Home Blog Page 214

অনুভূতি জানতে দুদিন রোজা রেখেছিলেন রোনালদো

সৌদি ক্লাব আল নাসর–এর সাবেক ফুটবলার শায়ে শারাহিলি জানিয়েছেন, প্রতিযোগিতামূলক ম্যাচের সময় রমজানে রোজা রাখা আরব ফুটবলারদের জন্য সাধারণত বড় সমস্যা হয় না, কারণ তারা প্রতিবছরই এ অভ্যাসে অভ্যস্ত। তবে বিদেশি খেলোয়াড়দের ক্ষেত্রে শুরুতে কিছুটা চ্যালেঞ্জ দেখা দেয়।

থমনিয়াহ (Thmanyah)–কে দেওয়া এক সাক্ষাৎকারে শারাহিলি বলেন, রমজানের দৈনন্দিন রুটিন ও খাদ্যাভ্যাসে পরিবর্তনের কারণে অনেক বিদেশি খেলোয়াড় প্রথম অভিজ্ঞতায় মানিয়ে নিতে সময় নেন।

সাক্ষাৎকারে তিনি রোনালদোর অভিজ্ঞতার কথাও উল্লেখ করেন। তার ভাষ্য অনুযায়ী, সৌদি আরবে খেলার সময় গত রমজানে রোনালদো কৌতূহলবশত দুই দিন রোজা রেখে দেখেছিলেন। এটি ছিল স্থানীয় সংস্কৃতি বোঝার ব্যক্তিগত চেষ্টা, স্থায়ীভাবে রোজা রাখার সিদ্ধান্ত নয়।

শারাহিলি আরও বলেন, কিছু ক্রীড়াবিদ মনে করেন রোজা শরীরের জন্য উপকারী হতে পারে, তবে বিষয়টি ব্যক্তিভেদে ভিন্ন।

ভয়াবহ পরিণতি এড়াতে এখনই ব্যবস্থা নিন— এমপি রুমিন ফারহানার আহ্বান

বিএনপির স্থায়ী নেতাদের হুঁশিয়ারি দিয়ে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন,দীর্ঘ ১৭ বছর পর বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসেছে। এখনই যদি স্থানীয় পর্যায়ে দলীয় কর্মীদের নিয়ন্ত্রণ করা না যায়, ভবিষ্যতে এর ফল ভালো হবে না। স্থানীয় পর্যায়ে দলীয় শৃঙ্খলা বজায় না থাকলে তার পরিণতি “ভয়াবহ” হতে পারে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিনগত রাত পৌনে ২টার দিকে সরাইলের শাহবাজপুরে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ হুঁশিয়ারি দেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে রুমিন ফারহানা বলেন, ওয়ারেন্ট অব প্রেসিডেন্স অনুযায়ী নির্বাচিত সংসদ সদস্য হিসেবে প্রোটোকল মেনে আমিই সবার আগে পুষ্পস্তবক অর্পণ করবো—এটাই নিয়ম। কিন্তু দুঃখজনকভাবে কিছু নেতা-কর্মী পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন। আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার মতো পরিস্থিতি তৈরি করা হয়।

এর আগে রাত ১২টার দিকে সরাইল উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে গেলে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের নেতৃত্বে একদল নেতাকর্মী রুমিন ফারহানাকে উদ্দেশ করে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকেন। এতে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়ে একপর্যায়ে ধস্তাধস্তিতে রূপ নেয়।

অভিযোগ রয়েছে, এ সময় রুমিন ফারহানার পুষ্পস্তবক ছিঁড়ে ফেলা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে তিনি শ্রদ্ধা নিবেদন না করেই কর্মী-সমর্থকদের নিরাপত্তা বেষ্টনীর মধ্যে শহীদ মিনার এলাকা ত্যাগ করেন।

ঘটনার পরপরই রাত ১টার দিকে শাহবাজপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন রুমিন ফারহানার সমর্থকরা। প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকায় দূরপাল্লার যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাক আটকে পড়ে, সৃষ্টি হয় দীর্ঘ যানজট। পরে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

অন্যদিকে, স্থানীয় বিএনপির একাধিক নেতা নাম প্রকাশ না করার শর্তে দাবি করেছেন, প্রোটোকল ও সাংগঠনিক অবস্থান নিয়ে ভুল বোঝাবুঝি থেকেই এ উত্তেজনার সৃষ্টি হয়েছে। তবে পুষ্পস্তবক ছেঁড়ার অভিযোগ তারা অস্বীকার করেন।

প্রথমবারের মতো কেন্দ্রীয় শহীদ মিনারে জামায়াত আমিরের শ্রদ্ধা

অমর একুশে ফেব্রুয়ারি, মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

এই প্রথমবার জামায়াতে ইসলামীর পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করা হলো।

শনিবার (২১ ফেব্রুয়ারি) অমর একুশের প্রথম প্রহরে (রাত ১২টা ২৩ মিনিটে) কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি।

কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন সংসদে বিরোধীদলের হুইপ নাহিদ ইসলাম, সংসদ সদস্য হাসনাত, এটিএম আজহারসহ জোটের অন্যান্য নেতারা।

পুষ্পস্তবক অপর্ণের সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে ভাষা শহীদদের স্মরণে দোয়া ও মোনাজাত করেন ১১ দলীয় জোটের সংসদ সদস্যরা।

কেন্দ্রীয় শহীদ মিনারে বিরোধী দলীয় নেতার শ্রদ্ধা নিবেদনের আগে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান।

এ ছাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন বিচারপতি, নির্বাচন কমিশনার, মন্ত্রিপরিষদের সদস্য, বিভিন্ন বাহিনী প্রধান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতারা ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

অমর একুশে ফেব্রুয়ারি উপলক্ষে পুরো শহীদ মিনার এলাকাকে বর্ণিল সাজে সাজানো হয়েছে। ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে রং তুলিতে শহীদ মিনারের বেদিসহ আশপাশের এলাকায় আলপনা আঁকা হয়েছে। শহীদ মিনার আবাসিক এলাকার দেওয়ালে লেখা হয়েছে বিখ্যাত কবি লেখকদের উক্তি।

নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে পুরো এলাকাকে ক্লোজ সার্কিট ক্যামেরার আওতায় আনার পাশাপাশি ওয়াচ টাওয়ার স্থাপন করা হয়েছে। সন্ধ্যা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রণীত রুটম্যাপ কার্যকর করা হয়েছে।

ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা

ভাষা আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে উপস্থিত হয়ে তিনি ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

এরপর প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এ সময় তিনি ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন। পরে মন্ত্রী-প্রতিমন্ত্রীদের সঙ্গে নিয়ে এবং দলীয়ভাবে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী।

পরবর্তীতে তৃতীয় দফায় প্রয়াত সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তার সঙ্গে স্ত্রী জুবাইদা রহমান এবং কন্যা জাইমা রহমান উপস্থিত ছিলেন।

এর আগে কেন্দ্রীয় শহীদ মিনারে পৌঁছালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান। এ সময় বিভিন্ন দপ্তরের মন্ত্রী, প্রতিমন্ত্রীসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভাষা শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

মহান ভাষা আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২১ ফেব্রুয়ারি) একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবতা পালন করেন প্রধানমন্ত্রী। এরপর দোয়া ও মোনাজাতে অংশ নেন তিনি।

পরে মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের সঙ্গে নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে দ্বিতীয় দফায় পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তারেক রহমান।

তৃতীয় দফায় সাবেক প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। এ সময় তার সঙ্গে স্ত্রী জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান উপস্থিত ছিলেন।

এর আগে, একুশের প্রথম প্রহরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি নীরবতা পালন ও দোয়া-মোনাজাতে অংশ নেন।

গাজা পুনর্গঠনে বিলিয়ন ডলার দেবে যে দেশ

০

গাজা পুনর্গঠনের লক্ষ্যে ১ বিলিয়ন ডলার সহায়তার ঘোষণা দিয়েছে কাতার। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অবস্থিত যুক্তরাষ্ট্র শান্তি ইনস্টিটিউট–এ অনুষ্ঠিত এক বৈঠকে এ ঘোষণা দেন দেশটির প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুররহমান বিন জাসিম আল থানি। এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

বৈঠকটি ছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত ‘শান্তি পর্ষদ’-এর প্রথম সভা। সেখানে কাতারের পক্ষ থেকে জানানো হয়, মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা ও মধ্যস্থতায় দীর্ঘদিনের অঙ্গীকারের অংশ হিসেবেই এই সহায়তা দেওয়া হচ্ছে।

কাতারের প্রধানমন্ত্রী বলেন, ট্রাম্পের নেতৃত্বে গঠিত বোর্ড ২০ দফা পরিকল্পনা দ্রুত বাস্তবায়নের মাধ্যমে এমন একটি সমাধানের দিকে এগোবে, যাতে ফিলিস্তিনি ও ইসরাইলি উভয় পক্ষের জন্য ন্যায়বিচার ও ভারসাম্য নিশ্চিত হয়। তিনি আরও জানান, এই অর্থ সহায়তা পরিষদের লক্ষ্য বাস্তবায়নে ব্যবহৃত হবে—যেখানে ফিলিস্তিনিদের রাষ্ট্র প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা এবং ইসরাইলের নিরাপত্তা প্রত্যাশা সমানভাবে গুরুত্ব পাবে।

উল্লেখ্য, চলতি বছরের ১০ জানুয়ারি গাজায় যুদ্ধ বন্ধে উদ্যোগের অংশ হিসেবে ট্রাম্প ‘শান্তি পর্ষদ’ গঠনের ঘোষণা দেন। পরে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ–এর রেজুলেশন ২৮০৩–এর মাধ্যমে যুদ্ধ-পরবর্তী ব্যবস্থাপনা কাঠামো অনুমোদন করা হয়।

পরিষদের দায়িত্বের মধ্যে রয়েছে—গাজা অঞ্চলে অন্তর্বর্তীকালীন তদারকি, পুনর্গঠন কার্যক্রম সমন্বয়, আন্তর্জাতিক সহায়তা ব্যবস্থাপনা, আর্থিক সহায়তা প্রদান, নিরাপত্তা ব্যবস্থার রূপান্তর সহজ করা, আন্তর্জাতিক বাহিনী মোতায়েন সহযোগিতা এবং আঞ্চলিক শান্তি প্রক্রিয়া এগিয়ে নেওয়া।

কুয়াকাটায় দোকানে হামলা ভাংচুরের ঘটনায় মূল হোতা মাকসুদ গ্রেফতার

কুয়াকাটায় ‘তানিসা আচার ঘর’ ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাংচুর ও টাকাপয়সা ছিনিয়ে নেওয়ার ঘটনায় অভিযুক্ত স্বেচ্ছাসেবক দল নেতা মাকসুদ আকনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে তাকে কুয়াকাটা পৌর এলাকা থেকে মহিপুর থানা পুলিশ গ্রেফতার করে।

বিষয়টি মহিপুর থানার ওসি মো. মহব্বত খান নিশ্চিত করেন। এর আগে পটুয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক আতিকুল ইসলাম স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তিতে মাকসুদকে দল থেকে বহিষ্কার করার বিষয়টি নিশ্চিত করেন। মাকসুদ কুয়াকাটা পৌরসভার নয় নং ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন।

এ ঘটনায় দোকান মালিক মনির হাওলাদার মহিপুর থানায় বৃহস্পতিবার সকালে একটি লিখিত অভিযোগ করেন। যেখানে মাকসুদ আকন (৩০), মোঃ শাহীন মুসল্লী (২৮), মোঃ রহিমের (৩০) নাম উল্লেখ করে অজ্ঞাত আরো কয়েকজনকে আসামি করা হয়েছে।

অভিযোগে বলা হয়েছে, বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক সাড়ে ১০টায় অভিযুক্তরা দোকানের ম্যানেজার হাসানকে দোকান থেকে নামতে বলে। এক পর্যায়ে তাকে মারধর করা হয়। দোকানে ভাংচুর চালানো হয়। মালামাল তছনছ করে ক্যাশ থেকে নগদ ২২ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়। প্রথমে মনির হাওলাদার জরুরি পরিষেবা ৯৯৯ এ কল করেন। দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌছলে আসামিরা সটকে পড়েন। তবে একাধিক সূত্র নিশ্চিত করেন, কুয়াকাটা শুন্য পয়েন্টের ওই বিতর্কিত জায়গার মালিকানা নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। যার জের ধরে গতকালকের হামলা ভাংচুরের ঘটনা ঘটেছে। সাধারণ ব্যবসায়ীদের মতামত জায়গাজমির বিরোধ থাকতে পারে তাতে একজনের দোকানে প্রকাশ্যে দিনের বেলা সন্ত্রাসী হামলা ভাংচুরের ঘটনা চরম নিন্দনীয়। এ ঘটনায় আইনের সহায়তা নেওয়া যেত।

মহিপুর থানার ওসি মো. মহব্বত খান জানান, এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ নেওয়া হয়েছে। পরবর্তি কার্যক্রম অব্যাহত রয়েছে।

রূপকথার মতো পরীর সংসার

ব্যক্তিগত জীবনের নানা চড়াই-উতরাই পেরিয়ে দুই সন্তানকে ঘিরে পরীমনির ছোট্ট পরিবার। ঢাকাই সিনেমার এই চিত্রনায়িকা সম্প্রতি একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে নিজের ব্যক্তিগত জীবন ও সংসার প্রসঙ্গে কথা বলেন। সেখানেই এক সাংবাদিক তাকে প্রশ্ন করেন, সংসার কেমন কাটছে? প্রশ্ন শুনে হাসতে হাসতেই উত্তর দেন এই অভিনেত্রী। পরীমনি বলেন, পরীর সংসার রূপকথার মতো যাচ্ছে। তার এই কথাতেই যেন ফুটে ওঠে এক ধরনের দৃঢ়তা ও আত্মবিশ্বাস।
পরীমনি জানান, সন্তানদের ঘিরেই তার দিন-রাত, ব্যস্ততা আর আনন্দ। পাশাপাশি তার বাসায় আছে একটি পোষা প্রাণী। সেও সংসারেরই এক গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠেছে। আর আছে তার প্রিয় নানুভাইয়ের স্মৃতি।
পরীমনির বলেন, দুই বাচ্চা, আমার বাসায় একটা পেট আছে। আর আমার নানু ভাইয়ের স্মৃতি। এই তো, এভাবেই চলছে আমার সংসার।
এদিকে ইতোমধ্যেই ‘ডোডোর গল্প’ নামের একটি সিনেমার শূটিং শেষ করেছেন পরীমনি। এ ছাড়া গত বছরের শুরুতে ‘গোলাপ’ নামের আরেকটি সিনেমার ঘোষণা এলেও এখনো শূটিং শুরু হয়নি। এর বাইরে এই চিত্রনায়িকা বডির মাধ্যমে গর্ভবতী মা এবং নবজাতকদের জন্য লাইফস্টাইল পণ্যের ব্যবসাও করেন তিনি অনলাইনে।

বাসাটির প্রতি মায়া জন্মে গেছে: আসিফ নজরুল

অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা হিসেবে আসিফ নজরুল রাজধানীর হেয়ার রোডের যে সরকারি বাসাতে থাকতেন নতুন সরকার দায়িত্বগ্রহণ করায় সেবাসাটি ছাড়ছেন তিনি।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ফেসবুকে বাসা ছাড়ার কথা তুলে ধরে তিনি লিখেছেন, বাসাটির প্রতি মায়া জন্মে গেছে।

আসিফ নজরুল লেখেন, আমরা যখন হেয়ার রোডের এই বাসায় উঠি সবার মন খারাপ হয়ে যায়। বেশি বড় জায়গা, বেশি বড় বাড়ি, এত বড় যে আপন ভাবা যায় না ঠিক। সরকারি বাসায় ওঠার কারণে সন্তানদের মন খারাপ হওয়ার কথা তুলে ধরে তিনি লেখেন, ফুলার রোডের বন্ধুদের থেকে বিচ্ছিন্ন হয়ে গেল তারা।

তবে এখন হেয়ার রোডের বাসা ছাড়ার সময় এই জায়গার প্রতি মায়া তৈরি হয়েছে বলে লিখেছেন তিনি। ফেসবুক পোস্টে বলেন, দু-একদিনের মধ্যে আমরা চলে যাবো এই বাসা থেকে। আমার মায়া রোগ আছে। এখন দেখি এই বাসাটার জন্যই অনেক মায়া লাগছে। বিশেষ করে ঝোপঝাড়, রোদ ছায়া, চিলের ডানা আর বিশাল আকাশটার জন্য।

সবশেষে তিনি লেখেন, বিদায় হেয়ার রোড। অন্তর্বর্তী সরকারে আইন উপদেষ্টার পাশাপাশি প্রবাসী কল্যাণ উপদেষ্টা এবং পরে ক্রীড়া উপদেষ্টার দায়িত্বও পালন করেন আসিফ নজরুল। তফসিল ঘোষণার দিন থেকে ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পদত্যাগ কার্যকর হলে তিনি ক্রীড়া উপদেষ্টার দায়িত্ব পান।

রমজানে অ্যাসিডিটি সমস্যা দূর করতে যা খাবেন

রোজায় অনেকেই অ্যাসিডিটির সমস্যায় ভুগে থাকেন। বিশেষ করে যারা খাবারের বিষয়ে খুব একটা সচেতন নন, তাদের মধ্যেই এ সমস্যার প্রবণতা বেশি দেখা যায়। দীর্ঘ সময় খালি পেটে থাকার পর হঠাৎ ভারী ও অস্বাস্থ্যকর খাবার গ্রহণ করলে পাকস্থলীতে অস্বস্তি, জ্বালাপোড়া ও গ্যাসের মতো সমস্যা দেখা দিতে পারে।

তাই রোজায় অ্যাসিডিটিসহ আরও অনেক স্বাস্থ্য সমস্যা থেকে দূরে থাকতে চাইলে আপনাকে সবার আগে ইফতার ও সাহরির খাবারের দিকে মনোযোগী হতে হবে।

চলুন জেনে নেওয়া যাক, রমজানে অ্যাসিডিটি সমস্যা দূর করতে যা খাবেন—

দুধ: দুধ হচ্ছে শক্তিশালী উপাদান। আর রোজায় অ্যাসিডিটির সমস্যা থাকলে দ্রুত দূর করতে পারে দুধ। সে জন্য এ সমস্যা থেকে মুক্তি পেতে এক গ্লাস ঠান্ডা দুধ একটি কার্যকরী প্রতিকার হতে পারে। আর দুধে রয়েছে পেটের অ্যাসিডকে নিউট্রাল করার ক্ষমতা। এটিই এর কার্যকারিতার মূল চাবিকাঠি। কারণ দুধ ক্যালসিয়াম কার্বনেট, একটি প্রাকৃতিক অ্যান্টাসিড এবং অতিরিক্ত পেটের অ্যাসিডের উৎপাদন কমাতে সাহায্য করে।

ঠান্ডা দুধ পেটের অতিরিক্ত অ্যাসিড কার্যকরভাবে শোষণ করে এবং জ্বালাপোড়া আস্তরণের ওপর প্রশান্তিদায়ক প্রভাব ফেলে, যা অ্যাসিডিটির বদলে প্রশান্তি এনে দেয়। তবে আপনার যদি ল্যাক্টোজ ইনটলারেন্স থাকে তাহলে দুধ না খাওয়াই ভালো।

কল : প্রাকৃতিকভাবে ক্ষারীয় ও পাকস্থলীর অ্যাসিডকে নিউট্রাল করতে সাহায্য করতে পারে কলা। কারণ এতে পটাসিয়াম ও প্রাকৃতিক অ্যান্টাসিড রয়েছে, যা পেটের আস্তরণকে আবৃত করতে সাহায্য করে এবং অ্যাসিডিটির জ্বালাপোড়া কমিয়ে দেয়। সেই সঙ্গে কলা শ্লেষ্মা উৎপাদনকে উদ্দীপিত করে এবং পেটের আস্তরণকে অ্যাসিডের ক্ষতি থেকে রক্ষা করে।

এ ছাড়া তীব্র গ্যাস ও অ্যাসিডিটির জন্য ঘরোয়া প্রতিকার হিসাবে কলা রাখুন। প্রতিদিন সেহরি কিংবা ইফতারে একটি পাকা কলা খাওয়ার চেষ্টা করুন। এটি আপনি শুধু এমনিতেই খেতে পারেন, আবার কোনো খাবারের সঙ্গে মিশিয়ে খেতে পারেন। রমজানে আপনার খাদ্যতালিকায় এ সহজ সংযোজনটি প্রাকৃতিকভাবে পাকস্থলীর অ্যাসিডের মাত্রা ভারসাম্য বজায় রাখতে এবং স্বাস্থ্যকর হজম বৃদ্ধি করতে সাহায্য করবে।

ডাবের পানি: রোজায় যদি আপনি অ্যাসিডিটির সমস্যায় ভুগে থাকেন, তাহলে ডাবের পানি পান করুন। আর ইফতারে বাইরে থেকে কেনা ইন্সট্যান্ট শরবতের বদলে বেছে নিন প্রাকৃতিক এ পানীয়টি। কারণ অ্যাসিডিটি নিরাময়ে ডাবের পানি বিশেষভাবে কার্যকরী। ডাবের পানি খেলে পেটে জমে থাকা গ্যাসের সমস্যা দূর হয় সহজেই। এই পানি অ্যান্টি-অক্সিডেন্টে ভরপুর। সেই সঙ্গে ডাবের পানিতে থাকে উপকারী মিনারেলসও।

প্রতিদিন ইফতারে অতিরিক্ত চিনিযুক্ত জুস বা কেমিকেলযুক্ত শরবতের বদলে খেতে পারেন ডাবের পানি। এতে রমজানে আপনাকে সতেজ ও শক্তিশালী রাখতেও কাজ করবে ডাবের পানি। সেই সঙ্গে দূর হবে অ্যাসিডিটির মতো সমস্যাও।