Home Blog Page 321

জামায়াতে যোগ দিলেন বিএনপি নেতাসহ ৪১ জন

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নাইবুল ইসলামসহ ৪১ জন জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। গতকাল শুক্রবার (৩ অক্টোবর) বিকেলে উপজেলার তিরনইহাট ইউনিয়ন জামায়াতের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ফরম পূরণ করে তারা যোগদান করেন।
এর মধ্যে অন্তত ২০ জন বিএনপির কর্মী-সমর্থক রয়েছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। নাইবুল ইসলাম তিরনইহাট ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির চলতি কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন।
জামায়াতে যোগদান করায় তাদের ফুল দিয়ে বরণ করে নেন জেলা জামায়াতের আমির ইকবাল হোসাইন। এ ঘটনায় ক্ষুব্ধ বিএনপি নেতারা।
নাইবুল ইসলাম বলেন, আমি নব্বই দশক থেকে জাতীয়তাবাদী রাজনীতিতে যুক্ত ছিলাম। তবে নিজেকে দ্বিনের পথে পরিচালিত করতেই সম্পূর্ণ নিজের ইচ্ছায় জামায়াতে ইসলামীতে যোগদান করেছি।
আমার সঙ্গে অনেকে যোগ দিয়েছেন। কেউ আমাদের কোনো চাপ প্রয়োগ করেনি। আমি আমার পদত্যাগপত্র ইউনিয়ন বিএনপির সভাপতি আমান আলীর বরাবরে সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দীনের হাতে শুক্রবার জমা দিয়েছি। পরে জামায়াতে ইসলামীতে যোগদান করেছি।
তিরনইহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন বলেন, ‘শুধু নাইবুল ইসলাম ওয়ার্ড বিএনপি নেতা, বাকিরা বিএনপির কেউ না। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’
জেলা জামায়াতের আমির ইকবাল হোসাইন বলেন, ‘বিএনপি নেতা নাইবুল ইসলামসহ ৪১ জন সম্পূর্ণ নিজেদের ইচ্ছায় আমাদের দলে যোগদান করেছেন। তাদের মধ্যে বিএনপির কর্মী-সমর্থক স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ রয়েছে।’

 

আফগানিস্তানের বিপক্ষে সিরিজ জিতল বাংলাদেশ

০

৫ বল হাতে রেখেই জিতল বাংলাদেশ। আফগানিস্তানের ১৪৭ রান বাংলাদেশ পেরিয়ে গেল ৮ উইকেট হারিয়ে। ২ উইকেটের জয় বাংলাদেশকে এনে দিয়েছে সিরিজও। তিন ম্যাচ সিরিজে এক ম্যাচ বাকি থাকতেই বাংলাদেশ ২-০ ব্যবধানে এগিয়ে ট্রফি নিশ্চিত করেছে।

নাসুম আহমেদের পর রিশাদ হোসেনও যখন দ্রুত সাজঘরে ফেরেন, তখন হারের শঙ্কাটা জেঁকে বসেছিল বাংলাদেশ শিবিরে। এরপর নুরুল হাসান সোহানের ছক্কায় আসে স্বস্তি। সেই স্বস্তির রেশ টেনে দারুণ ফিনিশিং করেন ১০ নম্বর ব্যাটার শরিফুল ইসলাম, খেললেন বিশেষজ্ঞ ব্যাটারের মতো।

শুক্রবার শারজাহ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে আফগানিস্তানকে ২ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। ফলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিল টাইগাররা। আফগানদের দেওয়া ১৪৮ রানের লক্ষ্যে টাইগাররা পৌঁছে যায় পাঁচ বল হাতে রেখে।

আগের দিন দারুণ শুরুর পর হঠাৎ ব্যাটিং ধসে পড়া বাংলাদেশকে উদ্ধার করেছিলেন সোহান ও রিশাদ। এদিন শুরু থেকেই দোদুল্যমান অবস্থায় থাকা ম্যাচের শেষ দিকে এসে নায়ক বনে যান শরিফুল। ৬ বলে ২টি চারে খেলেন হার না মানা ১১ রান। ৩১ রান করে অপরাজিত থাকেন সোহান।

এর আগে সিরিজে টিকে থাকতে বাংলাদেশের বিপক্ষে লড়াকু পুঁজিই পেয়েছে আফগানিস্তান। দুই ওপেনার ইব্রাহিম জাদরান ও সেদিকুল্লাহ অতলের সঙ্গে তিনে নামা রহমানুল্লাহ গুরবাজের ব্যাটে এই রান তোলে তারা। যদিও ভালো সূচনার পর শেষ দিকে টাইগারদের দারুণ বোলিংয়ে স্লগওভারের সদ্ব্যবহার করতে পারেনি দলটি।
শুক্রবার শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৪৭ রান তুলে আফগানিস্তান। অর্থাৎ জিততে হলে ১৪৮ রান করতে হবে বাংলাদেশকে।

