Home Blog Page 201

বিচ্ছেদের পর নতুন ভূমিকায় পর্দায় ফিরছেন তাহসান

ব্যক্তিগত জীবনের নানা টানাপোড়েন ও স্ত্রী রোজা আহমেদের সঙ্গে সম্পর্কের অবনতির খবর নিয়ে গত কয়েক দিন ধরে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। বিচ্ছেদের বিষয়টি প্রকাশ্যে আসার পর কিছুটা নীরব থাকলেও এবার ভক্তদের জন্য তিনি নিয়ে এলেন নতুন এক চমক। আবারও ক্যামেরার সামনে ফিরছেন তাহসান—তবে অভিনয়ে নয়, উপস্থাপকের ভূমিকায়।

জনপ্রিয় পারিবারিক গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর দ্বিতীয় সিজনের সঞ্চালক হিসেবে ফিরছেন তাহসান খান। শিগগিরই অনুষ্ঠানটির নতুন মৌসুম সম্প্রচারের প্রস্তুতি চলছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রথম সিজনে তাহসানের স্বতঃস্ফূর্ত ও প্রাণবন্ত উপস্থাপনা দর্শকমহলে ব্যাপক প্রশংসা কুড়িয়েছিল। সেই ইতিবাচক সাড়া বিবেচনায় রেখেই দ্বিতীয় সিজনেও তাকে সঞ্চালকের দায়িত্ব দিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান।

নতুন সিজন নিয়ে নিজের অনুভূতি জানিয়ে তাহসান বলেন, এবারের আয়োজন সত্যিই বেশ উপভোগ্য হতে যাচ্ছে। বড় পরিসরে নির্মিত এই সিজনের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো—প্রশ্ন তৈরির জন্য সার্ভে করা হয়েছে দেশের সব ৬৪টি জেলা থেকে। ফলে প্রশ্ন ও উত্তর—দুটোই হয়েছে আরও বৈচিত্র্যময়, মজার এবং চমকপ্রদ।

‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর দ্বিতীয় সিজনের পরিচালনায় রয়েছেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। অনুষ্ঠানটির প্রযোজনায় রয়েছে বঙ্গ। পাশাপাশি দেশের বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠান সহযোগী হিসেবে যুক্ত হওয়ায় এবারের আয়োজন পেয়েছে আরও বর্ণিল ও জাঁকজমকপূর্ণ রূপ।

বেতন কমিশনের প্রতিবেদন জমা হবে ২১ জানুয়ারি

সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামোর প্রস্তাব চূড়ান্ত করা হয়েছে। বেতন কমিশন চলতি ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে আংশিক বেতন কাঠামো বাস্তবায়নের সুপারিশ করেছে। এটি পুরো মাত্রায় কার্যকর হবে ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দিন, অর্থাৎ আগামী ১ জুলাই থেকে। কমিশন ২১ জানুয়ারি অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের কাছে নতুন বেতনকাঠামো প্রতিবেদন দাখিল করবে। অর্থ উপদেষ্টা পরে তা উপস্থাপন করবেন উপদেষ্টা পরিষদের বৈঠকে। অর্থ মন্ত্রণালয় এবং বেতন কমিশন সূত্রে এসব তথ্য জানা গেছে। এদিকে চলতি ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে পরিচালন ব্যয় ২২ হাজার কোটি টাকা বাড়ানো হয়েছে। নতুন বেতন কাঠামো আংশিক কার্যকর করার অংশ হিসেবেই এ পদক্ষেপ নিয়ে রেখেছে সরকার।
বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী, বেতন কাঠামো পুরো মাত্রায় বাস্তবায়ন করতে গেলে বাড়তি ৭০ থেকে ৮০ হাজার কোটি টাকা লাগবে। প্রস্তাবিত বেতন কাঠামোতে নিচের দিকে বেতন-ভাতা বেশি বাড়ানোর সুপারিশ করা হয়েছে বলে জানা গেছে। গত মঙ্গলবার অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ সাংবাদিকদের জানিয়েছিলেন, বেতন কমিশনের প্রতিবেদন পাওয়ার পর সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

