একটা ভালো ঘুমের পর সকালের অনুভূতিটা আলাদা। শরীর হালকা লাগে, মাথা পরিষ্কার থাকে, মনও থাকে ভালো। অথচ বাস্তবতা হলো, অনেকেই রাতের পর রাত ঠিকমতো ঘুমাতে পারেন না। ঘুম না হলে আমরা দোষ দিই চাপ, কাজের ব্যস্ততা বা বয়সকে। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, সমস্যার শিকড় অনেক সময় লুকিয়ে থাকে ঘুমানোর ঠিক আগের কিছু অভ্যাসে।
ঘুমের ওষুধ খাওয়া হোক বা বিছানায় শুয়ে ফোন স্ক্রল করা, আমরা নিজের অজান্তেই এমন কিছু করি, যা ঘুমকে দূরে ঠেলে দেয়। সুখবর হলো, এগুলোর বেশির ভাগই সহজে বদলানো যায়। সামান্য সচেতনতাই রাতের ঘুমকে করতে পারে গভীর ও প্রশান্ত।
ঘুমের আগে ক্যাফেইন নেওয়া অনেকের কাছে স্বাভাবিক অভ্যাস। কিন্তু কফি বা চা শরীরে ১০ থেকে ১২ ঘণ্টা পর্যন্ত প্রভাব ফেলতে পারে। ফলে চোখ বন্ধ করলেও মস্তিষ্ক বিশ্রামে যেতে চায় না। বিশেষজ্ঞরা বলেন, সকালে ঘুম থেকে উঠে অন্তত দুই ঘণ্টা পর ক্যাফেইন গ্রহণ করা ভালো। আর যাদের দীর্ঘদিনের ঘুমের সমস্যা, তাদের কিছুদিন ক্যাফেইন একেবারে বাদ দিয়ে শরীরের পরিবর্তন লক্ষ্য করা উচিত।
অনেকেই রাতে ক্ষুধা লাগলে মিষ্টি বা কার্বোহাইড্রেটসমৃদ্ধ খাবারের দিকে হাত বাড়ান। কিন্তু এসব খাবার রক্তে শর্করার মাত্রা হঠাৎ বাড়িয়ে আবার দ্রুত নামিয়ে আনে। তখন শরীর সতর্ক হয়ে যায়, অ্যাড্রেনালিন নিঃসরণ বাড়ে, ঘুম ভেঙে যায়। ঘুমের আগে ক্ষুধা পেলে সামান্য প্রোটিনভিত্তিক খাবার শরীরকে বেশি আরাম দেয়।
অগোছালো শোবার ঘরও ঘুম নষ্টের বড় কারণ হতে পারে। ছড়িয়ে থাকা কাপড়, এলোমেলো জুতা কিংবা ভিড়ে ঠাসা পরিবেশ মনের ওপর অজান্তেই চাপ তৈরি করে। বিশেষজ্ঞদের মতে, শোবার ঘর হওয়া উচিত শান্তির জায়গা। সেখানে শুধু ঘুম আর বিশ্রামের অনুভূতি থাকলেই মস্তিষ্ক দ্রুত শান্ত হয়।
অনেকেই অস্বস্তিকর বিছানায় ঘুমিয়ে অভ্যস্ত হয়ে যান। কিন্তু ভালো ম্যাট্রেস আর বালিশ ছাড়া গভীর ঘুম সম্ভব নয়। স্লিপ কোচ লরেন ফাউন্টেইনের মতে, খারাপ ম্যাট্রেসে ঘুমালে মাঝরাতে বারবার ঘুম ভাঙে এবং দীর্ঘমেয়াদে শরীর ও মনের ওপর প্রভাব পড়ে। নতুন ম্যাট্রেস কেনা সম্ভব না হলে অন্তত ভালো মানের টপার বা আরামদায়ক বালিশ ব্যবহার করাই ভালো।
ঘুমের আগে আলো কমানো ভীষণ জরুরি। মোবাইল, টিভি বা কম্পিউটার থেকে আসা নীল আলো ঘুমের হরমোন মেলাটোনিনকে দমন করে। ফলে শরীর বুঝতেই পারে না যে এখন বিশ্রামের সময়। তাই শোবার ঘর যতটা সম্ভব অন্ধকার ও শান্ত রাখা ভালো।
ঘুমানোর আগে স্ক্রিনে সময় কাটানো আমাদের প্রায় সবারই অভ্যাস। কিন্তু গবেষণা বলছে, এই অভ্যাস অনিদ্রার ঝুঁকি বাড়ায় এবং দিনের বেলায় ক্লান্তি বাড়িয়ে দেয়। স্ক্রিন মস্তিষ্ককে অতিরিক্ত উত্তেজিত করে, ঘুম আসতে দেরি হয়। তাই শোবার অন্তত আধা ঘণ্টা আগে ফোন বা টিভি থেকে দূরে থাকাই ভালো।
