Home Blog Page 189

নিজের ও পরিবারের ব্যাংক স্টেটমেন্ট প্রকাশ করলেন আসিফ মাহমুদ

সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থিতার আলোচনা শুরুর পর নিজের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের জবাবে সচ্ছতা নিশ্চিত করতে নিজের এবং পরিবারের সব সদস্যের ব্যাংক স্টেটমেন্ট প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বুধবার (৪ মার্চ) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ বলেন, “অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগের সময় আমি আমার আয় ও সম্পদের সম্পূর্ণ বিবরণী মন্ত্রিপরিষদ বিভাগের কাছে পেশ করে এসেছি। এরপরও যেহেতু কিছু মহলে জল্পনা তৈরির চেষ্টা চলছে, তাই আমি নৈতিক অবস্থান থেকে নিজের ও পরিবারের সবার ব্যাংক হিসাব জনগণের সামনে উন্মুক্ত করার সিদ্ধান্ত নিয়েছি।”

ব্যাংক হিসাবের বিস্তারিত তথ্য দিয়ে এনসিপির এই মুখপাত্র জানান, তাঁর বাবার পাঁচটি ব্যাংক অ্যাকাউন্টে মোট ৫ লাখ ৪৭ হাজার ৭১১ টাকা জমা থাকলেও শিক্ষক হিসেবে তিনি ১০ লাখ টাকার একটি সার্ভিস লোন নিয়েছিলেন। যার এখনো ৬ লাখ ৩৯ হাজার ৭৪৬ টাকা পরিশোধ বাকি। অর্থাৎ তাঁর বাবা এখনো প্রায় ৮২ হাজার টাকার দেনায় আছেন।

এছাড়া তাঁর মায়ের একটি ব্যাংক অ্যাকাউন্টে ২১ হাজার ১৫৪ টাকা এবং স্ত্রীর অ্যাকাউন্টে মাত্র ৬১৩ টাকা রয়েছে বলে তিনি জানান।

আসিফ মাহমুদ নিজের দুটি ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ দিয়ে বলেন, সোনালী ব্যাংকের ব্যক্তিগত সেভিংস অ্যাকাউন্টে ৯ হাজার ৯৩০ টাকা রয়েছে। অন্যটি হলো তাঁর স্যালারি অ্যাকাউন্ট, যেখানে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা থাকাকালীন ১৬ মাসের বেতন ও ভাতাসহ যাবতীয় লেনদেন হয়েছে। এই অ্যাকাউন্টে ১৬ মাসে মোট ৮৫ লাখ ৮১ হাজার টাকা ক্রেডিট (জমা) হয়েছে এবং ৭৬ লাখ ৩ হাজার টাকা ডেবিট (খরচ) হয়েছে। বর্তমানে এই স্যালারি অ্যাকাউন্টে ৯ লাখ ৭৮ হাজার ৬২৬ টাকা জমা আছে। সব মিলিয়ে আসিফ মাহমুদের দুটি অ্যাকাউন্টে বর্তমান স্থিতি ৯ লাখ ৮৮ হাজার ৫৫৬ টাকা।

তিনি বলেন, “জনগণ যেন কোনো বিভ্রান্তিকর তথ্যে কান না দেয়, সেজন্যই এই ব্যাংক স্টেটমেন্ট প্রকাশ করা। জনসেবার জন্য রাজনীতি করি এবং স্বচ্ছতা বজায় রাখাই আমাদের মূল লক্ষ্য।”

যুক্তরাষ্ট্রে দিনমজুরির কাজ করছেন চিত্রনায়ক জায়েদ খান

গণঅভ্যুত্থানের আগে থেকেই নিউইয়র্কে অবস্থান করছেন আলোচিত চিত্রনায়ক জায়েদ খান। দেশ থেকে বিদেশে পাড়ি জমিয়ে এখন চাকরি করে জীবিকা নির্বাহ করছেন এই নায়ক।

