Home Blog Page 239

দুই বিবাহ ভাঙার পর আবার প্রেম! নতুন প্রেম নিয়ে খুলে বললেন আমির খান

বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান আবারও নতুন প্রেমে পড়েছেন—এ খবর এখন ইন্ডাস্ট্রিজুড়ে চর্চার কেন্দ্রবিন্দু। দুইটি বৈবাহিক সম্পর্ক ভাঙার পর এবার অভিনেতার জীবনে বিশেষ মানুষ হয়ে উঠেছেন গৌরী স্প্র্যাট। বর্তমানে প্রায় প্রতিটি অনুষ্ঠানেই তাকে সঙ্গে নিয়েই দেখা যাচ্ছে আমিরকে। তবে নতুন প্রেমে ডুবলেও, প্রাক্তন দুই স্ত্রীকে ভুলে যাননি তিনি।

১৯৮৬ সালে আমির প্রথম বিয়ে করেন রিনা দত্তকে। ১৬ বছরের দাম্পত্যে তারা দুই সন্তানের অভিভাবকও হন। রিনাকে স্মরণ করে আমির বলেছেন, তার বেড়ে ওঠার বড় অংশ জুড়ে ছিলেন রিনা, এবং আজও তার প্রতি শ্রদ্ধা অপরিবর্তিত। তবে ২০০২ সালে সেই সম্পর্কের ইতি ঘটে।

রিনার সঙ্গে বিচ্ছেদের পর গুঞ্জন ওঠে—কিরণ রাও’র প্রেমে নাকি পড়েছেন আমির। যদিও কিরণ কখনোই তা স্বীকার করেননি। পরে ২০০৫ সালে তাদের বিয়ে হয়। প্রায় ১৫ বছরের দাম্পত্যের পর ২০২১ সালে তারা আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন। তবুও বন্ধুত্বের সম্পর্ক অটুট রয়েছে আগের মতোই। আমিরের ভাষায়, স্বামী–স্ত্রীর সম্পর্ক না থাকলেও বন্ধুত্বে কোনো দূরত্ব আসেনি।

দুটি দীর্ঘ সম্পর্ক ভেঙে যাওয়ার পর আমির ভেবেছিলেন, জীবনে আর প্রেম আসবে না। কিন্তু কঠিন সেই সময়ে শান্তি ও স্থিরতা নিয়ে তার জীবনে আসেন গৌরী স্প্র্যাট। আমির জানিয়েছেন, যখন তিনি ভাবছিলেন ভালোবাসা আর ফিরে আসবে না, ঠিক তখনই গৌরী তাকে নতুন আশ্বাস ও প্রশান্তি দেন।

শেষে আমির বলেন, রিনা, কিরণ ও গৌরী—তিনজনই তার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুই পরিবারের মানুষদের নিয়ে এখন তারা এক ধরনের বৃহৎ পরিবার হয়ে উঠেছেন। আমিরের কথায়, ‘আমি, রিনা, কিরণ, তাদের বাবা–মা, আমার পরিবার আর গৌরী—আমরা সবাই মিলে এখন এক বড় পরিবার, আর আমাদের সম্পর্ক দারুণ।’

বাফুফের ডেভেলপমেন্ট পার্টনার বিএসআরএম স্পোর্টস রিপোর্টার

বিএসআরএম আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) উন্নয়ন সহযোগী হিসেবে যুক্ত হয়েছে। বুধবার মতিঝিলে বাফুফে সদর দপ্তরে এক অনুষ্ঠানের মাধ্যমে এই অংশীদারিত্ব চূড়ান্ত করা হয়।

বাংলাদেশের ফুটবলের ভিত্তি আরও শক্তিশালী করা এবং এর দীর্ঘমেয়াদি ভবিষ্যৎকে উজ্জ্বল করার অভিন্ন লক্ষ্য নিয়ে, স্থায়ী উন্নয়নের জন্য দুটি প্রতিষ্ঠান একসঙ্গে কাজ করতে একত্রিত হয়েছে।

