষ্যবস্তু করে আসছে।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা করে। যুদ্ধ শুরু করার পর হরমুজ প্রণালি বন্ধ করার ঘোষণা দেয় তেহরান। তার প্রভাব গোটা বিশ্বে দেখা গেছে।

বর্তমান পোশাকে পুলিশ বাহিনী সন্তুষ্ট না: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বর্তমান পোশাকে পুলিশ বাহিনী সন্তুষ্ট না। সুতরাং যাতে আগের ঐতিহ্যমণ্ডিত যেকোনো একটি পোশাক ফিরিয়ে আনা যায় সে বিষয়ে সরকারের সর্বোচ্চ পর্যায়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

‎শনিবার দুপুরে পুলিশ একাডেমি সারদায় ৪৩তম বিসিএস (পুলিশ) ক্যাডারের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের এক বছর মেয়াদি মৌলিক প্রশিক্ষণের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এর আগে সারদার প্যারেড গ্রাউন্ডে এই অনুষ্ঠানে অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন মন্ত্রী। এরপর শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার ক্যাডেটদের কুচকাওয়াজ পরিদর্শন ও পুরস্কার প্রদান করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, স্বাধীন ও শক্তিশালী পুলিশ সংস্কার কমিশন গড়ে তুলতে কাজ করছে সরকার। এই সংস্কার কমিশনের একমাত্র উদ্দেশ্য পুলিশ বাহিনীকে রাজনৈতিক হস্তক্ষেপ থেকে সম্পূর্ণ মুক্ত রাখা।

‎এ সময় তিনি বলেন, ফ্যাসিবাদ আমলে অন্যান্য প্রতিষ্ঠানের মতো পুলিশ বাহিনীও ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই ভঙ্গুর অবস্থা থেকে আজ এই পর্যায়ে ক্রমান্বয়ে উন্নয়ন ঘটেছে। বর্তমান সরকার বিশ্বাস করে পুলিশ কোনো গোষ্ঠী বা বিশেষ রাজনৈতিক দলের লাঠিয়াল বাহিনী নয়।

তিনি বলেন, পুলিশ হবে জনগণের অকৃত্রিম বন্ধু। আমাদের নির্বাচনী ইশতেহারেও ঘোষণা করেছি, পুলিশ বাহিনীকে দলীয় প্রভাবমুক্ত করে আধুনিক, মানবিক ও সেবাধর্মী বাহিনী হিসেবে গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য। সে লক্ষ্যে পুলিশের মনোবল বৃদ্ধিসহ দক্ষ জনবল বৃদ্ধিতে সরকার কাজ করছে। এ সময় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, আইজিপি মো. আলী হোসেন ফকিরসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
‎
উল্লেখ্য, ২০২৫ সালের ১ মার্চ শুরু হওয়া ৪৩তম বিসিএস (পুলিশ) ব্যাচের ৭২ জন প্রশিক্ষণার্থী আজকের এই প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজের মধ্য দিয়ে বাস্তব কর্মজীবনে প্রবেশ করলেন।

