পূর্বঘোষিত ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচির অংশ হিসেবে তিন দফা দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করছেন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
শাহবাগ অবরোধ প্রকৌশল শিক্ষার্থীদের, যান চলাচল বন্ধ
টি-টোয়েন্টি সিরিজ খেলতে ডাচরা এখন বাংলাদেশে
টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে পৌঁছেছে নেদারল্যান্ডস জাতীয় ক্রিকেট দল।
বুধবার (২৭ আগস্ট) সকালে ঢাকায় অবতরণ করে স্কট এডওয়ার্ডসের নেতৃত্বাধীন দলটি। এরপর দুপুরেই সিলেটের উদ্দেশে রওনা হয় তারা। সিরিজের সব ম্যাচ অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, এই সিরিজটি আইসিসির ভবিষ্যৎ সফর সূচির অংশ নয়। তবে এশিয়া কাপকে সামনে রেখে প্রস্তুতির অংশ হিসেবেই আয়োজিত হচ্ছে এটি।
ডাচদের জন্য এটি তৃতীয় বাংলাদেশ সফর হলেও এবারই প্রথমবার তারা দ্বিপাক্ষিক সিরিজ খেলছে। এর আগে ২০১১ বিশ্বকাপ ও ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে নেদারল্যান্ডস বাংলাদেশে ম্যাচ খেললেও প্রতিপক্ষ ছিল অন্য দল।
টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশ-নেদারল্যান্ডসের মুখোমুখি লড়াই হয়েছে এখন পর্যন্ত পাঁচবার। এর মধ্যে চারবার জয়ী হয়েছে বাংলাদেশ। নেদারল্যান্ডসের একমাত্র সাফল্য ২০১২ সালে, ঘরের মাঠে।
সিরিজের তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে সন্ধ্যা ৬টায়- প্রথমটি আগামী ৩০ আগস্ট, বাকি দুটি ম্যাচ হবে ১ ও ৩ সেপ্টেম্বর।
২৮ আগস্ট: টিভিতে আজকের খেলা
শাহরুখ-দীপিকার নামে প্রতারণার মামলা
রাজস্থানের ভরতপুরে প্রতারণার অভিযোগে বলিউড তারকা শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোনের বিরুদ্ধে মামলা হয়েছে। তাদের সঙ্গে আরও ছয়জনের নামও রয়েছে এফআইআরে।
স্থানীয় আইনজীবী কীর্তি সিং মামলাটি করেছেন। তিনি অভিযোগ করেছেন, ২০২২ সালে একটি গাড়ি কিনলেও শুরু থেকেই এতে নানা যান্ত্রিক ত্রুটি ছিল। অভিযোগ করেও সমাধান না পেয়ে শেষ পর্যন্ত আইনের আশ্রয় নেন তিনি।
শাহরুখ ও দীপিকার নাম মামলায় যুক্ত হওয়ার কারণ, তারা সংশ্লিষ্ট গাড়ি কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন এবং বিজ্ঞাপনেও অংশ নেন।
ঘটনা তদন্তে নেমেছে ভরতপুরের মথুরাগেট থানার পুলিশ। তবে এখনো শাহরুখ বা দীপিকার পক্ষ থেকে কোনো মন্তব্য আসেনি।
সালমানের ভাতিজার প্রেমে শাহরুখকন্যা
