Home Blog

৮ বছর ধরে অচল দেড় কোটি টাকার সৌরবিদ্যুৎ প্রকল্প

নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর লক্ষ্যে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা প্রশাসনিক ভবনের ছাদে স্থাপন করা হয় সৌরবিদ্যুৎ প্রকল্প। প্রায় এক কোটি ৪৭ লাখ টাকা ব্যয়ে স্থাপিত প্রায় প্রকল্পটি প্রায় আট বছর ধরে অকেজো পড়ে রয়েছে।

জানা গেছে, দীর্ঘ দিন ধরে সোলার প্যানেল, ব্যাটারি, আইপিসিসহ বিভিন্ন যন্ত্রপাতি অব্যবহৃত থাকায় সরকারি অর্থের এই বিনিয়োগের কার্যকারিতা ও রক্ষণাবেক্ষণ ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে।
সূত্র জানায়, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সুবিধা নিশ্চিত করা এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর লক্ষ্যে জলবায়ু পরিবর্তন ট্রাস্টের আওতায় ২০১৩ সালে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের অধীনে উপজেলা প্রশাসনিক ভবনের ছাদে সৌরবিদ্যুৎ প্রকল্পটি স্থাপন করা হয়। প্রকল্পে ৩০ কিলোওয়াট ক্ষমতার ১০০টি সোলার প্যানেল, ব্যাটারি, আইপিসিসহ বিভিন্ন যন্ত্রপাতি স্থাপন করা হয়। প্রকল্প বাস্তবায়নে ব্যয় হয় এক কোটি ৪৭ লাখ টাকা।

প্রকল্পটি চালু থাকার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়, উপজেলা পরিষদ, কৃষি, মৎস্য, সমবায়, প্রকল্প বাস্তবায়ন, স্থানীয় সরকার, জনস্বাস্থ্য প্রকৌশলসহ বিভিন্ন সরকারি দপ্তর এবং ইউএনওর বাসভবনে বিদ্যুৎ সরবরাহ করা হতো। তবে প্রকল্পটি চালুর দুই থেকে তিন বছরের মধ্যে বিভিন্ন যন্ত্রাংশে ত্রুটি দেখা দিতে শুরু করে।
এক পর্যায়ে পুরো সৌরবিদ্যুৎ ব্যবস্থা সচলহীন হয়ে পড়ে। সংশ্লিষ্টদের ভাষ্য অনুযায়ী, গত প্রায় আট বছর ধরে সোলার প্যানেল, ব্যাটারি, আইপিসিসহ অন্যান্য যন্ত্রপাতি নষ্ট অবস্থায় পড়ে আছে। এগুলো মেরামত বা পুনরায় চালুর বিষয়ে এতদিন কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
দীর্ঘ দিন অব্যবহৃত থাকায় প্রকল্পের যন্ত্রপাতি আরও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে ব্যাটারি, ইনভার্টার ও কন্ট্রোলারসহ গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি দীর্ঘ দিন রক্ষণাবেক্ষণ ছাড়া পড়ে থাকলে সেগুলোর কার্যক্ষমতা নষ্ট হওয়ার আশঙ্কা থাকে।

সংশ্লিষ্টদের মতে, সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপনের পাশাপাশি নিয়মিত রক্ষণাবেক্ষণ ও তদারকি নিশ্চিত করা জরুরি। ব্যাটারি, ইনভার্টার, কন্ট্রোলারসহ গুরুত্বপূর্ণ যন্ত্রপাতির কার্যকারিতা নিয়মিত পরীক্ষা এবং ত্রুটি দেখা দিলে দ্রুত মেরামতের ব্যবস্থা না থাকলে এ ধরনের প্রকল্প অচল হয়ে পড়তে পারে। এতে সরকারি বিনিয়োগের কাঙ্ক্ষিত সুফল থেকে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বঞ্চিত হয়।
এদিকে প্রকল্পটি স্থাপনের পর রক্ষণাবেক্ষণের দায়িত্ব কোনো প্রতিষ্ঠান বা ঠিকাদারি প্রতিষ্ঠানের ছিল, কত বছর পর্যন্ত ওয়ারেন্টি বা মেইনটেন্যান্স সুবিধা ছিল এবং প্রকল্পটির বিকল হওয়ার পর কেন সময়মতো সংস্কারের উদ্যোগ নেওয়া হয়নি– এসব বিষয় খতিয়ে দেখার দাবি উঠেছে।
শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিল্লোল চাকমা বলেন, তিনি নতুন এসেছেন এবং স্থানীয় প্রকৌশলীর সঙ্গে এ বিষয়ে ইতোমধ্যে আলোচনা হয়েছে। প্রকল্পটি সচল করতে কী পরিমাণ অর্থের প্রয়োজন হবে, তা নির্ধারণের জন্য সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞ টেকনিশিয়ান বা বিশেষজ্ঞ দিয়ে একটি প্রাক্কলন (এস্টিমেট) করানো হবে। ব্যয় কম হলে এবং উপজেলা তহবিল থেকে তা বাস্তবায়নের মতো সংস্থান থাকলে তহবিল থেকেই কাজটি করার উদ্যোগ নেওয়া হবে।

