Home Blog Page 280

যুক্তরাষ্ট্র থেকে এলো আরও ৬১ হাজার টন গম

০

মার্কিন যুক্তরাষ্ট্র ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আলোকে নগদ ক্রয় চুক্তি নম্বর জে টুজি ওয়ান এর অধীনে যুক্তরাষ্ট্র থেকে ৬০ হাজার ৮৭৫ মেট্রিক টন গম নিয়ে এম ভি উইকোটাটি নামের জাহাজটি মোংলা বন্দরের বহিঃনোঙরে পৌঁছেছে।

শনিবার খাদ্য মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ ইতোমধ্যে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট ভিত্তিতে যুক্তরাষ্ট্র থেকে গম আমদানি কার্যক্রম শুরু করছে। এই চুক্তির আওতায় মোট ৪ লাখ ৪০ হাজার মেট্রিক টন গম আমদানি করা হবে। এর প্রথম চালানে গত ২৫ অক্টোবর ২০২৫ তারিখে ৫৬ হাজার ৯৫৯ মেট্রিক টন গম এবং ৩ নভেম্বর ২০২৫ তারিখে দ্বিতীয় চালানে ৬০ হাজার ৮০২ মেট্রিক টন গম দেশে পৌঁছেছে। এটি আমদানিকৃত গমের তৃতীয় চালান।

চুক্তি মোতাবেক ৪ লাখ ৪০ হাজার মেট্রিক টন গমের মধ্যে যুক্তরাষ্ট্র থেকে তিনটি চালানে মোট ১ লাখ ৭৮ হাজার ৬৩৬ মেট্রিক টন গম দেশে পৌঁছেছে।

জাহাজে রক্ষিত গমের নমুনা পরীক্ষার কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। গমের নমুনা পরীক্ষা শেষে দ্রুত গম খালাসের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে গাংনীতে গণমিছিল

০

মেহেরপুর-২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আমজাদ হোসেনের ধানের শীষের পক্ষে অনুষ্ঠিত হয়েছে এক বিরাট গণমিছিল। বাঁশবাড়িয়া থেকে মিছিলটি শুরু হয়ে গাংনী বাজার এলাকায় এসে শেষ হয়।

শনিবার বিকেলে মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের গাংনী অংশজুড়ে এ গণমিছিল অনুষ্ঠিত হয়।

গণমিছিলে নেতৃত্ব দেন বিএনপির দলীয় প্রার্থী সাবেক এমপি ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমজাদ হোসেন। এসময় গাংনী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু, গাংনী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও পৌর বিএনপির সাবেক সভাপতি মোরাদ আলী, মেহেরপুর জেলা বিএনপির সাবেক সহসভাপতি মতিয়ার রহমান মোল্লাহ, জেলা কৃষক দলের সভাপতি মাহবুবুর রহমান, গাংনী পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবলু, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাজমুল হুসাইনসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ, জেলা ও উপজেলা বিএনপির শীর্ষস্থানীয় নেতা, যুবদলুছাত্রদলুস্বেচ্ছাসেবকদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। এদিকে বিভিন্ন এলাকা থেকে আসা খন্ড খন্ড মিছিলকে ঘিরে পুরো এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।

গাংনী উপজেলার বিভিন্ন গ্রাম থেকে দলে দলে মানুষ মিছিলে যোগ দেন। পুরুষ ভোটারের পাশাপাশি নারীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড, মাথার উপরে উড়তে থাকা ধানের শীষের প্রতীক—সব মিলিয়ে মহাসড়কজুড়ে তৈরি হয় নির্বাচনী উচ্ছ্বাস।

মিছিল চলাকালে আমজাদ হোসেন সমর্থকদের উদ্দেশে হাত নাড়ে অভিবাদন জানান। নেতাকর্মীদের শ্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। নির্বাচনে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে তিনি আহ্বান জানান গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ থাকার। মিছিলে অংশ নেওয়া অনেক নারী ভোটার বলেন, পরিবর্তনের স্বপ্ন নিয়ে তারা ধানের শীষকে সমর্থন করছেন। দিনভর আয়োজনে অংশ নেয়া কর্মী-সমর্থকদের উপস্থিতিতে গণমিছিলটি পরিণত হয় এক বিশাল শো-অফ-স্ট্রেংথে।