সূত্রের খবর, এই মুহূর্তে নিউইয়র্কে কষ্টের জীবন পার করছেন জায়েদ খান। চাকরি করে জীবিকা নির্ভর করতে হিমশিম খাচ্ছেন দেশে বিলাসী জীবন পার করা এ নায়ক। এরই মধ্যে একটি ছবি সামাজিক মাধ্যমে বেশ ভাইরাল হয়েছে। ছবিতে দেখা যায়, নিউইয়র্কের রাস্তায় দিনমজুরের কাজ করছেন জায়েদ খান।

এ প্রসঙ্গে জানতে যোগাযোগ করা হলে জায়েদ খান গণমাধ্যমে বলেন, ‘এ নিয়ে আপাতত কথা বলতে চাই না। সবসময় মানুষের একরকম সময় যায় না। শুধু এটুকু বলব, সবাই আমার জন্য দোয়া করবেন।’

চলচ্চিত্রের আলোচিত মুখ জায়েদ খান দীর্ঘ সময় ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। তার উপস্থাপনায় জনপ্রিয় অনুষ্ঠান ‘সেলিব্রিটি টকশো-ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’ বেশ কয়েকটি পর্ব প্রচার হতে বেশ আলোচিত হয়।

বিদেশের মাটিতে বেশ সুসময় পার করছিলেন জায়েদ খান। আর এমন সময়ই এলো এই নায়কের জন্য দুঃসংবাদ। তবে কী সেই দুঃসংবাদ, এ নিয়ে আপাতত কথা বলতে নারাজ বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির তিনবারের নির্বাচিত এই সাধারণ সম্পাদক।

সীতাকুণ্ডের সেই শিশুটির সঙ্গে কী হয়েছিল? ঘাতকের রোমহর্ষক স্বীকারোক্তি

দুই দিন ধরে জীবন-মৃত্যু সন্ধিক্ষণে থাকা সাত বছর বয়সী শিশু জান্নাতুল নাইমা ইরা অবশেষে হার মানল। মঙ্গলবার (৩ মার্চ) ভোর ৫টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সীতাকুণ্ড ইকোপার্কের গহীন পাহাড়ে ঘটে যাওয়া সেই রোমহর্ষক ঘটনার নেপথ্যে উঠে এসেছে প্রতিবেশী ‘বাবু শেখ’-এর নৃশংস পরিকল্পনার ছক।

ঘটনার পর থেকেই অভিযানে নামে জেলা পুলিশ। সীতাকুণ্ডের কুমিরা থেকে পাহাড় পর্যন্ত সড়কের দীর্ঘ সিসিটিভি ফুটেজ এবং আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ঘাতককে শনাক্ত করা হয়। মঙ্গলবার দুপুরে কুমিরা কাজীপাড়া এলাকা থেকে মূল অভিযুক্ত বাবু শেখকে (৪৫) গ্রেপ্তার করে পুলিশ। তার স্থায়ী বাড়ি গাইবান্ধা জেলায় হলেও সে শিশুটির বাড়ির পাশেই ভাড়া থাকত।

মঙ্গলবার সন্ধ্যায় চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খাঁন এক সংবাদ সম্মেলনে ঘটনার বিস্তারিত জানান। দীর্ঘদিনের পারিবারিক বিরোধের জেরে সীতাকুণ্ড উপজেলায় সাত বছর বয়সী জান্নাতুল নাইমা ইরাকে হত্যার পরিকল্পনা করেছিল বলে স্বীকার করেছেন গ্রেপ্তার আসামি বাবু শেখ (৪৫)। মঙ্গলবার এ তথ্য জানান চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খাঁন।