সেদিকুল্লাহ ও ইব্রাহিম খুব বেশি আক্রমণাত্মক না হলেও প্রায় আট ওভারে ওপেনিং জুটিতে ৫৫ রান এনে দেন। তাতে বড় পুঁজির স্বপ্নই দেখছিল দলটি। এরপর অবশ্য বাংলাদেশের বোলাররা ঘুরে দাঁড়ান, বিশেষকরে দুই স্পিনার রিশাদ হোসেন ও নাসুম আহমেদ। তাতে রানের গতিতে লাগাম থাকে।

রিশাদ ও নাসুম দুইজনই পেয়েছেন দুটি করে উইকেট। সেদিকুল্লাহকে ফিরিয়ে রিশাদ জুটি ভাঙার পর আরেক ওপেনার ইব্রাহিমকে তুলে নেন নাসুম। এরপর ওয়াফিউল্লাহ তারাখিলকে দ্রুত ফেরান রিশাদ। আর দাঁড়উইস রাসুলিকে ছাঁটাই করেন নাসুম।

তবে গুরবাজ এক প্রান্তে টিকে গিয়েছিলেন। দারুণ কিছু বাউন্ডারি আদায় করে হুমকি দিচ্ছিলেন টাইগারদের। তাকে দুর্দান্ত এক ইয়র্কারে বোল্ড করেন শরিফুল ইসলাম। তাতে শেষ দিকের সুবিধা আদায় করতে পারেনি আফগানরা। পাঁচ উইকেট হাতে থাকলেও শেষ চার ওভারে ৩০ রান তুলতে পারে দলটি।

আফগানিস্তানের পক্ষে সর্বোচ্চ ৩৮ রানের ইনিংস খেলেন ইব্রাহিম ৩৭ বলে ৩টি চার ও ১টি ছক্কায় এই রান করেন। এছাড়া গুরবাজ ৩০ ও সেদিকুল্লাহ ২৩ রান করেন। শেষদিকে মোহাম্মদ নবি ১২ বলে ২০ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন।