দৌলতদিয়ায় দুর্ঘটনা: ২৬ মরদেহ উদ্ধার, জানা গেল পরিচয়

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মায় পড়ে যাওয়া সৌহার্দ্য পরিবহনের বাসটি উদ্ধার করা হয়েছে। এ পর্যন্ত নারী শিশুসহ ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিহতরা হলেন- রাজবাড়ী পৌরসভার ভবানীপুর লালমিয়া সড়কের মৃত ইসমাঈল হোসেন খানের স্ত্রী রেহেনা আক্তার (৬১), ছেলে আহনাফ তাহমিদ খান (২৫), সোহেল মোল্লার মেয়ে সোহা আক্তার (১১), সজ্জনকান্দার মৃত ডা. আবদুল আলীমের মেয়ে জহুরা অন্তি (২৭), কাজী মুকুলের মেয়ে কাজী সাইফ (৩০), কেবিএম মুসাব্বিরের ছেলে তাজবিদ (৭), দাদশী রামচন্দ্রপুরের সোবাহান মণ্ডলের মেয়ে লিমা আক্তার (২৬), আগমারাই গ্রামের শরিফুল ইসলামের ছেলে সাবিত হাসান (৮), মিজানপুর বড়চর বেনি নগরের মান্নান মন্ডলের স্ত্রী জোস্ন্যা (৩৫), গোয়ালন্দ ছোট ভাকলার চর বারকিপাড়ার রেজাউল করিমের স্ত্রী মর্জিনা আক্তার (৩২), মেয়ে সাফিয়া আক্তার রিন্থি (১২), কালুখালী বোয়ালিয়ার ভবানীপুরের বিল্লাল হোসেনের মেয়ে ফাইজ শাহানূর (১১), রতনদিয়া মহেন্দ্রপুর বেলগাছির আব্দুল আজিজের স্ত্রী নাজমিরা জেসমিন (৩০), ছেলে আব্দুর রহমান (৬), বালিয়াকান্দি পশ্চিম খালখোলার আরব খানের ছেলে (গাড়ি চালক) আরমান খান (৩১), কুষ্টিয়া মজমপুরের মো. আবু বক্কর সিদ্দিকের স্ত্রী মর্জিনা খাতুন (৫৬), খাগড়বাড়ীয়ার হিমাংশু বিশ্বাসের ছেলে রাজীব বিশ্বাস (২৮), খোকসা সমাজপুর ধুশুন্দুর দেলোয়ার হোসেনের ছেলে ইস্রাফিল (৩), সমসপুরের গিয়াসউদ্দিন রিপনের মেয়ে আয়েশা সিদ্দিকা (১৩), ঝিনাইদহ শৈলকূপা থানার কাচেরকোল খন্দকবাড়িয়ার নুরুজ্জামানের মেয়ে আরমান (৭ মাস), গোপালগঞ্জ কোটালীপাড়া আমতলী নোয়াধার মৃত জাহাঙ্গীর আলমের স্ত্রী মুক্তা খানম (৩৮), দিনাজপুর পার্বতীপুর থানার পলাশবাড়ী মথুয়ারাই মৃত নূর ইসলামের স্ত্রী নাছিমা (৪০), ঢাকা আশুলিয়ার বাগধুনিয়া পালপাড়ার মো. নুরুজ্জামানের স্ত্রী আয়েশা আক্তার সুমা (৩০), রাজবাড়ীর কালুখালীর মজনু শেখের ছেলে উজ্জ্বল শেখ (৫০), একই উপজেলার মদাপুর গ্রামের আফসার শেখের ছেলে আশরাফুল (২৪) এবং বোয়ালিয়া এলাকার মৃত সানাউল্লাহর ছেলে জাহাঙ্গীর (৫৫)।

রাজবাড়ী জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন থেকে নিহতদের পরিচয় নিশ্চিত করা হয়েছে। মরদেহ গুলো রাজবাড়ী সদর হাসপাতাল মর্গ থেকে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আহত আরও তিনজনকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এর আগে গতকাল বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুপুর ২টা ১০ মিনিটে যাত্রী নিয়ে কুমারখালী থেকে ঢাকার উদ্দেশ্যে থেকে ছেড়ে আসে বাসটি। তাদের বেশিরভাগই ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরছিলেন।

দুর্ঘটনা থেকে বেঁচে ফেরা সাকিব হোসেন, আব্দুল আজিজ, দেলোয়ার হোসেন জানান, বাসটিতে নারী-শিশুসহ সমস্ত আসনে যাত্রী ছিলেন। এ ছাড়া ইঞ্জিন কভারে ৩ জন, চালক, হেলপার ও বেশ কয়েকজনের কোলে শিশু ছিল। পন্টুনে ওঠার আগে ৪-৫ জন যাত্রী নেমে গেলেও বাসটি নদীতে পড়ে গেলে স্থানীয়রা ৬-৭ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এখনও অনেকেই নিখোঁজ রয়েছেন বলে সংশ্লিষ্টরা জানান।

