Home Blog Page 242

মাওলানা ভাসানীর মাজার জিয়ারত দিয়ে শুরু হবে তারেক রহমানের সফর

০

দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত অধ্যায়ের অবসানের পর রাজনীতির মাঠে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশে ফেরার পর এই প্রথম রাজধানীর বাইরে সফরে বের হচ্ছেন তিনি। আগামী ১১ জানুয়ারি জন্মভূমি বগুড়ার উদ্দেশে যাত্রার শুরুতেই টাঙ্গাইলে থামবেন তারেক রহমান। সেখানে তিনি মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত করবেন এবং দোয়া মাহফিলে অংশ নেবেন।
বুধবার বিএনপির চেয়ারপারসনের কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির বিস্তারিত জানানো হয়।
দলীয় সূত্র অনুযায়ী, ১১ জানুয়ারি সকাল ৯ থেকে ১০টার মধ্যে ঢাকার বাসভবন থেকে সড়কপথে যাত্রা শুরু করবেন তারেক রহমান। দুপুর আনুমানিক ১টার দিকে তিনি টাঙ্গাইলে পৌঁছাবেন। সেখানে মাওলানা ভাসানীর মাজার জিয়ারত শেষে আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেবেন তিনি।
এই কর্মসূচিতে উপস্থিত থাকবেন বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক এবং টাঙ্গাইল-৫ (সদর) আসনে দলের মনোনীত সংসদ সদস্য প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকুসহ বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতারা।
ঢাকার বাইরে তারেক রহমানের এটিই প্রথম আনুষ্ঠানিক কর্মসূচি হওয়ায় টাঙ্গাইল জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। তার আগমন উপলক্ষে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইল অংশে নেতাকর্মী ও সাধারণ মানুষ তাকে স্বাগত জানাতে প্রস্তুতি নিচ্ছেন।
দলীয় নেতারা জানিয়েছেন, টাঙ্গাইল জেলার মির্জাপুর অংশ থেকেই তারেক রহমানকে বরণ করে নেওয়ার আয়োজন শুরু হয়েছে। একই সঙ্গে তার সফরকে কেন্দ্র করে নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।
এ বিষয়ে বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেন, দীর্ঘ ১৭ বছর পর দেশনায়ক তারেক রহমান দেশে ফিরে প্রথম জেলা সফর হিসেবে টাঙ্গাইলে আসছেন। এ সফরকে ঘিরে পুরো টাঙ্গাইলে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। ইনশাল্লাহ, সর্বোচ্চ সম্মানের সঙ্গে তাঁকে সংবর্ধনা জানাতে আমরা প্রস্তুত। টাঙ্গাইলবাসী অধীর আগ্রহে তাঁর আগমনের অপেক্ষায় রয়েছে।
তিনি আরও বলেন, তারেক রহমানের আগমন এবং দোয়া মাহফিল সফল করতে দলীয়ভাবে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

স্বেচ্ছাসেবক দল নেতাকে গুলি করে হত্যার ঘটনায় যা বললেন সালাহউদ্দিন

০

রাজধানীর কারওয়ান বাজারে ঢাকা মহানগর উত্তরের স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি করে হত্যার ঘটনাকে বিচ্ছিন্ন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।

এ সময় সালাহউদ্দিন আহমদ শঙ্কা প্রকাশ করে বলেন, পতিত ফ্যাসিবাদী শক্তি দেশের গণতান্ত্রিক যাত্রাকে ব্যাহত করতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে। তবে, এসব বিচ্ছিন্ন ঘটনা নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না। সব রাজনৈতিক দলই নির্বাচনের বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ, শেষ পর্যন্ত সফলভাবেই নির্বাচন অনুষ্ঠিত হবে।

নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে অন্য রাজনৈতিক দলের অভিযোগের বিষয়ে তিনি বলেন, লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে কারো কোনও অভিযোগ থাকলে ইসিকে জানাতে পারেন।

তারেক রহমানের উত্তরবঙ্গ সফর প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, অভ্যুত্থানে শহিদদের শ্রদ্ধা জানাতেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উত্তরবঙ্গ সফর করবেন। এ সফরে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের কোনো সুযোগ নেই। শহিদদের কবর জিয়ারত করা জাতির প্রত্যাশা।

তিনি আরও বলেন, বৃহৎ রাজনৈতিক দল হিসেবে অনেক যোগ্যকেই চূড়ান্ত মনোনয়ন দেয়া সম্ভব হয়নি। যারা বিদ্রোহী প্রার্থী হয়েছেন, তাদের অনেকের বিরুদ্ধে সাংগঠনিক ব্যাবস্থা নেয়া হয়েছে। এরপরও প্রয়োজনে আলাপ আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, গতকাল বুধবার (৭ জানুয়ারি) রাত ৮টায় রাজধানীর বসুন্ধরা মার্কেটের পেছনে তেজতুরী বাজার এলাকায় অজ্ঞাতপরিচয় বন্দুকধারীরা আজিজুর রহমান মুসাব্বিরসহ দুজনকে গুলি করে। তাদের উদ্ধার করে প্রথমে বিআরবি হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মোসাব্বিরকে মৃত ঘোষণা করেন।

পাসপোর্ট এনডোর্সমেন্ট ফি নিয়ে নতুন নির্দেশনা

০

বিদেশগামী বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টে বৈদেশিক মুদ্রা এনডোর্সমেন্ট করতে লাইসেন্সপ্রাপ্ত মানি চেঞ্জাররা সর্বোচ্চ ৩০০ টাকা ফি নিতে পারবেন। এনডোর্সমেন্টের পরিমাণ বেশি হলেও ফি একই থাকবে।

বুধবার (৭ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ এ বিষয়ে একটি নির্দেশনা জারি করেছে।

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, জিএফইটি ২০১৮-অনুযায়ী মানি চেঞ্জাররা বিদেশগামী বাংলাদেশি নাগরিকদের বার্ষিক ভ্রমণ ভাতার আওতায় বিদেশি নোট, কয়েন ও ট্রাভেলার্স চেক বিক্রি করতে পারবেন। যাত্রীর পাসপোর্ট ও বিমান টিকিটে সংশ্লিষ্ট কর্মকর্তার সিল ও স্বাক্ষর দিয়ে এনডোর্সমেন্ট করতে হবে। মানি চেঞ্জাররা অবশ্যই তাদের ব্যবসা প্রতিষ্ঠানের দৃশ্যমান স্থানে এনডোর্সমেন্ট ফি সর্বোচ্চ ৩০০ টাকা এ তথ্য স্পষ্টভাবে প্রদর্শন করতে হবে।

নির্দেশনায় আরও বলা হয়, গ্রাহকের কাছ থেকে ফি নেওয়ার পর রসিদ দিতে হবে। আদায় করা ফির সঠিক রেকর্ড সংরক্ষণ করতে হবে। আগে জারি করা অন্যান্য সার্কুলারের নির্দেশনা অপরিবর্তিত থাকবে।

গ্যাসের সংকট নিয়ন্ত্রণে জ্বালানি বিভাগের জরুরি পদক্ষেপ!

দেশে চলমান তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) তীব্র সংকট মোকাবিলায় জ্বালানি বিভাগ পাঁচটি বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে। সরকারের এই উদ্যোগের ফলে এলপিজি আমদানি বৃদ্ধি এবং সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশা করা হচ্ছে। তবে এরই মধ্যে এলপিজি ব্যবসায়ীরা দেশব্যাপী ধর্মঘটের ডাক দিয়েছেন, যার ফলে বেশ কিছু জেলায় সিলিন্ডার বিক্রি বন্ধ রয়েছে।

বাজারে এলপিজির পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে জ্বালানি বিভাগ যে পদক্ষেপগুলো নিয়েছে তার মধ্যে অন্যতম হলো এলপিজি আমদানির এলসি খোলার প্রক্রিয়া সহজ করতে বাংলাদেশ ব্যাংককে অনুরোধ জানানো। এছাড়া আমদানি পর্যায়ে ভ্যাট ১৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করা এবং উৎপাদন পর্যায়ে বিদ্যমান সাড়ে ৭ শতাংশ ভ্যাট সম্পূর্ণ প্রত্যাহারের জন্য জাতীয় রাজস্ব বোর্ডকে চিঠি দেওয়া হয়েছে। এলপিজি আমদানির পরিমাণ বৃদ্ধির অনুমতি পেতে ওমেরা, মেঘনা, যমুনা, ইউনাইটেড ও ডেল্টা এলপিজি কোম্পানির আবেদনের বিষয়ে অনাপত্তি জানিয়ে বিইআরসিকে নির্দেশনা দেওয়া হচ্ছে।

একই সঙ্গে বাজারে কৃত্রিম সংকট রোধে জেলা ও উপজেলা পর্যায়ে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য মন্ত্রিপরিষদ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়েছে। এছাড়া আমদানিকৃত গ্যাসের প্রকৃত মজুদ এবং সাপ্লাই চেইনের অবস্থা যাচাই করতে মন্ত্রণালয় থেকে একটি বিশেষ দল চট্টগ্রাম ও মোংলা বন্দরের স্টোরেজগুলো পরিদর্শন করবে।

সরকারের এসব উদ্যোগের মধ্যেই আজ বৃহস্পতিবার সকাল থেকে সারাদেশে এলপিজি সিলিন্ডার বিক্রি ও সরবরাহ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড। তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এই ধর্মঘট চলবে বলে জানানো হয়েছে। এর ফলে ঢাকা, গাজীপুর এবং সিলেট বিভাগের জেলাগুলোতে সিলিন্ডার সরবরাহ বন্ধ হয়ে পড়েছে। যদিও দেশের অন্যান্য কিছু জেলায় এখনও সীমিত পরিসরে বিক্রি চলছে।

বিকেলে বিইআরসির কর্মকর্তাদের সঙ্গে আন্দোলনরত ব্যবসায়ীদের একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। ওই বৈঠকের সিদ্ধান্তের ওপর ভিত্তি করে ধর্মঘট প্রত্যাহার বা চালিয়ে যাওয়ার ঘোষণা দেবেন ব্যবসায়ীরা। আমদানিকারকরা জানিয়েছেন যে আমদানি প্রক্রিয়া শুরু হলেও সরবরাহ পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে আরও কিছুটা সময় প্রয়োজন।

জ্বালানি বিভাগের কর্মকর্তাদের মতে, আমদানির অনুমোদন এবং শুল্ক কমানোর মতো বিষয়গুলো কার্যকর হলে বাজারে গ্যাসের দামও কিছুটা কমতে পারে। মূলত একটি জাতীয় দৈনিকে এলপিজি আমদানির জটিলতা নিয়ে প্রতিবেদন প্রকাশের পর সরকার দ্রুত এই সমস্যা সমাধানে তৎপর হয়েছে।

বাড়ি কিনতে মিলবে ৪ কোটি টাকার ব্যাংক ঋণ

০

নির্মাণসামগ্রীর মূল্যবৃদ্ধি এবং রিয়েল এস্টেট খাতে ক্রমবর্ধমান চাহিদার বিষয়টি বিবেচনায় নিয়ে আবাসন ঋণের সর্বোচ্চ সীমা পুনর্নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক।

মঙ্গলবার (৬ জানুয়ারি) কেন্দ্রীয় ব্যাংক একটি সার্কুলার জারি করে ভোক্তা ঋণ সংক্রান্ত প্রুডেনশিয়াল রেগুলেশনের ২৩ নম্বর বিধি সংশোধন করেছে।

সার্কুলার অনুযায়ী, কোনো একক গ্রাহককে ব্যাংক সর্বোচ্চ কত টাকা আবাসন ঋণ দিতে পারবে, তা এখন সংশ্লিষ্ট ব্যাংকের বিদ্যমান আবাসন ঋণ পোর্টফোলিও ব্যবস্থাপনার সক্ষমতার সঙ্গে সরাসরি যুক্ত করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়- যেসব ব্যাংকের শ্রেণিকৃত (খেলাপি) আবাসন ঋণ ৫ শতাংশ বা তার কম, তারা সর্বোচ্চ ৪ কোটি টাকা পর্যন্ত ঋণ দিতে পারবে। যেসব ব্যাংকের শ্রেণিকৃত আবাসন ঋণ ৫ শতাংশের বেশি কিন্তু ১০ শতাংশের মধ্যে, তারা সর্বোচ্চ ৩ কোটি টাকা পর্যন্ত ঋণ অনুমোদন করতে পারবে। আর যেসব ব্যাংকের শ্রেণিকৃত আবাসন ঋণ ১০ শতাংশের বেশি, তারা সর্বোচ্চ ২ কোটি টাকা পর্যন্ত ঋণ দিতে পারবে।

এবার মিনিটে ৫ ডলার আয়ের সুযোগ!

০

আমেরিকান ডিজিটাল ব্যাংকিং সার্ভিস ‘প্রিয় পে’ নতুন ফ্রিল্যান্সারদের জন্য একটি অনন্য উদ্যোগ নিয়েছে। প্রতিষ্ঠানটি প্রতি মিনিটের ভিডিওর জন্য ৫ ডলার আয় করার সুযোগ দিচ্ছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নতুন ফ্রিল্যান্সাররা ফ্রিল্যান্সিং বিষয়ক টিপস এবং ট্রিকস নিয়ে ৫ থেকে ১৫ মিনিটের ভিডিও তৈরি করে business@priyo.com
মেইলে পাঠাতে পারবেন। ভিডিও প্রকাশিত হলে প্রত্যেক মিনিটের জন্য ৫ ডলার আয় পাওয়া যাবে। অর্থাৎ, ৫ মিনিটের ভিডিও হলে ২৫ ডলার, ১৫ মিনিটের ভিডিও হলে ৭৫ ডলার। ভিডিওটি অবশ্য অবশ্যই নতুন হতে হবে এবং পূর্বে অন্য কোনো প্ল্যাটফর্মে প্রকাশ করা যাবে না।

প্রতিষ্ঠানটি ভিডিও তৈরির ক্ষেত্রে নিম্নলিখিত বিষয়গুলোতে গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়েছে:

ফ্রিল্যান্সিং শেখার সঠিক বিষয় ও দক্ষতা

ফাইবারে অ্যাকাউন্ট খোলা ও কাজ পাওয়া

ফাইবার গিগ এবং কাজের সহজে সুযোগ পাওয়া টিপস

ভিডিওতে কোন ধরনের ভুল এড়ানো উচিত

প্রিয় পে’র এ উদ্যোগ নতুন ফ্রিল্যান্সারদের জন্য ডিজিটাল আয়ের সরাসরি সুযোগ হিসেবে বিবেচিত হচ্ছে।

আদা-রসুনের পেস্ট ৬ মাসও সতেজ থাকবে এই ট্রিকস মানলে

রোজকার রান্নায় যেসব উপকরণ অত্যন্ত প্রয়োজনীয় তার মধ্যে অন্যতম হলো আদা-রসুন। আদা আর রসুন ছিলে বাটা বা ব্লেন্ড করা বেশ সময়সাপেক্ষ কাজ। তাই বেশিরভাগ গৃহিণীই একসঙ্গে অনেক পরিমাণে আদা-রসুন পেস্ট তৈরি করে রাখেন।

সমস্যা হলো অনেকসময় কিছুদিনের মধ্যে এই মিশ্রণ নষ্ট হয়ে যায়। ফ্রিজে না রাখলে কিংবা সঠিক নিয়মে সংরক্ষণ না করলে এমনটা হতে পারে। ছোট্ট একটি ট্রিকস কাজে লাগালে ৬ মাসেও আদা-রসুনের পেস্ট থাকবে একদম সতেজ। চলুন বিস্তারিত জেনে নিই-

আদা-রসুন পেস্ট সংরক্ষণ করার জন্য তার গুণগত মান ভালো হওয়াটাও জরুরি। বাজার থেকে আদা ও রসুন কেনার সময় খেয়াল রাখবেন যেন সেগুলো একেবারে টাটকা হয়।

প্রথমে আদার খোসা ভালো করে ছাড়িয়ে টুকরো করে কেটে নিন। বেশি ছোট টুকরো করার প্রয়োজন নেই।

রসুনের খোসা ছাড়িয়ে কোয়াগুলো আলাদা করে নিন। মনে রাখবেন, রসুনের মুখ কেটে পানিতে ফেলে দিলে, খোসা ছাড়ানো অনেকটা সহজ হয়ে যায়।

আদা আর রসুন সমান পরিমাণে নিন, চাইলে রসুন একটু বেশি নিতেও পারেন। এবার সবটা ভালো করে ব্লেন্ডারে পেস্ট করে নিন। চাইলে পাটায়ও বেঁটে নিতে পারেন।

এবার আসল কাজ করতে হবে। ওই পেস্ট চামচের সাহায্যে আইস ট্রেতে ভরে দিন। এরপর আইস ট্রেটি প্লাস্টিক র‍্যাপ দিয়ে ভালো করে ঢেকে ১২ ঘণ্টার জন্য ফ্রিজারের মধ্যে রেখে দিন।

আদা-রসুনের পেস্ট জমে গেলে আইস কিউবগুলো বের করে একটি প্লাস্টিক ব্যাগে ভরে ফ্রিজে রেখে দিন। যখনই দরকার হবে, প্রয়োজন অনুযায়ী কয়েকটি কিউব বের করে ব্যবহার করতে পারবেন। এইভাবে আদা-রসুনের পেস্ট প্রায় ৬ মাস পর্যন্ত সংরক্ষণ করা যায়।

আর যদি এই পেস্ট এয়ারটাইট কন্টেনারে রেখে তার উপর ৩–৪ চামচ ভিনেগার ঢেলে দেন, তাহলে এটি ৬ মাসেরও বেশি সময় ভালো থাকবে। এতে পেস্টের রং একটু বদলাতে পারে, কিন্তু দীর্ঘদিন পর্যন্ত টাটকা থাকবে।

শীতে খালি পেটে খেজুর খেলেই ম্যাজিক!

শীতকাল মানেই শরীরের ঠাণ্ডা এবং ক্লান্তি। এই সময় শরীরকে শক্তি ও উষ্ণতা জোগানোর জন্য খেজুর হতে পারে এক প্রাকৃতিক উপায়। সারাবছর পাওয়া যায় এমন এই ফল শরীরের জন্য উপকারী নানা পুষ্টিগুণে ভরপুর।

ডায়েটিশিয়ানরা বলছেন, শীতকালে প্রতিদিন খেজুর খেলে শরীর ভেতর থেকে উষ্ণ থাকে, দ্রুত শক্তি যোগায়, হজম প্রক্রিয়া উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে। খেজুরে থাকা ভিটামিন, মিনারেল এবং ফাইবার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায়।

শীতকালে খেজুর খাওয়ার উপকারিতা:

শক্তি ও উষ্ণতা: খেজুরে থাকা প্রাকৃতিক শর্করা যেমন গ্লুকোজ, ফ্রুক্টোজ ও সুক্রোজ শরীরে দ্রুত শক্তি যোগায় এবং শীতের সময় ভেতর থেকে গরম রাখে।

হজম ও কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ: ফাইবার সমৃদ্ধ খেজুর হজম প্রক্রিয়াকে উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্য কমাতে সাহায্য করে।

রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি: ভিটামিন ও মিনারেলসমৃদ্ধ খেজুর শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং সংক্রমণের ঝুঁকি কমায়।

ত্বকের স্বাস্থ্য: ভিটামিন-সি, ভিটামিন-কে এবং অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর খেজুর ত্বকের আর্দ্রতা বজায় রাখতে, শুষ্কতা কমাতে এবং বলিরেখা প্রতিরোধে সাহায্য করে।

মস্তিষ্কের কার্যকারিতা: ফ্ল্যাভোনয়েড এবং ভিটামিন বি৬ মস্তিষ্কের কার্যকারিতা বাড়ায় এবং মেজাজ ভালো রাখতে সহায়ক।

হাড়ের স্বাস্থ্য: ক্যালসিয়াম ও ফসফরাস হাড় মজবুত করতে সাহায্য করে।

রক্তচাপ নিয়ন্ত্রণ: ফাইবারসমৃদ্ধ খেজুর রক্তে শর্করার শোষণ ধীর করে এবং রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করতে পারে। ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে খেজুর খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

কতটা খাবেন?
প্রতিদিন ৩-৫টি খেজুর খাওয়া যথেষ্ট। এতে প্রচুর চিনি ও ক্যালোরি থাকে, তাই অতিরিক্ত খাওয়া ওজন বাড়াতে বা রক্তে শর্করার মাত্রা বাড়াতে পারে।

কীভাবে খাওয়া যায়?
শীতের সকালে খালি পেটে বা দুধের সাথে খেলে সারাদিনের জন্য শক্তি পাওয়া যায়। এছাড়াও খিদে পেলে অস্বাস্থ্যকর স্ন্যাকসের পরিবর্তে খেজুর খেতে পারেন।

আমার হৃদয় এই শীতের চেয়েও ঠান্ডা : সাদিয়া আয়মান

০

শীতে পানিতে নেমে তাও আবার জলকেলিতে মেতে ওঠার চিন্তা কয়জনই বা করে। এবারের শীত যেন হার মানল অভিনেত্রী সাদিয়া আয়মানের কাছে। সুইমিং পুল থেকে সদ্য নিজেকে ধরা দিয়ে জানালেন, তার হৃদয় নাকি এই শীতের চেয়েও ঠান্ডা। ছোট পর্দা থেকে সিনেমা, বর্তমান সময়ের জনপ্রিয় মুখ সাদিয়া আয়মান। অভিনয়গুণের পাশাপাশি রূপ-ফ্যাশনেও ভক্তদের মন জয় করেছেন। সামাজিক মাধ্যমে নিয়মিত ছবি শেয়ার করেন, নিজের নানা মুহূর্ত ভক্তদের মাঝে ভাগ করে নেন।
সদ্য নিজের ফেসবুক পেজে একগুচ্ছ ছবি প্রকাশ করে আবারও আলোচনায় এলেন এই অভিনেত্রী। দেখা যায়, একটি সি ভিউ হোটেলের সুইমিংপুলে কাটাচ্ছেন সাদিয়া আয়মান। এ সময় বেশ ফুরফুরে মেজাজেই ছিলেন অভিনেত্রী। পরনে গোলাপি টি শার্ট, চোখে রোদচশমা। নীল আকাশ, সঙ্গে তার উচ্ছল ভঙ্গি তার সৌন্দর্যের মাত্রা বাড়িয়ে দেয়।
সাদিয়া তার এই ছবির ক্যাপশনে লিখেছেন, আমার হৃদয় এই শীতের চেয়েও ঠান্ডা। বর্তমানে তীব্র শীতের আমেজ চললেও তার এই জলকেলির ছবি দেখে ভক্তরা নানা ধরনের মন্তব্য করেছেন। একজন মজা করে লিখেছেন, তোমার রূপে শীত পালিয়েছে। আরেকজন সন্দেহ করে লেখেন, এটা গরমের সময়ের ছবি না তো?
এর আগে ব্রাইডাল ফটোশূটে লাল বেনারসিতে রাজকীয় সাজে ভক্তদের চমকে দিয়েছিলেন সাদিয়া। তবে শুধু রূপের মোহ নয়, অভিনয়গুণে নিজেকে অন্য মাত্রায় নিয়ে গেছেন অভিনেত্রী। ২০২৫-এর ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত ‘উৎসব’ সিনেমায় তার অভিনয় ব্যাপক সাড়া ফেলে। এ ছাড়াও গত বছর মুক্তি পাওয়া ‘দেরি করে আসবেন’, ‘খুঁজি তোকে’, ‘মেঘ বৃষ্টি রোদ্দুর’ ও ‘প্লিজ গো’ নাটকেও তার অভিনয় প্রশংসিত হয়েছে।

তারকাদের উপস্থিতিতে শিশুদের শীতবস্ত্র বিতরণ

০

দেশের তারকা শিল্পীদের উপস্থিতিতে শিশুদের স্কুলের পোশাক ও শীতবস্ত্র বিতরণ করা হয় রাজধানীর শ্যামলীর এসওএস চিলড্রেন ভিলেজে সোমবার। আনন্দমেলা লস অ্যাঞ্জেলস কমিটির সৌজন্যে ছায়াতল বাংলাদেশের আয়োজনে দেড় শতাধিক শিশুর মাঝে এটা বিতরণ করা হয়। যুক্তরাষ্ট্রে বসবাসরত আনন্দ মেলার প্রতিষ্ঠাতা খান মোহাম্মদ আলী উদ্যোগে এ আয়োজন করা হয়। এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন জনপ্রিয় সংগীতশিল্পী ও বিসিবির পরিচালক আসিফ আকবর। বিশেষ অতিথি ছিলেন দেশের জনপ্রিয় অভিনেতা মিশা সওদাগর।

এ ছাড়াও আরও উপস্থিত ছিলেন ঢালিউড অ্যাওয়ার্ডের কর্ণধার আলমগীর খান আলম, সংগীতশিল্পী কিশোর দাস, উপস্থাপিকা নীল হুরেজাহান, সংগীতশিল্পী জয়, লিলিন, মিথিলা, রিয়া, নাট্যনির্মাতা সাজিন আহমেদ বাবুসহ অনেকে। খান মোহাম্মদ আলী বলেন, বিগত বেশ কয়েক বছর ধরেই আনন্দমেলার পক্ষ থেকে ছায়াতল বাংলাদেশের আয়োজনে আমরা চেষ্টা করছি শিশুদের মাঝে স্কুলের পোশাক ও শীতবস্ত্র উপহার দিতে।
সমাজের সুবিধা বঞ্চিত শিশুদের জন্য আমাদের আরও বেশি বেশি কাজ করা উচিত। বিশেষত যারা দেশের বাইরে আছি তারা দেশের জন্য যতটুকুই পারি যার যার অবস্থানে থেকে সহযোগিতা করার চেষ্টা করব। তাতে আমাদের দেশেরই সার্বিক উন্নয়ন হবে।