Home Blog Page 240

১৫ বছর পর দেশে গণতন্ত্র ফিরে আসার সুযোগ সৃষ্টি হয়েছে : মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ১৫ বছর পর দেশে গণতন্ত্র ফিরে আসার সুযোগ সৃষ্টি হয়েছে। কিন্তু সেই পথেও অনেক বাধা আসছে।

রবিবার (৭ ডিসেম্বর) কৃষিবিদ ইনষ্টিটিউশন মিলনায়তনে দলটির ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মসূচির উদ্বোধনকালে এ কথা বলেন তিনি। এসময় তিনি আরও বলেন, বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চলছে। সাইবারওয়ারে সজাগ থাকতে হবে। একমাত্র বিএনপিই দেশকে সামনের দিকে নিয়ে যাবে।

একটি গোষ্ঠী ধর্মের নামে দেশে বিভাজনের পথ সৃষ্টি করতে চায় বলে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, আমরা ধর্মভীরু মানুষ, কিন্তু ধর্ম দিয়ে রাষ্ট্র বিভাজনে বিশ্বাস করি না।

বিএনপির মহাসচিব বলেন, তরুণ সমাজের মন-মানসিকতার অনেক পরিবর্তন এসেছে। সবাই সর্বক্ষেত্রে পরিবর্তন চায়। নতুন বাংলাদেশের চিন্তা সকলের মধ্যে এসেছে। পুরানো ধাঁচের রাষ্ট্রকাঠামো আর উপযোগী থাকছে না। এসময় বিএনপিকে নতুন চিন্তার আলোকে তৈরি করতে চান বলেও মন্তব্য করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকার সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়ে গেছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নতুন করে আলোকিত করার চেষ্টা করছেন। জনগণের কাছে নতুন চিন্তা তুলে ধরার দায়িত্ব শুরুতেই ছাত্রদলকে দেয়া হচ্ছে।

তারেক রহমান নতুন বাংলাদেশে দেড় বছরে এক কোটি লোকের কাজের সংস্থান করে দেয়ার ঘোষণা দিয়েছেন জানিয়ে তিনি বলেন, দেশ গড়ার কর্মসূচির এই পরিকল্পনা প্রমাণ করছে বিএনপি একটি অ্যাডভান্সড পলিটিক্যাল পার্টি। বর্তমানে বিএনপিকে নেগেটিভ পলিটিক্যাল পার্টি হিসেবে দেখানোর একটি প্রবণতা দেখা দিয়েছে, যা ভেঙে ফেলতে হবে। বিএনপি সবসময়ই পথ, জানালা খুলে দিয়েছে।

দেশের সব ভালো অর্জন বিএনপির দাবি করে মির্জা ফখরুল বলেন, যুগসন্ধিক্ষণে আছি আমরা। অনেক বাধা আসছে, এসব পেরিয়ে সাফল্য অর্জন করতে হবে। আমাদের বিরুদ্ধে অপপ্রচার চলছে। সাইবার যুদ্ধে লড়াই করতে না পারলে আমাদের পরাজিত হতে হবে।

বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে ভালো করতে না পারার কারণ জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, ক্যাম্পাসভিত্তিক কর্মসূচি কম থাকায় বিশ্ববিদ্যালয়ের নির্বাচনগুলোতে ছাত্রদল ভালো করতে পারেনি। এজন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্রদলের পদচারণা বাড়াতে হবে।

ছাত্রদলকে নতুন চিন্তার আলোকে তৈরি করার কথা জানিয়ে তিনি বলেন, এই দেশ গড়ার কর্মসূচি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নিজস্ব ভাবনার প্রতিফলন। পরিবর্তন সবাই চায়। নতুন বাংলাদেশ দেখতে চাওয়ার ভাবনা সবার মধ্যেই এসেছে। পুরোনো রাষ্ট্র কাঠামো আর উপযোগী থাকছে না।