পুলিশ বলছে, রোববার সকালে পূর্বপরিকল্পনা অনুযায়ী বাবু শেখ শিশুটিকে চকলেট কিনে দেয়ার প্রলোভন দেখিয়ে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। কুমিরা থেকে বাসযোগে সীতাকুণ্ড বাসস্ট্যান্ডে নেমে পায়ে হেঁটে পাহাড়ি এলাকায় নিয়ে যায়। সেখানে তাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করা হয়। শিশুটি চিৎকার শুরু করলে অভিযুক্ত তার কাছে থাকা ধারালো অস্ত্র দিয়ে গলায় আঘাত করে এবং মৃত ভেবে ঘটনাস্থলে ফেলে রেখে পালিয়ে যায় বলে জবানবন্দিতে উল্লেখ করে।

পরে আহত অবস্থায় শিশুটি নির্মাণাধীন সড়কের দিকে উঠে এলে শ্রমিকরা তাকে উদ্ধার করে বেলা আনুমানিক ১টা ৩০ মিনিটে থানায় খবর দেয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে জান্নাতুল নাইমা ইরাকে উদ্ধার করে প্রথমে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৩ মার্চ ভোরে তার মৃত্যু হয়।

মোহাম্মদ নাজির আহমেদ খাঁন বলেন, ঘটনার পর ভুক্তভোগীর বাড়ি কুমিরা থেকে সীতাকুণ্ড পাহাড় পর্যন্ত সড়কের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ এবং প্রযুক্তিগত সহায়তায় অভিযুক্ত বাবু শেখকে শনাক্ত করা হয়। মঙ্গলবার দুপুর ১২টার দিকে কুমিরা কাজীপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামির দেখানো মতে ঘটনাস্থল থেকে রক্তমাখা পোশাকসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে। তাকে আদালতে প্রেরণ করে পরবর্তী আইনগত কার্যক্রম গ্রহণ করা হচ্ছে।

শিশুটির মা রোববার বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে যে মামলা করেছিলেন সেটি এখন হত্যা মামলায় পরিণত হবে বলে জানিয়েছেন সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মহিনুল ইসলাম।

অবশেষে আলভীর সঙ্গে ‘সম্পর্ক’ নিয়ে মুখ খুললেন তিথি

স্ত্রী ইকরা আত্মহত্যার ঘটনা ঘিরে দেশজুড়ে সমালোচনায় মুখে পড়েছেন ছোটপর্দার পরিচিত অভিনেতা জাহের আলভী। অভিযোগ ওঠে জাহের আলভীর পরকীয়ার জেরেই আত্মহত্যা করেছেন ইকরা।

গুঞ্জন রয়েছে আলভীর সঙ্গে ছোটপর্দার অভিনেত্রী ইফফাত আর তিথির প্রেমের সম্পর্ক রয়েছে।

নানা আলোচনা-সমালোচনা ও গুঞ্জনের পর এবার মুখ খুললেন অভিনেত্রী তিথি।

প্রেমের গুঞ্জন বিষয়ে তিনি বলেন, তার (আলভী) সঙ্গে আমি দীর্ঘদিন ধরে কাজ করছি। কোনো অফিসে যখন আপনার কলিগ থাকে, আপনি যখন তার সঙ্গে চার-পাঁচ বছর অফিস করবেন, তখন আপনার সঙ্গে তার ভালো বন্ধুত্ব হতেই পারে। আমি আগেও বলছি যে, ইন্ডাস্ট্রিতে আলভী আমার সবচেয়ে ভালো বন্ধু। আগেও অনেক সাক্ষাৎকারে এই কথাটা বলছি।

দেশে ফেরার প্রসঙ্গে তিথি বলেন, অনেকেই অভিযোগ করছেন ‘আলভী তার স্ত্রীকে শেষ দেখা দেখতে আসেননি, তার গার্লফ্রেন্ডকে নিয়ে নেপালে ঘুমিয়ে আছে’—এটা ভুল কথা। আমি পুরো টিমের সঙ্গে গতকাল (২ মার্চ) দেশে এসেছি। যেদিন ইকরা আত্মহত্যা করে ওইদিন একটা টিকিটের জন্য অনেক জায়গায় ফোন দেওয়া হয়েছে। প্রথম দিন কোথাও টিকিট পাওয়া যায়নি। পরের দিন টিকিট ব্যবস্থা করে টিমের সবাই দেশে ফিরেছি।

