Home Blog Page 3

জাতীয় ঐক্যের সরকার গঠনের আহ্বান নেতানিয়াহুর, আইজেনকট বললেন ‘ধাপ্পাবাজি’

ইসরায়েলে জাতীয় ঐক্যের সরকার গঠনের আহ্বান জানিয়েছেন দেশটির অন্তর্বর্তী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে তার এ আহ্বান প্রত্যাখ্যান করেছেন নতুন জোট সরকার গঠনের দায়িত্ব পাওয়া গাদি আইজেনকট। নেতানিয়াহুর এ উদ্যোগকে ‘ধাপ্পাবাজি’ বলে মন্তব্য করেছেন তিনি।

গাদি আইজেনকট ইসরায়েলের সাবেক সেনাপ্রধান এবং ইয়াশার পার্টির নেতা। তিনি নেতানিয়াহুর বিরোধী হিসেবে পরিচিত। এবারের নির্বাচনে কোনো দল বা জোট একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় নতুন সরকার গঠনের দায়িত্ব পেয়েছেন আইজেনকট। দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ গত ৮ নভেম্বর তাকে এ দায়িত্ব দেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে আইজেনকট বলেন, ‘এটা সর্বশেষ ধাপ্পাবাজি। সরকার গঠন নিয়ে আলোচনার সময় আগেই নির্ধারিত হয়েছে। এখন নেতানিয়াহু আলোচনার আহ্বান জানাচ্ছেন। তিনি ঐক্যের কথা বলছেন। অথচ তিনি নেসেটে (ইসরায়েলের পার্লামেন্ট) আয়োজিত রাষ্ট্রীয় অনুষ্ঠানকে কলঙ্কিত করছেন।’

আইজেনকট আরও বলেন, ‘এই কৌশল আমার সঙ্গে খাটবে না।’

এর আগে এক ভিডিও বার্তায় নেতানিয়াহু জাতীয় ঐক্যের সরকার গঠনের আহ্বান জানান। তিনি বলেন, গত বৃহস্পতিবার আইজেনকটের সঙ্গে বৈঠকের পর জাতীয় ঐক্যের সরকার গঠনের প্রয়োজনীয়তা সম্পর্কে তার বিশ্বাস আরও দৃঢ় হয়েছে।

নির্বাচন-পরবর্তী সময়ে ইসরায়েলের তত্ত্বাবধায়ক সরকারপ্রধানের দায়িত্ব পালন করছেন নেতানিয়াহু। লিকুদ পার্টির এই নেতা বলেন, জাতীয় ঐক্যের সরকার গঠিত হলে তা ‘ইরানের হুমকিকে চিরতরে নির্মূল’ করতে পারবে। তার দাবি, তা না হলে ইরান ইসরায়েলের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে দ্বিধা করবে না।

ইসরায়েলের দীর্ঘদিনের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরাতে চান আইজেনকট। এ ক্ষেত্রে তাকে সমর্থনের কথা জানিয়েছে এবারের নির্বাচনে ভালো ফল করা আরব নেতৃত্বাধীন দলগুলো। তবে মতাদর্শিক বিরোধ থাকা সত্ত্বেও আইজেনকট আগে বলেছিলেন, সরকার গঠনের জন্য তিনি আরব দলগুলোর সঙ্গে জোট করবেন না।

গত ২৭ অক্টোবর ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের নির্বাচন অনুষ্ঠিত হয়। ১২০ আসনের নেসেটে সরকার গঠনের জন্য প্রয়োজন ৬১টি আসন। নির্বাচনে আইজেনকটের চার দলের জোট পেয়েছে ৪৮টি আসন। অন্যদিকে নেতানিয়াহুর নেতৃত্বাধীন ডানপন্থী ও ধর্মীয় দলগুলোর জোট পেয়েছে ৫৩টি আসন। আরব নেতৃত্বাধীন দলগুলো পেয়েছে ১৯টি আসন।

নির্বাচনের পর সরকার গঠনে তৎপরতা শুরু করে দুই পক্ষই। নিয়ম অনুযায়ী, ৮ নভেম্বর আইজেনকটকে নতুন জোট সরকার গঠনের জন্য ২৮ দিন সময় দিয়েছেন প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ। প্রয়োজন হলে এ সময়সীমা আরও ১৪ দিন বাড়ানো যাবে।

পূর্বাচলে আজ শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো

০

বিশ্ববাজারে দেশি পণ্যের পরিচিতি তুলে ধরা এবং রপ্তানি পণ্যের বৈচিত্র্য বাড়াতে আজ রোববার ঢাকায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘গ্লোবাল সোর্সিং এক্সপো ২০২৬’। পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে এ প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) ও বাণিজ্য মন্ত্রণালয় যৌথভাবে দ্বিতীয়বারের মতো এ আয়োজন করছে। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মেলা চলবে।

প্রদর্শনীতে দেশের ১৬১টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, জাপান, সংযুক্ত আরব আমিরাত, আর্জেন্টিনা, ভারত, পাকিস্তান, আফগানিস্তানসহ বিভিন্ন দেশের ক্রেতা ও সোর্সিং প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও অংশ নেবেন।

গতকাল শনিবার ইপিবির সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংস্থাটির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাসান আরিফ।