যুক্তরাষ্ট্রে কুকুরে অজানা ব্যাকটেরিয়া শনাক্ত, সতর্ক করলেন বিজ্ঞানীরা

যুক্তরাষ্ট্রে কুকুরের শরীরে নতুন ধরনের টিক-বাহিত (টিকের কামড়ে ছড়ানো) একটি ব্যাকটেরিয়া পাওয়া গেছে। এতে কয়েকটি কুকুর গুরুতর অসুস্থ হয় এবং কিছু কুকুর মারা যায়। নতুন এই ব্যাকটেরিয়ার নাম রিকেটসিয়া ফিনি (Rickettsia finnyi)। বিজ্ঞানীরা বলছেন, ব্যাকটেরিয়াটি আগে কখনো দেখা যায়নি।

নর্থ ক্যারোলাইনা স্টেট ইউনিভার্সিটির গবেষকেরা প্রথমে একটি অসুস্থ কুকুরের রক্ত পরীক্ষা করে ব্যাকটেরিয়াটি খুঁজে পান। কুকুরটিতে ‘রকি মাউন্টেন স্পটেড ফিভার’ (RMSF)—এক ধরনের মারাত্মক সংক্রমণ—এর মতো উপসর্গ দেখা দিয়েছিল। পরে জিনগত পরীক্ষা করে নিশ্চিত হওয়া যায়, এটি সম্পূর্ণ নতুন ব্যাকটেরিয়া।

২০২০ সাল থেকে এখন পর্যন্ত বিজ্ঞানীরা দক্ষিণ-পূর্ব ও মধ্য-পশ্চিম যুক্তরাষ্ট্রের আরও ১৬টি কুকুরে এই ব্যাকটেরিয়ার সন্ধান পেয়েছেন। আক্রান্ত কুকুরগুলোর জ্বর, দুর্বলতা এবং রক্তের প্লেটলেট কমে যাওয়ার মতো উপসর্গ দেখা গেছে। বেশিরভাগ কুকুর অ্যান্টিবায়োটিক চিকিৎসায় সুস্থ হয়, তবে দেরিতে শনাক্ত হওয়ায় তিনটি কুকুর মারা যায়।

বিশেষজ্ঞদের আশঙ্কা, রিকেটসিয়া পরিবারের অনেক ব্যাকটেরিয়াই মানুষের শরীরে সংক্রমণ ঘটাতে পারে। তাই এই নতুন ব্যাকটেরিয়াকেও সম্ভাব্য ঝুঁকি হিসেবে বিবেচনা করা হচ্ছে। গবেষকেরা মনে করছেন, কুকুর মূল বাহক নয়; বরং তারা অনিচ্ছাকৃতভাবে আক্রান্ত হচ্ছে। ব্যাকটেরিয়াটি স্তন্যপায়ী প্রাণীর কোষের ভেতরে দীর্ঘদিন বেঁচে থাকতে পারে।

গবেষণা বলছে, লোন স্টার টিক নামের এক ধরনের টিক সম্ভবত এই রোগ ছড়ায়। কারণ, ওই টিকে রিকেটসিয়া ফিনির ডিএনএ পাওয়া গেছে। এই টিকের বিস্তৃত এলাকার সঙ্গেও কুকুরগুলোর অবস্থান মিলে যায়।

বিজ্ঞানীরা বলছেন, মানুষে সংক্রমণ ঠেকাতে এখনই নজরদারি বাড়ানো জরুরি। কোন প্রাণী বা টিক মূল বাহক—তা দ্রুত শনাক্ত করা গেলে ভবিষ্যতের ঝুঁকি কমানো সম্ভব হবে।

ভোট দিতে ১ লাখ ৯৩ হাজারের বেশি প্রবাসীর নিবন্ধন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন দেশ থেকে ভোট দেওয়ার জন্য ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে প্রবাসী নিবন্ধন ছাড়াল ১ লাখ ৯৩ হাজার। এতে এখন পর্যন্ত নিবন্ধন করেছেন ১ লাখ ৯৩ হাজার ৮৩৬ জন প্রবাসী।