দাম বেড়েছে স্বর্ণ ও রুপার

এক সপ্তাহ পর দেশের বাজারে আবার বেড়েছে স্বর্ণের দাম। এবার প্রতি ভরি স্বর্ণের দাম বেড়েছে এক হাজার ৬৯১ টাকা। বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বেড়ে যাওয়ায় তারা দাম সমন্বয় করেছে। গতকাল শনিবার বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন দাম অনুযায়ী, গতকাল শনিবার থেকে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম হয়েছে দুই লাখ ৩৪ হাজার ৬২১ টাকা। এর আগে যা ছিল দুই লাখ ৩২ হাজার ৯৩০ টাকা। ২১ ক্যারেটের স্বর্ণের দাম বেড়ে ভরিতে দাঁড়িয়েছে দুই লাখ ২৪ হাজার ৬৫ টাকা। ১৮ ক্যারেটের স্বর্ণের দাম হয়েছে এক লাখ ৯২ হাজার ৩৯৮ টাকা। এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম হয়েছে এক লাখ ৫৭ হাজার ১৭২ টাকা। স্বর্ণের পাশাপাশি রুপার দামও বাড়িয়েছে বাজুস। প্রতি ভরিতে ১১৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে পাঁচ হাজার ১৩২ টাকা।

দেশের ইতিহাসে স্বর্ণের সর্বোচ্চ দর বেড়েছিল চলতি বছরের ২৯ জানুয়ারি। ওই দিন স্বর্ণের দাম এক লাফে ভরিতে ১৬ হাজার ২১৩ টাকা বেড়ে দুই লাখ ৮৬ হাজার টাকায় ওঠে। এরপর ধীরে ধীরে কমে ভরিপ্রতি দুই লাখ ২০ হাজার টাকার নিচে নেমে এসেছিল। তারপর আবার বাড়তে থাকে। এভাবে এ বছর বেশ কয়েকবার ওঠানামা করেছে মূল্যবান ধাতুটির দাম।
নানা কারণে স্বর্ণের দরে উত্থান-পতন ঘটে। যেমন– যুদ্ধ বা সংকটে মানুষ নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণ কেনে। মার্কিন ডলার দুর্বল হলে, ব্যাংকের সুদ হার কমলে, কেন্দ্রীয় ব্যাংকগুলোর রিজার্ভ বাড়ালে ও মুদ্রার মান কমলে স্বর্ণের চাহিদা বাড়ে। ফলে দামও বেড়ে যায়। অন্যদিকে ডলার শক্তিশালী হলে স্বর্ণের দাম সাধারণত কমে যায়। ব্যাংকে সুদের হার বাড়লে মানুষ স্বর্ণ ছেড়ে বন্ড বা ব্যাংকে বিনিয়োগ করে।

যে ভিটামিনের অভাবে রাতে ঘুম হয় না

অনেকেই রাতে ঠিকঠাক ঘুমাতে পারেন না। সারাদিন পরিশ্রমের পরও সারারাত বিছানার এপাশ থেকে ওপাশে ফেরেন, কিন্তু চোখে ঘুম থাকে না। এ সমস্যাকে চিকিৎসাবিজ্ঞানের ভাষায় ইনসোমনিয়া বলা হয়। মূলত ভিটামিন ও খনিজের অভাবে মানুষ এ সমস্যায় ভোগে বলে জানানো হয়েছে নিউজ১৮-এর এক প্রতিবেদনে।

ভারতের পুষ্টিবিদ অনুশ্রী মিশ্র জানান, শরীরে দুটি ভিটামিন ও একটি খনিজের অভাবে রাতে ঘুম আসে না। এগুলো হলো ভিটামিন ডি, ভিটামিন বি১২ ও ম্যাগনেশিয়াম।

কোন কোন খাবারে এই ভিটামিন ও খনিজের অভাব মিটবে

ভিটামিন বি ১২
স্নায়ুতন্ত্রকে সুস্থ রাখতে ভিটামিন বি ১২ অত্যন্ত জরুরি। প্রতিদিন ২.৪ মাইক্রোগ্রাম ভিটামিন বি ১২ গ্রহণ করা জরুরি। ভিটামিন বি ১২-এর ঘাটতি হলে শুধু ভুলে যাওয়াই নয়, রক্তে আরবিসি-ও কমে যায়। পাশাপাশি ইনসোমনিয়ার সমস্যা দেখা দেয়। ঘাটতি মেটাতে প্রতিদিনের খাদ্যতালিকায় দুধ, পালং শাক, বিট, দই, ছানার পানি, পনির রাখুন।

ম্যাগনেশিয়াম
সুস্থ থাকতে মিনারেল প্রয়োজন। আর ম্যাগনেশিয়াম হল অত্যন্ত গুরুত্বপূর্ণ মিনারেল যা শরীরের ভেতরে চলতে থাকা নানা রকম রাসায়নিক প্রক্রিয়া সুষ্ঠুভাবে পরিচালনা করতে সাহায্য করে। ম্যাগনেশিয়াম কমে গেলে রাতে ঘুমও আসে না।

ভিটামিন ডি
ভিটামিন-ডি একটি স্নেহপদার্থে দ্রবণীয় ভিটামিন। অনেকসময়-ই একে বলে ‘সাইশাইন ভিটামিন’। ভিটামিন ডি কমলে ঘুম কমে যায়। আজকাল বহু মানুষ এই ভিটামিনের অভাবে ভোগেন। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় সূর্যের আলোতে থাকলে ভিটামিন ডি’র ঘাটতি হবে না। কিন্তু বিষয়টা এতটাও সহজ নয়। সূর্যালোক থেকে ভিটামিন ডি পাওয়া যায় ঠিকই, তবে ত্বক থেকে তা বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে লিভারে পৌঁছনো ও সেখান থেকে শরীরে ছড়িয়ে পড়ার যে পদ্ধতি, তা খুবই ধীর গতিতে হয়। সেক্ষেত্রে খাবার থেকেই সরাসরি ভিটামিন ডি শরীরে ঢোকে। ঘাটতি মেটাতে তৈলাক্ত মাছ খান। তৈলাক্ত মাছে প্রচুর পরিমাণ ভিটামিন ডি থাকে। সামুদ্রিক মাছ, দুগ্ধজাত খাদ্য ও ডিমে ভিটামিন-ডি পাওয়া যায়। ইলিশ মাছ, রুই-কাতলার পেটি ও তেল, তেলাপিয়া ও সরপুঁটি, দানাশস্য ও ওটস, কিনোয়া, ডালিয়া, ফর্টিফায়েড দুধ ও দই ইত্যাদিতে ভরপুর ভিটামিন-ডি থাকে।

