Home Blog Page 312

ফরিদা পারভীনের মৃত্যুতে বিএনপি মহাসচিবের শোক

বাংলাদেশের প্রখ্যাত লোকসংগীত শিল্পী ফরিদা পারভীনের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (১৪ সেপ্টেম্বর) শোকবার্তায় তিনি বলেন, ‘দেশের বরেণ্য লোকসংগীত শিল্পী ফরিদা পারভীনের প্রয়াণে সংগীত জগতে এক অপূরণীয় শূন্যতা সৃষ্টি হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে লালনগীতি ও বাউল সঙ্গীতের মাধ্যমে শ্রোতাদের মুগ্ধ করেছেন। তার কণ্ঠে গাওয়া গানগুলো চিরকাল সংগীতপ্রিয় মানুষের হৃদয়ে স্থান করে রাখবে।’

ফখরুল আরও উল্লেখ করেন, ফরিদা পারভীন শুধু লালনগীতিতেই সীমাবদ্ধ ছিলেন না, বরং নানামাত্রিক গানের মাধ্যমে তিনি অসংখ্য মানুষের হৃদয় জয় করেছেন। তাঁর চলে যাওয়া লোকসংগীত ও সংস্কৃতির জগতে এক বিশাল শূন্যতা তৈরি করেছে।

তিনি ফরিদা পারভীনের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়স্বজন, ভক্ত ও শুভানুধ্যায়ীদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

ফরিদা পারভীন শনিবার রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।

লন্ডনে তথ্য ও সম্প্রচার উপদেষ্টার গাড়িতে হামলার ঘটনায় সরকারের নিন্দা

শুক্রবার তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম সোয়াস ইউনিভার্সিটি অব লন্ডনে চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানের এক বছরপূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠান শেষে বেরিয়ে যাওয়ার সময় একদল বিক্ষোভকারী বাংলাদেশ হাই কমিশনের গাড়িতে ডিম ছুড়ে মারেন এবং কিছুক্ষণের জন্য তাদের পথ আটকে দেওয়ার চেষ্টা করেন। লন্ডনের মেট্রোপলিটন পুলিশ তাৎক্ষণিকভাবে তাদেরকে নিবৃত করেন।

হামলার সময় মাহফুজ আলম গাড়িতে ছিলেন না। বাংলাদেশ হাই কমিশন জানায়, পুলিশ তাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখেছিল এবং উপদেষ্টা মাহফুজ আলমের ‘পূর্ণ নিরাপত্তা’ নিশ্চিত করেছে।

কয়েক সপ্তাহ আগে নিউইয়র্কে সরকারি কাজে থাকাকালীন মাহফুজ আলমের ওপর হামলার পর এবার লন্ডনেও এ ঘটনা ঘটল। বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের একটি অনুষ্ঠানে বিক্ষোভকারীরা ডিম (এবং কয়েকজনের বর্ণনা অনুযায়ী বোতল) ছুড়ে মারে ও কাচের দরজা ভেঙে দেয়; পরবর্তীতে মিশনের পক্ষ থেকে স্থানীয় কর্তৃপক্ষ, যার মধ্যে স্টেট ডিপার্টমেন্টের স্থানীয় অফিসও রয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য চিঠি দেওয়া হয়েছে।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম প্রকাশ্যে এই হয়রানি চেষ্টার নিন্দা জানিয়েছিলেন। অন্তর্বর্তীকালীন সরকার এসব ঘটনায় তীব্র নিন্দা জানাচ্ছে।

বাংলাদেশের জনগণ এবং দুই দেশের কর্তৃপক্ষ সভ্যতা ও মূল্যবোধের পক্ষে অবস্থান করলেও এই ধরনের হামলার ঘটনায় সম্পৃক্ত দুর্বৃত্তরা বর্বরতা ও সহিংসতার জগতে বাস করছে। গণতন্ত্রে এমন কোনো আচরণের স্থান নেই যেখানে যুক্তির বদলে আক্রমণ এবং তর্ক-বিতর্কের পরিবর্তে সন্ত্রাসকে বেছে নেওয়া হয়।

নিউ ইয়র্কে হামলার পরেও সরকারের পক্ষ থেকে স্পষ্টভাবে বলা হয়েছিল, সহিংসতা কোনো প্রতিবাদ নয়; ভয় দেখানো কোনো মত প্রকাশের স্বাধীনতা নয়। একই বক্তব্য লন্ডনের ঘটনায়ও পুরোপুরি প্রযোজ্য।

