Home Blog Page 269

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দু’জনের মৃত্যু, হাসপাতালে ৫১৬

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দু’জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে ৫১৬ জন ডেঙ্গুরোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪৯ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৯৬ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৯৬ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১২৭ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৭৫ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ছয়জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৮ জন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩১ জন, রংপুর বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) পাঁচজন, সিলেট বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) তিনজন রয়েছেন।

২৪ ঘণ্টায় ৫৪০ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে এ যাবৎ মোট ৯৫ হাজার ৭৪৪ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

চলতি বছরের ৭ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৯৭ হাজার ৮২৯ জন। এর মধ্যে ৬২ দশমিক ৪ শতাংশ পুরুষ এবং ৩৭ দশমিক ৬ শতাংশ নারী রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। চলতি বছরে এ যাবৎ ডেঙ্গুতে মোট ৩৯৬ জনের মৃত্যু হয়েছে।

সামনে অনেক কঠিন সময় অপেক্ষা করছে, ষড়যন্ত্র হচ্ছে : তারেক রহমান

০

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমাদের সামনের সময়গুলো ভালো নয়, কঠিন সময় অপেক্ষা করছে, বিভিন্নভাবে বিভিন্নরকম ষড়যন্ত্র হচ্ছে।

রবিবার বিকেলে বিএনপি’র ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মসূচিতে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন অব বাংলাদেশ-এ কর্মসূচিটি অনুষ্ঠিত হয়।

তারেক রহমান বলেন, আজকে আমরা দেশ গড়ার পরিকল্পনা করছি। এই কাজটি যদি আমাদের সফল করতে হয়, দেশকে যদি সামনে নিয়ে যেতে হয়, মানুষকে যদি তার অবস্থান পরিবর্তন করে ভালো অবস্থানে নিতে হয়, তাহলে আমাদের সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আমি গত প্রায় এক বছরের বেশি সময় থেকে বলে আসছি আমাদের সামনের সময়গুলো কিন্তু খুব ভালো নয়, সামনে অনেক কঠিন সময় অপেক্ষা করছে আমাদের জন্য। বিভিন্নভাবে বিভিন্নরকম ষড়যন্ত্র হচ্ছে। এই ষড়যন্ত্র রুখে দিতে পারে এই দেশের জনগণ এবং এই ষড়যন্ত্র জনগণকে সাথে নিয়ে রুখে দিতে পারে বিএনপি।

আলাস্কা-কানাডা সীমান্তে ৭.০ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

আলাস্কা ও কানাডার ইউকন অঞ্চলের সীমান্তের কাছে শনিবার (৬ ডিসেম্বর) একটি প্রত্যন্ত অঞ্চলে ৭.০ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। কর্মকর্তারা জানিয়েছেন, তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা আহত হওয়ার খবর পাওয়া যায়নি এবং সুনামির কোনো সতর্কতা জারি করা হয়নি।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য অনুযায়ী, ভূমিকম্পটি আলাস্কার জুনাউ থেকে প্রায় ২৩০ মাইল (৩৭০ কিলোমিটার) উত্তর-পশ্চিমে এবং ইউকনের হোয়াইটহর্স থেকে ১৫৫ মাইল (২৫০ কিলোমিটার) পশ্চিমে আঘাত হেনেছে।

হোয়াইটহর্সে রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশের সার্জেন্ট ক্যালিস্টা ম্যাকলিওড জানান, তাদের ডিটাচমেন্ট দুটি ৯১১ কল পেয়েছে এবং অনেক মানুষ সোশ্যাল মিডিয়ায় ভূমিকম্প অনুভব করার কথা জানিয়েছে।

ন্যাচারাল রিসোর্সেস কানাডার ভূকম্পবিদ অ্যালিসন বার্ড বলেন, ইউকনের যে অংশে সবচেয়ে বেশি ভূমিকম্প অনুভূত হয়েছে তা পাহাড়ি এবং এখানে লোকসংখ্যা কম। বেশিরভাগ মানুষ জানিয়েছে, তাক থেকে জিনিসপত্র পড়ে গেছে, তবে কোনো বড় কাঠামোগত ক্ষতির খবর নেই।

ফের প্রেমে পড়ব ভাবিনি : আমির খান

০

প্রথমে ভালোবেসে রিনা দত্তকে বিয়ে করেছিলেন, একটা সময় পর গিয়ে আলাদা হয়ে যান। এরপর বিয়ে করে কিরণ রাওকে। আমির খানের সে বিয়েও টেকেনি। কিরণের সঙ্গে তার বিচ্ছেদের ঘটনা চমকে দিয়েছিল সবাইকে।

