Home Blog Page 213

আদা-রসুনের পেস্ট ৬ মাসও সতেজ থাকবে এই ট্রিকস মানলে

রোজকার রান্নায় যেসব উপকরণ অত্যন্ত প্রয়োজনীয় তার মধ্যে অন্যতম হলো আদা-রসুন। আদা আর রসুন ছিলে বাটা বা ব্লেন্ড করা বেশ সময়সাপেক্ষ কাজ। তাই বেশিরভাগ গৃহিণীই একসঙ্গে অনেক পরিমাণে আদা-রসুন পেস্ট তৈরি করে রাখেন।

সমস্যা হলো অনেকসময় কিছুদিনের মধ্যে এই মিশ্রণ নষ্ট হয়ে যায়। ফ্রিজে না রাখলে কিংবা সঠিক নিয়মে সংরক্ষণ না করলে এমনটা হতে পারে। ছোট্ট একটি ট্রিকস কাজে লাগালে ৬ মাসেও আদা-রসুনের পেস্ট থাকবে একদম সতেজ। চলুন বিস্তারিত জেনে নিই-

আদা-রসুন পেস্ট সংরক্ষণ করার জন্য তার গুণগত মান ভালো হওয়াটাও জরুরি। বাজার থেকে আদা ও রসুন কেনার সময় খেয়াল রাখবেন যেন সেগুলো একেবারে টাটকা হয়।

প্রথমে আদার খোসা ভালো করে ছাড়িয়ে টুকরো করে কেটে নিন। বেশি ছোট টুকরো করার প্রয়োজন নেই।

রসুনের খোসা ছাড়িয়ে কোয়াগুলো আলাদা করে নিন। মনে রাখবেন, রসুনের মুখ কেটে পানিতে ফেলে দিলে, খোসা ছাড়ানো অনেকটা সহজ হয়ে যায়।

আদা আর রসুন সমান পরিমাণে নিন, চাইলে রসুন একটু বেশি নিতেও পারেন। এবার সবটা ভালো করে ব্লেন্ডারে পেস্ট করে নিন। চাইলে পাটায়ও বেঁটে নিতে পারেন।

এবার আসল কাজ করতে হবে। ওই পেস্ট চামচের সাহায্যে আইস ট্রেতে ভরে দিন। এরপর আইস ট্রেটি প্লাস্টিক র‍্যাপ দিয়ে ভালো করে ঢেকে ১২ ঘণ্টার জন্য ফ্রিজারের মধ্যে রেখে দিন।

আদা-রসুনের পেস্ট জমে গেলে আইস কিউবগুলো বের করে একটি প্লাস্টিক ব্যাগে ভরে ফ্রিজে রেখে দিন। যখনই দরকার হবে, প্রয়োজন অনুযায়ী কয়েকটি কিউব বের করে ব্যবহার করতে পারবেন। এইভাবে আদা-রসুনের পেস্ট প্রায় ৬ মাস পর্যন্ত সংরক্ষণ করা যায়।

আর যদি এই পেস্ট এয়ারটাইট কন্টেনারে রেখে তার উপর ৩–৪ চামচ ভিনেগার ঢেলে দেন, তাহলে এটি ৬ মাসেরও বেশি সময় ভালো থাকবে। এতে পেস্টের রং একটু বদলাতে পারে, কিন্তু দীর্ঘদিন পর্যন্ত টাটকা থাকবে।

শীতে খালি পেটে খেজুর খেলেই ম্যাজিক!

শীতকাল মানেই শরীরের ঠাণ্ডা এবং ক্লান্তি। এই সময় শরীরকে শক্তি ও উষ্ণতা জোগানোর জন্য খেজুর হতে পারে এক প্রাকৃতিক উপায়। সারাবছর পাওয়া যায় এমন এই ফল শরীরের জন্য উপকারী নানা পুষ্টিগুণে ভরপুর।

ডায়েটিশিয়ানরা বলছেন, শীতকালে প্রতিদিন খেজুর খেলে শরীর ভেতর থেকে উষ্ণ থাকে, দ্রুত শক্তি যোগায়, হজম প্রক্রিয়া উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে। খেজুরে থাকা ভিটামিন, মিনারেল এবং ফাইবার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায়।

শীতকালে খেজুর খাওয়ার উপকারিতা:

শক্তি ও উষ্ণতা: খেজুরে থাকা প্রাকৃতিক শর্করা যেমন গ্লুকোজ, ফ্রুক্টোজ ও সুক্রোজ শরীরে দ্রুত শক্তি যোগায় এবং শীতের সময় ভেতর থেকে গরম রাখে।

হজম ও কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ: ফাইবার সমৃদ্ধ খেজুর হজম প্রক্রিয়াকে উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্য কমাতে সাহায্য করে।

রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি: ভিটামিন ও মিনারেলসমৃদ্ধ খেজুর শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং সংক্রমণের ঝুঁকি কমায়।

ত্বকের স্বাস্থ্য: ভিটামিন-সি, ভিটামিন-কে এবং অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর খেজুর ত্বকের আর্দ্রতা বজায় রাখতে, শুষ্কতা কমাতে এবং বলিরেখা প্রতিরোধে সাহায্য করে।

মস্তিষ্কের কার্যকারিতা: ফ্ল্যাভোনয়েড এবং ভিটামিন বি৬ মস্তিষ্কের কার্যকারিতা বাড়ায় এবং মেজাজ ভালো রাখতে সহায়ক।

হাড়ের স্বাস্থ্য: ক্যালসিয়াম ও ফসফরাস হাড় মজবুত করতে সাহায্য করে।

রক্তচাপ নিয়ন্ত্রণ: ফাইবারসমৃদ্ধ খেজুর রক্তে শর্করার শোষণ ধীর করে এবং রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করতে পারে। ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে খেজুর খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

কতটা খাবেন?
প্রতিদিন ৩-৫টি খেজুর খাওয়া যথেষ্ট। এতে প্রচুর চিনি ও ক্যালোরি থাকে, তাই অতিরিক্ত খাওয়া ওজন বাড়াতে বা রক্তে শর্করার মাত্রা বাড়াতে পারে।

কীভাবে খাওয়া যায়?
শীতের সকালে খালি পেটে বা দুধের সাথে খেলে সারাদিনের জন্য শক্তি পাওয়া যায়। এছাড়াও খিদে পেলে অস্বাস্থ্যকর স্ন্যাকসের পরিবর্তে খেজুর খেতে পারেন।

আমার হৃদয় এই শীতের চেয়েও ঠান্ডা : সাদিয়া আয়মান

শীতে পানিতে নেমে তাও আবার জলকেলিতে মেতে ওঠার চিন্তা কয়জনই বা করে। এবারের শীত যেন হার মানল অভিনেত্রী সাদিয়া আয়মানের কাছে। সুইমিং পুল থেকে সদ্য নিজেকে ধরা দিয়ে জানালেন, তার হৃদয় নাকি এই শীতের চেয়েও ঠান্ডা। ছোট পর্দা থেকে সিনেমা, বর্তমান সময়ের জনপ্রিয় মুখ সাদিয়া আয়মান। অভিনয়গুণের পাশাপাশি রূপ-ফ্যাশনেও ভক্তদের মন জয় করেছেন। সামাজিক মাধ্যমে নিয়মিত ছবি শেয়ার করেন, নিজের নানা মুহূর্ত ভক্তদের মাঝে ভাগ করে নেন।
সদ্য নিজের ফেসবুক পেজে একগুচ্ছ ছবি প্রকাশ করে আবারও আলোচনায় এলেন এই অভিনেত্রী। দেখা যায়, একটি সি ভিউ হোটেলের সুইমিংপুলে কাটাচ্ছেন সাদিয়া আয়মান। এ সময় বেশ ফুরফুরে মেজাজেই ছিলেন অভিনেত্রী। পরনে গোলাপি টি শার্ট, চোখে রোদচশমা। নীল আকাশ, সঙ্গে তার উচ্ছল ভঙ্গি তার সৌন্দর্যের মাত্রা বাড়িয়ে দেয়।
সাদিয়া তার এই ছবির ক্যাপশনে লিখেছেন, আমার হৃদয় এই শীতের চেয়েও ঠান্ডা। বর্তমানে তীব্র শীতের আমেজ চললেও তার এই জলকেলির ছবি দেখে ভক্তরা নানা ধরনের মন্তব্য করেছেন। একজন মজা করে লিখেছেন, তোমার রূপে শীত পালিয়েছে। আরেকজন সন্দেহ করে লেখেন, এটা গরমের সময়ের ছবি না তো?
এর আগে ব্রাইডাল ফটোশূটে লাল বেনারসিতে রাজকীয় সাজে ভক্তদের চমকে দিয়েছিলেন সাদিয়া। তবে শুধু রূপের মোহ নয়, অভিনয়গুণে নিজেকে অন্য মাত্রায় নিয়ে গেছেন অভিনেত্রী। ২০২৫-এর ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত ‘উৎসব’ সিনেমায় তার অভিনয় ব্যাপক সাড়া ফেলে। এ ছাড়াও গত বছর মুক্তি পাওয়া ‘দেরি করে আসবেন’, ‘খুঁজি তোকে’, ‘মেঘ বৃষ্টি রোদ্দুর’ ও ‘প্লিজ গো’ নাটকেও তার অভিনয় প্রশংসিত হয়েছে।

তারকাদের উপস্থিতিতে শিশুদের শীতবস্ত্র বিতরণ

দেশের তারকা শিল্পীদের উপস্থিতিতে শিশুদের স্কুলের পোশাক ও শীতবস্ত্র বিতরণ করা হয় রাজধানীর শ্যামলীর এসওএস চিলড্রেন ভিলেজে সোমবার। আনন্দমেলা লস অ্যাঞ্জেলস কমিটির সৌজন্যে ছায়াতল বাংলাদেশের আয়োজনে দেড় শতাধিক শিশুর মাঝে এটা বিতরণ করা হয়। যুক্তরাষ্ট্রে বসবাসরত আনন্দ মেলার প্রতিষ্ঠাতা খান মোহাম্মদ আলী উদ্যোগে এ আয়োজন করা হয়। এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন জনপ্রিয় সংগীতশিল্পী ও বিসিবির পরিচালক আসিফ আকবর। বিশেষ অতিথি ছিলেন দেশের জনপ্রিয় অভিনেতা মিশা সওদাগর।

এ ছাড়াও আরও উপস্থিত ছিলেন ঢালিউড অ্যাওয়ার্ডের কর্ণধার আলমগীর খান আলম, সংগীতশিল্পী কিশোর দাস, উপস্থাপিকা নীল হুরেজাহান, সংগীতশিল্পী জয়, লিলিন, মিথিলা, রিয়া, নাট্যনির্মাতা সাজিন আহমেদ বাবুসহ অনেকে। খান মোহাম্মদ আলী বলেন, বিগত বেশ কয়েক বছর ধরেই আনন্দমেলার পক্ষ থেকে ছায়াতল বাংলাদেশের আয়োজনে আমরা চেষ্টা করছি শিশুদের মাঝে স্কুলের পোশাক ও শীতবস্ত্র উপহার দিতে।
সমাজের সুবিধা বঞ্চিত শিশুদের জন্য আমাদের আরও বেশি বেশি কাজ করা উচিত। বিশেষত যারা দেশের বাইরে আছি তারা দেশের জন্য যতটুকুই পারি যার যার অবস্থানে থেকে সহযোগিতা করার চেষ্টা করব। তাতে আমাদের দেশেরই সার্বিক উন্নয়ন হবে।

জকসুতে ১১ বিভাগের ফলাফল প্রকাশ, ভিপি পদে এগিয়ে ছাত্রদল

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনে ৩৯ টি কেন্দ্রের মধ্যে ১১ টি বিভাগের ফল প্রকাশ করেছে নির্বাচন কমিশন। যার মধ্যে ভিপি পদে ছাত্রদল সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান এবং জিএস, এজিএস পদে এগিয়ে রয়েছে শিবির সমর্থিত অদম্য জবিয়ান প্যানেল।

আজ বুধবার (৭ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের শহিদ সাজিদ ভবনের নিচে অবস্থিত অডিটরিয়ামের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে এ ফল প্রকাশ করা হয়।

জানা যায়, ভূগোল ও পরিবেশ, নৃবিজ্ঞান, ফ্যামেসি, লোকপ্রশাসন, ফিন্যান্স, অনুজীব বিজ্ঞান, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, সিএসই, চারুকলা অনুষদ, বায়োকেমেস্টি, দর্শন —এই ১১ বিভাগের ফলাফলে জিএস ও এজিএস পদে এগিয়ে রয়েছে শিবির-সমর্থিত প্যানেল এবং ভিপি পদে ছাত্রদল সমর্থিত প্যানেল।

ভূগোল ও পরিবেশ বিভাগে ভিপি পদে অদম্য জবিয়ান ঐক্যের রিয়াজুল ইসলাম ১০০, ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান ভিপি পদপ্রার্থী এ কে এম রাকিব ৯১; জিএস পদে আব্দুল আলিম আরিফ (শিবির) ৯০, খাদিজাতুল কুবরা (ছাত্রদল) ৪৫; এজিএস পদে মাসুদ রানা (শিবির) ৯৮, বি এম আতিকুর রহমান তানজিল (ছাত্রদল) ৪৫।

নৃবিজ্ঞান বিভাগে ভিপি পদে রিয়াজুল ইসলাম (শিবির) ১২৮, এ কে এম রাকিব (ছাত্রদল) ১১৮; জিএস পদে আব্দুল আলিম আরিফ (শিবির) ১২৩, খাদিজাতুল কুবরা (ছাত্রদল) ৭৩; এজিএস পদে মাসুদ রানা (শিবির) ১০২, তানজিল (ছাত্রদল) ১২৬।

লোক প্রশাসন বিভাগের ভিপি পদে রিয়াজুল ইসলাম (শিবির) ১২২, রাকিব (ছাত্রদল) ১৩২; জিএস পদে আব্দুল আলিম আরিফ (শিবির) ১২৩, খাদিজাতুল (ছাত্রদল) ৬২; এজিএস পদে মাসুদ রানা (শিবির) ১৩০, বি এম আতিকুর রহমান তানজিল (ছাত্রদল) ১০৬।

ফার্মেসী বিভাগে ভিপি পদে রিয়াজুল ইসলাম (শিবির) ৭৮, এ কে এম রাকিব (ছাত্রদল) ৫৩; জিএস পদে আব্দুল আলিম আরিফ (শিবির) ৮৩, খাদিজাতুল কুবরা (ছাত্রদল) ২৬; এজিএস পদে মাসুদ রানা (শিবির) ৭৮, বি এম আতিকুর রহমান তানজিল (ছাত্রদল) ৪৫ ভোট পেয়েছেন।

ফিন্যান্স বিভাগে ভিপি পদে রিয়াজুল ইসলাম (শিবির) ১৩৮, এ কে এম রাকিব (ছাত্রদল) ২৩১; জিএস পদে আব্দুল আলীম আরিফ (শিবির) ১৬৩, খাদিজাতুল কুবরা (ছাত্রদল) ১১৩; এজিএস পদে মাসুদ রানা (শিবির) ১৬৩, তানজিল (ছাত্রদল) ১৭৮।

অনুজীব বিজ্ঞান বিভাগে ভিপি পদে রিয়াজুল ইসলাম (শিবির) ৮৭, এ কে এম রাকিব (ছাত্রদল) ৪৬; জিএস পদে আব্দুল আলীম আরিফ (শিবির) ৮৫, খাদিজাতুল কুবরা (ছাত্রদল) ৩২; এজিএস পদে মাসুদ রানা (শিবির) ৮১, তানজিল (ছাত্রদল) ৪০।

জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগে ভিপি পদে রিয়াজুল ইসলাম (শিবির) ৫১, এ কে এম রাকিব (ছাত্রদল) ৩৯; জিএস পদে আব্দুল আলীম আরিফ (শিবির) ৪৬, খাদিজাতুল কুবরা (ছাত্রদল) ১৮; এজিএস পদে মাসুদ রানা (শিবির) ৪২, তানজিল (ছাত্রদল) ৩০।

সিএসই বিভাগে ভিপি পদে রিয়াজুল ইসলাম (শিবির) ১০৬, এ কে এম রাকিব (ছাত্রদল) ৯৪; জিএস পদে আব্দুল আলীম আরিফ (শিবির) ১১২, খাদিজাতুল কুবরা (ছাত্রদল) ৫৩; এজিএস পদে মাসুদ রানা (শিবির) ১০৫, তানজিল (ছাত্রদল) ৮০।

চারুকলা অনুষদে ভিপি পদে একে এম রাকিব (ছাত্রদল) ১০৬; রিয়াজুল ইসলাম (শিবির) ২১। জিএস পদে  ইভান তাহসীভ ৯৯ (মওলানা ভাসানী) , খাদিজাতুল কুবরা (ছাত্রদল) ৩৬ এবং আব্দুল আলিম আরিফ (শিবির) ১৮। এজিএস পদে তানজিল (ছাত্রদল)৮২, মারুফ (মওলানা ভাসানী) ৪২, রানা (শিবির)১২।

বায়োকেমিস্টি বিভাগে ভিপি পদে  রিয়াজুল ইসলাম (শিবির) ৮৯, একেএম রাকিব (ছাত্রদল) ৫৭। জিএস পদে আব্দুল আলিম আরিফ (শিবির) ৯৮, খাদিজাতুল কুবরা (ছাত্রদল) ৩২। এজিএস পদে মাসুদ রানা (শিবির) ৯০, তানজিল (ছাত্রদল) ৪২।

দর্শন বিভাগে ভিপি পদে একেএম রাকিব (ছাত্রদল) ১৭৫, রিয়াজুল ইসলাম (শিবির) ১১১। জিএস পদে আব্দুল আলিম আরিফ (শিবির) ১৩৫, খাদিজাতুল কুবরা (ছাত্রদল) ৮০,ইভান তাহসীভ (মওলানা ভাসানী) ৫৩।এজিএস পদে তানজিল (ছাত্রদল) ১২৪, মাসুদ রানা (শিবির) ১১৯।

এখন পর্যন্ত প্রকাশিত ১১ টি কেন্দ্রের মোট ফলাফল:
ভিপি পদে—রিয়াজুল ইসলাম: ১০৩১ (শিবির), এ কে এম রাকিব: ১১৪২ (ছাত্রদল)।
জিএস পদে—আব্দুল আলিম: ১০৪২(শিবির), খাদিজাতুল কুবরা: ৫৬৯ (ছাত্রদল)।
এজিএস পদে—মাসুদ রানা: ১০১৭ (শিবির), তানজিল: ৮৯৭ (ছাত্রদল)।

তারেক রহমান গণতন্ত্রের মশাল বহনকারী: আমীর খসরু

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে গণতন্ত্রের টর্চ বেয়ারার বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বুধবার (৭ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি।

আমির খসরু বলেন, গণতন্ত্রের যে মশাল জিয়াউর রহমান হাতে নিয়েছিলেন তা খালেদা জিয়া দীর্ঘসময় বহন করেছে। এখন গণতন্ত্রের টর্চ বেয়ারার তারেক রহমান।

জামায়াতে ইসলামী ও পলাতক আওয়ামী লীগের সমালোচনা করে তিনি বলেন, এক এগারোর সরকারের প্রতি সমর্থন ছিল জামায়াতের। স্বৈরাচার এরশাদের অধীনে এই দুই দলের নির্বাচনে অংশগ্রহণেরও সমালোচনা করেন। এ সময় জাতির উন্নয়নে তারেক রহমানকে সহায়তা করতে সবাইকে উন্নয়নের সৈনিক হওয়ার আহ্বান জানান আমির খসরু মাহমুদ চৌধুরী।

নতুন পে স্কেলে বেতন বাড়তে পারে ৯০ শতাংশ, যারা লাভবান হবেন

নতুন পে স্কেলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন সর্বোচ্চ ৯০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। বিশেষ করে নিম্ন ও মধ্যম স্তরের কর্মকর্তা-কর্মচারীরা এ বেতন বৃদ্ধির সুফল সবচেয়ে বেশি পাবেন বলে জানিয়েছে পে কমিশন সূত্র।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘোষণার প্রেক্ষাপটে নবম পে স্কেলের সুপারিশ আগামী ফেব্রুয়ারির মধ্যেই জমা দেওয়ার সম্ভাবনা রয়েছে। এতে নির্বাচনের আগেই নতুন পে স্কেল কার্যকর হওয়ার সম্ভাবনাও তৈরি হয়েছে। কমিশন সূত্র জানায়, বেতন কাঠামোর চূড়ান্ত পাণ্ডুলিপি ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে।

নবম পে স্কেল প্রণয়নের শুরু থেকেই গ্রেড সংখ্যা কমানোর দাবি উঠলেও দীর্ঘ আলোচনা ও পর্যালোচনার পর বিদ্যমান ১৬টি গ্রেড কাঠামো বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। তবে প্রতিটি গ্রেডে মূল বেতন উল্লেখযোগ্যভাবে বাড়ানোর সুপারিশ করা হচ্ছে।

পে কমিশনের স্থগিত হওয়া পূর্ণ কমিশনের সভার নতুন তারিখও চূড়ান্ত করা হয়েছে। আগামী বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সচিবালয়ে কমিশনের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে। দুপুর ১২টায় শুরু হওয়া এ সভায় গ্রেড সংখ্যা ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

কমিশনের প্রতিবেদন অর্থ উপদেষ্টার কাছে জমা দেওয়ার পর তা অর্থ মন্ত্রণালয়ে যাচাই-বাছাই করা হবে। এরপর উপদেষ্টা পরিষদের অনুমোদন সাপেক্ষে নতুন পে স্কেল চূড়ান্ত করা হবে বলে জানা গেছে।

সবকিছু এখন সরকারের উচ্চপর্যায়ের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। নতুন পে স্কেল অনুমোদিত হলে কয়েক দশকের মধ্যে সরকারি চাকরিজীবীরা সবচেয়ে বড় বেতন কাঠামোগত পরিবর্তনের সুফল পাবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আজ ঢাকায় যেসব গুরুত্বপূর্ণ কর্মসূচি

রাজধানী ঢাকায় প্রতিদিনই রাজনৈতিক, সামাজিক ও রাষ্ট্রীয় নানা কর্মসূচিতে মুখর থাকে জনজীবন। বৈঠক, আলোচনা সভা, দোয়া মাহফিল থেকে শুরু করে আন্দোলন ও সংবাদ সম্মেলন সব মিলিয়ে দিনের কর্মসূচিগুলো অনেক সময়ই গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। আজ বুধবার (৭ জানুয়ারি) ঢাকায় যেসব উল্লেখযোগ্য কর্মসূচি রয়েছে, সেগুলো এক নজরে তুলে ধরা হলো।
বিএনপির কর্মসূচির মধ্যে সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেসক্লাবের অডিটোরিয়ামে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ‘জিয়া পরিষদ’ আয়োজিত দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।
এ ছাড়া বেলা ১১টায় ডিআরইউ শফিকুল কবির মিলনায়তনে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ‘জাতীয়তাবাদী সমমনা জোট’ আয়োজিত আরেকটি দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান।
জামায়াতে ইসলামীর কর্মসূচির অংশ হিসেবে সকাল ৯টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে ইউরোপীয় এক্সটার্নাল অ্যাকশন সার্ভিসের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিভাগের পরিচালক পাওলা পাম্পালোনির সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হবে। রাজধানীর বসুন্ধরার কার্যালয়ে এই সাক্ষাৎকারের আয়োজন করা হয়েছে।
সমাজকল্যাণ উপদেষ্টার কর্মসূচির মধ্যে সকাল ১০টায় মোহাম্মদপুরের সরকারি শারীরিক শিক্ষা কলেজে ঢাকা বিভাগীয় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৬-এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সমাজসেবা অধিদফতরের অধীন বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করা হবে। এতে উপস্থিত থাকবেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ।
অন্যদিকে, ফেলানী হত্যার ১৫ বছর পূর্তি উপলক্ষে বিকেল ৩টায় গুলশানের ফেলানী অ্যাভিনিউতে ‘আধিপত্যবাদবিরোধী মার্চ’ অনুষ্ঠিত হবে। জাতীয় নাগরিক পার্টি, ঢাকা মহানগর উত্তরের আয়োজনে এই কর্মসূচিতে অংশ নেবেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। কর্মসূচি থেকে ফেলানী হত্যার ন্যায়বিচার, দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং সব ধরনের আধিপত্যবাদবিরোধী অবস্থানের পক্ষে আহ্বান জানানো হবে।
এ ছাড়া দুপুর সাড়ে ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত ৩ দফা দাবির পরবর্তী কর্মসূচি ও কার্যক্রম নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সংবাদ সম্মেলনে সদ্য মুক্তিপ্রাপ্ত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা সদস্য সচিব মাহদী হাসান এবং জুলাই কন্যা তাহরিমা জান্নাত সুরভী জামিন পরবর্তী প্রতিক্রিয়া ও অভিজ্ঞতা তুলে ধরবেন।

যে ভিটামিনের অভাবে শরীরে বেশি শীত অনুভূত হয়

অনেকেই অভিযোগ করেন, স্বাভাবিক তাপমাত্রা থাকলেও তাদের সব সময় শীত বেশি লাগে। চিকিৎসকদের মতে, শরীরে অতিরিক্ত শীত অনুভূত হওয়ার অন্যতম প্রধান কারণ হতে পারে ভিটামিন বি১২-এর ঘাটতি।

বিশেষজ্ঞরা জানান, ভিটামিন বি১২ রক্তে লাল রক্তকণিকা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই ভিটামিনের অভাবে রক্তস্বল্পতা বা অ্যানিমিয়া দেখা দেয়। ফলে শরীরের বিভিন্ন অংশে অক্সিজেন পরিবহন কমে যায়। এর প্রভাব হিসেবে হাত-পা ঠান্ডা লাগা, শরীর দুর্বল হয়ে পড়া এবং সব সময় শীত শীত অনুভূত হওয়া শুরু হয়।

চিকিৎসকরা আরও বলেন, শুধু ভিটামিন বি১২ নয়, শরীরে আয়রনের ঘাটতিও রক্তস্বল্পতা বাড়িয়ে শীত অনুভূতি বাড়াতে পারে। পাশাপাশি ভিটামিন ডি-এর ঘাটতিতে পেশি দুর্বল হয়ে ঠান্ডা বেশি অনুভূত হয়। এছাড়া থাইরয়েড হরমোন কমে গেলে (হাইপোথাইরয়েডিজম) শরীরের তাপ উৎপাদন কমে যাওয়ায় শীতের অনুভূতি বেড়ে যায়।

যেসব লক্ষণে সতর্ক হবেন

চিকিৎসকদের মতে, নিচের লক্ষণগুলো দেখা দিলে শরীরে প্রয়োজনীয় ভিটামিন ও খনিজের ঘাটতি থাকতে পারে—

হাত-পা সব সময় ঠান্ডা থাকা

দুর্বলতা ও মাথা ঘোরা

ত্বক ফ্যাকাশে হয়ে যাওয়া

মনোযোগ ও কর্মক্ষমতা কমে যাওয়া

করণীয়

বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন, এ ধরনের সমস্যা দীর্ঘদিন থাকলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে রক্ত পরীক্ষা করাতে। পাশাপাশি খাদ্যতালিকায় ডিম, দুধ, মাছ, মাংস ও সবুজ শাকসবজি রাখার মাধ্যমে ভিটামিন ও খনিজের ঘাটতি পূরণ করা যেতে পারে।

ভিটামিন ডি পেতে ঠিক কখন রোদে পোহাবেন? জানালেন চিকিৎসক

শরীর সুস্থ রাখতে ভিটামিন ডি অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাড়ের গঠন মজবুত রাখা থেকে শুরু করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো—সব ক্ষেত্রেই এই ভিটামিনের ভূমিকা অপরিসীম। কিন্তু আধুনিক জীবনযাত্রায় অনেকেই ভিটামিন ডি-এর ঘাটতিতে ভুগছেন। প্রশ্ন হলো—ভিটামিন ডি পেতে ঠিক কখন রোদে পোহানো সবচেয়ে উপকারী? এ বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছেন চিকিৎসকরা।

কোন সময় রোদে পোহালে ভিটামিন ডি সবচেয়ে ভালো মেলে?
চিকিৎসকদের মতে, সকাল ১০টা থেকে দুপুর ৩টার মধ্যে সূর্যের আলো ভিটামিন ডি তৈরির জন্য সবচেয়ে কার্যকর। এই সময় সূর্যের UVB রশ্মি ত্বকে পড়ে ভিটামিন ডি সংশ্লেষে সহায়তা করে।

বিশেষজ্ঞরা বলছেন—
সকাল খুব ভোরের রোদে UVB রশ্মি তুলনামূলক কম থাকে
বিকেলের রোদেও ভিটামিন ডি তৈরির ক্ষমতা কমে যায়
তাই মাঝামাঝি সময়ই সবচেয়ে উপযুক্ত।

কতক্ষণ রোদে থাকা উচিত?
ত্বকের রঙ ও আবহাওয়ার ওপর সময় নির্ভর করে। তবে সাধারণভাবে—
হালকা ত্বক: ১০–১৫ মিনিট
গাঢ় ত্বক: ২০–৩০ মিনিট
এ সময় মুখ, হাত, পা বা ঘাড় খোলা রাখা ভালো। তবে দীর্ঘক্ষণ রোদে থাকলে সানবার্নের ঝুঁকি থাকে, তাই অতিরিক্ত রোদ এড়াতে পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।

সানস্ক্রিন ব্যবহার করলে কি ভিটামিন ডি কমে?
হ্যাঁ। বিশেষজ্ঞদের মতে, সানস্ক্রিন UVB রশ্মি আটকায়, ফলে ভিটামিন ডি উৎপাদন কমে যেতে পারে। তাই স্বল্প সময়ের জন্য (১০–১৫ মিনিট) রোদে থাকার সময় সানস্ক্রিন না ব্যবহার করাই ভালো। তবে দীর্ঘক্ষণ বাইরে থাকলে অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করা জরুরি।

ভিটামিন ডি-এর ঘাটতিতে কী সমস্যা হতে পারে?
ভিটামিন ডি-এর অভাবে দেখা দিতে পারে—
হাড় ও দাঁত দুর্বল হওয়া
মাংসপেশির ব্যথা ও দুর্বলতা
শিশুদের ক্ষেত্রে রিকেটস
রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া
মানসিক অবসাদ ও ক্লান্তি
চিকিৎসকদের মতে, দীর্ঘদিন ঘাটতি থাকলে হৃদরোগ ও ডায়াবেটিসের ঝুঁকিও বাড়তে পারে।

শুধু রোদই কি যথেষ্ট?
অনেক ক্ষেত্রে শুধু রোদে থাকা যথেষ্ট নাও হতে পারে। তখন চিকিৎসকের পরামর্শে—
ভিটামিন ডি সাপ্লিমেন্ট
ডিমের কুসুম, সামুদ্রিক মাছ, দুধ ও দুগ্ধজাত খাবার
গ্রহণের পরামর্শ দেওয়া হয়।

চিকিৎসকের পরামর্শ
চিকিৎসকরা বলছেন, নিয়মিত সঠিক সময়ে অল্প সময় রোদে থাকাই ভিটামিন ডি পাওয়ার সবচেয়ে নিরাপদ ও প্রাকৃতিক উপায়। তবে যাদের দীর্ঘদিন ঘাটতি রয়েছে, তাদের রক্ত পরীক্ষা করে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।