এছাড়া মাশরুমে প্রচুর পরিমাণে ভিটামিন ডি থাকে। প্রতি ১০০ গ্রাম মাশরুম থেকে প্রায় ৪৫০ আইইউ ভিটামিন ডি পাওয়া সম্ভব। যারা মাশরুম পছন্দ করেন না, তারা পালং শাক খেতে পারেন। এতেও ভিটামিন ডি থাকে। বিভিন্ন রকম বাদাম ও বীজে ভিটামিন ডি থাকে। কুমড়ো বীজ, সূর্যমুখীর বীজ থেকে ভরপুর মাত্রায় ভিটামিন ডি পাওয়া সম্ভব। কাঠবাদাম, আখরোটে ভিটামিন ডি থাকে। তবে আখরোট দিনে দু’টির বেশি নয়, কাঠবাদাম ৪-৫টিই যথেষ্ট।

রাশিয়ার ওপর চাপ বাড়াতে বিলে সই করলেন ট্রাম্প

রাশিয়ার ওপর চাপ বাড়াতে নতুন নিষেধাজ্ঞা আরোপের অনুমোদন দেওয়া একটি বিলে গত শুক্রবার স্বাক্ষর করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলতি সপ্তাহে মার্কিন কংগ্রেসে অনুমোদন পাওয়ার পরপরই তিনি বিলে স্বাক্ষর করেন।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন বলছে, নতুন আইনটি রাশিয়ার জ্বালানি ও প্রতিরক্ষা খাতের পাশাপাশি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও দেশটির অন্যান্য শীর্ষ কর্মকর্তাকে লক্ষ্য করে নিষেধাজ্ঞা আরোপের সুযোগ তৈরি করেছে। এতে রাশিয়ার তথাকথিত ‘শ্যাডো ফ্লিট’-এর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। পশ্চিমা নিষেধাজ্ঞা এড়িয়ে রাশিয়ার তেল পরিবহনে এসব ট্যাঙ্কার ব্যবহার হয়।

এ ছাড়া রাশিয়ার তেল ও গ্যাসের বড় ক্রেতা দেশগুলোর ওপর সর্বোচ্চ ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা ট্রাম্পকে দেওয়া হয়েছে। এর আওতায় চীন ও ভারতও পড়তে পারে। এর মাধ্যমে ইউক্রেনে যুদ্ধ চালানোর জন্য মস্কোর অর্থের জোগান কমিয়ে দেওয়ার প্রচেষ্টা আরও জোরদার হবে।

রাশিয়ার পরমাণু বিদ্যুৎকেন্দ্রে হামলা
এদিকে শুক্রবার জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে, ইউক্রেন সীমান্তের কাছে রাশিয়ার কারস্ক পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের একটি কুলিং টাওয়ারে ড্রোন আঘাত হেনেছে। তবে এতে কোনো আগুন লাগেনি।

ইরানে পণ্যের অস্বাভাবিক দাম, যুদ্ধ বন্ধে তৎপরতা অব্যাহত

ইরানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির ফলে চাপে পড়েছেন সাধারণ মানুষ। পেট্রোল পাম্পগুলোতেও দেখা দিয়েছে জ্বালানির তীব্র সংকট। অর্থনৈতিক চাপ ও উচ্চ মূল্যস্ফীতির কারণে মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে দেশটিতে। জনগণের দুর্ভোগের কথা স্বীকার করেছে ইরান সরকার।

সংকটের মধ্যেও কূটনীতি অব্যাহত
তীব্র এই অর্থনৈতিক সংকটের মধ্যেও যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ ও আলোচনার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে ইরান। ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আলি জেনিবান্দ জানিয়েছেন, অমীমাংসিত বিষয়গুলো সমাধান এবং ‘ইসলামাবাদ চুক্তি’ বাস্তবায়নে যুক্তরাষ্ট্রের সঙ্গে আন্তর্জাতিক মধ্যস্থতার মাধ্যমে আলোচনা চলছে।

গুপ্তচরবৃত্তির অভিযোগে মৃত্যুদণ্ড
সামরিক স্থাপনা ও কর্মকর্তাদের সংবেদনশীল তথ্য শত্রুপক্ষের কাছে পাচারের অভিযোগে ইরানে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বলে জানিয়েছে দেশটির বিচার বিভাগীয় বার্তা সংস্থা ‘মিজান’।

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও আবদুর রহমান বোরুমন্দ সেন্টারের তথ্য অনুযায়ী, দেশটিতে বিভিন্ন অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়ার প্রবণতা অব্যাহত রয়েছে।

ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা ২০৩১ পর্যন্ত বৃদ্ধি
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিদ্যমান নিষেধাজ্ঞার মেয়াদ আরও পাঁচ বছর বাড়িয়ে ২০৩১ সাল পর্যন্ত বহাল রাখার আইনি বিলে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই আইনে রাশিয়ার বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা, অতিরিক্ত শুল্ক ও বিভিন্ন বিধিনিষেধ আরোপেরও সুযোগ রাখা হয়েছে। ১৯৯৬ সালের ইরান স্যাংশনস অ্যাক্টের মেয়াদ চলতি বছর শেষ হওয়ার কথা ছিল। নতুন আইন পাসের মাধ্যমে এর কার্যকারিতা আরও পাঁচ বছর বাড়ল।