ইরানের সক্ষমতা বাড়াতে ড্রোন পাঠাচ্ছে রাশিয়া: গোয়েন্দা তথ্য

ধাপে ধাপে ইরানে ড্রোন, ওষুধ ও খাদ্য সামগ্রী পাঠানোর প্রক্রিয়া প্রায় সম্পন্ন করতে যাচ্ছে রাশিয়া। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে ইরানের সক্ষমতা বাড়াতে এগুলো পাঠানো হচ্ছে। গোয়েন্দা কর্মকর্তাদের বরাত দিয়ে এমন তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস।

বিষয়টি সম্পর্কে অবগত দুজন কর্মকর্তা ফিন্যান্সিয়াল টাইমসকে জানিয়েছেন, গত ২৮ ফেব্রুয়ারি প্রথম দফায় হামলার কয়েকদিন পর থেকে ড্রোন সরবরাহের বিষয়ে ইরান ও রাশিয়ার শীর্ষ কর্মকর্তাদের মধ্যে গোপনে আলোচনা শুরু হয়। পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর মতে, চলতি মাসের শুরুর দিকে মস্কো সরবরাহ শুরু করে। আগামী কয়েকদিনের মধ্যে তা সম্পন্ন হবে বলে ধারণা করা হচ্ছে।

টাইমসের ওই প্রতিবেদনের বরাত দিয়ে আরেক ব্রিটিশ গণমাধ্যম ইনডিপেনডেন্ট বৃহস্পতিবার লিখেছে, ইউক্রেনে পূর্ণমাত্রায় আগ্রাসন শুরুর পর কয়েক বছর ধরে ইরানের কাছে থেকে সমর্থন পেয়েছে রাশিয়া। বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে মস্কো এখন তেহরানের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পাশে দাঁড়িয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বারবার দাবি করেছেন, রাশিয়া ইরানকে গোয়েন্দা তথ্য সরবরাহ করছে। বুধবার তিনি বলেন, মস্কো যুক্তরাষ্ট্রকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করেছে। তারা প্রস্তাব দিয়েছে, যদি ওয়াশিংটন কিয়েভকে গোয়েন্দা তথ্য দেওয়া বন্ধ করে, বিনিময়ে মস্কোও ইরানের সঙ্গে সামরিক গোয়েন্দা তথ্য সরবরাহ বন্ধ করবে।

জেলেনস্কি গত সোমবার দাবি করেছিলেন, ইরানকে রাশিয়ার গোয়েন্দা তথ্য সরবরাহ অব্যাহত রাখার অকাট্য প্রমাণ তাঁর কাছে আছে। বার্তা সংস্থা রয়টার্সকে বলেছিলেন, তিনি নিজে ওই তথ্য-উপাত্ত দেখেছেন। তবে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেননি।

ড্রোন সরবরাহের বিষয়ে জানতে চাওয়া হলে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ ফিন্যান্সিয়াল টাইমসকে বলেন, বর্তমানে অনেক ভুয়া খবর ছড়ানো হচ্ছে। তবে একটি বিষয় সত্য- ইরানি নেতৃত্বের সঙ্গে সংলাপ অব্যাহত আছে।

ইউক্রেন যুদ্ধে রাশিয়ার অন্যতম প্রধান হাতিয়ার হলো ইরানের তৈরি ‘শাহেদ’ ড্রোন। ইউক্রেনে হামলার সময় মস্কো প্রতি রাতে শত শত শাহেদ ড্রোন ব্যবহার করেছে। রাশিয়ার ড্রোন সরবরাহের বিষয়ে ইনডিপেনডেন্টের প্রতিবেদনে ইরানি কর্তৃপক্ষের বক্তব্য প্রকাশ করা হয়নি।

স্বপ্নযাত্রা নাকি মহাবিপর্যয়, এবার কি কাটবে ইতালির আক্ষেপ?