গত ২৮ ফেব্রুয়ারি মিরপুর ডিওএইচএসের একটি বাসা থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ইকরার মরদেহ উদ্ধার করেন পরিবারের সদস্যরা। পরে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এর আগে ২০১০ সালের ৯ নভেম্বর ভালোবেসে গোপনে বিয়ে করেন আলভী ও ইকরা। প্রায় ১৪ বছর পর, ২০২৪ সালে তাদের বিয়ের বিষয়টি প্রকাশ্যে আসে। দম্পতির রিজিক নামে একটি পুত্রসন্তান রয়েছে।

ইফতারে মুড়িমাখা কতটা স্বাস্থ্যকর

পবিত্র রমজান মাস এলে ইফতারের সময় টেবিলে যে খাবারটি সবচেয়ে বেশি চোখে পড়ে, সেটি হলো মুড়ি। ছোলা, পেঁয়াজু, বেগুনি, আলুর চপ, জিলাপি—সব কিছুর সঙ্গেই মুড়ির দারুণ বন্ধুত্ব। অনেকের কাছে তো ইফতারি মানেই মুড়িমাখা। কিন্তু দীর্ঘ সময় রোজা রাখার পর এই মুড়ি কি সত্যিই শরীরের জন্য ভালো? নাকি এতে লুকিয়ে আছে কিছু স্বাস্থ্যঝুঁকি?

মুড়ি মূলত কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাবার। এটি দ্রুত শক্তি যোগায়, যা রোজা ভাঙার পর শরীরের জন্য উপকারী। অন্যদিকে, ছোলা প্রোটিন, ফাইবার ও কিছু গুরুত্বপূর্ণ খনিজ উপাদানের ভালো উৎস।

আরছোলা-মুড়িমাখা একসঙ্গে খেলে শরীর তাৎক্ষণিক শক্তি (কার্বোহাইড্রেট) এবং কিছুটা দীর্ঘস্থায়ী তৃপ্তি (প্রোটিন ও ফাইবার) পায়। তাই শুধু মুড়ির তুলনায় ছোলা, মুড়িমাখা তুলনামূলকভাবে বেশি ভারসাম্যপূর্ণ।তবে সমস্যা হয় যখন এতে অতিরিক্ত ভাজাপোড়া খাবার, তেল বা লবণ যোগ করা হয়। তখন ক্যালরি ও সোডিয়ামের পরিমাণ বেড়ে যায়।

ইফতারে পেঁয়াজু, বেগুনি, আলুর চপ অনেকের প্রিয়। কিন্তু এসব খাবার সাধারণত ডিপ ফ্রাই করা হয়। ফলে এতে জমে থাকা অতিরিক্ত তেল শরীরে অপ্রয়োজনীয় ক্যালরি যোগ করে। এতে ট্রান্স ফ্যাট ও স্যাচুরেটেড ফ্যাট হৃদরোগের ঝুঁকি বাড়াতে পারে। খালি পেটে বেশি তেলযুক্ত খাবার খেলে বুক জ্বালাপোড়া, গ্যাস্ট্রিক বা হজমের সমস্যা হতে পারে।

খাওয়ার পর রক্তে শর্করা দ্রুত ওঠানামা করতে পারে।এছাড়া রোজা ভাঙার পর হঠাৎ বেশি তেল-চর্বিযুক্ত খাবার খেলে শরীরের উপর চাপ পড়ে। এতে ক্লান্তি ও অস্বস্তি বাড়তে পারে।

একেবারে বাদ দেয়ার প্রয়োজন নেই, তবে পরিমিত পরিমাণ জরুরি। স্বাস্থ্যকর ইফতারের জন্য কিছু বিষয় মেনে চলা যেতে পারে। যেমন, ইফতার শুরু করুন পানি ও খেজুর দিয়ে। অল্প পরিমাণ ছোলা, মুড়িমাখা খান।

