Home Blog Page 323

তাসকিন ঝড়ে নেদারল্যান্ডস থামল ১৩৬ রানে

নেদারল্যান্ডসকে ১৩৬ রানে আটকে দিয়ে তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ভালো শুরু করেছে বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শনিবার টসে জিতে বোলিং নেওয়া স্বাগতিকরা ডাচদের ওপর আধিপত্য দেখায়।

বাংলাদেশের বোলিং আক্রমণে তাসকিন আহমেদ ছিলেন হাইলাইট। ৪ ওভারে মাত্র ২৮ রান দিয়ে তিনি নেন ৪ উইকেট, যা তার আন্তর্জাতিক টি–টোয়েন্টি ক্যারিয়ারের তৃতীয় সেরা বোলিং। এর আগে ২০২২ সালে হোবার্টে নেদারল্যান্ডসের বিপক্ষে (৪/২৫) এবং ২০২৩ সালে চট্টগ্রামে আয়ারল্যান্ডের বিপক্ষে (৪/১৬) তিনি ৪ উইকেট নেন। মোস্তাফিজুর রহমান নেন ১৯ রানে ১ উইকেট, আর সাইফ হাসান তুলে নেন ২ উইকেট।

ডাচদের হয়ে তেজা নিদামানুরু ২৬ বলে ২৬ রান এবং ম্যাক্স ও’ডাউড ১৫ বলে ২৩ রান করেন। তবে তারা বড় জুটি গড়তে ব্যর্থ হন। ১৫তম ওভার থেকে শুরু হয় উইকেট পতনের ধারা, যা শেষ হয় ১৯ ওভারে ৭ উইকেটে ১২৪ রানে। শেষ দুই ওভারে মাত্র ১২ রান যোগ হয়।

বাংলাদেশের ফিল্ডারদের মধ্যে জাকের আলী একাই নেন তিনটি ক্যাচ, যা এক ম্যাচে বাংলাদেশের ফিল্ডারদের ক্যাচ নেওয়ার রেকর্ডের সমান।

শেষ ওভারে ১২ রান দিয়েছেন শরীফুল ইসলাম। শেষ বলে রান আউটের ঘটনায় ৮ উইকেটে ১৩৬ রানেই থামে নেদারল্যান্ডস।

বাংলাদেশ ১৩৭ রানের লক্ষ্য তাড়া করতে নামবে দ্বিতীয় ইনিংসে।

৮ উইকেটের বড় জয়ে সিরিজ শুরু বাংলাদেশের

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ নেদারল্যান্ডসকে ১৩৬ রানে আটকে দিয়ে ৮ উইকেটের বড় জয় তুলে নিল। ম্যাচে ব্যাটিংয়ে নজর কেড়েছেন লিটন দাস ও সাইফ হাসান। তাদের ব্যাটে ভর করে বাংলাদেশ সহজ জয় নিশ্চিত করে।

টসে জিতে আগে বোলিং নেওয়া বাংলাদেশ শুরু থেকেই ডাচদের চাপে ফেলে। তাসকিন আহমেদ ৪ ওভারে মাত্র ২৮ রান খরচ করে ৪ উইকেট নিয়ে দলকে প্রথম ইনিংসেই এগিয়ে নেন। এছাড়া সাইফ হাসান ২ উইকেট এবং মোস্তাফিজুর রহমান ১ উইকেট নেন। নেদারল্যান্ডসের মধ্যে মাত্র দুই ব্যাটসম্যানই ২০ রানের বেশি করেন— ম্যাক্স ও’ডাউড ১৫ বলে ২৩ এবং তেজা নিদামানুরু ২৬ বলে ২৬ রান।

ফিল্ডিংয়েও বাংলাদেশ দারুণ ছিল। জাকের আলী তিনটি ক্যাচ নেন।

জবাবে বাংলাদেশ ব্যাট করতে নেমে দ্রুত রান তাড়া শুরু করে। পারভেজ হোসেন ৯ বলে ১৫ রান করেন, এরপর লিটন দাস ২৬ বলে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তার ১৩তম ফিফটি পূর্ণ করেন। লিটনের সঙ্গে তানজিদ হাসান ও পরে সাইফ হাসান জুটি গড়েন।