এলপিজি আমদানির অনুমতি দিল সরকার

পেট্রোলিয়াম তরল জ্বালানি আমদানি, পরিশোধন ও বাজারজাত করে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। দেশে চলমান সংকট ও মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) আমদানির অনুমতি পেয়েছে বিপিসি।

সরকার থেকে সরকার (জিটুজি) ভিত্তিতে এলপিজি আমদানির জন্য রাষ্ট্রায়ত্ত এই সংস্থাকে নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। রোববার জ্বালানি সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম  তথ্য নিশ্চিত করেছেন।

তারেক রহমানের সঙ্গে কানাডিয়ান হাইকমিশনারের সাক্ষাৎ

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিং।

সোমবার (১৯ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় রাজধানীর গুলশানে চেয়ারম্যানের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ সময় নিজ নিজ দেশের সঙ্গে দ্বি-পাক্ষিক সম্পর্ক উন্নয়ন ও সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণের ব্যাপারে আলোচনা করেন। সাক্ষাৎকালে আরও উপস্থিত ছিলেন বিএনপি যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির।

নির্বাচন কমিশনের ওপর আস্থা রাখতে চায় বিএনপি: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন কমিশনের ওপর আস্থা রাখতে চায় বিএনপি।

সোমাবর (১৯ জানুয়ারি) বেলা ১১টার দিকে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আমাদের কাছে যে বিষয়গুলোতে সমস্যা মনে হয়েছে, তা আমরা রোববার (১৮ জানুয়ারি) তাদের কাছে তুলে ধরেছি। আমরা বিশ্বাস করি, নির্বাচন কমিশন যোগ্যতার সঙ্গে এই নির্বাচন পরিচালনা করতে সক্ষম হবে।

দলীয় কিছু প্রার্থীর মনোনয়ন বাতিল নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচন কমিশনে যখন বাছাই হয়, তখন কিছু সমস্যা থাকে। এটা নতুন কোনো ব্যাপার না।

বিএনপি মহাসচিব বলেন, শহীদ জিয়ার আদর্শ ধারণ করে বাংলাদেশকে গণতান্ত্রিক ও সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়তে বিএনপি কাজ করে যাবে।

এর আগে বিএনপি মহাসচিবের নেতৃত্বে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে তার সামাধিতে শ্রদ্ধা নিবেদন করে বিএনপি।

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কোনো দলের পক্ষ নেওয়া যাবে না, ভোট হবে নিরপেক্ষ: সেনাপ্রধান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ সেনাবাহিনীর সব কর্মকর্তা ও সৈনিককে পেশাদারত্বের সঙ্গে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি স্পষ্ট ভাষায় বলেন, আসন্ন জাতীয় নির্বাচন হবে শতভাগ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ। এতে কোনো দলের পক্ষ নেওয়া যাবে না।

রোববার (১৮ জানুয়ারি) ঢাকা সেনানিবাসের সেনাপ্রাঙ্গণে আয়োজিত পৃথক দুটি সভায় সৈনিকদের সাথে দরবার এবং কর্মকর্তাদের সাথে অফিসার্স অ্যাড্রেসে, সেনাপ্রধান এসব নির্দেশনা দেন। সভায় ঢাকার বাইরে অবস্থানরত সেনাকর্মকর্তারা অনলাইনে যুক্ত হন।

বৈঠকে উপস্থিত একাধিক সূত্র জানায়, ওই অফিসার অ্যাড্রেসে সেনাবাহিনী প্রধান বর্তমান পরিস্থিতি এবং আসন্ন নির্বাচনে সেনাবাহিনীর দায়িত্ব পালনসংক্রান্ত বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তিনি বলেন, নির্বাচনে কোনো দলের পক্ষ নেওয়া যাবে না। কোনো স্বজনপ্রীতি বা কারও পক্ষ নেওয়া যাবে না। ভোটের মাঠে পেশাদারত্বের সঙ্গে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে।

