Home Blog Page 199

‘অপূর্ব পাল নয়, আহমদ’

০

পিনাকী ভট্টাচার্য্য, অপু বিশ্বাস, দেব চৌধুরী, মুন্নী সাহা-এমত আরো অনেকে জীবন-যৌবন-জীবিকার তাগিদে ধর্ম পরিবর্তন করেছেন, ইসলামী নামও নিয়েছেন, কিন্তু হিন্দু নামটি রেখে দিয়েছেন। যেমন দেব চৌধুরী, তাঁর নাম আব্দুল্লাহ মোহাম্মদ, দিব্যি হিন্দু নামে চালিয়ে যাচ্ছেন। এমত যারা আছেন তারা দয়া করে আপনাদের পরিবর্তিত নামে পরিচিত হয়ে হিন্দুদের কিছুটা হলেও সহানুভূতি দেখান। কেন বলছি একথা? এ সময়ে নর্থ-সাউথ ভার্সিটি’র শিক্ষার্থী অপূর্ব পাল কুরআন অবমাননার দায়ে ছাত্রত্ব থেকে স্থায়ীভাবে বহিস্কৃত হয়েছেন এবং তাকে গ্রেফতার করা হয়েছে। অপূর্ব নাকি কুরআনে লাথি মেরেছেন, এমন একটি ভিডিও সামাজিক মাধ্যমে এসেছে। এটি করা অন্যায় তা স্বীকার্য। হেফাজত ও অন্যান্য সংগঠন ঝাঁপিয়ে পড়েছে, ‘পাইছি’ আর এক হিন্দু! সমস্যা এখানেই, অপূর্ব হিন্দু নন।

দুই বছর আগে (২০২৩) এক মুসলিম তরুণীর প্রেমে অপূর্ব ইসলামে দীক্ষা নেন। তার নাম অপূর্ব আহমদ রাদ। বাংলাদেশে মিডিয়া সব জানে, কিন্তু সুড়সুড়ি দিয়ে ‘অপূর্ব পাল’ লিখে যাচ্ছে। এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ৫ম সেমিষ্টারের ছাত্র ফেরদৌস রহমান ফরিদ কোরআন পোড়ানোর ঘটনায় গ্রেফতার হয়েছেন। বাংলাদেশে ইসলামের অবমাননার ভুয়া ধোঁয়া তুলে ২০১২-তে রামু থেকে ২০২৫ পর্যন্ত বহু হিন্দু সর্বশান্ত হয়েছে, বাড়িঘর পুড়েছে, নিহত হয়েছে, ধর্ষিতা হয়েছে, জেল খেটেছে, অনেকে এখনো জেলে, কেউবা দেশত্যাগ করতে বাধ্য হয়েছে। ইসলাম ও নবীর অবমাননা শুনলে হিন্দুর গায়ে জ্বর আসে, এই বুঝি  বাড়ীঘর পুড়লো? তাই বলছিলাম, হিন্দু নাম ছাড়েন, আরবী নামে পরিচিত হন।

প্রশ্ন জাগে, কেন শুধু ইসলাম অবমাননা হয়? অন্য ধর্মের অবমাননা হয়না? শুনেছেন কি কখনো যে, বাইবেল বা গীতা বা ত্রিপিটক অবমাননার দায়ে কোন মুসলমান গ্রেফতার হয়েছে? শুনেননি, তবে কি মুসলমানরা অন্য ধর্মের অবমাননা করেনা? ওয়াজ শুনলে সেটি পরিষ্কার হবে। কুরআনের অবমাননা অমুসলমানরা ততটা করেনা, যতটা মুসলমানরা করে! বায়তুল মোকাররমে হেফাজতের কোরআন পুড়ানোর ঘটনা সবার জানা। কুমিল্লায় দেবীদুর্গার চরণে কোরান রেখেছিলো ইকবাল। আসলে কোরআন বা নবীর অবমাননার অধিকাংশ ঘটনা ভুয়া, কোন বিশেষ উদ্দেশ্য নিয়ে একটি মহল ঘটিয়ে থাকে। আর এধরণের ঘটনাগুলো সবই ধর্ম নিয়ে বাড়াবাড়ি। কিন্তু কে শোনে কার কথা? বাংলাদেশে ইসলাম ধর্ম ও নবীর অবমাননার নামে অন্য ধর্মের মানুষকে হয়রানি বন্ধ হওয়াটা দরকার।

শিতাংশু গুহ,
নিউইয়র্ক,
১০/০৯/২৫

২০২৬ ‍সালে পোস্ট অফিসে ১ লক্ষ টাকা জমা রাখলে লাভ কত?