ভাজাপোড়া খেলেও ১–২ পিসের বেশি না খাওয়াই ভালো। সম্ভব হলে এয়ার ফ্রায়ার বা কম তেলে ভাজা বিকল্প বেছে নিন এবং ইফতারে শসা, টমেটো, ফল রাখুন। এভাবে খেলেই ইফতার হবে স্বাদ ও স্বাস্থ্যের মধ্যে একটি সুন্দর সমন্বয়।

ডায়াবেটিস রোগী, উচ্চ রক্তচাপের রোগী, যাদের ওজন বেশি, গ্যাস্ট্রিক বা হজমের সমস্যা আছে তাদের জন্য অতিরিক্ত ভাজাপোড়া ক্ষতিকর হতে পারে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাদ্য তালিকা ঠিক করাই উত্তম।

ইফতারে ছোলা, মুড়িমাখা নিজে থেকে ক্ষতিকর নয়; বরং এটি তুলনামূলকভাবে ভালো একটি বিকল্প। তবে এর সঙ্গে অতিরিক্ত ভাজাপোড়া যোগ হলে ক্যালরি, তেল ও লবণের পরিমাণ বেড়ে যাওয়ায় তা দীর্ঘমেয়াদে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে।তাই ইফতারের খাবারে থাকুন সচেতন। কারণ সুস্থ শরীরই পারে রমজানের ইবাদতকে করে তুলতে পরিপূর্ণ।

খেলার সময় শিশুর মাথায় আঘাত প্রতিরোধে ৫ জরুরি টিপস

স্কুল ছুটি, বিকেলে মাঠে দৌড়ঝাঁপ। কিন্তু আনন্দের মাঝেই লুকিয়ে থাকে একটি ঝুঁকি – মাথায় আঘাত। হালকা পড়ে যাওয়া থেকে শুরু করে গুরুতর কনকাশন পর্যন্ত – মাথার চোট কখনোই অবহেলার বিষয় নয়।

গবেষণা বলছে, খেলাধুলা ও সাইকেল চালানোর সময়ই শিশুদের মাথায় আঘাতের ঝুঁকি বেশি থাকে। তাই ভয় দেখানো নয়, সচেতনতা গড়ে তোলাই লক্ষ্য।

কেন মাথার আঘাত নিয়ে এত গুরুত্ব?
সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন জানায়, শিশু ও কিশোরদের মধ্যে ট্রমাটিক ব্রেইন ইনজুরির বড় একটি অংশ ঘটে খেলাধুলা ও বিনোদনমূলক কার্যক্রমে।

মাথায় আঘাত লাগার পর মাথাব্যথা, বমি, ঝাপসা দেখা, অতিরিক্ত ঘুম বা আচরণগত পরিবর্তন – এসব লক্ষণ দেখা দিতে পারে, যা মূলত ব্রেইন ইনজুরির লক্ষণ। তাই প্রতিরোধই সেরা কৌশল। যেভাবে প্রতিরোধ করবেন –

১. সঠিক সুরক্ষা সরঞ্জাম ব্যবহার
সাইকেল, স্কেটিং বা ক্রিকেট খেললে মানসম্মত হেলমেট ব্যবহার করুন। হেলমেট যেন মাথায় ঠিকভাবে ফিট করে – না খুব ঢিলা, না খুব টাইট।

আমেরিকান একাডেমি অব পেডিয়াট্রিকস বলছে, সঠিকভাবে ব্যবহৃত হেলমেট মাথার গুরুতর আঘাতের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমায়।

২. খেলার মাঠের পরিবেশ দেখুন
মাঠের মাটি খুব শক্ত কি না, ভাঙা যন্ত্রপাতি আছে কি না – এসব খেয়াল করুন। স্লাইড বা দোলনার নিচে নরম মাটি বা রাবারাইজড সারফেস থাকলে আঘাতের ঝুঁকি কমে।