ভারতীয় গণমাধ্যমের খবরে জানা যায়, সম্প্রতি এক তারকাখচিত পার্টিতে সুহানা ও নির্বাণকে একসঙ্গে দেখা গেছে। শুধু দেখা নয়, নাচের ফ্লোরেও ছিলেন তারা দুজন। পার্টিতে উপস্থিত ছিলেন সালমান পরিবারের আরও কয়েকজন—আরবাজ খানের ছেলে আরহান ও সালমানের বোন অর্পিতা খানসহ অনেকে। পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়েছে সেই মুহূর্ত।
চীন সফরে কিম-পুতিনসহ ২৬ রাষ্ট্রপ্রধান
চীনের রাজধানী বেইজিংয়ে আগামী ৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে একটি বিশাল সামরিক কুচকাওয়াজ। সেখানে উপস্থিত থাকবেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন।
বিবিসি জানিয়েছে, চীন-জাপান যুদ্ধ ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির ৮০তম বার্ষিকী উপলক্ষে এ ‘বিজয় দিবস’ কুচকাওয়াজের আয়োজন করা হচ্ছে। এতে অংশ নেবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনসহ আরও ২৬ দেশের রাষ্ট্রপ্রধান।
প্রথমবারের মতো চীনা সেনাবাহিনীর নতুন কাঠামোও তুলে ধরা হবে এই আয়োজনে। থাকবে শত শত বিমান, ট্যাংক ও ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থা। হাজার হাজার সেনা ও সাবেক যোদ্ধা তিয়ানআনমেন স্কয়ার দিয়ে মার্চ করবেন।
বিশ্লেষকদের মতে, ৭০ মিনিটের এই কুচকাওয়াজ বিশ্ব শক্তিগুলোর বিশেষ নজর কাড়বে। সেখানে শি জিনপিংয়ের পাশে কিম জং উন ও ভ্লাদিমির পুতিনের উপস্থিতি চীনের জন্য বড় কূটনৈতিক সাফল্য হিসেবে ধরা হচ্ছে।
এ সময়ে যুক্তরাষ্ট্রও সক্রিয় কূটনৈতিক পদক্ষেপ নিচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যে বলেছেন, তিনি আবার কিমের সঙ্গে দেখা করতে চান। একই সঙ্গে ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের সঙ্গেও আলোচনা চলছে। অক্টোবরের শেষে ট্রাম্প ওই অঞ্চলে সফর করতে পারেন বলেও ইঙ্গিত মিলেছে।
কিম জং উন ছয় বছর পর বেইজিং যাচ্ছেন। সর্বশেষ তিনি ২০১৯ সালে চীন সফর করেছিলেন। এর আগে ২০১৮ সালে তিনি এক বছরের মধ্যে তিনবার চীন গিয়েছিলেন, যা তার স্বভাবের তুলনায় ব্যতিক্রমী ছিল, কারণ তিনি সচরাচর বিদেশ সফরে যান না।
অন্যদিকে, জাপান ইউরোপীয় ও এশীয় দেশগুলোকে অনুরোধ করেছে যেন তারা চীনের এই কুচকাওয়াজে যোগ না দেয়। ইউক্রেন যুদ্ধ ইস্যুতে পুতিনের সঙ্গে মতবিরোধ থাকায় বেশিরভাগ পশ্চিমা নেতা এই আয়োজনে থাকবেন না বলে ধারণা করা হচ্ছে।
পুলিশের পোশাকে থানায় গুরুদায়িত্বে বিড়াল!
চিলির মাগাল্লানেস অঞ্চলের একটি ছোট্ট শহর পোরভেনিরের বাসিন্দাদের হৃদয় জয় করে নিয়েছে একটি বিড়াল। পুলিশের পোশাক গায়ে চাপিয়ে এখন সে রীতিমতো পুরো থানা দাপিয়ে বেড়াচ্ছে। নাম তার নারুতো।
ছোট্ট পুলিশ ভেস্ট পরে একেবারে মাসকটের ভূমিকায় অবতীর্ণ এই পুলিশ বিড়াল সামজিক মাধ্যমেও ঝড় তুলেছে।
জানা গেছে, একদিন কুকুরের তাড়া খেয়ে ভয়ে কাঁপছিল বিড়ালটি। তখনই দায়িত্বে থাকা পুলিশ অফিসার ক্রিশ্চিয়ান গারিদো তাকে উদ্ধার করে থানায় নিয়ে যান। ঠান্ডায় কাঁপতে থাকা বিড়ালটির আশ্রয় হয় থানার ভেতরেই। তার নাম দেওয়া হয় নারুতো। সেই থেকেই শুরু হয় তার নতুন যাত্রা।
ধীরে ধীরে সবার প্রিয় হয়ে ওঠে বিড়ালটি। প্রতিটি রুমে গিয়ে সবার সঙ্গে খেলাধুলা করে। এরপর তাকে পরিয়ে দেওয়া পুলিশ ভেস্ট। আর সেই ভেস্ট পরেই সে এখন ঘুরে বেড়ায় অফিসের এক কক্ষ থেকে আরেক কক্ষে।
কর্মকর্তারা বিড়ালটিকে আদর করে ‘ক্যাটবিনেরো’ নামেও ডাকেন। শিশুদের কাছেও সে সমান জনপ্রিয়, প্রতিদিনই তাকে দেখতে যায় অনেকে। সামাজিক যোগাযোগমাধ্যমে তার ভিডিও ছড়িয়ে পড়ায় মুগ্ধতা ছড়িয়েছে সবার মধ্যে।
বিড়ালটির বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা চালানোর পরামর্শ দেন দর্শনার্থীরা। বিভিন্ন ডাকনাম দেওয়া আর পোশাক পরানো—সবই তাদের আইডিয়া। স্টেশনে যাওয়া শিশু আর ভুক্তভোগীদের জন্য মাগাল্লানেস অঞ্চলেও নারুতো এক প্রকার মানসিক সাপোর্ট।
ভয়ে কাঁপতে থাকা মানুষের কাছে গিয়ে সে বসে পড়ে, আদর করতে দেয়, আর হাসি ফোটায় সবার মুখে। তাই তাকে থেরাপি ক্যাট হিসেবে আখ্যা দিচ্ছেন কেউ কেউ।
ফ্রি মেডিকেল ক্যাম্প কর্মসূচি দিয়ে জবি ছাত্রীসংস্থার আত্মপ্রকাশ
নারী শিক্ষার্থীদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প কর্মসূচি ঘোষণা দিয়ে আত্মপ্রকাশ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ইসলামী ছাত্রীসংস্থা।
বুধবার (২৭ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দেয়ালে পোস্টার লাগিয়ে এ কর্মসূচি প্রচার করা হয়। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো প্রকাশ্যে আসছে সংগঠনটি।
পোস্টারে লেখা হয়, বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থার উদ্যোগে আয়োজিত ‘ফ্রি মেডিকেল ক্যাম্প ২০২৫’ অনুষ্ঠিত হবে নবাব ফয়জুন্নেছা হলের দ্বিতীয় তলায় (লিফটের পাশে)। আগামী ২৮ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৬টা পর্যন্ত এবং ২৯ আগস্ট সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ক্যাম্প চলবে।
আয়োজকরা জানান, ক্যাম্পে সাতজন এমবিবিএস চিকিৎসক বিভিন্ন বিভাগে সেবা দেবেন। সেবার মধ্যে থাকবে গাইনি ও অবস, ডায়াবেটোলজি, মেডিসিন, চর্মরোগ ও দন্ত চিকিৎসা। পাশাপাশি রোগ নির্ণয়, চিকিৎসা পরামর্শ, প্রেসক্রিপশন এবং প্রয়োজনীয় সাধারণ ওষুধ সরবরাহ করা হবে। বিশেষভাবে নারী শিক্ষার্থীদের জন্য গাইনি বিশেষজ্ঞদের আলাদা সেবার ব্যবস্থাও রাখা হয়েছে।
এ বিষয়ে জবি শাখা ছাত্রীসংস্থার সভানেত্রী বলেন, এর আগে আমরা সাধারণ শিক্ষার্থীদের নিয়ে কিছু কর্মসূচি পালন করেছি, তবে এভাবে প্রচারণা করা হয়নি। এবার ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করছি। ভবিষ্যতে কর্মসূচি আরও সম্প্রসারিত হবে।
তিনি অভিযোগ করে বলেন, আমরা নিয়মিত কুরুচিপূর্ণ মন্তব্য ও বুলিংয়ের শিকার হচ্ছি। এতে অনেক নারী শিক্ষার্থী বিব্রত বোধ করেন। আমাদের কাজ নিয়ে সমালোচনা হলেও আমরা প্রতিকূলতা মোকাবিলা করে এগিয়ে যাচ্ছি। কিছু ঘাটতি থাকলেও তা কাটিয়ে উঠব। আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করি এবং ভবিষ্যতেও তা অব্যাহত রাখব।
জাতীয় নির্বাচনের রোডম্যাপ চূড়ান্ত আজ ঘোষণা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনা (রোডম্যাপ) চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার এ রোডম্যাপ ঘোষণা করা হতে পারে। ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এমন আভাস দিয়েছেন।
গতকাল বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, ‘আমরা যে কর্মপরিকল্পনা (রোডম্যাপ) করেছি, সে কর্মপরিকল্পনা আপনাদের জানাব। আমি ঢাকার বাইরে থাকায় একটু পিছিয়ে পড়েছি। এটা আমার টেবিলে এখন আছে। আগামীকাল (আজ) পর্যন্ত একটু অপেক্ষা করেন।’
এর আগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে চার নির্বাচন কমিশনার ও ইসি সচিব এক বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ অনুমোদন করেন।
এ বিষয়ে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন, ‘কর্মপরিকল্পনার সবকিছু চূড়ান্ত হয়ে গেছে। অনুমোদন হয়েছে, এখন শুধু টাইপিং চলছে।’
ইসির কর্মকর্তারা জানান, রোডম্যাপে নির্বাচনের প্রস্তুতিমূলক কাজগুলো কখন কোনটি শেষ হবে তা উল্লেখ রয়েছে। ওই সময়সূচি ধরে নির্বাচনের প্রস্তুতিমূলক কাজ শেষ করবেন ইসির সংশ্লিষ্ট কর্মকর্তারা।
ইসি সূত্র জানায়, রোডম্যাপে সেপ্টেম্বর মাসে স্টেকহোল্ডারদের সঙ্গে বৈঠক শুরু করার ঘোষণা দিতে যাচ্ছে কমিশন। এ ছাড়া আইন সংস্কার, সংসদীয় আসনের সীমানা চূড়ান্তকরণ, নতুন রাজনৈতিক দল নিবন্ধন, পর্যবেক্ষক নিবন্ধন, ভোটার তালিকা হালনাগাদ, নির্বাচনী সামগ্রী ক্রয়, প্রবাসীদের ভোটাধিকার ও ভোটের ব্যালট-ফরমসহ বিভিন্ন ধরনের খাম মুদ্রণ, ভোটকেন্দ্র চূড়ান্ত করা, ভোট গ্রহণ কর্মকর্তা নিয়োগ এবং নির্বাচনী প্রশিক্ষণ কোন সময়ের মধ্যে শেষ করা হবে তা উল্লেখ থাকবে রোডম্যাপে। তবে রোডম্যাপে নির্বাচনের তপশিল ঘোষণা এবং ভোটের তারিখ উল্লেখ থাকবে না।
ইসির কর্মকর্তারা আরও জানান, আগামী বছরের ফেব্রুয়ারি মাসের শুরুতে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে চলতি বছরের ডিসেম্বরে তপশিল ঘোষণা করবে ইসি। ওই লক্ষ্য সামনে রেখে এ রোডম্যাপ ঘোষণা করতে যাচ্ছে কমিশন। তারা জানান, নির্বাচনী প্রস্তুতিমূলক কাজগুলো চলমান রয়েছে। রোডম্যাপে এসব কাজ কোন সময়ের মধ্যে শেষ করতে হবে, সেই সময়সীমা বেঁধে দেওয়া হবে। এর মধ্য দিয়ে নির্বাচন নিয়ে মানুষের শঙ্কা কিছুটা হলেও কমবে।
রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার প্রয়োজন ছিল
যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্কের বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের আলোচনা করা উচিত ছিল বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রাশেদ আল তিতুমীর।
রাজধানীতে ব্রেইন আয়োজিত ‘ট্রাম্প ট্যারিফ-পরবর্তী বিশ্ববাণিজ্য ও বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে গতকাল শনিবার সকালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বাজেট প্রণয়নের আগেও রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করা যেত। তাহলে সংস্কারের বিষয়গুলো স্পষ্টভাবে সামনে আসত। পাশাপাশি, আরএলডিসি উত্তরণ নিয়ে সরকারের একটি পরিষ্কার অবস্থান প্রয়োজন বলেও তিনি মন্তব্য করেন।
সেমিনারে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, মার্কিন পাল্টা শুল্ক নিয়ে দেশে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা হয়েছে। অনেক বুদ্ধিমান মানুষও এতে যুক্ত ছিলেন বলে অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, ‘গোলটেবিল বৈঠকে অন্তর্বর্তী সরকার সম্পর্কে যেভাবে মন্তব্য করা হয়েছে, তা অনুচিত। তবে আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি উভয়পক্ষের জন্য লাভজনক চুক্তি করতে পেরেছি।’
শফিকুল আলম আরও বলেন, অন্তর্বর্তী সরকারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল এই শুল্ক ইস্যু। বিডা (বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ)-তে এ নিয়ে দফায় দফায় আলোচনা হয়েছে। আমাদের অবস্থান কী হবে, তা নির্ধারণ করা হয়েছে।
তিনি বলেন, ‘নন-ডিসক্লোজার চুক্তি নিয়ে অনেকে কথা বলছেন, কিন্তু বাণিজ্যিক আলোচনায় এসব বিশ্বব্যাপী প্রকাশ করা হয় না। উদাহরণ দিয়ে বলেন, ইন্দোনেশিয়ার গণমাধ্যম বোয়িংয়ের ৫০টি বিমানের ক্রয় নিয়ে কিছু বলেনি; অথচ বাংলাদেশে এ নিয়ে অতিরিক্ত প্রতিক্রিয়া দেখা গেছে।’
বিদেশি বিনিয়োগ বিষয়ে শফিকুল আলম বলেন, চট্টগ্রাম বন্দরের দক্ষতা নিয়ে অনেক বিনিয়োগকারী অভিযোগ করেছেন। বন্দরকে সিঙ্গাপুরের মানে উন্নীত করতে হবে, না হলে বিদেশি বিনিয়োগ আসবে না।
তিনি বলেন, ‘বিদেশি অপারেটর নিয়ে অনেকে সার্বভৌমত্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। এই মানসিকতা যেন দেশটাকে বনসাই বানিয়ে রাখার মতো।’
বিডা নিয়ে তিনি বলেন, আগে এক দরজায় সেবা শুধু কাগজে ছিল। এখন বাস্তবে এক দরজায় সেবা চালুর চেষ্টা চলছে।
প্রসঙ্গত, গত ২ এপ্রিল বাণিজ্য ঘাটতির কথা উল্লেখ করে বিশ্বের বিভিন্ন দেশের ওপর উচ্চহারে পাল্টা শুল্ক আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তখন বাংলাদেশের ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছিল। পরে ৯ এপ্রিল বিভিন্ন দেশের ওপর ওই শুল্ক তিন মাসের জন্য স্থগিত করা হয়। এ সময় শুল্ক নিয়ে আলোচনার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে বিভিন্ন দেশকে আলোচনার সুযোগ দেয় ওয়াশিংটন।
যুক্তরাষ্ট্রের আরোপিত ৩৫ শতাংশ পাল্টা শুল্ক নিয়ে তৃতীয় দফার আলোচনা শুরু হয় গত জুলাই। সে সময় বাংলাদেশের পক্ষে নেতৃত্বে ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি (ইউএসটিআর) দপ্তরের সঙ্গে শুরু হওয়া তিন দিনব্যাপী ওই আলোচনার শেষদিন বাংলাদেশের পণ্য আমদানির ওপর ২০ শতাংশ পাল্টা শুল্ক আরোপ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।