সেনাপ্রধান বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে শতভাগ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ। নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি এমন জায়গায় নিতে হবে, যাতে সব শ্রেণির মানুষ ভোটকেন্দ্রে যান। ভোটকেন্দ্র বা মাঠের নিরাপত্তা নিশ্চিত করা গেলে সবাই নির্বিঘ্নে-নিশ্চিন্তে ভোট দিয়ে বাসায় ফিরবেন। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে সেনাসদস্যরা দেশের এই ক্রান্তিলগ্নে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। বর্তমান পরিস্থিতিতে সেনাবাহিনী নিষ্ঠার সঙ্গে যে দায়িত্ব পালন করছে, সেটি দেশ ও জাতি চিরকাল স্মরণ রাখবে। আগামী নির্বাচনের পর গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা বুঝিয়ে দিয়ে সেনাবাহিনীকে ব্যারাকে ফিরতে হবে।

এ সময় সেনাপ্রধান দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, নানা ধরনের অপপ্রচার, গুজব, উসকানিমূলক বক্তব্যসহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। কর্মকর্তা ও সৈনিকদের সবাইকে ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালনের পাশাপাশি যেকোনো উসকানিমূলক বক্তব্যে প্রতিক্রিয়া না দেখানোর বিষয়েও সতর্ক করেন। পাশাপাশি সেনাপ্রধান বলেন, বিভিন্ন জেলা-উপজেলা পর্যায়ে শীর্ষ সন্ত্রাসীদের চিহ্নিত করে ম্যাজিস্ট্রেটের মাধ্যমে তাদের সাজা দিতে হবে, যাতে নির্বাচনে কোনো ধরনের সহিংসতা ও অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে।

পূর্ণাঙ্গ পে-স্কেল কার্যকরের তারিখ জানা গেল

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রস্তাবিত নতুন বেতন কাঠামো চলতি বছরের ১ জানুয়ারি থেকেই আংশিকভাবে কার্যকর হতে পারে। আর পূর্ণাঙ্গভাবে এই বেতন স্কেল বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দিন, অর্থাৎ আগামী ১ জুলাই থেকে।

অর্থ মন্ত্রণালয় ও বেতন কমিশন সূত্রে জানা গেছে, আগামী ২১ জানুয়ারি নতুন বেতন কাঠামো সংক্রান্ত প্রতিবেদন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের কাছে জমা দেবে বেতন কমিশন। প্রতিবেদন জমা দেওয়ার পর তা উপদেষ্টা পরিষদের বৈঠকে উপস্থাপন করা হবে।

এর আগে গত বছরের ২৭ জুলাই সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো প্রণয়নের উদ্দেশ্যে একটি বেতন কমিশন গঠন করা হয়। সাবেক অর্থসচিব ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান জাকির আহমেদ খানকে কমিশনের প্রধান করা হয়। ২১ সদস্যের এই কমিশনকে ছয় মাসের মধ্যে সুপারিশমালা জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল।

অর্থ মন্ত্রণালয় সূত্র জানায়, নতুন বেতন কাঠামো আংশিকভাবে বাস্তবায়নের প্রস্তুতির অংশ হিসেবে চলতি ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে পরিচালন ব্যয় বাবদ অতিরিক্ত ২২ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে আংশিকভাবে নতুন বেতন কাঠামো কার্যকর করার প্রস্তাব করা হয়েছে। আর সম্পূর্ণ বাস্তবায়ন হবে ২০২৬-২৭ অর্থবছরের শুরু থেকে।

কমিশনের হিসাব অনুযায়ী, প্রস্তাবিত বেতন কাঠামো পুরোপুরি বাস্তবায়ন করতে সরকারের অতিরিক্ত ৭০ থেকে ৮০ হাজার কোটি টাকার প্রয়োজন হতে পারে।

সুপারিশকৃত কাঠামোতে নিচের দিকের গ্রেডগুলোর বেতন ও ভাতা তুলনামূলকভাবে বেশি বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। বর্তমানে সর্বনিম্ন বেতন ৮ হাজার ২৫০ টাকা থাকলেও সেটি দ্বিগুণেরও বেশি বাড়ানোর সুপারিশ করা হয়েছে।