পুলিশ সদস্যের বুদ্ধিমত্তায় রক্ষা পেলেন যুবক, গ্রেপ্তার ৫

ময়মনসিংহে গোয়েন্দা সংস্থার (ডিবি ও ডিজিএফআই) সদস্য পরিচয় দিয়ে এক যুবককে অপহরণ করে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অপহরণের শিকার যুবককেও উদ্ধার করা হয়েছে। টহল পুলিশের এএসআই কাদিরুল ইসলামের তাৎক্ষণিক বুদ্ধিমত্তা ও সতর্ক দৃষ্টির কারণে চক্রটি ধরা পড়ে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন– দিনাজপুরের খানসামা এলাকার শামীম ইসলাম সবুজ, ময়মনসিংহ নগরীর আল-আমীন, পিয়াস মিয়া, দিদারুল ইসলাম ও শেরপুরের নকলা এলাকার ফারুক আহম্মেদ।
অভিযানকালে আসামিদের কাছ থেকে একটি মোটরসাইকেল, সাতটি মোবাইল ফোন ও একটি ভুয়া পরিচয়পত্র জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী আব্দুস সামাদ বাদী হয়ে মামলা করেছেন। এই মামলায় গতকাল শনিবার দুপুরে আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, ভুক্তভোগী আব্দুস সামাদ ময়মনসিংহ কোতোয়ালি থানার পনঘাগড়া এলাকার বাসিন্দা। গত শুক্রবার বেলা ১১টার দিকে চুরখাই এলাকা থেকে নিজেদের ডিবি ও ডিজিএফআই সদস্য পরিচয় দিয়ে তাঁকে মোটরসাইকেলে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে নগরীর জালালের মোড় এলাকায় নটর ডেম কলেজের পেছনে নিয়ে গিয়ে মাদকের মিথ্যা মামলায় চালান দেওয়ার হুমকি দিয়ে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।
ঘটনার দিন দুপুরে নটর ডেম কলেজের পেছনে একটি নির্মাণাধীন ভবনের কাছে নিয়মিত টহলে ছিলেন কোতোয়ালি থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) কাদিরুল ইসলাম। এ সময় একটি মোটরসাইকেলে তিনজনকে যেতে দেখে সন্দেহ হয় তাঁর।

অভিজ্ঞতার কথা জানিয়ে এএসআই কাদিরুল ইসলাম বলেন, মাঝে বসা যুবকটির সঙ্গে চোখাচোখি হতেই তাঁর চোখের দৃষ্টি ও অবয়বে চরম বিপদগ্রস্ততার ছাপ ফুটে ওঠে। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় মোটরসাইকেলটির গতিবিধি অনুসরণ করতে শুরু করেন তিনি। প্রায় ১৫-২০ মিনিট অনুসরণের পর ভুক্তভোগীর আকুতি ও চিৎকার শুনতে পেয়ে সেখানে অভিযান চালান তারা। ঘটনাস্থল থেকে আব্দুস সামাদকে উদ্ধারসহ অপহরণকারী চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার শামীম ইসলাম নিজেকে সেনাসদস্য পরিচয় দেন। তথ্য যাচাই করে জানা গেছে, ২০০৯ সালে সেনাবাহিনীতে যোগ দেওয়ার পর ২০২১ সালে দুই মাসের ছুটিতে গিয়ে তিনি আর কর্মস্থলে ফেরেননি। এ ছাড়া গ্রেপ্তার দিদারুল ইসলাম ময়মনসিংহ সিটি করপোরেশনের একজন কম্পিউটার অপারেটর বলে জানা গেছে।
ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবদুল্লাহ আল মামুন জানান, অপহরণ মামলার পর আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে। এই চক্রটি আগেও একই ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল কিনা, তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।

জামায়াত এমপির ছেলে-ভাইয়ের হামলায় সাংবাদিক রক্তাক্ত

কুষ্টিয়ার কুমারখালীতে সড়ক নির্মাণে অনিয়মের তথ্য সংগ্রহে যাওয়া এক সাংবাদিকের ওপর হামলা হয়েছে। গতকাল শনিবার দুপুরে পৌরসভার কালীবাড়ী মন্দিরের সামনে এ হামলার ঘটনা ঘটে। ভুক্তভোগী মাহবুবুল আহসান উল্লাসের অভিযোগ, হামলায় নেতৃত্ব দেন কু্ষ্টিয়া-৪ আসন থেকে নির্বাচিত জামায়াতে ইসলামীর সংসদ সদস্য আফজাল হোসেনের ছেলে শোভন হোসেন ও এমপির চাচাতো ভাই আনোয়ার হোসেন। এ ঘটনায় সন্ধ্যায় ১১ জনের নাম উল্লেখ করে কুমারখালী থানায় তিনি মামলা করেছেন।
আহত মাহবুবুল আহসান উল্লাস বাংলা টিভির কুমারখালী ও খোকসা উপজেলা প্রতিনিধি। পাশাপাশি কুমারখালী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক পদে আছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আইইউজিআইপি-৫ নম্বর প্যাকেজের আওতায় কুমারখালীর গণমোড় থেকে হিম্মত মোড় পর্যন্ত রাস্তার উন্নয়নকাজ চলছে। এতে বরাদ্দ হয় প্রায় দেড় কোটি টাকা। নড়াইলের ঠিকাদারি প্রতিষ্ঠান নূর কনস্ট্রাকশন এটি বাস্তবায়ন করছে। ২০২৩-২৪ অর্থবছরে এক বছরের মধ্যে তাদের কাজ শেষ করার কথা ছিল। কিন্তু এ পর্যন্ত কাজের অগ্রগতি মাত্র ১৪ শতাংশ।
এলজিইডির আওতাধীন এই কাজের বিষয়ে গত ২৯ জুলাই প্রকল্পটির পরিচালক তোফায়েল আহমেদের সই করা চিঠিতে সংশ্লিষ্ট প্যাকেজের অনুকূলে ব্যাংকে সংরক্ষিত জামানতের টাকা বাজেয়াপ্ত করে ঠিকাদারের সঙ্গে সম্পাদিত চুক্তি বাতিলে পৌরসভাকে অনুরোধ করা হয়।