বশ্ব স্বাস্থ্য সংস্থা শিশুদের আঘাত প্রতিরোধে নিরাপদ পরিবেশ তৈরির ওপর গুরুত্ব দিয়েছে।

৩. বয়স উপযোগী খেলা বেছে নিন
ছোট শিশুদের বড়দের সঙ্গে উচ্চগতির বা শারীরিক সংস্পর্শের খেলা খেলতে দিলে দুর্ঘটনার ঝুঁকি বাড়ে। বয়স ও শারীরিক সক্ষমতা অনুযায়ী খেলা নির্বাচন করুন।

৪. ‘হেড-ফার্স্ট’ অভ্যাস নিরুৎসাহিত করুন
ফুটবল বা অন্য খেলায় ইচ্ছে করে মাথা ব্যবহার করা, বা উঁচু জায়গা থেকে মাথা নিচে দিয়ে লাফ দেওয়া – এসব অভ্যাস বিপজ্জনক। কোচ ও অভিভাবকদের উচিত নিয়মিত নিরাপদ কৌশল শেখানো।

৫. আঘাতের লক্ষণ জানুন এবং দ্রুত ব্যবস্থা নিন
পড়ে যাওয়ার পর শিশু যদি বিভ্রান্ত হয়, বারবার একই প্রশ্ন করে, বা আচরণ বদলে যায় – তাহলে সেটি কনকাশনের লক্ষণ হতে পারে।

মাথায় আঘাতের পর সন্দেহ হলে বিশ্রাম ও চিকিৎসকের পরামর্শ জরুরি। “খেলা চালিয়ে যাও” ধরণের মানসিকতা বিপজ্জনক হতে পারে।

খেলাধুলা থামিয়ে দেওয়া সমাধান নয়। বরং নিরাপদ খেলার পরবেশ গড়ে তোলা জরুরি। সচেতনতা, সঠিক সরঞ্জাম ও দ্রুত ব্যবস্থা – এই তিনেই ঝুঁকি কমানো সম্ভব।

৫ ব্যাংক একীভূতকরণ কার্যক্রম অব্যাহত থাকবে : গভর্নর

শরিয়াহভিত্তিক পাঁচ ব্যাংক একীভূত করে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের কার্যক্রম অব্যাহত থাকবে। পতিত আওয়ামী লীগ সরকারের সময়ে এসব ব্যাংকের তহবিল তছরুপের সঙ্গে জড়িতদের শাস্তি নিশ্চিত করবে সরকার।
পাঁচ ব্যাংকের নিয়োগ দেওয়া প্রশাসক ও বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের নিয়ে অনুষ্ঠিত বৈঠকে এমন বার্তা দিয়েছেন নতুন গভর্নর মো. মোস্তাকুর রহমান। মঙ্গলবার বিকেলে গভর্নর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক সূত্রে জানা গেছে, মঙ্গলবারের বৈঠকে গভর্নর আরও বলেন, সম্মিলিত ইসলামী ব্যাংকের এমডি নিয়োগ কার্যক্রম দ্রুততম সময়ে সম্পন্ন করার ব্যবস্থা নেওয়া হবে। আর ব্যাংকটির বর্তমান পরিচালনা পর্ষদ অব্যাহত থাকবে।
এছাড়া পাঁচ ব্যাংকের আওতায় যেসব কারখানার অস্তিত্ব রয়েছে, তা চালুর উদ্যোগ নিতে হবে। এসব কারখানা যেন উৎপাদনে আসতে পারে, সে ব্যবস্থা করতে হবে। ফলে, কোনো প্রতিষ্ঠানের বিদেশি বকেয়া থাকলে তা পরিশোধের উদ্যোগ নেওয়া হবে বলে জানা গেছে। গভর্নরের এই বার্তার মাধ্যমে পাঁচ ব্যাংক একীভূতকরণ নিয়ে যারা ধোঁয়াশা তৈরির চেষ্টা করছেন, তা পরিষ্কার হয়েছে বলে মনে করেন উপস্থিত কর্মকর্তারা। এর আগে গত রবিবার ব্যাংকের প্রধান নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশের (এবিবি) প্রতিনিধিরা সৌজন্য সাক্ষাতে গেলে একই রকম বার্তা দেন গভর্নর।