এরপর হাঁটুর বয়সী নায়িকা ফাতিমা সানা শেখের সঙ্গে আমিরের প্রেমচর্চা ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে।
সময়ের সঙ্গে সেই জল্পনার রেশ কাটতেই ফের আমিরি ধামাকা। অভিনেতা সামনে আনেন নিজের প্রেমিকা গৌরী স্প্র্যাটকে। দুই বছরেরও বেশি সময় ধরে সম্পর্কে রয়েছেন আমির-গৌরী।

হিন্দুস্তান টাইমস লিডারশিপ সামিট ২০২৫-এ উপস্থিত হয়ে অভিনেতা তার প্রেম জীবন সম্পর্কে খোলামেলা কথা বললেন।

শুধু গৌরী নয়, তার দুই প্রাক্তন স্ত্রী কিরণ রাও এবং রীনা দত্তকে নিয়েও অকপট আমির।

আলাপচারিতায় আমির তার প্রাক্তন স্ত্রীদের সঙ্গে আন্তরিক সম্পর্ক বজায় রাখার কথা জানান এবং বলেন, ‘এটা প্রমাণ করে যে আমরা ভালো মানুষ। রিনা একজন অসাধারণ মানুষ।

আমরা স্বামী এবং স্ত্রী হিসাবে আলাদা হয়ে গিয়েছিলাম, তবে এর অর্থ এই নয় যে আমরা মানুষ হিসাবে আলাদা হয়ে গিয়েছিলাম। আমার হৃদয়ে তার প্রতি অনেক ভালোবাসা ও শ্রদ্ধা রয়েছে। আমি তার সঙ্গে বড় হয়েছি; তিনি একজন চমৎকার মানুষ। আমরা যখন আলাদা হয়ে গেলাম, তখন আমরা মানুষ হিসেবে আলাদা হইনি। কিরণের ক্ষেত্রেও একই অবস্থা।
তিনি একজন আশ্চর্যজনক ব্যক্তি, এবং আমরা স্বামী এবং স্ত্রী হিসাবে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি, তবে আমরা পরিবার। রিনা, তার বাবা-মা, কিরণ এবং তার বাবা-মা এবং আমার বাবা-মা, আমরা সবাই আসলে একটি পরিবার।’
দুই বিচ্ছেদের পর আবারও প্রেম খুঁজে পান আমির। চলতি বছরের শুরুতে নিজের ৬০তম জন্মদিনে প্রেমিকা গৌরীর সঙ্গে মিডিয়ার পরিচয় করিয়ে দিয়েছিলেন।

তিনি আবার সম্পর্কে জড়িয়ে পড়বেন বলে ভেবেছিলেন কিনা এই ব্যাপারে জানতে চাওয়া হলে তখন আমির বলেন, ‘না, আমি ভাবিনি। আমি এমন একটি পর্যায়ে পৌঁছেছিলাম যেখানে আমি ভেবেছিলাম যে আমি সম্ভবত এমন কাউকে খুঁজে পাব না যে আমার সঙ্গী হতে পারে। আমি এটা আশা করিনি। গৌরী আমার জীবনে স্থিরতা নিয়ে এসেছে। তিনি সত্যিই একজন আশ্চর্যজনক ব্যক্তি, এবং আমি তার সাথে দেখা করতে পেরে খুব ভাগ্যবান। আমি খুব সৌভাগ্যবান যে আমার বিয়ে না টিকলেও আমার জীবনে আমি রীনা, কিরণ এবং এখন গৌরীর সাথে দেখা করতে পেরেছি, আমি খুব খুশি। ব্যক্তি হিসাবে আমার জন্য খুব বড় অবদান রেখেছে তারা এবং আমি তাদের বিভিন্ন উপায়ে দেখি’।

অনেকেই হয়তো জানেন না, ভালোবেসে ১৯ বছরের রিনাকে বিয়ে করেছিলেন বছর ২১-এর আমির। তাদের প্রেম কাহিনি কোনও ফিল্মের গল্পের চেয়ে কম রোমাঞ্চক নয়। পাশের বাড়ির মেয়ে রিনার সৌন্দর্যে ছেলেবেলা থেকেই বুঁদ ছিলেন আমির। ঠায় জানলার ধারে ওত পেতে বসে থাকতেন রিনার এক ঝলক পাওয়ার জন্য।