০

বিশ্ব ফুটবলের পরাশক্তি ইতালি আজ এক কঠিন সন্ধিক্ষণে দাঁড়িয়ে। টানা দুই বিশ্বকাপে না খেলতে পারার বেদনা কি এবার ঘুচবে, নাকি ১২ বছরের দীর্ঘ অপেক্ষা আরও দীর্ঘায়িত হবে? সেই উত্তর খুঁজতেই আজ রাতে বার্গামোতে প্লে-অফের সেমিফাইনালে নর্দার্ন আয়ারল্যান্ডের মুখোমুখি হচ্ছে আজ্জুরিরা। টানা তৃতীয়বার বিশ্বকাপ মিস করার লজ্জা এড়াতে জেনারো গাত্তুসোর শিষ্যদের সামনে জয়ের কোনো বিকল্প নেই।

লুচিয়ানো স্পালেত্তির বিদায়ের পর দলের হাল ধরেছিলেন গাত্তুসো। তার অধীনে ইতালি ‘গ্রুপ আই’-এ রানার্সআপ হয়ে প্লে-অফে জায়গা করে নিলেও পথটা মোটেও মসৃণ ছিল না। বিশেষ করে গ্রুপ চ্যাম্পিয়ন নরওয়ের কাছে বড় ব্যবধানে হার দলের ভঙ্গুর চিত্রটাই ফুটিয়ে তুলেছে। ২০০৬ সালে বিশ্বজয়ী দলের সদস্য গাত্তুসোর সামনে এখন কোচ হিসেবে সেই হারানো গৌরব ফিরিয়ে আনার চ্যালেঞ্জ।

তবে মাঠের লড়াইয়ের আগে ইনজুরিই ইতালির বড় প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে। মাঝমাঠের কাণ্ডারি সান্দ্রো টোনালি ও আক্রমণভাগের প্রধান অস্ত্র ফেদেরিকো কিয়েসাকে ছাড়াই নামতে হচ্ছে গাত্তুসোকে। চোট কাটিয়ে ফেরার লড়াইয়ে আছেন স্কামাক্কা, বাস্তোনি ও মানচিনিরা। রক্ষণের কালাফিওরিকে নিয়েও রয়েছে অস্বস্তি।

গাত্তুসো অবশ্য আশাবাদী। তিনি জানান, ‘পুরো মন থেকে চাই আমরা লক্ষ্য অর্জন করি। এই দলটি সেটা প্রাপ্য।’ আজ নর্দার্ন আয়ারল্যান্ডকে হারাতে পারলে বিশ্বকাপের মূল পর্বের টিকিট পেতে ইতালির সামনে শেষ বাধা হবে ওয়েলস অথবা বসনিয়া ও হার্জেগোভিনা। পরাজয় মানেই ইতালিয়ান ফুটবলের জন্য আরও এক অন্ধকার অধ্যায়ের সূচনা।

তিন মাসে বিদেশি ঋণ বেড়েছে ১৩০ কোটি ডলার

বাংলাদেশের পুঞ্জীভূত বিদেশি ঋণের পরিমাণ বেড়েছে। ২০২৫ সালের ডিসেম্বর শেষে সরকারি ও বেসরকারি খাতে নেওয়া মোট বিদেশি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১১৩ দশমিক ৫২ বিলিয়ন ডলার। এর আগে গত বছরের সেপ্টেম্বর শেষে বিদেশি ঋণের স্থিতি ছিল প্রায় ১১২ বিলিয়ন দশমিক ২২ ডলার। অর্থাৎ তিন মাসের ব্যবধানে বিদেশি ঋণের পরিমাণ বেড়েছে প্রায় ১ দশমিক ৩০ বিলিয়ন বা ১৩০ কোটি ডলার।
বিদেশি ঋণের হালনাগাদ প্রতিবেদন বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে। বাংলাদেশ ব্যাংক গতকাল বুধবার এ প্রতিবেদন প্রকাশ করেছে। গত বছরের জুনের তুলনায় সেপ্টেম্বরে পুঞ্জীভূত বিদেশি ঋণের পরিমাণ কমেছিল। গত জুন পর্যন্ত বিদেশি ঋণের স্থিতি ছিল ১১৩ দশমিক ৫৮ বিলিয়ন ডলার। গত বছরের সেপ্টেম্বরে বিদেশি ঋণের পরিমাণ কমে যাওয়ার পর ডিসেম্বরে এসে তা ফের বেড়েছে।
বাংলাদেশ ব্যাংক ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) কর্মকর্তাদের মতে, সরকারি ও বেসরকারি দুই খাতেই বৈদেশিক ঋণ গ্রহণ বেড়েছে। এ কারণে পুঞ্জীভূত ঋণের পরিমাণও বেড়েছে।
বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান বলছে, গত বছরের সেপ্টেম্বরের তুলনায় ডিসেম্বর শেষে বিদেশি ঋণ বেড়েছে ১ দশমিক ১৬ শতাংশ। এর মধ্যে বেসরকারি খাতে ঋণের পরিমাণই বেশি বেড়েছে। বেসরকারি খাতে বিদেশি ঋণ বেড়েছে ২ শতাংশের বেশি। আর সরকারি খাতে বেড়েছে ১ শতাংশের কিছু কম। ডিসেম্বর শেষে সরকারি খাতে বিদেশি ঋণের পরিমাণ ছিল প্রায় ৯৩ দশমিক ৪৬ বিলিয়ন ডলার। আর বেসরকারি খাতে ২০ বিলিয়ন ডলারের কিছু বেশি।

এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) মহাপরিচালক ড. এনামুল হক সমকালকে বলেন, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে বৈদেশিক ঋণ প্রয়োজন। তবে বিদেশি উৎস থেকে নেওয়া ঋণের সঠিক এবং মানসম্পন্ন ব্যবহারের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঋণের অর্থ এমন প্রকল্পে ব্যবহার করা উচিত, যাতে মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন হয় এবং মুনাফা নিশ্চিত করে।
তিনি মনে করেন, জ্বালানি আমদানিতে হয়তো নতুন করে আরও ঋণ সরকারকে নিতে হবে। গত প্রান্তিকে বেসরকারি খাতে ঋণ গ্রহণের হার বেশি থাকা প্রসঙ্গে তিনি বলেন, ঠিক কী কারণে ওই সময়ে এ ধরনের ঋণের পরিমাণ এতটা বাড়ল, তা স্পষ্ট করে বোঝা যাচ্ছে না।
প্রতিবেদন বিশ্লেষণে দেখা যায়, বিদেশি উৎসের মোট ঋণের মধ্যে দীর্ঘমেয়াদি ঋণ ৮৭ দশমিক ৬২ শতাংশ। বাকি ১২ দশমিক ৩৮ শতাংশ স্বল্পমেয়াদি ঋণ। দীর্ঘমেয়াদি ঋণের মধ্যে সবচেয়ে বেশি ঋণ বহুপক্ষীয় উন্নয়ন সহযোগীদের কাছ থেকে এসেছে। এ ধরনের ঋণ ৪১ দশমিক ৩৯ শতাংশ।
দ্বিপক্ষীয় বিদেশি ঋণ ২৮ দশমিক ৮২ শতাংশ। সাপ্লায়ার্স ক্রেডিট আছে শূন্য দশমিক ১৬ শতাংশ। এ ছাড়া আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণ আছে ৫ দশমিক ৩৩ শতাংশ। বাণিজ্যিক ঋণ আছে মোট ঋণের ৭ দশমিক ৭৯ শতাংশ। এ ছাড়া অন্যান্য ঋণ ২ দশমিক ১৩ শতাংশ।