সুষ্ঠু নির্বাচন করতে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চাইলেন সিইসি

০

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য পরিবেশে আয়োজন করতে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা ও পরামর্শ চেয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন।

রোববার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সাথে দ্বিতীয় দিনের প্রথম পর্বের সংলাপে স্বাগত বক্তব্যে এই আহ্বান জানান তিনি।

সিইসি বলেন, নির্বাচন কমিশন একা এই বিশাল কর্মযজ্ঞ সম্পন্ন করতে পারে না। বিশেষ করে জাতীয় নেতৃবৃন্দ, যাদের সরাসরি ভোটারদের প্রভাবিত করার ক্ষমতা আছে, তাদের সহযোগিতা অপরিহার্য।

তিনি বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকে কমিশনকে অনেকগুলো বড় ও চ্যালেঞ্জিং কাজে হাত দিতে হয়েছে। কাজের চাপের কারণে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করতে কিছুটা বিলম্ব হয়েছে।

কমিশনের কয়েকটি প্রধান কাজ ও সাফল্য প্রসঙ্গে সিইসি জানান, ভোটার তালিকা হালনাগাদ ছিল একটি বিশাল কর্মযজ্ঞ। প্রায় ৭৭ হাজার লোক এই কাজে মাঠে কাজ করেছে। এছাড়া প্রায় ২১ লাখ মৃত ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে এবং ৪০ লাখেরও অধিক লেফট আউট ভোটারকে, যারা ভোটের যোগ্য কিন্তু তালিকায় নাম ছিল না, তাদের শনাক্ত করে অন্তর্ভুক্ত করা হয়েছে।

নতুন উদ্যোগ ও ইনিশিয়েটিভ এর বিষয়ে সিইসি বলেন, ডায়াসপোরাদের ভোটদানের ব্যবস্থা করা হয়েছে। এটি অত্যন্ত জটিল ও নতুন একটি উদ্যোগ। নির্বাচনী দায়িত্বে নিয়োজিত প্রায় ১০ লাখ লোক (আইনশৃঙ্খলা বাহিনী, পোলিং ও প্রিসাইডিং অফিসার) যাতে নিজেরা ভোট দিতে পারেন, সেই উদ্যোগ নেওয়া হয়েছে।

দেশের বাইরে পোস্টেড সরকারি চাকরিজীবীদের ভোটদানের ব্যবস্থা করা হয়েছে এবং কারাগারে থাকা নাগরিকদের ভোট দেওয়ার ব্যবস্থা নিয়ে উদ্যোগ নেওয়ার কথা তুলে ধরেন নাসির উদ্দীন। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা বিলম্বে শুরু হওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা এত কাজের চাপের মধ্যে পড়ে গেছি। তবে নির্বাচনী ব্যবস্থা সংস্কার কমিশন তাদের পক্ষ থেকে কাজটি অনেক দূর এগিয়ে নিয়ে গেছে। সংস্কার কমিশন রিপোর্ট দেওয়ার আগে রাজনৈতিক দলের নেতারাসহ বিভিন্ন পক্ষের সঙ্গে ৮০টির বেশি সংলাপ করেছে। ঐক্যমত্য কমিশনেও নেতাদের সঙ্গে আলাপ আলোচনা হয়েছে। সেই সঙ্গে সরকারের পক্ষ থেকেও সংস্কার কমিশনের কিছু বিষয় স্ব-উদ্যোগে বাস্তবায়নের ঘোষণা ছিল।

নির্বাচনী আচরণ বিধিমালার গুরুত্ব তুলে ধরে সিইসি বলেন, আচরণ বিধিমালা তৈরির পর তা দীর্ঘদিন ওয়েবসাইটে রাখা হয়েছিল এবং রাজনৈতিক দলগুলোর লিখিত মতামত নিয়ে এতে সমন্বয় করা হয়েছে। নির্বাচনী আচরণ বিধিমালা সুষ্ঠুভাবে পরিপালনের ওপরেই একটি সুন্দর নির্বাচন অনেকাংশে নির্ভর করে। রাজনৈতিক নেতৃবৃন্দকে মনোযোগ দিয়ে আচরণ বিধিমালাটি পড়ে দেখতে এবং তাদের দলের কর্মীদের কাছে প্রচারের ব্যবস্থা করতে হবে।