বাংলাদেশে নিরাপদ বিনিয়োগের অন্যতম জনপ্রিয় মাধ্যম হলো জাতীয় সঞ্চয়পত্র অধিদপ্তর পরিচালিত ডাকঘর সঞ্চয় ব্যাংকের মেয়াদি হিসাব বা পোস্ট অফিস ফিক্সড ডিপোজিট। অনেকেই জানতে চান, এখানে যদি ১ লাখ টাকা জমা রাখা হয়, তাহলে এক বছর, দুই বছর বা তিন বছর শেষে কত টাকা মুনাফা পাওয়া যায়।

মুনাফার হার

ডাকঘর সঞ্চয় ব্যাংকের মেয়াদি হিসাব অনুযায়ী—

  • ১ বছর মেয়াদে: ১০.৬৫% মুনাফা
  • ২ বছর মেয়াদে: ১১.২২% মুনাফা
  • ৩ বছর মেয়াদে: ১১.৮২% মুনাফা

তবে এই মুনাফা থেকে উৎসে কর কেটে নেওয়া হয়।
২০২৩ সালের আয়কর আইনের ধারা অনুযায়ী—

  • ৫ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগে ৫% কর
  • ৫ লাখ টাকার বেশি হলে ১০% কর

১ লাখ টাকার লাভের হিসাব

১ বছর মেয়াদে

  • মোট মুনাফা: ১০,৬৫০ টাকা
  • উৎসে কর (৫%): ৫৩৩ টাকা
  • নিট লাভ: ১০,১১৮ টাকা
  • মোট টাকা পাবেন: ১,১০,১১৮ টাকা

২ বছর মেয়াদে

  • মোট মুনাফা: ২২,৪৪০ টাকা
  • উৎসে কর: ১,১২২ টাকা
  • নিট লাভ: ২১,৩১৮ টাকা

৩ বছর মেয়াদে

  • মোট মুনাফা: ৩৫,৪৬০ টাকা
  • উৎসে কর: ১,৭৭৩ টাকা
  • নিট লাভ: ৩৩,৬৮৭ টাকা

নতুন একটি সুবিধা

বর্তমানে ডাকঘর সঞ্চয় ব্যাংকে একটি নতুন সুবিধা চালু হয়েছে। নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার পর যদি টাকা উত্তোলন না করা হয়, তাহলে হিসাবটি স্বয়ংক্রিয়ভাবে নবায়ন (অটো রিনিউ) হয়ে যেতে পারে।

তবে ভবিষ্যতে সরকার যদি নতুন মুনাফার হার ঘোষণা করে, তাহলে সেই নতুন রেট অনুযায়ী হিসাব পরিবর্তিত হতে পারে।

কোথায় গিয়ে এই হিসাব খুলবেন

এই মেয়াদি হিসাব খুলতে হলে আপনাকে যেতে হবে—

  • নিকটস্থ উপজেলা পোস্ট অফিস অথবা
  • জেলা পোস্ট অফিসে অবস্থিত ডাকঘর সঞ্চয় ব্যাংক শাখায়

সেখানে সংশ্লিষ্ট কর্মকর্তার সঙ্গে কথা বলে আবেদন ফরম পূরণ করে টাকা জমা দিতে হবে।

প্রয়োজনীয় কাগজপত্র

মেয়াদি হিসাব খুলতে সাধারণত যেসব কাগজপত্র লাগে—

  • জাতীয় পরিচয়পত্র (এনআইডি)
  • ২ কপি পাসপোর্ট সাইজের ছবি
  • নমিনির ছবি ও এনআইডি কপি
  • ৫ লাখ টাকার বেশি বিনিয়োগ হলে টিআইএন সার্টিফিকেট

নমিনি সুবিধা

অ্যাকাউন্ট খোলার সময় একজন নমিনি নির্ধারণ করা যায়। হিসাবধারীর মৃত্যুর পর মূল টাকা ও মুনাফা নমিনি উত্তোলন করতে পারবেন।

দুই দফা বাড়ার পর কমল স্বর্ণের দাম, আজ ভরি কত?