রাজস্ব আদায় ৭১ হাজার ৪৭২ কোটি টাকা কম

চলতি ২০২৫-২৬ অর্থবছরের শুরু থেকেই রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জন থেকে পিছিয়ে রয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সেই ধারা থেকে এখনও বের হতে পারছে না সংস্থাটি। এতে ঘাটতির
পরিমাণ বেড়েই চলছে। চলতি অর্থবছরের প্রথম আট মাসে (জুলাই-ফেব্রুয়ারি) লক্ষ্যমাত্রার তুলনায় এনবিআরের রাজস্ব আদায় কম হয়েছে প্রায় ৭১ হাজার ৪৭২ কোটি টাকা। তবে লক্ষ্যমাত্রার তুলনায় পিছিয়ে থাকলেও গত অর্থবছরের একই সময়ের তুলনায় রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি হয়েছে ১২ দশমিক ৩৬ শতাংশ। গতকাল বুধবার প্রকাশিত এনবিআরের রাজস্ব আদায়ের হালনাগাদ প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

রাজস্ব কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, চলতি অর্থবছরে জাতীয় সংসদ নির্বাচন, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধসহ নানা কারণে ব্যবসা-বাণিজ্যে ছিল ধীরগতি, যার প্রভাব পড়েছে রাজস্ব আহরণে। তাদের মতে, এমনিতেই ব্যয়ের চাপ সামলাতে হিমশিম অবস্থায় সরকার। এর মধ্যে এই বিশাল ঘাটতি অর্থবছরের শেষ সময়ে রাজস্ব আহরণের ক্ষেত্রে চাপ সৃষ্টি করবে। অন্যদিকে ঋণের দায় পরিশোধ, সরকারের পরিচালন ব্যয় নির্বাহ, বাজেট বাস্তবায়ন করতে রাজস্ব আদায় বাড়ানোর বিকল্প নেই।

এমন বাস্তবতায় করজাল বৃদ্ধি করা, কর পরিপালন নিশ্চিতকরণ ও কর ফাঁকি প্রতিরোধ করার পাশাপাশি ফাঁকি দেওয়া রাজস্ব পুনরুদ্ধারে এনবিআর কাজ করছে বলে জানান কর্মকর্তারা। এর অংশ হিসেবে চলতি করবর্ষে আয়কর রিটার্ন জমার সময় চার দফায় বাড়ানো হয়েছে।
প্রতিবেদনে দেখা গেছে, চলতি অর্থবছরের প্রথম আট মাসে (জুলাই-ফেব্রুয়ারি) আমদানি শুল্ক, মূল্য সংযোজন কর (মূসক বা ভ্যাট) ও আয়কর– এই তিন খাতের কোনো খাতেই লক্ষ্য অর্জন করতে পারেনি এনবিআর। চলতি অর্থবছরের প্রথম আট মাসে রাজস্ব আহরণে সংশোধিত লক্ষ্যমাত্রা ছিল তিন লাখ ২৫ হাজার ৮০২ কোটি টাকা। বিপরীতে প্রকৃত আহরণ হয়েছে দুই লাখ ৫৪ হাজার ৩৩০ কোটি টাকা। অর্থাৎ রাজস্ব আহরণ লক্ষ্যমাত্রার তুলনায় প্রায় ২২ শতাংশ পিছিয়ে রয়েছে।