নিউ ইয়র্কের ঘটনার পর আমরা যে নীতিতে জোর দিয়েছিলাম এবারও তা পুনর্ব্যক্ত করছি: বাকস্বাধীনতা, সমাবেশ এবং শান্তিপূর্ণ প্রতিবাদ গণতন্ত্রের ভিত্তি, তবে তা অবশ্যই দায়িত্ব ও শ্রদ্ধার সঙ্গে প্রয়োগ করতে হবে।

কনস্যুলার যানবাহনকে টার্গেট করা এবং চলাচলে বাধা দেওয়ার চেষ্টা কেবল দায়িত্বজ্ঞানহীনই নয়, এ আচরণ দুই দেশের মাঝে কূটনৈতিক সম্পর্ক রক্ষায় প্রচলিত আন্তর্জাতিক মানদণ্ডকেও লঙ্ঘন করে। আমরা মেট্রোপলিটন পুলিশের পদক্ষেপকে স্বাগত জানাই এবং অপরাধীদের শনাক্ত করে উপযুক্ত আইনি ব্যবস্থা নিতে প্রয়োজনীয় সমন্বয়ের আহ্বান জানাই।

যারা এই আচরণ সংগঠিত করেছে বা প্ররোচিত করেছে তাদের উদ্দেশ্যে আমরা বলতে চাই: শিশুসুলভ আচরণ থেকে বিরত থাকুন। যদি আপনারা সত্যিই আপনাদের নীতিতে বিশ্বাস করেন, তাহলে তা শান্তিপূর্ণভাবে, আইনগতভাবে এবং মর্যাদার সঙ্গে উপস্থাপন করুন। ডিম ছোড়া, মারামারি করা বা ভয়ভীতি প্রদর্শন কারো মন জয় করে না; বরং এতে শুধু প্রমাণ হয় যে আপনাদের আর কোনো যুক্তি অবশিষ্ট নেই।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, আয়োজকগণ এবং প্রবাসীদের প্রতি আমরা আহ্বান জানাই, সভ্য সংলাপের পক্ষে নিজেদের দৃঢ় অবস্থান ব্যক্ত করুন। কঠিন আলোচনার আয়োজন করুন, কিন্তু এমন আচরণ বজায় রাখুন যা বক্তা, শ্রোতা এবং বৈধ প্রতিবাদকারী উভয়কেই সুরক্ষিত রাখে।

কে, কত জোরে চিৎকার করতে পারে বা কতটা সহিংস হতে পারে তা আন্দোলনের মাপকাঠি নয়, বরং আন্দোলনের মূল্যায়ন নির্ভর করে সেটি কতটা শৃঙ্খলা, মর্যাদা ও দায়িত্ববোধ বজায় রাখতে পারে সেসবের ওপর।

সরকার এ ঘটনায়-

১. মেট্রোপলিটন পুলিশকে পূর্ণাঙ্গ তদন্ত সম্পন্ন করার আহ্বান জানাচ্ছে, যেসব ভিডিও ফুটেজ দেখা যাচ্ছে সেগুলো যাচাই করে অপরাধীদের (ভাঙচুর, হামলা, বাধাদানকারী ব্যক্তি) সনাক্ত করে বিচারের আওতায় আনুন।

২. রাজনৈতিক নেতা এবং সংগঠকদের আহ্বান জানাচ্ছে, রাজনৈতিক সমর্থন যাই হোক না কেন, আপনারা জনসাধারণের মধ্যে সহিংসতা এবং ভয় দেখানোর ঘটনা প্রকাশ্যে এবং দ্ব্যর্থহীনভাবে প্রত্যাখ্যান করুন।

৩. সরকার শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকারকে স্বীকৃতি দেয়। একইসঙ্গে কর্মকর্তাদের, শিক্ষার্থীদের ও নাগরিকদের নির্ভয়ে মত প্রকাশ ও সমাবেশ করার সমান অধিকারকেও সমর্থন করে।

গণতন্ত্রে আবেগের প্রয়োজন আছে; তবে আত্মনিয়ন্ত্রণও সমানভাবে প্রয়োজন। বাংলাদেশকে আমরা একটি এমন গণতন্ত্রে রূপান্তরিত করতে চাই যেখানে সব নাগরিকের নিরাপত্তা ও মর্যাদা সমানভাবে রক্ষা পায়। সেই লক্ষ্যে আবেগ ও আত্মনিয়ন্ত্রণ দুটোই প্রয়োজন।