সূত্র জানায়, গত ১৮ আগস্ট কুমারখালী পৌরসভার প্রশাসক ও ইউএনও ফারজানা আখতার ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স নূর কনস্ট্রাকশনের মো. ইউনুস আল মামুনকে নিম্নমানের নির্মাণসামগ্রী অপসারণ ও রাস্তার নিম্নমানের কাজ বন্ধ রাখার চিঠি দেন। সেই নির্দেশনা অমান্য করে ঠিকাদার কু্ষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য আফজাল হোসেনের ছেলে শোভন হোসেন, চাচাতো ভাই আনোয়ার হোসেন ও জিয়াউর রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা রুহুল আমীনের লোকজনের সহায়তায় নিম্নমানের সামগ্রী দিয়েই রাস্তার কাজ চালিয়ে যান। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ দেখা দেয়।
গতকাল শনিবার দুপুরে ইউএনও ফারজানা আখতার সরেজমিনে কাজ বন্ধের নির্দেশ দেন। এ সময় সংসদ সদস্যের স্বজনেরা তাঁর সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। সাংবাদিক মাহবুবুল আহসান উল্লাস ও সমকালের কুমারখালী প্রতিনিধি মিজানুর রহমান নয়ন বচসা ও অনিয়মের দৃশ্য ধারণ শুরু করেন। ইউএনও কাজ বন্ধের নির্দেশ দিয়ে চলে গেলে কালিবাড়ী মন্দিরের সামনে এমপির স্বজনেরা উল্লাসের ওপর হামলা চালান। এ সময় সমকাল প্রতিনিধিকে চিত্র ধারণে বাধা দিয়ে তাঁর পথ অবরোধ করে রাখেন।

এলোপাতাড়ি মারধরে সাংবাদিক উল্লাসের চোখ, মুখ, পিঠসহ শরীরের নানা জায়গায় গুরুতর আঘাত পান। তাঁর চোখের নিচ থেকে রক্ত ঝরতে থাকে। বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন
বক্তব্যের জন্য আনোয়ার হোসেনের মোবাইল ফোনে কল দিলে তিনি বলেন, উল্লাসের বাড়ি তাদের এলাকায়। কাজের শুরুতে তিনি (উল্লাস) চাঁদা দাবি করে আসছিলেন বলে অভিযোগ করেন। তবে হামলার বিষয়ে কোনো মন্তব্যে রাজি হননি।
কুমারখালী প্রেস ক্লাবের সভাপতি লিপু খন্দকার বলেন, এমপির ছেলে শোভন হোসেনের নেতৃত্বে ছাত্রশিবিরের নেতাকর্মীরা সাংবাদিক উল্লাসের ওপরে হামলা করেছে।

পরিবারের সবাই হাসপাতালে ফাঁকা বাড়িতে চুরি

মানিকগঞ্জের ঘিওর উপজেলায় চেতনানাশক দ্রব্য মেশানো খাবার খেয়ে হাসপাতালে ভর্তি ছিলেন একই পরিবারের ছয় সদস্য। এই সুযোগে তাদের বাড়িতে চুরির অভিযোগ উঠেছে। দুর্বৃত্তরা বাড়ির প্রধান ফটক ও দুটি ঘরের তালা ভেঙে ভেতরে ঢুকে টাকা ও রুপার গহনা নিয়ে গেছে বলে অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার। গত শুক্রবার রাতে পয়লা ইউনিয়নের বাইলজুরী গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগীরা হলেন– বাইলজুরী গ্রামের বাসিন্দা ও দৌলতপুর উপজেলার কল্যাণপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রমজান আলী, তাঁর মা বেদেনা বেগম, স্ত্রী জাহানারা আক্তার, তাদের তিন সন্তান রাইয়ান হোসেন, রিদোয়ান হোসেন ও মাইশা আক্তার।

জানা গেছে, গত শুক্রবার শিক্ষক রমজান আলীসহ তাঁর পরিবারের সবাই অচেতন ও অসুস্থ হয়ে পড়েন। সন্ধ্যায় তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরিবারের সবাই হাসপাতালে থাকায় রাতে বাড়ি ফাঁকা ছিল। এই সুযোগে দুর্বৃত্তরা বাড়িতে ঢুকে চুরি করে।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, প্রথমে বাড়ির ফটকের তালা ভেঙে ভেতরে ঢোকে দুর্বৃত্তরা। পরে দুটি ঘরের তালা ভেঙে ভেতরে ঢুকে কাঠ ও স্টিলের আলমারি, ওয়ারড্রপ, লেপ-তোশকসহ বিভিন্ন জিনিসপত্র তছনছ করে। একপর্যায়ে একটি মানিব্যাগ থেকে এক হাজার ১০০ টাকা নিয়ে যায়। এ ছাড়া প্রায় ৯ ভরি ৬ আনা ওজনের দুই জোড়া রুপার নূপুর এবং তিনটি রুপার আংটি চুরি করে নিয়ে যায়। খবর পেয়ে গতকাল শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।
শিক্ষক রমজান আলী বলেন, খাবারের সঙ্গে চেতনানাশক দ্রব্য মেশায় দুর্বৃত্তরা। এতে তাঁর পরিবারের ছয় সদস্য অসুস্থ হয়ে হাসপাতালে থাকায় বাড়ি ফাঁকা ছিল। গত শনিবার সকালে বাড়িতে গিয়ে তারা তালা ভাঙা ও ঘরের মালপত্র এলোমেলো অবস্থায় দেখতে পান। তাঁর ধারণা, বাড়ির সবাই হাসপাতালে থাকার সুযোগেই দুর্বৃত্তরা চুরি করেছে। সুস্থ হওয়ার পর তারা সবাই বাড়িতে ফিরেছেন।
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, চুরির ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হয়েছে। পরিবারের ছয় সদস্য কীভাবে অসুস্থ হয়েছেন এবং তাদের অসুস্থতার সঙ্গে চুরির ঘটনার কোনো যোগসূত্র রয়েছে কিনা, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

জাতিসংঘে প্রথমবারের মতো ভাষণ দেবেন তারেক রহমান, তুলে ধরবেন পরিকল্পনা প্রধানমন্ত্রী নিউইয়র্কে যাচ্ছেন কাল

নতুন এক বৈশ্বিক প্রেক্ষাপটে প্রতিবছরের মতো এবারও জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশন শুরু হয়েছে। গত শুক্রবার স্থানীয় সময় সকালে আনুষ্ঠানিকভাবে এই অধিবেশনের উদ্বোধন হয়। এতে যোগ দিতে আগামীকাল সোমবার নিউইয়র্কে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি ২৪ সেপ্টেম্বর প্রথমবারের মতো জাতিসংঘ অধিবেশনে ভাষণ দেবেন। এর মধ্য দিয়ে মা-বাবার পারিবারিক ও ঐতিহাসিক ধারাবাহিকতা বজায় রাখতে আসছেন তারেক রহমান।

এদিকে দীর্ঘদিন পর তারেক রহমানের যুক্তরাষ্ট্র সফর স্মরণীয় করে রাখতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে যুক্তরাষ্ট্র বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী। দফায় দফায় বৈঠক করছেন তারা। প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের স্বাগত জানাতে নিউইয়র্কের জনএফ কেনেডি বিমানবন্দরে যাবেন হাজারো নেতাকর্মী। গতকালও কয়েকটি প্রস্তুতি সভা করেছেন তারা।

কর্মব্যস্ত সময় কাটাবেন প্রধানমন্ত্রী
স্থানীয় সময় সোমবার নিউইয়র্কে পৌঁছানোর পর কর্মব্যস্ত সময় কাটাবেন প্রধানমন্ত্রী। তিনি গ্র্যান্ড হায়াত হোটেলে অবস্থান করবেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্র সফরের শুরুতে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে এক দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন। বৈঠকে আন্তর্জাতিক শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অবদান, আঞ্চলিক স্থিতিশীলতা এবং বৈশ্বিক শাসন ব্যবস্থায় উন্নয়নশীল দেশগুলোর কার্যকর অংশীদারিত্ব নিয়ে আলোচনা প্রাধান্য পাবে।

এ ছাড়া যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, মধ্যপ্রাচ্য এবং এশিয়ার বিভিন্ন মিত্র দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের সঙ্গে সাইডলাইন বৈঠকের প্রস্তুতি নেওয়া হয়েছে। এসব আলোচনায় দেশের জাতীয় স্বার্থ, দ্বিপক্ষীয় বাণিজ্য এবং কৌশলগত সহযোগিতার বিষয়গুলো গুরুত্ব পাবে। এসডিজি অগ্রগতি পর্যালোচনা, ডিজিটাল উদ্ভাবন এবং বৈশ্বিক খাদ্য নিরাপত্তাবিষয়ক একাধিক উচ্চপর্যায়ের সাইড-ইভেন্টে প্রধানমন্ত্রী বক্তব্য রাখবেন।

তুলে ধরবেন নতুন বাংলাদেশের পরিকল্পনা 
জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ এবং নাগরিক ও রাজনৈতিক অধিকার নিশ্চিত করার বিষয়ে সরকারের অঙ্গীকার তুলে ধরবেন প্রধানমন্ত্রী। ২৪ সেপ্টেম্বর সাধারণ পরিষদের ভাষণে বাংলাদেশ সরকারের অগ্রাধিকার, সংস্কার কার্যক্রম এবং ‘সবার আগে বাংলাদেশ’ নিয়ে সরকারের লক্ষ্য ও পরিকল্পনার কথা জানাবেন তিনি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, আন্তর্জাতিক নাগরিক ও রাজনৈতিক অধিকারবিষয়ক চুক্তির (আইসিসিপিআর) সঙ্গে সামঞ্জস্য রেখে নাগরিক ও রাজনৈতিক অধিকার নিশ্চিত করতে সরকারের নেওয়া পদক্ষেপগুলো তুলে ধরতে পারেন প্রধানমন্ত্রী। বাংলাদেশ ২০০০ সালে এ চুক্তিতে স্বাক্ষর করে।

পারিবারিক ও ঐতিহাসিক ধারাবাহিকতা
প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ধারাবাহিকতায় এবার জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দিতে আসছেন তারেক রহমান। একই পরিবারের তিন বিশিষ্ট রাজনীতিকের বিশ্বমঞ্চে বিশ্বনেতাদের উদ্দেশে বক্তব্য রাখার এই ঘটনা দেশের রাজনীতিতে এক বিরল ও ঐতিহাসিক নজির স্থাপন করতে যাচ্ছে।

আজ থেকে ৪৬ বছর আগে ১৯৮০ সালের ২৬ আগস্ট জাতিসংঘের ১১তম সাধারণ পরিষদের বিশেষ অধিবেশনে ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এরপর ২০০৫ সালে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের পক্ষে গুরুত্বপূর্ণ ভাষণ দিয়েছিলেন।

নতুন বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশের অভ্যন্তরীণ রূপান্তর, অর্থনৈতিক নীতি ও আন্তর্জাতিক সম্পর্কের অগ্রাধিকারগুলো বিশ্বমঞ্চে তুলে ধরার ক্ষেত্রে প্রধানমন্ত্রীর এই সফরকে একটি তাৎপর্যপূর্ণ মাইলফলক হিসেবে দেখছেন কূটনৈতিক বিশ্লেষকরা।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ মিজানুর রহমান ভূঁইয়া মিল্টন বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের রাষ্ট্রপ্রধান হিসেবে জাতিসংঘে বাংলায় বক্তব্য রেখে আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভূ-রাজনীতি ও অবস্থান শক্তভাবে তুলে ধরেছিলেন। প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে একাধিকবার জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশগ্রহণ করেন এবং বাংলাদেশের উন্নয়ন, গণতন্ত্র ও সর্বজনীন অধিকার নিয়ে বিশ্বের দরবারে বক্তব্য উপস্থাপন করেন।’

৮১তম অধিবেশন শুরু 
স্থানীয় সময় শুক্রবার সকালে জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশন শুরু হয়েছে। জাতিসংঘ সাধারণ পরিষদের এ বছরের প্রতিপাদ্য–‘একসঙ্গে, আমরা পারব’। এই প্রতিপাদ্য বর্তমান পরিস্থিতির তাগিদ এবং আশাবাদ উভয়কেই তুলে ধরে।

সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল রিপোর্ট ২০২৬ অনুযায়ী, যেসব ১৩৯টি লক্ষ্যমাত্রার তথ্য পাওয়া গেছে, তার মধ্যে ৩৬ শতাংশ সঠিক পথে রয়েছে অথবা মধ্যম অগ্রগতি অর্জন করেছে– যা আগের বছরের তুলনায় ইতিবাচক। তবে এই অগ্রগতি এখনও অত্যন্ত ধীর এবং অসম। অর্থায়নের ঘাটতি, জলবায়ুর আঘাত, ঋণের বোঝা, সংঘাত ও বৈষম্য অগ্রগতিকে বাধাগ্রস্ত করে চলেছে। তা সত্ত্বেও রূপান্তর এখনও সম্ভব; কিন্তু লক্ষ্যগুলোর অগ্রগতি বাড়াতে প্রয়োজন বড় পরিসরে সমন্বিত উদ্যোগ, ধারাবাহিক বিনিয়োগ, মজবুত অংশীদারিত্ব এবং নতুন করে আন্তর্জাতিক সংহতি।

উদ্বোধনী অধিবেশনে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং সাধারণ পরিষদের সভাপতি ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বক্তব্য রাখেন। এতে চারটি সেশন ছিল।

যুক্তরাষ্ট্র বিএনপি নেতাদের ব্যাপক প্রস্তুতি 
এদিকে প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যান তারেক রহমানের যুক্তরাষ্ট্র সফর স্মরণীয় করে রাখতে ব্যাপক প্রস্তুতি নিয়েছেন যুক্তরাষ্ট্র বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। দলটির নির্বাহী কমিটির সদস্য গিয়াস আহমেদ বলেন, আমরা সব নেতাকর্মী প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত। জনএফ কেনেডি বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে নেতাকর্মীর ঢল নামবে।

বোস্টন বিএনপির সভাপতি বদরা সাইদ বলেন, দীর্ঘদিন পর প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ঘিরে প্রবাসীদের মাঝে উদ্দীপনা সৃষ্টি হয়েছে। যুক্তরাষ্ট্র বিএনপির নেতাকর্মীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

যুবদলের কেন্দ্রীয় সহসভাপতি আবু সাঈদ আহমেদ বলেন, দলীয় প্রধানের সফর ঘিরে নিউইয়র্কে উৎসবের আমেজ বিরাজ করছে। ইতোমধ্যে বিভিন্ন স্থানে পোস্টার-ব্যানার লাগানো হয়েছে।

নিউইয়র্ক দক্ষিণ মহানগর বিএনপির সভাপতি সেলিম রেজা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান তৃতীয় প্রজন্ম হিসেবে জাতিসংঘের অধিবেশনে ভাষণ দিতে যুক্তরাষ্ট্র আসছেন, এটি আমাদের জন্য গর্বের বিষয়।

অপ্রতিম হত্যা: আটক কিশোরের বাড়ি থেকে আইফোন উদ্ধার

কুমিল্লায় নিহত স্কুলছাত্র ইশিয়াত শাহরিয়ার অপ্রতিমের (১৩) মরদেহ উদ্ধারের ঘটনায় আটক এক কিশোরের বাড়ি থেকে তার আইফোনটি উদ্ধার করেছে পুলিশ। এ তথ্য নিশ্চিত করেছেন কুমিল্লা কোটবাড়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মফিজ উদ্দিন ভূইয়া।

শনিবার রাতে সমকালকে তিনি বলেন, ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয়-সংলগ্ন লালমাই পাহাড়ের সানন্দা এলাকায় ওই কিশোরের বাড়িতে অভিযান চালিয়ে নিহত অপ্রতিমের আইফোনটি উদ্ধার করেছে জেলা পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে শনিবার বিকেলে পুলিশ তাকে আটক করে।’

পরিদর্শক মফিজ উদ্দিন আরও বলেন, ‘ওই কিশোরকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য অনুযায়ী- সন্ধ্যার পর অপর দুজনকে আটক করে পুলিশ। তাদের বয়স ১৮ থেকে ২০ বছরের মধ্যে। এছাড়া এসআরবি হেফাজতে আছেন সন্দেহভাজন আরও একজন।’

জানা গেছে, শনিবার রাত আটটার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়–সংলগ্ন সালমানপুর এলাকায় ওই কিশোরের বাড়িতে অভিযান চালিয়ে ফোনটি উদ্ধার করে জেলা পুলিশের একটি দল। অপ্রতিম নিখোঁজ হওয়ার পর সিসিটিভি ফুটেজের সূত্র ধরে ওই কিশোরকে আটক করে পুলিশ। অপ্রতিম তার মা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের এই ফোনটি নিয়ে বেরিয়ে নিখোঁজ হয়েছিল।

শনিবার রাত সাড়ে ১০টার দিকে সদর দক্ষিণ মডেল থানার ওসি রকিবুল ইসলাম সমকালকে বলেন, ‘ডিবি ও এসআরবি হেফাজতে আটকদের জিজ্ঞাসাবাদ চলছে। তদন্তের স্বার্থে এখনই এ বিষয়ে বিস্তারিত বলা যাচ্ছে না।’ এ ঘটনায় রোববার মামলা করবে অপ্রতিমের পরিবার।

রাত পৌনে ১১টায় কুমিল্লা গোয়েন্দা শাখার (ডিবি) ওসি মোহাম্মদ শামসুল আলম শাহ সমকালকে বলেন, স্কুলছাত্র হত্যার রহস্য বের করা হয়েছে। ঘটনায় জড়িতদের আটক করা হয়েছে। রোববার পুলিশ সুপার এ বিষয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন।

ইশায়াত শাহরিয়ার ওরফে অপ্রতিম হত্যাকাণ্ডে সিসিটিভি ফুটেজের সূত্র ধরে তিনজনকে আটক করেছে পুলিশ। প্রথমে এক কিশোরকে আটক করা হয়। তাকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে পরে আরও দু’জনকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী পুলিশ সুপার (সদর দক্ষিণ সার্কেল) মোস্তাইন বিল্লাহ ফেরদৌস। তিনি জানান, অপ্রতিম নিখোঁজের পর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসহ আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হয়। সেখানে অপ্রতিমের সঙ্গে ওই কিশোরকে দেখা যায়। পরে তাকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। তাকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে আরও দুজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসা করা হচ্ছে।

অপ্রতিমের মরদেহ শনিবার দুপুরে কুবি ক্যাম্পাসের পাশের জঙ্গল লালমাই সানন্দা পাহাড় এলাকা থেকে উদ্ধার করা হয়। মোবাইল ফোন ছিনিয়ে নিতেই তাকে হত্যা করা হয়েছে বলে পুলিশ ধারণা করছে। এর আগে শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে বন্ধুদের সঙ্গে ছবি তোলার উদ্দেশ্যে বাসা থেকে বের হওয়ার পর তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় তার বাবা ব্যবসায়ী কে এম ফিরোজ শাহরিয়ার কুমিল্লা সদর দক্ষিণ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। নিহত অপ্রতিম স্থানীয় বর্ডারগার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।

মাথায় গুরুতর আঘাত ও পুরো শরীরে বেশ কিছু জখমের চিহ্ন মিলেছে স্কুলছাত্র ইশিয়াত শাহরিয়ার অপ্রতিমের মরদেহের সুরতহাল প্রতিবেদনে। পুলিশের ধারণা- মাথায় আঘাত করে তাকে হত্যা করা হতে পারে।

সুরতহাল প্রতিবেদন তৈরি করেছেন সদর দক্ষিণ মডেল থানার এসআই সাইফুল ইসলাম। আজ রাত ১০টার দিকে সমকালকে তিনি বলেন, ‘অপ্রতিমের মাথায় গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে,  মাথায় আঘাতের কারণে তার মৃত্যু হয়েছে।’

তিনি বলেন, ‘শরীরের বিভিন্ন স্থানে আরও ছোটখাটো কিছু আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট আসার পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।’

ময়নাতদন্তে অংশ নেওয়া একজন চিকিৎসক নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘মাথায় আঘাতে মৃত্যু হয়েছে বলে আপাতত আমরা ধারণা করছি। তবে তাকে শ্বাসরোধ কিংবা হত্যার আগে চেতনানাশক কিছু খাওয়ানো হয়েছিল কিনা- এটা নিশ্চিত হতে শরীর থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে।’

অপ্রতিমের পরিবারের সদস্যরা জানান, শুক্রবার বিকেল ৩টার দিকে বাড়ি থেকে হেঁটে বের হয় অপ্রতিম। এরপর আর বাড়ি ফেরেনি সে। পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজ করেও তাকে না পেয়ে তার বাবা কে এম ফিরোজ শাহরিয়ার সদর দক্ষিণ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

অপ্রতিমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ার  বলেন, ‘শুক্রবার জুমার নামাজের পর অপ্রতিম আমাদের সঙ্গে দুপুরের খাবার খায়। পরে বন্ধুদের সঙ্গে আইফোন দিয়ে ছবি তুলতে বাইরে যেতে চায়। কিন্তু আর ফিরে আসেনি।’ কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘সম্ভবত আইফোনটিই তার মৃত্যুর কারণ হয়েছে।’