পরে নিবন্ধিত ছয়টি দলের সঙ্গে সংলাপ শুরু হয়। এই ছয়টি দল হচ্ছে- গণফোরাম, গণফ্রন্ট, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ সুপ্রিম পার্টি-বিএসপি ও বাংলাদেশ জাতীয় পার্টি। এদিন দুপুর ২টা থেকে বিকেল চারটা পর্যন্ত ইসি আরও ছয়টি দল বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল-বাংলাদেশ জাসদ, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ, তৃণমূল বিএনপি, কৃষক শ্রমিক জনতা লীগ, বাংলাদেশ খেলাফত মজলিস ও ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে মতবিনিময় করবে।

এর আগে বৃহস্পতিবার সংলাপের প্রথম দিনে ১২টি দলের সঙ্গে দুই পর্বে মতবিনিময় হয়। মোট ৫৩টি নিবন্ধিত দলে সঙ্গে সংলাপ চলতি মাসের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে।

লিবিয়া উপকূলে ২৬ বাংলাদেশিকে নিয়ে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু

উত্তর আফ্রিকার দেশ লিবিয়ার উপকূলে ২৬ বাংলাদেশিকে নিয়ে একটি নৌকা ডুবে গেছে। এতে চার বাংলাদেশির মৃত্যু হয়েছে। এছাড়া একই উপকূলে অর্ধশতাধিক সুদানিসহ পৃথক আরেকটি নৌকাডুবির ঘটনা ঘটেছে।

দ্বিতীয় ঘটনায় অবশ্য হতাহতের কোনও ঘটনা ঘটেনি। উত্তর-পশ্চিম লিবিয়ার আল-খোমস উপকূলে এই ঘটনা ঘটে। রোববার (১৬ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড।

সংবাদমাধ্যমটি বলছে, উত্তর-পশ্চিম লিবিয়ার আল-খোমস উপকূলে প্রায় ১০০ জনকে বহনকারী দুটি অভিবাসী নৌকাডুবির ঘটনায় কমপক্ষে চারজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে লিবিয়ান রেড ক্রিসেন্ট।

সংস্থাটি জানায়, বৃহস্পতিবার রাতে আল-খোমসের তীরের কাছে উল্টে যাওয়া দুটি নৌকার খবর তারা পায়। প্রথম নৌকাটিতে ছিলেন বাংলাদেশের ২৬ নাগরিক। তাদের মধ্যে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

আর দ্বিতীয় নৌকাটিতে ছিলেন মোট ৬৯ জন। এর মধ্যে দুজন মিসরীয় এবং বাকি ৬৭ জন সুদানি নাগরিক। তাদের মধ্যে আটজন শিশু।

রেড ক্রিসেন্ট জানায়, দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে জীবিতদের উদ্ধার। এছাড়া মৃতদের মরদেহ উদ্ধারের পাশাপাশি সবাইকে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার কাজও তারা করে।

মূলত অবৈধভাবে ভূমধ্যসাগর দিয়ে ইউরোপ যাওয়ার জন্য বেশ পরিচিত এবং জনপ্রিয় রুট হচ্ছে লিবিয়া। ২০১১ সালে লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফি ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশটি ইউরোপগামী অভিবাসীদের ট্রানজিট রুটে পরিণত হয়। বর্তমানে সাড়ে ৮ লাখেরও বেশি অভিবাসী লিবিয়ায় অবস্থান করছে। গাদ্দাফির শাসনামলে আফ্রিকার বিভিন্ন দেশের অভিবাসীরা তেলসমৃদ্ধ লিবিয়ায় কাজ পেত, কিন্তু তার পতনের পর থেকে দেশটি প্রতিদ্বন্দ্বী মিলিশিয়াদের সংঘাতে জর্জরিত হয়ে পড়েছে।

অধিকার সংগঠন ও জাতিসংঘ সংস্থাগুলো বলছে, লিবিয়ায় শরণার্থী ও অভিবাসীরা নিয়মিতভাবে নির্যাতন, ধর্ষণ ও চাঁদাবাজির শিকার হয়ে থাকে।