হাসান আরিফ বলেন, এবারের আয়োজনে অটোমোবাইল ও বাইসাইকেল, পেপার ও প্যাকেজিং, সিরামিকস ও টেবিলওয়্যার এবং হালকা প্রকৌশল–এই নতুন চারটি খাত যুক্ত করা হয়েছে। এছাড়া তৈরি পোশাক ও টেক্সটাইল, চামড়া ও চামড়াজাত পণ্য, পাটজাত পণ্য ও হস্তশিল্প, কৃষি ও কৃষিজাত পণ্য, প্লাস্টিক ও কিচেনওয়্যার, ফার্নিচার ও হোম ডেকর, ফার্মাসিউটিক্যাল, আইসিটিসহ মোট ১২টি খাতের প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। ইপিবির প্রত্যাশা, প্রদর্শনীর মাধ্যমে নতুন বাজার অনুসন্ধান, আন্তর্জাতিক ব্র্যান্ডের সঙ্গে অংশীদারিত্ব এবং দীর্ঘমেয়াদি রপ্তানি চুক্তির সুযোগ তৈরি হবে।

শেখ হাসিনা পলাতক অপরাধী, পাসপোর্ট পাওয়ার সুযোগ নেই: রিজভী

০

১৯৭৩ সালের পাসপোর্ট আইনের আওতায় শেখ হাসিনাকে ‘মানবতাবিরোধী অপরাধী’ উল্লেখ করে তার দেশে ফেরার বা পাসপোর্ট পাওয়ার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, আইনের আওতায় তার যে দণ্ড হয়েছে, আর যেসব মামলা বিচারাধীন রয়েছে, সেগুলোর প্রতিটি দণ্ডই তাকে ভোগ করতে হবে।

শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের উদ্যোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন। মিছিলটি জাতীয় প্রেস ক্লাব থেকে শুরু হয়ে শাহবাগে গিয়ে শেষ হয়।

শেখ হাসিনার বিচার প্রসঙ্গে রুহুল কবির রিজভী বলেন, ১৯৭৩ সালের পাসপোর্ট আইন অনুযায়ী শেখ হাসিনা একজন পলাতক মানবতাবিরোধী অপরাধী। তিনি দেশে ফিরতে পারেন না। মানবতাবিরোধী অপরাধ, মানুষ হত্যা, ছাত্র হত্যা ও শ্রমিক হত্যার জন্য তার যে দণ্ড হয়েছে এবং যেসব বিচারাধীন রয়েছে, সেগুলোর প্রতিটি দণ্ড তাকে ভোগ করতে হবে।

আওয়ামী লীগের নেতাদের সমালোচনা করে তিনি বলেন, দলটির নেতারা কলকাতায় ফ্ল্যাট কিনে দ্বিতীয় ও তৃতীয় স্ত্রী নিয়ে জীবন-যাপন করছেন। কেউ থাইল্যান্ডের ব্যাংককে, কেউ সিঙ্গাপুরে অবস্থান করছেন। অথচ দেশে দলের তৃণমূলের কর্মীদের হাতে বোমা দিয়ে এখানে-সেখানে আতশবাজি করানো হচ্ছে।

যুবদল ও বিএনপির নেতা-কর্মীদের উদ্দেশ্যে রিজভী বলেন, এসব কর্মকাণ্ড করে জাতীয়তাবাদী যুবদল ও বিএনপির অন্য অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের ভয় দেখানো যাবে না। গুম-খুন ও নানা নিপীড়নের মধ্যেও তারা বুক চিতিয়ে লড়াই করেছেন। রবিউল ইসলাম নয়নও অনেক অত্যাচার ও শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন, তারপরও তাদের মাথা নত করানো যায়নি।

ফ্যাসিবাদ প্রতিরোধের ঘোষণা দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, জাতীয়তাবাদী শক্তির মাথা নত করা যাবে না। ফ্যাসিবাদের যে স্বপ্ন তৈরি হয়েছে, তা প্রতিরোধ করতে সারা দেশের জাতীয়তাবাদী ও গণতান্ত্রিক শক্তি পথে পথে ব্যারিকেড গড়ে তুলবে।

কর্মসূচিতে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন, ছাত্রদলের সহ-সভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়ালসহ যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

পানিবণ্টন সমস্যার সমাধানে বহুপক্ষীয় উদ্যোগ দরকার আলোচনা সভায় বক্তারা

নদী বাংলাদেশের অস্তিত্বের সঙ্গে জড়িত। তাই নদী ও পানির সমস্যা দ্রুত সমাধান করতে হবে। গঙ্গা, তিস্তাসহ অভিন্ন নদীর পানিবণ্টন নিয়ে সৃষ্ট সংকট নিরসনে সরকারকে শুধু ভারতের দিকে তাকিয়ে থাকলে হবে না। এ ক্ষেত্রে দ্বিপক্ষীয় নয়, বহুপক্ষীয় উদ্যোগ প্রয়োজন। জাতিসংঘসহ বিভিন্ন দেশের মাধ্যমে কূটনৈতিক তৎপরতা চালিয়ে এ সমস্যার সমাধান করতে হবে।
গতকাল শনিবার জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে গণসংহতি আন্দোলন (জিএসএ) আয়োজিত ‘ফারাক্কা চুক্তির ৩০ বছর: অভিন্ন নদীর পানিবণ্টন ও আমাদের করণী’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ সভার আয়োজন করা হয়।

সভায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, আওয়ামী লীগ ও শেখ হাসিনার পতনকে ভারত তার নিজের এবং তাদের ‘বাংলাদেশ নীতির পরাজয়’ হিসেবে দেখছে। দেশটির নীতিনির্ধারকদের এ অবস্থান থেকে বেরিয়ে আসা প্রয়োজন। বাংলাদেশের সঙ্গে ভারতের বৈরিতা কেউ চায় না। সমতা, ন্যায্যতা ও আন্তর্জাতিক বিধিবিধান মেনে দ্বিপক্ষীয় সংকটের ন্যায্য সমাধান চায় বাংলাদেশ।
গঙ্গা ও তিস্তার পানিবণ্টন চুক্তির ইস্যুতে ‘শেখ হাসিনা কার্ড’না খেলার জন্য ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়ে সাইফুল হক বলেন, এতদিন বলা হতো, মমতা বন্দ্যোপাধ্যায়ের কারণে তিস্তা চুক্তি হচ্ছে না। এখন তিনি না থাকায় ‘মমতা বন্দ্যোপাধ্যায় কার্ড’ খেলার সুযোগ নেই।

ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বাবলু বলেন, সরকারকে শুধু ভারতের দিকে তাকিয়ে না থেকে জাতিসংঘসহ বিভিন্ন দেশের মাধ্যমে কূটনৈতিক তৎপরতা চালিয়ে এ সমস্যার দ্রুত সমাধান করতে হবে।  নদী ও পরিবেশ বিশেষজ্ঞ মাহবুব সিদ্দিকী বলেন, ১৯৯৭ সালের জাতিসংঘের আন্তর্জাতিক নদীবিষয়ক সনদে বাংলাদেশের অবিলম্বে স্বাক্ষর করা উচিত। গঙ্গা নদীর পানির সঙ্গে ভারত, নেপাল, চীন ও বাংলাদেশ সরাসরি সম্পৃক্ত। তাই দ্বিপক্ষীয় নয়, বহুপক্ষীয় উদ্যোগ নিয়ে সংকট সমাধান করতে হবে।

সভাপতির বক্তব্যে গণসংহতি আন্দোলনের ভারপ্রাপ্ত প্রধান সমন্বয়কারী দেওয়ান আবদুর রশিদ নীলু বলেন, গ্যারান্টির ধারা ও সালিশির বিধান রেখে গঙ্গার পানিবণ্টন চুক্তি নতুন করে করতে হবে।
গণসংহতি আন্দোলনের রাজনৈতিক পরিষদের সদস্য হাসান মারুফ রুমীর সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন দলের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল ও নাগরিক ঐক্যের যুগ্ম সাধারণ সম্পাদক সাকিব আনোয়ার।

এইচএসসি পরীক্ষা সম্পূরক পরীক্ষায় বসছেন না আড়াই লাখ শিক্ষার্থী এক বা দুই বিষয়ে অকৃতকার্য ৪ লাখ ২২ হাজার ৯০৫ জন

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্যদের জন্য সম্পূরক পরীক্ষার সুযোগ দেওয়া হলেও আগ্রহ দেখাচ্ছেন না আড়াই লাখের বেশি শিক্ষার্থী। ১০টি শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, সম্পূরক পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছেন এক লাখ ৫৮ হাজার ২৬৮ জন। এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীর সংখ্যা চার লাখ ২২ হাজার ৯০৫।

গতকাল শনিবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান সমকালকে এ তথ্য জানান। তিনি বলেন, ১০টি শিক্ষা বোর্ডে মোট এক লাখ ৫৮ হাজার ২৬৮ শিক্ষার্থী সম্পূরক পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছেন। একটি বোর্ডের তথ্য এখনও পাওয়া যায়নি। দ্রুত তথ্য পাঠাতে সংশ্লিষ্ট বোর্ডকে বলা হয়েছে।

চলতি বছর ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেন ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন। তাদের মধ্যে পাস করেছেন ছয় লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। অকৃতকার্য হয়েছেন পাঁচ লাখ ৯৪ হাজার ১১৩ জন। পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। অকৃতকার্যদের মধ্যে এক বিষয়ে দুই লাখ ৯৮ হাজার ৪০ জন এবং দুই বিষয়ে এক লাখ ২৪ হাজার ৮৬৫ জন রয়েছেন।

গত ৩১ অক্টোবর ফল প্রকাশের দিন এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য সম্পূরক পরীক্ষার ঘোষণা দেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি জানিয়েছিলেন, এক মাসের মধ্যে এসব পরীক্ষা নেওয়া হবে। এরপর ৫ নভেম্বর থেকে ফরম পূরণ শুরু হয়ে ৯ নভেম্বর পর্যন্ত চলে।

যশোর বোর্ডে আবেদন ৩৯ হাজার
যশোর শিক্ষা বোর্ডের অধীনে খুলনা বিভাগের ১০ জেলায় সম্পূরক পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ করেছেন ৩৯ হাজার ২২৭ শিক্ষার্থী। চলতি বছর এ বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষায় অংশ নেন এক লাখ ১২ হাজার ৭৯১ জন। তাদের মধ্যে পাস করেছেন ৫০ হাজার ৬৬৮ জন।

যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম হোসেন আলী জানান, পরীক্ষার প্রয়োজনীয় প্রশাসনিক ও দাপ্তরিক প্রস্তুতি শেষ হয়েছে। খুলনা বিভাগের ১০ জেলার প্রতিটি উপজেলায় পরীক্ষাকেন্দ্র স্থাপন করা হবে। প্রতি ৩০০ থেকে ৫০০ পরীক্ষার্থীর জন্য একটি কেন্দ্র নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরীক্ষার পরিবেশ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিশেষজ্ঞরা যা বলেন
সুযোগ পেয়েও বিপুলসংখ্যক পরীক্ষার্থীর তা গ্রহণ না করার বিষয়ে অভিমত জানতে চাইলে গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী বলেন, এর পেছনে একাধিক কারণ রয়েছে। প্রথমত, দীর্ঘদিনের শিক্ষাজীবনে পরীক্ষায় অকৃতকার্য হওয়ার কারণে অনেক শিক্ষার্থী মানসিকভাবে ভেঙে পড়েছেন। দ্বিতীয়বার পরীক্ষা দিয়েও পাস করতে না পারার আশঙ্কা তাদের মধ্যে কাজ করছে। ফলে নতুন করে প্রস্তুতি নেওয়ার পরিবর্তে অনেকে পরীক্ষা থেকে দূরে থাকাকেই নিরাপদ মনে করছেন।