সৌদি আরবে এক সপ্তাহে ২১ হাজারের বেশি প্রবাসী গ্রেফতার

গত এক সপ্তাহে সৌদি আরবে ২১,৩৩৯ জন প্রবাসীকে গ্রেফতার করা হয়েছে। এদের বিরুদ্ধে আবাসিক, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে।

শনিবার (১৩ সেপ্টেম্বর) সৌদি প্রেস এজেন্সি এ তথ্য প্রকাশ করেছে।

গ্রেফতারের মধ্যে ১২,৯৫৫ জনকে আবাসিক আইন লঙ্ঘনের দায়ে, ৪,১৯৮ জনকে সীমান্ত অপ্রকাশ্যভাবে পার হওয়ার কারণে এবং ৪,১৮৬ জনকে শ্রম আইন লঙ্ঘনের দায়ে আটক করা হয়েছে।

সৌদি স্বরাষ্ট্রমন্ত্রী জানান, অবৈধভাবে প্রবেশকারী কোনো ব্যক্তিকে আশ্রয় বা পরিবহন সুবিধা দিলে ১ লাখ সৌদি রিয়াল জরিমানা এবং যাবতীয় সম্পত্তি ও যানবাহন বাজেয়াপ্ত করা হবে।

আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযোগ জানাতে সৌদি আরব জরুরি নম্বরে কল করার আহ্বান জানিয়েছে। মক্কা ও রিয়াদ অঞ্চলের জন্য হটলাইন ৯১১, অন্য অঞ্চলের জন্য ৯৯৬ নম্বরে যোগাযোগ করা যাবে।

‘মানুষের জন্ম হয়েছে উদ্যোক্তা হওয়ার জন্য’

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, মানুষ কারো চাকরি করার জন্য জন্মায়নি; বরং মানুষের জন্ম উদ্যোক্তা হওয়ার জন্য হয়েছে। তিনি বলেন, ‘মানুষের জন্ম হয়েছে উদ্যোক্তা হওয়ার জন্য, চাকরি করার জন্য নয়। আমাদের লক্ষ্য, প্রতিটি মানুষকে তার নিজের সক্ষমতা অনুযায়ী যেখানে যেতে চায়, সেখানে যাওয়ার সুযোগ দেওয়া।’

রোববার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ভবন-২ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।

উপদেষ্টা বলেন, প্রযুক্তির উন্নয়নের কারণে এখন মানুষ যে কোনো কাজে বিশ্বের সঙ্গে যুক্ত হতে পারছে। তাই প্রযুক্তিকে কাজে লাগিয়ে নতুন উদ্যোক্তা তৈরির সুযোগ আরও সম্প্রসারণ করা জরুরি। তিনি উল্লেখ করেন, বর্তমানে নতুন প্রজন্মের ছেলেমেয়েরা আগের তুলনায় অনেক বেশি দক্ষ এবং উদ্ভাবনী।

তিনি পিকেএসএফ প্রতিষ্ঠার ইতিহাস স্মরণ করে বলেন, ‘বিশ্বব্যাংক থেকে ২০ কোটি টাকার একটি ফান্ডের মাধ্যমে পিকেএসএফ-এর জন্ম হয়। এটি একটি দারিদ্র্য নিরসনের আন্দোলনের মূল ভিত্তি। আমরা যদি ফাইন্যান্সিয়াল সিস্টেমকে শক্তিশালী করতে পারি, তবে সত্যিকারের উদ্যোক্তা তৈরি করা সম্ভব।’

উপদেষ্টা আরও বলেন, পিকেএসএফ এখন নতুন ভবনে এসে নতুন যাত্রা শুরু করছে। ভবিষ্যতে আরও বেশি মানুষকে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার জন্য উদ্যোগী হতে হবে এবং প্রয়োজনীয় আইন ও নীতিমালা আরও সম্প্রসারণের দিকে মনোযোগ দিতে হবে।

নির্বিঘ্নে পূজা উদযাপন নিশ্চিত করতে সব ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