অবশ্য অবৈধ অভিবাসন ঠেকাতে সাম্প্রতিক বছরগুলোতে ইউরোপীয় ইউনিয়ন লিবিয়ার কোস্টগার্ডকে বিভিন্ন সরঞ্জাম ও অর্থসহায়তা দিয়েছে। কিন্তু ওই কোস্টগার্ডের সঙ্গেই নির্যাতন ও অপরাধে জড়িত মিলিশিয়ার সম্পর্ক থাকার অভিযোগ উঠেছে।

এছাড়া মানবাধিকার সংগঠনগুলো বলছে, ইউরোপের দেশগুলো রাষ্ট্রীয় উদ্ধার অভিযান ধাপে ধাপে বন্ধ করায় সমুদ্রযাত্রা আরও বিপজ্জনক হয়ে উঠেছে। একইসঙ্গে ভূমধ্যসাগরে উদ্ধার কাজে নিয়োজিত দাতব্য সংস্থাগুলোও বিভিন্ন রাষ্ট্রের কাছ থেকে দমনমূলক পদক্ষেপের সম্মুখীন হয়েছে।

২০২৬ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানালো আরব আমিরাত

২০২৬ সালে ঈদুল ফিতর শুক্রবার, ২০ মার্চ হতে পারে বলে জানিয়েছে এমিরেটস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি। সংস্থার চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানান, আরব আমিরাতে ১৪৪৭ হিজরির রমজানের চাঁদ ১৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় দেখা যেতে পারে। তবে সেদিন খালি চোখে চাঁদ দেখা কঠিন হতে পারে বলেও তিনি উল্লেখ করেন।

জ্যোতির্বিদদের হিসাব অনুযায়ী, রমজান শুরু হতে পারে বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি। এই বছর রমজান ৩০ দিন পূর্ণ হতে পারে বলে অনুমান করা হচ্ছে। ফলে সরকারি ছুটির তালিকায় আরও এক দিনের বেশি ছুটি যুক্ত হতে পারে।

পূর্বাভাস অনুযায়ী, আরব আমিরাতে ১৯ মার্চ (বৃহস্পতিবার) থেকে ২২ মার্চ (রোববার) পর্যন্ত চার দিনের সম্ভাব্য ঈদ ছুটি থাকতে পারে। ছুটির পর ২৩ মার্চ সোমবার থেকে স্বাভাবিক কার্যক্রম শুরু হবে।

চূড়ান্তভাবে রমজান ও ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করবে ইউএই মুন-সাইটিং কমিটি। তবে জ্যোতির্বৈজ্ঞানিক পূর্বাভাসে বলা হচ্ছে, ২০ মার্চই সবচেয়ে সম্ভাব্য ঈদের দিন।

গালফ নিউজ শনিবার (১৫ নভেম্বর) এক প্রতিবেদনে জানায়, ঈদুল ফিতর মুসলমানদের অন্যতম পবিত্র উৎসব হওয়ায় চাঁদ দেখার আগে রাষ্ট্রীয়ভাবে কোনো তারিখ ঘোষণা করবে না আরব আমিরাত কর্তৃপক্ষ। ধর্মীয় অনুভূতি ও শারঈ বিধান মেনে চাঁদ দেখা নিশ্চিত হওয়ার পরেই আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।

১২ রাজনৈতিক দলের সঙ্গে ইসির সংলাপ শুরু

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ১২টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ সংলাপ শুরু হয়।

সংলাপে যোগ দিয়েছে গণফোরাম, গণফ্রন্ট, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) ও বাংলাদেশ জাতীয় পার্টির নেতারা।

একই দিন দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল (বাংলাদেশ জাসদ), বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, বাংলাদেশ ন্যাপ, তৃণমূল বিএনপি, কৃষক শ্রমিক জনতা লীগ, বাংলাদেশ খেলাফত মজলিস ও ইসলামী আন্দোলন বাংলাদেশ সংলাপে অংশ নেবে।