১৯৮৬ সালে বিয়ে হয়েছিল রিনা-আমিরের। ২০০২ সালে ১৬ বছর দীর্ঘ দাম্পত্যে ইতি টানেন দুজনে। তাদের দুই সন্তান ইরা খান ও জুনাইদ খান। পরবর্তীতে পরিচালক কিরণ রাও-কে বিয়ে করেন আমির, তবে ২০২১ সালে সকলকে অবাক করে ডিভোর্সের কথা জানান তারা।

জাতীয় নির্বাচনের দিন সাধারণ ছুটি

চলতি সপ্তাহেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে জানিয়ে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, ভোটের দিন সাধারণ ছুটি থাকবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল, গণভোট এবং ভোটের আগে-পরে নানা বিষয় নিয়ে পর্যালোচনা বৈঠক শেষে এ কথা জানান তিনি।

বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, সোমবার বিটিভিকে চিঠি দেওয়া হবে তফসিল রেকর্ড করার জন্য। যেদিন তফসিল ঘোষণা হবে সেদিন সন্ধ্যায় মাঠ পর্যায়ে মিটিং হবে।

আচরণবিধি প্রতিপালনে তফসিল ঘোষণার দিন থেকে প্রতিটি উপজেলায় দুজন করে ম্যাজিস্ট্রেট থাকবে। ভোটের পাঁচ দিন আগে ম্যাজিস্ট্রেট বাড়ানো হবে।
ভোটের দিন সাধারণ ছুটি থাকবে জানিয়ে তিনি বলেন, ব্যাংক, পোস্ট অফিস খোলা থাকবে ইসির প্রয়োজন অনুযায়ী। তফসিলের পর নতুন কোনো প্রকল্প অনুমোদন করতে পারবে না উপদেষ্টা পরিষদ।

১৫ বছর পর দেশে গণতন্ত্র ফিরে আসার সুযোগ সৃষ্টি হয়েছে : মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ১৫ বছর পর দেশে গণতন্ত্র ফিরে আসার সুযোগ সৃষ্টি হয়েছে। কিন্তু সেই পথেও অনেক বাধা আসছে।

রবিবার (৭ ডিসেম্বর) কৃষিবিদ ইনষ্টিটিউশন মিলনায়তনে দলটির ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মসূচির উদ্বোধনকালে এ কথা বলেন তিনি। এসময় তিনি আরও বলেন, বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চলছে। সাইবারওয়ারে সজাগ থাকতে হবে। একমাত্র বিএনপিই দেশকে সামনের দিকে নিয়ে যাবে।

একটি গোষ্ঠী ধর্মের নামে দেশে বিভাজনের পথ সৃষ্টি করতে চায় বলে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, আমরা ধর্মভীরু মানুষ, কিন্তু ধর্ম দিয়ে রাষ্ট্র বিভাজনে বিশ্বাস করি না।

বিএনপির মহাসচিব বলেন, তরুণ সমাজের মন-মানসিকতার অনেক পরিবর্তন এসেছে। সবাই সর্বক্ষেত্রে পরিবর্তন চায়। নতুন বাংলাদেশের চিন্তা সকলের মধ্যে এসেছে। পুরানো ধাঁচের রাষ্ট্রকাঠামো আর উপযোগী থাকছে না। এসময় বিএনপিকে নতুন চিন্তার আলোকে তৈরি করতে চান বলেও মন্তব্য করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকার সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়ে গেছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নতুন করে আলোকিত করার চেষ্টা করছেন। জনগণের কাছে নতুন চিন্তা তুলে ধরার দায়িত্ব শুরুতেই ছাত্রদলকে দেয়া হচ্ছে।

তারেক রহমান নতুন বাংলাদেশে দেড় বছরে এক কোটি লোকের কাজের সংস্থান করে দেয়ার ঘোষণা দিয়েছেন জানিয়ে তিনি বলেন, দেশ গড়ার কর্মসূচির এই পরিকল্পনা প্রমাণ করছে বিএনপি একটি অ্যাডভান্সড পলিটিক্যাল পার্টি। বর্তমানে বিএনপিকে নেগেটিভ পলিটিক্যাল পার্টি হিসেবে দেখানোর একটি প্রবণতা দেখা দিয়েছে, যা ভেঙে ফেলতে হবে। বিএনপি সবসময়ই পথ, জানালা খুলে দিয়েছে।