হোয়াইটওয়াশের লক্ষ্য টাইগারদের

০

আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটা এক ম্যাচ হাতে রেখেই জিতে নিয়েছে বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় ম্যাচে ২ উইকেটে আফগানদের হারিয়ে সিরিজ জয় নিশ্চিত করেছে টাইগাররা। সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ, আজ শেষ ম্যাচে জিতলেই আফগানদের করা যাবে হোয়াইটওয়াশ। শুক্রবার রাতে দ্বিতীয় ম্যাচেও হয়েছে বেশ ভালো লড়াই। আগে ব্যাট করতে নেমে ১৪৭ রানের সংগ্রহ দাঁড় করায় আফগানিস্তান। জবাব দিতে নেমে শুরুতে হোঁচট খেলেও জাকের আলী অনিক এবং শামীম হোসেন পাটোয়ারীর ব্যাটে চড়ে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। তবে শেষ দিকে আবারও দুজনের বিদায়ে চাপে পড়ে যায় টাইগাররা। আরও একবার বাংলাদেশের ত্রাতা হয়েছেন নুরুল হাসান সোহান। শেষ দিকে ব্যাট হাতে জ্বলে উঠেছিলেন শরিফুল ইসলামও। সোহান-শরিফুলের ব্যাটে চড়ে জয়ের বন্দরে চলে যায় বাংলাদেশ। ২ উইকেটের জয়ে নিশ্চিত হয়েছে সিরিজ জয়ও। ম্যাচ শেষে সোহানের ২১ বলে ৩১ রানের হার না মানা ইনিংসের প্রশংসায় মেতেছেন প্রধান কোচ ফিল সিমন্স। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সোহানের ইনিংস নিয়ে সিমন্স বলেছেন, ‘আজকে সে (সোহান) দারুণ ইনিংস খেলেছে। এমন জায়গায় যখন জাকের-শামীম ফিরে গেল, সে সেখান থেকে আমাদের হয়ে খেলাটা শেষ করে আসলো। ব্যাটারদের থেকে এটাই চাই আমি। যখনই সুযোগ আসবে যেন দায়িত্ব নিয়ে আমাদের ম্যাচ জেতায়।’
ম্যাচ নিয়েও সন্তুষ্টি ঝরেছে প্রধান কোচের কণ্ঠে, ‘প্রথমে বলব, ম্যাচ দুর্দান্ত ছিল। গতকালের ম্যাচ থেকে অনেক ভালো হয়েছে। আজকে উইকেট অনেক সময় ধরে ব্যাটিংয়ের জন্য ভালো ছিল। ফলে অনেক বেটার ম্যাচ হয়েছে।’
ফিল সিমন্স আরও বলেন, ‘আমাদের বোলিং ধারাবাহিকভাবে উন্নতি করে যাচ্ছে। যে কম্বিনেশনেই যাই না কেন, আমরা আমাদের বোলিংয়ের উপর ভরসা করতে পারি, এটা আমরা জানি। বোলিং গত ৫-৬ সপ্তাহ ধরে অনেক ভালো হচ্ছে। এটা আমাদের গ্রোথের অংশ। বোলিং আমাদের ২ ম্যাচেই ভালো জায়গায় নিয়ে এসেছে। আজকে তারা ভালো শুরু পেলেও মাঝে এবং বিশেষ করে শেষ দিকে আমরা ভালো বোলিং করেছি। ভালো জায়গায় বল করে যেতে হবে। শারজাহতে উইকেট টু উইকেট বল করে যেতে হবে। আমাদের বোলাররা সেটাই করেছে। স্পিনাররা ভালো করেছে। গতকাল ওপেনাররা দেখিয়েছে তারা কী করতে পারে। আজকে লোয়ার মিডল অর্ডার নিজেদের দক্ষতা দেখিয়েছে। এক্সাইটিং, অ্যাগ্রেসিভ ক্রিকেট খেলতে চাই আমরা, এটাই আমাদের উদ্দেশ্য।’
সিমন্স আরও বলেছেন, ‘স্পিনারদের (বিরুদ্ধে) ভালোই খেলি আমরা। এটা আমাদের শক্তি। আজকে ভালোই করেছি। গতকাল সেভাবে পারিনি, পারলে ভালো হত। আজ যেভাবে চেয়েছি তা করতে পেয়েছি।’
সিরিজের প্রথম দুই ম্যাচেই সমর্থকদের প্রায় হার্ট অ্যাটাকের দশা করে ফেলেছিল বাংলাদেশ। এবারও একদম শেষ দিকে গিয়ে জিতেছে বাংলাদেশ। ব্যাপারটা হার্টের জন্য ক্ষতিকর মানছেন প্রধান কোচ সিমন্সও। তবে এমন অভ্যাস থাকলে তা সামনে কাজে লাগবে বলেও মনে করেন কোচ। ফিল সিমন্স বলেন, ‘(হাসি) (এভাবে জেতাটা) আমার জন্যও ক্ষতিকর। ক্রিকেট এরকমই আসলে। যদি শুরুতে জেতার পর আরও ক্লোজ ম্যাচ জিততে পারেন পরে আবারও ক্লোজ ম্যাচ আসলে আত্মবিশ্বাস পাবেন। ফলে এই ব্যাপারটা আসলে ভালো। তবে আমাদের কারও (স্বাস্থ্যের) জন্যই জিনিসটা ভালো নয়, আমাদের হার্ট এতকিছু সহ্য করতে পারবে না।’
সিরিজের তৃতীয় ম্যাচ আজ ৫ অক্টোবর, জিতলেই আফগানদের হোয়াইটওয়াশ করবে বাংলাদেশ।

গোপনে বাগদান সারলেন রাশমিকা মান্দানা, বিয়ে কবে?

০

ভারতের দক্ষিণের সিনেজগত থেকে এল বড় সুখবর। বাগদান সেরেছেন জনপ্রিয় দক্ষিণী নায়িকা রাশমিকা মান্দানা। শুক্রবার সন্ধ্যায় ঘনিষ্ঠ আত্মীয়-স্বজন ও বন্ধুদের উপস্থিতিতে অনুষ্ঠানটি সম্পন্ন হয়। জানা গেছে, দীর্ঘদিনের চর্চিত প্রেমিক অভিনেতা বিজয় দেবেরাকোন্ডার সঙ্গেই আংটি বদল ঘটল এই নায়িকার।
সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, পুরো আয়োজনটি ছিল ব্যক্তিগত, তাই বাগদানের কোনো ছবি প্রকাশ করা হয়নি।, রাখা হয়েছে গোপন।
তাই ভক্তরা তাদের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় আছেন।
এও শোনা যাচ্ছে, আগামী বছরের ফেব্রুয়ারিতেই নাকি এ জুটি বিবাহবন্ধনে আবদ্ধ হতে পারেন। যদিও বিয়ের সুনির্দিষ্ট তারিখ ও অন্যান্য তথ্য এখনো জানা যায়নি।
বিজয়ের সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পর্কে জড়িয়ে আলোচনায় ছিলেন রাশমিকা মান্দানা। যদিও কেউই প্রকাশ্যে সম্পর্ক নিয়ে মন্তব্য করেননি। তবে একাধিকবার তাদের একসঙ্গে রেস্তোরাঁয় কিংবা ছুটি কাটাতে দেখা গেছে।
২০১৮ সালে মুক্তি পাওয়া ‘গীতা গোবিন্দম’ ছবিতে প্রথমবার একসঙ্গে অভিনয় করেন তারা। পরে ‘ডিয়ার কমরেড’ ছবির মাধ্যমে তাদের সম্পর্ক নিয়ে আলোচনাও আরও জোরদার হয়।