সেখানে তিনি বলেন, ব্যাংক খাতে চলমান সব সংস্কার অব্যাহত থাকবে। নতুন গভর্নর কোনো রাজনৈতিক চাপের কাছে নতিস্বীকার করবেন না। একই সঙ্গে বর্তমান সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী প্রথম ১৮ মাসে এক কোটি কর্মসংস্থানের জন্য নীতি সহায়তা দেওয়া হবে। আর এ জন্য রাজনৈতিক পট পরিবর্তনে বন্ধ হওয়া কারখানা সচলে নীতি সহায়তার কথা বলেন।
আওয়ামী লীগ সরকার পতনের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়ে আমানতকারীর অর্থ ফেরত দিতে না পারা- এক্সিম, সোশ্যাল ইসলামী, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, ইউনিয়ন ও গ্লোবাল ইসলামী ব্যাংক একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করেছে।
নতুন ব্যাংকটি মোট ৩৫ হাজার কোটি টাকার মূলধন নিয়ে যাত্রা শুরু করেছে। এর মধ্যে সরকার দিয়েছে ২০ হাজার কোটি টাকা। আমানতকারীদের মধ্যে বাকি ১৫ হাজার কোটি টাকার তহবিল দেওয়া হবে। এছাড়া প্রায় ৭৮ লাখ আমানতকারীর আমানত বিমা তহবিল থেকে দুই লাখ টাকা করে মোট ১২ হাজার কোটি টাকা পরিশোধের উদ্যোগ নেওয়া হয়েছে।

ঈদের ছুটি নিয়ে নতুন দাবি যাত্রীকল্যাণ সমিতির

পবিত্র ঈদুল ফিতরে স্বস্তিদায়ক ঈদযাত্রা নিশ্চিত করতে ঈদের ছুটি এক দিন বাড়ানোর দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। বুধবার (০৪ মার্চ) এক বিবৃতিতে এই দাবি জানান সংগঠনটির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী।

বিবৃতিতে বলা হয়, পবিত্র ঈদুল ফিতরে গণপরিবহন সংকটসহ নানা কারণে বাড়তি ভোগান্তি এড়িয়ে স্বস্তিদায়ক ঈদযাত্রা নিশ্চিত করতে ধাপে ধাপে গ্রামের বাড়ি যাওয়ার সুবিধার্থে ১৮ মার্চ একদিনের ঈদের ছুটি বাড়ানো অথবা বিন্যাসের দাবি করছি।

তিনি বলেন, আসন্ন পবিত্র ঈদুল ফিতরে দেড় কোটি মানুষ রাজধানী ছাড়বে, আমাদের গণপরিবহন সংকট, স্টেশন ও পথের অবকাঠামোসহ নানা কারণে স্বল্প সময়ে এত বেশি মানুষের যাতায়াতের নিরাপদ ও নির্বিঘ্নে নিশ্চিত করা সম্ভব হয় না। এই কারণে এসব ঘরমুখো মানুষ অসহনীয় দুর্ভোগ ও অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্যের শিকার হয়। শুধুমাত্র সরকার ১৮ মার্চ একদিনের ছুটি নির্বাহী আদেশে বাড়ানো গেলে ঈদে ঘরমুখো যাত্রীরা ধাপে ধাপে গ্রামের বাড়ি যাওয়ার সুযোগ পাবে। মানুষের ভোগান্তি ও সড়ক দুর্ঘটনা কমে আসবে। স্বস্তিদায়ক ঈদযাত্রা নিশ্চিত করা সম্ভব হবে।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত ঈদের ছুটি। ঈতোমধ্যে ঈদের ছুটি দুই দিন (২৪ ও ২৫ মার্চ) বাড়ানোর প্রস্তাব মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার মন্ত্রিসভা বৈঠকে তা উপস্থাপন করা হবে। প্রস্তাবনা অনুযায়ী, ঈদে দুই দিন ছুটি বাড়ানো হলে ২৬ মার্চ স্বাধীনতা দিবসের ছুটি এবং ২৭ ও ২৮ মার্চ সাপ্তাহিক মিলে মোট ১০ দিন ছুটি কাটাতে পারবেন সরকারি চাকরিজীবীরা।