রাশেদা কে চৌধুরীর মতে, পরীক্ষার ফল বিপর্যয়ের পর শিক্ষার্থীদের মধ্যে আত্মবিশ্বাসের সংকট তৈরি হয়েছে। বিশেষ করে ইংরেজি ও আইসিটির মতো বিষয়ে দুর্বল শিক্ষার্থীরা মনে করছেন, অল্প সময়ে প্রস্তুতি নিয়ে ভালো করা সম্ভব নয়। এর সঙ্গে যুক্ত হয়েছে বিশ্ববিদ্যালয়ে ভর্তি, কর্মমুখী শিক্ষা কিংবা বিকল্প পেশায় যাওয়ার চিন্তা।

অনেক শিক্ষাবিদ মনে করেন অকৃতকার্য হওয়ার পরপরই শিক্ষার্থীদের জন্য কার্যকর কাউন্সেলিং ও একাডেমিক সহায়তার ব্যবস্থা করা হয়নি। কোনো বিষয়ে কেন তারা পিছিয়ে পড়েছেন, কীভাবে অল্প সময়ে প্রস্তুতি নিয়ে উত্তীর্ণ হওয়া সম্ভব—এ বিষয়ে দিকনির্দেশনার অভাব রয়েছে। অনেক শিক্ষার্থী কলেজের নিয়মিত পাঠদান থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। ফলে নতুন করে প্রস্তুতি নেওয়ার মতো পরিবেশও তারা পাচ্ছেন না।

শিক্ষা বিশেষজ্ঞদের মতে কেন এত বিপুলসংখ্যক শিক্ষার্থী দ্বিতীয় সুযোগ গ্রহণ করছে না, তা অনুসন্ধান করা জরুরি। শিক্ষা বোর্ড ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর উচিত শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ করে অনাগ্রহের কারণ চিহ্নিত করা। পাশাপাশি বিনামূল্যে বিশেষ ক্লাস, বিষয়ভিত্তিক পরামর্শ, অনলাইন প্রস্তুতি সহায়তা ও মানসিক কাউন্সেলিংয়ের ব্যবস্থা করা প্রয়োজন। তা না হলে বিপুলসংখ্যক শিক্ষার্থীর শিক্ষাজীবন দীর্ঘায়িত হওয়ার পাশাপাশি ঝরে পড়ার ঝুঁকিও বাড়তে পারে।

পরীক্ষা শুরু ২ ডিসেম্বর 
গত বৃহস্পতিবার সম্পূরক পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে শিক্ষা বোর্ড। সূচি অনুযায়ী, আগামী ২ ডিসেম্বর ইংরেজি প্রথম পত্রের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হবে পরীক্ষা। লিখিত পরীক্ষা চলবে ১৭ ডিসেম্বর পর্যন্ত। প্রথম দিন ইংরেজি প্রথম পত্র, ৩ ডিসেম্বর বাংলা প্রথম ও দ্বিতীয় পত্র, ৪ ডিসেম্বর পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যা এবং ৬ ডিসেম্বর তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিষয়ের পরীক্ষা হবে। ১৭ ডিসেম্বর অর্থনীতি ও আরবি বিষয়ের পরীক্ষার মধ্য দিয়ে লিখিত পরীক্ষা শেষ হবে। নির্ধারিত সময়ের মধ্যে ব্যবহারিক পরীক্ষাও সম্পন্ন করতে হবে।

আগে এসএসসি ও এইচএসসির মতো পাবলিক পরীক্ষায় এক বা একাধিক বিষয়ে অকৃতকার্য হলে পরবর্তী বছর আবার পরীক্ষায় বসতে হতো। সেক্ষেত্রে শুধু অকৃতকার্য বিষয়গুলো অথবা ইচ্ছা করলে সব বিষয়ে পরীক্ষা দেওয়ার সুযোগ ছিল। এবার বিশেষ ব্যবস্থায় দ্রুত সম্পূরক পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তে শিক্ষার্থীদের এক বছর অপেক্ষার প্রয়োজন হচ্ছে না।

সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরাও ২০২৬-২৭ শিক্ষাবর্ষে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবেন। একই সুযোগ পাবেন উত্তরপত্র পুনর্নিরীক্ষণের মাধ্যমে ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীরা। সংশ্লিষ্ট কার্যক্রম শেষ করে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে সম্পূরক পরীক্ষার ফল প্রকাশের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার।

অকৃতকার্যদের বিকল্প শিক্ষার প্রস্তাব
এদিকে এইচএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের দ্রুত পুনঃপরীক্ষার সুযোগ দেওয়ার পাশাপাশি কারিগরি প্রশিক্ষণ ও বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করার প্রস্তাব দিয়েছে গণসাক্ষরতা অভিযান। পুনঃপরীক্ষাতেও অকৃতকার্য হওয়া কিংবা পড়াশোনা থেকে ঝরে পড়ার ঝুঁকিতে থাকা তরুণদের জন্য বিকল্প শিক্ষার পথ তৈরির ওপর গুরুত্ব দিয়েছে সংস্থাটি।

গত বুধবার রাজধানীর পর্যটন করপোরেশনের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে এ প্রস্তাবনা তুলে ধরে সংস্থাটি। এতে বলা হয়, শুধু পরীক্ষায় ফের অংশ নেওয়ার সুযোগ দিলেই হবে না; যেসব শিক্ষার্থী শিক্ষাজীবন এগিয়ে নিতে পারবেন না, তাদের জন্যও বিকল্প দক্ষতা অর্জন ও কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। বিশেষ করে জাপান, দক্ষিণ কোরিয়া, চীন ও ইউরোপের শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ কর্মী তৈরির উদ্যোগ নেওয়ার সুপারিশ করা হয়েছে।