এই চুক্তির মাধ্যমে দেশের নাম্বার ওয়ান স্টিল ব্র্যান্ড বিএসআরএম, বাফুফের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে বাংলাদেশের ফুটবলের অগ্রযাত্রা ও উৎকর্ষতাকে আরও এগিয়ে নিতে সহযোগিতা করবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়াল; ফাহাদ করিমসহ সভাপতি ও মার্কেটিং কমিটির চেয়ারম্যান; বিএসআরএমের ব্যবস্থাপনা পরিচালক আমের আলী হুসাইন; অর্থ পরিচালক জোহাইর তাহের আলী; পরিচালক আব্দুল কাদির জোহাইর এবং এফসিবি বিটপীর ব্যবস্থাপনা পরিচালক সারাহ আলী। এছাড়া উভয় প্রতিষ্ঠানের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ঢাকা-১১ থেকে নির্বাচন করবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম

ঢাকা-১১ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম। বুধবার (১০ তারিখ) সকাল ১১টার দিকে দলটির সদস্য সচিব আখতার হোসেন ১২৫টি আসনে প্রাথমিক মনোনয়ন পাওয়া প্রার্থীদের নাম প্রকাশ করেন, যেখানে নাহিদ ইসলামের নামও নিশ্চিত করা হয়।

তবে এই আসনে জয় পেতে হলে তাঁকে কঠিন প্রতিযোগিতার মুখোমুখি হতে হবে। বিএনপি থেকে মনোনীত হয়েছেন এম এ কাইয়ুম, যিনি বর্তমানে দলের জাতীয় নির্বাহী কমিটির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সূরা সদস্য অ্যাডভোকেট আতিকুর রহমানও গত কয়েক মাস ধরে এ আসনে প্রচারণা চালিয়ে আসছেন।

চিকিৎসায় রেসপন্স করছেন খালেদা জিয়া : ডা. জাহিদ

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসায় ‘রেসপন্স’ (সাড়া দিচ্ছেন) করছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক এবং মেডিক্যাল বোর্ডের সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

বুধবার (১০ ডিসেম্বর) রাত পৌনে ৯টার দিকে এভারকেয়ার হাসপাতালের সামনে বেগম জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে সাংবাদিকদের ব্রিফ করার সময় তিনি এ কথা বলেন।

ডা. জাহিদ বলেন, ‘বেগম খালেদা জিয়া আইসিইউতে চিকিৎসাধীন। তাকে যে চিকিৎসা দেওয়া হচ্ছে তিনি তা গ্রহণ করছেন এবং চিকিৎসায় রেসপন্স করছেন। 

তিনি আরো বলেন, ‘তার উন্নত চিকিৎসা নিশ্চিত করতে দেশি-বিদেশি চিকিৎসকরা কাজ করে যাচ্ছেন। একজন সংকটাপন্ন রোগীর জন্য সর্বোচ্চ যে চিকিৎসা প্রয়োজন, সেটিই তাকে দেওয়া হচ্ছে।’

এ সময় গণমাধ্যমগুলোর মাধ্যমে তিনি দেশের জনগণকে বার্তা দেন, অনেকেই সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন কথা বলছেন। আমরা বিনীতভাবে অনুরোধ করতে চাই, খালেদা জিয়ার মতো এমন একজন নেত্রীর স্বাস্থ্য সম্পর্কে মানুষের জানার আগ্রহ থাকাটাই স্বাভাবিক।

কিন্তু কোনো অবস্থাতেই যেন আমরা আমাদের আবেগ-অনুভূতি প্রকাশ করতে গিয়ে অতিরিক্ত তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি না করি। তিনি আইসিইউতে চিকিৎসাধীন আছেন এবং একজন সংকটাপন্ন রোগীর জন্য যে সর্বোচ্চ চিকিৎসা প্রয়োজন, তিনি সেই চিকিৎসাই পাচ্ছেন। কোনো গুজবে কান না দেওয়ার জন্য সবার প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি।
সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘দেশের মানুষের খালেদা জিয়ার প্রতি ভালোবাসা, উৎকণ্ঠা এবং শ্রদ্ধাবোধ রয়েছে।