দেশের সব ভালো অর্জন বিএনপির দাবি করে মির্জা ফখরুল বলেন, যুগসন্ধিক্ষণে আছি আমরা। অনেক বাধা আসছে, এসব পেরিয়ে সাফল্য অর্জন করতে হবে। আমাদের বিরুদ্ধে অপপ্রচার চলছে। সাইবার যুদ্ধে লড়াই করতে না পারলে আমাদের পরাজিত হতে হবে।

বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে ভালো করতে না পারার কারণ জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, ক্যাম্পাসভিত্তিক কর্মসূচি কম থাকায় বিশ্ববিদ্যালয়ের নির্বাচনগুলোতে ছাত্রদল ভালো করতে পারেনি। এজন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্রদলের পদচারণা বাড়াতে হবে।

ছাত্রদলকে নতুন চিন্তার আলোকে তৈরি করার কথা জানিয়ে তিনি বলেন, এই দেশ গড়ার কর্মসূচি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নিজস্ব ভাবনার প্রতিফলন। পরিবর্তন সবাই চায়। নতুন বাংলাদেশ দেখতে চাওয়ার ভাবনা সবার মধ্যেই এসেছে। পুরোনো রাষ্ট্র কাঠামো আর উপযোগী থাকছে না।

যুক্তরাষ্ট্রে কুকুরে অজানা ব্যাকটেরিয়া শনাক্ত, সতর্ক করলেন বিজ্ঞানীরা

যুক্তরাষ্ট্রে কুকুরের শরীরে নতুন ধরনের টিক-বাহিত (টিকের কামড়ে ছড়ানো) একটি ব্যাকটেরিয়া পাওয়া গেছে। এতে কয়েকটি কুকুর গুরুতর অসুস্থ হয় এবং কিছু কুকুর মারা যায়। নতুন এই ব্যাকটেরিয়ার নাম রিকেটসিয়া ফিনি (Rickettsia finnyi)। বিজ্ঞানীরা বলছেন, ব্যাকটেরিয়াটি আগে কখনো দেখা যায়নি।

নর্থ ক্যারোলাইনা স্টেট ইউনিভার্সিটির গবেষকেরা প্রথমে একটি অসুস্থ কুকুরের রক্ত পরীক্ষা করে ব্যাকটেরিয়াটি খুঁজে পান। কুকুরটিতে ‘রকি মাউন্টেন স্পটেড ফিভার’ (RMSF)—এক ধরনের মারাত্মক সংক্রমণ—এর মতো উপসর্গ দেখা দিয়েছিল। পরে জিনগত পরীক্ষা করে নিশ্চিত হওয়া যায়, এটি সম্পূর্ণ নতুন ব্যাকটেরিয়া।

২০২০ সাল থেকে এখন পর্যন্ত বিজ্ঞানীরা দক্ষিণ-পূর্ব ও মধ্য-পশ্চিম যুক্তরাষ্ট্রের আরও ১৬টি কুকুরে এই ব্যাকটেরিয়ার সন্ধান পেয়েছেন। আক্রান্ত কুকুরগুলোর জ্বর, দুর্বলতা এবং রক্তের প্লেটলেট কমে যাওয়ার মতো উপসর্গ দেখা গেছে। বেশিরভাগ কুকুর অ্যান্টিবায়োটিক চিকিৎসায় সুস্থ হয়, তবে দেরিতে শনাক্ত হওয়ায় তিনটি কুকুর মারা যায়।

বিশেষজ্ঞদের আশঙ্কা, রিকেটসিয়া পরিবারের অনেক ব্যাকটেরিয়াই মানুষের শরীরে সংক্রমণ ঘটাতে পারে। তাই এই নতুন ব্যাকটেরিয়াকেও সম্ভাব্য ঝুঁকি হিসেবে বিবেচনা করা হচ্ছে। গবেষকেরা মনে করছেন, কুকুর মূল বাহক নয়; বরং তারা অনিচ্ছাকৃতভাবে আক্রান্ত হচ্ছে। ব্যাকটেরিয়াটি স্তন্যপায়ী প্রাণীর কোষের ভেতরে দীর্ঘদিন বেঁচে থাকতে পারে।

গবেষণা বলছে, লোন স্টার টিক নামের এক ধরনের টিক সম্ভবত এই রোগ ছড়ায়। কারণ, ওই টিকে রিকেটসিয়া ফিনির ডিএনএ পাওয়া গেছে। এই টিকের বিস্তৃত এলাকার সঙ্গেও কুকুরগুলোর অবস্থান মিলে যায়।