শনিবার সকালে ইসির ওয়েব সাইট (https://portal.ocv.gov.bd/report/by-country) থেকে বিষয়টি জানা গেছে।

যেসব দেশে নিবন্ধন চলছে-দক্ষিণ কোরিয়া, জাপান, দক্ষিণ আফ্রিকা, চীন, মিশর, মোজাম্বিক, লিবিয়া, মরিশাস, হংকং, ব্রাজিল, উগান্ডা, ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো, ইথিওপিয়া, নাইজেরিয়া, লাইবেরিয়া, বতসোয়ানা, কেনিয়া, রুয়ান্ডা, আলজেরিয়া, অ্যাঙ্গোলা, তানজানিয়া, সোমালিয়া, ঘানা, গিনি, মরক্কো, দক্ষিণ সুদান, চিলি, সিয়েরা লিওন, ইকুয়েডর, তাইওয়ান, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, গাম্বিয়া, পেরু, জিম্বাবুয়ে, যুক্তরাষ্ট্র ইত্যাদি। মোট নিবন্ধন করেছেন (সকাল পৌনে ১১টা পর্যন্ত) ১ লাখ ৯৩ হাজার ৮৩৬ প্রবাসী।

এবারই প্রথমবারের মতো আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটে ভোট নেওয়ার উদ্যোগ নিয়েছে ইসি। এক্ষেত্রে প্রবাসী, আইনি হেফাজতে থাকা ব্যক্তি, ভোটের দায়িত্বে নিয়োজিতরা এ ব্যবস্থায় ভোট দিতে পারবেন। এজন্য অ্যাপে নিবন্ধন করতে হবে। গত ১৯ নভেম্বর থেকে নিবন্ধন শুরু হয়েছে, যা চলবে ২৩ ডিসেম্বর পর্যন্ত।

ইসি জানিয়েছে, অ্যাপে নিবন্ধনকারীদের ঠিকানায় পোস্টাল ব্যালট ডাকযোগে পাঠিয়ে দেওয়া হবে। ভোটার ভোট দিয়ে ফিরতি খামে তা আবার রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠাবেন।

উল্লেখ্য, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের প্রস্তুতি নিচ্ছে ইসি। এক্ষেত্রে ৫০ লাখ প্রবাসী ভোট টানার টার্গেট নিয়ে কার্যক্রম চালাচ্ছে সংস্থাটি।

গাজীপুর মহানগর পুলিশে বড় রদবদল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গাজীপুর মেট্রোপলিটন পুলিশে (জিএমপি) বড় রদবদল করা হয়েছে। জিএমপির পুলিশ কমিশনারের কার্যালয় থেকে ৪ ডিসেম্বর জারি করা এক প্রজ্ঞাপনে মোট ১০ কর্মকর্তাকে বদলি করা হয়।

আদেশে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত যারা বদলি হয়েছেন, তাদের অবিলম্বে নতুন কর্মস্থলে যোগদানের জন্য নির্দেশ দেওয়া হলো।

জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী—সদর থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করা মো. মেহেদী হাসানকে টঙ্গী পূর্ব থানায়, টঙ্গী পশ্চিম থানার ওসি মো. হারুন-অর-রশিদকে বাসন থানায় এবং কাশিমপুর থানা থেকে মোহাম্মদ মনিরুজ্জামানকে গাছা থানায় বদলি করা হয়েছে। একই আদেশে পুবাইল থানার ওসি মো. খালিদ হাসানকে কাশিমপুর থানায়, টঙ্গী পশ্চিম থানার ওসি মো. শাহীন খানকে এবং অত্র এলাকার বিভিন্ন থানায় কর্মরত কর্মকর্তাদেরও একাধিক গুরুত্বপূর্ণ স্থানে রদবদল করা হয়।

এ ছাড়া টঙ্গী-পূর্ব থানার ইনস্পেক্টর (তদন্ত) হিসেবে দায়িত্বে থাকা মো. আতিকুর রহমানকে পুবাইল থানায়, ডিবি (উত্তর)-এর কর্মকর্তা মোহাম্মদ জালাল উদ্দীন মাহমুদকে কোনাবাড়ী থানায় এবং কোনাবাড়ী থানার মো. সালাহউদ্দিনকে ডিবি দক্ষিণে বদলি করা হয়েছে। টঙ্গী-পূর্ব থানায় নতুন ওসি হিসেবে দায়িত্ব পাচ্ছেন মেহেদী হাসান ও ডিবি উত্তরের নতুন ওসি মো. ওহিদুজ্জামান।

নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে এই রদবদলকে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, বদলিকৃত কর্মকর্তাদের বিদ্যমান দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে দ্রুততম সময়ে নতুন পদে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

‘ব্যাটসম্যান’ স্টার্কে ভোগান্তি ইংল্যান্ডের

ব্রিসবেনে দিবা–রাত্রির টেস্টে ৭৩ ওভারে ৬ উইকেটে ৩৭৮ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছিল অস্ট্রেলিয়া। আজ তৃতীয় দিনে প্রথম সেশনে অস্ট্রেলিয়া দলীয় সংগ্রহ চার শ পেরিয়ে যাওয়ার পরই সম্ভবত এই টেস্টের ভাগ্য ঠিক হয়ে গেছে। কারণ গ্যাবার বাইশ গজে প্রথম ইনিংসে ন্যূনতম চার শ রান তোলার পর অস্ট্রেলিয়া সেখানে কখনো হারেনি।

আজ প্রথম সেশনে ২৬ ওভারে ২ উইকেট হারিয়ে ৭২ রান যোগ করেছে অস্ট্রেলিয়া। সব মিলিয়ে তৃতীয় দিন প্রথম সেশন পর্যন্ত নিজেদের প্রথম ইনিংসে ৯৯ ওভারে ৮ উইকেটে ৪৫০ রান তুলেছে স্টিভেন স্মিথের দল। প্রথম ইনিংসেই ১১৭ রানের লিড নিয়েছে তারা।

আগের দিন দুই অপরাজিত ব্যাটসম্যান অ্যালেক্স ক্যারি ও মাইকেল নেসেরের জুটি আজ প্রথম সেশনের খেলায় তৃতীয় ওভারে ভেঙেছে। ১৬ রান করা নেসেরকে ফেরান ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। গতকাল সপ্তম উইকেটে ৪৯ রানের অবিচ্ছিন্ন জুটি গড়া দুজন আজ যোগ করতে পারেন মাত্র ৫ রান।

অষ্টম উইকেটে মিচেল স্টার্ক ও ক্যারির জুটি ভাঙতেও দেরি হয়েছে ইংল্যান্ডের বোলারদের। অস্ট্রেলিয়ার লোয়ার অর্ডারে নামা বোলাররা বেশ ভালোই প্রতিরোধ গড়েছেন। ৪৩ বলে ৩৩ রান তোলা এই জুটি ভেঙেছে ৬৩ রান করা ক্যারি গাস অ্যাটকিনসনের বলে ইনিংসের ৮২.৬ ওভারে আউট হওয়ায়।

এরপর নবম উইকেট জুটিতে হঠাৎ করে পুরোদস্তুর ব্যাটসম্যান হয়ে যান অস্ট্রেলিয়ার পেসার স্টার্ক! দারুণ কিছু কেতাবি শট খেলার পাশাপাশি অন্য প্রান্তে বোল্যান্ডকেও টিকে থাকার প্রেরণা জোগান তিনি। ৯৬ বলে ৩৪ রানের অবিচ্ছিন্ন জুটি গড়া স্টার্ক ও বোল্যান্ডের ব্যাটে ভুগেছে ইংল্যান্ড। ৯৫ বলে ৪৬ রানে অপরাজিত স্টার্ক এবং ২৭ বলে ৭ রান নিয়ে অন্য প্রান্ত ধরে রেখেছেন বোল্যান্ড।

প্রথম ইনিংসে ১০০‍+ রানের লিড নেওয়ার পর অস্ট্রেলিয়া ঘরের মাঠে এর আগে মাত্র চারবার হেরেছে। এর মধ্যে সর্বশেষ হার ৩১ বছর আগে ১৯৯৪ সালে সিডনি টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।

শুটিং সেটে অগ্নিদগ্ধ আরিফিন শুভ

আরিফিন শুভ ভক্তদের জন্য দুঃসংবাদ! শুটিং সেটে অগ্নিদগ্ধ হয়েছেন এই ঢাকাই চিত্রনায়ক- এমনটাই শোনা যাচ্ছে। যদিও বিষয়টি নিয়ে সংশিষ্টদের স্পষ্ট কোনো বক্তব্য পাওয়া যায়নি; আরিফিন শুভর অবস্থাও স্পষ্ট জানা যায়নি।

তবে কিছু সূত্রের বরাতে বেশ কয়েকটি সংবাদমাধ্যমগুলোতে এসেছে এই খবর। জানা গেছে, অনেকটা গোপনেই, ঢাকার বাইরে এক নির্জন লোকেশনে চলছিল আরিফিন শুভর নতুন সিনেমা ‘মালিক’ এর শুটিং। আর দুর্ঘটনা ঘটার সঙ্গে এই শুটিংয়ের বিষয়টিও ফাঁস হলো।

সম্প্রতি সামাজিক মাধ্যমে এই অপ্রত্যাশিত ঘটনার দৃশ্য ফাঁস হতেই কৌতূহল জাগে সিনে ভক্তদের মনে। তাতে দেখা যায়, আরিফিন শুভর মতো দেখতে একজনের পায়ে আগুন, যিনি তা নেভানোর চেষ্টা করছেন।

এমন দৃশ্য নিশ্চিতভাবে নানা কৌতূহলের জন্ম দেয়। পরে সংবাদমাধ্যমে উঠে আসে, ‘মালিক’ সিনেমার একটি অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়ে এ ঘটনা ঘটে আরিফিন শুভর সঙ্গে; সেই দৃশ্যটি মূলত ছিল- তার শরীরের নিচের অংশ ছুঁয়ে সামান্য আগুন চলে যাবে।

কিন্তু ক্যামেরা চালু হতেই আগুনের শিখা যেন নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে। আর তা মুহূর্তেই তা লেগে যায় শুভর পায়ে। কয়েক সেকেন্ডের মধ্যে শিখা আরো উঁচু হয়ে নায়কের পা দগ্ধ করে দেয়।

তবে ইউনিটের সদস্যরা নাকি জানিয়েছেন, প্রথমে শুভ নিজেই আগুন নেভানোর চেষ্টা করেন। এ সময় তিনি আগুনে ঝলসে কাঁপছিলেন, তবুও থামেননি। কিন্তু আগুন না থামায় একসময় ভারসাম্য হারিয়ে তিনি মাটিতে পড়ে যান। সঙ্গে সঙ্গে ইউনিটের সদস্যরা ছুটে এসে আগুন নিভিয়ে ফেলেন, কিন্তু ততক্ষণে শুভর পা দগ্ধ হয়।

এই ঘটনার পর পরিচালক সাইফ চন্দন শুটিং বন্ধ করতে চাইলেও শুভ নাকি তাকে এক মুহূর্তের জন্যও সুযোগ দেননি। প্রাথমিক চিকিৎসা নিয়েই তিনি আবার ক্যামেরার সামনে দাঁড়ান; সেই দিনের শুটিং শেষ না করে তিনি ফিরতে চাননি। পায়ে ক্ষত থাকা সত্ত্বেও এখনো তিনি নিয়মিত শুটিং চালিয়ে যাচ্ছেন।

দুর্ঘটনাটি নিয়ে পরিচালকের আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। আর ঘটনাটি কবে ঘটেছে, তাও স্পষ্ট নয়।

অ্যাকশনধর্মী ‘মালিক’ সিনেমাটি আসন্ন ঈদুল ফিতরে মুক্তির প্রস্তুতি নিচ্ছে। এই ছবিতে আরিফিন শুভর বিপরীতে অভিনয় করছেন বিদ্যা সিনহা মিম। সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন সিদ্দিক আহমেদ।

জন্মসূত্রে নাগরিকত্ব: ট্রাম্পের আপিল শুনবেন বিচারপতিরা

নাগরিকত্ব নিয়ে ট্রাম্পের আদেশকে আটকে দিয়ে নিম্ন আদালত যে রায় দিয়েছে, তার বিরুদ্ধে রিপাবলিকান প্রশাসনের আপিল শুনবেন বিচারপতিরা। অ্যামেরিকায় জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের আদেশের সাংবিধানিকতার বিষয়ে শুনানিতে শুক্রবার রাজি হয়েছে সুপ্রিম কোর্ট।

জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে ট্রাম্পের আদেশ অনুযায়ী, যেসব মা-বাবা অ্যামেরিকায় অবৈধ কিংবা অস্থায়ীভাবে আছেন, তাদের সন্তান অ্যামেরিকার নাগরিক নন।

অ্যাসোসিয়েটেড প্রেস-এপি জানায়, নাগরিকত্ব নিয়ে ট্রাম্পের আদেশকে আটকে দিয়ে নিম্ন আদালত যে রায় দিয়েছে, তার বিরুদ্ধে রিপাবলিকান প্রশাসনের আপিল শুনবেন বিচারপতিরা।

বার্তা সংস্থাটি জানায়, এ সংক্রান্ত মামলার বিষয়ে যুক্তিতর্ক হবে বসন্তে। এ বিষয়ে সুনির্দিষ্ট আদেশ আসতে পারে গ্রীষ্মের শুরুর সময়ে।

দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার প্রথম দিন চলতি বছরের ২০ জানুয়ারি জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে আদেশ দেন ট্রাম্প।

অভিবাসনের বিরুদ্ধে তার প্রশাসনের বৃহত্তর কঠোর ব্যবস্থার অংশ হিসেবে তিনি এ সিদ্ধান্ত নেন।

ট্রাম্পের নির্বাহী সে আদেশ দেশের কোথাও বাস্তবায়ন হয়নি।

অ্যামেরিকায় অভিবাসী আগমন সীমিত করতে ট্রাম্প প্রশাসনের অন্য তৎপরতাগুলোর মধ্যে আছে কয়েকটি শহরে অভিবাসন আইন বাস্তবায়ন অভিযান বৃদ্ধি ও শান্তিকালে প্রথমবারের মতো আঠারো শতকের এলিয়েন এনিমিজ অ্যাক্ট ব্যবহার।

এ ধরনের পদক্ষেপ বাস্তবায়নের ক্ষেত্রে বিভিন্ন আদালতে বাধার সম্মুখীন হচ্ছে রিপাবলিকান প্রশাসন। জরুরি আদেশগুলোতে মিশ্র বার্তা দিয়েছে সুপ্রিম কোর্ট।

ট্রাম্পের প্রথম কোনো অভিবাসনবিষয়ক নীতি হিসেবে চূড়ান্ত রায়ের জন্য সুপ্রিম কোর্টে আছে জন্মসূত্রে নাগরিকত্বের বিষয়টি।

অ্যামেরিকান সংবিধানের ১৪তম সংশোধনী অনুযায়ী, অ্যামেরিকার মাটিতে জন্মগ্রহণকারী যে কেউ দেশটির নাগরিক। এ ক্ষেত্রে ব্যতিক্রম হলো বিদেশি কূটনীতিক ও বিদেশি দখলদার বাহিনীর সন্তানরা।

ট্রাম্পের আদেশ বাস্তবায়ন হলে অ্যামেরিকায় বিগত ১২৫ বছরের বেশি সময় ধরে জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে বোঝাপড়া পাল্টে যাবে।

সীতাকু‌ণ্ডে লরির পেছনে ট্রাকের ধাক্কা, চালকের মৃত্যু

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিরা এলাকায় দাঁড়িয়ে থাকা একটি লরির পেছনে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয় মালবাহী একটি ট্রাক।

বৃহস্পতিবার ভোর রাত ৩টার দিকে এ দুর্ঘটনায় ট্রাকচালক মো. ইউসুফ সর্দার (৬০) নিহত হন। তিনি চট্টগ্রাম সিটি করপোরেশনের ২ নম্বর গেট এলাকার বাসিন্দা ছিলেন।

কুমিরা ফায়ার স্টেশন সূত্রে জানা যায়, চট্টগ্রামমুখী ট্রাকটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা লরির পেছনে সজোরে আঘাত হানে। এতে ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং চালক ভেতরে আটকা পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধার করলেও অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

কুমিরা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. আল মামুন জানান, ট্রাক বিকৃত হয়ে যাওয়ায় চালককে বের করতে বাঁচার কোনো সুযোগ ছিল না। সড়কে যান চলাচল কিছু সময়ের জন্য ব্যাহত হলেও পরে স্বাভাবিক হয়।

ভৈরবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: ১০ শিক্ষার্থীসহ দগ্ধ ১৯

কিশোরগঞ্জের ভৈরবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের চাচা-ভাতিজা এবং ১০ শিক্ষার্থীসহ মোট ১৯ জন দগ্ধ হয়েছেন। এদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক বলে আহতদের পরিবার জানিয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় লুন্দিয়া চরপাড়া মেঘনা বাজার এলাকায় এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

আহতদের মধ্যে রয়েছেন, জয়ধর মিয়ার ছেলে হারুন মিয়া (৪০), বাতেন মিয়ার ছেলে সোহাগ মিয়া (১০), আঙ্গুর মিয়ার ছেলে ওয়াসিবুল (১০), তৌহিদ মিয়ার ছেলে সামিউল (৯), মৃত জাহাঙ্গীর মিয়ার ছেলে আল আমিন (৮), এরশাদ মিয়ার ছেলে শুভ (৮), উজ্জল মিয়ার ছেলে নিরব (১৫), জিয়া রহমানের ছেলে রাহাত (১২), মনসুর মিয়ার ছেলে ফাহিম (১০), রতন মিয়ার ছেলে আমিন (১০), জব্বার মিয়ার ছেলে হেকিম মিয়া (৫৫), আসাদুল্লাহর ছেলে সেরাজুল (১০), খালেক মিয়ার ছেলে ছিদ্দিক মিয়া (৫৮), আ. মালেকের ছেলে মোর্শিদ মিয়া (৫৫) ও মৃত মোমতাজ মেম্বারের ছেলে নাছির মিয়া (৪০)।

আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীনরা হলেন— শিশু শিক্ষার্থী ছামিউল, রাহাত, নিরব এবং বাক্‌প্রতিবন্ধী আ. হেকিম (৫৫) ও হারুন মিয়া। এ ছাড়া আহতদের মধ্যে টুকচানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ মাদ্রাসার ১০ খুদে শিক্ষার্থী রয়েছে। এ ছাড়াও ২ জন ব্রাহ্মণবাড়িয়া বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আহতদের পরিবার ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে আগানগর ইউনিয়নের চরপাড়া টুক চানপুর বাজারে নাসির মিয়া সকালের নাস্তা বিক্রি করে দোকান তালা লাগিয়ে চলে যান। কিছুক্ষণ পর আশপাশের লোকজন দোকানের ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখেন। পরে হারুন মিয়া তালা ভেঙে ভেতরে গিয়ে দেখতে পান সিলিন্ডার থেকে গ্যাস বের হচ্ছে। পরে তিনি সিলিন্ডারের মুখ বন্ধ করার চেষ্টা করলে সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ১০ শিক্ষার্থীসহ ১৯ জন দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা ৭ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। বাকিদের প্রাথমিক চিকিৎসাসেবা দিয়ে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়।

এ বিষয়ে ফারুক মিয়া, নবী হোসেনসহ এলাকাবাসীরা বলেন, ঘটনা অত্যন্ত হৃদয়বিদারক। সরকার যেন আহতদের চিকিৎসার ব্যবস্থা করে।

এ বিষয়ে ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম মামুনুর রশীদ বলেন, আহতদের বাড়িতে গিয়ে তাদের খোঁজ-খবর নিয়েছি। সরকারের পক্ষ থেকে চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা দেওয়া হবে।

বেগম খালেদা জিয়ার লন্ডনযাত্রা আবারও পিছলো

উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার নির্ধারিত সময় আবারও পিছিয়ে গেছে। এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় পৌঁছাতে দেরি হওয়া এবং তার শারীরিক অবস্থা স্থিতিশীল না থাকায় এ যাত্রা তৃতীয়বারের মতো স্থগিত হলো।

বিষয়টি নিশ্চিত করে বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবি এম আব্দুস সাত্তার জানান, লন্ডন যাওয়ার সময় পুনরায় পিছিয়েছে। নতুন তারিখ এখনো নির্ধারিত হয়নি। এয়ার অ্যাম্বুলেন্স এসে পৌঁছালে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

বিএনপির চিকিৎসক দলের একজন সদস্য জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থা গত কয়েকদিন ধরে একই অবস্থায় রয়েছে। তার স্বাস্থ্যের পরিস্থিতি এবং বিমানে ভ্রমণের উপযোগিতা উভয়টি বিবেচনায় নিতে হচ্ছে।

দলীয় সূত্র জানায়, কাতারের ব্যবস্থাপনায় যে নতুন এয়ার অ্যাম্বুলেন্স আনার কথা ছিল, সেটি ৬ ডিসেম্বর ঢাকায় পৌঁছানোর কথা থাকলেও পরবর্তীতে সময় পরিবর্তন করে ৯ ডিসেম্বর নির্ধারণ করা হয়। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী ১০ ডিসেম্বর লন্ডনের উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল।

এর আগে শুক্রবার সকালে এয়ার অ্যাম্বুলেন্সে তাকে লন্ডন নেওয়ার কথা ছিল। তবে যান্ত্রিক ত্রুটির কারণে শেষ মুহূর্তে সেই পরিকল্পনা স্থগিত হয়। পরবর্তীতে বলা হয়েছিল, সব ঠিক থাকলে শনিবার অ্যাম্বুলেন্স ঢাকায় পৌঁছাতে পারে এবং অবস্থার উন্নতি হলে রোববার খালেদা জিয়াকে নেওয়া হতে পারে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, যাত্রার সময় নির্ভর করছে খালেদা জিয়ার শারীরিক অবস্থার ওপর।

গত ২৩ নভেম্বর স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নেওয়ার পর থেকেই তিনি এভারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন। ২৭ নভেম্বর অবস্থার অবনতি হলে তাকে ক্রিটিক্যাল কেয়ারে নেওয়া হয়। দেশের পাশাপাশি বিদেশের বিশেষজ্ঞ চিকিৎসকেরাও তার চিকিৎসায় যুক্ত রয়েছেন।

৭৯ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, হৃদরোগ, কিডনি, ফুসফুস, চোখের সমস্যা, ডায়াবেটিস ও আর্থ্রাইটিসসহ নানা জটিল রোগে ভুগছেন।