১৪তম ওভারে সাইফ হাসানের দুটি ছক্কা বাংলাদেশকে জয় নিশ্চিত করে। শেষ পর্যন্ত অধিনায়ক লিটন দাস ২৯ বলে ৫৪ ও দুই বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা সাইফ ১৯ বলে ৩৬ রানে অপরাজিত ছিলেন। ফলে বাংলাদেশ ৩৯ বল হাতে রেখে ৮ উইকেটের জয় পায়।

এই জয়ে বাংলাদেশ সিরিজে ১–০ ব্যবধানে এগিয়ে গেছে। লিটনের ব্যাটিং, তাসকিনের বোলিং এবং সাইফের কার্যকরী ইনিংস মিলিয়ে প্রথম ম্যাচটি ছিল সিরিজে বাংলাদেশের দারুণ শুরু।

এবার রূপালি পর্দা কাঁপাবেন প্রভা

দেশের আলোচিত অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা দীর্ঘ ক্যারিয়ারে ছোটপর্দায় অসংখ্য জনপ্রিয় চরিত্রে অভিনয় করেছেন। ব্যক্তিগত জীবনের এক দুঃসময় তার ক্যারিয়ারকে ঝুঁকির মুখে ফেললেও, দৃঢ় আত্মবিশ্বাসে আবারও অভিনয়ে নিয়মিত হয়েছেন তিনি।

টেলিভিশন নাটক দিয়ে দর্শকের হৃদয়ে জায়গা করে নেওয়া প্রভা এবার প্রথমবারের মতো পা রাখছেন বড় পর্দায়। দীর্ঘদিন ধরেই একাধিক সিনেমার প্রস্তাব পেলেও তিনি রাজি হননি। তবে এবার ব্যতিক্রম ঘটছে।

রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘দেনা পাওনা’ অবলম্বনে নির্মিত হতে যাওয়া একটি চলচ্চিত্রে নিরুপমা চরিত্রে দেখা যাবে তাকে। এতে তার সঙ্গে জুটি বাঁধছেন জনপ্রিয় চিত্রনায়ক মামনুন হাসান ইমন।

সিনেমাটি পরিচালনা করছেন সাদেক সিদ্দিকী। ইতোমধ্যেই শুটিং শুরু হয়েছে। যদিও নির্মাতারা এখনো মুক্তির সম্ভাব্য সময় নিয়ে কিছু জানাননি, তবে দর্শকরা এই সিনেমার জন্য দারুণভাবে অপেক্ষা করছেন।

অভাবে পড়ে গয়না বিক্রি করেছিলেন অপু বিশ্বাস

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস দীর্ঘ সময় ধরে বড়পর্দা থেকে দূরে রয়েছেন। বর্তমানে তিনি সিনেমার চেয়ে ব্যক্তিগত ব্যবসা ও বিভিন্ন ব্র্যান্ডের প্রচারণা নিয়েই ব্যস্ত সময় পার করছেন। তবে আলোচনায় তিনি বরাবরই থেকেছেন নিজের ব্যক্তিজীবনকে ঘিরে। বিশেষ করে প্রাক্তন স্বামী শাকিব খান ও নায়িকা শবনম বুবলীকে কেন্দ্র করে প্রায়ই সংবাদ শিরোনামে উঠে এসেছেন অপু।

সম্প্রতি একটি টেলিভিশন সাক্ষাৎকারে অপু বিশ্বাস তার ব্যক্তিগত জীবনের এক অজানা অধ্যায় শেয়ার করেছেন। তিনি জানান, ২০১৭ সালে সন্তান আব্রাম খান জয়কে নিয়ে দেশে ফেরার সময় তার হাতে কোনো অর্থ ছিল না, এমনকি ব্যাংক অ্যাকাউন্টও ছিল খালি। জীবনের সেই সংকটময় মুহূর্ত তাকে উপলব্ধি করায় অর্থকষ্টে থাকা মানুষের সংগ্রাম কেমন হতে পারে। সেই সময় থেকেই তিনি সঞ্চয়ী ও মিতব্যয়ী হওয়ার অভ্যাস গড়ে তোলেন।

অপু বিশ্বাস আরও জানান, আর্থিক সংকট সামাল দিতে তাকে নিজের প্রিয় সোনার গয়না বিক্রি করতে হয়েছিল। তিনি বলেন, নিয়মিত সিনেমা করার সময়ে শখ করে যেসব গয়না কিনেছিলেন, সেগুলোই পরবর্তীতে তার সবচেয়ে বড় ভরসা হয়ে দাঁড়ায়। গয়না বিক্রি করে পাওয়া অর্থ দিয়েই তিনি কঠিন পরিস্থিতি মোকাবিলা করেছিলেন এবং ধীরে ধীরে আবার কাজের মাধ্যমে নিজেকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করেন।

চলচ্চিত্রে অপু বিশ্বাসের যাত্রা শুরু হয় আমজাদ হোসেন পরিচালিত ‘কাল সকালে’ ছবির মাধ্যমে। তবে তিনি ব্যাপক জনপ্রিয়তা পান ২০০৬ সালে শাকিব খানের বিপরীতে অভিনীত ব্যবসাসফল ছবি ‘কোটি টাকার কাবিন’ দিয়ে। এরপর শাকিব-অপু জুটি হয়ে একাধিক হিট ছবিতে কাজ করেন, যার মধ্যে রয়েছে ‘রাজনীতি’, ‘চাচ্চু’, ‘শত্রু আমার’, ‘দুই পৃথিবী’সহ আরও অনেক ছবি।

নুরের ৪ শারীরিক সমস্যা, মস্তিষ্কের রক্তক্ষরণ কমছে : ঢামেক পরিচালক

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের শারীরিক অবস্থার ধীরে ধীরে উন্নতি হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান।

রোববার (৩১ আগস্ট) সকালে সাংবাদিকদের তিনি জানান, নুরুল হক নুরের চারটি শারীরিক সমস্যা রয়েছে। এর মধ্যে নাক ও চোয়ালের হাড় ভেঙে গেছে, চোখে আঘাত আছে এবং মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছিল। তবে মস্তিষ্কের রক্তক্ষরণ ধীরে ধীরে কমে আসছে।

ঢামেক পরিচালক বলেন, সিটিস্ক্যান রিপোর্ট ভালো এসেছে। তবে কিছুটা ট্রমা আছে। ছয় সদস্যের মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী সব ধরনের চিকিৎসা চলছে।

প্রসঙ্গত, গত শুক্রবার রাতে রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি (জাপা) ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় আইনশৃঙ্খলা বাহিনী লাঠিচার্জ করলে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর আহত হন। গুরুতর আহত অবস্থায় নুরকে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শে রাত ১১টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে স্থানান্তর করা হয়।

‘ফ্যাসিবাদ পুনর্বাসনের যেকোনো প্রচেষ্টা প্রতিহত করা হবে’

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ বলেছেন, ‘ফ্যাসিবাদ উৎখাতের জন্য রক্ত ও জীবন উৎসর্গ করা হয়েছে। এখন কোনোভাবেই ফ্যাসিবাদের পুনর্বাসন হতে দেওয়া হবে না। একই সঙ্গে ফ্যাসিবাদের দোসরদের বিরুদ্ধেও দ্রুত সিদ্ধান্ত নিতে হবে।’

গতকাল (৩০ আগস্ট) শনিবার ইসলামী আন্দোলন বাংলাদেশের নিয়মিত বৈঠকে তিনি বলেন, ‘কেউ যদি দোসরদের ব্যবহার করে ফ্যাসিবাদকে পুনর্বাসিত করতে চায়, তার পরিণতি ভালো হবে না। নুরুল হক নুরের ওপর যে নির্মমতা চালানো হয়েছে, তার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছি।’

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব বলেন, দেশ থেকে স্বৈরতন্ত্রকে চিরতরে উৎখাত করার জন্য দেশের নির্বাচনী ব্যবস্থার সংস্কার করতেই হবে। দেশের সকল মানুষের মতামত রাষ্ট্র পরিচালনায় প্রতিফলিত করতে পিআর পদ্ধতিই একমাত্র সমাধান। ইসলামী আন্দোলন বাংলাদেশ পিআর নিয়ে আন্দোলন করে আসছে। তারই ধারাবাহিকতায় আগামী সেপ্টেম্বর মাস জুড়ে দেশের প্রান্তে প্রান্তে কর্মসূচি পালন করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এরমধ্যে রয়েছে ১লা সেপ্টেম্বর থেকে ১৫ সেপ্টেম্বর জেলায় জেলায় সমাবেশ ও মিছিল। মহানগরসমূহের থানায় থানায় সমাবেশ ও মিছিল। পিআর নিয়ে প্রচারপত্র বিলি করা এবং দেশের প্রতিটি থানায় থানায় মিটিং।

মহাসচিব আরও বলেন, ‘দেশের শীর্ষ রাজনৈতিক নেতার ওপর যেভাবে হামলা হয়েছে, তা গণতান্ত্রিক রাজনীতির জন্য অশনি সংকেত। এতে জনগণের মধ্যে শঙ্কা ও রাজনৈতিক নেতৃত্বের মধ্যে ভীতি তৈরি হচ্ছে। অবিলম্বে হামলাকারীদের শাস্তির আওতায় আনতে হবে এবং এর পেছনে কোনো ষড়যন্ত্র আছে কি না তা খতিয়ে দেখতে হবে।’

বৈঠকে আরও উপস্থিত ছিলেন দলের যুগ্ম-মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, প্রকৌশলী মুহাম্মদ আশরাফুল আলম, মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম, সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ুম, সাংগঠনিক সম্পাদক শাহ ইফতেখার তারিক, প্রচার ও দাওয়াহ সম্পাদক মাওলানা শেখ ফজলুল করীম মারুফ, দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরী, অর্থ সম্পাদক হারুন অর রশীদসহ কেন্দ্রীয় ও বিভাগীয় পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ।

ইসরায়েলি হামলায় একদিনে আরও ৭৭ ফিলিস্তিনি নিহত

অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলকার ইসরায়েলি হামলায় একদিনে কমপক্ষে ৭৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। শনিবার দিনব্যাপী এ হামলায় কেবল গাজা নগরীতেই ৪৭ জন নিহত হয়েছেন। এর মধ্যে অন্তত ১১ জন নিহত হন মানবিক সহায়তা নিতে লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায়।

রোববার (৩১ আগস্ট) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা’র এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের অব্যাহত বোমাবর্ষণ ও জোরপূর্বক উচ্ছেদ অভিযানের মুখে গাজা নগরী ছেড়ে যাচ্ছেন শত শত ফিলিস্তিনি।

উত্তর গাজার বেইত লাহিয়া থেকে বাস্তুচ্যুত হওয়া ৫০ বছর বয়সী মোহাম্মদ মারুফ বলেন, আমরা রাস্তায় পড়ে আছি। কী বলব? কুকুরের মতো? না, কুকুরের চেয়ে খারাপ অবস্থায় আছি আমরা।

আরেক বাস্তুচ্যুত ফিলিস্তিনি মোহাম্মদ আবু ওয়ারদা জানান, তিনি উত্তর গাজার জাবালিয়া থেকে পশ্চিম গাজার দিকে যাচ্ছেন। তবে গন্তব্য অনিশ্চিত। তিনি বলেন, ‘অবস্থা এত ভয়াবহ ছিল যে সেখান থেকে বেরোতে বাধ্য হয়েছি। এখানে তাঁবু খাটানোর জায়গা পেলেই ভাগ্য ভালো হবে। কোথাও নিরাপদ নয়, ইসরায়েলিরা সর্বত্র আক্রমণ চালাচ্ছে।’

আগস্টের শুরু থেকে ইসরায়েলি সেনারা টানা হামলা চালাচ্ছে গাজা নগরীতে।

জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনআরডব্লিউএ) আশঙ্কা জানিয়েছে, শহর দখল ও প্রায় ১০ লাখ মানুষকে বাস্তুচ্যুত করার লক্ষ্যে এ অভিযান চলছে। গত শুক্রবার ইসরায়েল শহর দখলের ‘প্রাথমিক ধাপ’ শুরুর ঘোষণা দিয়ে গাজা নগরীকে ‘যুদ্ধক্ষেত্র’ ঘোষণা করে।

শনিবার হাসপাতাল সূত্রে জানা যায়, একদিনেই গোটা গাজায় ৭৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। শুধু গাজা নগরীতেই ৪৭ জন নিহত হয়েছেন। এর মধ্যে অন্তত ১১ জন নিহত হয়েছেন রুটি সংগ্রহের লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায়।

ইয়েমেনে ইসরায়েলি বিমান হামলায় হুথি প্রধানমন্ত্রী নিহত

ইয়েমেনে ইসরায়েলি বিমান হামলায় হুথি বিদ্রোহী গোষ্ঠীর ঘোষিত প্রধানমন্ত্রী আহমেদ গালেব নাসের আল-রাহাভি নিহত হয়েছেন। হুথি আন্দোলন থেকে জানানো হয়েছে, হামলায় রাহাভির সঙ্গে আরও কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা নিহত হয়েছেন। 

ইরান-সমর্থিত এই বিদ্রোহী গোষ্ঠী জানিয়েছে, বৃহস্পতিবার রাজধানী সানায় অনুষ্ঠিত একটি বৈঠকের সময় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বিমান হামলা চালায়। হামলায় প্রধানমন্ত্রীসহ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে নিশ্ছিদ্রভাবে আঘাত করা হয়েছে। আইডিএফও এই হামলার তথ্য নিশ্চিত করেছে।

২০১৪ সাল থেকে হুথি বিদ্রোহীরা উত্তর-পশ্চিম ইয়েমেনের বড় অংশ দখল করে। এর পর আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সানা থেকে উৎখাত করে দেশটি দীর্ঘদিন ধরে গৃহযুদ্ধের মোরদ্বারে পড়ে।

হুথিরা বলেছে, এই হামলায় তাদের প্রধানমন্ত্রীসহ কয়েকজন মন্ত্রী নিহত হয়েছেন, যদিও নিহত অন্যান্য কর্মকর্তার নাম প্রকাশ করা হয়নি।

এই হামলা ইয়েমেনের পরিস্থিতিকে আরও উত্তপ্ত করতে পারে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ বাড়িয়েছে।

সড়কে ১ হাজার ৬০৪ অবরোধ, দায়ী ১২৩ সংগঠন : স্বরাষ্ট্র উপদেষ্টা

ঢাকা ও আশপাশের সড়কে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে ১২৩টি সংগঠন মিলে এক হাজার ৬০৪টি অবরোধ কর্মসূচি দিয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

রোববার (৩১ আগস্ট) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমরা দায়িত্ব নেওয়ার পর ঢাকা ও আশপাশে রাস্তায় ১ হাজার ৬০৪টি অবরোধ হয়েছে। এটি করেছে ১২৩টি সংগঠন। এগুলো যদি রাস্তায় না করে নির্দিষ্ট কোনো জায়গায় করা হয়, যেমন মাঠ বা সোহরাওয়ার্দী উদ্যানে, তবে জনদুর্ভোগ কম হবে।

তিনি আরও বলেন, একটা রাস্তার যদি কোনো একটি কোণা ব্লক হয়ে যায়, পুরো ঢাকা শহর প্রভাবিত হয়। তাই সবার কাছে অনুরোধ, প্রতিবাদ করার অধিকার আছে, তবে সেটা যেন জনদুর্ভোগ সৃষ্টি না করে।

এ সময় সাংবাদিকরা নির্দিষ্ট জায়গা নির্ধারণ করার বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, আন্দোলনকারীরা যদি অনুমতির জন্য আসে, তবে সরকার সে বিষয়ে সিদ্ধান্ত নেবে।

গত বছরের ৮ আগস্ট দায়িত্ব নেয় অন্তর্বর্তীকালীন সরকার। সে হিসেবে বর্তমান সরকারের ১৩ মাস চলছে।

রাজধানীতে আজ কোথায় কোন কর্মসূচি

রাজধানীতে প্রতিনিয়ত সড়কে বের হয়ে নানা ধরনের বিড়ম্বনায় পড়তে হয়। বিভিন্ন কর্মসূচির কারণে স্থবির হয়ে পড়ে নানা সড়ক। তাই সকালে বের হওয়ার আগে আজ কোথায় কোন কর্মসূচি তা জেনে নেওয়া প্রয়োজন।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।

বিএনপির কর্মসূচি

গুলশানে হোটেল লেকশোর-এ সকাল সাড়ে ১০টায় অর্থনৈতিক বিষয়ক সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ।

জাতীয় প্রেস ক্লাবের বেলা ১১টায় আব্দুস সালাম হলে মুক্তিযোদ্ধা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম।

জামায়াতের কর্মসূচি

জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে পিআরপদ্ধতি, জুলাই সনদের আইনগত ভিত্তি প্রদান এবং এর আলোকে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবিতে বিকেল সাড়ে ৩টায় আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

বিজিবির কর্মসূচি

বিজিবি সদর দপ্তরের শহীদ ক্যাপ্টেন আশরাফ হলে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের ৫৬তম সীমান্ত সম্মেলনের যৌথ মিডিয়া ব্রিফিং।