বিজ্ঞানীরা বলছেন, মানুষে সংক্রমণ ঠেকাতে এখনই নজরদারি বাড়ানো জরুরি। কোন প্রাণী বা টিক মূল বাহক—তা দ্রুত শনাক্ত করা গেলে ভবিষ্যতের ঝুঁকি কমানো সম্ভব হবে।

ভোট দিতে ১ লাখ ৯৩ হাজারের বেশি প্রবাসীর নিবন্ধন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন দেশ থেকে ভোট দেওয়ার জন্য ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে প্রবাসী নিবন্ধন ছাড়াল ১ লাখ ৯৩ হাজার। এতে এখন পর্যন্ত নিবন্ধন করেছেন ১ লাখ ৯৩ হাজার ৮৩৬ জন প্রবাসী।

শনিবার সকালে ইসির ওয়েব সাইট (https://portal.ocv.gov.bd/report/by-country) থেকে বিষয়টি জানা গেছে।

যেসব দেশে নিবন্ধন চলছে-দক্ষিণ কোরিয়া, জাপান, দক্ষিণ আফ্রিকা, চীন, মিশর, মোজাম্বিক, লিবিয়া, মরিশাস, হংকং, ব্রাজিল, উগান্ডা, ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো, ইথিওপিয়া, নাইজেরিয়া, লাইবেরিয়া, বতসোয়ানা, কেনিয়া, রুয়ান্ডা, আলজেরিয়া, অ্যাঙ্গোলা, তানজানিয়া, সোমালিয়া, ঘানা, গিনি, মরক্কো, দক্ষিণ সুদান, চিলি, সিয়েরা লিওন, ইকুয়েডর, তাইওয়ান, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, গাম্বিয়া, পেরু, জিম্বাবুয়ে, যুক্তরাষ্ট্র ইত্যাদি। মোট নিবন্ধন করেছেন (সকাল পৌনে ১১টা পর্যন্ত) ১ লাখ ৯৩ হাজার ৮৩৬ প্রবাসী।

এবারই প্রথমবারের মতো আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটে ভোট নেওয়ার উদ্যোগ নিয়েছে ইসি। এক্ষেত্রে প্রবাসী, আইনি হেফাজতে থাকা ব্যক্তি, ভোটের দায়িত্বে নিয়োজিতরা এ ব্যবস্থায় ভোট দিতে পারবেন। এজন্য অ্যাপে নিবন্ধন করতে হবে। গত ১৯ নভেম্বর থেকে নিবন্ধন শুরু হয়েছে, যা চলবে ২৩ ডিসেম্বর পর্যন্ত।

ইসি জানিয়েছে, অ্যাপে নিবন্ধনকারীদের ঠিকানায় পোস্টাল ব্যালট ডাকযোগে পাঠিয়ে দেওয়া হবে। ভোটার ভোট দিয়ে ফিরতি খামে তা আবার রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠাবেন।

উল্লেখ্য, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের প্রস্তুতি নিচ্ছে ইসি। এক্ষেত্রে ৫০ লাখ প্রবাসী ভোট টানার টার্গেট নিয়ে কার্যক্রম চালাচ্ছে সংস্থাটি।

গাজীপুর মহানগর পুলিশে বড় রদবদল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গাজীপুর মেট্রোপলিটন পুলিশে (জিএমপি) বড় রদবদল করা হয়েছে। জিএমপির পুলিশ কমিশনারের কার্যালয় থেকে ৪ ডিসেম্বর জারি করা এক প্রজ্ঞাপনে মোট ১০ কর্মকর্তাকে বদলি করা হয়।

আদেশে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত যারা বদলি হয়েছেন, তাদের অবিলম্বে নতুন কর্মস্থলে যোগদানের জন্য নির্দেশ দেওয়া হলো।

জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী—সদর থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করা মো. মেহেদী হাসানকে টঙ্গী পূর্ব থানায়, টঙ্গী পশ্চিম থানার ওসি মো. হারুন-অর-রশিদকে বাসন থানায় এবং কাশিমপুর থানা থেকে মোহাম্মদ মনিরুজ্জামানকে গাছা থানায় বদলি করা হয়েছে। একই আদেশে পুবাইল থানার ওসি মো. খালিদ হাসানকে কাশিমপুর থানায়, টঙ্গী পশ্চিম থানার ওসি মো. শাহীন খানকে এবং অত্র এলাকার বিভিন্ন থানায় কর্মরত কর্মকর্তাদেরও একাধিক গুরুত্বপূর্ণ স্থানে রদবদল করা হয়।