দেশের মানুষ বেগম খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা জানতে চায়, সেই কারণেই আমরা এসেছি। তবে মনে রাখতে হবে, তিনি একজন রোগী; তার কিছু নিজস্ব ইথিক্যাল রাইটস বা নৈতিক অধিকার রয়েছে। আমি ইচ্ছা করলেই চিকিৎসক হিসেবে সব কিছু প্রকাশ্যে বলে দিতে পারি না, মেডিক্যাল সায়েন্স তা অনুমতি দেয় না।’ 

তিনি আরো বলেন, “আপনাদের আশ্বস্ত করতে চাই, তাকে (খালেদা জিয়া) যে চিকিৎসা দেওয়া হচ্ছে, তিনি তা আগের মতোই গ্রহণ করতে পারছেন। মেডিক্যাল সায়েন্সের ভাষায় বলতে গেলে, ‘শি ক্যান কন্টিনিউ অন মেনটেইন হার ট্রিটমেন্ট’ অর্থাৎ তিনি তার চিকিৎসা অব্যাহত রাখতে বা স্থিতিশীলভাবে চালিয়ে যেতে পারছেন।

আসিফ ও মাহফুজের পদত্যাগপত্র গ্রহণ করেছেন প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করলেন মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বুধবার সন্ধ্যায় তারা প্রধান উপদেষ্টার কার্যালয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন।

বিকেল ৫টা নাগাদ তারা প্রধান উপদেষ্টার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম। আজ সন্ধ্যা সোয়া ৬টার দিকে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রেসসচিব।

জুলাই গণ-অভ্যুত্থানে সম্মুখসারিতে থেকে নেতৃত্ব দেওয়া এই দুই ছাত্রনেতার পদত্যাগপত্র গ্রহণের পর প্রধান উপদেষ্টা তাদের ভবিষ্যৎ জীবনের মঙ্গল কামনা করে বলেন, ‘অভ্যুত্থানে নেতৃত্ব দিয়ে তোমরা যেভাবে জাতিকে ফ্যাসিবাদী শাসন থেকে মুক্তির পথে অবদান রেখেছ, তা জাতি মনে রাখবে। আমি বিশ্বাস করি, ভবিষ্যতেও গণতান্ত্রিক উত্তরণ ও বিকাশে তোমরা একইভাবে সক্রিয় ভূমিকা রাখবে।’

প্রধান উপদেষ্টা আরো বলেন, ‘আজ একটি ঐতিহাসিক দিন। অন্তর্বর্তীকালীন সরকার সব সময় তোমাদের অবদান স্মরণ করবে।

আমি তোমাদের সুন্দর ও শুভ ভবিষ্যৎ কামনা করি। এত অল্প সময়ে তোমরা জাতিকে যা দিয়েছ, তা জাতি কখনো ভুলবে না।’

তিনি বলেন, ‘এটি একটি রূপান্তর মাত্র। আমি আশা করি, আগামীতে বৃহত্তর পরিমণ্ডলে তোমরা আরো বড় অবদান রাখবে।

নিজেদের কর্মের মাধ্যমে দেশের মঙ্গলে নিয়োজিত থাকার আহ্বান জানিয়ে দুই ছাত্রনেতার উদ্দেশে প্রধান উপদেষ্টা আরো বলেন, ‘সরকারে থেকে যে অভিজ্ঞতা তোমরা অর্জন করেছ, তা ভবিষ্যৎ জীবনে অবশ্যই কাজে লাগাতে হবে।’

ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে দুই উপদেষ্টার পদত্যাগপত্র কার্যকর হবে বলে জানিয়েছেন প্রেসসচিব। তিনি বলেন, ‘আমি যতটুকু জানি, তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে তাদের পদত্যাগপত্র কার্যকর হবে।’

নির্বাচন নিয়ে করা সাংবাদিকের প্রশ্নের প্রেসসচিব বলেন, ‘আমরা বলে আসছি ফেব্রুয়ারির প্রথমার্ধে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।’

গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পর ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়।

এই সরকারে জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের প্রতিনিধি হিসেবে তিনজন জায়গা পান।

এর মধ্যে নাহিদ ইসলাম তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় পান। আসিফ মাহমুদ যুব ও ক্রীড়া মন্ত্রণায়ের দায়িত্ব পান। পরে উপদেষ্টাদের দায়িত্ব পুনর্বণ্টনে আসিফ মাহমুদকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পাশাপাশি শ্রম মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়।

অন্যদিকে মাহফুজ আলম শুরুতে উপদেষ্টা পদমর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হন। পরে উপদেষ্টাদের দায়িত্ব পুনর্বণ্টনে আসিফ মাহমুদ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পাশাপাশি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পান।

উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করে নতুন রাজনৈতিক দল এনসিপির দায়িত্ব নেন নাহিদ ইসলাম। পরে তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পান মাহফুজ আলম।

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দু’জনের মৃত্যু, হাসপাতালে ৫১৬

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দু’জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে ৫১৬ জন ডেঙ্গুরোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪৯ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৯৬ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৯৬ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১২৭ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৭৫ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ছয়জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৮ জন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩১ জন, রংপুর বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) পাঁচজন, সিলেট বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) তিনজন রয়েছেন।

২৪ ঘণ্টায় ৫৪০ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে এ যাবৎ মোট ৯৫ হাজার ৭৪৪ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

চলতি বছরের ৭ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৯৭ হাজার ৮২৯ জন। এর মধ্যে ৬২ দশমিক ৪ শতাংশ পুরুষ এবং ৩৭ দশমিক ৬ শতাংশ নারী রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। চলতি বছরে এ যাবৎ ডেঙ্গুতে মোট ৩৯৬ জনের মৃত্যু হয়েছে।

সামনে অনেক কঠিন সময় অপেক্ষা করছে, ষড়যন্ত্র হচ্ছে : তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমাদের সামনের সময়গুলো ভালো নয়, কঠিন সময় অপেক্ষা করছে, বিভিন্নভাবে বিভিন্নরকম ষড়যন্ত্র হচ্ছে।

রবিবার বিকেলে বিএনপি’র ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মসূচিতে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন অব বাংলাদেশ-এ কর্মসূচিটি অনুষ্ঠিত হয়।

তারেক রহমান বলেন, আজকে আমরা দেশ গড়ার পরিকল্পনা করছি। এই কাজটি যদি আমাদের সফল করতে হয়, দেশকে যদি সামনে নিয়ে যেতে হয়, মানুষকে যদি তার অবস্থান পরিবর্তন করে ভালো অবস্থানে নিতে হয়, তাহলে আমাদের সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আমি গত প্রায় এক বছরের বেশি সময় থেকে বলে আসছি আমাদের সামনের সময়গুলো কিন্তু খুব ভালো নয়, সামনে অনেক কঠিন সময় অপেক্ষা করছে আমাদের জন্য। বিভিন্নভাবে বিভিন্নরকম ষড়যন্ত্র হচ্ছে। এই ষড়যন্ত্র রুখে দিতে পারে এই দেশের জনগণ এবং এই ষড়যন্ত্র জনগণকে সাথে নিয়ে রুখে দিতে পারে বিএনপি।

আলাস্কা-কানাডা সীমান্তে ৭.০ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

আলাস্কা ও কানাডার ইউকন অঞ্চলের সীমান্তের কাছে শনিবার (৬ ডিসেম্বর) একটি প্রত্যন্ত অঞ্চলে ৭.০ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। কর্মকর্তারা জানিয়েছেন, তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা আহত হওয়ার খবর পাওয়া যায়নি এবং সুনামির কোনো সতর্কতা জারি করা হয়নি।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য অনুযায়ী, ভূমিকম্পটি আলাস্কার জুনাউ থেকে প্রায় ২৩০ মাইল (৩৭০ কিলোমিটার) উত্তর-পশ্চিমে এবং ইউকনের হোয়াইটহর্স থেকে ১৫৫ মাইল (২৫০ কিলোমিটার) পশ্চিমে আঘাত হেনেছে।

হোয়াইটহর্সে রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশের সার্জেন্ট ক্যালিস্টা ম্যাকলিওড জানান, তাদের ডিটাচমেন্ট দুটি ৯১১ কল পেয়েছে এবং অনেক মানুষ সোশ্যাল মিডিয়ায় ভূমিকম্প অনুভব করার কথা জানিয়েছে।

ন্যাচারাল রিসোর্সেস কানাডার ভূকম্পবিদ অ্যালিসন বার্ড বলেন, ইউকনের যে অংশে সবচেয়ে বেশি ভূমিকম্প অনুভূত হয়েছে তা পাহাড়ি এবং এখানে লোকসংখ্যা কম। বেশিরভাগ মানুষ জানিয়েছে, তাক থেকে জিনিসপত্র পড়ে গেছে, তবে কোনো বড় কাঠামোগত ক্ষতির খবর নেই।

ফের প্রেমে পড়ব ভাবিনি : আমির খান

প্রথমে ভালোবেসে রিনা দত্তকে বিয়ে করেছিলেন, একটা সময় পর গিয়ে আলাদা হয়ে যান। এরপর বিয়ে করে কিরণ রাওকে। আমির খানের সে বিয়েও টেকেনি। কিরণের সঙ্গে তার বিচ্ছেদের ঘটনা চমকে দিয়েছিল সবাইকে।

এরপর হাঁটুর বয়সী নায়িকা ফাতিমা সানা শেখের সঙ্গে আমিরের প্রেমচর্চা ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে।
সময়ের সঙ্গে সেই জল্পনার রেশ কাটতেই ফের আমিরি ধামাকা। অভিনেতা সামনে আনেন নিজের প্রেমিকা গৌরী স্প্র্যাটকে। দুই বছরেরও বেশি সময় ধরে সম্পর্কে রয়েছেন আমির-গৌরী।

হিন্দুস্তান টাইমস লিডারশিপ সামিট ২০২৫-এ উপস্থিত হয়ে অভিনেতা তার প্রেম জীবন সম্পর্কে খোলামেলা কথা বললেন।

শুধু গৌরী নয়, তার দুই প্রাক্তন স্ত্রী কিরণ রাও এবং রীনা দত্তকে নিয়েও অকপট আমির।

আলাপচারিতায় আমির তার প্রাক্তন স্ত্রীদের সঙ্গে আন্তরিক সম্পর্ক বজায় রাখার কথা জানান এবং বলেন, ‘এটা প্রমাণ করে যে আমরা ভালো মানুষ। রিনা একজন অসাধারণ মানুষ।

আমরা স্বামী এবং স্ত্রী হিসাবে আলাদা হয়ে গিয়েছিলাম, তবে এর অর্থ এই নয় যে আমরা মানুষ হিসাবে আলাদা হয়ে গিয়েছিলাম। আমার হৃদয়ে তার প্রতি অনেক ভালোবাসা ও শ্রদ্ধা রয়েছে। আমি তার সঙ্গে বড় হয়েছি; তিনি একজন চমৎকার মানুষ। আমরা যখন আলাদা হয়ে গেলাম, তখন আমরা মানুষ হিসেবে আলাদা হইনি। কিরণের ক্ষেত্রেও একই অবস্থা।
তিনি একজন আশ্চর্যজনক ব্যক্তি, এবং আমরা স্বামী এবং স্ত্রী হিসাবে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি, তবে আমরা পরিবার। রিনা, তার বাবা-মা, কিরণ এবং তার বাবা-মা এবং আমার বাবা-মা, আমরা সবাই আসলে একটি পরিবার।’
দুই বিচ্ছেদের পর আবারও প্রেম খুঁজে পান আমির। চলতি বছরের শুরুতে নিজের ৬০তম জন্মদিনে প্রেমিকা গৌরীর সঙ্গে মিডিয়ার পরিচয় করিয়ে দিয়েছিলেন।

তিনি আবার সম্পর্কে জড়িয়ে পড়বেন বলে ভেবেছিলেন কিনা এই ব্যাপারে জানতে চাওয়া হলে তখন আমির বলেন, ‘না, আমি ভাবিনি। আমি এমন একটি পর্যায়ে পৌঁছেছিলাম যেখানে আমি ভেবেছিলাম যে আমি সম্ভবত এমন কাউকে খুঁজে পাব না যে আমার সঙ্গী হতে পারে। আমি এটা আশা করিনি। গৌরী আমার জীবনে স্থিরতা নিয়ে এসেছে। তিনি সত্যিই একজন আশ্চর্যজনক ব্যক্তি, এবং আমি তার সাথে দেখা করতে পেরে খুব ভাগ্যবান। আমি খুব সৌভাগ্যবান যে আমার বিয়ে না টিকলেও আমার জীবনে আমি রীনা, কিরণ এবং এখন গৌরীর সাথে দেখা করতে পেরেছি, আমি খুব খুশি। ব্যক্তি হিসাবে আমার জন্য খুব বড় অবদান রেখেছে তারা এবং আমি তাদের বিভিন্ন উপায়ে দেখি’।

অনেকেই হয়তো জানেন না, ভালোবেসে ১৯ বছরের রিনাকে বিয়ে করেছিলেন বছর ২১-এর আমির। তাদের প্রেম কাহিনি কোনও ফিল্মের গল্পের চেয়ে কম রোমাঞ্চক নয়। পাশের বাড়ির মেয়ে রিনার সৌন্দর্যে ছেলেবেলা থেকেই বুঁদ ছিলেন আমির। ঠায় জানলার ধারে ওত পেতে বসে থাকতেন রিনার এক ঝলক পাওয়ার জন্য।

১৯৮৬ সালে বিয়ে হয়েছিল রিনা-আমিরের। ২০০২ সালে ১৬ বছর দীর্ঘ দাম্পত্যে ইতি টানেন দুজনে। তাদের দুই সন্তান ইরা খান ও জুনাইদ খান। পরবর্তীতে পরিচালক কিরণ রাও-কে বিয়ে করেন আমির, তবে ২০২১ সালে সকলকে অবাক করে ডিভোর্সের কথা জানান তারা।

জাতীয় নির্বাচনের দিন সাধারণ ছুটি

চলতি সপ্তাহেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে জানিয়ে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, ভোটের দিন সাধারণ ছুটি থাকবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল, গণভোট এবং ভোটের আগে-পরে নানা বিষয় নিয়ে পর্যালোচনা বৈঠক শেষে এ কথা জানান তিনি।

বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, সোমবার বিটিভিকে চিঠি দেওয়া হবে তফসিল রেকর্ড করার জন্য। যেদিন তফসিল ঘোষণা হবে সেদিন সন্ধ্যায় মাঠ পর্যায়ে মিটিং হবে।

আচরণবিধি প্রতিপালনে তফসিল ঘোষণার দিন থেকে প্রতিটি উপজেলায় দুজন করে ম্যাজিস্ট্রেট থাকবে। ভোটের পাঁচ দিন আগে ম্যাজিস্ট্রেট বাড়ানো হবে।
ভোটের দিন সাধারণ ছুটি থাকবে জানিয়ে তিনি বলেন, ব্যাংক, পোস্ট অফিস খোলা থাকবে ইসির প্রয়োজন অনুযায়ী। তফসিলের পর নতুন কোনো প্রকল্প অনুমোদন করতে পারবে না উপদেষ্টা পরিষদ।