এ ছাড়া এসএসসি, এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার সুযোগ বিধিবদ্ধ করতে একটি সমন্বিত নীতিমালা প্রণয়নের প্রস্তাব দিয়েছে গণসাক্ষরতা অভিযান। এতে কত বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীরা পুনঃপরীক্ষায় অংশ নিতে পারবেন, আবেদনের সময়সীমা, পরীক্ষা ফি, উত্তরপত্র মূল্যায়ন, দ্রুত ফল প্রকাশ এবং পরবর্তী সময়ে উচ্চশিক্ষায় ভর্তির সুযোগ—এসব বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা রাখার কথা বলা হয়েছে।

‘মাদকের বিরুদ্ধে সংবাদ’ করায় প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাত

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় জনসমাগমপূর্ণ এলাকায় এক যুবককে ছুরিকাঘাত করা হয়েছে। আহত অবস্থায় তিনি নিজের ফেসবুক পেজে লাইভে এসে বাঁচার আকুতি জানান। এ ঘটনায় জড়িত সন্দেহে মোহাম্মদ আলম নামে একজনকে আটক করেছে পুলিশ।

গতকাল শুক্রবার দুপুরে উপজেলার বিবিরহাট বাজারে এ ঘটনা ঘটে। আহত যুবকের নাম মো. বেলাল উদ্দিন। তাঁর বাড়ি ফটিকছড়ি পৌরসভার রাঙ্গামাটিয়া এলাকায়। তিনি ‘ফটিকছড়ি সংলাপ’ নামে একটি ফেসবুক পেজের অ্যাডমিন। আটক আলমের বাড়ি পৌরসভার উত্তর রাঙ্গামাটিয়া এলাকায়। স্থানীয়দের অভিযোগ, তিনি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত।
ছুরিকাঘাতের পর রক্তাক্ত অবস্থায় ফেসবুক পেজে লাইভে আসেন বেলাল উদ্দিন। কান্নাজড়িত কণ্ঠে বাঁচার আকুতি জানান। তিনি অভিযোগ করেন, মাদকের বিরুদ্ধে খবর প্রকাশ করায় উত্তর রাঙ্গামাটিয়া এলাকার আলম তাঁকে ছুরিকাঘাত করেছেন।

ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দেয়। তারা এ ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বেলাল উদ্দিন মোবাইলে সমকালকে বলেন, মাসখানেক আগে মোহাম্মদ আলমকে ইয়াবা ও মদসহ আটক করেন স্থানীয়রা। ঘটনার একটি ভিডিও তিনি তাঁর ফেসবুক পেজে প্রচার করেন। ওই ঘটনায় তাঁর ওপর ক্ষিপ্ত ছিলেন আলম। গতকাল দুপুরে তাঁকে বিবিরহাটের মাংস বাজারে একা পেয়ে ছুরি তাঁর শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন বেলাল। এ সময় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
আলম কসাইয়ের কাজ করেন।

ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তৌহিদুল আলম বলেন, আহত বেলাল উদ্দিনকে হাসপাতালে আনার পর চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।

ফটিকছড়ি থানার ওসি রবিউল আলম খান জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ছুরিকাঘাতের ঘটনায় জড়িত সন্দেহে মোহাম্মদ আলম নামে একজনকে আটক করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত থাকলে, তাদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, বেলাল উদ্দিনের পক্ষ থেকে অভিযোগ দেওয়া হলে মামলা নেওয়া হবে।

হার দিয়ে মেসি পরবর্তী যুগ শুরু আর্জেন্টিনার

০

আন্তর্জাতিক ফুটবল থেকে লিওনেল মেসির বিদায়ের পর প্রথম ম্যাচেই বড় ধাক্কা খেল আর্জেন্টিনা। শনিবার (১৪ নভেম্বর) বাংলাদেশ সময় ভোরে বুয়েনস এইরেসের লা বোম্বোনেরা স্টেডিয়ামে উরুগুয়ের বিপক্ষে ২-১ গোলে হেরে গেছে লিওনেল স্কালোনির দল।

গত মাসে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে ২০৭ ম্যাচে ১২৫ গোলের বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানেন ৩৯ বছর বয়সী মেসি। তাকে ছাড়া খেলতে নেমে প্রথমার্ধে উরুগুয়ের জমাট রক্ষণ ভাঙতে বেশ বেগ পেতে হয় স্বাগতিকদের।

বিরতির পরপরই আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে আর্জেন্টিনা। জিওর্জিয়ান ডি আরাসকায়েতার ফ্রি-কিক লিসান্দ্রো মার্টিনেজ হেডে ক্লিয়ার করতে গেলে বল সতীর্থ লিয়ান্দ্রো বালের্দির গায়ে লেগে জালে জড়ায়। ৫৩ মিনিটে ডি আরাসকায়েতার কর্নার থেকে আরাউহোর কাঁধে লেগে বল জালে প্রবেশ করলে ব্যবধান দ্বিগুণ করে উরুগুয়ে।

ম্যাচের ৭৩ মিনিটে হুলিয়ান আলভারেজের গোলে ব্যবধান কমায় আর্জেন্টিনা। যোগ করা সময়েও সমতা ফেরানোর দারুণ সুযোগ পেয়েছিলেন এই ফরোয়ার্ড। তবে উরুগুয়ের রক্ষণভাগের দৃঢ়তায় শেষ পর্যন্ত আর গোল পায়নি আলবিসেলেস্তেরা। ফলে মেসি-পরবর্তী যুগের শুরুতেই ঘরের মাঠে হারের তিক্ত স্বাদ নিয়ে মাঠ ছাড়তে হলো বিশ্বচ্যাম্পিয়নদের। ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত নতুন চুক্তির পর আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনির শুরুও হলো হার দিয়ে। টানা ৩০টি প্রীতি ম্যাচে অপরাজিত থাকার পর এটা আর্জেন্টিনার প্রথম হারও। প্রীতি ম্যাচে তাদের সর্বশেষ হার ২০১৯ সালের ২২ মার্চ।

আর্জেন্টিনা ও উরুগুয়ে দুই দলই পুনর্গঠনের মধ্য দিয়ে যাচ্ছে। সর্বশেষ বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বাদ পড়ার পর কিংবদন্তি ডিয়েগো ফোরলানকে কোচ বানায় উরুগুয়ে। তার অধীন উরুগুয়ের এটি তৃতীয় জয়। আর্জেন্টিনার কোচ হিসেবে ১০৮ ম্যাচে এটা স্কালোনির ১১তম হার।

চীনে ট্রাম্প, পুতিন ও শি জিনপিংয়ের ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠকের পরিকল্পনা

চীনে এক ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠকে বসতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। আগামী সপ্তাহে চীনের শেনঝেনে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন (এপেক) শীর্ষ সম্মেলনের ফাঁকে তাদের এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউস।

হোয়াইট হাউসের মুখপাত্র অলিভিয়া ওয়েলস সাংবাদিকদের জানান, ট্রাম্প আগামী সপ্তাহে চীনের দক্ষিণাঞ্চলীয় শহর শেনঝেনে এপেক সম্মেলনে যোগ দেবেন। সম্মেলনের ফাঁকে তিন দেশের নেতাদের মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হবে।

ওয়েলস বলেন, ট্রাম্প পারমাণবিক অস্ত্রের বিস্তারকে অত্যন্ত বিপজ্জনক মনে করেন। তাই বিশ্বে পারমাণবিক অস্ত্রের সংখ্যা কমানোর বিষয়টি বৈঠকে আলোচনার অন্যতম প্রধান বিষয় হবে।

ধারণা করা হচ্ছে, বৈঠকে ইরান প্রসঙ্গও উঠে আসতে পারে। তবে ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনার সম্ভাবনা নেই। এদিকে মস্কো ও বেইজিংয়ের পক্ষ থেকে ত্রিপক্ষীয় বৈঠক নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এপি ও রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, নাম প্রকাশে অনিচ্ছুক যুক্তরাষ্ট্রের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, বৈঠকের পর কোনো চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা নেই।

২১টি সদস্য রাষ্ট্রের অংশগ্রহণে দুই দিনব্যাপী এপেক সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে যোগ দিতে বুধবার গভীর রাতে শেনঝেনে পৌঁছানোর কথা রয়েছে ট্রাম্পের। বৃহস্পতিবার তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। ২০২৫ সালে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর এটি হবে তাদের চতুর্থ বৈঠক।

ওয়েলস জানান, ট্রাম্পের চীন সফরের শেষ পর্যায়ে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার প্রেসিডেন্টের মধ্যে ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। এ ছাড়া সফরের অংশ হিসেবে মঙ্গলবার ফিলিপাইনে আসিয়ান শীর্ষ সম্মেলনেও যোগ দেবেন মার্কিন প্রেসিডেন্ট।

বৈঠকের অন্যতম গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট হলো যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়া। গত ফেব্রুয়ারিতে চুক্তিটির মেয়াদ শেষ হওয়ায় বিশ্বের বৃহত্তম পারমাণবিক অস্ত্রভাণ্ডারগুলো কার্যত বড় ধরনের কোনো নিয়ন্ত্রণ কাঠামোর বাইরে চলে গেছে। এর মধ্য দিয়ে স্নায়ুযুদ্ধের পর থেকে গড়ে ওঠা পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ সহযোগিতায় বড় ধরনের ছেদ পড়েছে।

এ পরিস্থিতিতে জাতিসংঘ দুই দেশকে দ্রুত নতুন একটি কাঠামোর বিষয়ে ঐকমত্যে পৌঁছানোর আহ্বান জানিয়েছে। ট্রাম্প বলেছেন, আগের চুক্তির পরিবর্তে চীনকে অন্তর্ভুক্ত করে আরও কার্যকর একটি চুক্তি করা সম্ভব। কারণ, চীনও তাদের পারমাণবিক অস্ত্রভাণ্ডার সম্প্রসারণ করছে।

তবে যুক্তরাষ্ট্রের সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিশ্লেষকেরা বিবিসিকে জানিয়েছিলেন, এ ধরনের চুক্তিতে বেইজিং ও মস্কোর সহযোগিতা পাওয়া কঠিন হতে পারে। এ বিষয়ে সমঝোতায় পৌঁছাতে কয়েক বছরও লেগে যেতে পারে।

এর আগে চলতি বছরের শুরুতে কয়েক দিনের ব্যবধানে বেইজিংয়ে পুতিন ও ট্রাম্পের সঙ্গে আলাদাভাবে বৈঠক করেন শি জিনপিং। অন্যদিকে সেপ্টেম্বরে ওয়াশিংটনে চীনের প্রেসিডেন্টকে স্বাগত জানান ট্রাম্প।

চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম শুক্রবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্রের বরাত দিয়ে জানিয়েছে, এপেক সম্মেলনের ফাঁকে শি জিনপিং বিভিন্ন দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন। তবে তিন দেশের নেতাদের সম্ভাব্য ত্রিপক্ষীয় বৈঠক সম্পর্কে সেখানে কিছু বলা হয়নি।

এর আগে চলতি মাসের শুরুতে রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস জানায়, ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ শীর্ষ সম্মেলনের ফাঁকে এ ধরনের বৈঠকের প্রস্তুতির ইঙ্গিত পাওয়ার কথা জানিয়েছিলেন।

রিজার্ভ থেকে বিক্রির পরও বাড়ছে ডলারের দর

০

বৈদেশিক মুদ্রা বাজারে স্থিতিশীলতা ফেরাতে রিজার্ভ থেকে ডলার বিক্রি করছে বাংলাদেশ ব্যাংক। গতকাল বৃহস্পতিবার আরও ১০ কোটি ডলার বিক্রির জন্য নিলাম ডাকা হয়। এর আগে সম্প্রতি বিক্রি করা হয়েছে আরও ২২ কোটি ২০ লাখ ডলার। এরপরও ধারাবাহিকভাবে দর বেড়ে গতকাল আন্তঃব্যাংকে গড়ে ১২৪ টাকা ৭৫ পয়সা পর্যন্ত উঠেছে। আগের দিন যা ১২৪ টাকা ৬৫ পয়সা ছিল। গত অক্টোবর শেষে ছিল ১২৩ টাকা ৯৯ পয়সা।

ব্যাংকাররা বলছেন, জ্বালানির চাহিদা মেটাতে স্পট মার্কেট থেকে বাড়তি দরে কিনতে হচ্ছে। এতে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) ডলারের চাহিদা অনেক বেড়ে গেছে। আবার ভোগ্যপণ্যসহ অন্য অনেক ক্ষেত্রে আমদানি ব্যয় বেড়েছে। সব মিলিয়ে ডলারের ওপর বাড়তি চাপের কারণে নিয়মিতভাবে দর বাড়ছে।

জানা গেছে, গতকাল ব্যাংকগুলো বিদেশি এক্সচেঞ্জ হাউস থেকে ১২৫ টাকা থেকে ১২৫ টাকা ১০ পয়সা পর্যন্ত দরে রেমিট্যান্স কিনেছে। আমদানিতে দর নিয়েছে ১২৫ টাকার বেশি। খোলাবাজারে নগদ ডলারের দর বেড়ে ১২৮ টাকা ২০ পয়সা পর্যন্ত বিক্রি হয়েছে। মূলত জোগানের তুলনায় চাহিদা বেড়ে যাওয়ায় ডলারের দর এভাবে বাড়ছে। চলতি মাসের ১১ দিনে আন্তঃব্যাংকে প্রতি ডলারে গড়ে ৭৬ পয়সা বেড়ে গতকাল ১২৪ টাকা ৭৫ পয়সায় উঠেছে। এর আগে গত অক্টোবরের শুরুতে আন্তঃব্যাংকে ডলারের দর ছিল ১২৩ টাকা। সেখান থেকে বাড়তে বাড়তে অক্টোবরের শেষ কর্মদিবসে ১২৩ টাকা ৯৯ পয়সা হয়। আওয়ামী লীগ সরকারের পতনের পর দেড় বছর ধরে ডলারের দর ১২১ থেকে ১২২ টাকা ৩০ পয়সার মধ্যে স্থিতিশীল ছিল।

চলতি অর্থবছরের প্রথম চার মাসে বিভিন্ন পণ্য আমদানিতে ২ হাজার ৯৭৮ কোটি ডলারের এলসি খোলা হয়েছে। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় যা ২৫ শতাংশ বেশি। এ সময়ে এলসি নিষ্পত্তি ১১ দশমিক ৩৮ শতাংশ বেড়ে ২ হাজার ৪৮৬ কোটি ডলারে উঠেছে। প্রথম চার মাসে যেখানে রপ্তানি আয় হয়েছে এক হাজার ৭০৪ কোটি ডলারের। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় যা ৯৬ কোটি ডলার বা ৫ দশমিক ৯৭ শতাংশ বেশি। প্রথম চার মাসে প্রবাসী আয় প্রায় ১৩ শতাংশ বেড়ে এক হাজার ১৪৬ কোটি ডলার দেশে এসেছে।

প্রাণনাশের হুমকির পর বাড়িতে আগুন, অভিযোগ নুসরাতের

০

কুষ্টিয়ার দৌলতপুরে সংরক্ষিত নারী আসনের এমপি ও এনসিপির যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়িতে আগুন দুর্ঘটনা থেকে নাকি নাশকতা, এ নিয়ে গতকাল বৃহস্পতিবার সংসদে দুই দফা বিতর্ক হয়েছে; যা এক পর্যায়ে হট্টগোলে রূপ নেয়। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে দায়ী করে বিরোধী দলের অভিযোগ পেট্রোল বোমা হামলা হয়েছে ওই বাড়িতে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ তা নাকচ করে বলেন, পেট্রোল বোমার আলামত মেলেনি। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। জবাবে বিরোধী দল বলে, সরকারি দল দায়মুক্তি দিচ্ছে আওয়ামী লীগকে।

বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সংসদে তাঁর বক্তব্যে দাবি করছিলেন, চারটি পেট্রোল বোমা মেরে (ওই বাড়িতে) আগুন লাগানো হয়েছে।
নাহিদের বক্তব্যের প্রেক্ষাপটে প্রাথমিক তদন্তের কথা তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে বলেন, অগ্নিকাণ্ডের ঘটনা বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে হয়ে থাকতে পারে। এখানে পেট্রোল বোমা ব্যবহৃত হয়নি বলে ধারণা করা হচ্ছে। তিনি আরও বলেন, যে বাড়িতে আগুন লেগেছে, সেখানে সংসদ সদস্য বা তাঁর বাবা-মা বসবাস করতেন না। নুসরাতের বাবা-মা সেখান থেকে ২০ মিটার দূরের একটি তিনতলা বাড়িতে থাকেন। তিনি বলেন, এই বাড়িতে দুটি ছাগল থাকত। এ কথা বলার পরই এনসিপির সংসদ সদস্যরা হট্টগোল শুরু করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, এখানে যদি নাশকতামূলক কোনো কর্মকাণ্ড হয়ে থাকে, যদি ফ্যাসিবাদীর দোসররা কোনোভাবে এখানে জড়িত হয়ে থাকে, তাও খুঁজে বের করা হবে।

নুসরাতের ক্ষোভ প্রকাশ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এমপি নুসরাত তাবাসসুম। গতকাল সন্ধ্যার আগে নিজের ফেসবুক পেজে এক পোস্টে প্রশ্ন তোলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব কেন এই হামলাকে লঘু করতে চাইলেন?’

নুসরাত তাবাসসুম লিখেছেন, ‘বাচ্চাসহ ৬-৭ জন মানুষ, একাধিক গবাদি পশুর বসবাসসহ একটি বসতবাড়িকে সংসদে দাঁড়িয়ে পরিত্যক্ত ঘোষণা করে দিল স্বরাষ্ট্রমন্ত্রী!! পেট্রোলের পোড়া গন্ধে ভরা একটা ধ্বংসস্তূকে বলে দিলেন শর্টসার্কিটের ফলাফল!! আসলে কয়েক কোটির রাজকীয় ফ্ল্যাট না থাকলে আর কারো বসতবাড়িকে পরিত্যক্ত মনে হতেই পারে!! সবাই তো আর দেশান্তরে থেকেও কয়েক গুণ সম্পত্তি বাড়িয়ে ফেলতে পারে না।’

সংবাদ সম্মেলনে ​আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে অভিযোগ

এর আগে এমপি নুসরাত অভিযোগ করেছিলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা এ হামলায় জড়িত। গতকাল বেলা ১১টার দিকে উপজেলার বাগোয়ান মধ্যপাড়া গ্রামে ক্ষতিগ্রস্ত বাড়ির প্রাঙ্গণে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে নুসরাতের বাবা আব্দুল হালিম এবং এনসিপির কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক ইয়াসিন আরাফাত ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
এই হামলাকে পরিকল্পিত নাশকতা দাবি করে এমপি নুসরাত বলেন, ‘সন্ত্রাসী আওয়ামী লীগের লোকজন সামাজিক মাধ্যমে এ ঘটনাকে কেন্দ্র করে উল্লাস করছে। এভাবে আগুন দিয়ে ও ভয় দেখিয়ে আমাদের দমিয়ে রাখা যাবে না। ১৭ বছর ধরে বাংলাদেশের মানুষ এমন অসংখ্য ঘটনা দেখেছে, যার ফলেই আগস্টের মতো গণঅভ্যুত্থান ঘটেছে। যারা আমাদের দমিয়ে রাখার চেষ্টা করছে, তাদের মুখে চুনকালি পড়েছে।’

​হামলার প্রেক্ষাপট তুলে ধরে নুসরাত জানান, গত ২৮ অক্টোবর রাত ৯টার দিকে এবং এর আগে-পরে তাঁকে একাধিকবার প্রাণনাশের হুমকি দিয়ে ফোন করা হয়েছিল। এসব হুমকির ঘটনায় গত মঙ্গলবার রাজধানীর কলাবাগান থানায় সাধারণ ডায়েরিও (জিডি) করা হয়েছিল। তিনি বলেন, ‘নিষিদ্ধ সংগঠন কুষ্টিয়া জেলা ছাত্রলীগের পলাতক সভাপতি এই ঘটনার মাত্র তিন ঘণ্টা আগে সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে সতর্কবার্তা ও উল্লাস প্রকাশ করেছিল। এরপরই আমার বাড়িতে পেট্রোল বোমা মেরে আগুন দেওয়া হলো।’

​থানায় মামলা 

এ ঘটনায় এমপি নুসরাত তাবাসসুম বাদী হয়ে দৌলতপুর থানায় মামলা করেছেন। এতে কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সভাপতি মীর আহসানুল ইসলাম অভি এবং সাধারণ সম্পাদক পান্থ শাহারিয়ার অর্পণ, কুষ্টিয়া জেলা আওয়ামী যুবলীগের সভাপতি মীর সাইফুল এবং সাধারণ সম্পাদক হারুন অর রশিদসহ আটজনের নাম উল্লেখ করে আসামি করা হয়েছে। অজ্ঞাত পরিচয় আরও ৩০-৩৫ জনকে আসামি করা হয়েছে।

রাজধানীতে এনসিপির মশাল মিছিল

এনসিপি গতকাল সন্ধ্যায় রাজধানীতে মশাল মিছিল করেছে। বাংলামটর থেকে শাহবাগ মোড় পর্যন্ত এ মিছিল করা হয়। এর আগে বাংলামটরে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশে বক্তব্য দেন এনসিপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।

এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, সরকারের দুর্বলতায় আওয়ামী লীগ অগ্নিসন্ত্রাসের সুযোগ পেয়েছে। সরকার যদি কঠোর পদক্ষেপ নিত, আওয়ামী লীগের দল হিসেবে বিচার করত, তাহলে অগ্নিসন্ত্রাস, খুন ও মানুষ পোড়ানোর রাজনীতি করার সুযোগ পেত না।