এ ছাড়া টঙ্গী-পূর্ব থানার ইনস্পেক্টর (তদন্ত) হিসেবে দায়িত্বে থাকা মো. আতিকুর রহমানকে পুবাইল থানায়, ডিবি (উত্তর)-এর কর্মকর্তা মোহাম্মদ জালাল উদ্দীন মাহমুদকে কোনাবাড়ী থানায় এবং কোনাবাড়ী থানার মো. সালাহউদ্দিনকে ডিবি দক্ষিণে বদলি করা হয়েছে। টঙ্গী-পূর্ব থানায় নতুন ওসি হিসেবে দায়িত্ব পাচ্ছেন মেহেদী হাসান ও ডিবি উত্তরের নতুন ওসি মো. ওহিদুজ্জামান।

নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে এই রদবদলকে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, বদলিকৃত কর্মকর্তাদের বিদ্যমান দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে দ্রুততম সময়ে নতুন পদে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

‘ব্যাটসম্যান’ স্টার্কে ভোগান্তি ইংল্যান্ডের

০

ব্রিসবেনে দিবা–রাত্রির টেস্টে ৭৩ ওভারে ৬ উইকেটে ৩৭৮ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছিল অস্ট্রেলিয়া। আজ তৃতীয় দিনে প্রথম সেশনে অস্ট্রেলিয়া দলীয় সংগ্রহ চার শ পেরিয়ে যাওয়ার পরই সম্ভবত এই টেস্টের ভাগ্য ঠিক হয়ে গেছে। কারণ গ্যাবার বাইশ গজে প্রথম ইনিংসে ন্যূনতম চার শ রান তোলার পর অস্ট্রেলিয়া সেখানে কখনো হারেনি।

আজ প্রথম সেশনে ২৬ ওভারে ২ উইকেট হারিয়ে ৭২ রান যোগ করেছে অস্ট্রেলিয়া। সব মিলিয়ে তৃতীয় দিন প্রথম সেশন পর্যন্ত নিজেদের প্রথম ইনিংসে ৯৯ ওভারে ৮ উইকেটে ৪৫০ রান তুলেছে স্টিভেন স্মিথের দল। প্রথম ইনিংসেই ১১৭ রানের লিড নিয়েছে তারা।

আগের দিন দুই অপরাজিত ব্যাটসম্যান অ্যালেক্স ক্যারি ও মাইকেল নেসেরের জুটি আজ প্রথম সেশনের খেলায় তৃতীয় ওভারে ভেঙেছে। ১৬ রান করা নেসেরকে ফেরান ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। গতকাল সপ্তম উইকেটে ৪৯ রানের অবিচ্ছিন্ন জুটি গড়া দুজন আজ যোগ করতে পারেন মাত্র ৫ রান।

অষ্টম উইকেটে মিচেল স্টার্ক ও ক্যারির জুটি ভাঙতেও দেরি হয়েছে ইংল্যান্ডের বোলারদের। অস্ট্রেলিয়ার লোয়ার অর্ডারে নামা বোলাররা বেশ ভালোই প্রতিরোধ গড়েছেন। ৪৩ বলে ৩৩ রান তোলা এই জুটি ভেঙেছে ৬৩ রান করা ক্যারি গাস অ্যাটকিনসনের বলে ইনিংসের ৮২.৬ ওভারে আউট হওয়ায়।

এরপর নবম উইকেট জুটিতে হঠাৎ করে পুরোদস্তুর ব্যাটসম্যান হয়ে যান অস্ট্রেলিয়ার পেসার স্টার্ক! দারুণ কিছু কেতাবি শট খেলার পাশাপাশি অন্য প্রান্তে বোল্যান্ডকেও টিকে থাকার প্রেরণা জোগান তিনি। ৯৬ বলে ৩৪ রানের অবিচ্ছিন্ন জুটি গড়া স্টার্ক ও বোল্যান্ডের ব্যাটে ভুগেছে ইংল্যান্ড। ৯৫ বলে ৪৬ রানে অপরাজিত স্টার্ক এবং ২৭ বলে ৭ রান নিয়ে অন্য প্রান্ত ধরে রেখেছেন বোল্যান্ড।

প্রথম ইনিংসে ১০০‍+ রানের লিড নেওয়ার পর অস্ট্রেলিয়া ঘরের মাঠে এর আগে মাত্র চারবার হেরেছে। এর মধ্যে সর্বশেষ হার ৩১ বছর আগে ১৯৯৪ সালে সিডনি টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।