সোমবার (১৭ নভেম্বর) জামায়াতে ইসলামীসহ ১২টি দলের সঙ্গে সংলাপে বসবে ইসি।

দেশের বাজারে স্বর্ণের দাম কমলো, ভরি ২ লাখ ৮ হাজার টাকা

স্বর্ণ বিশ্বের অন্যতম লোভনীয় সম্পদ। যেকোনো দেশে ঝুঁকি এড়াতে সোনা মজুত করে সরকার। কেন্দ্রীয় ব্যাংকগুলোতে সেই পরিমাণ বেড়ে গেলে স্বর্ণের মূল্য বৃদ্ধি পায়। অনেক সময় কোনো দেশের মুদ্রার ব্যাপক অবমূল্যায়ন ঘটে। সেক্ষেত্রে নিজেদের সম্পদ রক্ষার্থে স্বর্ণ বিনিয়োগ করেন ব্যবসায়ীরা। ফলে তাদের কাছে ধাতুটির আকর্ষণ বাড়ে। সেই সঙ্গে দামও ঊর্ধ্বমুখী হয়। আবার ডলারের দাম বাড়লে স্বর্ণের দর হ্রাস পায়। আবার ডলারের মূল্য নিম্নমুখী হলে স্বর্ণের দাম বেড়ে যায়। এসব কারণে স্বর্ণের দাম কখনও বাড়ছে আবার কখনও কমছে। এবার দেশের বাজারে স্বর্ণের দাম আরও কিছুটা কমানো হয়েছে।

স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পাকা স্বর্ণ) দাম কমার পরিপ্রেক্ষিতে দুই দিনের ব্যবধানে দেশের বাজারে মূল্যবান এই ধাতুটির দাম কমানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম কমানো হয়েছে ৫ হাজার ৪৪৭ টাকা। ফলে এখন এক ভরি স্বর্ণের দাম কমে দাঁড়িয়েছে ২ লাখ ৮ হাজার ২৭২ টাকা। আজ রবিবার (১৬ নভেম্বর) থেকে নতুন দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৫ হাজার ৪৪৭ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৮ হাজার ২৭২ টাকা। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৫ হাজার ২০২ টাকা কমিয়ে ১ লাখ ৯৮ হাজার ৮০১ টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৪ হাজার ৪৫৫ টাকা কমিয়ে নতুন দাম ১ লাখ ৭০ হাজার ৩৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ৩ হাজার ৮০৩ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪১ হাজার ৭১৭ টাকা।

এর আগে গত ১৪ নভেম্বর সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৫ হাজার ২৪৮ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয় ২ লাখ ১৩ হাজার ৭১৯ টাকা। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৫ হাজার ৪ টাকা বাড়িয়ে ২ লাখ ৪ হাজার ৩ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৪ হাজার ২৯২ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয় ১ লাখ ৭৪ হাজার ৮৫৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ৩ হাজার ৬৬৩ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয় ১ লাখ ৪৫ হাজার ৫২০ টাকা।

এদিকে স্বর্ণের দাম কমানো হলেও রূপার দাম অপরিবর্তিত রয়েছে। ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি রূপার দাম ৪ হাজার ২৪৬ টাকা, ২১ ক্যারেটের এক ভরি রূপার দাম ৪ হাজার ৪৭ টাকা। ১৮ ক্যারেটের এক ভরি রূপার দাম ৩ হাজার ৪৭৬ টাকা এবং সনাতনী এক ভরি রূপার দাম ২ হাজার ৬০১ টাকা নির্ধারণ করা হয়েছে।

ভরা মঞ্চে রাশমিকাকে বিজয়ের চুম্বন!

০
দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা ও অভিনেতা বিজয় দেবেরাকোন্ডার প্রেমের গুঞ্জন বেশ কিছুদিন ধরেই আলোচনায় আছে। তবে এবার তারা প্রকাশ্যেই একে অপরের প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন। যা আবার ক্যামেরাবন্দিও করেছেন পাপারাজ্জিরা।
সম্প্রতি হায়দরাবাদে মুক্তি পাওয়া চলচ্চিত্র ‘দ্য গার্লফ্রেন্ড’-এর সাফল্য উদযাপন অনুষ্ঠানে একসঙ্গে উপস্থিত হন এই তারকা জুটি। সেখানে মঞ্চে রাশমিকার হাত ধরে তাকে চুম্বন করেন বিজয়। দর্শক ও সাংবাদিকদের সামনেই ঘটে সেই মুহূর্ত।
এই ঘটনায় কিছুটা লজ্জা পেলেও হাসিমুখে প্রেমিকের প্রতি ভালোবাসার বার্তা দেন রাশমিকা। অনুষ্ঠানে তিনি বলেন, ‘প্রত্যেকের জীবনে একজন বিজয় দেবেরাকোন্ডার মতো মানুষ থাকা উচিত। ওর মতো একজনকে পাশে পাওয়া সত্যিই আশীর্বাদ।’
তিনি আরও যোগ করেন, ‘বিজু, তুমি শুরু থেকেই এই সিনেমার অংশ ছিলে। আজ এই সাফল্যের আনন্দে তোমাকে পাশে পেয়ে ভালো লাগছে।’
রাশমিকা জানান, ‘দ্য গার্লফ্রেন্ড’ ছবির কাজের সময় থেকেই বিজয় তার পাশে ছিলেন। তার এই বক্তব্যের পর থেকেই তাদের বিয়ের খবর আরও জোরালো হয়েছে।
ভারতীয় গণমাধ্যমের তথ্যমতে, আগামী ২০২৬ সালের ২৬ ফেব্রুয়ারি রাজস্থানের উদয়পুরে রাজকীয় আয়োজনে বিয়ে করতে চলেছেন এই দুই তারকা। পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতেই হবে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা।