গাজায় সামরিক অভিযান থামিয়েছে ইসরায়েল

ফিলিস্তিনের গাজা উপত্যকায় সামরিক অভিযান থামিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। কয়েকটি ইসরায়েলি সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে এ তথ্য।

ইসরায়েলের বেতার সংবাদমাধ্যম কান জানিয়েছে, গতকাল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় বোমাবর্ষণ বন্ধের আহ্বান জানানোর পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গাজায় হামলা থামানোর নির্দেশ দেন আইডিএফ-কে এবং আইডিএফ সেই নির্দেশ কার্যকর করেছে।

ইসরায়েলের আরেক বেতার সংবাদমাধ্যম আর্মি রেডিও জানিয়েছে, গাজায় অভিযান পুরোপুরি থামায়নি আইডিএফ, তবে সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে এনেছে; অর্থাৎ হামলা, বোমা ও গোলাবর্ষণ বন্ধ করেছে, তবে অবস্থান ও টহল অব্যাহত রেখেছে।

গত সপ্তাহে গাজায় যুদ্ধের অবসানের জন্য ২০টি পয়েন্ট সম্বলিত নতুন একটি পরিকল্পনা হাজির করেন প্রেসিডেন্ট ট্রাম্প। পরিকল্পনাটি প্রকাশের পরপরই তাতে সম্মতি দেন নেতানিয়াহু; কিন্তু গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী রাজনৈতিক গোষ্ঠী হামাস তখনও সাড়া দেয়নি।

গতকাল শুক্রবার হামাসকে আল্টিমেটাম দেন ট্রাম্প। তিনি বলেন, যদি রোববারের মধ্যে হামাস সাড়া না দেয়, তাহলে ‘নরক’ নেমে আসবে গোষ্ঠীটির ওপর। এই আল্টিমেটামের কয়েক ঘণ্টার মধ্যে হামাসের হাইকমান্ড জানায়, ট্রাম্পের প্রস্তাব মেনে নিজেদের কব্জায় থাকা ইসরায়েলি জিম্মিদের মুক্তিপ্রদান এবং গাজার প্রশাসনিক ক্ষমতা হস্তান্তরের জন্য রাজি আছে গোষ্ঠীটি।

হামাস সম্মতি দেওয়ার পর ইসরায়েলকে গাজায় বোমাবর্ষণ বন্ধ করার আহ্বান জানান প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি এই আহ্বান জানানোর কিছুক্ষণের মধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, গাজায় যুদ্ধাবসান ইস্যুতে ট্রাম্প এবং তার নেতৃত্বাধীন প্রশাসনকে পূর্ণমাত্রায় সহযোগিতা করতে প্রস্তুত আছে ইসরায়েল।

বিক্ষোভে উত্তাল জর্জিয়া, প্রেসিডেন্ট প্রাসাদে ঢোকার চেষ্টা জনতার

ইউরোপীয় ইউনিয়নে যোগদানের আলোচনায় স্থবিরতা ও নির্বাচনী কারচুপির অভিযোগ ঘিরে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে জর্জিয়া। এসময় বিক্ষোভকারীরা রাজধানী তিবলিসিতে প্রেসিডেন্ট প্রাসাদে ঢোকার চেষ্টা করে এবং পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিরাপত্তা বাহিনী জলকামান ও পিপার স্প্রে ব্যবহার করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে। পরে বিক্ষোভকারীদের অনেককে আটক করে পুলিশ। রোববার (৫ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

সংবাদমাধ্যমটি বলছে, গত বছরের পার্লামেন্ট নির্বাচনে শাসক দল জর্জিয়ান ড্রিম জয় দাবি করার পর থেকেই দেশটি রাজনৈতিক অচলাবস্থায় রয়েছে। ইউরোপীয় ইউনিয়নপন্থি বিরোধী দলগুলো অভিযোগ করছে, নির্বাচনে কারচুপির মাধ্যমে শাসকদল জয় পেয়েছে। এরপর থেকে সরকার ইইউ-তে যোগদানের আলোচনা স্থগিত রেখেছে।

এমন অবস্থায় শনিবার স্থানীয় নির্বাচনের দিনই রাজধানীতে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। সরকারবিরোধী অভিযানের প্রতিবাদে অধিকাংশ বিরোধী দল এ নির্বাচন বর্জন করে। বিক্ষোভের অন্যতম সংগঠক অপেরা গায়ক পাতা বুড়চুলাদজে আগেই শাসক দলের নেতাদের গ্রেপ্তারের আহ্বান জানিয়েছিলেন।

এদিন তিবলিসির রাস্তাগুলোতে হাজার হাজার বিক্ষোভকারী জর্জিয়া ও ইউরোপীয় ইউনিয়নের পতাকা হাতে মিছিল করেন। বুড়চুলাদজে এক ঘোষণায় স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের কর্মকর্তাদের উদ্দেশে বলেন, জনগণের ইচ্ছার প্রতি সম্মান দেখিয়ে তারা যেন অবিলম্বে জর্জিয়ান ড্রিম দলের ছয়জন শীর্ষ নেতাকে গ্রেপ্তার করেন।

পরে বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট প্রাসাদের সামনে গিয়ে সেখানে ঢোকার চেষ্টা করলে দাঙ্গা পুলিশ পিপার স্প্রে নিক্ষেপ করে।

মূলত গত কয়েক মাস ধরে সরকারবিরোধী কর্মী, স্বাধীন গণমাধ্যম ও পশ্চিমাপন্থি রাজনৈতিক নেতাদের ওপর দমননীতি জোরদার করেছে জর্জিয়ার সরকার। অধিকাংশ বিরোধী নেতা এখন কারাগারে।

২১ বছর বয়সী ইয়া নামের এক তরুণী কালো পোশাক, হেলমেট ও গ্যাসমাস্ক পরে বিক্ষোভে যোগ দেন। তিনি বলেন, “রঙিন কিছু পরলে সহজেই আমাদের চেনা যাবে, আর চেনা গেলে জেলে যেতে হবে”। মূলত সরকারি নজরদারির অংশ হিসেবে রুস্তাভেলি এভিনিউতে কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন নজরদারি ক্যামেরা বসানো হয়েছে এবং এটাই বোঝাতে চাচ্ছিলেন তিনি।

সরকারের মতে, “রাস্তা অবরোধের মতো বেআইনি কর্মকাণ্ডে” অংশ নেওয়ার অভিযোগে শত শত বিক্ষোভকারীকে ৫ হাজার জর্জিয়ান লারি (প্রায় ১ হাজার ৮৩৫ ডলার) জরিমানা করা হয়েছে।

ইয়া বলেন, “আমি চাই জর্জিয়ান ড্রিম সরে যাক। আমরা দেশটাকে ফিরে পেতে চাই। আমার যেসব বন্ধুকে অবৈধভাবে জেলে রাখা হয়েছে, তারা যেন মুক্তি পায়।”

‘দেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে পারি না’

দেশের ১৮ কোটি মানুষের ভাগ্য নিয়ে আমরা ছিনিমিনি খেলতে পারি না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

তিনি বলেন, সংবিধান ছেলে খেলা নয়। ১৮ কোটি মানুষের ভাগ্য নিয়ে আমরা ছিনিমিনি খেলতে পারি না। সংবিধানকে নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় চলতে দিতে হবে।

শনিবার (৪ অক্টোবর) রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন সেমিনার হলে জাতীয় গণতান্ত্রিক পার্টির (এনডিপি) ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সালাহউদ্দিন আহমেদ বলেন, নির্বাচন বানচাল হলে অগণতান্ত্রিক শক্তির উত্থান হবে। পতিত ফ্যাসিবাদ সুযোগ পাবে, যা কোনোভাবেই কাম্য নয়।

তিনি বলেন, যারা হীন রাজনৈতিক উদ্দেশ্যে, দলীয় স্বার্থে জাতীয় স্বার্থকে জলাঞ্জলি দিচ্ছে, তাদের বলবো জনগণকে বিভ্রান্ত করবেন না। নির্বাচন বিলম্বিত বা বানচালের চেষ্টা করা মানে অগণতান্ত্রিক শক্তিকে উত্থানের সুযোগ দেওয়া।

গণতান্ত্রিক চর্চার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, তর্ক-বিতর্ক হবে, বহুমত থাকবে, কিন্তু জাতীয় ইস্যুতে ঐক্যমত তৈরি করতে হবে। যাতে জনগণ বিজয়ী হয়, এদেশের মানুষ বিজয়ী হয়।

সংবিধান সংস্কার প্রসঙ্গে সালাহউদ্দিন বলেন, সংবিধান ছেলে খেলা নয়। ১৮ কোটি মানুষের ভাগ্য নিয়ে আমরা ছিনিমিনি খেলতে পারি না। সংবিধানকে নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় চলতে দিতে হবে।

তিনি আরও বলেন, ১৯৭২ সালের সংবিধানও গণপরিষদের মাধ্যমে প্রণীত হয়েছিল, কিন্তু, এক বছরের মধ্যে সংশোধন আনতে হয়েছিল। তাই নতুন সংবিধান প্রণয়ন করলেই তা স্থায়ী হয়ে যাবে, এমন ধারণা ভুল।

সালাহউদ্দিন আরও বলেন, পিআর মানে পার্মানেন্ট রেস্টলেসনেস। এ ব্যবস্থায় স্থিতিশীল সরকার ব্যবস্থা থাকে না। কয়েক মাস পরপর প্রধানমন্ত্রী পরিবর্তন হয়, সরকার পরিবর্তন হয়। এতে কোনো দল জনগণের কাছে দেওয়া অঙ্গীকার বাস্তবায়ন করতে পারে না, দেশের উন্নয়নও হয় না। বাংলাদেশের মতো রাষ্ট্রকে আমরা এমন অস্থিরতার দিকে ঠেলে দিতে পারি না।

বিশ্ব শিক্ষক দিবস আজ

আজ ৫ অক্টোবর (রোববার), বিশ্ব শিক্ষক দিবস। সারা বিশ্বের মতো বাংলাদেশেও দিনটি যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সঙ্গে উদযাপিত হচ্ছে। এবছরের শিক্ষক দিবসের প্রতিপাদ্য, ‘শিক্ষকতা পেশা : মিলিত প্রচেষ্টার দীপ্তি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাবিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আজ বাংলাদেশেও এই দিবস উদযাপন হবে।

শিক্ষক ছাড়া জাতির অগ্রগতি অসম্ভব—সেজন্য ১৯৯৪ সাল থেকে ইউনেস্কোর উদ্যোগে বিশ্বের ১০০টিরও বেশি দেশে এই দিনটি উদযাপিত হচ্ছে। ১৯৯৩ সালে প্যারিসে অনুষ্ঠিত ইউনেস্কোর ২৬তম সাধারণ সভায় ৫ অক্টোবর দিনটিকে বিশ্ব শিক্ষক দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর ১৯৯৪ সালে প্রথমবারের মতো দিবসটি পালন করা হয়। ১৯৯৫ সাল থেকে বিভিন্ন দেশে ‘বিশ্ব শিক্ষক দিবস’ পালন শুরু হয়। ইউনেস্কোর অনুমোদনে প্রতিবছর পৃথক প্রতিপাদ্যে দিবসটি পালিত হয়ে আসছে।

একজন শিক্ষক শুধু পাঠদান করেন না, তিনি একজন শিক্ষার্থীর চিন্তা, চরিত্র ও ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। শিক্ষকরাই জাতিকে আলোকিত পথে এগিয়ে নিয়ে যান এবং সমাজকে গড়ে তোলেন জ্ঞান ও নৈতিকতার ভিত্তিতে। তাই তাদের ভূমিকা জাতি গঠনের কারিগর হিসেবে অনন্য ও অপরিসীম। এই দিবসটি শিক্ষকদের মর্যাদা প্রতিষ্ঠা এবং তাদের কাজকে মূল্যায়ন করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

শিক্ষকরা সামাজিক, অর্থনৈতিক ও বুদ্ধিবৃত্তিক বিনির্মাণে অগ্রণী ভূমিকা রাখেন। তারা ভবিষ্যৎ প্রজন্মকে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলার জন্য প্রস্তুত করেন এবং একটি টেকসই ভবিষ্যৎ গঠনে অবদান রাখেন। শিক্ষকদের পেশাগত স্বাধীনতা, অধিকার এবং উন্নত বেতন-ভাতা নিশ্চিত করার মাধ্যমে শিক্ষকতা পেশার প্রতি তরুণদের আকর্ষণ বৃদ্ধি করা এই দিবসের অন্যতম তাৎপর্য।

দিবসটি উপলক্ষ্যে সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক সংগঠন ও শিক্ষার্থীদের উদ্যোগে দেশের বিভিন্ন স্থানে আয়োজন করা হয়েছে র‌্যালি, আলোচনা সভা ও সম্মাননা অনুষ্ঠান। শিক্ষক দিবস কেবল আনুষ্ঠানিকতার দিন নয়, এটি শিক্ষকদের মর্যাদা, অধিকার ও গুরুত্ব পুনরায় তুলে ধরার এক মূল্যবান মুহূর্ত।

দিবসি পালনের অংশ হিসেবে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে রোববার সকালে গুণী শিক্ষক সংবর্ধনা অনুষ্ঠিত হবে। সেখানে ১২ জন শিক্ষককে দেওয়া হবে সংবর্ধনা। এজন্য প্রাথমিকভাবে ৩৬ জন শিক্ষককে নির্বাচিত করা হয়েছিল। দেশের বিভিন্ন বিশ্বদ্যিালয়, কলেজ, মাধ্যমিক, মাদরাসা, কারিগরি ও প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান থেকে তাদের বাছাই করা হয়।

ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৯৬

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২০২ জনে। ডেঙ্গু আক্রান্ত হয়ে একদিনে হাসপাতালে ভর্তি হয়েছে ৩৯৬ জন।
বৃহস্পতিবার (২ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ঢাকা উত্তর সিটি করপোরেশনে একজনের ও চট্টগ্রাম বিভাগে একজনের মৃত্যু হয়েছে। এই সময়ে চট্টগ্রাম বিভাগে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী (৯৬ জন) হাসপাতালে ভর্তি হয়েছে।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৯০ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৫২ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৫৬ জন, বরিশাল বিভাগে ৮৭, রাজশাহী বিভাগে ১৫ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছর ১ জানুয়ারি থেকে বৃহস্পতিবার পর্যন্ত ডেঙ্গুতে মোট ২০২ জন মারা গেছে।
এর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু (৯৫ জন) হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে। পাশাপাশি এই সময়ে বরিশাল বিভাগে ৩২ জন ছাড়াও ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২৭ জন, চট্টগ্রাম বিভাগে ২৪ জন, রাজশাহী বিভাগে ১০ জন, ময়মনসিংহ বিভাগে ৬ জন, খুলনা বিভাগে ৫ জন এবং ঢাকা বিভাগে ৩ জন ডেঙ্গুতে মারা গেছে।

জেনে নিন ল্যাপটপের গতি বাড়ানোর কৌশল

প্রযুক্তিনির্ভর দুনিয়ায় কম্পিউটার ছাড়া জীবন যেন অসম্পূর্ণ। বোকাবাক্সে বন্দি পুরো দুনিয়া। একটি ক্লিকে বিশ্বের যে কোনো প্রান্তের খবরা-খবর জানতে পারছেন কিংবা ইন্টারনেট ব্যবহার করে আপনার অজানা যতো কিছু আছে, সবই জেনে নিতে পারবেন এক মুহূর্তেই। তবে বেশি দিন হয়নি আপনি ল্যাপটপ কিনেছেন। এর মধ্যে ল্যাপটপের গতি ধীর হয়ে গেছে। আর ল্যাপটপ ধীর হয়ে যাওয়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে অনেক প্রোগ্রাম একসঙ্গে চালু রাখা। ব্যবহার করা হচ্ছে না এমন অনেক প্রোগ্রাম ব্যাকগ্রাউন্ডে চালু থাকলে তা ল্যাপটপের ওপর বাড়তি চাপ সৃষ্টি করে। সুতরাং, ল্যাপটপে কাজ করতে বেশি সময় লাগে।
ল্যাপটপের গতি কমার অন্যতম কারণ অপ্রয়োজনীয় প্রোগ্রাম। এ সমস্যা সমাধানের আগে দেখতে হবে কোন প্রোগ্রাম সবচেয়ে বেশি স্টোরেজ ব্যবহার করছে। সেটি দেখার জন্য টাস্ক ম্যানেজার (কি-বোর্ডের কন্ট্রোল-অল্ট-ডিলিট একসঙ্গে চাপ দিন) ব্যবহার করুন। সেখানে দেখানো তালিকা থেকে যেসব প্রোগ্রাম আপনি এ মুহূর্তে ব্যবহার করছেন না, সেগুলো বন্ধ করে দিন। এ ক্ষেত্রে ‘এন্ড টাস্ক’ লেখা বাটনে ক্লিক করুন।
চলুন জেনে নিই, ল্যাপটপের গতি বাড়াতে কি কি করা উচিত:
১. অস্থায়ী ফাইল মুছে ফেলা
ল্যাপটপে যে কোনো কাজ করার সময় অনেক অস্থায়ী ফাইল তৈরি হয়। এগুলো হার্ড ড্রাইভে অনেক জায়গা নিয়ে থাকে। এ ফাইলগুলো মুছে ফেলতে স্টার্ট মেন্যুতে যান এবং অনুসন্ধান বারে ‘ডিস্ক ক্লিনআপ’ টাইপ করুন। এর ফলে, এমন একটি প্রোগ্রাম চালু হবে, যেটি ইন্টারনেট ক্যাশ এবং প্রোগ্রাম চলার সময় তৈরি হওয়া সব অস্থায়ী ফাইল একসঙ্গে মুছে ফেলার কাজে সাহায্য করবে।
২. হার্ড ড্রাইভ আপগ্রেড করা
আপনার ল্যাপটপের গতি যদি কম হয়ে থাকে, তবে খেয়াল করুন আপনি দীর্ঘদিন ধরে পুরোনো হার্ড ড্রাইভ ব্যবহার করে আসছেন কি না। পুরোনো হার্ড ড্রাইভ ব্যবহার করে থাকলে বুঝতে হবে, আপনার আগের হার্ড ড্রাইভ পাল্টে নতুন এবং দ্রুততর হার্ড ড্রাইভ কেনার সময় এসেছে। নতুন হার্ড ড্রাইভ ল্যাপটপের গতি নিমিষেই বাড়িয়ে দেবে কয়েক গুণ।
৩. হার্ড ড্রাইভ ডিফ্র্যাগমেন্ট করা
হার্ড ড্রাইভ ডিফ্র্যাগমেন্ট করতে স্টার্ট মেন্যুতে যান এবং অনুসন্ধান বারে ‘ডিফ্র্যাগমেন্ট’ টাইপ করুন। এ প্রোগ্রামটি ল্যাপটপের হার্ড ড্রাইভকে ডিফ্র্যাগমেন্ট করবে এবং ফাইলগুলোকে সুষ্ঠুভাবে বিন্যস্ত করতে সাহায্য করবে।
৪. সফটওয়্যার আপডেট
ল্যাপটপে ব্যবহৃত প্রায় সব সফটওয়্যারই প্রতিনিয়ত নতুন নতুন আপডেট প্রকাশ করে থাকে। এসব আপডেট সফটওয়্যারের নানা সমস্যা ও সমাধান করে এবং এগুলোর কর্মক্ষমতা বাড়ায়। এ জন্য ল্যাপটপে সফটওয়্যারের সর্বশেষ সংস্করণ ব্যবহৃত হচ্ছে কি না, তা নিশ্চিত করা প্রয়োজন। আপনার সফটওয়্যার আপডেট করতে স্টার্ট মেন্যুতে যান এবং অনুসন্ধান বারে ‘আপডেট’ টাইপ করুন। এরপর যেসব সফটওয়্যারের আপডেট প্রয়োজন, সেগুলো আপডেট করে ফেলুন।
৫. ল্যাপটপ পরিষ্কার রাখা
সব সময় আপনার ল্যাপটপে অতিরিক্ত ধুলাবালি ও ময়লা জমে থাকে, তা ঠিকমতো বাইরে বের হতে পারে না। ফলে, ল্যাপটপ খুব দ্রুত গরম হয়ে যায় এবং এর গতি কমে আসে। সুতরাং, জমে থাকা ধুলো-ময়লা পরিষ্কার করতে আপনার ল্যাপটপ বন্ধ করুন এবং এটি আনপ্লাগ করুন। এরপর বাইরের অংশ এবং ভেন্টগুলোকে নরম কাপড়ের সাহায্যে আলতো করে মুছে নিন। এটি ল্যাপটপ অতিরিক্ত গরম হওয়া থেকে রক্ষা করবে এবং এর গতি ঠিক রাখবে।
৬. বাড়তি র্যাম সহযোজন
আপনার ল্যাপটপে পর্যাপ্ত র্যাম না থাকলে মাত্রাতিরিক্ত চাপ পড়ে, যা এর গতি কমিয়ে দেয়। অতিরিক্ত র্যাম কিনে তা ল্যাপটপে ইনস্টল করে এ সমস্যা দূর করা সম্ভব।
ল্যাপটপে ব্যবহার করা হয় না এমন অপ্রয়োজনীয় সফটওয়্যার অনেক স্টোরেজ নিয়ে নেয়, যা ল্যাপটপের গতি কমিয়ে দেয়। এজন্য অপ্রয়োজনীয় সফটওয়্যার আনইনস্টল করা জরুরি। এতে করে ল্যাপটপের স্টোরেজ খালি হয় এবং এর গতি বৃদ্ধি পায়।