অন্যদিকে সর্বোচ্চ ধাপে বর্তমানে বেতন ৭৮ হাজার টাকা থাকলেও তা বাড়িয়ে ১ লাখ ২০ হাজার টাকার বেশি করার প্রস্তাব রয়েছে। পাশাপাশি সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের অনুপাত ১:৮ রাখার সুপারিশ করেছে বেতন কমিশন।

খালি পেটে কুসুম গরম পানি খাচ্ছেন? চমকপ্রদ উপকারিতা নিয়ে যা বলছেন চিকিৎসকরা

দিনের শুরুটা যেমন হয়, শরীরও অনেক সময় তেমনভাবেই সাড়া দেয়। ঘুম থেকে উঠে এক গ্লাস পানি পান করা বহুদিনের পরিচিত অভ্যাস হলেও, সাম্প্রতিক সময়ে স্বাস্থ্য বিশেষজ্ঞদের আলোচনায় বারবার উঠে আসছে খালি পেটে কুসুম গরম পানির কথা। কেন সাধারণ পানির বদলে কুসুম গরম পানি? চিকিৎসকদের মতে, এই ছোট অভ্যাসের মধ্যেই লুকিয়ে আছে শরীর ও মনের জন্য বড় পরিবর্তনের চাবিকাঠি।
বিভিন্ন আন্তর্জাতিক গবেষণায় দেখা গেছে, কুসুম গরম পানি পান শরীরের জন্য ক্ষতিকর নয় বরং সঠিকভাবে গ্রহণ করলে এটি শরীরের স্বাভাবিক কার্যক্রমকে আরও গতিশীল করে তোলে। ন্যাশনাল সেন্টার ফর বায়োটেকনোলজি ইনফরমেশন–এ প্রকাশিত একাধিক গবেষণায় উল্লেখ করা হয়েছে, নিয়মিত কুসুম গরম পানি হজমশক্তি বাড়াতে, রক্ত সঞ্চালন উন্নত করতে এবং সামগ্রিক সুস্থতায় ইতিবাচক ভূমিকা রাখতে পারে।
হজমশক্তি বাড়ায়, কমায় অতিরিক্ত মেদ
চিকিৎসক ও পুষ্টিবিদদের মতে, সকালে খালি পেটে কুসুম গরম পানি পান করলে শরীরের মেটাবলিজম সক্রিয় হয়। ফলে খাবার দ্রুত ও সহজে হজম হয় এবং অতিরিক্ত চর্বি জমার ঝুঁকি কমতে শুরু করে। যারা ওজন নিয়ন্ত্রণে রাখতে চান, তাদের জন্য এই অভ্যাস হতে পারে একটি সহজ সহায়ক পথ।
কোষ্ঠকাঠিন্য থেকে গ্যাস, প্রাকৃতিক সমাধান
কোষ্ঠকাঠিন্য, পেট ফাঁপা, গ্যাস বা অম্বলের সমস্যায় ভোগা মানুষের জন্য কুসুম গরম পানি অনেক সময় প্রাকৃতিক ওষুধের মতো কাজ করে। সকালে খালি পেটে এই পানি অন্ত্রকে নরম ও সক্রিয় করে তোলে, ফলে মলত্যাগ স্বাভাবিক হয় এবং পেটের অস্বস্তি কমে আসে।
রক্ত সঞ্চালন ও ব্যথা উপশমে সহায়ক