টানা ২ দফা বাড়ানোর পর ফের দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

এবার ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৬৭ হাজার ১০৬ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি।

বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। নতুন এ দাম আজ শুক্রবার সকাল ১০টা থেকেই কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৬৭ হাজার ১০৬ টাকা।

এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৫৪ হাজার ৯৭৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৮ হাজার ৫৮৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৭৮ হাজার ৪০১ টাকা নির্ধারণ করা হয়েছে।

স্বর্ণের দাম কমানোর সঙ্গে এবার কমানো রয়েছে রুপার দামও। ভরিতে ৩৫০ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৬ হাজার ৩৫৭ টাকা।

এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৬ হাজার ৬৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ১৯০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৯০৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

আল বিদা মাহে রমজান

আজ মাহে রমজানের ২৩তম দিবস। একে একে শেষ হতে চলেছে ইবাদত বন্দেগি ও ধর্মীয় আবেগ সঞ্চারের শ্রেষ্ঠ মাসটি। এ মাস যেমন কৃচ্ছ্র সাধন ও ত্যাগ তিতিক্ষা শিক্ষার, তেমনি অনেক মুসলিম মনীষী রয়েছেন, যারা ইসলামের এ বিকাশের ক্ষেত্রে বিশাল ত্যাগ তিতিক্ষা ও অবদান রেখে গেছেন। এ মাহে রমজানে তাদের জীবনকথা সিয়াম সাধকদের মনে আবে হায়াৎ সঞ্চার করে। তেমনি এক দরদী মনীষী হজরত আবু বকর সিদ্দীক রাদিয়াল্লাহু তায়ালা আনহু।

৬৩৪ সালে ঠিক মহানবী হজরত মুহাম্মদ (স.)-এর মতো ৬৩ বছর বয়সে উম্মতের সব চাইতে মর্যাদাপূর্ণ ব্যক্তিত্ব হজরত আবু বকর (রাদি.) ওফাৎপ্রাপ্ত হয়েছিলেন। মহানবীর (স.) সুখ-দুঃখের এ মহান সাথি সকল যুগের মুসলমানদের জন্য আদর্শ হয়ে রয়েছেন। হজরত (স.) স্বয়ং তার সম্পর্কে ইরশাদ করেছেন- ‘বন্ধুত্ব ও অর্থ সাহায্যের দিক দিয়ে আমি আবু বকরের নিকট হতে সর্বাপেক্ষা অধিক ইহসান প্রাপ্ত হয়েছি।’-(বুখারী)।
এ মহান সাহাবীর তিরোধান সম্পর্কে মন্তব্য করতে গিয়ে মাহমুদ আল আক্কাদ বলেন- পৃথিবী হতে এমন একটি জীবনের অবসান হলো, যা শিষ্টাচার ও ভদ্রতার ইতিহাসে অতুলনীয় ছিল।’-(ই. বিশ্ব কোষ ২/১২৫)। আমাদের উচিত প্রিয় নবীর (স.) এ প্রিয় সাহাবী সম্পর্কে সম্যক অবগত হয়ে আমাদের ঈমান ও ইশ্ককে মজবুত করা, জ্ঞান ও উপলব্ধির ভা-ারকে সমৃদ্ধ করা। তার পারিবারিক নাম আবদুল্লাহ, তবে আবু বকর উপনামেই তিনি বিখ্যাত হয়ে আছেন।

পিতা আবু কুহাফা ওসমান। পিতা-মাতা উভয়ে ছিলেন মহানবীর (স.) সাহাবীর অন্তর্ভুক্ত। আবু বকর (রাদি.)-কে ‘আতিক’ নামেও স্মরণ করা হতো। ‘আতিক’ অর্থ সৌন্দর্যের অধিকারী, তিনি প্রথম জীবন হতেই রুচিশীল এবং সত্যনিষ্ঠ ছিলেন- এজন্য তাকে আতিক বলা হতো (আর ইসাবা)। স্বয়ং হজরত (স.) এ নামের ব্যাখ্যা সম্পর্কে বলেন- ‘আবু বকর জাহান্নাম হতে চিরমুক্ত।’-(তিরমিজি ২/২১৪)। পরবর্তীতে মহানবী তাকে ‘সিদ্দিক’ উপাধি দান করেন। এর অর্থ সত্যবাদী এবং সত্যের স্বীকৃতি দানকারী।’

দুপুরের মধ্যে যেসব জেলায় বজ্রসহ বৃষ্টি হতে পারে

দেশের বিভিন্ন অঞ্চলে শুক্রবার দুপুরের মধ্যে তীব্র বজ্রপাতের সঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে বলে সতর্কতা দেওয়া হয়েছে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, কয়েকটি বিভাগের একাধিক জেলায় এই পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) কানাডার সাসকাচেওয়ান বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক ও আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান।

তার দেওয়া তথ্য অনুযায়ী, সকাল ১০টার মধ্যে রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলার ওপর দিয়ে তীব্র বজ্রপাতসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ইতোমধ্যে এসব বিভাগের কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টি শুরু হয়েছে বলেও উল্লেখ করা হয়।

এ ছাড়া দুপুর ১২টার মধ্যে রংপুর বিভাগের কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলা, রাজশাহী বিভাগের বগুড়া, সিরাজগঞ্জ ও পাবনা জেলা, ময়মনসিংহ বিভাগের শেরপুর, জামালপুর, ময়মনসিংহ ও নেত্রকোণা জেলা, ঢাকা বিভাগের টাঙ্গাইল, গাজীপুর ও কিশোরগঞ্জ জেলার কিছু উপজেলা এবং সিলেট বিভাগের সুনামগঞ্জ ও সিলেট জেলায় তীব্র বজ্রপাতের সঙ্গে ভারী বৃষ্টিপাত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

পোস্টের শেষাংশে বজ্রপাতের সময় কৃষকদের খোলা আকাশের নিচে কৃষিকাজ না করার জন্য সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ।

ঢাকাস্থ বদলগাছী সমিতির ইফতার ও নবনির্বাচিত এমপিকে সংবর্ধনা

ঢাকাস্থ বদলগাছী সমিতির ইফতার ও নবনির্বাচিত এমপিকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার (১১ মার্চ)  ঢাকার পর্যটন কর্পোরেশনের রুফটপ রেস্টুরেন্টে ঢাকাস্থ বদলগাছী সমিতির  উদ্যোগে এ ইফতার মাহফিল ও সংবর্ধনা দেওয়া হয়।

সংবর্ধিত অতিথিদের মধ্যে ছিলেন- ফজলে হুদা বাবুল (নওগাঁ-৩), মো. আসিফ ইকবাল, জেলা দায়রা জজ, আইন কমিশন এবং বিশিষ্ট নজরুল সংগীত শিল্পী ইয়াসমীন মুস্তারী।

সমিতির সভাপতি ডা. এম এ কে আজাদ চৌধুরীর নেতৃত্বে সংগঠনের সিনিয়র সদস্যরা নবনির্বাচিত  এমপিসহ অতিথিদের ফুল দিয়ে সংবর্ধনা দেন । অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের যুগ্ম সম্পাদক সুমন হোসেন এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন ইসরাত জাহান ইশা।

পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয় । ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া করা হয় ।

সংসদের প্রথম অধিবেশনে ড. মুহাম্মদ ইউনূস

ত্রয়োদশ জাতীয় সংসদের ঐতিহাসিক প্রথম অধিবেশনে দর্শক গ্যালারিতে বসে সংসদীয় কার্যক্রম প্রত্যক্ষ করেছেন একঝাঁক বিশিষ্ট ব্যক্তিত্ব। উপস্থিত অতিথিদের মধ্যে অন্যতম ছিলেন সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং কন্যা জাইমা রহমানের সরব উপস্থিতি অধিবেশন কক্ষে নতুন এক আবহ তৈরি করে। তাঁদের সঙ্গে গ্যালারিতে আরও উপস্থিত ছিলেন প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান। প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও) এবং বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত ছবিতে তাঁদের হাস্যোজ্জ্বল উপস্থিতির দৃশ্যটি ফুটে ওঠে, যা রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে বেশ আলোচনার জন্ম দিয়েছে।

নেশা ছাড়ার চেষ্টায় সফল ড্যানিয়েল

অল্প বয়সে খ্যাতির চাপে নেশায় জড়িয়েছিলেন ‘হ্যারি পটার’ খ্যাত হলিউড তারকা ড্যানিয়েল র‍্যাডক্লিফ। তবে অন্ধকার সে জগত থেকে শেষ পর্যন্ত আলোর পথে ফিরতে পেরেছেন এ বিশ্বখ্যাত জনপ্রিয় অভিনেতা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ড্যানিয়েল প্রকাশ্যে আনেন তার শোবিজ দুনিয়ার ঝলমলে সাফল্যের আড়ালে লুকিয়ে থাকা কঠিন বাস্তবতাকে। অভিনেতা জানান, জনপ্রিয়তার চাপে একসময় সিগারেট ও মদ্যপানের নেশায় জড়িয়ে পড়েন তিনি।

ড্যানিয়েল বলেন, মাত্র ১৮ বছর বয়সেই আমি সিগারেট ও মদ্যপানে আসক্ত হয়ে পড়ি। ছোটবয়সে বিপুল জনপ্রিয়তা আমার উপর এক ধরনের চাপ তৈরি করেছিল। দর্শকদের কাছে আরও ভালোভাবে নিজেকে প্রমাণ করার তাগিদ থেকেই ধীরে ধীরে মদ্যপান ও ধূমপানের অভ্যাসে জড়িয়ে পড়ি আমি।

ড্যানিয়েল আরও বলেন, ২০১০ সালের দিকে শরীরে নানা অস্বাভাবিক পরিবর্তন লক্ষ্য করি। সমস্ত নেশা থেকে দূরে সরে যাওয়ার সিদ্ধান্ত নেই। এ লড়াই সহজ ছিল না। ২০১২ সালে আবারও নেশার দিকে ঝুঁকে পড়ি আর অস্বাভাবিকভাবে আমার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে।

নেশার দুনিয়া থেকে মুক্তি পাওয়ার প্রচেষ্টা প্রসঙ্গে এ অভিনেতা বলেন,

এরপর নেশা ছাড়ার দৃঢ় সংকল্প নেই। ফিটনেসের দিকে গুরুত্ব বাড়াই। অনেক কষ্টে সিগারেট ও অ্যালকোহল সম্পূর্ণভাবে ছেড়ে দেই। বর্তমানে কফি পানও অনেক কমিয়ে এনেছি।

শৈশবেই বিশ্বজোড়া খ্যাতি পাওয়া এ অভিনেতা তাই বর্তমানে শিশুশিল্পীদের জন্য সেটে থেরাপি ও মানসিক কাউন্সেলিং-এর গুরুত্ব নিয়ে সচেতনতা তৈরি করছেন। তার জীবনের গল্প জানাচ্ছেন। বার্তা ছড়িয়ে দিচ্ছেন, সঠিক সময়ে পরিবার ও বন্ধুদের সমর্থন থাকলে যেকোনো কঠিন নেশা থেকে মুক্তি পাওয়া সম্ভব।

তিন শর্তে যুদ্ধ থামাতে রাজি ইরান

চলমান সংঘাত বন্ধের বিষয়ে নীতিগতভাবে সম্মতি জানিয়েছে ইরান। তবে যুদ্ধ থামাতে তিনটি শর্ত দিয়েছে দেশটি।

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান রাশিয়া ও পাকিস্তানের নেতাদের সঙ্গে আলোচনার সময় এসব শর্ত তুলে ধরেন।

একই সঙ্গে তিনি স্পষ্ট করেছেন, এই শর্তগুলোর ব্যাপারে তেহরানের অবস্থান কঠোর এবং আপসহীন।

বুধবার (১১ মার্চ) রাশিয়া ও পাকিস্তানের শীর্ষ নেতাদের সঙ্গে আলোচনা শেষে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইরানের প্রেসিডেন্ট তার দেশের অবস্থান ব্যাখ্যা করেন।

পেজেশকিয়ান বলেন, আলোচনার সময় তিনি ইরানের অবস্থান পরিষ্কারভাবে তুলে ধরেছেন। তার দাবি, বর্তমান সংঘাতের জন্য দায়ী ‘জায়নিস্ট শাসকগোষ্ঠী’ ও যুক্তরাষ্ট্র, যারা পরিস্থিতিকে উসকে দিয়েছে।

যে তিন শর্তে যুদ্ধ বন্ধ করতে চায় ইরান

ইরানের প্রেসিডেন্টের দেওয়া শর্তগুলো হলো-

প্রথমত, আন্তর্জাতিক অঙ্গনে ইরানের বৈধ ও ন্যায্য অধিকারকে স্বীকৃতি দিতে হবে।

দ্বিতীয়ত, সাম্প্রতিক হামলার কারণে ইরানের যে ক্ষয়ক্ষতি হয়েছে তার জন্য ক্ষতিপূরণ প্রদান করতে হবে।

তৃতীয়ত, ভবিষ্যতে ইরানের বিরুদ্ধে যেন আর কোনো ধরনের সামরিক হামলা না ঘটে, সে বিষয়ে শক্তিশালী আন্তর্জাতিক নিশ্চয়তা দিতে হবে।

বিশ্বজুড়ে যখন এই সংঘাত থামাতে কূটনৈতিক তৎপরতা জোরদার হচ্ছে, ঠিক সেই সময়েই ইরানের প্রেসিডেন্টের এই মন্তব্য সামনে এসেছে।

অন্যদিকে রাশিয়া ইতোমধ্যে ইরানের শীর্ষ নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রেখেছে এবং পরিস্থিতি শান্ত করার জন্য কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।

তবে তেহরান তাদের ঘোষিত শর্তগুলো নিয়ে আপসহীন অবস্থান বজায় রাখায় সংঘাত নিরসনের কূটনৈতিক প্রচেষ্টা আরও জটিল হয়ে উঠতে পারে বলে বিশ্লেষকদের ধারণা।

দাপুটে জয়ে সিরিজ শুরু টাইগারদের

০

মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে বুধবার পাকিস্তানের বিরুদ্ধে ৫ উইকেট নিয়ে সতীর্থদের সঙ্গে মাঠ ছাড়ছেন টাইগার পেসার নাহিদ রানা

তিন মাস পর নিজেদের আঙিনায় আন্তর্জাতিক ক্রিকেট। সম্প্রতি ভারতের ভূরাজনীতির ফাঁদে পড়ে বাংলাদেশ টি২০ বিশ্বকাপ থেকে বঞ্চিত হলে যারা পাশে দাঁড়িয়েছিল প্রতিপক্ষ সেই পাকিস্তান। কেউ কেউ বলছেন, বাংলাদেশই পাকিস্তানের ফাঁদে পড়েছিল! সব মিলিয়ে বুধবার মিরপুরে সিরিজের প্রথম ওয়ানডে ঘিরে ছিল অন্যরকম আবহ। নাহিদ রানার আগুন ঝড়নো বোলিংয়ে ৮ উইকেটের বড় জয়ে সেই আবহ রাঙাল টাইগাররা।

দুপুরে টস জিতে ফিল্ডিং নেন অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। স্বাগতিকদের সাঁড়াশি বোলিংয়ের মুখে ৩০.৪ ওভারে ১১৪ রানে অলআউট শাহিন শাহ আফ্রিদির পাকিস্তান। জবাবে ওপেনার তানজিদ হাসান তামিমের (৪২ বলে অপরাজিত ৬৭) দারুণ ব্যাটিংয়ে ১৫.১ ওভারেই ২ উইকট হারিয়ে জয়ের উল্লাসে মাতে টাইগাররা। ৫ শিকারে পাকিদের বিপক্ষে দেশের হয়ে সেরা বোলিংয়ের রেকর্ড গড়ে ম্যাচসেরা নাহিদ রানা।
৭ ওভার বল করে দিয়েছেন মাত্র ২৪ রান। আর সবকিছু ছাপিয়ে তাই আলোচনায় কেন্দ্রে ছিলেন নাহিদ। তবু মাটিতে পা রাখছেন সেনসেশনাল এ ডানহাতি পেসার,‘আমি নিজেকে কোনো ব্র্যান্ড মনে করি না, আমি নিজেকে সাধারণ মানুষ মনে করি। ৫ উইকেট কাউকে ডেডিকেট করছি না।’ ম্যাচ শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলছিলেন নাহিদ। দলে সতীর্থ পেসারদের নিয়ে নাহিদ আরও বলেন,‘আমরা হচ্ছি ভাই-ব্রাদার টাইপের, মাঠের ভেতর যেমন আমরা মজা করি, মাঠের বাইরেও। সবাই সবাইকে সব সময় কনফিডেন্স দেওয়ার ট্রাই করে। এই বন্ডিংটা আমাদের মধ্যে খুবই ভালো।’ মিরপুরের স্লো উইকেটে বরাবরই বাড়তি সুবিধা পান স্পিনাররা। স্পিন স্বর্গেই এবার রীতিমতো আগুন ঝড়িয়েছেন নাহিদ রানা।

তরুণ এই পেসারের গতি আর বাউন্সে চোখে সর্ষে ফুল দেখেছেন মোহাম্মদ রিজওয়ান-সালমান আগারা! ক্যারিয়ারে প্রথমবার ওয়ানডেতে ফাইফার পেয়েছেন তিনি। ম্যাচ শেষে নাহিদকে নিয়ে পাকিস্তান অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি বলেন,‘আমার মনে হয় আমরা শুরুটা ভালোই করেছিলাম। কিন্তু এরপর নাহিদ এসে আমাদের চাপে ফেলে দেয়। কিন্তু পরে বল হাতে সত্যিই ভালো করেছি। প্রথম ম্যাচে যে ধরনের শুরু আমরা চেয়েছিলাম, তা পাইনি। এটি একটি তরুণ দল, আর আমি শেষ পর্যন্ত এই দলটির ওপর আস্থা রাখব।’ দলের হার নিয়ে তিনি বলেন,‘আপনি যখন একটি ম্যাচ হারেন, তখন অনেক বিষয়ই তুলে ধরা যায়। ওয়ানডে ক্রিকেটে ব্যাটিং এবং বোলিং দুই ক্ষেত্রেই পার্টনারশিপ খুবই গুরুত্বপূর্ণ।

এখনও দুটি ম্যাচ বাকি আছে, আর আমরা এখন পরের ম্যাচটির (শুক্রবার) দিকেই মনোযোগ দেব।’ বাংলাদেশ অধিনায়ক মিরাজ বলেন,‘প্রথম ১০ ওভারে আমরা কোনো উইকেট পাইনি, কিন্তু রানা যেভাবে বল করেছে, সে গুরুত্বপূর্ণ উইকেট এনে দিয়েছে। প্রথম কয়েক ওভারে তাসকিন এবং ফিজও খুব ভালো বল করেছে। রানা বারবার সঠিক জায়গায় বল ফেলেছে, আমরা তাকে সেটাই বলেছিলাম। সে কন্ডিশন ও উইকেট বুঝে সেই অনুযায়ী নিজের লেংথ ঠিক করেছে।’
দলের এমন হারের পর সংবাদ সম্মেলনে পাকিস্তানের কোচ মাইক হেসন বলেন,‘উইকেট ভালো ছিল, আমার মতে এটা (উইকেট) ভালো আচরণ করেছে। নাহিদ রানা অসাধারণ ছিল। সে বোলিংয়ে আসার আগ পর্যন্ত আমরা ঠিকঠাকই এগোচ্ছিলাম। সে এসে খেলাটা বদলে দিয়েছে। নাহিদ উইকেট টু উইকেট বল করেছে, বোলিংয়ে বৈচিত্র্য ছিল এবং তার গতিতে এটাই প্রত্যাশিত। আমাদের যেমন জবাব দেওয়ার কথা ছিল, সেটা দিতে পারিনি। তাই পুরোটাই নাহিদের কৃতিত্ব।’ নাহিদকেও প্রশংসায় ভাসিয়েছেন হেসন,‘আসলে প্রথমবার আমি তাকে লাইভ দেখলাম। টিভিতে অনেক দেখেছি।

আমি মনে করি, সে খুব সুন্দরভাবে বোলিং করেছে, এমনকি ওয়ার্ম-আপেও। তার টাইমিং ভালো হচ্ছিল। সে কঠিনভাবে উইকেটে বল ঢোকায়, সিম উপস্থাপন করে, ক্রস-সিম করে। সে খুবই প্রতিশ্রুতিশীল বোলার। আমরা এমন পেসের মুখোমুখি হই সবসময়। তবে সে ভালো জায়গায় বল করেছে, আক্রমণাত্মক ছিল, ভালো বাউন্সার করেছে। সে যা পেয়েছে, তা তার প্রাপ্য। আমি মনে করি, সে খুব ভালো বোলিং করেছে।’ নিজের শিষ্যদের ব্যাটিং পারফরম্যান্স নিয়ে হতাশা প্রকাশ করে হেসন বলেন, ‘লজ্জা করে কোনো লাভ নেই, বলতেই হবে এটা খুব হতাশাজনক ব্যাটিং পারফরম্যান্স। শুধু তরুণরাই যে বাজে খেলেছে এমন নয়, ভালো বোলিংয়ের সামনে আমাদের দক্ষতাগুলো কাজে আসেনি এবং আমরা খোলসে আবৃত হয়ে গিয়েছিলাম। আমাদের দ্রুত ঘুরে দাঁড়াতে হবে।’
ঘুরে দাঁড়াতে চান হেসন,‘তরুণদের শিখতে হবে এবং তাদের শেখার ও বড় হওয়ার সুযোগ দিতে হবে। আমরা চাই, তারা অভিষেকেই সেঞ্চুরি করে ফেলুক, কিন্তু আসলে তাদের কিছু কঠিন চ্যালেঞ্জের মধ্য দিয়ে যেতে হয়। তাই পরের ম্যাচগুলোতে আমাদের ধৈর্য দেখাতে হবে এবং ভালোভাবে লড়াই করতে হবে। এই পারফরম্যান্স নিয়ে একটু ভাবতে হবে। আমরা খারাপ ছিলাম তা অস্বীকার করব না, ব্যাটিংয়ে আমরা খোলসে ঢুকে গিয়েছিলাম। শুধু তরুণরাই নয়, আমাদের সবাইকে দাঁড়াতে হবে এবং ব্যাটিংয়ে ভালো পারফরম্যান্স দিতে হবে। পরের দুই ম্যাচে সেটাই চেষ্টা থাকবে।’
সংক্ষিপ্ত স্কোর: পাকিস্তান: ১১৪/১০ (৩০.৪ ওভার; সাহিবজাদা ২৭, সাদাকাত ১৮, শামিল ৪, রিজওয়ান ১০, সালমান ৫, তালাত ৪ ০, ফাহিম ৩৭,; তাসকিন ১/২৯, মুস্তাফিজ ১/১৮, মিরাজ ৩/২৯, নাহিদ ৫/২৪)  বাংলাদেশ: ১১৫/২ (১৫.২ ওভার; সাইফ ৪, তানজিদ ৬৭*, শান্ত ২৭, লিটন ৩*; আফ্রিদি ১/৩৫, ওয়াসিম ১/২৪) ফল: বাংলাদেশ ৮ উইকেটে জয়ী।