অনেক সময় ঘুম ভাঙে আশপাশের শব্দে। ঘড়ির টিকটিক, পাশের ঘরের টিভির আওয়াজ, পোষা প্রাণীর নড়াচড়া বা সঙ্গীর নাক ডাকা সব মিলিয়ে মস্তিষ্ক বিশ্রাম নিতে পারে না। শোবার আগে চারপাশের শব্দ কমানোর চেষ্টা করলে ঘুম অনেক গভীর হয়।
ঘুমের জন্য ঘরের তাপমাত্রাও গুরুত্বপূর্ণ। তুলনামূলক ঠান্ডা পরিবেশে শরীর দ্রুত বিশ্রামে যেতে পারে। গবেষণায় দেখা গেছে, ৬০ থেকে ৬৭ ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা ঘুমের জন্য সবচেয়ে উপযোগী। নিজের আর সঙ্গীর পছন্দ আলাদা হলে আলাদা ব্যবস্থাও করা যেতে পারে।
অনেকে ঘুমানোর ঠিক আগে ব্যায়াম করেন, ভাবেন এতে ক্লান্তি আসবে। কিন্তু ভারী ব্যায়াম শরীরে অ্যাড্রেনালিন বাড়িয়ে দেয়, যা ঘুম আসতে বাধা দেয়। তাই বিশেষজ্ঞরা ঘুমানোর অন্তত চার ঘণ্টা আগে ব্যায়াম শেষ করার পরামর্শ দেন।
শেষত, ঘুমের জন্য ওষুধের ওপর নির্ভরতা অনেক সময় সমস্যাকে আরও বাড়িয়ে তোলে। নিয়মিত ওষুধ খেলে শরীর সেটির ওপর নির্ভরশীল হয়ে পড়ে। স্লিপ বিশেষজ্ঞ ড. লরেন্স এপস্টেইনের মতে, ওষুধ ছাড়া তখন ঘুম আসতে কষ্ট হয়। এর বদলে প্রাকৃতিক উপায় ও নিয়মিত রুটিন ঘুমকে স্বাভাবিক করে তুলতে সাহায্য করে।
সব মিলিয়ে, ভালো ঘুম কোনো বিলাসিতা নয়, এটি শরীর ও মনের প্রয়োজন। ঘুমের আগে এই ছোট ছোট বিষয়গুলো এড়িয়ে চলতে পারলে রাতের ঘুম হবে গভীর, আর সকাল শুরু হবে সতেজ ও প্রাণবন্ত অনুভূতি নিয়ে।
ভালো ঘুম চান? রাতে এই ১০টি ভুল এড়ালে অন্যদের চেয়ে ৯৮ শতাংশ ভালো ঘুম হবে
খেজুরের গুড় আসল নাকি ভেজাল? কেনার আগে যেভাবে বুঝবেন
শীত এলেই গ্রামবাংলার বাতাসে ভেসে আসে খেজুরের গুড়ের মিষ্টি ঘ্রাণ। পিঠা, পায়েস থেকে শুরু করে নানান ঐতিহ্যবাহী খাবারে গুড় যেন বাঙালির শীতকালীন আবেগেরই অংশ। স্বাদের পাশাপাশি খেজুরের গুড় শরীরের জন্যও উপকারী। এতে রয়েছে লৌহ, ম্যাগনেসিয়াম, জিংক, সেলেনিয়াম ও পটাশিয়ামের মতো গুরুত্বপূর্ণ খনিজ, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে।
সাধারণত খেজুর গাছের রস সংগ্রহ করে বড় পাত্রে জ্বাল দিয়ে গুড় তৈরি করা হয়। কিন্তু সাম্প্রতিক সময়ে বাজারে ভেজাল গুড়ের দাপট বেড়েছে। অভিযোগ রয়েছে, কিছু অসাধু ব্যবসায়ী চিনি, ফিটকিরি এমনকি রাসায়নিক রং মিশিয়ে কৃত্রিম গুড় তৈরি করছেন। এসব গুড়ে স্বাভাবিক গন্ধ ও স্বাদ থাকে না, বরং তা স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে।
আসল খেজুরের গুড় সাধারণত গাঢ় বাদামি বা কালচে লালচে রঙের হয়। পাটালি নরম, ভাঙলে ভেতরে হালকা রসাল ভাব দেখা যায় এবং হাতে নিলে অতিরিক্ত চকচকে লাগে না। এর স্বাদ হয় স্বাভাবিক মিষ্টি, মুখে দিলে একধরনের উষ্ণতা অনুভূত হয়।