শুধু গত ফেব্রুয়ারি মাসে শুল্ক-কর বাবদ রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা ছিল ৪২ হাজার ৫১ কোটি টাকা। তবে সংগ্রহ হয়েছে ৩০ হাজার ৫৬১ কোটি টাকা। অর্থাৎ ফেব্রুয়ারি মাসের একক লক্ষ্যমাত্রার তুলনায় ঘাটতি প্রায় ১১ হাজার ৪৯০ কোটি টাকা। তবে গত বছরের ফেব্রুয়ারি মাসের তুলনায় এই মাসে প্রবৃদ্ধি হয়েছে ৮ দশমিক ১৬ শতাংশ।
চলতি অর্থবছরের বাজেট ঘোষণার সময় এনবিআরকে চার লাখ ৯৯ হাজার কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্য দেওয়া হয়। পরে তা সংশোধন করে পাঁচ লাখ ৫৪ হাজার কোটি টাকা নির্ধারণ করা হয়। এই হিসাবে নতুন সরকারকে রাজস্ব আদায়ের লক্ষ্য অর্জনে শেষ চার মাসে প্রায় তিন লাখ কোটি টাকা আদায় করতে হবে। অর্থাৎ প্রতি মাসে আদায় করতে হবে প্রায় ৭৫ হাজার কোটি টাকা, যা অনেকটা অসম্ভব বলে মনে করা হচ্ছে। চলতি অর্থবছরে এখন পর্যন্ত সর্বোচ্চ রাজস্ব আদায় হয়েছে গত জানুয়ারিতে। ওই মাসে মোট রাজস্ব আদায় হয়েছে ৩৭ হাজার ৩৩ কোটি টাকা। আর সর্বনিম্ন আদায় হয়েছে গত আগস্টে ২৭ হাজার ২৫৩ কোটি টাকা।

চলতি অর্থবছরের প্রথম আট মাসে লক্ষ্যমাত্রার তুলনায় সবচেয়ে বেশি ঘাটতি হয়েছে আয়কর খাতে। এ খাতে গত আট মাসে রাজস্ব আদায় কম হয়েছে প্রায় ৩৩ হাজার ৩৭৪ কোটি টাকা। আদায়ের লক্ষ্য ছিল এক লাখ ১৮ হাজার ৫১০ কোটি টাকা। এ সময়ে আদায় হয়েছে ৮৫ হাজার ১৩৬ কোটি টাকা। এ খাতে গত অর্থবছরের একই সময়ের তুলনায় প্রবৃদ্ধি হয়েছে ১২ দশমিক ৭১ শতাংশ।
ভ্যাট বা মূসক খাতে এসেছে ৯৭ হাজার ২৮২ কোটি টাকা। যেখানে লক্ষ্যমাত্রা ছিল প্রায় এক লাখ ১৮ হাজার ২১৪ কোটি টাকা। সেই হিসাবে লক্ষ্যমাত্রার তুলনায় ভ্যাট আদায় কম হয়েছে ২০ হাজার ৯৩২ কোটি টাকা। এ ক্ষেত্রে গত অর্থবছরের একই সময়ের তুলনায় প্রবৃদ্ধি হয়েছে ১৪ দশমিক ৮৩ শতাংশ।
তুলনামূলক ভালো আদায় হয়েছে পণ্য আমদানি খাত থেকে। আট মাসে এ খাত থেকে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা ছিল ৮৯ হাজার ৭৯ কোটি টাকা। এর বিপরীতে আদায় হয়েছে ৭১ হাজার ৯১২ কোটি টাকা। তবে শুল্ক খাতে তুলনামূলক প্রবৃদ্ধি কম হয়েছে। গত অর্থবছরের একই সময়ের তুলনায় এ খাতে প্রবৃদ্ধি হয়েছে ৮ দশমিক ৮১ শতাংশ।

নদীতে বাস কীভাবে– তদন্ত চায় জামায়াত

যাত্রীবাহী বাস নদীতে তলিয়ে যাওয়ার ঘটনায় কার গাফলতি রয়েছে, তা তদন্তের দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী।

দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে হতাহতের ঘটনায় শোক ও উদ্বেগ প্রকাশ করে বলেন, হৃদয়বিদারক ঘটনা আমাদের সবাইকে গভীরভাবে নাড়া দিয়েছে। স্বজন হারানো পরিবারগুলোর আহাজারি ও অসহায়তা ভাষায় প্রকাশের মতো নয়। এ ধরনের ভয়াবহ দুর্ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, নিহতদের রুহের মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। দুর্ঘটনার পেছনে গাফিলতি, অব্যবস্থাপনা কিংবা দায়িত্বহীনতা রয়েছে কিনা– খতিয়ে দেখতে নিরপেক্ষ, স্বচ্ছ ও উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠনে সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি।