Home Blog Page 250

রাজধানীতে আ.লীগ ও সহযোগী সংগঠনের ৩৪ নেতা-কর্মী গ্রেপ্তার

রাজধানীতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৩৪ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার ডিএমপির উপ-কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান এক ক্ষুদেবার্তায় এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, রাজধানীতে ঝটিকা মিছিল পরিকল্পনা, অর্থায়ন ও অংশগ্রহণকারী কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও ৩৪ নেতাকর্মী গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ধানমন্ডি ৩২ প্রাঙ্গণে বুলডোজার, জনতার ভিড়

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার দিন ধানমন্ডি ৩২ নম্বরে দুটি বুলডোজার আনা হয়েছে। এ সময় উৎসুক জনতাকে সেখানে ভিড় করতে দেখা গেছে।

সোমবার একদল তরুণ বুলডোজার দুটির সঙ্গে হেঁটে যান। তাদের মধ্যে উত্তেজনা লক্ষ্য করা গেছে। পরিচয় জানতে চাইলে তারা জানান, তারা বিভিন্ন ছাত্র সংগঠনের কর্মী।

এ সময় ‘লীগ ধর জেলে ভর’, ‘আওয়ামী লীগের ঠিকানা এই বাংলায় হবে না’, ‘৩২-এর আস্তানা এই বাংলায় হবে না’—এমন নানা স্লোগানে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। উত্তেজনাকর পরিবেশের কারণে ধানমন্ডি এলাকায় জনসাধারণের চলাচল সীমিত হয়ে গেছে।

এর আগে চলতি বছরের ৫ ফেব্রুয়ারি রাত ১১টার দিকে একটি বুলডোজার এসে গুঁড়িয়ে দেয় ৩২ নম্বরের বাড়ি। সেদিন একটি এক্সকাভেটরও আসে সেখানে। তারও আগে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ৩২ নম্বরের বাড়িটি আগুনে পুড়িয়ে দেয় ছাত্র-জনতা।

ভালোবাসা এখনো চিঠিতে বসবাস করে: দীঘি

সৌদি আরবের রাজধানী রিয়াদে আন্তর্জাতিক আয়োজনে গত ১০ অক্টোবর ষষ্ঠবারের মতো শুরু হওয়া সংগীতানুষ্ঠান ‘রিয়াদ সিজন’-এ অংশ নিচ্ছে বিশ্বের ১৪ দেশ। প্রতিটি দেশের জন্য বরাদ্দ রাখা হয়েছে বিশেষ কিছু দিন, যেখানে তারা নিজস্ব সংগীত, নৃত্য, ঐতিহ্যবাহী পোশাক ও খাবার উপস্থাপন করবেন।

সেই আসরে অংশ নিচ্ছে বাংলাদেশ। গত ১১ নভেম্বর থেকে শুরু হয়েছে বাংলাদেশ পর্ব, যা চলছে ‘বাংলাদেশ কালচার’ শিরোনামে গত শুক্রবার পর্যন্ত। আর সেখানেই মঞ্চ মাতাতে গেছেন দেশের জনপ্রিয় সংগীত ও অভিনয় তারকারা। এর মধ্যে রয়েছেন ঢালিউড অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি।

জানা গেছে, অভিনেত্রী দীঘি ছাড়াও বাংলাদেশ থেকে অংশগ্রহণকারী শিল্পীর মধ্যে রয়েছেন- সংগীতের যুবরাজ কণ্ঠশিল্পী আসিফ আকবর, জনপ্রিয় গায়ক মনির খান, বেলাল খান, আকাশ মাহমুদ, মুহাম্মদ ইমরান, ইশরাত জাহান জুঁই, পুষ্পিতা মিত্র, হুমায়রা ইশিকা ও ডিজে তুরিন এমএনআর।

আজ বাংলাদেশের শেষ পর্বে চমক হিসেবে মঞ্চে থাকছেন সংগীতাঙ্গনের জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। এর আগে যুক্তরাষ্ট্র থেকে দুই মাসব্যাপী সংগীত সফর শেষ করে দেশে ফিরে আবার সৌদি আরবে মুগ্ধতা ছড়াবেন এ তারকা। এছাড়া শেষ দিনের আয়োজনে আরও গান গাইবেন আকাশ মাহমুদ, ডিজে তুরিন এমএনআর, পুষ্পিতা মিত্র ও ইশরাত জাহান জুঁই।

আর এ আয়োজনে বিশেষ পারফর্মে অংশ নেবেন অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। সেখানে হোটেলের রুমে দীঘির অনুপস্থিতিতে এক পরিচ্ছন্নতাকর্মী একটি চিঠি লিখে রেখে যান। প্রিয় তারকার সঙ্গে দেখা করার আকাঙ্ক্ষা জানিয়ে লেখা সেই চিঠিটি দেখে রীতিমতো আবেগাপ্লুত হয়ে পড়েন অভিনেত্রী।

সামাজিক মাধ্যমে চিঠিটি প্রকাশ করে দীঘি তার অনুভূতি প্রকাশ করে লিখেছেন, ‘সকালে হোটেল থেকে বের হওয়ার সময় রিসেপশনে বলে গিয়েছিলাম আমার রুমটা পরিষ্কার করে রাখতে। অনেক কেনাকাটা করে রুমে ঢুকে দেখি আমার টেবিলে একটি ছোট চিরকুট রাখা। সম্ভবত যিনি রুম ক্লিন করেছিলেন, তিনি বাঙালি। এই ডিজিটাল আর সোশ্যাল মিডিয়ার যুগে কেউ এভাবে একটু দেখা করতে চাচ্ছে, ব্যাপারটি খুব মিষ্টি লাগল।’

অভিনেত্রী আরও বলেন, এই নোটের মাধ্যমে আবারো নতুন করে উপলব্ধি করলাম- ভালোবাসা এখনো চিঠিতে বসবাস করে। আর আমার এমন ভক্তের জন্য এখনো নিজের পায়ে দাঁড়িয়ে আছি। তাদের এই ভালোবাসাটা আজীবন চলমান থাকুক।

এদিকে সামাজিক মাধ্যমে দীঘির পোস্টে কমেন্টবক্সে মডেল ও অভিনেত্রী বারিশা হক লিখেছেন- অবশ্যই দেখা করা উচিত। এছাড়া অগণিত ভক্ত-অনুরাগী তাদের ভালোবাসা ও শুভকামনা জানিয়ে মন্তব্য করেছেন।

২০২৬ বিশ্বকাপে নিশ্চিত হয়েছে যে ৩০ দলের জায়গা

২০২৬ বিশ্বকাপের মূল পর্বে জায়গা নিশ্চিত করেছে বিশ্বের বিভিন্ন মহাদেশের মোট ৩০টি দল। ইউরোপ, দক্ষিণ আমেরিকা, আফ্রিকা, এশিয়া, উত্তর ও মধ্য আমেরিকা এবং ওশেনিয়া মিলিয়ে ধীরে ধীরে পূর্ণতা পাচ্ছে টুর্নামেন্টের দলসংখ্যা।

ইউরোপ (৩ দল)

ফ্রান্স, ইংল্যান্ড ও ক্রোয়েশিয়া নিজেদের গ্রুপের প্রতিযোগিতায় শীর্ষে থেকে জায়গা করে নিয়েছে ফুটবলের মহামঞ্চে।

দক্ষিণ আমেরিকা (৬ দল)

আর্জেন্টিনা, ব্রাজিল, উরুগুয়ে, কলম্বিয়া, ইকুয়েডর ও প্যারাগুয়ে- দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে ছয়টি দলই বাছাইপর্বে দাপট দেখিয়ে নিশ্চিত করেছে বিশ্বকাপের টিকিট।

উত্তর ও মধ্য আমেরিকা (২ দল)

আয়োজক যুক্তরাষ্ট্রের পাশাপাশি বাছাইপর্ব পেরিয়ে জায়গা করে নিয়েছে মেক্সিকো।

আফ্রিকা (৯ দল)

বিশ্বমঞ্চে আফ্রিকার প্রতিনিধিত্ব করবে আলজেরিয়া, মরক্কো, আইভরি কোস্ট, ঘানা, মিসর, সেনেগাল, তিউনিসিয়া, কেপ ভার্দে ও দক্ষিণ আফ্রিকা।

এশিয়া (৭ দল)

জাপান, দক্ষিণ কোরিয়া, ইরান, সৌদি আরব, জর্ডান, কাতার ও উজবেকিস্তান এর মধ্যেই নিশ্চিত করেছে মূল পর্বের টিকিট।

ওশেনিয়া (১ দল)

ওশেনিয়া অঞ্চল থেকে জায়গা নিশ্চিত করেছে নিউজিল্যান্ড।

টুর্নামেন্টে মোট ৪৮ দল অংশ নিলেও এখনো বেশ কিছু জায়গা খালি রয়েছে। বাকি দলগুলো প্লে-অফ ও শেষ দিকের বাছাইপর্বের মাধ্যমে নির্ধারিত হবে।

চীনা বিনিয়োগে রপ্তানি সক্ষমতা বাড়ার বড় সুযোগ দেখছেন সিইএএবি সভাপতি

চীনা বিনিয়োগ, প্রযুক্তি ও শিল্প সক্ষমতা কাজে লাগিয়ে বাংলাদেশ দ্রুতই রপ্তানিমুখী শিল্পকেন্দ্রে পরিণত হতে পারে বলে মন্তব্য করেছেন চীনা এন্টারপ্রাইজেস অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ (সিইএএবি)-এর সভাপতি হান কুন। বাসসকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি বলেন, অবকাঠামো, বিদ্যুৎ এবং তৈরি পোশাকসহ মূল খাতে চীনা প্রতিষ্ঠানগুলোর দীর্ঘদিনের বিনিয়োগ বাংলাদেশের আর্থিক উন্নয়নকে শক্তিশালী করেছে।

তিনি জানান, সাম্প্রতিক বছরগুলোতে বিদ্যুৎ খাতে প্রায় ৮ হাজার মেগাওয়াট বেসরকারি বিনিয়োগ হয়েছে, যার ৫৪ শতাংশ চীনা কোম্পানির। ফলে দেশের বিদ্যুৎ উৎপাদন ও সঞ্চালন সক্ষমতা বেড়ে দাঁড়িয়েছে ২৭–২৮ গিগাওয়াটে, যা শিল্পায়ন ও রপ্তানি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

হান কুন বলেন, প্রতিযোগিতামূলক শ্রমব্যয়, উন্নত অবকাঠামো এবং কৌশলগত ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ এখন রপ্তানিমুখী শিল্পকেন্দ্র হওয়ার জন্য অত্যন্ত উপযোগী। তিনি প্রস্তাবিত চীন–বাংলাদেশ মুক্ত বাণিজ্য চুক্তিকে (এফটিএ) এই রূপান্তরের জন্য জরুরি বলে উল্লেখ করেন।

তার মতে, ট্যারিফ ও নীতি কাঠামো সমন্বিত হলে চীনা প্রতিষ্ঠানগুলো উৎপাদন খাত বাংলাদেশে স্থানান্তর করে বৈশ্বিক বাজারে রপ্তানি করতে পারবে। চীনের বিশ্বব্যাপী মোট উৎপাদন ক্ষমতার প্রায় ৩০ শতাংশ, যার একটি অংশ বাংলাদেশে আসলে দেশের রপ্তানি সক্ষমতা আরও বাড়বে।

তবে তিনি সতর্ক করে বলেন, নীতিগত স্থিতিশীলতা ও অনুমানযোগ্যতা বিনিয়োগকারীদের জন্য অন্যতম প্রধান শর্ত। নীতি হঠাৎ পরিবর্তন হলে বড় প্রকল্পগুলো ঝুঁকির মধ্যে পড়ে, যা বিনিয়োগ পরিবেশে নেতিবাচক প্রভাব ফেলে।

হান জানান, বর্তমানে সিইএএবির প্রায় ২৫০টি সদস্য প্রতিষ্ঠান রয়েছে, যাদের অর্ধেক অবকাঠামো এবং প্রায় ৩০ শতাংশ আরএমজি ও টেক্সটাইল খাতে। এসব প্রতিষ্ঠান বিপুলসংখ্যক কর্মসংস্থান সৃষ্টি, প্রযুক্তি উন্নয়ন এবং রপ্তানিমুখী সাপ্লাই চেইন গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

ভবিষ্যতের সহযোগিতার ক্ষেত্র প্রসারিত হবে জানিয়ে তিনি বলেন, অবকাঠামো ও বিদ্যুৎ খাত ছাড়াও নতুন শক্তি, ডিজিটাল অর্থনীতি, লজিস্টিকস ও উৎপাদন খাতে চীনা কোম্পানিগুলো বিনিয়োগে আগ্রহী

তিনি বলেন, “সঠিক নীতিগত সহায়তা পেলে বাংলাদেশ এশিয়ার অন্যতম রপ্তানি ও শিল্পকেন্দ্রে পরিণত হওয়ার সব উপাদানই ধারণ করে।”

যুক্তরাষ্ট্র থেকে এলো আরও ৬১ হাজার টন গম

মার্কিন যুক্তরাষ্ট্র ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আলোকে নগদ ক্রয় চুক্তি নম্বর জে টুজি ওয়ান এর অধীনে যুক্তরাষ্ট্র থেকে ৬০ হাজার ৮৭৫ মেট্রিক টন গম নিয়ে এম ভি উইকোটাটি নামের জাহাজটি মোংলা বন্দরের বহিঃনোঙরে পৌঁছেছে।

শনিবার খাদ্য মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ ইতোমধ্যে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট ভিত্তিতে যুক্তরাষ্ট্র থেকে গম আমদানি কার্যক্রম শুরু করছে। এই চুক্তির আওতায় মোট ৪ লাখ ৪০ হাজার মেট্রিক টন গম আমদানি করা হবে। এর প্রথম চালানে গত ২৫ অক্টোবর ২০২৫ তারিখে ৫৬ হাজার ৯৫৯ মেট্রিক টন গম এবং ৩ নভেম্বর ২০২৫ তারিখে দ্বিতীয় চালানে ৬০ হাজার ৮০২ মেট্রিক টন গম দেশে পৌঁছেছে। এটি আমদানিকৃত গমের তৃতীয় চালান।

চুক্তি মোতাবেক ৪ লাখ ৪০ হাজার মেট্রিক টন গমের মধ্যে যুক্তরাষ্ট্র থেকে তিনটি চালানে মোট ১ লাখ ৭৮ হাজার ৬৩৬ মেট্রিক টন গম দেশে পৌঁছেছে।

জাহাজে রক্ষিত গমের নমুনা পরীক্ষার কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। গমের নমুনা পরীক্ষা শেষে দ্রুত গম খালাসের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে গাংনীতে গণমিছিল

মেহেরপুর-২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আমজাদ হোসেনের ধানের শীষের পক্ষে অনুষ্ঠিত হয়েছে এক বিরাট গণমিছিল। বাঁশবাড়িয়া থেকে মিছিলটি শুরু হয়ে গাংনী বাজার এলাকায় এসে শেষ হয়।

শনিবার বিকেলে মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের গাংনী অংশজুড়ে এ গণমিছিল অনুষ্ঠিত হয়।

গণমিছিলে নেতৃত্ব দেন বিএনপির দলীয় প্রার্থী সাবেক এমপি ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমজাদ হোসেন। এসময় গাংনী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু, গাংনী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও পৌর বিএনপির সাবেক সভাপতি মোরাদ আলী, মেহেরপুর জেলা বিএনপির সাবেক সহসভাপতি মতিয়ার রহমান মোল্লাহ, জেলা কৃষক দলের সভাপতি মাহবুবুর রহমান, গাংনী পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবলু, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাজমুল হুসাইনসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ, জেলা ও উপজেলা বিএনপির শীর্ষস্থানীয় নেতা, যুবদলুছাত্রদলুস্বেচ্ছাসেবকদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। এদিকে বিভিন্ন এলাকা থেকে আসা খন্ড খন্ড মিছিলকে ঘিরে পুরো এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।

গাংনী উপজেলার বিভিন্ন গ্রাম থেকে দলে দলে মানুষ মিছিলে যোগ দেন। পুরুষ ভোটারের পাশাপাশি নারীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড, মাথার উপরে উড়তে থাকা ধানের শীষের প্রতীক—সব মিলিয়ে মহাসড়কজুড়ে তৈরি হয় নির্বাচনী উচ্ছ্বাস।

মিছিল চলাকালে আমজাদ হোসেন সমর্থকদের উদ্দেশে হাত নাড়ে অভিবাদন জানান। নেতাকর্মীদের শ্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। নির্বাচনে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে তিনি আহ্বান জানান গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ থাকার। মিছিলে অংশ নেওয়া অনেক নারী ভোটার বলেন, পরিবর্তনের স্বপ্ন নিয়ে তারা ধানের শীষকে সমর্থন করছেন। দিনভর আয়োজনে অংশ নেয়া কর্মী-সমর্থকদের উপস্থিতিতে গণমিছিলটি পরিণত হয় এক বিশাল শো-অফ-স্ট্রেংথে।

সুষ্ঠু নির্বাচন করতে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চাইলেন সিইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য পরিবেশে আয়োজন করতে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা ও পরামর্শ চেয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন।

রোববার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সাথে দ্বিতীয় দিনের প্রথম পর্বের সংলাপে স্বাগত বক্তব্যে এই আহ্বান জানান তিনি।

সিইসি বলেন, নির্বাচন কমিশন একা এই বিশাল কর্মযজ্ঞ সম্পন্ন করতে পারে না। বিশেষ করে জাতীয় নেতৃবৃন্দ, যাদের সরাসরি ভোটারদের প্রভাবিত করার ক্ষমতা আছে, তাদের সহযোগিতা অপরিহার্য।

তিনি বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকে কমিশনকে অনেকগুলো বড় ও চ্যালেঞ্জিং কাজে হাত দিতে হয়েছে। কাজের চাপের কারণে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করতে কিছুটা বিলম্ব হয়েছে।

কমিশনের কয়েকটি প্রধান কাজ ও সাফল্য প্রসঙ্গে সিইসি জানান, ভোটার তালিকা হালনাগাদ ছিল একটি বিশাল কর্মযজ্ঞ। প্রায় ৭৭ হাজার লোক এই কাজে মাঠে কাজ করেছে। এছাড়া প্রায় ২১ লাখ মৃত ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে এবং ৪০ লাখেরও অধিক লেফট আউট ভোটারকে, যারা ভোটের যোগ্য কিন্তু তালিকায় নাম ছিল না, তাদের শনাক্ত করে অন্তর্ভুক্ত করা হয়েছে।

নতুন উদ্যোগ ও ইনিশিয়েটিভ এর বিষয়ে সিইসি বলেন, ডায়াসপোরাদের ভোটদানের ব্যবস্থা করা হয়েছে। এটি অত্যন্ত জটিল ও নতুন একটি উদ্যোগ। নির্বাচনী দায়িত্বে নিয়োজিত প্রায় ১০ লাখ লোক (আইনশৃঙ্খলা বাহিনী, পোলিং ও প্রিসাইডিং অফিসার) যাতে নিজেরা ভোট দিতে পারেন, সেই উদ্যোগ নেওয়া হয়েছে।

দেশের বাইরে পোস্টেড সরকারি চাকরিজীবীদের ভোটদানের ব্যবস্থা করা হয়েছে এবং কারাগারে থাকা নাগরিকদের ভোট দেওয়ার ব্যবস্থা নিয়ে উদ্যোগ নেওয়ার কথা তুলে ধরেন নাসির উদ্দীন। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা বিলম্বে শুরু হওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা এত কাজের চাপের মধ্যে পড়ে গেছি। তবে নির্বাচনী ব্যবস্থা সংস্কার কমিশন তাদের পক্ষ থেকে কাজটি অনেক দূর এগিয়ে নিয়ে গেছে। সংস্কার কমিশন রিপোর্ট দেওয়ার আগে রাজনৈতিক দলের নেতারাসহ বিভিন্ন পক্ষের সঙ্গে ৮০টির বেশি সংলাপ করেছে। ঐক্যমত্য কমিশনেও নেতাদের সঙ্গে আলাপ আলোচনা হয়েছে। সেই সঙ্গে সরকারের পক্ষ থেকেও সংস্কার কমিশনের কিছু বিষয় স্ব-উদ্যোগে বাস্তবায়নের ঘোষণা ছিল।

নির্বাচনী আচরণ বিধিমালার গুরুত্ব তুলে ধরে সিইসি বলেন, আচরণ বিধিমালা তৈরির পর তা দীর্ঘদিন ওয়েবসাইটে রাখা হয়েছিল এবং রাজনৈতিক দলগুলোর লিখিত মতামত নিয়ে এতে সমন্বয় করা হয়েছে। নির্বাচনী আচরণ বিধিমালা সুষ্ঠুভাবে পরিপালনের ওপরেই একটি সুন্দর নির্বাচন অনেকাংশে নির্ভর করে। রাজনৈতিক নেতৃবৃন্দকে মনোযোগ দিয়ে আচরণ বিধিমালাটি পড়ে দেখতে এবং তাদের দলের কর্মীদের কাছে প্রচারের ব্যবস্থা করতে হবে।

পরে নিবন্ধিত ছয়টি দলের সঙ্গে সংলাপ শুরু হয়। এই ছয়টি দল হচ্ছে- গণফোরাম, গণফ্রন্ট, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ সুপ্রিম পার্টি-বিএসপি ও বাংলাদেশ জাতীয় পার্টি। এদিন দুপুর ২টা থেকে বিকেল চারটা পর্যন্ত ইসি আরও ছয়টি দল বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল-বাংলাদেশ জাসদ, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ, তৃণমূল বিএনপি, কৃষক শ্রমিক জনতা লীগ, বাংলাদেশ খেলাফত মজলিস ও ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে মতবিনিময় করবে।

এর আগে বৃহস্পতিবার সংলাপের প্রথম দিনে ১২টি দলের সঙ্গে দুই পর্বে মতবিনিময় হয়। মোট ৫৩টি নিবন্ধিত দলে সঙ্গে সংলাপ চলতি মাসের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে।

লিবিয়া উপকূলে ২৬ বাংলাদেশিকে নিয়ে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু

উত্তর আফ্রিকার দেশ লিবিয়ার উপকূলে ২৬ বাংলাদেশিকে নিয়ে একটি নৌকা ডুবে গেছে। এতে চার বাংলাদেশির মৃত্যু হয়েছে। এছাড়া একই উপকূলে অর্ধশতাধিক সুদানিসহ পৃথক আরেকটি নৌকাডুবির ঘটনা ঘটেছে।

দ্বিতীয় ঘটনায় অবশ্য হতাহতের কোনও ঘটনা ঘটেনি। উত্তর-পশ্চিম লিবিয়ার আল-খোমস উপকূলে এই ঘটনা ঘটে। রোববার (১৬ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড।

সংবাদমাধ্যমটি বলছে, উত্তর-পশ্চিম লিবিয়ার আল-খোমস উপকূলে প্রায় ১০০ জনকে বহনকারী দুটি অভিবাসী নৌকাডুবির ঘটনায় কমপক্ষে চারজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে লিবিয়ান রেড ক্রিসেন্ট।

সংস্থাটি জানায়, বৃহস্পতিবার রাতে আল-খোমসের তীরের কাছে উল্টে যাওয়া দুটি নৌকার খবর তারা পায়। প্রথম নৌকাটিতে ছিলেন বাংলাদেশের ২৬ নাগরিক। তাদের মধ্যে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

আর দ্বিতীয় নৌকাটিতে ছিলেন মোট ৬৯ জন। এর মধ্যে দুজন মিসরীয় এবং বাকি ৬৭ জন সুদানি নাগরিক। তাদের মধ্যে আটজন শিশু।

রেড ক্রিসেন্ট জানায়, দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে জীবিতদের উদ্ধার। এছাড়া মৃতদের মরদেহ উদ্ধারের পাশাপাশি সবাইকে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার কাজও তারা করে।

মূলত অবৈধভাবে ভূমধ্যসাগর দিয়ে ইউরোপ যাওয়ার জন্য বেশ পরিচিত এবং জনপ্রিয় রুট হচ্ছে লিবিয়া। ২০১১ সালে লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফি ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশটি ইউরোপগামী অভিবাসীদের ট্রানজিট রুটে পরিণত হয়। বর্তমানে সাড়ে ৮ লাখেরও বেশি অভিবাসী লিবিয়ায় অবস্থান করছে। গাদ্দাফির শাসনামলে আফ্রিকার বিভিন্ন দেশের অভিবাসীরা তেলসমৃদ্ধ লিবিয়ায় কাজ পেত, কিন্তু তার পতনের পর থেকে দেশটি প্রতিদ্বন্দ্বী মিলিশিয়াদের সংঘাতে জর্জরিত হয়ে পড়েছে।

অধিকার সংগঠন ও জাতিসংঘ সংস্থাগুলো বলছে, লিবিয়ায় শরণার্থী ও অভিবাসীরা নিয়মিতভাবে নির্যাতন, ধর্ষণ ও চাঁদাবাজির শিকার হয়ে থাকে।

অবশ্য অবৈধ অভিবাসন ঠেকাতে সাম্প্রতিক বছরগুলোতে ইউরোপীয় ইউনিয়ন লিবিয়ার কোস্টগার্ডকে বিভিন্ন সরঞ্জাম ও অর্থসহায়তা দিয়েছে। কিন্তু ওই কোস্টগার্ডের সঙ্গেই নির্যাতন ও অপরাধে জড়িত মিলিশিয়ার সম্পর্ক থাকার অভিযোগ উঠেছে।

এছাড়া মানবাধিকার সংগঠনগুলো বলছে, ইউরোপের দেশগুলো রাষ্ট্রীয় উদ্ধার অভিযান ধাপে ধাপে বন্ধ করায় সমুদ্রযাত্রা আরও বিপজ্জনক হয়ে উঠেছে। একইসঙ্গে ভূমধ্যসাগরে উদ্ধার কাজে নিয়োজিত দাতব্য সংস্থাগুলোও বিভিন্ন রাষ্ট্রের কাছ থেকে দমনমূলক পদক্ষেপের সম্মুখীন হয়েছে।

২০২৬ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানালো আরব আমিরাত

২০২৬ সালে ঈদুল ফিতর শুক্রবার, ২০ মার্চ হতে পারে বলে জানিয়েছে এমিরেটস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি। সংস্থার চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানান, আরব আমিরাতে ১৪৪৭ হিজরির রমজানের চাঁদ ১৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় দেখা যেতে পারে। তবে সেদিন খালি চোখে চাঁদ দেখা কঠিন হতে পারে বলেও তিনি উল্লেখ করেন।

জ্যোতির্বিদদের হিসাব অনুযায়ী, রমজান শুরু হতে পারে বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি। এই বছর রমজান ৩০ দিন পূর্ণ হতে পারে বলে অনুমান করা হচ্ছে। ফলে সরকারি ছুটির তালিকায় আরও এক দিনের বেশি ছুটি যুক্ত হতে পারে।

পূর্বাভাস অনুযায়ী, আরব আমিরাতে ১৯ মার্চ (বৃহস্পতিবার) থেকে ২২ মার্চ (রোববার) পর্যন্ত চার দিনের সম্ভাব্য ঈদ ছুটি থাকতে পারে। ছুটির পর ২৩ মার্চ সোমবার থেকে স্বাভাবিক কার্যক্রম শুরু হবে।

চূড়ান্তভাবে রমজান ও ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করবে ইউএই মুন-সাইটিং কমিটি। তবে জ্যোতির্বৈজ্ঞানিক পূর্বাভাসে বলা হচ্ছে, ২০ মার্চই সবচেয়ে সম্ভাব্য ঈদের দিন।

গালফ নিউজ শনিবার (১৫ নভেম্বর) এক প্রতিবেদনে জানায়, ঈদুল ফিতর মুসলমানদের অন্যতম পবিত্র উৎসব হওয়ায় চাঁদ দেখার আগে রাষ্ট্রীয়ভাবে কোনো তারিখ ঘোষণা করবে না আরব আমিরাত কর্তৃপক্ষ। ধর্মীয় অনুভূতি ও শারঈ বিধান মেনে চাঁদ দেখা নিশ্চিত হওয়ার পরেই আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।