অন্যদিকে ভেজাল বা মিশ্রিত গুড় বেশ চকচকে হয় এবং পাটালি অস্বাভাবিকভাবে শক্ত থাকে। অনেক সময় রঙ হয় ফ্যাকাশে বা সাদা আভাযুক্ত। গুড়ের স্বাদ যদি নোনতা বা তিতা লাগে, তাহলে সেটি ভেজাল হওয়ার সম্ভাবনা বেশি। আবার গুড়ের ভেতরে যদি স্ফটিকের মতো দানা দেখা যায়, তাহলে বুঝতে হবে মিষ্টতা বাড়াতে চিনি বা অন্য কিছু মেশানো হয়েছে।
শীতের দিনে সুস্থ থাকতে এবং ঐতিহ্যবাহী খাবারের আসল স্বাদ পেতে খাঁটি খেজুরের গুড় চেনা খুবই জরুরি। তাই বাজার থেকে গুড় কেনার সময় শুধু দাম বা রঙ দেখে নয়, গন্ধ, স্বাদ ও গঠন ভালোভাবে যাচাই করুন। সচেতন থাকলেই ভেজাল এড়িয়ে নিরাপদ ও স্বাস্থ্যকর গুড় ব্যবহার করা সম্ভব।
পদবী বদলে সব জল্পনার অবসান ঘটালেন রোজা
ঠিক এক বছর আগে আকস্মিকভাবে বিয়ের ঘোষণা দিয়ে সবাইকে চমকে দিয়েছিলেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান রহমান খান। যুক্তরাষ্ট্রপ্রবাসী মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে তার বিয়ে সে সময় বিনোদন অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দেয়। সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েক দিন ধরে ট্রেন্ডিংয়ে ছিল তাহসানের বিয়ের খবর। তবে এক বছর পেরোতেই সেই সম্পর্কে ভাঙনের খবর সামনে এলো।
সম্প্রতি তাহসান নিজেই নিশ্চিত করেছেন, তিনি ও রোজা এখন আর একসঙ্গে নেই। দুজন আলাদা থাকছেন। এই খবরে ভক্তদের মধ্যে হতাশা তৈরি হলেও অনেকেই মনে করছিলেন, হয়তো সম্পর্ক পুরোপুরি শেষ হয়নি। কারণ বিচ্ছেদের খবর প্রকাশের পরও রোজার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তাহসানের সঙ্গে তোলা একাধিক ছবি ছিল এবং নিজের নামের সঙ্গে ‘খান’ পদবিও ব্যবহার করছিলেন তিনি।
তবে এবার সেই আশার জায়গাটিও আর থাকল না। ইনস্টাগ্রাম থেকে তাহসানের সব ছবি মুছে ফেলেছেন রোজা। একই সঙ্গে নিজের নামের সঙ্গে যুক্ত করা ‘খান’ পদবিও সরিয়ে ফেলেছেন তিনি। রোজার ইনস্টাগ্রাম প্রোফাইল ঘেঁটে দেখা গেছে, সেখানে এখন আর তাহসানের কোনো উপস্থিতি নেই। ফলে দুজনের বিচ্ছেদ যে চূড়ান্ত, সেটিই আরও স্পষ্ট হয়ে উঠেছে। আগে তার ইনস্টাগ্রাম নাম ছিল ‘রোজা আহমেদ খান’।
২০২৫ সালের ৪ জানুয়ারি মাত্র চার মাসের পরিচয়ের পর রোজা আহমেদকে বিয়ে করেন তাহসান খান। রোজা একজন পেশাদার রূপসজ্জাশিল্পী। এক দশকেরও বেশি সময় ধরে তিনি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন এবং নিউইয়র্কে তার নিজস্ব একটি মেকআপ প্রতিষ্ঠান রয়েছে।
এর আগে, ২০০৬ সালের ৩ আগস্ট অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাহসান। দীর্ঘ ১১ বছরের সেই দাম্পত্য জীবনের ইতি ঘটে ২০১৭ সালে। এরও প্রায় দুই বছর আগে থেকেই তারা আলাদা থাকছিলেন। সেই সংসারে তাহসানের একমাত্র কন্যাসন্তান রয়েছে— আইরা তাহরিম খান।
বিচ্ছেদের পর নতুন ভূমিকায় পর্দায় ফিরছেন তাহসান
ব্যক্তিগত জীবনের নানা টানাপোড়েন ও স্ত্রী রোজা আহমেদের সঙ্গে সম্পর্কের অবনতির খবর নিয়ে গত কয়েক দিন ধরে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। বিচ্ছেদের বিষয়টি প্রকাশ্যে আসার পর কিছুটা নীরব থাকলেও এবার ভক্তদের জন্য তিনি নিয়ে এলেন নতুন এক চমক। আবারও ক্যামেরার সামনে ফিরছেন তাহসান—তবে অভিনয়ে নয়, উপস্থাপকের ভূমিকায়।
জনপ্রিয় পারিবারিক গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর দ্বিতীয় সিজনের সঞ্চালক হিসেবে ফিরছেন তাহসান খান। শিগগিরই অনুষ্ঠানটির নতুন মৌসুম সম্প্রচারের প্রস্তুতি চলছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রথম সিজনে তাহসানের স্বতঃস্ফূর্ত ও প্রাণবন্ত উপস্থাপনা দর্শকমহলে ব্যাপক প্রশংসা কুড়িয়েছিল। সেই ইতিবাচক সাড়া বিবেচনায় রেখেই দ্বিতীয় সিজনেও তাকে সঞ্চালকের দায়িত্ব দিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান।
নতুন সিজন নিয়ে নিজের অনুভূতি জানিয়ে তাহসান বলেন, এবারের আয়োজন সত্যিই বেশ উপভোগ্য হতে যাচ্ছে। বড় পরিসরে নির্মিত এই সিজনের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো—প্রশ্ন তৈরির জন্য সার্ভে করা হয়েছে দেশের সব ৬৪টি জেলা থেকে। ফলে প্রশ্ন ও উত্তর—দুটোই হয়েছে আরও বৈচিত্র্যময়, মজার এবং চমকপ্রদ।
‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর দ্বিতীয় সিজনের পরিচালনায় রয়েছেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। অনুষ্ঠানটির প্রযোজনায় রয়েছে বঙ্গ। পাশাপাশি দেশের বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠান সহযোগী হিসেবে যুক্ত হওয়ায় এবারের আয়োজন পেয়েছে আরও বর্ণিল ও জাঁকজমকপূর্ণ রূপ।
বেতন কমিশনের প্রতিবেদন জমা হবে ২১ জানুয়ারি
সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামোর প্রস্তাব চূড়ান্ত করা হয়েছে। বেতন কমিশন চলতি ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে আংশিক বেতন কাঠামো বাস্তবায়নের সুপারিশ করেছে। এটি পুরো মাত্রায় কার্যকর হবে ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দিন, অর্থাৎ আগামী ১ জুলাই থেকে। কমিশন ২১ জানুয়ারি অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের কাছে নতুন বেতনকাঠামো প্রতিবেদন দাখিল করবে। অর্থ উপদেষ্টা পরে তা উপস্থাপন করবেন উপদেষ্টা পরিষদের বৈঠকে। অর্থ মন্ত্রণালয় এবং বেতন কমিশন সূত্রে এসব তথ্য জানা গেছে। এদিকে চলতি ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে পরিচালন ব্যয় ২২ হাজার কোটি টাকা বাড়ানো হয়েছে। নতুন বেতন কাঠামো আংশিক কার্যকর করার অংশ হিসেবেই এ পদক্ষেপ নিয়ে রেখেছে সরকার।
বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী, বেতন কাঠামো পুরো মাত্রায় বাস্তবায়ন করতে গেলে বাড়তি ৭০ থেকে ৮০ হাজার কোটি টাকা লাগবে। প্রস্তাবিত বেতন কাঠামোতে নিচের দিকে বেতন-ভাতা বেশি বাড়ানোর সুপারিশ করা হয়েছে বলে জানা গেছে। গত মঙ্গলবার অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ সাংবাদিকদের জানিয়েছিলেন, বেতন কমিশনের প্রতিবেদন পাওয়ার পর সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
এলপিজি আমদানির অনুমতি দিল সরকার
পেট্রোলিয়াম তরল জ্বালানি আমদানি, পরিশোধন ও বাজারজাত করে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। দেশে চলমান সংকট ও মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) আমদানির অনুমতি পেয়েছে বিপিসি।
তারেক রহমানের সঙ্গে কানাডিয়ান হাইকমিশনারের সাক্ষাৎ
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিং।
সোমবার (১৯ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় রাজধানীর গুলশানে চেয়ারম্যানের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এ সময় নিজ নিজ দেশের সঙ্গে দ্বি-পাক্ষিক সম্পর্ক উন্নয়ন ও সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণের ব্যাপারে আলোচনা করেন। সাক্ষাৎকালে আরও উপস্থিত ছিলেন বিএনপি যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির।
নির্বাচন কমিশনের ওপর আস্থা রাখতে চায় বিএনপি: মির্জা ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন কমিশনের ওপর আস্থা রাখতে চায় বিএনপি।
সোমাবর (১৯ জানুয়ারি) বেলা ১১টার দিকে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আমাদের কাছে যে বিষয়গুলোতে সমস্যা মনে হয়েছে, তা আমরা রোববার (১৮ জানুয়ারি) তাদের কাছে তুলে ধরেছি। আমরা বিশ্বাস করি, নির্বাচন কমিশন যোগ্যতার সঙ্গে এই নির্বাচন পরিচালনা করতে সক্ষম হবে।
দলীয় কিছু প্রার্থীর মনোনয়ন বাতিল নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচন কমিশনে যখন বাছাই হয়, তখন কিছু সমস্যা থাকে। এটা নতুন কোনো ব্যাপার না।
বিএনপি মহাসচিব বলেন, শহীদ জিয়ার আদর্শ ধারণ করে বাংলাদেশকে গণতান্ত্রিক ও সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়তে বিএনপি কাজ করে যাবে।
এর আগে বিএনপি মহাসচিবের নেতৃত্বে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে তার সামাধিতে শ্রদ্ধা নিবেদন করে বিএনপি।
এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পূর্ণাঙ্গ পে-স্কেল কার্যকরের তারিখ জানা গেল
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রস্তাবিত নতুন বেতন কাঠামো চলতি বছরের ১ জানুয়ারি থেকেই আংশিকভাবে কার্যকর হতে পারে। আর পূর্ণাঙ্গভাবে এই বেতন স্কেল বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দিন, অর্থাৎ আগামী ১ জুলাই থেকে।
অর্থ মন্ত্রণালয় ও বেতন কমিশন সূত্রে জানা গেছে, আগামী ২১ জানুয়ারি নতুন বেতন কাঠামো সংক্রান্ত প্রতিবেদন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের কাছে জমা দেবে বেতন কমিশন। প্রতিবেদন জমা দেওয়ার পর তা উপদেষ্টা পরিষদের বৈঠকে উপস্থাপন করা হবে।
এর আগে গত বছরের ২৭ জুলাই সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো প্রণয়নের উদ্দেশ্যে একটি বেতন কমিশন গঠন করা হয়। সাবেক অর্থসচিব ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান জাকির আহমেদ খানকে কমিশনের প্রধান করা হয়। ২১ সদস্যের এই কমিশনকে ছয় মাসের মধ্যে সুপারিশমালা জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল।
অর্থ মন্ত্রণালয় সূত্র জানায়, নতুন বেতন কাঠামো আংশিকভাবে বাস্তবায়নের প্রস্তুতির অংশ হিসেবে চলতি ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে পরিচালন ব্যয় বাবদ অতিরিক্ত ২২ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।
বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে আংশিকভাবে নতুন বেতন কাঠামো কার্যকর করার প্রস্তাব করা হয়েছে। আর সম্পূর্ণ বাস্তবায়ন হবে ২০২৬-২৭ অর্থবছরের শুরু থেকে।
কমিশনের হিসাব অনুযায়ী, প্রস্তাবিত বেতন কাঠামো পুরোপুরি বাস্তবায়ন করতে সরকারের অতিরিক্ত ৭০ থেকে ৮০ হাজার কোটি টাকার প্রয়োজন হতে পারে।
সুপারিশকৃত কাঠামোতে নিচের দিকের গ্রেডগুলোর বেতন ও ভাতা তুলনামূলকভাবে বেশি বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। বর্তমানে সর্বনিম্ন বেতন ৮ হাজার ২৫০ টাকা থাকলেও সেটি দ্বিগুণেরও বেশি বাড়ানোর সুপারিশ করা হয়েছে।
অন্যদিকে সর্বোচ্চ ধাপে বর্তমানে বেতন ৭৮ হাজার টাকা থাকলেও তা বাড়িয়ে ১ লাখ ২০ হাজার টাকার বেশি করার প্রস্তাব রয়েছে। পাশাপাশি সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের অনুপাত ১:৮ রাখার সুপারিশ করেছে বেতন কমিশন।
খালি পেটে কুসুম গরম পানি খাচ্ছেন? চমকপ্রদ উপকারিতা নিয়ে যা বলছেন চিকিৎসকরা
দিনের শুরুটা যেমন হয়, শরীরও অনেক সময় তেমনভাবেই সাড়া দেয়। ঘুম থেকে উঠে এক গ্লাস পানি পান করা বহুদিনের পরিচিত অভ্যাস হলেও, সাম্প্রতিক সময়ে স্বাস্থ্য বিশেষজ্ঞদের আলোচনায় বারবার উঠে আসছে খালি পেটে কুসুম গরম পানির কথা। কেন সাধারণ পানির বদলে কুসুম গরম পানি? চিকিৎসকদের মতে, এই ছোট অভ্যাসের মধ্যেই লুকিয়ে আছে শরীর ও মনের জন্য বড় পরিবর্তনের চাবিকাঠি।
বিভিন্ন আন্তর্জাতিক গবেষণায় দেখা গেছে, কুসুম গরম পানি পান শরীরের জন্য ক্ষতিকর নয় বরং সঠিকভাবে গ্রহণ করলে এটি শরীরের স্বাভাবিক কার্যক্রমকে আরও গতিশীল করে তোলে। ন্যাশনাল সেন্টার ফর বায়োটেকনোলজি ইনফরমেশন–এ প্রকাশিত একাধিক গবেষণায় উল্লেখ করা হয়েছে, নিয়মিত কুসুম গরম পানি হজমশক্তি বাড়াতে, রক্ত সঞ্চালন উন্নত করতে এবং সামগ্রিক সুস্থতায় ইতিবাচক ভূমিকা রাখতে পারে।
হজমশক্তি বাড়ায়, কমায় অতিরিক্ত মেদ
চিকিৎসক ও পুষ্টিবিদদের মতে, সকালে খালি পেটে কুসুম গরম পানি পান করলে শরীরের মেটাবলিজম সক্রিয় হয়। ফলে খাবার দ্রুত ও সহজে হজম হয় এবং অতিরিক্ত চর্বি জমার ঝুঁকি কমতে শুরু করে। যারা ওজন নিয়ন্ত্রণে রাখতে চান, তাদের জন্য এই অভ্যাস হতে পারে একটি সহজ সহায়ক পথ।
কোষ্ঠকাঠিন্য থেকে গ্যাস, প্রাকৃতিক সমাধান
কোষ্ঠকাঠিন্য, পেট ফাঁপা, গ্যাস বা অম্বলের সমস্যায় ভোগা মানুষের জন্য কুসুম গরম পানি অনেক সময় প্রাকৃতিক ওষুধের মতো কাজ করে। সকালে খালি পেটে এই পানি অন্ত্রকে নরম ও সক্রিয় করে তোলে, ফলে মলত্যাগ স্বাভাবিক হয় এবং পেটের অস্বস্তি কমে আসে।
রক্ত সঞ্চালন ও ব্যথা উপশমে সহায়ক
নিয়মিত কুসুম গরম পানি পান রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখতে সাহায্য করে। এর ফলে শরীরের বিভিন্ন অংশে অক্সিজেন ও পুষ্টির সরবরাহ বাড়ে। বিশেষজ্ঞদের মতে, এই অভ্যাস শরীরের ব্যথা, জয়েন্টের অস্বস্তি কিংবা মাসিকের সময় পেট ও কোমরের ব্যথা কমাতেও আরাম দিতে পারে।
সর্দি-কাশি ও শ্বাসকষ্টে স্বস্তি
ঠান্ডাজনিত সমস্যা, নাক বন্ধ থাকা বা বুক ভারী লাগার সময় কুসুম গরম পানি শ্বাসনালীর জমে থাকা শ্লেষ্মা পাতলা করতে সহায়তা করে। এতে শ্বাস নিতে স্বস্তি আসে এবং সর্দি-কাশির অস্বস্তি কিছুটা হলেও কমে।
টক্সিন বের করে শরীর পরিষ্কার করে
চিকিৎসকদের ভাষ্য, কুসুম গরম পানি শরীরের ভেতরে জমে থাকা ক্ষতিকর উপাদান বা টক্সিন বের করে দিতে সাহায্য করে। ঘাম ও প্রস্রাবের মাধ্যমে শরীর প্রাকৃতিকভাবে ডিটক্স প্রক্রিয়ায় যায়, যা দীর্ঘমেয়াদে সুস্থ থাকার জন্য গুরুত্বপূর্ণ।
ত্বক, চুল ও মানসিক স্বাস্থ্যে প্রভাব
এই অভ্যাসের প্রভাব ত্বকেও দেখা যায়। নিয়মিত কুসুম গরম পানি পান করলে ত্বক ভেতর থেকে হাইড্রেটেড থাকে, রক্ত সঞ্চালন বাড়ে এবং ত্বকের কোষে পুষ্টি পৌঁছাতে সুবিধা হয়। ফলে ত্বক তুলনামূলকভাবে উজ্জ্বল থাকে, বয়সের ছাপ বা নিস্তেজভাব দেরিতে দেখা দেয়। অনেকের ক্ষেত্রে মানসিক চাপ, অনিদ্রা কিংবা ব্রণের সমস্যাও ধীরে ধীরে কমতে শুরু করে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা।
কতটা ও কখন পান করবেন
স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ, সকালে ঘুম থেকে উঠে অথবা বিকেলের দিকে অন্তত এক গ্লাস কুসুম গরম পানি পান করার অভ্যাস গড়ে তোলা যেতে পারে। দিনে এক থেকে দুই গ্লাস কুসুম গরম পানি নিয়মিত পান করলে শরীর ও মনের ওপর এর ইতিবাচক প্রভাব ধীরে ধীরে স্পষ্ট হয়। তবে যাদের দীর্ঘমেয়াদি রোগ আছে বা বিশেষ কোনো শারীরিক জটিলতা রয়েছে, তাদের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নেওয়াই সবচেয়ে নিরাপদ।
একটি ছোট অভ্যাস, কিন্তু নিয়মিত চর্চায় এর প্রভাব হতে পারে বিস্ময়কর। খালি পেটে কুসুম গরম পানি হয়তো এখান থেকেই শুরু হতে পারে আপনার সুস্থতার নতুন অধ্যায়।