আসন্ন দুর্গাপূজায় যাতে কোনোরূপ বাধা বা সমস্যার মুখোমুখি না হতে হয়, সেই জন্য সমস্ত প্রস্তুতি নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

রোববার (১৪ সেপ্টেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কোর কমিটির সভার পরে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

উপদেষ্টা বলেন, ‘পূজা খুব নিকটে চলে এসেছে। এটি একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় অনুষ্ঠান। তাই এর পবিত্রতা রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। আমরা কাউকে ধর্মের বিচারে ভেদাভেদ করব না। পূজা যেন নির্বিঘ্নে উদযাপিত হয়, সেই ব্যবস্থা নেয়া আমাদের মূল লক্ষ্য।’

তিনি আরও বলেন, ‘অনেক স্থানে পূজা কমিটির মধ্যে কিছু কোন্দল রয়েছে। আমরা আশা করি তারা নিজেদের মধ্যে সমঝোতা স্থাপন করবে এবং শান্তিপূর্ণভাবে উৎসব উদযাপন নিশ্চিত করবে।’

জাহাঙ্গীর আলম চৌধুরী আশা প্রকাশ করেন, এবারের দুর্গাপূজা নির্বিঘ্নে, উৎসবমুখর পরিবেশে এবং ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে উদযাপিত হবে।

মায়ের সঙ্গে শপিংয়ে যান না অভিষেক বচ্চন

রাগী স্বভাবের জন্য বহুবার শিরোনামে এসেছেন জয়া বচ্চন। এবার চর্চায় এলেন ছেলেকে ঘিরে। জানা গেছে, অভিষেক বচ্চন নাকি মায়ের সঙ্গে একেবারেই শপিংয়ে যেতে চান না। বরং জামাকাপড় কেনার ক্ষেত্রে তিনি বাবা অমিতাভ বচ্চনের সঙ্গেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন।

ভারতীয় এক গণমাধ্যমের সাক্ষাৎকারে এ বিষয়ে অভিষেক বচ্চন নিজেই জানান, আজকাল বিমানবন্দরে তার মাকে দেখলে ছবি তোলার জন্য ছবিশিকারিরা হুড়োহুড়ি করেন না। যদিও অভিষেক নিজে মায়ের মেজাজের কারণে তার সঙ্গে জামাকাপড় কিনতে যেতে চান না, এমন নয়।

অভিনেতা বলেন, ‘আমার মা ১২ বছর বয়স পর্যন্ত তার মর্জিমতো জামা পরিয়েছেন, আর নয়। আমার মায়ের সঙ্গে কোথাও খেতে যেতেই ভালো লাগে। কারণ মা বাঙালি, আর বাঙালিদের খাবারের বিষয়ে জ্ঞান বেশ ভালো। জামাকাপড় কেনাকাটার ব্যাপারটা বাবার সঙ্গেই করি।’

শ্রীলঙ্কার বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ

এশিয়া কাপের এবারের আসরে শনিবারের ম্যাচটি হয়ে উঠেছে ‘গ্রুপ অব ডেথ’-এর সবচেয়ে বড় আকর্ষণীয় ম্যাচ। বাংলাদেশ ও শ্রীলঙ্কা—দুই পরিচিত প্রতিপক্ষ মুখোমুখি হচ্ছে এমন এক ম্যাচে, যেখানে হারলে সুপার ফোর নিশ্চিত করা হয়ে উঠবে কঠিন।

বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচেই দেখিয়েছে দাপট। আবুধাবিতে হংকংকে উড়িয়ে দিয়েছে লিটন দাসের দল। পেসারদের আগ্রাসী সূচনা আর শুরুর ব্যাটারদের পরিপক্ব ব্যাটিং—সব মিলিয়ে পূর্ণাঙ্গ এক জয় পেয়েছে টাইগাররা। দারুণ জয়ের পর ক্রিকেট সমর্থকদের মনে একটাই প্রশ্ন, দ্বিতীয় ম্যাচে কেমন হতে পারে টাইগারদের একাদশ।

এশিয়া কাপের প্রথম ম্যাচ থেকে টাইগারদের একাদশে পরিবর্তন আসার সম্ভাবনা কম। তাওহীদ হৃদয় হংকং ম্যাচে ধীরগতির ব্যাটিং করলেও আরেকটি সুযোগ তিনি পেয়ে যাবেন বলেই ধারণা করা হচ্ছে।

অন্যদিকে, রিশাদ প্রতিপক্ষ বিবেচনায় হংকংয়ের বিপক্ষে কিছুটা খরুচে বোলিং করলেও তার ওপরই আস্থা রাখার সম্ভাবনা বেশি টিম ম্যানেজমেন্টের। কারণ, ব্যাট হাতে রিশাদের শেষদিকে দ্রুত রান তোলার সামর্থ্য তাকে এগিয়ে রাখবে বাকিদের চেয়ে।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ– পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, লিটন দাস, তাওহীদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেন পাটোয়ারী, শেখ মাহেদী, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান।

ব্রেক আপের কত দিন পর নতুন করে সম্পর্কে যাওয়া উচিত

ভালোবাসার সম্পর্ক ভেঙে গেলে মানসিকভাবে সেটা সামাল দেওয়া সত্যিই কঠিন। মন ভেঙে যায়, আত্মবিশ্বাস নড়বড়ে হয়ে পড়ে। কেউ চুপচাপ হয়ে যান, কেউ আবার নিজেকে কাজে ব্যস্ত রাখার চেষ্টা করেন।

আর অনেকে এমনও আছেন, যারা দীর্ঘদিন সম্পর্ক থাকার পর হঠাৎ একা হয়ে ভয় পেয়ে যান—আবার কারও ওপর ভরসা করতে সাহস পান না। তবে প্রশ্নটা সবার মনে ঘুরপাক খায়— ‘ব্রেকআপের পর কতদিন গেলে আবার নতুন সম্পর্কে যাওয়া ঠিক?’

সম্প্রতি টাইমস অব ইন্ডিয়ায় এই প্রশ্নের উত্তর দিয়েছেন সম্পর্ক বিশেষজ্ঞ ও ডেটিং কোচ মাইশা ব্যাটেল।

নতুন সম্পর্ক মানেই ভুল কিছু নয়

বিশেষজ্ঞদের মতে, ব্রেকআপের পর সবাই একভাবে রিঅ্যাক্ট করেন না। কেউ দ্রুতই স্বাভাবিক হয়ে যান, কেউ আবার অনেক সময় নেন। কিন্তু এটা ঠিক যে—সব সময় একা থেকে কাটিয়ে ওঠার চেয়ে নতুন সম্পর্ক অনেক সময় মন ভালো করতে সাহায্য করে।

ব্রেক আপের কত দিন পর নতুন করে সম্পর্কে যাওয়া উচিত

বিশেষজ্ঞ মাইশা ব্যাটেল বলছেন, ‘দুঃখ থেকে পালানোর জন্য কেউ যদি তড়িঘড়ি করে নতুন সম্পর্কে ঢুকে পড়েন, সেটা ঠিক নয়। কিন্তু কারও সঙ্গে ধীরে ধীরে মানসিকভাবে যুক্ত হওয়া, তাকে বোঝার চেষ্টা করা, নতুনভাবে নিজেকে সাজানো—এগুলো কিন্তু মানসিক স্বাস্থ্য ভালো রাখে।’

নিজেকে বুঝতে সময় নিন, তবে প্রেম থেকে ভয় পাবেন না

ব্রেকআপের পর অনেকে নিজেকে সময় দিতে চান। কেউ যোগব্যায়াম করেন, কেউ সিনেমা দেখেন, কেউ বই পড়ে মন সরান, আবার কেউ নতুন কোর্সে ভর্তি হন।

কিন্তু মাইশার মতে, ‘এই সব কিছুর চেয়ে অনেক সময় নতুন সম্পর্ক সবচেয়ে দ্রুত মানুষকে জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনে’

তবে এর মানে এই নয় যে আপনি পুরোনো সম্পর্ক না ভুলতেই নতুন সম্পর্কে চলে যাবেন। ব্যাপারটা হলো—আপনি নিজেকে কতটা ভালোবাসছেন, কতটা প্রস্তুত হচ্ছেন নতুন কাউকে গ্রহণ করতে—এই আত্মজিজ্ঞাসাটাই আসল।

ব্রেকআপ কত দিনের ছিল, সেটা নয়—গুরুত্বপূর্ণ ছিল কতটা গভীর?

একটি বিষয় মনে রাখা দরকার—কতদিনের সম্পর্ক ছিল, সেটা অত গুরুত্বপূর্ণ নয়। আসল কথা হলো, আপনি মানসিকভাবে সেই সম্পর্কে কতটা জড়িয়ে ছিলেন।

অনেকে বছরখানেকের সম্পর্ক থেকে বেরিয়ে দ্রুত ঘুরে দাঁড়ান। আবার কেউ তিন মাসের সম্পর্ক ভাঙার পরও মাসের পর মাস মন খারাপ করে থাকেন।

তাই নতুন সম্পর্কে যাবেন কি যাবেন না—এই সিদ্ধান্ত সময় দেখে নয়, নিজেকে দেখে নিতে হবে। আপনি কি তৈরি? আপনি কি কাউকে বিশ্বাস করতে পারবেন? পুরোনো সম্পর্কের ক্ষত এখনো কাঁটার মতো বিঁধে থাকছে কি?

ব্রেকআপ মানে ভেঙে পড়া নয়। আর নতুন প্রেম মানেই আগেরটা ভুলে যাওয়া না। ভালোবাসা মানেই প্রতিবার নতুন করে নিজেকে আরেকটু ভালো বোঝা।

কখন নতুন সম্পর্কে যাবেন, সেই উত্তর সময় নয়, আপনার মন-ই ঠিক করে দেবে।

দেশে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ

দেশের বাজারে আজ শনিবার (১৩ সেপ্টেম্বর) স্বর্ণ ভরিতে ১ লাখ ৮৫ হাজার ৯৪ টাকায় বিক্রি হচ্ছে । এর আগে গেল মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) স্বর্ণ ভরিতে ৩ হাজার ১৩৭ টাকা বাড়ায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

বাজুস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৮৫ হাজার ৯৪৭ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৭ হাজার ৫০৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৫২ হাজার ১৪৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ২৬ হাজার ১৪৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

এদিকে বিজ্ঞপ্তিতে বাজুস আরও জানায়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

এর আগে, সবশেষ গত ৮ সেপ্টেম্বর দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সে সময় ভরিতে ১ হাজার ২৬০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৮২ হাজার ৮১০ টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি, যা এতদিন ছিল দেশের ইতিহাসে স্বর্ণের সর্বোচ্চ দাম।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৪ হাজার ৫০৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৪৯ হাজার ৫৬৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ২৩ হাজার ৯৪২ টাকা নির্ধারণ করা হয়েছিল, যা কার্যকর হয়েছিল ৯ সেপ্টেম্বর থেকে।

এ নিয়ে চলতি বছর মোট ৫২ বার দেশের বাজারে সমন্বয় করা হলো স্বর্ণের দাম। যেখানে দাম বাড়ানো হয়েছে ৩৬ বার, আর কমেছে মাত্র ১৬ বার। আর ২০২৪ সালে দেশের বাজারে মোট ৬২ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। যেখানে ৩৫ বার দাম বাড়ানো হয়েছিল, আর কমানো হয়েছিল ২৭ বার।

স্বর্ণের দাম বাড়ানো হলেও দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে রুপার দাম। দেশে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ২ হাজার ৮১১ টাকায়।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৬৮৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ২৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ১ হাজার ৭২৬ টাকায়।

বিএনপির ২ নেতাকে স্থায়ী বহিষ্কার

দলের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে সরাসরি জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে বিএনপির ২ নেতাকে বহিষ্কার করেছে ঢাকা মহানগর উত্তর বিএনপি।

বহিষ্কৃতরা হলেন—ঢাকা মহানগর উত্তর মোহাম্মদপুর থানা ৩৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি মান্নান হোসেন শাহীন এবং সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম অপু।

‎শুক্রবার (১২ সেপ্টেম্বর) ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক (দপ্তরের দায়িত্বে) এ বি এম এ রাজ্জাক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে তাদের পদ প্রথমে সাময়িকভাবে স্থগিত করা হলেও পরবর্তীতে নিজেকে সংশোধন না করায় তাদের স্থায়ী বহিষ্কার করা হয়েছে।

দলীয় সূত্রে জানা যায়, ৩৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মান্নান হোসেন শাহীন ও সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম অপুর বিরুদ্ধে কাঁটাসুর নামার বাজার দখল, ফুটপাত ও চাঁদাবাজির অভিযোগে তাদের বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া মান্নান হোসেন শাহীন শীর্ষ সন্ত্রাসী ইমামুল হাসান হেলাল ওরফে পিচ্চি হেলালের অন্যতম সহযোগী।