নিয়মিত কুসুম গরম পানি পান রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখতে সাহায্য করে। এর ফলে শরীরের বিভিন্ন অংশে অক্সিজেন ও পুষ্টির সরবরাহ বাড়ে। বিশেষজ্ঞদের মতে, এই অভ্যাস শরীরের ব্যথা, জয়েন্টের অস্বস্তি কিংবা মাসিকের সময় পেট ও কোমরের ব্যথা কমাতেও আরাম দিতে পারে।
সর্দি-কাশি ও শ্বাসকষ্টে স্বস্তি
ঠান্ডাজনিত সমস্যা, নাক বন্ধ থাকা বা বুক ভারী লাগার সময় কুসুম গরম পানি শ্বাসনালীর জমে থাকা শ্লেষ্মা পাতলা করতে সহায়তা করে। এতে শ্বাস নিতে স্বস্তি আসে এবং সর্দি-কাশির অস্বস্তি কিছুটা হলেও কমে।
টক্সিন বের করে শরীর পরিষ্কার করে
চিকিৎসকদের ভাষ্য, কুসুম গরম পানি শরীরের ভেতরে জমে থাকা ক্ষতিকর উপাদান বা টক্সিন বের করে দিতে সাহায্য করে। ঘাম ও প্রস্রাবের মাধ্যমে শরীর প্রাকৃতিকভাবে ডিটক্স প্রক্রিয়ায় যায়, যা দীর্ঘমেয়াদে সুস্থ থাকার জন্য গুরুত্বপূর্ণ।
ত্বক, চুল ও মানসিক স্বাস্থ্যে প্রভাব
এই অভ্যাসের প্রভাব ত্বকেও দেখা যায়। নিয়মিত কুসুম গরম পানি পান করলে ত্বক ভেতর থেকে হাইড্রেটেড থাকে, রক্ত সঞ্চালন বাড়ে এবং ত্বকের কোষে পুষ্টি পৌঁছাতে সুবিধা হয়। ফলে ত্বক তুলনামূলকভাবে উজ্জ্বল থাকে, বয়সের ছাপ বা নিস্তেজভাব দেরিতে দেখা দেয়। অনেকের ক্ষেত্রে মানসিক চাপ, অনিদ্রা কিংবা ব্রণের সমস্যাও ধীরে ধীরে কমতে শুরু করে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা।
কতটা ও কখন পান করবেন
স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ, সকালে ঘুম থেকে উঠে অথবা বিকেলের দিকে অন্তত এক গ্লাস কুসুম গরম পানি পান করার অভ্যাস গড়ে তোলা যেতে পারে। দিনে এক থেকে দুই গ্লাস কুসুম গরম পানি নিয়মিত পান করলে শরীর ও মনের ওপর এর ইতিবাচক প্রভাব ধীরে ধীরে স্পষ্ট হয়। তবে যাদের দীর্ঘমেয়াদি রোগ আছে বা বিশেষ কোনো শারীরিক জটিলতা রয়েছে, তাদের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নেওয়াই সবচেয়ে নিরাপদ।
একটি ছোট অভ্যাস, কিন্তু নিয়মিত চর্চায় এর প্রভাব হতে পারে বিস্ময়কর। খালি পেটে কুসুম গরম পানি হয়তো এখান থেকেই শুরু হতে পারে আপনার সুস্থতার নতুন অধ্যায়।

ইসলামী ব্যাংকের আমানত বেড়ে এক লাখ ৮৩ হাজার কোটি টাকা

ইসলামী ব্যাংকের উপশাখাসমূহের আমানতের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১২ হাজার কোটি টাকা। এক বছরেই উপশাখাসমূহের আমানত বেড়েছে ৩ হাজার ৭০০ কোটি টাকা। এ ছাড়া ইসলামী ব্যাংকের মোট আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ৮৩ হাজার কোটি টাকা। প্রবাসীদের আস্থা ও ভালোবাসায় রেমিটেন্স আহরণে ইসলামী ব্যাংক ১৮ বছর ধরে শীর্ষে রয়েছে।

গত এক বছরে এ ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স এসেছে ৭৬,০০০ কোটি টাকা। আস্থা ও নির্ভরতার প্রতীক ইসলামী ব্যাংকের বর্তমান গ্রাহকসংখ্য ৩ কোটি; যা গত এক বছরে বেড়েছে ৫০ লাখ। ইসলামী ব্যাংক বর্তমানে ৪০০টি শাখা, ২৭১টি উপশাখা, ২৭৮৮টি এজেন্ট আউটলেট ও৩০৪০টি এটিএম/সিআরএম বুথের সর্ববৃহৎ নেটওয়ার্কের মাধ্যমে গ্রাহকদের সেবা প্রদান করছে।
শনিবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে অনুষ্ঠিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির উপশাখা ব্যবসায় উন্নয়ন সম্মেলনে এসব তথ্য জানোনো হয়। ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর মো. ওমর ফারুক খান সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর ইঞ্জিনিয়ার মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেব বক্তব্য দেন এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মো. আলতাফ হুসাইন ও ড. এম কামাল উদ্দীন জসীম। স্বাগত বক্তব্য দেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. মাহবুব আলম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. রফিকুল ইসলামও কে এম মুনিরুল আলম আল-মামুন। সম্মেলনে প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহী ও২৭১টি উপশাখার ইনচার্জগণ অংশ নেন।
সভাপতির বক্তব্যে ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর মো. ওমর ফারুক খান বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে ইসলামী ব্যাংকের অবদান অবিস্মরণীয়। জুলাই বিপ্লবের পর পরিবর্তিত ব্যাংকিং পরিস্থিতিতে আমাদের গ্রাহকদের মাঝে আস্থা ফিরে এসেছে। ২০২৫ সালে নানা চ্যালেঞ্জ অতিক্রম করে ইসলামী ব্যাংক দেশের ব্যাংকিং খাতে সবচেয়ে বেশি ডিপোজিট সংগ্রহ করেছে এবং সর্বোচ্চ রেমিটেন্স আহরণ করে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধিতে উল্লেখযোগ্য অবদান রেখেছে।

রুপালি পর্দা থেকে বাস্তব জীবনের সফল জুটি

এক সময়ের টিভি পর্দার আলোচিত জুটি বিপাশা হায়াত ও তৌকীর আহমেদ–এর জনপ্রিয়তা আজও কমেনি। এই দম্পতি, যারা বাস্তব জীবনেও একসঙ্গে পথচলা করছেন, সম্প্রতি নিজেদের বিয়ের আগের স্বপ্ন ও প্রত্যাশা নিয়ে একটি পডকাস্টে কথা বলেছেন।

১৯৯৯ সালে বিয়ে করা এই দম্পতির সম্পর্কের শুরু থেকেই ছিল এক ধরনের অসাধারণ বোঝাপড়া। অভিনয় জীবনে একসঙ্গে কাজ করার পর নিজেদের জীবনের নতুন অধ্যায় শুরু করতে তারা একসঙ্গে গাঁটছড়া বাঁধেন। শুরু থেকেই দুজনের জীবনে একে অপরের সঙ্গে দেখা প্রতিটি স্বপ্ন ছিল একে অপরের সঙ্গে ভাগ করে নেওয়ার।

পডকাস্টে তৌকীর আহমেদ এককভাবে উপস্থিত থাকলেও, এক সময় চমকপ্রদভাবে বিপাশা হায়াতও যুক্ত হন। তখন এই দুই তারকার মধ্যে একে অপরকে নিয়ে স্বপ্নের কথা উঠে আসে।

বিপাশা বলেন, তৌকীর আহমেদের সঙ্গে আমার পথচলা শুরু থেকেই আমরা দুজন অনেক স্বপ্ন দেখতাম। একসঙ্গে পৃথিবীর নানা প্রান্তে ঘোরা, প্রাচীন নিদর্শন দেখা, বহু গান শোনা—এসব ছিল আমাদের স্বপ্নের অংশ। আমাদের ইচ্ছা ছিল একসঙ্গে সিনেমা দেখা, ভাবনা শেয়ার করা, অনেক বই পড়া। সব মিলিয়ে আমরা চেয়েছিলাম একটি স্বপ্নময় জীবন। বিয়ের পরের বাস্তবতা কেমন ছিল—এমন প্রশ্নে বিপাশা বলেন, আমাদের প্রত্যাশার সেই স্বপ্নময় জীবনই এখন আমরা যাপন করছি।

দীর্ঘদিন ধরে এই দম্পতি তাদের সন্তানদের সঙ্গে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। অভিনয়ে বিপাশা হায়াতকে এখন আর তেমন দেখা যায় না, তবে তৌকীর আহমেদ চলচ্চিত্র নির্মাণের কাজে ব্যস্ত সময় পার করছেন।