তৃতীয় দিনেই জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ

০
সিলেট টেস্টের তৃতীয় দিনেই জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। প্রথম ইনিংসে আয়ারল্যান্ডের করা ২৮৬ রানের জবাবে মাহমুদুল হাসান জয় (১৭১) ও নাজমুল হোসেন শান্তর (১০০) জোড়া সেঞ্চুরিতে ভর করে ৮ উইকেটে ৫৮৭ রান নিয়ে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ।
৩০১ রানে পিছিয়ে থেকে বৃহস্পতিবার দ্বিতীয় দিনের শেষ বিকালে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমেই বিপদে পড়ে যায় আইরিশরা।
দ্বিতীয় দিনের খেলা শেষে আয়ারল্যান্ডের সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ৮৬ রান। ৪ ও শূন্য রানে অপরাজিত আছেন অ্যান্ডি ম্যাকবার্ন  ও ম্যাথিউ হ্যাম্পার। ৪৩ রান করে রান আউট হয়েছেন ওপেনার পল স্টারলিং। ১৮ রান করে ফেরান হ্যারি টকার।

১৬৪ টাকায় সয়াবিন তেল ও ৯৪ টাকায় চিনি কিনবে সরকার

০
আন্তর্জাতিকভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে সংযুক্ত আরব আমিরাত ও ইস্তানবুল থেকে ১ লাখ ২০ হাজার লিটার সয়াবিন তেল এবং ১২ হাজার ৫০০ মেট্রিক টন পরিশোধিত চিনি কিনবে সরকার। প্রতি কেজি সয়াবিন তেল ১৬৪.২১০ টাকা এবং প্রতি কেজি চিনি কেনা হবে ৯৪.৯৪২ টাকায়। এতে মোট ব্যয় হবে ২৩৭ কোটি ১৩ লাখ ১৯ হাজার ২০০ টাকা।
বুধবার (১২ নভেম্বর) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালাহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়।
বৈঠক সূত্রে জানা যায়, বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে উন্মুক্ত দরপত্র (আন্তর্জাতিক) পদ্ধতিতে ১২ হাজার ৫০০ মেট্রিক টন পরিশোধিত চিনি ক্রয়ের প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার।
সুপারিশকৃত দরদাতা প্রতিষ্ঠান হলো ইস্তানবুলের বেগালতা ড্যানিসমানলিক হিজমেটলেরি এ এস ওমের অবনি এমএইচ ইনোনু সিডি। প্রতিষ্ঠানটি থেকে এই চিনি কিনতে ব্যয় হবে ৭৮ কোটি ২৫ লাখ ৬৫ হাজার টাকা। প্রতি কেজি ৯৪.৯৪২ টাকা।
অপর এক প্রস্তাবে বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিকভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ১ লাখ ২০ হাজার লিটার সয়াবিন তেল ক্রয়ের প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার।
সুপারিশকৃত দরদাতা প্রতিষ্ঠান হলো সংযুক্ত আরব আমিরাতের ক্রেডেন্টোন এফজেডসিও দ্য প্যালাডিয়াম। প্রতিষ্ঠানটি থেকে এই তেল কিনতে ব্যয় হবে ১৫৮ কোটি ৮৭ লাখ ৫৯ হাজার ২০০ টাকা। প্রতি লিটার সয়াবিনের দাম পড়বে ১৬৪.২১০ টাকা।