দেশজুড়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য জরুরি নির্দেশনা জারি!

সরকারি সেবাকে আরও গতিশীল এবং দাপ্তরিক কাজে স্বচ্ছতা আনতে মন্ত্রিপরিষদ বিভাগ এক যুগান্তকারী নির্দেশনা জারি করেছে। এখন থেকে সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের ঠিক সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত নিজ নিজ অফিসকক্ষে অবস্থান করা বাধ্যতামূলক। কোনো ব্যক্তিগত কাজ বা অননুমোদিত সেমিনারের অজুহাতে এই সময়ে ডেস্কে অনুপস্থিত থাকা চলবে না।

জনসেবা নিশ্চিত করতে এবং অফিসের কাজে গতি ফেরাতে সচিবালয় নির্দেশমালা ২০২৪ ও সরকারি কর্মচারী বিধিমালা ২০১৯ অনুযায়ী এই কঠোর অবস্থান নেওয়া হয়েছে। অফিসের শুরুতেই কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিত করার মাধ্যমে সাধারণ মানুষের ভোগান্তি কমানোই এই পরিপত্রের মূল লক্ষ্য। দাপ্তরিক অন্যান্য কর্মসূচিও এমনভাবে সাজাতে হবে যাতে এই গুরুত্বপূর্ণ সময়টুকুতে কোনো বিঘ্ন না ঘটে।

জরুরি সেবা এবং মাঠপর্যায়ের কাজের গুরুত্ব বিবেচনা করে নির্দিষ্ট কিছু ক্ষেত্রের জন্য এই নিয়ম শিথিল রাখা হয়েছে। জনস্বার্থে যারা সরাসরি সম্পৃক্ত তাদের কাজের সুবিধার্থেই এই নমনীয়তা। শিক্ষা বা প্রশিক্ষণ প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক ও অনুষদ সদস্য যারা কোনো প্রশাসনিক দায়িত্বে নেই। হাসপাতাল, জেলখানা, সংবাদমাধ্যম বা নিরাপত্তাসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের রোস্টার ডিউটি পালনকারী কর্মী। জরুরি গ্রাহকসেবায় সরাসরি নিয়োজিত এবং মাঠপর্যায়ে কর্মরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য। ভিভিআইপি প্রটোকল প্রদান, আকস্মিক বড় দুর্ঘটনা মোকাবিলা বা অনুমোদিত সরকারি সফরের বিশেষ ক্ষেত্র।

কর্তৃপক্ষের পূর্ব অনুমতি ছাড়া এখন থেকে অফিস চলাকালীন কর্মস্থল ত্যাগ করার কোনো সুযোগ নেই। এই নির্দেশ অবিলম্বে কার্যকর করার মাধ্যমে প্রশাসনকে আরও জনবান্ধব করার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে।

যুদ্ধের মধ্যেই সৌদি গেলেন জামায়াত আমির

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধের মধ্যেই ঢাকা ছেড়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (৩ মার্চ) দিবাগত রাত ৩টায় তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের উদ্দেশে রওনা হন।

জানা গেছে, পবিত্র ওমরাহ পালনের উদ্দেশে তিনি ঢাকা ছেড়েছেন। আগামী ৬ মার্চ সকালে তার ঢাকা ফেরার কথা রয়েছে।

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার সহকারী মুজিবুল আলম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন।