Home Blog Page 2

ঘরেই রাঁধুন চিতল মাছের কোপ্তা কালিয়া

চিতল মাছের গতানুগতিক পদ খেতে না চাইলে বাসায় রান্না করে ফেলুন চিতল মাছ, নারকেল ও পোস্তের কোপ্তা কালিয়া। অতিথি আপ্যায়নেও ফিউশনধর্মী এ পদ টেবিলে রাখতে পারেন। রেসিপি দিয়েছেন সৈয়দা তাসফিয়া ইসলাম মাহি। 

উপকরণ
‎কোপ্তার জন্য: চিতল মাছ ৫০০ গ্রাম, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, কাঁচামরিচ কুচি ২টি, আদা বাটা আধা চা চামচ, রসুন বাটা আধা চা চামচ, ভাজা জিরার গুঁড়া আধা চা চামচ, ধনেপাতা কুচি ১ টেবিল চামচ, চালের গুঁড়া ১ টেবিল চামচ, লবণ স্বাদমতো, সয়াবিন তেল ভাজার জন্য।
‎কালিয়ার জন্য: পেঁয়াজ বাটা ২ টেবিল চামচ, নারকেল বাটা ৩ টেবিল চামচ, পোস্ত বাটা দেড় টেবিল চামচ, আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা আধা চা চামচ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আধা চা চামচ করে, ধনে গুঁড়া ১ চা চামচ, জিরা গুঁড়া আধা চা চামচ, টক দই ১ টেবিল চামচ, গরম মসলা চার ভাগের এক ভাগ, কাঁচামরিচ ৩–৪টি, লবণ স্বাদমতো, সয়াবিন তেল ৩ টেবিল চামচ ও গরম পানি প্রয়োজনমতো।
‎
প্রস্তুত ‎প্রণালি

‎প্রথমে চিতল মাছ পরিষ্কার করে লবণ দিয়ে হালকা ভাপিয়ে নিতে হবে। মাছ ঠান্ডা হলে কাঁটা বেছে শুধু মাছের মাংস আলাদা করে ভালোভাবে চটকে নিন। এরপর চটকানো মাছের সঙ্গে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, আদা-রসুন বাটা, ভাজা জিরার গুঁড়া, ধনেপাতা, লবণ ও চালের গুঁড়া দিয়ে ভালোভাবে মেখে নিন। মিশ্রণ থেকে ছোট ছোট গোল কোপ্তা তৈরি করে নিন। কড়াইয়ে তেল ঢেলে মাঝারি আঁচে সোনালি করে ভেজে নিন।
‎
‎কালিয়া তৈরির জন্য কড়াইতে সয়াবিন তেল গরম করে পেঁয়াজ বাটা দিয়ে ভালোভাবে কষাতে হবে। এরপর আদা-রসুন বাটা ও মরিচ, ধনে ও জিরার গুঁড়া দিয়ে অল্প পানি দিয়ে মসলা কষাতে হবে। ‎এবার নারকেল বাটা ও পোস্ত বাটা দিয়ে কম আঁচে ভালোভাবে কষিয়ে টক দই মিশিয়ে নিন। প্রয়োজনমতো গরম পানি দিয়ে মাঝারি ঘন গ্রেভি তৈরি করে ভাজা মাছের কোপ্তাগুলো দিন। ‎কাঁচামরিচ দিয়ে ঢেকে কম আঁচে ৫–৬ মিনিট রান্না করুন। সবশেষে গরম মসলা ছিটিয়ে চুলা বন্ধ করে দিন।

সাক্ষাৎকার ‘জাতীয় পর্যায়ে কাজ করে বিশ্ব মঞ্চে দেশকে প্রতিনিধিত্ব করতে যাচ্ছি’

০

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি। সাবলীল অভিনয় দিয়ে অল্প সময়েই দর্শকের মনে জায়গা করে নিয়েছেন তিনি। অভিনয়ের পাশাপাশি এবার নতুন পরিচয়ে আলোচনায় এসেছেন এই অভিনেত্রী। শনিবার ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’-এর মুকুট জিতেছেন তিনি। এবার আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন মাহি। মিস ইউনিভার্সের মুকুট জয়, আন্তর্জাতিক মঞ্চের প্রস্তুতি, অভিনয় ও ব্যক্তিগত পরিকল্পনাসহ নানা বিষয়ে তাঁর সঙ্গে কথা বলেছেন বুলবুল ফাহিম।

‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’-এর মুকুট জয়ের পর অনুভূতি কেমন?
আমার বেস্ট ফ্রেন্ডের কাছ থেকে মুকুটটি নিয়েছি। তবে এটি শুধু একটি মুকুট পরার বিষয় নয়। এই মুকুট একটি স্বপ্নের প্রতীক। বাংলাদেশের প্রতিটি মেয়েরই এমন একটি স্বপ্ন থাকে। এতদিন জাতীয় পর্যায়ে কাজ করেছি। অনেক মানুষ আমাকে সমর্থন করেছেন, ভালোবেসেছেন। কিন্তু এবারই প্রথম আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে যাচ্ছি। অনুভূতিটা একেবারেই অন্য রকম। ভাষায় বোঝাতে পারব না। শুধু চাই, বাংলাদেশের মানুষ আমাকে সমর্থন করুক। কারণ, এই স্বপ্ন শুধু আমার একার নয়, পুরো বাংলাদেশের। সবাই যেন আমাকে নিজের ঘরের মেয়ে, নিজের বোন মনে করে পাশে থাকেন। আপনাদের ভালোবাসা ও সমর্থনই এখন আমার সবচেয়ে বড় শক্তি।

মুকুট জয়ের মুহূর্ত…
খুশিতে চোখে পানি এসেছিল। মুহূর্তটি ছিল অন্য রকম। বাংলাদেশের প্রতিটি মেয়ের স্বপ্ন থাকে দেশের প্রতিনিধিত্ব করে আন্তর্জাতিক মঞ্চে যাওয়ার। আমি সেই সুযোগ পেয়েছি। এর চেয়ে আনন্দের আর কী হতে পারে!

893802379 2451687558571992 2822799794182454255 n 1794212147

আন্তর্জাতিক মঞ্চে যাওয়ার আগে পরিবার থেকে কী ধরনের উৎসাহ পেয়েছেন…
বাবা-মা আমাকে বলেছেন, ‘যাও, বিশ্ব জয় করে আসো।’ সবার কাছে দোয়া চাই, যেন বিশ্ব জয় করে ফিরতে পারি, বাংলাদেশের মুখ উজ্জ্বল করতে পারি। আমি জিতলে বাংলাদেশ জিতে যাবে।

আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন। যাত্রা শুরুর অনুভূতি কেমন?
আমার প্রিয় বাংলাদেশকে মিস ইউনিভার্সের বৈশ্বিক মঞ্চে প্রতিনিধিত্ব করতে রওনা হতে পেরে আমি অত্যন্ত সম্মানিত ও গর্বিত। এই অসাধারণ যাত্রায় শুধু লাল-সবুজের পতাকাই নয়, দেশের কোটি মানুষের আশা, স্বপ্ন, দোয়া ও ভালোবাসাও সঙ্গে নিয়ে এগিয়ে যাচ্ছি।

আপনি নিয়মিত অভিনয় করেন, মাঝে বেশ কিছুদিন বিরতিতে ছিলেন, কারণ কী?
মাঝে কিছুদিন বিরতি ছিল। টানা কাজ করলে একঘেয়েমি চলে আসে। মনে হয়েছে, নিজেকেও একটু সময় দেওয়া দরকার। এ ছাড়া ঈদের পর আমাদের একটা বিরতি থাকেই। সেই বিরতির সঙ্গে আরও কিছু সময় যোগ করে নিজেকে সময় দিয়েছি। ওই সময় দেশ-বিদেশ ঘুরেছি। এরপর আবার কাজে মন দিয়েছি।

897349938 2233793263978272 5360918981693024783 n 1794212162

অভিনয়ে এখন কোন ধরনের গল্প ও চরিত্রে বেশি গুরুত্ব দিচ্ছেন?
সবাই নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করছেন। আলাদা কিছু করার ইচ্ছা সবারই থাকে। আমিও সব সময় ভিন্নধর্মী গল্প ও চরিত্রে কাজ করতে চাই। একজন শিল্পী হিসেবে এটা আমার ক্ষুধা। নানা ধরনের চরিত্রে অভিনয় করতেই আনন্দ পাই। একই ধরনের কাজ করে স্বাচ্ছন্দ্যবোধ করি না। এখন পারিবারিক গল্পের প্রতি দর্শকের আগ্রহ বেশি। তাই এ ধরনের গল্পে বেশি কাজ করা হচ্ছে। এর মধ্যে কয়েকটি গল্পে অভিনয় করেছি, সেগুলো দারুণ সাড়া পেয়েছে।

 ওটিটির জন্য কোনো কাজ করছেন?
এখন নাটক নিয়েই বেশি ব্যস্ততা যাচ্ছে। ওটিটির জন্য গল্প আসছে, কিন্তু আমার মনে হয়েছে, সেগুলো আমার জন্য নয়। তাই এই প্ল্যাটফর্মে কাজ করা হচ্ছে না। ভালো গল্প পেলে অবশ্যই করব।

বর্তমান সময়ে মিডিয়ায় কাজ করতে গিয়ে কী ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন?
আমি একজন অভিনেত্রী। অভিনয়ই আমার কাজ। প্রতিটি পেশায় চ্যালেঞ্জ থাকে, এটা থাকবেই। সেগুলো মোকাবিলা করেই আমাদের এগিয়ে যেতে হয়। তবে এই সময়ে বড় কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছি না।

759746024 1029066686547384 5184567399986680788 n 1794212203

অভিনয় নিয়ে সামনের দিনের পরিকল্পনা কী?
অভিনয় নিয়ে আলাদা কোনো পরিকল্পনা নেই। তবে ভালো কিছু করার চেষ্টা করছি। দর্শককে ভালো ভালো গল্প উপহার দিতে চাই। দর্শক যে ধরনের গল্পে আমাকে গ্রহণ করবেন, সেসব কাজ বেশি করার চেষ্টা করব। নানা রকম চরিত্রে অভিনয় করতেই আমার আনন্দ।

কনটেন্টের ক্ষেত্রে ভিউয়ের গুরুত্ব আপনার কাছে কতটা
একটি ভালো কাজ বা ভালো গল্পে অভিনয় করলে অবশ্যই চাইব দর্শক সেটি দেখুন। কারণ, একটি কাজের পেছনে শিল্পী-কলাকুশলী সবার অক্লান্ত পরিশ্রম থাকে। দর্শক যদি কাজটি দেখেন, তাহলে সবার পরিশ্রম সার্থক হয়। তাই অবশ্যই আমার কাছে ভিউয়ের গুরুত্ব আছে।

হৃদয়ের রেকর্ডের ম্যাচে ড্র, সিরিজ ওয়েস্ট ইন্ডিজের

০

সিলেট টেস্টের শেষ দিনে জয়ের জন্য বাংলাদেশের সামনে লক্ষ্য ছিল ৩৬৯ রান। হাতে ছিল ৭৮ ওভার। তবে কঠিন সেই লক্ষ্য তাড়া করে জয়ের চেষ্টা খুব একটা এগিয়ে নিতে পারেনি স্বাগতিকরা। অন্যদিকে বাংলাদেশকে অলআউট করার মতো পর্যাপ্ত সময়ও পাননি ওয়েস্ট ইন্ডিজের বোলাররা। শেষ পর্যন্ত আলোকস্বল্পতায় খেলা বন্ধ হয়ে গেলে ড্র মেনে নিতে হয় দুই দলকে।

দ্বিতীয় ইনিংসে ৫৯ ওভারে ৪ উইকেটে ১৮৪ রান করে বাংলাদেশ। ফলে ড্রয়ে শেষ হয় সিলেট টেস্ট। তবে প্রথম টেস্ট জেতার সুবাদে দুই ম্যাচের সিরিজ ১-০ ব্যবধানে নিজেদের করে নেয় ওয়েস্ট ইন্ডিজ।

ম্যাচের শেষ দিনে বাংলাদেশের হয়ে আলো ছড়িয়েছেন তাওহিদ হৃদয়। প্রথম ইনিংসে অপরাজিত ২৪২ রানের ঐতিহাসিক ইনিংস খেলার পর দ্বিতীয় ইনিংসেও ব্যাট হাতে দারুণ পারফরম্যান্স করেন তিনি। খেলেন ৮২ রানের ইনিংস। এর মধ্য দিয়ে এক টেস্টে ডাবল সেঞ্চুরি ও ফিফটি করা প্রথম বাংলাদেশি ব্যাটার হওয়ার কীর্তি গড়েন হৃদয়। নিজের তৃতীয় টেস্টেই তুলে নেন প্রথম টেস্ট ফিফটি।

হৃদয়ের পাশাপাশি দ্বিতীয় ইনিংসে দায়িত্বশীল ব্যাটিং করেছেন মুশফিকুর রহিমও। ১২৩ বলে ৬ চারে ৪৯ রান করেন অভিজ্ঞ এই ব্যাটার। ইনিংসের পথে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে টেস্টে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন তিনি। তবে ফিফটির মাত্র এক রান আগে শামার জোসেফের বলে বোল্ড হয়ে ফিরতে হয় তাকে।

শেষ পর্যন্ত আলোকস্বল্পতা ম্যাচের ভাগ্য নির্ধারণে বড় ভূমিকা রাখে। আম্পায়াররা একাধিকবার আলোর পরিস্থিতি যাচাই করেও খেলা চালিয়ে যাওয়ার মতো পরিবেশ পাননি। ফলে ৫৯ ওভারেই শেষ হয় বাংলাদেশের দ্বিতীয় ইনিংস, ড্র হয় সিলেট টেস্ট।

ইরানের সঙ্গে ফের যুদ্ধের সম্ভাবনা খুবই কম: ট্রাম্প সিএনএনকে সাক্ষাৎকার

ইরানের সঙ্গে আবার যুদ্ধ শুরুর বিষয়ে সংশয় প্রকাশ করেছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, ‘ফের যুদ্ধ শুরু হওয়ার সম্ভাবনা খুবই কম।’ মধ্যস্থতাকারী দেশ কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগে তিনি এমন মন্তব্য করলেন।

সোমবার হোয়াইট হাউসে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুলরহমান আল থানির সঙ্গে ট্রাম্প বৈঠক করবেন। মধ্যবর্তী নির্বাচনে দলের বড় পরাজয়ের পর প্রথম কোনো বিদেশি নেতার সঙ্গে তিনি বৈঠকে বসতে যাচ্ছেন।

নির্বাচনের আগে ইরানের বিরুদ্ধে অভিযান শুরুর হুমকি দিয়েছিলেন ট্রাম্প। ভোটের পর তিনি এখন দলের হারের জন্য ইরান যুদ্ধকে কারণ হিসেবে উল্লেখ করছেন।

স্থানীয় সময় রোববার সিএনএনকে সাক্ষাৎকার দেন ট্রাম্প। এ সময় যুদ্ধের সম্ভাবনা নিয়ে ওই মন্তব্যের পাশাপাশি তিনি সতর্ক করে বলেন, ‘তারা (ইরান) একটি চুক্তিতে স্বাক্ষর করবে কি না, সেটির ওপর বিষয়টি নির্ভর করছে।’

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘প্রয়োজন হলে আমি আবার হামলা চালাব। আমরা তাদের ওপর খুব কঠোর আঘাত হেনেছি। এতটাই কঠোর আঘাত করেছি, যা আপনারা জানেন না।’

ট্রাম্পের এই সাক্ষাৎকারের আগে ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানান, মধ্যবর্তী নির্বাচনের রাজনৈতিক প্রভাব পর্যালোচনার জন্য শান্তি আলোচনা স্থগিত আছে। রাষ্ট্রীয় টেলিভিশনে তিনি বলেন, ‘গত কয়েক দিন মধ্যস্থতাকারীদের তেমন কাজ ছিল না। কারণ, যুক্তরাষ্ট্রের নির্বাচনের ফলাফল সবাইকে ধাক্কা দিয়েছে।’

আরাঘচি আরও বলেন, এই ফলাফলের ধাক্কা কাটিয়ে উঠতে তাদের কতদিন সময় লাগে, তা দেখতে হবে। এরপর সামনে এগোনোর বিষয়টি ঠিক করা যাবে।

প্রথমবারের মতো নারী প্রেসিডেন্ট পেতে যাচ্ছে জার্মানি

জার্মানির পরবর্তী প্রেসিডেন্ট পদে বাভারিয়ার রাজ্য পার্লামেন্টের স্পিকার ইলসে আইগনারকে মনোনয়ন দিতে যাচ্ছেন দেশটির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ। তিনি নির্বাচিত হলে জার্মানির ইতিহাসে প্রথম নারী প্রেসিডেন্ট হবেন।

রোববার রাতে ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন (সিডিইউ) নেতাদের সঙ্গে এক নৈশভোজে মের্জ এ সিদ্ধান্তের কথা জানান। আইগনার জার্মানির বাভারিয়ান রাজ্যভিত্তিক দল ক্রিশ্চিয়ান সোশ্যাল ইউনিয়নের (সিএসইউ) সদস্য। সিএসইউ সিডিইউর ঘনিষ্ঠ মিত্র দল। সোমবার সিডিইউ ও সিএসইউর বৈঠকে তার মনোনয়ন চূড়ান্ত হওয়ার কথা রয়েছে।

ক্ষমতাসীন জোটের শরিক সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি (এসপিডি) এরই মধ্যে প্রেসিডেন্ট পদে আইগনারের প্রতি সমর্থন জানিয়েছে। জার্মানির প্রেসিডেন্ট নির্বাচন করে ফেডারেল কনভেনশন। শুধু প্রেসিডেন্ট নির্বাচনের জন্য গঠিত এই বিশেষ নির্বাচনী সংস্থায় ফেডারেল পার্লামেন্টের সদস্যদের পাশাপাশি রাজ্যগুলোর প্রতিনিধিরা থাকেন। আগামী ৩০ জানুয়ারি প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ নির্ধারিত রয়েছে।

বর্তমান প্রেসিডেন্ট ফ্রাঙ্ক-ভাল্টার স্টাইনমায়ার ২০১৭ সালে দায়িত্ব নেন। পাঁচ বছর করে দুই মেয়াদ শেষে ২০২৭ সালের মার্চে তার দায়িত্ব শেষ হবে। জার্মানির প্রেসিডেন্টের দায়িত্ব মূলত আনুষ্ঠানিক। তিনি আইন অনুমোদন করেন, মন্ত্রীদের আনুষ্ঠানিকভাবে নিয়োগ দেন এবং দলীয় রাজনীতির ঊর্ধ্বে থেকে জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে দায়িত্ব পালন করেন।

চলতি বছরের শুরুতে সিএসইউ প্রেসিডেন্ট পদে আইগনারের নাম প্রস্তাব করেছিল। তবে মের্জ শুরুতে অন্য একজনকে প্রার্থী করার কথা ভাবায় সিডিইউ তার প্রতি সমর্থন জানাতে দেরি করে। এ নিয়ে দুই মিত্র দলের মধ্যে কিছুটা টানাপোড়েনও তৈরি হয়েছিল।

আইগনার স্থানীয় রাজনীতির মাধ্যমে তার রাজনৈতিক জীবন শুরু করেন। ১৯৯৮ সালে জার্মানির ফেডারেল পার্লামেন্টে নির্বাচিত হন তিনি। পরে সাবেক চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের সরকারের কৃষিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর বাভারিয়ার রাজনীতিতে ফিরে ২০১৮ সালে রাজ্য পার্লামেন্টের স্পিকার হন।

ডা. জুবাইদা রহমানের সঙ্গে সাক্ষাৎ ব্রিটিশ ডাচেস সোফির

প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাজ্যের ডাচেস অব এডিনবার্গ সোফি।

সোমবার ঢাকায় এ সাক্ষাতে নারী ও কন্যাশিশুর কল্যাণ, নিরাপত্তা ও ক্ষমতায়নে দুই দেশের অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

রাজধানীর ক্রাউন প্লাজা হোটেলে ডা. জুবাইদা রহমানের সঙ্গে ডাচেস সোফির এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সোমবার ঢাকায় পৌঁছানোর পর তিনি প্রধানমন্ত্রীর সহধর্মিণীর সঙ্গে এ সাক্ষাৎ করেন।

এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।

বিএনপির মিডিয়া সেল এ তথ্য জানায়।

ডাচেস অব এডিনবার্গ সোফি ৯ থেকে ১১ নভেম্বর পর্যন্ত বাংলাদেশ সফর করবেন।

যুক্তরাজ্যের পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন দপ্তরের (এফসিডিও) আমন্ত্রণে তিনি এ সফরে এসেছেন।

সফরকালে যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যকার দ্বিপক্ষীয় অংশীদারিত্ব সম্পর্ক ও সহযোগিতার বিস্তৃতি তুলে ধরতে বিভিন্ন জনগোষ্ঠী ও সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করবেন ডাচেস সোফি।

এছাড়া বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য পরিচালিত মানবিক সহায়তা কার্যক্রমও পরিদর্শন করবেন তিনি। সফরের অংশ হিসেবে কক্সবাজারে গিয়ে রোহিঙ্গা শরণার্থীদের সহায়তায় কাজ করা বিভিন্ন সংস্থার কার্যক্রম ঘুরে দেখার কথা রয়েছে তাঁর।

মজুরি বোর্ডের বৈঠক ৩২ হাজার টাকা প্রস্তাব শ্রমিক পক্ষের, সময় চেয়েছে মালিকপক্ষ

তৈরি পোশাক খাতের শ্রমিকদের ন্যূনতম বেতন নির্ধারণে গঠিত মজুরি বোর্ডের দ্বিতীয় সভায় আজ সোমবার ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা প্রস্তাব করেছে শ্রমিক পক্ষ। অন্যদিকে মালিকপক্ষ কোনো প্রস্তাব দেয়নি। তারা সময় চেয়েছে এক সপ্তাহ।

বৈঠক শেষে ব্রিফিংয়ে নিম্নতম মজুরি মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী বলেছেন, ‘মালিকপক্ষকে আগামী চার কর্মদিবসের মধ্যে প্রস্তাব দেয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এর মধ্যে প্রস্তাব দিতে ব্যর্থ হলে মজুরি বোর্ড নিজেই এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।’

মালিকপক্ষের প্রতিনিধি এক সপ্তাহের সময় চেয়েছিলেন। এ বিষয়ে মালিকপক্ষের প্রতিনিধি এবিএম শামসুদ্দিন ব্রিফিংয়ে বলেন, ‘শিল্প এলাকায় শ্রমিক অসন্তোষ থাকায় সব মালিকদের পক্ষ থেকে প্রস্তাব পাননি তারা। এ কারণে এক সপ্তাহের সময় চাওয়া হয়েছে।’

অন্যদিকে শ্রমিক পক্ষের প্রতিনিধি বাবুল আখতার ৩২ হাজার টাকা প্রস্তাবের পক্ষে বিভিন্ন যুক্তি তথ্য তুলে ধরেন।

এর আগে সোমবার দুপুরে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে গঠিত বোর্ডের দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়। রাজধানীর সেগুনবাগিচায় ন্যূনতম মজুরি বোর্ড কার্যালয়ে বৈঠকটিতে বোর্ডের সকল সদস্য উপস্থিত ছিলেন।

বৈঠক শুরুর আগে পোশাকশিল্পের শ্রমিকদের মাসিক ন্যূনতম মজুরি ৩২ হাজার ১৩১ টাকা নির্ধারণের দাবি জানায় শ্রমিক সংগঠনগুলোর পাঁচটি জোট। একই সঙ্গে মূল মজুরি (বেসিক) মোট মজুরির ৬০ শতাংশ, বাড়ি ভাড়া ৫০ শতাংশ এবং বার্ষিক ইনক্রিমেন্ট ১৫ শতাংশ করার প্রস্তাব দিয়েছে তারা। পোশাক খাতের ৫৫টি নিবন্ধিত শ্রমিক ফেডারেশনের পাঁচটি জোট এ স্মারকলিপি দেয়।

স্মারকলিপিতে শ্রমিকদের জীবনযাত্রার ব্যয়সহ মোট ১২টি মানদণ্ড বিবেচনায় নিয়ে নতুন মজুরি কাঠামো নির্ধারণের আহ্বান জানানো হয়। পাশাপাশি সরকারি বেতন কাঠামো, এশীয় অঞ্চলের ন্যূনতম মজুরি এবং কম্বোডিয়া, পাকিস্তান, ভারত ও ভিয়েতনামের পোশাকশ্রমিকদের মজুরি কাঠামো পর্যালোচনার প্রস্তাব দেওয়া হয়।

শ্রমিক প্রতিনিধিরা বলেন, দেশের প্রায় ৭ কোটি ৫০ লাখ শ্রমশক্তির মধ্যে তৈরি পোশাক খাতে কর্মরত প্রায় ৪০ লাখ শ্রমিকের জীবনমান ও অর্থনৈতিক নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে একটি বাস্তবসম্মত ও নিরপেক্ষ মজুরি কাঠামো নির্ধারণ করা প্রয়োজন। তারা ২০০৬ সালের মজুরি কাঠামোর আদলে মোট মজুরির ৬০ শতাংশ মূল মজুরি নির্ধারণের প্রস্তাব দেন।

তাদের মতে, মূল মজুরির অনুপাত কম হলে শ্রমিকদের ওভারটাইমের পারিশ্রমিক এবং চাকরি শেষে প্রাপ্য সার্ভিস বেনিফিট কমে যায়। বিশেষ করে দীর্ঘদিন চাকরি করার পর মূল মজুরির অনুপাত কম থাকায় শ্রমিকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন।

এছাড়া বাড়িভাড়া মোট মজুরির ৫০ শতাংশ নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়। একই সঙ্গে খাদ্য ও পুষ্টিসামগ্রীর মূল্যবৃদ্ধি, বাজারদর এবং বার্ষিক মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে ১৫ শতাংশ বার্ষিক ইনক্রিমেন্ট দেওয়ার দাবি জানানো হয়।

শ্রমিক প্রতিনিধিরা জানান, ডাইং ও নিট খাতের শ্রমিকদের সুনির্দিষ্ট দাবিগুলো বিবেচনায় নিয়ে আজকের সভার পর আরও আটটি অতিরিক্ত প্রস্তাব যুক্ত করা হবে।

তারা বলেন, শ্রমিকদের জীবনযাত্রার ব্যয়, শিল্পের সক্ষমতা এবং আন্তর্জাতিক শ্রমবাজারের প্রতিযোগিতামূলক পরিস্থিতি বিবেচনায় নিয়ে নতুন মজুরি কাঠামো নির্ধারণ করা জরুরি।

এদিকে গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের পক্ষ থেকে ন্যূনতম মজুরি ৩৭ হাজার টাকার দাবিতে মজুরি বোর্ডের সামনে সড়কে বিক্ষোভ করছেন সংগঠনের সদস্যরা।

মেডিকেলের ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর

সরকারি-বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক নাজমুল হোসেন এ তথ্য জানিয়েছেন।

আগে আগামী ৪ ডিসেম্বর ভর্তি পরীক্ষা আয়োজনের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। পরে সার্বিক পরিস্থিতি বিবেচনায় ১৮ ডিসেম্বর তারিখ নির্ধারণ করা হয়। অধ্যাপক নাজমুল হোসেন বলেন, সব দিক বিবেচনায় ১৮ ডিসেম্বর পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

এদিকে চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য আগামী ১ ডিসেম্বর থেকে পুনঃপরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এসব পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবেন কিনা, জানতে চাইলে অধ্যাপক নাজমুল হোসেন বলেন, এ বিষয়ে সিদ্ধান্ত নেবে মন্ত্রণালয়। অধিদপ্তর থেকে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের এক কর্মকর্তা জানান, আগামী দু-এক দিনের মধ্যে মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে। ১৫ থেকে ১৮ নভেম্বরের মধ্যে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। গত ৩১ অক্টোবর এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়।

এদিকে সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে আসন সংখ্যায় পরিবর্তন এসেছে। গত বছরের ১০ নভেম্বর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় দেশের সরকারি মেডিকেল কলেজগুলোর আসন পুনর্বিন্যাস করে। এতে ৩৭টি সরকারি মেডিকেল কলেজে মোট আসন নির্ধারণ করা হয় পাঁচ হাজার ১০০টি। আগে এসব কলেজে আসন ছিল পাঁচ হাজার ৩৮০টি। অর্থাৎ সরকারি মেডিকেল কলেজে আসন কমেছে ২৮০টি। অন্যদিকে দেশের ৬৬টি বেসরকারি মেডিকেল কলেজে আগে আসন ছিল ছয় হাজার ২৯৩টি। এর মধ্যে ১০টি কলেজে আসন কমানো হয়েছে, দুটি কলেজে বাড়ানো হয়েছে। বাকি কলেজগুলোর আসন অপরিবর্তিত রাখা হয়েছে। সব মিলিয়ে বেসরকারি মেডিকেল কলেজে আসন কমেছে ২৯২টি।

সরকারি ও বিরোধী দলের টানাপোড়েনে বসছে সংসদ

সংবিধান সংশোধন নাকি গণভোটে অনুমোদিত জুলাই সনদ অনুযায়ী সংস্কার হবে– সরকারি এবং বিরোধী দলের এই বিতর্কে, নানা ইস্যু নিয়ে দুই পক্ষের টানাপোড়েনের মধ্যে আজ সোমবার থেকে শুরু হচ্ছে জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন। আগামী ১৮ নভেম্বর পর্যন্ত সাত কার্যদিবস চলবে এই অধিবেশন।

প্রধানমন্ত্রীর জাপান সফরে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর নিয়ে কী আলোচনা হয়েছে– এই প্রশ্ন তুলবে বিরোধীরা। বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনার কাজ কী কী শর্তে জাপানি অপারেটর পাচ্ছে– তা জানতে চেয়ে সরকারকে কোণঠাসা করার চেষ্টা করবে। গঙ্গার পানি বণ্টন চুক্তি, তিস্তা মহাপরিকল্পনার অগ্রগতি নিয়েও সরকারের জবাব চাইবে। এ ছাড়া জুলাই সনদ, গ্যাসের দাম বৃদ্ধি, শ্রমিক আন্দোলনসহ বিভিন্ন ইস্যু সংসদে তোলার প্রস্তুতি নিয়েছে। বিরোধীদের বাদ দিয়ে শুধু সরকারি দলের সংসদ সদস্যের (এমপি) আসনে কেন বিশেষ বরাদ্দ দেওয়া হচ্ছে– এই প্রশ্নও তোলা হবে।

গতকাল রোববার জাতীয় সংসদের কেবিনেট কক্ষে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদ নেতা তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের অংশগ্রহণে কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়, শুক্র ও শনিবার বাদে প্রতিদিন বিকেল ৪টা ২০ মিনিটে বৈঠক বসবে।

সংবিধানের ৭২ অনুচ্ছেদ অনুযায়ী সংসদের দুই অধিবেশনে ৬০ দিনের বেশি বিরতি থাকবে না। তৃতীয় অধিবেশন ২৭ আগস্ট শুরু হয়ে ১০ সেপ্টেম্বর পর্যন্ত চলেছিল। আজ সোমবার এই সময়সীমা শেষ দিনে সাংবিধানিক বাধ্যবাধকতায় বসছে চতুর্থ অধিবেশন। প্রধানমন্ত্রী তারেক রহমান জলবায়ু সম্মেলনে যোগ দিতে আজ রাতে তুরস্কের উদ্দেশে যাত্রা করবেন, ফিরবেন ১৩ নভেম্বর।

কার্য উপদেষ্টা বৈঠকে জানানো হয়, চতুর্থ অধিবেশনে উত্থাপনের জন্য বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ-২০২৬ বিল পাওয়া গেছে। সম্প্রতি জারি করা পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ এবং বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ প্রথম বৈঠকে উপস্থাপন করা হবে বলে সংসদের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বৈঠক শেষে চিফ হুইপ নূরুল ইসলাম মনি সাংবাদিকদের বলেন, আরও দুই-একটি বিল আসতে পারে। অধ্যাদেশ ও বিলগুলো সংসদ সদস্যদের মধ্যে বিতরণ করা হয়েছে। সাইবার সুরক্ষা (সংশোধন) আইন বিল উঠবে কিনা– তা স্পষ্ট করেননি চিফ হুইপ।

বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম জানিয়েছেন, সাইবার সুরক্ষা আইন সংশোধনের বিল উত্থাপন করা হলে তারা বাধা দেবেন।

আওয়ামী লীগ আমলে কাজ না পাওয়া ঠিকাদারদের সুযোগ দিতে পাবলিক প্রকিউরমেন্ট আইন (পিপিএ-২০০৬) সংশোধন করে অধ্যাদেশ জারি করেছে সরকার। এনসিপির সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেন, অতীতের বঞ্চিতদের সুবিধা দিতে নয়, সরকারি দলের নেতাদের ঠিকাদারি দিতে আইন সংশোধন করা হচ্ছে।

তবে বিরোধীরা এবারের সংসদেও গণভোটের ফল অনুযায়ী জুলাই সনদ অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি তুলবেন। সংসদের নির্বাচনে দিনে অনুষ্ঠিত গণভোটে ৬৮ দশমিক ৫ শতাংশ ভোটে জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ অনুমোদন করেন ভোটাররা।

এতে বলা হয়েছে, ‘হ্যাঁ’ ভোট জয়ী হলে সংসদের নির্বাচিত সদস্যদের নিয়ে গঠিত সংবিধান সংস্কার পরিষদ ১৮০ কার্যদিবসে জুলাই সনদে বর্ণিত উপায়ে সংবিধান সংস্কার করবে। বিরোধীরা শপথ নিলেও নির্বাচনের পর বিএনপির সংসদ সদস্যরা শপথ নেননি জুলাই আদেশকে অবৈধ দলিল আখ্যা দিয়ে।

গণভোটে অনুমোদিত তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বাছাইয়ের পদ্ধতি, উচ্চকক্ষ গঠন পদ্ধতিসহ কয়েক মৌলিক সংস্কার প্রস্তাবে বিএনপির নোট অব ডিসেন্ট রয়েছে। দলটি জানিয়েছে, সংবিধান সংশোধনে এগুলো তারা মানবে না।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সভাপতিত্বে ১৭ সদস্যের সংবিধান সংশোধন বিশেষ কমিটি গঠন করা হয় গত জুলাইয়ে। এতে বিরোধী দলের পাঁচজন সদস্য থাকার কথা ছিল। কিন্তু সংশোধন ধারনাকে গণভোটের বিরোধী আখ্যা দিয়ে বিরোধী দল কমিটি বর্জন করে সংস্কারের দাবিতে আন্দোলন করছে। লংমার্চের পর পাল্টা কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট।

এবারের সংসদ অধিবেশনে সংবিধান সংশোধন কমিটির প্রতিবেদন দেওয়ার সম্ভাবনা না থাকলেও, বিরোধীরা সংস্কারের দাবি তুলবে বলে জানান  জামায়াতের হুইপ রফিকুল ইসলাম খান। তিনি বলেন, সরকার যে ধূর্ততা করছে, তা সফল হতে দেওয়া হবে না।

প্রধানমন্ত্রীর জাপান সফরের পর মাতারবাড়ী নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। জামায়াত ও এনসিপির অভিযোগ, মাতারবাড়ীর মধ্যে ভারতকে ‘কানেক্টিভিটি’ সুবিধা দেওয়া হবে। এই প্রশ্ন তোলা হবে বলে জানিয়েছেন জামায়াত হুইপ।

কার্য উপদেষ্টা কমিটির বৈঠক

চতুর্থ অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য ১৭৪টিসহ তিন৩ হাজার ৭৫১টি প্রশ্ন পাওয়া গেছে। ৭১ বিধিতে আলোচনার জন্য ৯২টি নোটিশ এবং ১৩১ বিধি অনুযায়ী ২৮১টি সিদ্ধান্ত প্রস্তাবের নোটিশ পাওয়া গেছে।

সংসদের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদ চত্বরকে ধূমপানমুক্ত এলাকা ঘোষণার প্রস্তাব করলে উপস্থিত সবাই তাতে সমর্থন করেন। সোমবার বিকেল সাড়ে ৩টার আগে গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধানে সাউন্ড সিস্টেম উদ্বোধন করা হবে।

সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপনের অগ্রগতি সম্পর্কে প্রধানমন্ত্রী জানতে চাইলে সংশ্লিষ্ট উপকমিটির আহ্বায়ক ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল জানান, সৌরবিদ্যুৎ থেকে সাত মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব। অধিবেশন চলাকালে বিদ্যুতের চাহিদা প্রায় ছয় মেগাওয়াট। ফলে চাহিদা মেটানোর পর বাকি বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করা সম্ভব। বিদ্যুৎ সংরক্ষণাগারের সুবিধা রেখে সৌরবিদ্যুৎ উৎপাদনের নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।

বৈঠকে গয়েশ্বর চন্দ্র রায়, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, জামায়াতের সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম অংশ নেন।

‘সিপাহি-জনতার অভ্যুত্থান দিবস’ পালন জাসদের

ঐতিহাসিক ৭ নভেম্বরকে ‘সিপাহি-জনতার অভ্যুত্থান দিবস’ হিসেবে পালন করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)। এ উপলক্ষে গতকাল শনিবার আলোচনা সভা ও সিপাহি-জনতার অভ্যুত্থানের নেতা কর্নেল আবু তাহের বীরউত্তমের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে দলটি।

বিকেলে রাজধানীর গুলিস্তানের শহীদ কর্নেল তাহের মিলনায়তনে কর্নেল তাহেরের প্রতিকৃতিতে মাল্যদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জাসদের সহসভাপতি মীর হোসাইন আকতারের সভাপতিত্বে ও জনসংযোগ সম্পাদক শরিফুল কবির স্বপনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন দলের কেন্দ্রীয় নেতা শফি উদ্দিন মোল্লা, শওকত রায়হান, নঈমুল আহসান জুয়েল, ওবায়দুর রহমান চুন্নু, সাইফুজ্জামান বাদশা, মনির হোসেন, সাজ্জাদ হোসেন, অ্যাডভোকেট আবু হানিফ, কাজী সাইমুল হক, শুভংকর দে বাপ্পা, সরদার খোরশেদ, পারভেজ আক্তার শিল্পী, গোলাম কিবরিয়া প্রমুখ।

বক্তারা বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর ঐতিহাসিক সিপাহি-জনতার অভ্যুত্থান ছিল রাষ্ট্রকাঠামো পরিবর্তনের লক্ষ্যে সাধারণ সিপাহিদের একটি সুশৃঙ্খল বিপ্লবী প্রচেষ্টা। মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার জাসদ নেতা কর্নেল তাহের ও বিপ্লবী সৈনিক সংস্থার নেতৃত্বে সিপাহি-জনতার এই অভ্যুত্থান সংঘটিত হয়েছিল। জাসদের বলিষ্ঠ ও ঐতিহাসিক ভূমিকার কারণে সেদিন ক্ষমতালোভী অফিসারদের ক্ষমতার জন্য উন্মত্ততা, বিশৃঙ্খলা ও রক্তারক্তি বন্ধ হয়েছিল। জিয়াউর রহমানসহ অসংখ্য অফিসার ও সৈনিকের জীবন রক্ষা পেয়েছিল।

বক্তারা বলেন, সিপাহি-জনতার সেই অভ্যুত্থানের সঙ্গে কারা বিশ্বাসঘাতকতা করে ঔপনিবেশিক আমলের রাষ্ট্রকাঠামো বহাল রেখেছিল এবং অভ্যুত্থানের মহানায়ক কর্নেল তাহেরকে অবৈধ ও বেআইনি সামরিক ট্রাইব্যুনালে মিথ্যা মামলায় প্রহসনমূলক বিচারে ফরমায়েশি রায় দিয়ে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছিল, সেটা সবাই জানে। পরে জাসদ ও বিপ্লবী সৈনিক সংস্থার নেতাদের দীর্ঘমেয়াদি সাজা প্রদানও দেশের রাজনীতির ইতিহাসে বেইমানি ও বিশ্বাসঘাতকতার কালো অধ্যায়। সিপাহি-জনতার অভ্যুত্থান বিপ্লবী রাজনীতির অনুপ্রেরণা জোগাবে যুগ যুগ ধরে।